গুচ্ছ কবিতা
পাথরের নৃত্য
ক্যারাবিয়ান নৃত্যে ডাউন টাউন টাল-মাতাল মহুয়া বাগান।
নিমন্ত্রণহীন অতিথি সূর্য এসে শুয়ে ছিলো বে-ব্লু'র বারান্দায়
নগ্নতায় নান্দনিক কৃষ্ণ মূর্তি পেয়েছে পৃথিবীর পরশ-প্রাণ।
কালো গোলাপের সাথে নাচ্ছে সিএন টাওয়ার, সিবিসি, সবকিছু
তপ্ত দুপুরে বিয়ারের ফেনায় ভাসে কচুরিপানা আর কাঁচুলি
বিবাহ-আনন্দে শরণার্থী বাতাস তার মাদুলিতে হাততালি দেয়
আঁছুয়া পাথরের আকর্ষণে জ্বলন্ত যুবক ছুঁড়ে মারে সিগারেট।
লাফার্স পার্ক এবং মনমরা ঝাউগাছ
লেকের লাফার্স পার্কে আজ গ্রামের হাট-বাজার। ভীড়ে যানজট
পাহাড়ের উপর বসে আছে মুসা ইব্রাহিম। সেন্ট মার্টিনের দৃশ্য ভেবে
কয়েকজন বাঙালি বন্ধু তরমুজ কেটে মেলাতে থাকে লাল-সবুজ
মাছ ধরা নিষেধ, পাখি শিকার মানা এবং জরিমানা পাঁচশ ডলার।
কোথাও তিল পরিমাণ ঠাঁই নেই। ফয়সলের গাড়ি ঘুরছে, দেখছ…
টরন্টোর ট্রাফিক হুইপারের আটকিয়ে দিচ্ছে- হলুদ পতাকা।
মেয়েটি জলের সাথে কথা না বলেই চলে গেলো, মনমরা ঝাউগাছ।
সার্কাস
গাছে গাছে ফলের দুল, দোলনা। পাখি হয়ে পাকা ফল খাই
ফলের ভেতরে থাকা পোকাও খাই।
পাখিরা হাসতে থাকে। পাতারা হাততালি দেয়।
গাছে গাছে নানান ফুলঘ্রাণে প্রজাপতি হতে চাই। পারি না
মনোকষ্টে আটকে থাকি আয়নায়, কাঁটাতারে
ক্যামারা ক্লিক ক্লিক করে গিলে খায় আয়নার আকাশ।
এবারো পাখিরা হাসে, পাতারা হাততালি দেয়…
ছিঁড়ে যাওয়া ছায়া
নদীর নিচে তলদেশ নাড়িয়ে দিয়ে পাগলা ট্রেন ছুটছে,
পাতাল ট্রেন যাবে শেষ ষ্টেশন হিমশীতল মৃত্যুর ওপাড়ে
আমি যাবো বেলভ্যু হাসপাতালের 10W43 কেবিনে।
হঠাৎ আমার দু'টি ছায়া! ছায়া দু'টি নিয়ে খুব ভাবছি…
ছায়া ছিঁড়ে আমাকে ছেড়ে যায়। হাঁটতে থাকে পিছু পিছু
একটি ছায়া হলুদ হিমু, আরেকটি মিসির আলি…
ঘর
ক]
স্টিমারঘরে বসে ইলিশ আর জলের কেলির যাত্রার পর
বরিশালে অপেক্ষা করছেন জীবন বাবুর পুরোনো বন্ধু
বিমানঘরে উড়ে উড়ে মেঘ-আকাশের দেশ পেরুলেই
কলকাতা, করাচি, কানাডা এবং লুৎফর রহমান রিটন…
বাসঘরে ঘুমিয়ে ঝিমিয়ে নাগরী নগরে যায় হাছন।
সিলেটে সাদিয়া হানিফা মিশু চা নিয়ে বসে আছেন।
ট্রেনঘরের জানালায় নিঃস্বর্গ দেখতে দেখতে বন্দরে
চাটগাঁয় অপেক্ষা করছে, তাঁর নামটা মনে পড়ছে না।
খ]
খেলাঘরে কৈশোরের স্মৃতিসমুহ প্রত্যকেই ডাকে…
বাসরঘরে যুগল ক্রীড়ার শুভ উদ্বোধনীর আসর।
গোয়ালঘরে বুদ্ধিজীবীরা আন্ডা পাড়ে, স্বাক্ষর করে বিবৃতি
নাচঘর থেকে নর্তকীর ঘুঙুর কেড়ে নেয় কর্পো-সেটালাইট
কাঁচঘরে বসে চিরস্থায়ী ক্ষমতার স্বপ্ন বোনে রাজনীতিবিদ
জাদুঘরে আমাদের চুরি করা স্বপ্নগুলো লুকিয়ে রাখে সেনাশাসক
হিমঘরে ঘুমিয়ে থাকে আমাদের আশা আর আদর্শলিপি।
লাশকাটা ঘরে সার্জনের ছুরির সুড়সুড়িতে হেসে ওঠে সাগর-রুনি
কবরঘরের কথা আপাতত থাক। মন খারাপ হবে সবার।
আগস্ট ০৬, ২০১২
টরন্টো, কানাডা।
