দুই প্রজন্মের দুই বাঙালের চিত্রপ্রদর্শনী
একদিক থেকে শিল্পকলাচর্চার দুই প্রজন্মের দুই শিল্পী, আরেকদিক থেকে একই বিদ্যায়তনের শিক্ষার্থী ও পরবর্তীতে দুজনেই শিক্ষক। শিল্পী হাশেম খান ও মোহাম্মদ ইকবালের কথা বলা হচ্ছিল এতক্ষণ। দুজনের ৬০ টি চিত্রকর্ম নিয়ে 'দুই বাঙাল চিত্রীর প্রদর্শনী' শীর্ষক এক যৌথ প্রদর্শনীর প্রথম পর্ব শুরু হয়েছে ধানমণ্ডির গ্যলারি টোয়েন্টি ওয়ানে। প্রদর্শনী চলবে ১ মার্চ পর্যন্ত।শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক ও শিল্প সমালোচক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি ও স্থপতি রবিউল হুসাইন।
হাশেম খান সম্পর্কে বোরহানউদ্দিন বলেন, "হাশেম খানের ল্যান্ডস্কেপ থেকে যদি তার কাজের দিকে অগ্রসর হই, তাহলে তার অনেকগুলো গন্তব্যের অর্থ আমার কাছে স্পষ্ট হয়। শিল্পের ক্ষেত্রে (কিংবা সাহিত্যের ক্ষেত্রে) একটা নয়, অনেকগুলো গন্তব্য ধরিয়ে দেন শিল্পী কিংবা হাশেম খান। বাংলাদেশের ধারণা, যা কিনা হাশেম খানের কাজের ভিত্তি, র্যাডিক্যাল বোধ থেকে ভৌগলিক এবং ঐতিহাসিক, দুইয়ে মিলে অন্তরঙ্গ রাজনৈতিক এবং সামাজিক বোধ। এখান থেকে তৈরি হয়েছে তার সাংস্কৃতিক মতাদর্শিক দিক, যে সংস্কৃতির তিনি ক্রিটিক ও অংশগ্রহণকারী।"
চিত্রাঙ্গনে শিল্পীদ্বয় তাদের বিষয়বস্তু হিসাবে বেছে নিয়েছেন বাংলাকে। বাংলার রঙ, রূপ, মটি ও গন্ধ নিয়েই দুই শিল্পীর চিত্রকলা চর্চা। তবে দুজনের প্রকাশ ভঙ্গি একেবারেই ভিন্ন বলতে হয়। কারণ হতে পারে– মিডিয়া হিসেবে হাশেম খানের অ্যাক্রিলিক ও কাগজ ব্যবহার করেন। অন্যদিকে মোহাম্মদ ইকবালের মাধ্যম তেল রঙ, ক্যানভাস ও কাগজ। আবার দুজনের একজন ধ্রুপদি হয়ে উঠেছেন তো আরেক হয়েছেন ভাবুক।
হাশেম খানের ২৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। ক্রমানুসারে সাজানো ছবিগুলোতে উঠে এসেছে বাংলার নানা উপাদান, যেমন– প্রকৃতি, জীবনাচরণ, ইতিহাস ইত্যাদি। উজ্জল রঙের পাশাপাশি কয়েকটি চিত্রকর্মে তিনি ব্যবহার করেছেন গাঢ় রঙ। চিত্রকর্মগুলোতে মানুষের অবয়ব এঁকেছেন তিনি কালো রঙে।
মজার ব্যপার, চিত্রকর্মগুলো কোন ক্যাপশন ছাড়াই ঝুলছে গ্যালারির দেয়ালে। হাশেম খান বলেন, "আমি চাই আমার ছবিগুলো নিয়ে দর্শক তাদের নিজের মতো করে ভাবুক, তাই কোন ক্যাপশন নেই। কারণ এ অস্থির সমাজে-পৃথিবীতে আমি মনের প্রশান্তির জন্য ছবি আঁকি।"
তিনি আরও বলেন, "এ প্রদর্শনীতে শুধু সাধারণ চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। যেন সাধারণ মানুষ তা দেখে উপলব্ধি করতে পারে।"
হাশেম খান জানান, জীবনে অনেক দেশ দেখা আর অনেক মানুষ জানার অভিজ্ঞতা ছাপিয়ে যায় তার কৈশোরের অর্জন গ্রামীণ জীবন। জীবনের সেই অর্জনকে তিনি উপস্থিত করেন ক্যানভাসের ব্যপ্তিতে। তাই প্রাথমিক রঙ ও গ্রামীণ মানুষের সরল জীবনের ভীড়ে হারিয়ে যান তিনি রঙতুলি নিয়ে। গ্রামের মানুষের উত্সব আর পরিশ্রম এসেছে একেবারে মাটির গন্ধ নিয়ে। যেখানে সবুজ, কমলা, লাল, নীল রঙের খেলা চলছে।
হাশেম খান শিল্পচর্চা করছেন গত শতকের পঞ্চাশ দশক থেকে। তিনি ঢাকা চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষক ছিলেন। একই প্রতিষ্টানের আরেক শিক্ষার্থী এবং বর্তমানে শিক্ষক মোহাম্মদ ইকবাল। চারুকলা ইন্সিটিটিউট বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
মোহাম্মদ ইকবাল সম্পর্কে তাকির হোসেন বলেন, "দার্শনিক মতবাদ ও নিরিক্ষাধর্মী চিত্রকর্মের জন্য মোহাম্মদ ইকবাল ঢাকার শিল্পকলা জগতে একটা পোক্ত অবস্থান গড়ে তোলেন ১৯৯০
সালের দিকে। আবেগী প্রলেপের সঙ্গে দক্ষাতাপূর্ণ ড্রইংয়ের কারণে তাকে সহজেই চেনা যায়। নানারকম থিম নির্ভরতাও তার এক পরম বৈশিষ্ঠ্য। ক্যনভাসে আঁকা তার ছবিগুলোতে ছায়াশ্রয়ী অবয়ব নানান ভাবনা জাগিয়ে দেয়া।" মোহাম্মদ ইকবালের আঁকা ডিসটেন্ট স্কাইস-২, জয়ফুল অ্যসেম্বল-২, আননৌন ফেইস-১, ফেইসিং ইউ-৩, ইনোসেন্স-২, নোমাডিক ফেইস-২ ইত্যাদি ক্যাপশনের ২০টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদশর্নীটিতে।
চিত্রকর্মে তিনি তুলে ধরেছেন গ্রামীণ জনপদ ও জীবন-যাপন, শিশু-কিশোরী ও সন্ন্যাসী এবং নাগরিকতা ও সভ্যতার ছবি।
মোহাম্মদ ইকবাল ছেলেবেলায় মুক্তিযুদ্ধ দেখেছেন। প্রদর্শনীতে স্থান পাওয়া বেশ কয়েকটি চিত্রকর্মেই উঠে এসেছে সেই গল্প।
তিনি বলেন, "তখন আমার বয়স ছিল চার বছর। আমার শিশুমনে সেই যুদ্ধের ভয়াবহতার প্রতিফলন পরেছে গভীরভাবে। আমি পরবর্তীতে শিশুর মুখে ভয়, কষ্ট, ব্যথা ইত্যাদি অনুভুতিগুলো এঁকেছি।"
তিনি জানান, জাপানে তার পিএইচডি'র থিসিস ও প্র্যাকটিসকালের বিষয় ছিলো 'সভ্যতা ও বিপর্যয়'। তিনি মূলত মানবিক সংঘাত, যুদ্ধ ও পরিবেশ বিপর্যয়ের মতো নানা বিধ্বংসী কর্মকাণ্ডের ফলে শিশুমুখের প্রতিক্রিয়া ধরতে চেয়েছিলেন তার গবেষণায়। ওই সময়ে আঁকা কিছু ছবিও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
তিনি আরও জানান, বেশ কয়েকটি বিষয় নিয়ে আঁকা ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
তিনি বলেন, "সন্ন্যসী, বাউল বা বোহেমিয়ান জীবন-যাপনকারী মানুষরা আমার কাজের আরেকটি বিষয়। এদের জীবন-যাপন একেবারেই ব্যতিক্রম। সমাজের বাইরে তারা এক আলাদা জগতে বসবাস করে। তাদের নিজস্ব জীবন প্রণালী রয়েছে। বর্তমানের যন্ত্রচালিত মানব সভ্যতার বাইরেই তাদের বসবাস। তাদের সব কিছুই আমাকে আর্কষণ করে।"
ধানমন্ডির গ্যালারী টুয়ান্টি ওয়ানে প্রদর্শনীটি চলবে ১ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত সাড়ে ৮টা অবধি সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
শিল্পী মোহাম্মদ ইকবাল আরও জানিয়েছেন, 'দুই বাঙ্গাল চিত্রীর চিত্রকর্ম প্রদর্শনী'র দ্বিতীয় পর্ব জাপানের ওসাকা শহরের চাইয়ামচি গ্যালারিতে শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
তিনি বলেন, "জাপানে আমার একক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে প্রতিবছর। এবারের ঢাকা আর্ট সামিটকে সামনে রেখে গ্যালারি টোয়েন্টি ওয়ানের প্রস্তাবে এই যৌথ প্রদর্শনী। যা মূলত জাপান প্রদর্শনীর প্রিভিউ। হাশেম খান আমার অধ্যায়নকালীন সময়ের শিক্ষক। যদিও সরাসরি তার দীক্ষা পাইনি। তবে কাছাকাছি আসতে পেরেছি। এবার তার সঙ্গে যৌথ প্রদর্শনী করছি।"
