ভ্রাম্যমান পাখির বাসা
শেষ পর্যন্ত এক গভীর দু:খবোধ থেকে আরজুকে জানাল মান্নান, 'আমি আর পারছি না।'
আরজু তখন অথৈ আবেগের ভেতর হাবুডুবু খাচ্ছে। সে কানাডায় বসে একবার খোঁজ নিচ্ছে উত্তরার বাড়িটির , পরক্ষণে প¬াম্বার ডেকে মনট্রিয়েলের বাংলো বাড়িটির বাথরুমগুলোর কমোড ঠিক করছে।
কিছুতেই মন ভরছে না ওর। কতটুকু সাজালে বাড়িটিকে মনে হবে প্রাসাদ তাই নিয়ে মশগুল সে।
এক ধরনের অস্থিরতা আর আনন্দবোধ ওকে বুঁদ করে রাখছে এই কটা কদিন।
সে যেরকম চেয়েছিল অবিকল ওরকম জীবনই ওর চারপাশ জুড়ে। কোন কমতি নেই, কোন শূন্যতাবোধ নেই। পূর্ণতা ওকে কানায় কানায় এমনি ভরিয়ে রেখেছে যে ওর কোনদিকে তাকাবার প্রয়োজন নেই।
বাংলাদেশ থেকে ফোন আসে। আরজু জানায়, সে ব্যস্ত। এক ছেলে আর এক মেয়ের লেখাপড়া আর তাদের বেড়ে ওঠা নিয়ে সে যেমন চিন্তিত তেমনি ওদের দূরন্ত ভবিষ্যতের কথা ভেবে আহ্লাদিত ।
'আম্মা, ওরা কয়টা ভাষা জানে জানেন?'
' না কইলে ক্যামতে বুজুম?'
'জাপানে থাকতে ওরা দুজন শিখল জাপানীজ, বাংলা তো জানেই। এখানে এসে ফ্রেঞ্চ ও ইংলিশটা সাহেব মেমদের মতো শিখে নিয়েছে। ইরাটাকে নৃত্যের ক্লাসে ভর্তি করে দিয়েছি। বড় হলে আমার মেয়ে বিখ্যাত বেলে শিল্পী হবে। '
বলে খানিক থামে।
আরজুর মা আমেনা বিবি মেয়ের কথা যে খুব একটা বুঝতে পারছে তা নয়। তবু মুগ্ধ হয়ে শোনে। অজানা জগতের স্বপ্ন যেন মেয়ের ভেতর দিয়ে নিজের চোখের সামনে হাতছানি দিয়ে উঠছে । পাশে দাঁড়ানো স্বামীকে বলে,' মেয়ে যে কী বলছে তা সব বুজবার পারতাছি না। তুমি কতা কও।'
বাবা জামলুদ্দিন স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক। বৈষয়িক মানুষ। নামে শিক্ষক হলেও বিষয় বুদ্ধি তার খুবই প্রখর। এলাকায় রয়েছে তার প্রচুর ভূ-সম্পত্তি।
বড় মেয়ে আরজু। ছয় ছেলেমেয়ের ভেতর আরজু সৌভাগ্যবতী ।
আরজু নানাভাবে পরিবারের সবার খায়েস মেটায়। এমন কি, পিতৃ-সম্পত্তির অধিকারটুকুও সে বিতরণ করে দিয়েছে অন্যান্য ভাইবোনদের মাঝে।
এজন্য জামলুদ্দিনের পরিবারে সে এক অনন্য মাদার টেরেজা। ও যা বলে তা-ই পরম আদরে সবাই গ্রহণ করে।
এরই ধারবাহিকতায় জামালুদ্দিন প্রচন্ড উৎসাহ নিয়ে মেয়েকে বলেন,' হ্যালো?'
'তোমাদের নাতি অর্পণ তো একটা জিনিয়াস। সে যে কী আর্ট করতে জানে ! ও এটা কোত্থেকে পেল আব্বা? আপনি আর্ট করতেন?'
জামালুদ্দিন মহা ফাঁপড়ে পড়ে যান। কোনকালে আর্ট করেছেন বলে তো মনে পড়ে না। তিনি যেটা করেছেন তা হল এক-দুই হাজার টাকা ধার দিয়ে গরীব চাষা-ভুষোদের কাছ থেকে সস্তায় কিছু জমি হাতিয়ে নিয়েছেন। এর বেশি কিছু নয়। আর ক্লাসে ছাত্রদের পড়িয়েছেন বিজ্ঞান। সেখানে একদুটো চিত্র আঁকার হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু আর্টের স্থান তো সেখানে নেই!
অগত্যা জামালুদ্দিন বেমালুম এক মিথ্যে দিয়ে মেয়েকে শান্ত করেন,' তর মায়ের বড় আঁকার হাত। সূঁচ-সুতা দিয়ে বহু কবুতর আঁকছে সাদা কাপড়ে । তোর মায়েরই এ ক্ষ্যামতা ছিল। '
'আব্বা , এখানকার এক লোকাল আর্টিস্ট কী মন্তব্য করল আপনার নাতি সম্পর্কে জানেন?'
'কি?'
' ও এখনি এতটা পাকা হয়ে গেছে আর্টে যে বড় হলে ওর এক-একটি আর্ট পীস নাকি ওর আব্বার পুরা মাসের বেতনের সমান ডলারে বিক্রি হবে! ভাবা যায় আব্বা? '
'কত অইব বাংলাদেশের টাকায়?' আবেগ ছলছল কন্ঠে জানতে চান জামালুদ্দিন। পুরনো কলিগদের কাছে রসিয়ে বর্ণনা করবার মতো বিষয়।
'পাঁচ ছয় লাখ।'
'বাপরে বাপ। ' আপনা আপনি মুখ থেকে বেরিয়ে পড়ে। মনে মনে ভাবেন এরকম এক নাতি হাতের কাছে পেলে তো পুরো গ্রামটিই কিনে রাখা যেত।
সেই আরজু , ইদানীং যার প্রতিটি সকাল প্রচন্ড আবেগ দিয়ে শুরু হচ্ছে, তাকে মান্নান সহসা বলে উঠল', আমার পক্ষে সম্ভব নয়। '
'কি বলতে চাও?'
'এখানে সেলারি থেকে যে এতটা ট্যাক্স কাটা হবে তা আমি আগে বুঝিনি। তাই রোজগারের চেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে ফেলেছি। সরি আরজু।' বিধ্বস্ত লাগছিল এসময় ওকে।
মান্নান বেতনের সাথে তাল রেখে এসেট করতে চেয়েছিল। কিন্তু বছর শেষে যে এত ট্যাক্স কেটে নেয়া হবে তা কে জানত। এখন সে মর্টগেজ কিস্তি চালাতে পারছে না। এখানে এমন কেউ নেই যে ওকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
'তাহলে?' প্রশ্ন আরজুর।
'উত্তরার বাড়িটা বেচে দিই?' মান্নান আচমকা প্রস্তাবটি দিয়ে বসে স্ত্রীকে।
উত্তরে আরজু শুন্য দৃষ্টিতে স্বামীর দিকে তকিয়ে থাকে কতক্ষণ। তারপর বুক ফাটা কান্নায় ভেঙ্গে পড়ে।
২.
চমৎকার এক বাগান। লাল-নীল-হলুদ রঙের টিউলিপ আর কসমস ফুটে রয়েছে শতশত। আশেপাশে আরজুর প্রিয় ফুলগাছ গন্ধরাজ আর করবী । দারোয়ান আবদুলের মতো দাঁড়িয়ে রয়েছে তারা।
মাঝখানে আম, কাঁঠাল, পেয়ারা, বড়ই, কদবেল আর নারকেল। এদের ফাঁকে বিশাল এক নার্সারি। কমলা , আপেল গাছ দিয়ে শুরু হয়ে তেজপাতা, কাঁচামরিচ, বেগুন, লাউমাচা এবং ফুলের নানারকম ঝাড় শোভা পাচ্ছে টবে টবে।
রেইনফরেস্টের গাঢ় ঘন অন্ধকার পেঁচিয়ে রয়েছে জায়গাটাকে। ইটকাঠের নাগরিক জঙ্গল আর যানজট পেরিয়ে এ পর্যন্ত যে কেউ এখানে পা রেখেছে সে-ই অতি বিস্ময়ে মুখে শব্দ তুলেছে, 'ভাউ। '
পাঁচকাঠার এরকম এক বর্নালী উঠোন পেরনোর পর আরজুদের টালির ছাদ দেয়া বড় ঘর। দূর থেকে বাংলো প্যাটার্নের এই সিধেসাদা ঘরটির দিকে চোখ দিয়ে বোঝা দায় ভেতরে কী রয়েছে।
কয়েক ধাপ লম্বা সিঁড়ি পেরনোর পর বারান্দা। তাতে কাঠের কারুকাজময় বেঞ্চ পাতা। পাশে হুকোর ব্যবস্থা আছে।
প্রথম ঘরখানি বৈঠকখানা । সেখান থেকে পাতার শিরার মতো ডানে-বাঁয়ে চলে গেছে অনেকগুলো ঘর। এর ভেতর সবচেয়ে বড় ঘরটির নাম আরজু। এটি আরজু আর মান্নানের শোবার ঘর। পুরো ঘরটিই দামী পর্দা দিয়ে মোড়ানো। এটাচড বাথ, ড্রাইয়ার, গ্রীজার, বাথটাব , ছোট বার সব রয়েছে এখানে। শোয়ার খাট কাঠ আর বেত দিয়ে তৈরি, সারাঘর জুড়ে এন্টিকের ছড়াছড়ি।
অন্য ঘরগুলোর কোনটার নাম মান্নান। কোনটা ইরাবতী , পাশেই একমাত্র ছেলে অর্পণের ঘর।
অতিথিদের জন্যেও ঘর একখানা রয়েছে । সেটি বেশিরভাগ সময় বন্ধ থাকে ।
প্রতিটি ঘর জুড়ে রয়েছে প্রচুর পেন্টিং। খুব বিখ্যাত লোকজনের না হলেও পেন্টিংগুলো বেশ মনোহারী। পুরনো ঢাকার ছোটকাটরা, নদীর পাড়, ঘুর্ণি , গ্রামের বাজার, বড় ঝুরি বট, পাল তোলা নৌকা আর পাড় ভাঙা নদী – সহজেই বোঝা যায় এরকম সব ছবি। চোখ রাখলে মনে দোলা জাগে । আরে , এই ছবিটা তো ভারি চেনা আমার, শিল্পীটি কে ?
টালির ছাদের নীচে এমন পরিপাটি কার্পেট মোড়ানো প্রতিটি ঘর ।
আরজু আর মান্নান দুজন মিলে অনেকখানি শ্রম আর জল্পনা কল্পনা করে এই বাড়িটা গড়েছিল।
এখানে থাকবে বলে নয়। ঢাকা ছাড়বার সময় দুৃজনার মনেই ছিল এই নগরে বসবাসের মতো একটি বাড়ি গড়ে তোলার স্বপ্ন। ভাড়া বাসায় থাকার যন্ত্রণা ওদের বড় কষ্ট দিয়েছিল সেই সময়। পানি, ইলেকট্রিসিটি খরচ নিয়ে বাড়িওলারা যেভাবে মুখিয়ে থাকত কিছু বলার জন্যে তাতে বড় আহত হত মান্নান। তখনি আরজুকে বলেছিল,' তুমি দেখে নিও, আমিও একদিন একটা বাড়ি বানাব। যে আসবে সে-ই যেন দগদায় মনে মনে। দেখো।'
'কবে?'
'কোনদিন। '
'অপেক্ষায় রইলাম। '
সেই আরাধ্য বাড়িটি ওরা শেষ পর্যন্ত বানিয়ে ছাড়ল।
পরপর বছর চারেক ওরা বাচ্চাদের নিয়ে নিয়মিত চলে আসত এখানে।
একমাস থাকা হলে পাঁচদিন চলত পার্টি।
বাড়িটার ভেতর কী হচ্ছে বাইরে থেকে বোঝা যায়না। চারপাশে ছয়ফুট উঁচু দেয়াল মাথায় কাঁটাতারের পাগড়ি পরে এমনি দাঁড়িয়ে রয়েছে যে কারো জো নেই ভেতরের কিছু দেখার।
গান বাজানা খাওয়া দাওয়া হত প্রচুর।
পার্টি শেষ হবার পর মান্নান বলত আরজুকে,' মানুষকে খাওয়াতে পারলে মনে বড় আনন্দ জাগে। '
মান্নান আর আরজুর বাড়ি একই গ্রামে। প্রায় একই সময়ে বেড়ে ওঠা মানুষ তারা। তাই, দাম্পত্য সম্পর্কটি একেবারেই জড়তাহীন। ঠিসি ঠাট্টা আর সহজ কৌতুকের ঠাসবুননে গড়া সম্পর্ক। যা খুশি বলে ফেলে পরক্ষণে সরি বলে দিলেই সব ঠিক।
একথায় আরজু স্বামীর দিকে তেরছা করে তাকিয়ে উত্তর দিত,' নিজেকে দেখাতে পারলে সবারই ভাল লাগে। '
অথচ ' কতদিন পর সবাইকে একসঙ্গে পেয়েছি ' বলে কারো পাতে একখানা লবস্টারের জায়গায় দু-তিনটে দিয়ে দেবার জুড়ি ছিল না আরজুর।
এ নিয়ে কোন অনুযোগ করলে আরজুর বাধা উত্তর ,' আমার ইচ্ছা।' ইচ্ছা শব্দটি ঠোঁট উল্টে এমনভাবে উচ্চারণ করত যে মান্নান হেসে ফেলত সঙ্গে সঙ্গে।
এভাবে সারাবছর বুঁদ হয়ে সময় গুনত কবে দেশে ফিরে এইসব চেনা মানুষগুলোকে দেখতে পাবে ওরা ।
আরজু বলে ,' এবার আরো দুটি গাছ লাগাব উত্তরার বাসায়।'
'কি কি?'
'একটা চায়না কমলা আর একটা চন্দন গাছ। '
'ঠিকাছে।' সংক্ষিপ্ত উত্তর দেয় মান্নান।
'কবে যাবো আমরা ?' আরজুর গলায় জিজ্ঞাসা।
মান্নান গম্ভীর গলায় উত্তর দেয়, 'সচরাচর যে সময় যাই। সামার ফলে। '
আরজু সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। ছেলেমেয়েদের উৎসাহ যোগাতে বলে,' ভাল করে পড়াশুনো চালাও। তাহলে এবারের সামার ফলে আমরা সবাই মিলে ঢাকায় যাবো। ডু য়ূ লাইক দ্য দ্য প্রপোজাল?'
'ইয়েস।' পিঠাপিঠি বড় হওয়া ভাইবোন দুজন একসঙ্গে উত্তর দেয়।
আরজু ওদের আবেগটুকুকে নিজের বলে ভাবে।
সব চুকিয়ে এয়ারপোর্টে লাগেজ জমা দিয়ে পেনের জন্যে অপেক্ষা করার সময় পুরনো কথাগুলো বারবার মান্নানকে জাপটে ধরছে।
এবার আরজু মান্নানের সাথে নেই। সে একা। কারণ, উত্তরার বাড়িটি বিক্রি করাই ওর একমাত্র লক্ষ্য এবার।
ঢাকায় এখন শত শত শৌখিন বড়লোক বাস করে। তারা শুনতেই লুফে নিল ওর প্রস্তাব। মান্নান যা চেয়েছে তা-ই বাড়িটির মূল্য পেয়েছে। টাকা নিয়ে এখন সে ফিরে যাচ্ছে কানাডায়।
এই কটা দিন মান্নান ওর স্ত্রী আর সন্তানদের সাথে ইচ্ছে করেই যোগাযোগ রাখেনি। হয়তো কোনরূপ আবেগের প্রশ্রয় দিতে চায়নি, হয়তো সেজন্য।
পেনে নিজের সীটে বসে সীট বেল্ট ভাল মতন বেধে তারপর রিং দিয়েছে কানাডায়।
আরজুকে জিজ্ঞাসা করল,' আমাদের আলমাস কেমন আছে?' খুব প্রাণবন্ত আর উচ্ছল শোনাচ্ছে মান্নানের গলা।
'ভাল। তুমি ভাল দাম পেলে?' আরজুৃর কন্ঠে উৎকন্ঠা।
'হু। আমার আন্ডারগ্রাউন্ডের রুমটি কি খুলেছ একবার?'
'না। উত্তরার বাড়িটার মালিক এখন কে? চিনি আমি?' আরজুর কন্ঠে জিজ্ঞাসা।
'না। তোমাদের এদিকে নাকি এবার প্রচুর বরফ পড়ছে। দেখো আলমাসটার ঠান্ডা না লাগে। '
'লাগবে না। ও কেবল তোমার কথা ভাবে আর তোমার রুমের দরজায় গিয়ে ধাক্কা দেয়। তুমি কি যা চেয়েছিলে তাই পেলে শেষ পর্যন্ত? যে টেনশন করছিলে। একবার রিং পর্যন্ত কোরনি।' অভিমান ঝরে আরজুর কন্ঠ থেকে।
'এখন ফ্রি । তোমার বাগানের খবর কি?' বেশ নিশ্চিন্ত মনে প্রশ্ন করে মান্নান।
পেন এখন সবে টেক অফ করেছে। ঢাকার আকাশ এখনো ছাড়েনি। জানালা দিয়ে তাকালে রাস্তাঘাট আর জলাশয়গুলো অদ্ভুত রকমের ছোট দেখায়। বৃক্ষগুলোকে মনে হয় সবুজ কোন রেখা।
মান্নান খুঁটিয়ে খুঁটিয়ে নিজের বাড়িটার খোঁজ করে। একবার মনে হল ওর পেনটি ওদের বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে। ঐ তো আরজুর রোপন করা কদবেলের গাছটার মগডাল দেখতে পাচ্ছে সে। পরক্ষণে মনে মনে না হেসে পারল না সে। কারণ, এত উঁচু থেকে ওর বাড়িটি দেখার কথা নয় মান্নানের।
তবু সে তাকিয়ে থাকে নীচের দিকে ।
একসময় ওর পেনটি মেঘের ভেতর ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে সবকিছু মিলিয়ে যায়।
আরজু ওর প্রশ্নের উত্তর না দিয়ে শেষবারের মতো প্রশ্ন করে, 'আমরা কখনো ঢাকায় গেলে ওখানে থাকতে দেবে তো আমাদের?'
একটুক্ষণ সময় নিল সে। তারপর নিষ্ঠুর কন্ঠে উত্তর দিল,' না' ।
পেন এখন অনেক উঁচুতে । কথা আর শোনা যাবে না।
৩.
দূর থেকে মনে হবে – মুরগির পায়ের ক্ষুরের উপর বুঝি পুরো বাড়িটা দাঁড়িয়ে রয়েছে ।
মাটি থেকে আধা হাত উপরে এর কাঠের পাটাতন। নৌকোর মতো বড় বড় তক্তা দিয়ে সেই পাটাতন তৈরি করা হয়। চারপাশে পাতিটিন। গায়ে আঁকা অসংখ্য চৌকোনো সাদা কালো খোপ ।
দোচালা টিনের ঘর। টিনগুলো রং করা , দূর থেকে চোখে পড়ে।
দাওয়াটি ইট-সিমেন্টের, গায়ের রং লাল, উপরে টিন। খুঁটিগুলোর গায়েও চরকা আঁকা ।
দাওয়ার সামনে শান বাধানো ঘাটের মতো বসার জায়গা। সেটাও লাল। সেখানে বসে সামনের দিকে তাকালে ছাদ দেয়া ইট-সিমেন্টের একটি টয়লেট চোখে পড়বে। এমন কোন রং নেই যে টয়লেটটির গায়ে লাগানো হয়নি।
বাড়িটির গা ঘেঁষে চালতা গাছ। দাওয়ার কাছে ডালিম ফুলের দুটো চারা। আর চোখের সামনে যে টয়লেটটি সেটি ঘিরে রেখেছে বড়ই আর কাঁঠাল গাছ।
সমস্ত বাড়িটি আঁকড়ে রেখেছে অসংখ্য সুপারি , গাব আর নারকেল ।
প্রচন্ড গরমে বাড়িটি ঢাকা থাকে সুনিবিড় ছায়ায়।
মান্নান কানাডা পাড়ি দেবার আগ পর্যন্ত এখানেই বসবাস করত। এমন কি, আরজুর সাথে বিয়েও হয়েছে এখানে। এই ঘরটাতেই।
মান্নান চোখ বুঁজলে স্পষ্ট দেখতে পায় সেসব দৃশ্য।
সে বউকে নিয়ে গয়না নৌকা থেকে নামছে। আম্মা আর ভাবী মিলে ধান-দুর্বা -প্রদীপের উষ্ণতা দিয়ে বরণ করে নিচ্ছে ওদের।
নিজেকে তখন রাজার মতো লাগছে। আর এই ঘরটিকে মনে হয়েছিল রাজপ্রাসাদ।
তখন বাড়িগুলো ছিল উঁচু ঢিবির উপর। চারপাশে জলাভূমি , থৈ থৈ করত পানি। কোষা নৌকা ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম। বিয়ে শাদি সাধারণত বর্ষাকালে সম্পন্ন করাটাই ছিল সুবিধাজনক। গয়না নৌকা দিয়ে এ-গ্রাম থেকে সে-গ্রামে যাতায়াত করত বর-কনে। শাপলা -শালুক এর মাঝখান দিয়ে যখন নৌকাটি এঁকে বেঁকে চলত তখন নি:সীম শুন্য আকাশ আর জলরাশির দিকে তাকিয়ে সত্যি সত্যি মন কেমন করে উঠত।
যেমনটি হয়েছিল পাশের গ্রামে আারজুকে প্রথম দেখার পর। আরজু তখন ইডেন কলেজ থেকে বাংলা নিয়ে অনার্স করে গ্রামে এসে রেজাল্টের অপেক্ষা করছে।
আশির গোড়ার কথা। প্রথম চোখাচোখির পর ওদের দুজনকে নিরিবিলি একটি ঘরে পাঠিয়ে দেয়া হল একান্তে কথা বলার জন্যে।
মান্নান ঘেমে অস্থির। বাঁ -ঠ্যাংটা যে শুরু থেকে কাঁপতে শুরু করেছে তা যেন থামছেই না। তলপেটে আমাশার রোগীর মতো কামড়। নারীর সাহচর্য কি এমনি ভয়ংকর ?
মাথা নীচু করা মেয়েটি বারকয় মাথা তুলে ওকে কেবল দেখল। তাতেই সে কাবু।
বেশ কিছুক্ষণের নীরবতার পর সে শুধু একটাই কথা বলল',ভাল আছেন?'
মেয়েটি নি:সংকোচে বলে উঠল,' ভাল।' বলে সে চোখে চোখ রাখার চেষ্টা করল।
মান্নান চোখ নামিয়ে নিল।
আরজু অনেকদিন পর এই কথাটা তুলেছিল এবং বাধ ভাঙা হাসিতে ফেটে পড়েছিল।
মান্নান তখন সবে কৃষি বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে এমএজি সম্পন্ন করেছে। একটা ভাল স্কলারশীপের জন্যে ছুটাছুটি করছে এখানে সেখানে।
সে সময় আরজুর সাথে দেখা।
আরজু বলল,' আপনি দেশের বাইরে চলে যাবেন?'
'হু। চেষ্টা করছি। '
আরজু নামের মেয়েটি কী ভাবল তখন মান্নান জানে না। তবে আরজু জানে সে সময় এক অজানা স্বপ্নের অনুভব ঠাঁই পেয়েছিল ওর বুকের গহীনে। একেবারেই অন্যরকম জীবন, যার সাথে ওদের এই জলমগ্ন গ্রামীণ জীবনের কোনই মিল নেই।
এয়ারেেপার্টে বিদায় জানাবার সময় সবাই ওদের আলদা করে দেয় একান্তে কিছু সময় কাটাবার জন্যে।
মান্নান তখনো কিছু বলতে পারে নি। অনেক্ষণ ঠাঁই দাঁড়িয়ে থাকার পর শুধু বলেছিল', ফোনে কথা হবে।'
'জ্বি। ' মৃদু কন্ঠে সায় জানিয়েছিল আরজু সে কথায়। কিন্তু মনটা হুহ করে উঠল। দুুদিন আগে মাত্র আকদ হয়েছে। সামান্য স্পর্শের স্মৃতি পর্যন্ত নেই। তবু এই অর্ধ পরিচিতি লোকটির জন্যে কেন বুক ভেঙে কান্না বেরিয়ে আসছে!
এর নাম প্রেম?
আরজুর মাথা আরো আনত হয়ে পড়েছিল সে সময়। সে কিছুতেই সরাসরি তাকাতে পারছে না মান্নানের দিকে। যদি কান্না পায়? যদি সবাই দেখে ফেলে মান্নানের জন্য ওর মন মেঘলা হয়ে আছে। একটু নাড়া পেলেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে !
এই কথাগুলো অনেক পর আরজু মান্নানকে জানিয়েছে। উত্তরার বাড়িটি সবে গড়ে উঠছে। ওরা বছরে একবার করে এসে থেকে যায় আর একটু একটু করে বাড়িটির শ্রীবৃদ্ধি ঘটায়।
মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসেও সময় কাটায়। মাত্র ঘন্টাখানেকের রাস্তা। ইচ্ছে হলেই ওরা চলে আসে গ্রামে। দুদিন সবুজের ভেতর নাক ডুবিয়ে থেকে আবার ফিরে আসে উত্তরায়।
কখনো মান্নানের শ্বশুরবাড়িতে থাকে ওরা। আবার নিজের বাড়িতেও থেকে যায় ইচ্ছে হলে।
আগের মতো এখন আর জলের ছড়াছড়ি নেই। এখন বড় বড় পীচের রাস্তা হয়েছে চারপাশে। দোকানপাটে এহেন জিনিস নেই যে পাওয়া যায় না। প্রবাসীদের অর্থে পূর্ণ প্রতিটি বাড়ি। অভাব বলে কিছু নেই।
শুধু চারপাশে চলছে জায়গা দখলের চেষ্টা । কার আগে কে জায়গা কিনবে তা নিয়ে প্রতিযোগিতা। যে জায়গা মাত্র দশ হাজারে বিকোত এখন তা কয়েক কোটি।
ঠিক এসময়টায় আরজু জানতে পারল বিষয়টি।
প্রথমে বিস্মিত, তারপর একরাশ দু:খবোধ। মনে হচ্ছিল পুরো পরিবেশটি ওর সাথে ব্যঙ্গ করছে। যে অথৈ ধান ক্ষেত , ধূধূ মাঠ আর সর্ষের হলুদ ফুল আরজুকে শৈশব থেকে ঘিরে রেখেছিল পরম মমতায় তা যেন নিমিষে ওর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল ।
শ্বশুরমশাই সহজ সরল কৃষক, ছেলেমেয়েরা বড় হবার পর এখন কিছু আর তেমন করেন না, সবকিছু দেখভাল করাই তার মূখ্য কাজ, শুধু বললেন,' বৌমা , অনেক আগের কথা এ্যাইডা। আমি ভাবছি তুমি ব্যপারডা জানো। 'আরজু একথায় কোন উত্তর দিতে পারেনি। কেবল দুফোঁটা চোখের জল নেমে এসেছিল গাল বেয়ে। কেউ যাতে দেখতে না পায় সেজন্য সে চোখ দুটো মুছে নিয়েছিল সবার অজান্তে।
শ্বাশুড়ি সান্ত্বনার সুরে ওকে জানাল,' তোমদের থাকতে তো অসুবিধা নেই। আমার অন্য ছেলেরা তো মান্নানকে ভীষণ ভালবাসে। বছরের পর বছর থাকো , কী এমন অসুবিধা, বল?'
আরজু কোন উত্তর দেয়নি। গ্রামে এলে যে মুরগির ক্ষুরওলা চারপায়া ঘরটিতে ওরা সচরাচর থাকে এবং যেখানে ওদের বাসর রাত পেখম মেলেছিল সে ঘরটির দিকে তাকিয়ে বুকটা ওর শুন্যতায় ভরে গেল।
ওরা এখানে থাকে না। তবু এই জায়গাটুকুর উপর নিজের অধিকার রয়েছে ভাবলে মনে হলে বড় আরাম বোধ করে সে। বাপের বাড়ির ভিটার মতো এই জায়গাটুকুকেও নিজের বলেই ভাবে আরজু।
এখন সেটুকুও আর নেই। ভাবতেই ব্যথায় বুকটা টনটন করে উঠল।
রাতে উত্তরার বাড়িতে ফিরে স্বামীর উদ্দেশ্যে প্রথম জিজ্ঞাসা ওর,' তুমি এদ্দিন ধরে এ কথাটা কিভাবে চেপে রাখতে পারলে বল?'
'কোন কথা?'
'তোমার নিজের বাড়িতে আমাদের কোন অধিকার নেই এ কথাটা তুমি আমার কাছে এত বছর ধরে লুকিয়ে রাখতে পারলে?'
'এটা বলার কি আছে। স্কলারশীপ পেয়ে জাপানে যাওয়ার সময় অনেক ধার-দেনা হয়ে গেল। ভাইদের কাছে লোন নিয়েছিলাম। ফেরত দিতে পারিনি বলে ওরা আমার অংশ লিখিয়ে নিয়েছিল। ধার নিয়েছি , শোধ করতে হবে না?'
'সেজন্য নিজের ভিটেমাটি?'
'কেন নিজের ভিটেমাটি বন্ধক রেখে মানুষ লোন করে না?'
'বন্ধক ছুটিয়ে ভিটেমাটি উদ্ধারও করা যায় ?'
'তুমি এসব দিয়ে কি করবে? তোমার বাপের বাড়ি তো রয়েছে?' বলে পরক্ষণে মনে পড়ে গেল আরজু বহু আগে বাপের বাড়ির সব সম্পত্তি নি:শর্তভাবে ভাইদের দান করে ফেলবার কথা। মৌখিকভাবে হলেও আরজুর কাছে এর চেয়ে বড় সত্য আর কিছু নেই।
মান্নান প্রসঙ্গটি তোলায় ছলছল করে ওঠে আরজুর চোখ জোড়া।
সঙ্গে সঙ্গে মান্নান স্মিত হেসে বলে ওঠে,' সরি আরজু। বুঝতে পারিনি। '
আরজু কোন উত্তর দেয়নি একথার । একসময় দীর্ঘশ্বাস ফেলে স্বগতোক্তির মতো বলে উঠল,' গ্রামের বাড়ি বলে আর কিছু রইল না আমাদের!'
তখন এ কথাটা মান্নানের বুকে অতটা বাজেনি যতটা উত্তরার বাড়িটি বিক্রয়ের সময় সে টের পেয়েছে।
পেনের সীটে বসে সে এক ধরনের নি:স্বতাবোধে আক্রান্ত হচ্ছে। বারবার করে মনে হচ্ছে ওর এই যাত্রা অনন্তের পথে। ও নিজেও জানে না বেজারের পকেটে রাখা টিকেটটি আসলে কোন্ দেশের।
সে যত কানাডার অনুপম বাড়িটির কথা মনে করে নিজেকে সুখী ভাবতে চায় , বিষন্নতাবোধ তত ওকে গ্রাস করছে;
তত সে একা হয়ে পড়ছে।
৪.
ডুপে¬ক্স বাংলো বাড়ি।
বাড়িটির দুুদিকে দুটো বড় চেষ্টনাট ট্রি। লাল পাতায় ঢাকা গাছ দুটো দুজন দারোয়ান হয়ে বাস করছে শুরু থেকে।
সবুজ ঘাসে ঢাকা লন। সেখানে দুদিকে দুটি বাগান । একটি রংবেরঙয়ের টিউলিপ দিয়ে সাজানো। অন্য পাশটায় কসমস প্রাণ খুলে হাসছে।
এর মাঝে ঢাকা থেকে নেয়া কৃষ্ণচূড়া, গন্ধরাজ আর করবী ফুলের বড় কটি গাছ।
মাধবী লতা আর মানি প¬্যান্টের ঝাড় দুটি শৈশবে রয়েছে। দুদিকের দুটি চেস্টনাট ট্রি বেয়ে ওঠার চেষ্টায় মগ্ন।
বাড়িটি ডাউনটাউন থেকে বেশি দূরে নয়। লাসালের বাসিন্দাদের বেশিরভাগ ইংরেজিতে কথা বলে। ফরাসী ভাষার প্রচলন এদিকটায় কম থাকায় বেশিরভাগ বাঙালি পরিবারগুলোর পছন্দ এদিকটা।
বাড়িটির মডেল যখন ও দেখল তখন প্রথমেই জিজ্ঞাসা করল,' ক্যাসল?'
'না। ওরকম দেখতে। বরফ আপনাকে কাবু করতে পারবে না।'
'বা:' বলে ইঞ্জিনীয়ারকে তারিফ করলেও মন থেকে শঙ্কা যায়নি।
পরে মনে হয়েছে সব ঠিক আছে। বিশেষ করে ওর নিজের আন্ডারগ্রাউন্ডের বৈঠকখানা ঘরটি সত্যি সুন্দর। সবাই পছন্দ করছে।
আরজু নিজের জমানো টাকা খরচ করে এটি সাজিয়েছে। একদিকে লাইব্রেরী, বসার ব্যবস্থাসহ বিশাল ডাইনিং টেবিল। অতিথিরা এলে এখানেই তাদের অভ্যর্থনা দেয়া হয়। দেয়াল জুড়ে ছাপ্পান্ন ইঞ্চি এলইডি। বাসায় থাকলে ও বিবিসি আর সিএনএনটা দেখে । আর সামান্য অবসর পেলে ডিসকভারি বা হিস্টরি চ্যানেলটা ওকে ডাকে। বেশ আরাম পায় এসব দেখতে।
সোফার পাশ ঘেঁষে ছোট্ট একটি বার বানিয়ে রেখেছে আরজু। দুটো শ্যাম্পেনের বোতল আর কিছু ক্রুকারি ছাড়া কিছু নেই। সে নিজে মদ্যপান করে না । কিন্তু অন্যরা খেলে তাতে ওর কোন আপত্তি থাকে না।
একটা রাইটিং টেবিল খুব সযত্নে রাখা আছে লাইব্রেরির পাশে। গবেষণা করে সে সারা পৃথিবীতে সাড়া ফেলে দেবে ভেবে আরজু এটি এখানটায় রেখেছে। আরজু কথাটা সুযোগ পেলেই ওকে শোনায়।
'জানো , তুমি যখন জাপানে ছিলে আমার মনে হয়েছিল বায়ো সাইন্স নিয়ে তুমি গবেষণা করবে। সাড়া ফেলে দেবে কিছু একটা নতুন কথা শুনিয়ে।'
'কিন্তু আমি মার্কের্টিংএর কাজ পেলাম একটা বায়ো কোম্পানীতে , তাই না? নামে বিজ্ঞানী , কাজে-কর্মে বিক্রেতা। হা: হা; হা:'। এই হাসির ভেতর কোথাও দু:খবোধ মিশেছিল কিনা তা জানা নেই আরজুর। কিন্তু সে মনে মনে কষ্ট পেয়েছিল।
জাগতিক অনেক কিছুতেই ওরা এগিয়েছিল। বড় বড় শহরে কর্মসূত্রে ঘোরাঘুরি, বড় হোটেলে খাওয়া থাকা , বিলাস ব্যসন , জাপানের মতো জায়গায় নিজেদের শক্ত অবস্থান সত্ত্বেও কিছু একটার কমতিবোধ ছিল আরজুর মনে। আর সেটি মান্নানকে নিয়ে। যদি মান্নান নিরবচ্ছিন্নভাবে গবেষণা করতে পারত! যদি সে একজন সফল বিজ্ঞানী হতে পারত!!
'তুমি কি গবেষণা চালিয়ে যেতে পার না? তোমার ভেতর প্রতিভা ছিল। একাগ্রতা আছে। '
'মার্কেটিংএর কাজ করে এসব হয় না। একবার সুখ ভোগে অভ্যস্ত হলে এগুলো ছাড়া মুশকিল। এনিওয়ে, আমরা কানাডা সেটল করব। '
'কেন , জাপানে নয় কেন?' আরজু প্রশ্ন করে। বাচ্চাদের স্কুল থেকে ডিপার্টমেন্টাল স্টোরগুলো পর্যন্ত ওর পরিচিত। নিজে গাড়ি ড্রাইভ করে সবকিছু করতে পারে। মান্নান অফিসের কাজে ইয়োরূপ -এমেরিকায় থাকলেও দিব্যি চালিয়ে নিতে পাওে আরজু । কোন সমস্য হয় না। এই অভ্যস্ততা থেকে যখন আবারো বিচ্ছন্ন হওয়ার প্রস্তাব আসে তখন তো কিছুটা হলেও অনিশ্চয়তা জাগে মনে।
মান্নান উত্তর দেয়,' এদেশে সিটিজেনেশিপ পাওয়া প্রায় অ¯ম্ভব। আর এই বয়সে বিয়ে করতে পাচ্ছি না কোন জাপানী নারীকে। যেখানো তুমি আছো….' বলে মিটিি মটি হাসতে থাকে সে।
'জানা আছে তোমার দৌড়। আকদের পর ছয়মাস পর্যন্ত ঘরে বসেছিরাম। প্রেমটা পর্যন্ত ঠিকঠাক করতে পারো নি। আর তুমি করবে জাপানী নারীর সাথে প্রেম? ' ওর কথা উড়িয়ে দিল আরজু । এসময় ওর চোখের সামনে মান্নানের পনেরো বছর আগেকার লাজুক চেহারাখানি ভেসে ওঠে।
'স্কলাশীপ নিয়ে কেবল জাপানে এসেছি। তোমার সাথে প্রেম করার সময় কই?'
'যে পারে সে সবখানে থেকেই পারে। বাদ দাও । আমাকে আর আমার বাচ্চাদের কানাডায় নিয়ে যেতে হলে শর্ত আছে। '
'কী শর্ত।' চোখ ছোট হয়ে যায় মান্নানের।
'এরকম ভাড়া বাসায় আর থাকতে পারব না। বাড়ি করে দিতে হবে। ' চোখে চোখ রাখে আরজু মান্নানের
'কোথায়?'
'দুখানে। ঢাকা এবং কানাডায়। ' নির্বিকারবাবে প্রস্তাব তুলে ধরে আরজু স্বামীর কাছে।
'ওখানে কদিন চাকুরি করি। তারপর তো দেখা যাবে। আগাম কিভাবে বলা যাবে। মাইগ্রেটরি বার্ড কি বলতে পারে কপালে কী আছে?' মান্নান বোঝাবার চেষ্টা করে স্ত্রীকে।
কিন্তু আরজু নাছোড়বান্দা। উত্তরে আরজু বলে , 'অত কিছু বুঝি না। আমাকে একটা বাড়ি করে দেবে ঢাকায় । ইচ্ছেমতন সেটি সাজাব। আর অন্যটি হবে মনট্রিলের মাটিতে। যদি রাজি থাক তো আমি তোমার সাথে আছি । নইলে নয়।' আরজু বলে দেয়।
মান্নানের কেন যেন তখন মনে হল মেয়েদের বিশেষ করে স্ত্রীদেও ভেতর এক ইনট্যুইশন কাজ করে। ওরা কিভাবে যেন বুঝতে পারে কানাডার চাকুরিটি আরো হুয়াইট কলার হবে, আরো জবরদস্ত। তাই সে বায়নাগুলো প্রস্তুত রাখে আগে থেকেই।
মান্নান প্রথমে কানাডায় বদলি হয়। একই কোম্পানী হওয়ায় কোন হুজ্জোতি পোহাতে হয়নি। সে এর নাড়ি-নক্ষত্র সব বোঝে ও জানে।
জাপান থেকে সাধারণত যারা বদলি হয়ে কানাডায় আসে তারা জাপানী না হলে কেউ ফিরে যায় না সেখানে। জাপানে ওর কলিগদের সবাই ধরে নিয়েছে মান্নান আর ফিরবে না জাপানে। তাই ঘটা করে সম্বর্ধনা দেয় ওকে।
বাসায় ফেরার পর আরজু বিস্ময় প্রকাশ করে,'তুমি পারবে তো?' কেন যেন কিঞ্চিৎ সন্দেহ তখনো রয়ে যায় মনের কোনে।
কিন্তু মান্নান কানাডায় এসেই কয়েক মাসের ভেতর পুরনো কোম্পানীতে ইস্তফা দিয়ে নতুন কোম্পানীটিতে চলে এল। বেতন ও সুযোগ সুবিধা সবই আগের তুলনায় বেশি। কিন্তু কাজের ধারা আগের মতো নয়।
এই কোম্পানীটি সারা পৃথিবীতে মদের ঘ্রাণ বেচা-কেনা করে থাকে। বিভিন্ন কোম্পানী মদের যে সকল ব্রান্ড বানায় ওরা সেগুলোর ঘ্রাণ ও স্বাদের নির্যাস ছোট ছোট ইনজেকশনের এ্যাম্পুলে সংরক্ষণ করে থাকে। এগুলো বিভিন্ন জাতের আঙুরের গায়ে লেগেে থাকা সাদ পাউডারের মতো বস্তুটি বা ইস্ট থেকে গবেষণা প্রক্রিয়ার ভেতর দিয়ে তৈরি করা হয়।
মান্নান বলল,' এগুলোকে স্ট্রিং বলে। কোম্পানীর পোষ্য আমাদের মতো বিজ্ঞানীরা সেগুলোর উপর গবেষণা করেন । এক ফোটায় কয়েক পিঁপে মদের নিজস্ব স্বাদ ঘ্রাণ হয়ে যায়।' বলে একটু দম নেয় মান্নান। স্ত্রীর দিকে তাকিয়ে ওর মনোযোগ আকর্ষণ করে।
'শেষ পর্যন্ত মদ-ফদ নিয়া তুমি থাকবে? জীবনে কোনদিন মদ স্পর্শ কোর নি অথচ মদের কারখানায় চাকুরি নিলে?' হতাশার ছোঁয়া আরজুর কন্ঠে।
'আমি কোথায় মদ বিক্রি করলাম। মদ তো বেচবে বড় বড় মদ তৈরির কোম্পানী গুলো। আমরা কেবল ভিন্ন ভিন্ন মদের ভিন্ন ভিন্ন স্ট্রিং বিলাব। '
'যাকগে, আমার বাড়ি দুটি চাই। ব্যস।' আরজুর আব্দার গানের মুখরার মতো ফিরে আসে বারবার।
'তালগাছটা আমার। ' বলে মান্নান তুমুল শব্দে হেসে ফেলে।
হাসতে হাসতে ওর মনে পড়ে গেল মর্টগেজ এসোসিয়েট ফিলিপের কথা। সে উঠে গিয়ে ফোন দিল। সঙ্গে সঙ্গে ফিলিপ
লাফিয়ে উঠল। যেন মর্টগেজ লোন দেবার জন্য ওদের কোম্পানী মুখিয়ে আছে। চাইলেই হল।
ব্যাপারটা নিয়ে সামান্য সন্দেহের উদ্রেক হওয়ায় টরেন্টোবাসী ওর এক বন্ধুর সাথে কথা বলল মান্নান।
'আরে ভাই, মূল বিষয়টা হচ্ছে তোমার সচ্ছলতা। সচ্ছল মানুষদের লোন দেবার জন্য সবাই তৈরি থাকে। তুমি এরকম বিখ্যাত এক বায়ো প্রডাক্ট তৈরির কোম্পানীতে বিজ্ঞানী হিসাবে কাজ করছ , তোমাকে লোন তো দেবেই। পাঁচহাজার ডলার পাও মাসে। সহজ ব্যপার?'
'কিন্তু সরকার যে কেটে রেখে দেয় সব। থাকে কি? তুমি তো জানো ব্যাপরটা। ' বলে মন খারাপ করে মান্নান। কানাডার সরকারী নীতি হচ্ছে যার আছে তার থেকে কেটে নিয়ে যার নেই তাকে বিলিয়ে দেয়া। তাই , এখানে এখন লক্ষ লক্ষ বানোয়াট বেকার ঘুরে বেড়ায়। বাংলাদেশের বেশিরভাগ লোক পুরো পরিবার নিয়ে এখানে বেকার ভাতা উপভোগ করে। আর তলে তলে সরকারকে না জানিয়ে অড জব করে আরো কিছু বাড়তি কামানো যায় কিনা এর পাঁয়তারা করে বেড়ায়। অথচ মান্নানদের মতো হুয়াইট কলার চাকুরিজীবীদের হাতে মাস শেষে কিছুই অবশিষ্ট থাকে না। সব নিয়ে যায় ইনকামট্যাক্স অথরিটি ।
সরকার বলে, তোমরা চাকুরি করছ । অথচ যারা চাকুরি পায়নি তাদের কে রক্ষা করবে? তাদের কি খেয়ে পরে বেঁচে থাকার সাধ জাগে না? '
ওর টরেন্টোর এক বন্ধু হাসান কাজ করে একটি ব্যাংকে । সে-ও এগুলোর ভুক্তভোগী। চাপা গলায় মান্নানকে শোনায় , 'এবার দেশে গিয়ে কি দেখলাম?'
'ইলিয়াস দেড় হাজার লোক খাওয়াচ্ছে মেয়ের বিয়ে উপলক্ষে। অথচ দেখো, এখানে কিছুই করে না। বছরের পর বছর বেকার হয়ে আছে। বেকার ভাতা যা পায় সব পাঠায় দেশে আর অড জবের টাকায় সংসার চালায়। '
'তাতে তোমার কি। ইলিয়াস পারছে । তোমার কি তাতে হিংসা হচ্ছে? '
'অবশ্যই হচ্ছে। আমরা প্রফেশনালরা ওদের টাকা যুগিয়ে যাবো । আর উনারা আমাদের টাকায় ফূর্তি করে বেড়াবে । সবাই মিলে অড জব করে টাকার পাহাড় বানাবে ? বল সহ্য হয়?'
মান্নান না হেসে পারে না। তখন একেবারে নতুন এখানে। নতুন চাকুরি, নতুৃন মানুষজন আর নতুন নতুন অভিজ্ঞতা।
হাসান ওর একমাত্র বন্ধু। ফোন করলেই প্রথম কথা ওর,' বুঝবে একদিন। ঠিকই বুঝবে। হুয়াইট কলার জবের কী যন্ত্রণা তা বুঝবে। '
মান্নান হাসত একথায়। মনে হত হাসান সবকিছু বাড়িয়ে বলছে। নিজে যে একজন ব্যাংকার তা সবার কাছে বড় করে তোলাটাই বুঝি তার অভ্যেস। অন্যকে খাটো করে নিজেকে বড় করার মাঝে কোন গর্ব বোধ আছে বলে মান্নানের মনে হয় না। সে এগুলো কথার কথা হিসাবে বরাবরই উড়িয়ে দিয়েছে।
আজ উত্তরার বাড়িটা বিক্রি করে দিয়ে যখন পেনে উঠে বসেছে তখন মনে হচ্ছে বেকার ভাতা পেয়ে জীবন চালিয়ে নেয়াটাই বরং ভাল ছিল। তাহলে পেয়ে হারানো বেদনায় এতটা দগদাতে হত না।
সে ফের তাকিয়ে দেখার চেষ্টা করে তিলে তিলে গড়ে তোলা উত্তরার বাড়িটা।
মেঘ ছাড়া আর কিছুই চোখে পড়ে না।
কানে ভেসে আসে আরজুর শেষ আবদার,' বাংলাদেশে গেলে কদিন থাকতে দেবেে তো তোমার ওই লোক?'
প্রশ্নটার কোন উত্তর দেয়নি মান্নান ।
এখন বলছে, মনে মনে,' তুমি থাকবে?'
প্রশ্নটা আরজুকে করতেই মনটা হু হু করে উঠল ওর। পুরো বাড়িটা ছবির মতো জেগে ওঠে চোখের সামনে।
মান্নান চোখ বুঁজে কিছু একটা ভাববার চেষ্টা করে। কিন্তু তেমন কিছুই মাথায় ঢুকছে না।
সবকিছু কেন যেন শুন্যতায় ভরে যাচ্ছে।
সহসা সে নিজের নেটওয়ার্কবিহীন মোবাইলটি খুলে কিছুক্ষণ চোখের সামনে মেলে ধরে। তারপর সেখান থেকে উত্তরার বাড়ির সব কটি ছবি, যা ওর মোবাইলে সযত্নে রাখা ছিল, তা ডিলিট করে দেয়।
সে কাঁদতে পারে না। আরজু হলে হয়তো পারত!!
