২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াসুনারি কাওয়াবাতা: ঘুমন্ত সুন্দরীর ঘর-২

সেই পুরানো দিনের কথা এগুচির মনে ভেসে এল যখন গ্রামীণ জনপদ পেরিয়ে কিয়োটো নামক শহরে সেই প্রেমিকা তরুণীর সঙ্গে যেত যার স্তন ভেজা থাকত রক্তে। আজ রাতের ঘুমন্ত যুবতি মেয়েটির গায়ের স্পর্শের উষ্ণতা তার সেই স্মৃতিটাকে জাগিয়ে দিচ্ছিল প্রবলভাবে।

মনিকা চক্রবর্তী মনিকা চক্রবর্তী

Published : 22 Nov 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

২

‘দুধ, হ্যাঁ, দুধেরই গন্ধ। শিশুর গায়ের গন্ধের মতো।’ স্মৃতিরা যেন মনের গভীর থেকে ঘিরে ধরেছিল তাকে। মনে পড়ল গেইসা নারীটির কথা। সেই কবে যেন গায়ের থেকে কোটটা খুলে ভাঁজ করার সময় গেইসা নারীটি তার দিকে উত্তেজিতভাবে তাকাল, তার মুখ উত্তেজনায় কঠিন। ‘তোমার সন্তান। যখন তুমি বাড়ি ছেড়ে এসেছ তখন তাকে কোলে করে নিয়ে এসেছ, তাই না? বলো, তাই কি না? আমি এটা ঘৃণা করি, সত্যিই ঘৃণা করি!’

সেই নারীর হাতগুলো কাঁপছিল প্রবলভাবে, উঠে দাঁড়াল নারীটি আর তার হাত থেকে প্রবলভাবে কোটটিকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। ‘আমি এটা ঘৃণা করি, একটা শিশুকে কোলে করে নিয়ে তুমি এখানে এসেছ।’ তার কণ্ঠ ছিল কর্কশ আর দৃষ্টি ছিল আরও কঠিন। সেই গেইসা নারীটির সঙ্গে তার কিছুদিন সম্পর্ক  ছিল। নারীটি যদিও তার সাথে মিশত কিন্তু নারীটি জানত তার স্ত্রী ও সন্তান রয়েছে কিন্তু নবজাত শিশুটির গায়ের গন্ধ তার মধ্যে মারাত্মক ঈর্ষা ও সহিংস বিদ্রোহ সৃষ্টি করত। 

যদিও গেইসা জানত এগুচির স্ত্রী ও সন্তান আছে, তবু গেইসার সবচেয়ে অপছন্দ ছিল এগুচির ছোট সন্তানটির নবজাতক শরীরের গন্ধ যা তাকে ঈর্ষান্বিত ও সহিংস করে তুলত। এরপর থেকে এগুচির সাথে গেইসার সুসম্পর্ক আর ছিল না। 

গেইসার সবচেয়ে অপছন্দ ছিল, এগুচির ছোট্ট শিশুটিকে। গেইসার স্মৃতি ছাড়াও তার আরও স্মৃতি মনে পড়ছিল। বিয়ের আগে এগুচির একটি প্রেম ছিল। তরুণীটির বাবা-মা এই বিষয়ে খুব সন্দেহবাতিকতায় ভুগত, আর তরুণীটির সাথে তার দেখা হতো কিছু কোলাহলপূর্ণ জায়গায়। একদিন সে যখন তরুণীটির স্তন থেকে মুখ তুলছিল, সে তখন রক্তের দাগ দেখেছিল ওর স্তনে। হঠাৎ করে তখনই সে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তাৎক্ষণিক কিছুই হয়নি এমন একটি ভাব দেখিয়ে সে তার মুখটি সেখানে নিয়ে রক্তাক্ত জায়গাটি চেটে নিল। তরুণীটি এতটাই  ঘোরের মধ্যে ছিল যে সে বুঝতে পারেনি কী ঘটেছে। অর্ধচৈতন্য অবস্থা পার হয়ে যাবার পর যখন তাকে বলা হলো তার রক্তাক্ত অবস্থার কথা, তখনো যেন তার সংবিৎ ফিরে আসেনি। 

এত বছর পর কেন স্মৃতি দুটো ফিরে এল, তার মনের মধ্যে? বিষয়টি এমন নয় যে, তার স্মৃতিতে দুধের গন্ধ ছিল বলে সে ঘুমিয়ে থাকা মেয়েটির মধ্যে দুধের গন্ধ পেয়েছে। এগুলো অনেক পুরানো দিনের স্মৃতি, কিন্তু সে মনে করে না যে স্মৃতি কেবল স্মৃতিই, তাতে পুরানো বা নতুন বলে কিছু নেই। ষাট বছর আগে যখন সে যুবক ছিল সে সময়ের কোনো স্মৃতি, গতকাল ঘটে যাওয়া স্মৃতির চেয়েও সজীব হতে পারে। এতে কী মনে হয় না যে পুরানো স্মৃতিও প্রবীণ হচ্ছে? পুরানো দিনগুলি কি একজন মানুষের পথ পরিক্রমণে সহায়ক হয় না? বিষয়টা তুচ্ছ মনে হলেও সেই তরুণীটি কিন্তু  সেদিন ঠিকই জেনেছিল, একজন পুরুষের ঠোঁট নারী শরীরের যেকোনো জায়গা থেকে রক্ত ঝরাতে পারে। যদিও পরবর্তীকালে এগুচি আর কখনো সেরকম উগ্র কর্মকান্ডে যায়নি, কিন্তু সেই স্মৃতি যা সে ওই মেয়েটির কাছ থেকে পেয়েছিল, তা এই সাতষট্টি বছরেও অটুট রয়েছে। 

আরেকটি মজার বিষয়ও স্মরণে এল। 

 একজন সুপ্রতিষ্ঠিত গণ্যমান্য ও বুদ্ধিমতী নারী এক আলোচনায় তাকে বলেছিল--‘ঘুমাতে যাবার আগে আমি চোখ বন্ধ করি এবং কোন্ কোন্ পুরুষকে নির্দ্বিধায় চুমু খেতে পারতাম তা গণনা করি। গণনা করি হাতের আঙুলে, আর তা সত্যিই মজার বিষয়। কিন্তু যখন আমি দশ পর্যন্তও গুনতে ব্যর্থ হই, তখন এই বিষয়টি আমাকে বিষাদগ্রস্ত করে তোলে।’ সেই সময়টায় সে এগুচির সঙ্গে নাচ করত। হঠাৎ করে এই স্বগতোক্তি শুনে এগুচির মনে হলো, সে ভাবছে এগুচিকে চুমু খেলে সে কোনো আপত্তি করবে না। কিন্তু একথা ভাবনার সঙ্গে সঙ্গেই এগুচি তার হাতটা শিথিল করে ফেলল। 

তখন নারীটি শান্তভাবে বলেছিল, ‘আমি শুধুমাত্র তাদেরকে গুনি। আর কিছু করিনা। তোমার তো বয়স কম, আমার মনে হয় ঘুমাতে যাবার আগে তোমার মন আমার মতো বিষাদে ছেয়ে যায় না। আর যদি তোমার মন বিষাদভার হয়ে থাকেও, তোমার স্ত্রী তো তোমার পাশেই থাকে। তবে তুমি এই বিষয়টি চেষ্টা করে দেখতে পারো, এটি খুব ভালো ওষুধ।’ 

নারীটির কণ্ঠস্বরটি ছিল নিরুত্তাপ, তাই এগুচি এ বিষয়ে আর কিছু বলল না। নারীটি বলেছিল সে শুধুমাত্র তাদেরকে গণনা করে, কিন্তু বিষয়টি যে শুধুই গণনা নয় তা যে কেউ ভাবতে পারে।নারীটি যাদেরকে আঙুলে গুণে তাদের মুখ ও শরীর সেই মুহূর্তে নারীটির মনের পাতায় অবশ্যই ভেসে থাকতে পারে। তবে এটাও তো ঠিক যে দশ জনকে মনের পাতায় নিয়ে আসতে অনেকটা সময় ও কল্পনার প্রয়োজন হয়। এসব ভাবতে ভাবতেই বিগত যৌবনা এই নারীর ভালোবাসাময় সুগন্ধগুলো খুব তীব্রভাবে এগুচির কাছে আসতে থাকল। যেকোনো পুরুষকে চুমু খাওয়ার ক্ষেত্রে সেই নারীর যেহেতু কোনো ছুঁতমার্গ নেই, তাই ওই পুরুষদের তালিকায় সে এগুচিকে রাখতেই পারে। এক্ষেত্রে এগুচির কিছুই করার নেই, সেই নারীকে এই ব্যাপারে বাধা দেবার অধিকারও নেই। যদিও এটা সত্যিই অস্বস্তিকর, কিন্তু যা সত্যি তা হলো তার অজানাতেই এই মধ্যবয়সি নারী তার মনের মধ্যে তাকে শরীরী উপভোগ করছে। কিন্তু সেই নারীটির কথাগুলি কিন্তু সে ভুলে যায়নি। এগুচিকে নিয়েই তার মনের ভেতর খেলা করছে সেই নারী আর অন্যান্য পুরুষের কথা বলে বিষয়টাকে আড়াল করতে চেয়েছে এ বিষয়টিতেও সে নিঃসন্দেহ হয়েছিল। তারপর একসময় সে যথারীতি ভুলেও গিয়েছিল, কিন্তু নারীটির কথাগুলো আজও তার মনে গেঁথে আছে।  তিনি মারা গেছে অনেক আগেই। এগুচির মনের মধ্যে এই ভাবনাগুলি আর নেই। কিন্তু নারীটি সত্যিই চালাক। এগুচি ভাবে, আচ্ছা, সে মারা গিয়েছিল কত শত পুরুষকে কল্পনায় চুমু খেতে খেতে!

যখন ক্রমশই এগুচির বয়সটা বাড়ছে, তখন যেসব রাতে তার ঘুমাতে অসুবিধা হতো, সেই রাতে ওই নারীর কথাগুলি সে অনুসরণ করত, তার কথা মতোই নারীদের সংখ্যা সে আঙুলে গুনত। কিন্তু এগুচির জন্য বিষয়টা এত সহজ ছিল না, কারণ শুধুমাত্র মানসপটে কোনো নারীকে দাঁড় করিয়ে চুমু খাওয়ার কথা ভাববে,এটা এত সহজ নয়। বরং সময়ের উলটারথে চড়ে সে, ভাবত এমন নারীদের কথা যাদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

 সেই অতীতের প্রেমটা আজ আবার ফিরে এসেছে ঘুমন্ত নারীটির ভেতর দুধের গন্ধের ঘোরের মধ্যে দিয়ে। এখন ওই অতীতের তরুণীর স্তনবৃন্তে যে রক্তের দাগ দেখা দিয়েছিল তা আজকের রাতের এই ঘুমন্ত মেয়েটিকে দেখে তার মাথার ভেতর গন্ধের বিষয়টিকে ঘোরের মতো নিয়ে আসছে, যদিও গন্ধটি সত্যিই এখানে নেই। 

হতে পারে এটি হচ্ছে একজন বৃদ্ধের জন্য এক প্রকার আয়েশ। একটা দুঃখবোধের ভেতর সেই তরুণীর প্রেম নিয়ে অতীতের স্মৃতিতে ডুবে যাওয়া, যে আর কখনো অতীত থেকে ফিরে আসবে না, এবং যার সাথে সে শুয়ে আছে সেখানেও যদি কখনো কোনো স্পর্শের সুযোগ হয়, তবুও অতীতের সেই প্রেমিকা তরুণীটি আর ফিরে আসবে না। এগুচি এক নিঃসঙ্গ স্থিরতায় ডুবে থাকল। ঘুমন্তমেয়েটিকে সে আলতোভাবে ছুঁয়ে দেখল যে স্তন ভেজা কি না। একটা এলোমেলো ভাবনা তার মাঝে এল যে ঘুমন্ত মেয়েটি ঘুম থেকে উঠে যদি দেখে যে তার স্তন থেকে রক্ত ঝরছে! ঘুমন্ত মেয়েটির স্তনদুটি ছিল চমৎকার গোলাকার। এই প্রসঙ্গে আরেকটি অদ্ভুত চিন্তাও খেলে গেল তার মনে: এই যে এত সব প্রাণী আছে পৃথিবীতে তার মধ্যে নারীর স্তন কেন এত সুন্দর? তাহলে নারীদের স্তন যে এত সুন্দর তা মানব জাতির ইতিহাসে নিশ্চয়ই গর্ব করার বিষয়?

ঠোঁটের বেলাতেও এই কথাটি প্রযোজ্য। নারী ঘুমাতে যাবার আগে প্রসাধনী তুলে নিচ্ছে, ঘুমাতে যাবার প্রস্তুতি নিচ্ছে,পাশাপাশি এই ভাবনাগুলিও তার মনে এল। লিপস্টিক তুলে নেওয়ার পর অনেক নারীর ঠোঁট বিবর্ণ দেখা যায়, অনেকের ঠোঁটে বয়সের ছাপও প্রকট হয়ে ওঠে। ছাদ থেকে আসা হালকা নরম আলো চারদিকের দেয়ালের ভেলভেটের পর্দায় যে প্রতিফলন তৈরি করেছে তাতে বোঝা যাচ্ছে না যে ঘুমন্ত মেয়েটি সামান্য প্রসাধনী নিয়েছে কি না। কিন্তু সে যে তার ভ্রু প্লাক করেনি তা বোঝা যাচ্ছে। ঠোঁট ও দাঁতের মাঝখানে উঁকি দিচ্ছে চমৎকার উজ্জ¦ল আভা। সে নিশ্চয়ই মুখে কোনো সুগন্ধি ব্যবহার করেনি, তাই তার মুখ থেকে স্বাভাবিকভাবে একজন তরুণীর মুখে যেরকম গন্ধ থাকে তা পাওয়া যাচ্ছে। বড় ও কালচে রঙের যে স্তনবৃন্ত এগুচি তা পছন্দ করে না। একটু কম্বলটা তুলে সে যা দেখেছিল তাতে তার মনে হলো মেয়েটির স্তনবৃন্ত ছোট ও গোলাপি। মেয়েটি মুখ ওপর করে শুয়েছে, এবং সে চাইলে মেয়েটির স্তনে চুমু খেতে পারত। সে নিশ্চয়ই এমন কোনো মেয়ে নয়, যার স্তনে চুমু খেতে কোনো আপত্তি থাকবে। এগুচি ভাবল, তার মতো বয়সি একজন মানুষের যদি এমন প্রতিক্রিয়া হয়, তাহলে এখানে যারা আসে তারাও তো যেকোনো সুযোগ নিয়ে নিজেদেরকে আনন্দে ভাসাতে পারে। এবং হ্যাঁ, এই সুযোগ নেওয়ার জন্য তারা যেকোনো মূল্য দিতে পারে!  সেই লোভী লোকগুলো কেমন হতে পারে এগুচি তা কল্পনায় ভেবে নিল।ঘুমন্ত মেয়েটি ঘুমিয়েই আছে, কিছুই জানতে পারছে না। মেয়েটির শরীরটি কি যারা আগে এখানে এসেছিল তাদের কাছেও এমন অমলিন ও অস্পর্শিত থাকে? নিজের কাছেই নিজেকে প্রশ্ন করল সে। মেয়েটি অপূর্ব সুন্দর তার ঘুমের ভেতর, তাই দেখে এগুচি তার কামনা-বাসনার কদর্য ভাবনাগুলির গতিকে জোর করে থামিয়ে দেয়। তাহলে তার আর অন্য বৃদ্ধদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কোথায় থাকল? অন্য যেকোনো লোকের জন্যও মেয়েটি ঘুমের মধ্যেই রাত কাটিয়ে দেবে। এটাই তার রীতি। সে দুবার আলতোভাবে চেষ্টা করেছে মেয়েটিকে জাগাবার জন্য। সে আসলে জানে না সে কী করত যদি মেয়েটি চোখটা হঠাৎ খুলে ফেলত। যদিও এগুচি হয়তো তার প্রতি স্নেহ বা মমতাই প্রদর্শন করত, ওটা কখনোই শরীরী কামনা নয়। না, কখনোও নয়, হয়তোবা তার ভেতরের অস্থিরতা বা শূন্যতাটা হয়তো তখন দূরীভূত হয়ে যেত। 

‘আমার বোধ হয় এখন ঘুমাতে যাওয়া উচিত?’ এগুচি অনর্থক নিজের সঙ্গে নিজেই কথা বলল এবং নিজের মনে সে আরও যোগ করল, ‘এটা তো এমন নয় যে আমি বা মেয়েটি চিরদিনের জন্য ঘুমাতে যাচ্ছি।’

সে তার চোখ বন্ধ করল। এই রাতটি অদ্ভুত, যদিও অন্য রাতের মতোই, কিন্তু তবুওতো শেষপর্যন্ত একজন যুবতিকে নিয়ে সে সকালে জেগে উঠবে।ঘুমন্ত মেয়েটি যেভাবে শুয়ে আছে তাতে তার তর্জনী তার মুখটিকে স্পর্শ করে আছে, আর কনুইটা বের হয়ে আছে। সে মেয়েটির বাহুটিকে নিয়ে তার নিজের দিকে টানল। তারপর তার তর্জনী ও মধ্যমার ভেতর মেয়েটির বাহুটিকে রেখে তার নাড়ির চলাচল অনুভব করল। নাড়ির স্পন্দন মনে হলো সাবলীল ও ঠিকঠাক। মেয়েটির শ্বাস-প্রশ্বাসের শব্দ ছিল এগুচির শব্দের চেয়ে কম। মাঝে মাঝে বাড়ির ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছিল, কিন্তু আসন্ন শীতের সময় যেরকম শব্দ হয়, সেই শব্দ ঠিক সেই রকম ছিল না। বড় বড় ঢেউগুলো যখন আছড়ে পড়ছে খাড়া পাহাড়ের গায়ে তখন সমুদ্রের স্বরের যে নরম সুন্দর সাংগীতিক মাধুর্য তা যেন প্রতিফলিত হচ্ছিল যুবতির স্তনের ওঠানামায়, ধমনির রক্তপ্রবাহে, সারা শরীরে। এই সময় এগুচি সংগীতের সেই স্বরকে অনুভব করার জন্য চোখ বন্ধ করে রেখেছিল, আর তার মনে হতে লাগল একটা সাদা প্রজাপতি উড়ে গেল তার চোখের সামনে। যুবতির কব্জি থেকে সে সরিয়ে নিল তার হাতটি। এখন আর মেয়েটির সঙ্গে তার কোনো সংস্পর্শ নেই। তবু মেয়েটির নিশ্বাস, তার শরীরের গন্ধ, তার চুলের গন্ধ সবকিছুই মনে হচ্ছিল তীব্র। 

সেই পুরানো দিনের কথা এগুচির মনে ভেসে এল যখন গ্রামীণ জনপদ পেরিয়ে কিয়োটো নামক শহরে সেই প্রেমিকা তরুণীর সঙ্গে যেত যার স্তন ভেজা থাকত রক্তে। আজ রাতের ঘুমন্ত যুবতি মেয়েটির গায়ের স্পর্শের উষ্ণতা তার সেই স্মৃতিটাকে জাগিয়ে দিচ্ছিল প্রবলভাবে। পশ্চিম প্রদেশ থেকে কিয়োটোর পথে যেতে অসংখ্য ছোট ছোট টানেল ছিল। যখনই ওরা টানেলের ভেতর ঢুকত তখন তরুণী ভয় পেয়ে তার হাঁটুগুলো এগুচির হাঁটুর সাথে লাগিয়ে রাখত আর টেনে নিত এগুচির হাত দুটো। টানেল থেকে বেরিয়ে প্রতিবারই তারা দেখতে পেত কোনো পাহাড় বা উপত্যকা বা রংধনু। টানেল থেকে বেরিয়ে এই চমৎকার দৃশ্যের দিকে তাকিয়ে তরুণী প্রতিবারই বলে উঠত, ‘কী সুন্দর!’ ‘কী চমৎকার!’ ছোট ছোট প্রতিটি রংধনুর জন্য যেন তার মুখে প্রশংসা ঝরে পড়ত। খুবই আশ্চর্য ছিল যতবারই টানেল থেকে বের হচ্ছি ততবারই ডানে বা বামে খুঁজে পাচ্ছিলাম ছোট ছোট রংধনুগুলি। কখনো কখনো রংধনুটা এতটা হালকা ছিল যে আছে কি নাই খোলা চোখে তাও ধরা পড়ত না। যখন তরুণী দেখতে পেত অদ্ভুত ছন্নছাড়া রংধনুগুলোকে তখন তার মনে হতো, এরা বুঝি কোনো অশুভবার্তা বয়ে আনছে।

তরুণী বলল, ‘তোমার কী মনে হয় না ওরা আমাদের পেছনে লেগে আছে?’ আমার কেন যেন মনে হয় আমরা কিয়োটো পৌঁছলে ওরা আমাদেরকে ধরে ফেলতে পারে। তারা যদি একবার আমাকে বাড়ি নিয়ে যেতে পারে, তাহলে মনে হয় আর কোনো দিন বাড়ি থেকে বের হতে দেবে না।’

এগুচি তখন সবেমাত্র কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে এবং কাজে যোগ দিয়েছে। তার পক্ষে তখন কিয়োটোতে জীবন নির্বাহ করার মতো সক্ষমতা ছিল না। এগুচি জানত যে তাদের পক্ষে কিয়োটোতে থাকতে গেলে তাদের দুজনের একইসাথে আত্মহত্যা করা ছাড়া গতি নেই, বরং তার চেয়ে টোকিওতে ফিরে যাওয়া অনেক ভালো। সেই সময়গুলোতে তরুণীটির গোপনাঙ্গের তীব্র পরিষ্কার জায়গাগুলো রংধনুর চেয়েও তীব্রতরভাবে তার চোখের ওপর ভেসে থাকত, যা কখনো তাকে ছেড়ে যেত না। কানাজাওয়া নদীর পাশে একটি সরাইখানাতে সে এটি দেখেছিল। সে রাতটি ছিল তুষারপাতে আচ্ছন্ন এক রাত। এবং এই পরিচ্ছন্নতার সৌন্দর্য তাকে এমনভাবে আপ্লুত করেছিল যে তার শ্বাসরুদ্ধ হয়ে আসছিল এবং চোখ দিয়ে জল বের হয়ে আসতে চাচ্ছিল। তারপর বিগত এতগুলো দিনের মধ্যে এমন পরিচ্ছন্ন কোনো নারীকে সে আর দেখেনি। পরিচ্ছন্নতার সৌন্দর্য সম্পর্কে সেদিন সে বুঝতে পেরেছিল, এবং এও বুঝেছিল এই সৌন্দর্য নারীদের নিজস্ব সম্পদ। এই ঘটনাগুলিকে সামান্য হেসে বা হাসির ঘটনা হিসেবে সে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু এটাই সত্যি যে সে কখনো এই স্মৃতি থেকে বের হতে পারেনি। তা আজও দীর্ঘস্থায়ী হয়ে তার স্মৃতিতে রয়ে গেছে। তার পরিবারের একজন এসে সেই তরুণীকে টোকিও নিয়ে যাবার পরপরই তার বিয়ে হয়ে যায়। 

যখন হঠাৎ করে শিনোবাজ পুকুরের পাড়ে অনেকদিন পর তরুণীটির সঙ্গে দেখা হয়ে গেল, তখন তার পিঠে একটি শিশু ঝোলানো ছিল। শিশুটির মাথায় ছিল সাদা রঙের উলের টুপি। তখন ছিল শরৎকাল এবং পুকুরের পদ্মফুল প্রায় বিদায় নিচ্ছে। আজ রাতে তার বন্ধ চোখের পাতায় ভেসে আসছিল সাদা প্রজাপতিদের উড়ে যাবার স্মৃতি যা সেই সাদা টুপিটা তাকে স্মরণ করিয়ে দিয়েছিল। 

অনেক দিন পর পুকুরের পাড়ে যখন কিয়োটোর প্রেমিকা তরুণীর সাথে দেখা হলো তখন এগুচি তাকে একটি মাত্র প্রশ্ন করার কথা ভাবল, আর তা হলো, সে সুখে আছে কি না?

সাথে সাথেই তরুণী জবাব দিল সে সুখে আছে। সম্ভবত তার কাছে আর কোনো জবাব ছিল না। 

তাহলে ছোট্ট সন্তানটিকে পিঠে নিয়ে এখানে একা একা হাঁটছ কেন? অদ্ভুত একটা প্রশ্ন। তরুণী শুধু চোখ তুলে এগুচির দিকে তাকাল। 

‘শিশুটি ছেলে না মেয়ে?’

‘সত্যিই এটি মেয়ে! ’

‘ওর দিকে তাকিয়ে কি বলা যায় না ছেলে না মেয়ে?’

‘সন্তানটি কি আমার?’

‘না তোমার নয়। তরুণী রেগে গিয়ে আবার বলে উঠল,‘ না তোমার নয়।’

‘আচ্ছা বাচ্চাটা যদি আমারও হয়, তা যে এখনই তোমাকে বলতে হবে তা নয়। যখন তোমার ইচ্ছা হবে তখনো যদি জানাও তাও হবে। আজ থেকে অনেক বছর পরেও যদি হয়, তাতেও কোনো অসুবিধা নেই।’ 

‘না, সন্তানটি তোমার নয়। আসলেই তোমার নয়। আমি ভুলিনি যে একসময় আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু শিশুটিকে নিয়ে নানা কল্পনা তোমার না করলেও চলবে। এগুলি করে আমার মেয়ে সন্তানটির জন্য শুধু দুর্ভোগই সৃষ্টি হবে, আর কিছু হবে না।’

ও আচ্ছা, তারপর এগুচি শিশুটির দিকে তাকিয়ে থাকার কোনো চেষ্টা না করে, তরুণীটির দিকেই এক মনে তাকিয়ে রইল। কিছু দূর চলে যাবার পর তরুণী একবার ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখল। যখন সে দেখল এগুচি দাঁড়িয়ে তাকে দেখছে তখন সে তার প্রস্থানের গতি আরও দ্রæততর করল। এরপর দীর্ঘবছর এগুচি তাকে আর দেখেনি। বছর দশেক আগে সে শুনেছে যে কিয়োটোর প্রেমিকাটি মারা গেছে। এগুচির বয়স এখন সাতষট্টি, অনেক বন্ধু ও আত্মীয়কে সে হারিয়েছে, কিন্তু এই তরুণীর স্মৃতি তার কাছে এখনো সজীব। স্মৃতিগুলিও হারিয়ে যেতে যেতে তিনটি বিষয়ে এসে দাঁড়িয়েছে, যা এখনো সজীব ও জীবন্ত তা হলো শিশুটির সাদা টুপি, তরুণীটির গোপনাঙ্গের পরিচ্ছন্নতা, আর তার স্তনের গায়ের রক্ত। 

সম্ভবত এই পৃথিবীতে এগুচি ছাড়া কেউ জানে না, সেই পরিচ্ছন্নতার অনন্যতা। তার নিজের মৃত্যুও এখন আর খুব দূরে নয়, সেই মৃত্যুর সঙ্গে সঙ্গে স্মৃতিটিও পৃথিবীর বুক থেকে মুছে যাবে। তরুণীটি লাজুক হলেও তাকে সে সবকিছু দেখতে দিয়েছিল। ঘনিষ্ঠ হলেই মেয়েরা সম্ভবত তাই করে। কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে তরুণীটি তার নিজস্ব পরিচ্ছন্নতার সৌন্দর্য সম্পর্কে কিছুই জানে না। সে তো নিজেকে দেখতে পায়নি। 

একদিন ভোরবেলার কথা মনে পড়ছিল।  যখন তারা কিয়োটোতে গেল, এগুচি ও তরুণী বাঁশের ঝাড়ের ভেতর দিয়ে হাঁটতে বের হলো। সকালের চমৎকার আলোতে বাঁশগুলো রুপার মতো ঝকঝক করছিল। এগুচির স্মৃতিতে বাঁশের পাতাগুলি মসৃণ ও নরম, নিখাদ রুপার মতো, আর বাঁশের ডালপালাগুলিও রুপালি। যে পথে তারা ঘুরে যাচ্ছিল সেখানে ফুটে আছে নানা ধরনের গুল্ম আর শিশিরের ফুলগুলি। সেই পথটা ভেসে উঠল তার স্মৃতিতে আর সত্যিই সেগুলো এত সুন্দর যে তার স্মৃতি থেকে তা কখনো মুছে যাবার নয়। কিন্তু সময়টা যে কোন ঋতুর তা নিয়ে তার বিভ্রান্তি আছে, তা ঠিক মনে পড়ছে না। সেই পথের পাশে একটি নদী ছিল, যেখানে এসে মিশেছিল ঝরনাধারা। সেই ঝরনাধারা ধারণ করেছিল সূর্যের আলো আর তার বিচ্ছুরিত রশ্মিতে তরুণী দাঁড়িয়েছিল নগ্ন হয়ে। বাস্তবে কী এমনটাই ছিল? হয়তো তা ছিল না, কিন্তু আজ রাতে দীর্ঘদিন পরে এসে তার স্মৃতি তাকে আবার নতুন করে সৃষ্টি করছে। যতই এগুচির বয়সটা বাড়ছিল কিয়োটোর পাহাড়গুলো, লাল পাইনগাছের নরম হয়ে যাওয়া শিকড়গুলো এগুচিকে সেই প্রেমিকার কথা মনে করিয়ে দিত, কিন্তু আজকের রাতের স্মৃতির মতো এতটা সজীব আর কখনো হয়নি। এই যে ঘুমন্ত মেয়েটির সজীব যৌবনই কী তাকে সজীব স্মৃতিগুলির কথা মনে করিয়ে দিচ্ছে?

বৃদ্ধ এগুচির চোখে কোনো ঘুম নেই, আর ঘুম আসারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সে ওই রংধনু দেখে উচ্ছল হওয়া তরুণীটিকে ছাড়া আজ আর কোনো তরুণীকে স্মরণে আনতেও চাইছে না। পাশের ঘুমিয়ে থাকা মেয়েটিকেও সে স্পর্শ করতে চাইছে না, এমনকি তার নগ্ন দেহের দিকেও সে তাকাতে চাইছে না। মুখটা ঘুরিয়ে তার বালিশের পাশে ঘুমের বড়ির যে প্যাকেট সে তা হাতে নিয়ে খুলল। সরাইখানার মহিলা বলেছিল যে এটি হচ্ছে ঘুমের ওষুধ, কিন্তু এগুচি একটু দ্বিধান্বিত ছিল। মেয়েটিকে ঘুম পাড়ানো হয়েছে যে ওষুধ দিয়ে, এটি সে ওষুধ কি না, এটা নিয়ে তার মধ্যে একটা বিভ্রান্তি কাজ করছিল। সে একটি বড়ি নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তা খেল। ঘুমাতে যাবার সময় সে সাধারণত ঘুমের বড়িতে অভ্যস্ত নয়, বরং কিছু পানীয় পান করতে অভ্যস্ত। তাই ঘুমের বড়িটি অতি দ্রæত তাকে ঘুমের গভীরে নিয়ে গেল। ঘুমিয়ে যাবার পর এক দুঃস্বপ্ন এসে ধরা দিল তার মধ্যে। 

সে এক নারীর বাহুবন্ধনে আছে, কিন্তু তার পায়ের সংখ্যা চারটি। সেই চারটি পা তাকে প্যাঁচিয়ে রেখেছে। নারীটির বাহুও আছে। যদিও সে আধো জাগরণে তবুও সে ভাবল চারটি পা দেখতে অদ্ভুত, কিন্তু তা আবার একেবারে জঘন্য না। দুটি পায়ের চেয়ে চারটি পা বরং বেশি উত্তেজক মনে হলো যা এখনো তাকে জড়িয়ে রেখেছে। হঠাৎ করে সে ভাবল ঘুমের ওষুধটা কি এ ধরনের স্বপ্ন দেখার প্রতিক্রিয়া ঘটাচ্ছে? এর মধ্যে মেয়েটি নড়ে গিয়ে তার দিক থেকে মুখ ফিরিয়ে শুয়ে থাকল কিন্তু তার নিতম্বটি তার দিকে ঘোরানো। সে হাত দিয়ে স্পর্শ করে বুঝে নিল তার মাথাটি দূরে, নিতম্বটি অনেক কাছে। আধো ঘুম আধো জাগরণে সে ঘুমন্ত মেয়েটির লম্বা চুলগুলোকে তার নিজের দিকে ছড়িয়ে নিয়ে চিরুনি দিয়ে আঁচড়াবার মতো করে খেলতে লাগল এবং একসময় ঘুমিয়ে পড়ল। 

তার পরের স্বপ্নটা ছিল আরও বেশি বাজে। তার নিজের কন্যাদের মধ্যে একজনের বাচ্চা হাসপাতালে জন্ম হলো প্রতিবন্ধিত্ব নিয়ে। জেগে গিয়েও সে বুঝতে পারছিল না শিশুটি কী ধরনের প্রতিবন্ধী। সম্ভবত বিষয়টি সে মনে করতে চাইছিল না। যাই হোক, এটি অবশ্যই খারাপ ব্যাপার। শিশুটি জন্ম নেওয়ার কিছুক্ষণ পরেই মায়ের কাছ থেকে নিয়ে যাওয়া হলো। সাদা পর্দায় ঘেরা মাতৃসদনের একটি কক্ষে শিশুটিকে নিয়ে যাওয়া হলো এবং টুকরো টুকরো করে কেটে ছুড়ে ফেলার জন্য তারা তৈরি হলো। স্বপ্নের ভিতর এগুচির ডাক্তার বন্ধুটি সাদা পোশাকে পাশে দাঁড়িয়ে আছে। এগুচিও তার পাশে দাঁড়িয়ে ছিল। সে এবারে পুরোপুরি জেগে গিয়েছিল, আর এসব ভয়াবহতার জন্য তার গলা থেকে বের হচ্ছিল একটা গোঙানির আওয়াজ। রক্তিম লাল ভেলভেটের পর্দাটি চারপাশের দেয়াল থেকে তাকে এতটাই ত্রস্ত করে তুলেছিল যে সে পর্দাটি তুলে হাতে নিয়ে তার মুখে ও কপালে ঘষতে লাগল। এটি ছিল একটি ভয়ানক দুঃস্বপ্ন। ঘুমের ওষুধটির মধ্যে গোপনে কোনো দৈত্য লুকিয়ে ছিল বোধ হয়। এমন কি হতে পারে যে একটি কদাকার আনন্দের জন্য এখানে আসাতে সে এমন একটি কদাকার স্বপ্ন দেখেছে? সে জানতে পারছিলনা, তার তিন কন্যার মধ্যে কোন মেয়েটিকে সে স্বপ্নে দেখেছিল। আর সে জানতেও চাইল না। আসলে তার তিনটি কন্যারই তো বাস্তবে সুস্থ সন্তান রয়েছে। 

এগুচি চাইছিল ঠিক ওই সময়টাতেই ওখান থেকে চলে যেতে। কিন্তু তা না করে সে আরেকটি ঘুমের বড়ি নিল যাতে সে আরও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতে পারে। ঘুমের বড়ির সাথে ঠান্ডা জল নেমে গেল তার গলা বেয়ে। ঘুমন্ত মেয়েটি এখনো তার দিকে পিঠ রেখে শুয়ে আছে। 

এমনও তো অসম্ভব নয় যে, মেয়েটির মুখাবয়ব প্রচÐ কদাকার ও বাজে, এসব ভাবতে ভাবতে সে তার হাতটি রাখল মেয়েটির গোলাকার কাঁধের ওপর। 

‘এদিকে তাকাও।’

ঘুমন্ত মেয়েটি মনে হয় তার মনের ভাষা বুঝেই তার দিকে ফিরল। আর মেয়েটির একটি হাত রাখল এগুচির বুকের ওপর। একটি পাও সে তার দিকে এগিয়ে দিল, যেন সে শীতে কাঁপছে। কিন্তু এরকম একটি উষ্ণ মেয়ের পা কি এমন ঠান্ডা হতে পারে! মেয়েটির মুখ বা নাক থেকে ক্ষীণ একটি শব্দ বের হয়ে আসছে, সে নিশ্চিত নয় শব্দটি কোথা থেকে আসছে। 

এগুচি জানতে চাইল, ‘তুমিও কি কোনো দুঃস্বপ্ন দেখেছ?’

প্রশ্নটা করতে করতেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। 

সমাপ্ত