গুচ্ছ কবিতা
দাবা-র খেলা
সাধনা করতে করতে আমি
দেবতার বেশ কাছাকাছি চলে এসেছি
ইদানিং ও খুব ভালোবাসে আমাকে
আমিও ভালোবাসি
তবে
যখন দাবা খেলি, দুজনে
দেবতা বলে, তুমি ন্যাটা তাই
না হলে আমাকে হারাও,
অত ক্ষমতা তোমার কোথায়
তবে দেবতা খুব ভালোবাসে আমাকে
সারাদিন সব সৃষ্টিকর্ম সেরে
এবং সারাদিন সব ঋণ শোধ করে
রাতের বেলায় শীতল হাওয়ায়
স্নান করতে করতে আমরা মদ খাই
দেবতা ও আমি
একদিন হঠাৎ দেবতার একটু বেশী
মানে ঐ যাকে বলে ড্রাঙ্ক আর কি
বলে কিনা, তোকে আমি হিংসা করি
নেশা কেটে গেলে পরের দিন
এই জন্য ও দেবতা, মানুষ পারে না
বলে, তোকে আমি হিংসা করি
কারণ, আমি কোনেদিন মানুষ হতে পারব না
ফলে, দাবায় কোনোদিন জিত হবে না
পাহাড়-একই
একটা পাহাড়
দুটো পাহাড়
তিনটে পাহাড়
পা খুঁজছে পা-কে
শরীর খুঁজছে শরীরকে
মন দেখছে…
চারটে পাহাড় পাঁচটা পাহাড়
ছয় সাত আট নয়
পা খুঁজছে, শরীর
খুঁজছে মন
বরফ দেখছে আসলে
এক থেকে নয়
খুঁজছে শরীর, মন
খুঁজছে পা
একই পাহাড় শুধু এক থেকে নয়
আসলে, পা শরীর মন, শুধু
এক থেকে নয়– একই
একটা খোলা চিঠি
আমরা একটা পত্রিকা করি
প্রাতিষ্ঠানিকতার মাথায় গুলি করে
একটা পত্রিকা–
এনি বেট–শুধুই
সাহিত্য বুঝি ভেজাল
পেলে, প্লিজ জানিয়ো
ভেজালকে রাঙিয়ে দেবো
রক্তিম শুভেচ্ছায়
দ
আমার মেয়ে বলতে জানে দাদা
দাদাই দাদই ও
আরো কিছু এবং ও শুধু
দ-ই জানে
ও সব বলতে পারে
বোঝাতে পারে পারে সবকিছু
বুঝতে পারে প্রতিটা শব্দ
বোঝাতে পারে প্রতিটা শব্দ
কিন্তু প্রকাশ দ-ই
ভয়
এত শীত তবু
শীত নামতে ভয় পায়
এই রাতের গভীরে
কেন রাত নামতে ভয় পায়
এত ভয় এত রাতে ও শীতে
আমাকে আমায় চিনতে হয়
তাস
ব্রীজ খেলতে জানো, তাসের
তিন তাস– বাঃ জানো
আমার জোড়া মেয়ের সাথে
দুগ্না উঠেছে তোমার
করেছ কি তিন নম্বরী বাদশা বেগম
এতক্ষণ সিনে
জোড়া সাহেব জোড়া বিবির
মানে সরকার বোঝে না
কারণ সরকার তিন তাস খেলে না
সরকার ব্রীজ ভালো খেলে
কোন ডাকের কি মানে
সেই জানে…
জন্ম
মানব সভ্যতার জন্মক্ষনে
একটা শিশু জন্মেছিল
সে আজ হাসছে — এ উপলক্ষে
আজ এক পার্টি হয়ে যাক
উপত্যকা
হোতে পারতে সাগর তুমি
হোতে পারতে নদী
হোতে পারতে পাহাড় তুমি
হোতে পারতে তুমি
হোলে না কিছুই তুমি
তবু, তুমি তো তুমি
মানে কি ?
একটা সিনেমা দুটো সিনেমা
হতে পারে অনেক সিনেমা
সিনেমা মানে কি ?
একটা পাখি দুটো পাখি
হতে পারে অনেক পাখি
জীবন মানে কি ?
একটা আলমারি দুটো আলমারি
হতে পারে অনেক আলমারি
পারিবার মানে কি ?
একটা আমি দুটো তুমি
হতে পারে অনেক আমি
সম্পর্ক মানে কি ?
মানে মানে মানে মানে
মানে মানে মানে
মানেটা কি ?
বাবাকে
ভুল হয়ে গেছে
বেশ তো ছিলাম জীবনে
কেন সরে এলাম
ভুল হয়ে গেছে
ভ্রমণে এসে আজ
বুঝতে পারি
সরে এসে ভুল হয়ে গেছে
বর্ণের মালা
ওর পরিবারটা অনেকটা 'ক'-এর মতো
আমারটা যেমন 'খ' বই-এর বন্ধু- 'গ'
–এর পরিবারটা যেমন
'ঘ' নামক জটিলতা ও 'ঙ' নামক সরলতার প্রতীক
বন্ধু, 'অ'-র কাছে শুনলাম আমাদের বন্ধু
'আ' 'ই'-কে ছেড়ে 'ঈ'-কে নিয়ে আছে
অথচ বর্তমানে তৈরি করা অভিধানে দেখ
'ঈ' –রা 'ই' হয়ে যাচ্ছে –এমনই বোধহয় হয়
বোধ হয় এমনি করেই বর্ণমালার
ঘেঁটি ধরে -হ্যাঁ ঘেঁটি ধরে
জীবন শেখাতে হয়
আসছে 'র' পালাই
ভারতবর্ষ
সমতল থেকে উচ্চতা
উচ্চতা ছেড়ে সমতল, দেখলাম
কত নগ্ন মেয়ের নগ্নতা
সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটি মেয়ে
নগ্ন শুধুই নগ্ন
পোষাক ছাড়াতে ছাড়াতে
নগ্নতা
কোথায় ???
স্রোত
মেলা থেকে একটা চারাগাছ এনে
বোকা বনে গেলাম
আলো খায় না বাতাস খায় না
এমন কি
জল ও খায় না
শুধু সব শৈশব মুছে দেয়
