পালক
পাখি! উড়ে চলে, হেঁটে বেড়ায়, গান গায়, খুটে খায়। মুক্ত, অবাধ, স্বাধীন। বাঁধা দেবার কেউ নেই, কারো ভ্রুকুটি পোহাতে হয় না, চোখ রাঙ্গায় না কেউ, নিজেও প্রয়োজনবোধ করে না কাউকে শাসনে রাখার। দেশ-সমাজের গণ্ডি মানে না, দিগন্ত ছাড়া কোন সীমানা নেই। গাছের শাখায় পাতার আড়ালে খড়কুটার ছোট একটা বাসা। কিচির মিচির করতে করতে ডিমের খোলস ফুড়ে বাচ্চারা ফুটে ওঠে, তারপর ধীরে ধীরে পালক গজায়, উড়ে চলে যায় নিজের ঠিকানায়।
ঠিকানা! পাখিদের আবার ঠিকানা কোথায়? অপার বিস্তৃত বিশাল আকাশ – ওটাই ওদের একমাত্র ঠিকানা। নানা রঙের পালকে ভরা পলকা দুটি ডানা আকাশে তাদের একমাত্র অবলম্বন। মাটিতেও আসে নেমে মাঝে মাঝে, লাফিয়ে লাফিয়ে হাঁটে, খাবারের সন্ধানে ঘোরে লিকলিকে পা দুটির উপর ভর করে। কি অপরূপ সুন্দর, দুর্দান্ত মনোমুগ্ধকর ওদের জীবন!
পাখিদের দেখে দেখে বড় ইচ্ছে হয়েছিল জন্ম নেব ওদের একজন হয়ে। দীর্ঘ ধারালো চষ্ণু, বিশাল ডানা, সুতীক্ষ্ণ নখর, দৃষ্টি প্রখর – এমন শিকারী পাখি নয়। ওরা তো গান গাইতে জানে না, ভেতরে সুর নেই অসুর আছে কেবল, কলা নেই আছে শুধু কৌশল, আর ধাওয়া করা প্রচণ্ড বেগ। ওসবে আমার দরকার নেই। গান গাওয়ার যে বড় শখ আমার!সুরের সাথে, মিষ্টি কলতানের সাথে, ক্ষুদ্র ডানার ছন্দময় ঝটপটানির সাথে যে পাখির সম্পর্ক নিবিড়, হতে চেয়েছিলাম তেমন ধরনের ছোট একটি পাখি; গোলগাল দেহে নানা রঙের পালকের স্নিগ্ধ বিন্যাস, খর্বকায় বাঁকানো ঠোঁট, ক্ষুদ্রাকৃতির দুটি চোখে অবাকভাবে এদিক-ওদিক তাকানো, মেলে দিলেই ছড়িয়ে পড়া দুটি ডানা, ভেতরে তাল-লয়-ছন্দ আর বাহিরে সুরেলা কন্ঠ। এই তো, আর তেমন কিছু চাই নিতো।
ভূমিষ্ঠ হয়ে বুঝতে পারি ধুলোতে গড়াগড়ি খাচ্ছি, পাখির সবচেয়ে বিশিষ্ট একটি অঙ্গ একটা পালকের অবয়ব ধারণ করে। আচ্ছা, পালক কি অঙ্গের কাতারে পড়ে? না হয়ত – অঙ্গ তো চোখ, নাক, কান, গলা, জিহ্বা, ঠোঁট, ডানা, পা, মাথা আরো কত কিছু। পালক অঙ্গ না হলেও এমন একটা কিছু যেটা না থাকলে আর যা কিছু হওয়া যাক না কেন পাখি হওয়া যায় না। সেই পালক আমার অবয়ব। পাখি থেকেই জন্ম নেওয়া। ভুল বললাম হয়তো – জন্ম নেওয়া নয়, বিচ্ছিন্ন হওয়া। কোন পাখির উড়ে চলার সময় দেওয়া পাখার ঝাপটে হয়তো খসে পড়েছে অথবা কোন মানব শিশুর ছুড়ে দেওয়া ঢিলের আঘাতে পাখির শরীর থেকে আলাদা হয়ে গেছে। পাখির চেতনা আমার প্রবিষ্ট হয়েছে সেই পালকের ভেতর।
পালকের অবয়ব ধারণ করে থাকলেও সাধ আমার পাখি হওয়া। আমাকে কি বলা যায় তবে? পাখি না পালক? ভেতরটা পাখি আর বাহিরটা পালক। অন্যদের তো শুধু বাহিরটাই চোখে পড়ে, আমাকে পালক বলে জানে। তবে চেতনায় তো নিজেকে মনে করি একটি পাখি। কোনটা সত্য তাহলে – অন্যদের চোখের দেখা নাকি আমার চেতনার নিবিড় অনুভব? হয়তো দুটোই সত্য। তা কিভাবে হয়! একই ব্যাপারে দুটি আলাদা বিষয় একই সাথে কিভাবে সত্য হতে পারে? ওদের কাছে ওদেরটা সত্য, আমার কাছে আমারটা। অন্যদের সাথে তর্কে মেতে উঠি না, আমার সত্য নিয়ে আমি চুপচাপ থাকি।
অবয়ব পালকের হলেও আমার ভেতরে থাকা পাখির সাধ-আকাঙ্ক্ষাগুলো হঠাৎ হঠাৎ পূর্ণ হয়ে যায়, অন্যের নির্বোধ অচেতনের উন্মত্ততায় – নিজের সচেতন ইচ্ছায় নয়। মাটিতে পড়ে থেকে মানব সন্তানদের পায়ের চাপে পিষ্ট হতে হতে একসময় দেখা গেল, প্রচণ্ড জোরে বাতাস চালাল। আচমকা আমাকে উড়িয়ে নিয়ে চলল উঁচুর উপরে উঁচুতে। তখন আমার অনুভবে পাখি যেন আরো বেশি সত্য হয়ে ধরা দিতে থাকে। আবার কখনও কখনও বাতাসের ঘূর্ণি আমাকে নিয়ে খাড়া উপরের দিকে এমনভাবে ধাবিত হতে থাকে যেন সরু একটি স্বচ্ছ নলের ভেতর দিয়ে চক্কর খেতে খেতে উঠছি। তখন এক অপ্রত্যাশিত স্বাদ পাই, সর্বাঙ্গ নিয়ে পাখিরাও নিশ্চয় এভাবে উপরে দিকে উঠতে পারে না – এখানেই আমি ওদের থেকে অনন্য হয়ে উঠি। এমন কোন উপমা, এমন কোন প্রতীক, রূপালঙ্কার নেই – যার সাথে আমার উড়ে চলার অনুভূতিকে তুলনা দেই। অনেকটা যেন মানব সন্তানের কৈশোরকালে প্রথমবার নারী ও মদে নেশাগ্রস্ত হওয়ার মত। বাহিরটাও উড়ছে, ভেতরটাও – পালকটাও, পাখিটাও।
প্রথমবার যখন শূন্যে উড়লাম তখন এই একটিমাত্র অনুভূতিই আমার সমস্ত মন-প্রাণ জুড়ে এমনভাবে আচ্ছন্ন হয়ে ছিল যে অন্যকিছু খেয়াল করার অবকাশ পাই নি। তারপরের বার থেকে ধীরে ধীরে টের পেতে শুরু করি আমার সাথে সাথে ধুলোও উড়ছে; গাছের শুকনো মরাপাতা, খড়কুটোও বাদ নেই। আমার আশেপাশে এদেরকে উড়তে দেখে এত উল্লাসের মাঝেও আমার ভেতরে থাকা পাখিটির আত্মসন্মান মূর্ছিত হয়ে যেত। উড়বো, তাই বলে এদের সাথে! বাহিরটা পালকের হোক, ভেতরটা তো পাখির। তখন মনে হত, দূর ছাই মাটিতে নেমে যাই – ওরাই উড়ুক আকাশে। হাসি পায়!নিজের ইচ্ছায় যেমন উড়তে পারিনা আবার তেমনিঅনিচ্ছা হলে নিজে থেকে মাটিতে নেমে যাবারও তো সাধ্য নেই! বাতাস উন্মত্ত হলে উড়তে পারি, শান্ত হলে নেমে পড়তে হয়। তাই অনেক ভেবে-চিন্তে বিস্তৃত আকাশে উড়ে চলার অদম্য আকাঙ্ক্ষাটাকে বুকে চেপে ধরে অহংবোধটাকে নীচের দিক দিয়ে ধীরে ধীরে খসিয়ে ফেলার চেষ্টা করতাম। এখন আর অতটা গাঁ-জ্বলা ভাব হয় না,ধুলোবালি, খড়কুটোর কাছে থেকে একটু দূরে সরে-থাকা মনোভাব থাকলেও মাটিতে যেমন পড়ে থাকার ঠিক তেমনিভাবে আকাশে উড়ে চলারও সঙ্গী মনে করি।
বাতাসের তোলপাড়ে বিশাল বিশাল ঢেউয়ের দোলার মত উপর-নীচ করে এপাশে-ওপাশে সরে যেতে যেতে উড়ছি আর উড়ছি; ভেতরের ইচ্ছারাও তখন বের হয়ে এসে অনেক দূরে আরো উপরে উঠে যেতে চাইত। তারপর হঠাৎ- বাতাসের কাজ দেখ – বেকুব বাতাস কথা নেই বার্তা নেই চলা দিল থামিয়ে; আমিও মানব শিশুর দোলনার মত এদিক-ওদিক করতে করতে ধুলোবালি, খড়কুটোর সাথে নিচে পড়তে থাকি। সর্বোচ্চ তৃপ্তির উত্তুঙ্গে যখন যাচ্ছি উঠে, কিছুক্ষণ পরই সেকেন্ডের ভগ্নাংশ সময় দৈর্ঘ্যের সূচ্যগ্র চূড়াটি স্পর্শ করব – ঠিক তখনই দিল নামিয়ে!
সবসময় তো আর মাটিতে নয়,কখন সখনও পড়তাম গিয়ে পানিতে – স্বচ্ছ টলমলে পুকুর, এঁদো ডোবা, স্রোতস্বিনী ছোট নদী, পাড় ভেঙ্গে চলা বড় নদী, শান্ত বিস্তৃত হাওর-বিল; শুধু সমুদ্রে নামা বাকী এখনও। তখন আরেক ধরনের আকাঙ্ক্ষার নিবৃত্তি হত। এই আকাঙ্ক্ষাটি যে আমার ভেতরে ঘাপটি মেরে আছে তা আগে থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারিনি, তবে তা পানির ভেজা ছোঁয়া পেতেই চনমন করে জেগে ওঠে। আমি যাদের থেকে বিচ্ছিন্ন হয়েছি বা খসে পড়েছি সেই সর্বাঙ্গ পাখিদের তো আছে – সবার নেই অবশ্য, তবে কারো কারো আছে। পায়ের পাতার বৈঠার মত টানে, ইচ্ছে-খুশি সাঁতার কাঁটা, পানির ভেতরে ডানার আলোড়নে গভীরে ডুব দিয়ে কর্দমাক্ত তলা থেকে খুঁজে খুঁজে শামুক, ঝিনুক, ছোট ছোট কীট-পতঙ্গ কুড়িয়ে এনে খাওয়া। কি দারুষ মজা হয় ওদের! পানির উপরিতলে ভেসে বেড়ায়, গভীরে ডুব দেয়, আবার শূন্যেও উড়ে চলে। তবে এই ত্রিচর পাখিদের মধ্যে যারা মানুষের বশ্যতা স্বীকার করে নিয়েছে – তাদের আকাঙ্ক্ষাগুলোতে পচন ধরেছে বলেই – কেউ কেউ উড়তে ভুলে গেছে, আবার কারো কারো পাখির সকল বিশিষ্ট সক্ষমতা – উড়ে চলা, সাঁতার কাঁটা, পানির গভীরে ডুব দেওয়া, গান গাওয়া – এসে ঠেকেছে তলানীতে। পারে শুধু ভারী মাংশল দেহটাকে কোনমতে সামলে নিয়ে মানব সন্তানদের বাড়ির আশপাশ ও উঠান দিয়ে হেলেদুলে হেঁটে বেড়াতে। তবে প্রচণ্ড বিপদের মধ্যে পড়লে জীবন যখন হুমকির সম্মুখীন হয়, বা কোন শিকারী পাখি যখন তাদের সদ্য ফুটে-ওঠা বাচ্চাদেরকে কেড়ে নিতে আসে তখন অস্তিত্বকে টিকিয়ে রাখার তীব্র তাড়নায় দুরন্ত গতির আদিম অভ্যস্ততাগুলো ইচ্ছা-নিরপেক্ষভাবেই সামান্য মাত্রায় জেগে ওঠে। আর পারে গান গাওয়ার বদলে সুর-তাল-ছন্দ-লয়হীন শুধু ঘ্যাক ঘ্যাক, প্যাক প্যাক করতে। ওদের প্রতি প্রচণ্ড রাগ হয় আমার। দুনিয়াতে তোদের তো আর খাওয়ার অভাব নেই – মাটিতে ছড়ানো কত খাদ্য কণা, খুটে খুটেই তো বেশ খেতে পারিস। মানব সন্তানের বশ্যতা শিকার করার কি দরকার? মুক্ত পাখির জীবন থেকে সরে এসে বন্দী হয়েছিস মোটা দেয়ালের মাটির খোয়াড়ে। মানব সন্তানেরা তোদেরকে ভালো ভালো খাইয়ে মোটা-তাজা বানিয়ে জবাই করে স্যুপ, সুরুয়া, কাবাব- মুখরোচক আরো নানা ধরনের খাবার তৈরী করে ঢেলে দিচ্ছে নিজেদের গ্রাসে! উচিত শিক্ষাই হয়েছে তোদের!
অবশ্য বশ্যতা স্বীকার না করেও যে সবসময় রেহাই মেলে, তা নয় – ডালে বসে নিজের মনে গাইতে থাকা পাখির বুকের মধ্যে তীক্ষ্ণ তীর ঢুকিয়ে মুহূর্তে প্রাণবায়ু বের করে নেয়। তারপর আগুনে ঝলসিয়ে আমোদ-ফূর্তির আড্ডায় লাল শরাবের সাথে মৌজ করে খায়। বশ্যতা স্বীকার না করলে, তবুও তো অন্তত বেঁচে-থাকা সময়ের প্রতিটি মুহূর্তকে চারিয়ে চারিয়ে উপভোগ করা যায়। এসব ভাবলে মাঝে মাঝে সর্বাঙ্গ পাখিদের মত শরীর না থাকাটাকে আশীর্বাদের মত মনে হয়। ভয় তবুও কাটেনা – কখন যে কোন মানব সন্তান হাতের কাছে পেয়ে উপর দিককার সূক্ষ্ম তন্তু গুলো ছিড়ে ফেলে পুচ্ছে খানিকটা রেখে কানের ময়লা পরিষ্কার করতে শুরু করে দেয়! এরপর প্রচণ্ড ঝড়ো বাতাসেরও সাধ্য থাকবে না আমাকে উড়িয়ে নেয়, পানিতে পড়া মাত্রই ধীরে ধীরে যাব তলিয়ে – সাঁতার কাঁটা এই জীবনে আর হয়ে উঠবে না।শূন্যে যে উড়ে চলি, পানিতে যে সাঁতরে বেড়াই তা তো এই এই তন্তুগুলোর কারণেই। সাঁতার কাঁটা – বলাটা মনে হয় ঠিক হচ্ছে না, বলা ভাল – পানির উপরিতলে ভেসে বেড়ানো।
পানিতে ভেসে থাকি বাঁকানো লম্বা সরু দণ্ডটির দুপাশে থাকা সুক্ষ তন্তুর উপর ভর করে।
স্রোতহীন বদ্ধ জলাশয়ে ঘুরে বেড়াই মৃদুমন্দ বাতাস ও ছোট ছোট ঢেউয়ের তাড়ায়। এখানে খুব বেশি সুখ পাই না কারণ অধিকাংশ সময় নড়াচড়াহীন শুধু ভেসে থাকা, একটা গণ্ডির মধ্যে মাঝে মাঝে শুধু এদিক-ওদিক করা; গতির অভাব এখানে প্রকট। এখানে থাকতে থাকতে ভয়ানক রকম অস্থির হয়ে উঠি, তবে ভেতরের এই অস্থিরতার এমন কোন সক্ষমতা নেই যে বাহিরটাকে একটুও নাড়িয়ে দেয় বা চালিয়ে নেয়। জীবন এখানে হয়ে উঠে বৈচিত্রহীন ও একঘেঁয়ে। যখন মাছেরা ঝাঁক ধরে এসে খাওয়ার চেষ্টায় ঠোকরাতে শুরু করে, তখন খুব বিরক্ত লাগে। একবার তো এক রাক্ষস মাছ তার ধারালো দাঁত দিয়ে আমার কিছু তন্তু ছিড়ে নিয়ে গিয়েছিল – প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম তখন। স্থির বসে থাকাটা চরম বেদনাদায়ক, অন্যরা তাদের খাবার মনে করে গিলে খেতে আসে।
স্রোতস্বিনী ছোট নদীতে পড়লে পাওয়া যায় নিরন্তর ছুটে চলার আস্বাদ – তখন মনে হয়, এই চলার বুঝি কোন শেষ নেই – তবুও চলা শেষ হয়, পথ ফুরোয়, বুঝতে পারার আগেই থেমে যেতে হয়। স্রোতের টানে ঢেউয়ের মাথায় উঠি, নেমে যাই, আবার উঠি, আবার নামি, এভাবে এগিয়ে যেতে থাকি – এ আমার বিরামহীন ছন্দময় চলা। ঢেউয়ের শীর্ষে সূর্যের আলো পড়ে চিকচিক করে, দুই ঢেউয়ের মাঝখানের খাদে জমা হয় অন্ধকারের ছানা। চাঁদনী রাতে অন্ধকারকে টুকরো টুকরো করে ভেঙ্গে ছড়িয়ে পড়া – আলো পড়ে চিকচিক করতে থাকা বৃষ্টির ফোটার মত -জ্যোৎস্নাস্রোতের সাথে দোস্তি করে এগিয়ে যেতে থাকে। অন্ধকার রাত্রের জমাটতাও সওয়ার হয় সাপের ফণার মত শীর্ষওয়ালা স্রোতের ঘাড়ে।
সবচেয়ে বেশি কৌতূহল হয় বড় নদীতে। বিশাল বিশাল ঢেউ এমনভাবে আছড়ে পড়ে যেন হাতির দল হোঁচট খেয়ে পড়ছে। নদী এগিয়ে চলে খ্যাপাটে ষাঁড়ের মত গুঁতিয়ে গুঁতিয়ে পাড় ভেঙ্গে। বিকেল বেলায় সূর্যের আলো পড়া মেঘেদের মত সোনালী রঙ লাগা জমাটবাঁধা ফেনাগুলো নদীর বিশাল বুক জুড়ে চষে বেড়ায় – ঢেউয়ের হামলে পড়ায় মুহূর্তের মধ্যেই হয়ে যায় ছিন্নভিন্ন, চলতে চলতে আবার একত্রিত হয়, জোটবাঁধে – দেখে মনে হয় এদের নিজেদের মধ্যে একে অপরকে আকর্ষণ করার এক অদ্ভুত ক্ষমতা আছে। ছোট নদীর তুলনায় স্রোতের বেগ এখানে অনেক বেশী – তবে যেন সুনির্দিষ্ট কোন লক্ষ্য নেই, আলাদা আলাদা হয়ে একেকটি একেকদিকে দলছুট বন্য মহিষের মত ছুটে চলে। আলাদা আলাদা স্রোতরেখাগুলো যদি নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়ে একদিকে ধাবমান হত তাহলে বোধ করি সমস্ত স্থলভূমিকে ভেঙ্গে গুঁড়িয়ে পানির নীচে এনে ফেলত। ভিন্ন ভিন্ন পথে ছুটে চলা ঢেউগুলোর মাঝে আবার কখনও কখনও সংঘর্ষও বাঁধে – তখনই সৃষ্টি হয় প্রচণ্ড ঘূর্ণির। এই পলকা শরীর নিয়ে যে আমি কখনই একটুও ডুবে যাই না, সেই আমি এই ঘূর্ণির পাল্লায় পড়ে তলিয়ে যাই অনেক গভীরে – মাঝে মাঝে তো পাতালে গিয়েও ঠেকি। ধনুকাকৃতির পথ রেখায় কিছুটা দূরে গিয়ে আবার ভেসে উঠি।
বড় নদীগুলোর এই ঘূর্ণি আমাকে সবচেয়ে বেশী আকর্ষণ করে। এর কারণে তবুও তো সামান্য কিছুক্ষণের জন্য হলেও নিমজ্জিত হতে পারা যায়। কোন কিছুতে ডুবে যাওয়ার যে কি অপার আনন্দ তা তখনই কেবল অনুভব করার সুযোগ হয়। তবে এই পলকা শরীরের কারণে বেশীক্ষণ ডুবে থাকতে পারি না, ঘূর্ণনের কারণেই ঘূর্ণি থেকে বিচ্ছিন্ন হলে ভেসে উঠতে হয় আর তখনই মনের ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরগুলো কাদার মত গাঢ় বিষাদে ভরে ওঠে। পানির উপরিতলে দুলতে দুলতে, ছুটে চলতে চলতে ভাবি – দূরে থাক আমার পাখি সাধ, জন্ম নিতাম যদি ভারী পাষাণ হয়ে, না থাকত শরীরের এই হালকাত্ব, বছরের পর বছর ধরে নিমজ্জিত হয়ে থাকতাম পাতালে। উপরে স্রোতের দুর্দান্ত বেগ, ঢেউয়ের ওঠা-নামা আর গভীরে আমি স্থির অকম্পমান ধ্যানী পুরুষের মত মনের নানা ধরনের খেয়ালের স্রোতে ভেসে বেড়াতাম, চিন্তার সুবিশাল ঢেউয়ের সাথে আছড়ে পড়ে ঢুকে যেতাম ভিন্ন এক ঘনসন্নিবিষ্ট বোধের জগতে।
তবে নদীতে তো আর বছরের পর বছর ধরে নিমজ্জিত হয়ে থাকার উপায় নেই, তা নদী যত বড়ই হোক। শুকনা মৌসুম এলেই তো সমস্ত পানি আবার কোথায় চলে গিয়ে পুরো নদী মরে উঠবে। তখন তো আমার স্থিরতাই শুধু হয়ে উঠবে প্রকট, নিমজ্জনতা যাবে ঘুচে। তবে বেশ হত যদি বিশাল সাগরের অতলে ডুবে থাকতে পারতাম আদি থেকে অন্ত, তাহলে মুহূর্তের মধ্যে পাখির সব সাধকে এক ফুয়ে দিতাম উড়িয়ে।
মাঝে মাঝে পাড়ের দিকে নলখাগড়ার বনে স্রোতহীন নিথর পানিতে আটকে পড়ি, নড়তে চড়তে পারি না। তবে এর কোন মহত্ত্ব নেই, স্থবিরতা তখনই মহান যখন ভেতরে থাকে প্রচণ্ড চলমানতা। হালকা স্থবিরতা জড়তার নামান্তর, এতে ভেতর-বাহির দুটোই থাকে অনড়। কোন কিছুই যার বাহ্যিক স্থিরতাকে নাড়িয়ে দিয়ে ভেতরের চলার ছন্দকে এলোমেলো করে দিতে পারে না, বাহ্যিক স্থিরতা শুধু সেই মহান ভারীদেরই অধিকারগত। আমি তো নিতান্তই হালকা – এই নলখাগড়ার বনে আটকা পড়েও পানির উপরিতলের সামান্য দোলায়ও মৃদু মৃদু কাঁপছি। বাহ্যিক ছুটে চলাই আমার একমাত্র অবলম্বন, কারণ নানা ধরনের প্রবৃত্তির তাড়নায় ভেতরটা একটু একটু কেঁপে উঠলেও সার্বিক অর্থে তার তো কোন বিরামহীন অক্লান্ত ছুটে চলা নেই।
বাতাসের কল্যাণে হেঁটে বেড়ানও হয় – অবশ্য লাফিয়ে লাফিয়ে চলা – বলাই ভাল। ধুলোর মাঝে গড়াগড়ি খাওয়ার সময় হালকা বাতাস আমাকে কিছুটা উপরে তোলে আবার ফেলে দেয়, আবার খানিকটা উড়ায়, আবার মাটিতে নামায়। অন্যদের কাছে এর কি অর্থ দাঁড়ায় জানি না, তবে আমার কাছে এটাই হেঁটে বেড়ানো লাফিয়ে লাফিয়ে, সর্বাঙ্গ নিয়ে পাখি ঠিক যেমনভাবে হেঁটে বেড়ায়। ঝড় ওঠার সময় এরকমভাবে কিছুদূর লাফিয়ে লাফিয়ে চলার পর উপরে উঠে যাই – অনেকটা যেন এরোপ্লেনের রানওয়ে দিয়ে চলতে চলতে হঠাৎ উড়াল দেওয়ার মত।
গান গাওয়ার অদম্য আকাঙ্ক্ষাটিও – যা আমার ভেতরে দিন-রাত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে – মাঝে মাঝে সার্থকতা পায়।
যখন কোন উঁচু গাছের ঝুরি ঝুরি ডালপালা ও পাতার আড়ালে আটকা পড়ে ছটফট করতে থাকি তখন ঝিরি ঝিরি বাতাস আলতো করে ছুঁয়ে গেলে আমার বাঁকানো সরু দণ্ডটির দুইপাশে যে হালকা তন্তুর মত আছে তা খুব ধীরে ধীরে কাঁপতে শুরু করে – একধরনের স্বল্প দৈর্ঘ্য শব্দতরঙ্গের সৃষ্টি হয়। তখনই আমি বুঝতে পারি আমার ভেতরের সুর মিষ্টি গান হয়ে সমস্ত শরীর দিয়ে, সিদ্ধ ধানের ভেতর থেকে ভাপ-ওঠা হালকা উষ্ণ ধোঁয়ার মত,বাইরে বের হয়ে আসছে। খুব মিহি, অনেক সংকুচিত সে গান, তবুও তাল-লয়-ছন্দ সব কিছুই আছে। এটা আমার চারপাশে স্বচ্ছ পর্দার এমন একটা ক্ষুদ্র আবেষ্টনী তৈরী করে যে, মনে হয় মুগ্ধতায় ভরা বেলুনের ছোট গণ্ডির ভেতরে ভেসে বেড়াচ্ছি। শব্দ-তরঙ্গ যতটুকু দৈর্ঘ্যের হলে তা অন্য অধিকাংশদের শ্রুতিগোচর এটা তার চেয়ে স্বল্প বলে অন্যরা হয়ত শুনতে পায় না। আমার গানকে তাই নিঃশব্দও বলা চলে। তবুওআমার নিজের কাছে এর মূল্য অনেক, সর্বাঙ্গ পাখির কাছে যেমন সশব্দ গানের মূল্য।
এতকিছুর পরও সাধ এবং সাধ্যহীনতার সূঁচালো দ্বন্দ্ব, ভেতরের অনুভব এবং বাহ্যিক অবয়বের মধ্যকার ধারালো টানাপোড়ন আমাকে দিনরাত খুঁচিয়ে-খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করে তোলে, আমার চেতনার শিরা-উপশিরা থেকে ঝরতে থাকে রক্ত, প্রতিনিয়ত। ধীরে ধীরে নিস্তেজ হয়ে উঠি, শূন্যতার ভারী দেয়াল আমাকে চারপাশ থেকে চেপে ধরে। তখন দূরন্ত ইচ্ছা জাগে – নিজেই নিজেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলি। তবে আত্মহত্যাও যে আমার সাধ্য-বহির্ভূত।
অবশেষে সিদ্ধান্ত নেই নিজের এই অক্ষম চেতনাকে সক্ষম কোন চেতনার মাঝে বিলীন করে দেব; সমুদ্রের ঢেউ যেমন নিজের ক্ষুদ্র অস্তিত্ব মুছে ফেলে আবার বিশাল সাগর হয়ে ওঠে – ঠিক তেমনি। যার কাছে থেকে আমি বিচ্ছিন্ন হয়েছি আবার তার সাথে সংযুক্ত হব, হয়ে উঠব কোন সর্বাঙ্গ পাখির ডানায় গ্রথিত থাকা অসংখ্য পালকের একটি ।
এরপর থেকে কাছাকাছি ছোট সুন্দর পাখি দেখলেই অনুভবের শক্তিতে ডেকে উঠিঃ "ও পাখি ও পাখি শুনছ?"
পাখি থেকেই তো আমি খসে পড়া, তাই আমার অনুভবের ডাক ওরা শুনতে পায়। পাখিটি তার ক্ষুদ্র ক্ষুদ্র চোখে বারবার পলক ফেলে ছোট মাথাটি এদিক-ওদিক ঘুরিয়ে আমাকে খুঁজতে থাকে।
-"আমাকে দেখতে পাচ্ছো না, এই যে আমি এখানে ধুলোর মাঝে পড়ে আছি। তুমি ছাদের কার্নিশ থেকে মাটিতে নেমে এলেই আমাকে দেখতে পাবে।"
পাখিটি আমার কথা শুনে ফুড়ুৎ করে নীচে নেমে আসতেই আমাকে দেখতে পেয়ে বলেঃ "কেন আমাকে শুধু শুধু ডাকছ বলত। দেখতে পাচ্ছ না, আমি কার্নিশে বসে বেশ শরীর জুড়িয়ে হাওয়া খাচ্ছিলাম।"
পাখিটিকে বোধ হয় এই সময় বিরক্ত করা ঠিক হয় নি। তবে কীই-বা আমি করতে পারি, আমার কথাটি যে তাকে জানাতেই হবে।
-"তোমার শরীরে আমাকে গ্রথিত করে নাও। তোমার উড়ে চলার কাজে লাগবে, সৌন্দর্য বেড়ে যাবে।"
-"কোন দরকার নেই বাপু। আমার শরীরে এমনিতেই অনেক পালক। একটি ঝরে পড়লে সাথে সাথে আরো পাঁচটি গজিয়ে উঠে। আর তুমি তো আমার পালকগুলোর সাথে মিশ খাবে না, নানা রঙের বাহারি ছোপে ওদের কেমন অপরূপ লাগে দেখেছ।"(এই বলে পাখা ছড়িয়ে দিয়ে আমাকে ওর পালকগুলো দেখায়।) "আর ওদের সকলের মাঝে একটা সুন্দর সামঞ্জস্য আছে। তুমি তো ছাই রঙা, কেমন ফ্যাসফ্যাসে দেখায়, দুপাশের তন্তুগুলোও মসৃণ নয় এবড়োথেবড়ো – কে যেন এখানে – ওখানে খেয়ে নিয়েছে। তোমাকে নিলে পালকগুলোর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে।"
-"তাহলে, তাহলে আমি ওদের সকলের নীচে চাপা পড়ে থাকব। কখনও বাইরে বের হব না, তবুও নাও আমাকে," বলতে বলতে আশাহীনতার চাপে মুষড়ে পড়ি।
-"না বাপু, হবে না। তোমাকে নিয়ে শুধু শুধু শরীরের ওজন বাড়াতে চাই না, এমনিতেই বেশ আছি।"
পাখিটি বিরক্ত হয়ে পাখা ঝাপটিয়ে উড়ে চলে যায় – বেশ দূরে অন্য একটা ছাদের কার্নিশে গিয়ে বসে। চুপ করে ভাবি – আমার আবার ওজন! এত হালকা আমি যে সামান্য একটু বাতাসে কোথায় উড়ে চলে যাই, ঘূর্ণি ছাড়া পানিতে কখনই সামান্য একটুও ডুবে যাই না।
আরো কত পাখিকে অনুরোধ, শেষ পর্যন্ত অনুনয়-বিনয়,নানা কিছু বলে বোঝানোর চেষ্টা – কেউ রাজী হল না। শেষমেশ সবাই ঐ পাখিটির মত বিরক্ত হয়ে চলে যায়। ধুলোর রূপ ধরে চতুর্দিক থেকে হতাশারা এসে আমাকে আচ্ছন্ন কর ফেলতে থাকে। চতুর্দিকের এত হতাশার ধুলোর মাঝে খুঁজতে খুঁজতে চিকচিক করতে থাকা আশার একটি ক্ষুদ্রকণা আমার নজরে পড়ে। দুনিয়াতে এমন একটি পাখিও কি খুঁজে পাওয়া যাবে না – যার পালক নেই! কোন বিরল ব্যাধিতে আক্রান্ত হয়ে সকল পালক ঝরে গেছে – নতুন করে আর গজাচ্ছেও না। এমন কোন পাখি যদি খুঁজে পাওয়া যায় তাহলে আর কোন ভাবনা থাকে না। আমাকে ফিরিয়ে দেবে, এমন সাধ্য তার কখনই হবে না। তার নিরাবরণ শরীরে, মুকুটের অগ্রভাগে খাড়া দাঁড়িয়ে থাকা একটি পালকের মত শোভা পাব – কি মজা হবে তখন! একটি পাখিঃ একটি পালক; মানিক জোড়।
এর পর থেকে চিন্তা-চেতনায় অনুভবে সমস্ত পালক খসে পড়া একটি পাখির ধ্যান করতে লাগলাম। একদিন দেখাও পেলাম তেমন একটা পাখির।
একটি নর্দমায় পড়ে গিয়েছিলাম – অনেক দিন পর সেখান থেকে উদ্ধার পেয়েছি কেবল। বৃষ্টির পানিতে উপরকার ময়লা ধুয়ে গিয়ে তারপর রোদে শুকিয়ে বাতাসে জুড়িয়ে বেশ চনমনে হয়ে উঠেছি। একটা দমকা বাতাসে উড়ে গিয়ে পড়লাম মানব সন্তানের এক বাড়ির উঠানে। তখন সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করেছে, হালকা আলোয় বেশ দূর থেকেই বুঝতে পারলাম – পালকহীন একটি পাখি মাটিতে পড়ে আছে। পালক নেই বলেই বুঝি উড়তে পারছে না, কেমন একটা বিসদৃশ্ভাবে উবু হয়ে মাথাটা গুঁজে দিয়ে বসে আছে। পালকহীন পাখিরা বোধ হয় এভাবেই বসে থাকে। নিজের ভেতরে প্রচণ্ড উল্লাসের মাঝেও পাখিটার প্রতি করুণায় আমার মন আর্দ্র হয়ে ওঠে। এখন শুধু আমার দরকার সামান্য একটু বাতাসের ধাক্কা – তাহলেই আমি পাখিটির কাছে গিয়ে পড়তে পারব। অবশ্য উল্টোও হতে পারে – বাতাস আমাকে অন্য কোন দিকে বেশ দূরে নিয়েও ফেলতে পারে। ওর তো আবার কোন বোধ-বুদ্ধি নেই, আমার মনের ইচ্ছা-আকাঙ্ক্ষা, ভাব-ভাবনা-অনুভূতি কোন কিছুই বুঝতে পারে না। আশা-হতাশার চিপায় পড়ে কাতরাতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর এল এক ঝাপটা বাতাস। স্রোতের মধ্যে একাকি দাঁড়িয়ে থাকা নলখাগড়ার মত কাঁপন শুরু হল আমার মধ্যে; কি হবে এখন? এত কাছে পেয়েও কি হারাব তাকে, সমস্ত মন-প্রাণ দিয়ে যাকে খুঁজছি বহু দিন ধরে।
নির্বোধ বাতাসের বুঝি দয়া হল – আমাকে উড়িয়ে নিয়ে ফেলল একেবারে সেই পাখিটার কাছে। ছোট ছেলের হাতে লাটাই ধরা ঘুড়ি যেমন মাঝে মাঝে সামান্য একটু উপরে উঠে সাথে সাথেই ঘাই খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে, তেমন একটা অনুভূতি হল আমার। পাখিটা মৃত! কিছুক্ষণ আগে তাকে জবাই করা হয়েছে – গলায় এখনও রক্তের দাগ। পাশেই উনুনে আগুন জ্বলছে। আমার বুঝতে একটুও অসুবিধে হল না যে, এখনই এই পালকহীন মৃত পাখিটাকে টুকরো টুকরো করে কেটে রান্না করে ফেলা হবে। অবশেষে বহু প্রত্যাশিত পাখিটি যদিও খুঁজে পাওয়া গেল, বুঝতে পারলাম পালকহীন পাখির প্রাণ থাকে না। সন্ধ্যার আগমনে তখন আমার চারপাশটা বেশ অন্ধকার হয়ে উঠতে শুরু করেছে। যুবক বয়সের একজন মানব সন্তান ঘর থেকে বের হয়ে এসে আবছা অন্ধকারে আমাকে দেখতে পেয়ে কুড়িয়ে নিয়ে আবার ভেতরে ঢুকে গেল। আমি আর কিছু ভাবতে চাইলাম না। কি আর হবে? আমার শেষ আশাটির ভিত্তি তো ধ্বসে গেছে চিরদিনের জন্য। যা হয় হোক। ছিন্নভিন্ন হয়ে কোন মানব সন্তানের কানের ভেতরে সেখানকার চটচটে ময়লা পরিষ্কার করাই হয়তো আমার শেষ পরিণতি!
তবে ঐ নির্মম পরিণতি আমাকে বহন করতে হয় নি। যুবকটি আমাকে একটি টেবিলের উপর আলতো করে রেখে নিজের হাতে একটি কুপি জ্বালায়, তারপর একটি খাতার সাদা পাতা খুলে আমার সূচ্যগ্র অগ্রভাগটা কালির দোয়াতে চুবিয়ে খসখস শব্দে লিখতে শুরু করে – তার ভাব, ভাবনা, চিন্তা, কল্পনা ও নানা রঙের অনুভূতির কথা। সাদা খাতার উপর আঁকা হতে থাকা গোটা গোটা অক্ষরগুলো যেন ঐ দোয়াতে রাখা কালির নয়; আমার ভেতর থেকে চুঁইয়ে চুঁইয়ে বের হওয়া চেতনার কালো রক্তেই ওগুলো দৃশ্যমান হয়ে উঠছে যেন।
লেখাটার শিরোনামও দেয়া হয়েছিল আমার নামে।
