সেক্সপীয়র, আলোর রাজকুমার
বহু শতাব্দী পর, গাব্রিয়েলা মিস্ত্রালকে শান্তির পক্ষে ওকালতি করার জন্য অপমান ও নির্যাতন করা হয়; চিলির সংবাদ মাধ্যম থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়; অথচ সেসব সংবাদপত্রে তিনি তিরিশ বছর ধরে তাঁর নিবন্ধ ছেপেছেন—তো তিনি লিখলেন তাঁর বিখ্যাত সেই উক্তি: “শান্তি, ওরে অভিশপ্ত বাণী!” এখানেও দেখা যায় বিশ্বে এবং সংবাদপত্রে এখনো শাসন করছে টাইবোল্টেরা, খঞ্জরধারী লোকেরা।
রোমিও ও জুলিয়েট মানুষে মানুষে শান্তির পক্ষে এক শক্তিশালী আবেদন। অর্থহীন ঘৃণার বিরুদ্ধে এক কঠিন ভর্ৎসনা, যুদ্ধের বর্বরতা প্রত্যাখ্যানের এক বজ্রনিনাদ; এবং শান্তির পক্ষে উৎসর্গিত এক মহান নিবেদন।
পাবলো নেরুদা আমাদের কাছে, বলা যায় গোটা পৃথিবীর কাছে মূলত কবি হিসেবেই পরিচিত। Confieso que he Vivido( `স্বীকার করি বেঁচে ছিলাম’, বাংলায় এটিই অনুস্মৃতি নামে তর্জমা করেছিলেন ভবানীপ্রসাদ দত্ত) নামক স্মৃতিচারণমূলক গদ্য লিখলেও, সাহিত্যবিষয়ক প্রবন্ধের রাজ্যে তার বিচরণ অতিসামান্যই। তবে একেবারেই যে কিছু লেখেননি, তা নয়। তবে তা যতটা না প্রবন্ধের শাস্ত্রীয় ধারা মেনে চলেছে, তারচেয়ে বেশি বরং সেই ধারার সঙ্গে প্রগাঢ় অনুভূতি ও কাব্যময় ভাষার সংমিশ্রণে তৈরি এক ভাষ্যরূপ হয়ে উঠেছে। তাঁর মৃত্যুর প্রায় এক দশক পর, ১৯৮০ সালে স্প্যানিশ ভাষায় আরও একটি গদ্যের বই প্রকাশিত হয়েছিল Para Nacer he Nacido ( জন্মের জন্যই জন্মেছিলাম) শিরোনামে যেখানে স্মৃতিচারণমূলক লেখার পাশাপাশি নানান বিষয়ে ব্যক্তিগত অনুভূতির ভাষ্য আমরা দেখতে পাবো। এই বইটিই পরে ইংরেজিতে Passions and Impressions নামে ১৯৮৩ সালে প্রকাশিত হয় মার্গারেট সায়ের্স পেডান-এর অনুবাদে। সেক্সপীয়ার বিষয়ক লেখাটি এই বইটিরই অন্তর্গত। সেক্সপীয়ারের চারশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেরুদা তাঁর ষাট বছর বয়সে রোমিও এন্ড জুলিয়েট অনুবাদে হাত দেন। নেরুদা অজস্র কবিতা লিখলেও নিজে কখনোই অনুবাদ, তা সে কবিতাই হোক আর গদ্যই হোক, বলতে গেলে করেনই নি। কিন্তু এটি ছিল ব্যতিক্রম। নেরুদার অনুবাদে এটি স্প্যানিশভাষী জগতে Losada নামের বিখ্যাত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল ১৯৬৪ সালে সেক্সপীয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে। ইউহেনিও গুছমান-এর পরিচালনায় চিলি বিশ্ববিদ্যালয়ের নাট্যমঞ্চে এটি মঞ্চস্থও হয়েছিল। একই বছর তিনি সেক্সপীয়রকে নিয়ে লিখেছিলেন এই প্রবন্ধটিও। বরেণ্য প্রাবন্ধিক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াসের বাংলা তর্জমায় এই প্রথম এটি প্রকাশিত হলো। বি. স.
তাঁর জন্মের ৪০০ বছর পর কেন লোকে আজও সেক্সপীয়রের নাটক পড়ে এবং মঞ্চস্থ করে? ১। গনেরিল, রিগান, হ্যামলেট, এঙ্গাস, ডানকান, গ্লান্সডেল, মরটিমার, এরিয়েল, লিওন্সটেস . . . ২। সেক্সপীয়রের এইসব নাম ছিলো আমাদের ছেলেবেলার অংশ; নামগুলো স্ফটিকের মতো জমাট বেঁধে আমাদের স্বপ্নের সারাৎসার হয়ে উঠতো। এমনকি যখন পড়তে শিখেছি কি না, আমরা জানতাম ওইসব নামের পেছনে রয়েছে এক নদী আর রাজারাজড়া, রয়েছে গোত্র আর দুর্গকেল্লা, আর দ্বীপপুঞ্জ শোভিত এক মহাদেশ যাকে নিশ্চয় একদিন আমাদের খুঁজে বার করতে হবে। এইসব প্রসন্ন, বা ঝলমলে নায়কের নাম আমাদের সামনে মেলে ধরতো কবিতার কারুকাজ, মহা ঘন্টাধ্বনির প্রথম আওয়াজ। পরবর্তীকালে, অনেক পরে, সেইসব দিন আর বছর এলো যখন আমরা আবিস্কার করি এই নামগুলির পরিচয় আর তাদের জীবনযাত্রা। ওদের দুঃখকষ্ট, তাপ অনুতাপ, খুন জখম আর নিষ্ঠুরতার কাহিনি, রক্তমাংসের প্রাণী, হাওয়াই জীব, জাদুর ভোজে জেগে ওঠা নানা কন্ঠস্বর, রক্তাপ্লুত ভূতপ্রেতের অংশগ্রহণে ব্যাংকোয়েট। ওইসব কাজকারবার, ওইসব লোকজন, তাদের আবেগ বিহ্বলতা—ওইসব জীবন! ৩। প্রত্যেক যুগেই একজন কবি সেই যুগের স্বপ্ন আর অভিজ্ঞানের দায়িত্ব বহন করেন; তিনি সেই দুনিয়া সৃষ্টি, প্রসার ও বিস্তার করেন। তাঁরই নাম হয় আলিগিয়েরি, ভিক্টর হুগো, লোপে দে ভেগা, ওয়াল্ট হুইটম্যান। ৪। আর সর্বোপরি তাঁর নাম হয় সেক্সপীয়র। ৫। এইসব কবি গাছের পাতা জড়ো করেন, আর সেইসব পাতার ভেতর আমরা পাখির ডাক শুনি; এই পাতাগুলির নিচে গজায় শেকড়। এইগুলি মহাদ্রম বৃক্ষপল্লব। ৬। ওইগুলি সব পাতা আর চোখ। ওরা সংখ্যা বৃদ্ধি করে আর নিচে আমাদের দিকে তাকিয়ে থাকে; আমাদের মানে অকাজের মানুষদের দিকে। সব যুগেই তারা আমাদের দিকে চায় আর নিজেদের চিনে নিতে আমাদের সাহায্য করে: আমাদের গোলকধাঁধা তারা আমাদের কাছেই প্রকাশ করে। ৭। সেক্সপীয়রের বেলায় তৃতীয় একটি উন্মোচন রয়েছে, যেমন দেখবো অন্য আরো উন্মোচন: তাঁর স্বচ্ছ কবিতার ভেল্কি যেমন। খুব কম কবিই এতোটা নিবিড় আর গূঢ়, তাঁদের হিরক হৃদয়ে তাঁরা এতোটা সুরক্ষিত। ৮। তাঁর সনেটগুলো খোদাই করা হয়েছে অশ্রুর ওপল পাথরে, ভালোবাসার চুণিতে, ঈর্ষার পান্না থেকে, আর শোকের নীলকান্ত মণিতে। ৯। ওদের গড়া হয়েছে আগুনে পুড়িয়ে, বানানো হয়েছে হাওয়া থেকে, ওদের ভাস্কর্য করা হয়েছে স্ফটিক পাথর কুঁদে। ১০। সনেটগুলো প্রকৃতি থেকে উপড়ে তোলা হয়েছে এতোটাই পরিপূর্ণভাবে যে শুরু থেকে শেষ অবধি সেখানে শোনা যায় স্বছতোয়ার ঝিরি ঝিরি প্রবাহ, দেখা যায় কিভাবে হাওয়া নাচে, আর কিভাবে সোনালী হোক, ফুলন্ত হোক, সেখানে ঋতুচক্র যান আর ফলফলান্তি একে অন্যকে অনুসরণ করে। ১১। সনেটগুলোয় রয়েছে বেশুমার চাবিকাঠি, জাদুর ফর্মুলা, স্থায়ী রাজসিকতা, দ্রুতগতি ধনুর্বাণ। ১২। সনেটগুলো হলো নানারঙ্গের পতাকা, তারা একে একে ওঠে আর দুর্গ-মিনার থেকে হাওয়ায় পতপত করে ওড়ে। আর যদিও আবহাওয়া আর সময়ের কাছে তাদের দায়, তারা তাদের রাশির টকটকে রং, তাদের চন্দ্রকলার নীলা, তাদের জ্বলন্ত হৃদয়-দীপ্তি রক্ষা করে চলে। ১৩। বহু বছর ধরে আমি সেক্সপীয়রের কবিতা পড়ি; নাটক যেমন বলে, সেরকম কবিতা কিন্তু জীবন সম্পর্কে, যুদ্ধবিগ্রহ, বীরত্ব গাঁথা সম্পর্কে কিছু বলে না। ১৪। কবিতায় তাঁর কাগজের পাতা একেবারে সাদা, কাব্য-পথের নিখাদ শুদ্ধতা তাতে। সেই পথে ভেসে যায়, মধুভরা ছোটো ছোটো জাহাজের মতো অবিরাম ভেসে চলে সারি সারি রূপকল্প, দৃশ্যকল্প। ১৫। এই বাড়াবাড়ি রকম প্রাচুর্যের ভেতর যেখানে সৃজনশীলতার শক্তি সময়মতোই বুদ্ধিমত্তা নিয়ে ঢুকে পড়ে, আমরা দেখি, প্রায় অনুভবই করি এক স্থিরকল্প, ক্রমজীয়মান সেক্সপীয়রকে, এবং লক্ষ্য করি যে তাঁর কবিতার সবচেয়ে তাক লাগানো বৈশিষ্ট্য তাদের প্রচুর শক্তিমত্তা নয়, বরং তাদের নিখুঁত গড়ন। ১৬। সনেটস বইটার যে-কপি আমি কিনি ১৯৩০ সালে জাভা দ্বীপে, সেটাতে দিন মাস সহ আমার নাম লেখা রয়েছে। ১৭। এরপর থেকে গত চৌত্রিশ বছর বইটা আমার সঙ্গেই আছে। ১৮। সেখানে সেই দূরদেশী দ্বীপ আমার আদর্শ হয়েছিলো: নিখাদ ঝর্ণা, গভীর অরণ্য, এখন পর্যন্ত অজানা সব অবিশ্বাস্য রকম সুন্দর মিথ; স্ফটিকস্বচ্ছ আইনকানুন। সেক্সপীয়রের কবিতা গংগোরা আর মালার্মের কাব্যকলার মতো যুক্তির আলো নিয়ে খেলে এবং তা কঠিন, যদিও গোপন, সংকেত ধার্য করে। এক কথায়, আমার জীবনের ওইসব হারানো দিনে সেক্সপীয়রের কবিতার মাধ্যমেই আমি পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে একটা সংযোগ রাখতে পেরেছিলাম। পাশ্চাত্য বলতে স্বভাবতই আমি বুঝি পুশকিন আর কার্ল মার্ক্স, বাখ আর হোল্ডারিন, লর্ড টেনিসন আর মায়াকভস্কি। ১৯। তাঁর নাটকগুলোতে অবারিত ছড়িয়ে রয়েছে কবিতা—এলসিনরের টাওয়ারে, ম্যাকবেথের কেল্লায়, প্রসপেরোর জাহাজে; ভেরোনায় আনারের সুগন্ধেও রয়েছে কবিতা। ২০। তাঁর প্রত্যেক নাটকের সুড়ঙ্গ দিয়ে বহে যায় ভৌতিক বাতাস । বিশ্বের আদিতম শব্দ মানুষের হৃদপিণ্ডের আওয়াজ হলো এমনতরো মসলা যা থেকে এইসব অবিস্মরণীয় শব্দ তৈরি হয়। তাঁর সব নাটকেই আছে ফ্যান্টাসি আর মানবিকতা, সেই সঙ্গে সাধারণ মানুষের বাকভঙ্গি, হাট বাজারের চিহ্ন, পরান্নভোজী আর ভাঁড়েদের অশ্লীল আওয়াজ, এইসবের সঙ্গে ধুমধারাক্কা মারপিটে ওঠা হরেক কিসিমের অস্ত্রের ধাতব ঝনঝনি—সব নাটকেই পাই।
২১। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে সেক্সপীয়রের প্রাচুর্যময় কবিতার অবারিত ধারা অনুসরণ করতে। এতে এমন এক সামঞ্জস্য দেখতে পাই যা সময়ের দেয়ালে নীল রঙে কলাই করে জাদুর ফেনায় আঁকা। এই সবেরই এক মিশেল আমাদের চিরায়তে উৎকীর্ণ।
২২। উদাহরণ দেয়া যায়: গ্রামীণ রাখালিয়া ধারার ভেনাস ও এডোনিস প্রকাশিত হয় ১৫৯৩ সালে। এখানে প্রবাহিত জলস্রোতে শীতল ছায়ার কাঁপন, সঙ্গীতমুখর কুঞ্জের সবুজ ইঙ্গিত, ক্ষুদে তরঙ্গে চলা কাব্যকলার প্রপাত, আর লাস্য হরিতে ছুটে মিশে যাওয়া মিথ।
২৩। তখন হঠাৎ এক তাজি ঘোড়া এসে হাজির—ফ্যান্টাসিকে সে ক্ষুরের আঘাতে এলোমেলো করে, যেমন “তার চোখ ঘৃণায় আগুনের মতো ঝলকে ওঠে, দেখায় তার তপ্ত সাহস আর উচ্চাভিলাষ।”
২৪। হ্যাঁ, একজন চিত্রকর যদি ওই ঘোড়াটা আঁকতো: “তাঁর শিল্পের বিরোধ হতো প্রকৃতির দক্ষতার সাথে, এমন যেন জীবন্ত যা, তা মৃত্যুকে ছাড়িয়ে যাবে।” এমন কোনো বর্ণনা নেই যা এই ফুর্তিবাজ, দারুণ দুলকিচালে প্রকৃত ক্ষুর নিয়ে চমৎকার সেক্সটেট গানের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার বিবরণের সমকক্ষ হতে পারে।
২৫। আর এটা আমি উল্লেখ করছি, যদিও সেক্সপীয়রের পশু সংক্রান্ত লেখায় বহু পশুর দেখা মেলে এবং তাঁর গুল্মাগারে রক্ষিত আছে বহু ফুলের রঙ আর সুবাস, কারণ ওই ক্ষুরমারা ঘোড়া তাঁর প্রশংসাগীতির বিষয়বস্তু, প্রকৃতির প্রজনন শক্তি, এই মহান স্বপ্ন বিশ্লেষক সেটা আটকে ফেলেছেন ।
২৬। এই শরতে আমাকে রোমিও ও জুলিয়েট অনুবাদ করতে দেওয়া হয়েছে।
২৭। আমি সেই অনুরোধ বিনয়ের সঙ্গে গ্রহণ করি। বিনয় আর সেই সাথে এক ধরনের দায়িত্ববোধ। কারণ আসলেই আবেগবিহ্বল এক প্রেমকাহিনি স্প্যানিশ ভাষায় বেশি নাড়াচাড়া না করে ঢালতে পারার যোগ্যতা আমার আছে বলে মনে হয় নি। কিন্তু আমাকে এটা করতে হয়েছে কারণ এ যে শেক্সপীয়রের জন্মবার্ষিকী, দুনিয়া জুড়ে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পিত হচ্ছে, তিনি এমন একজন মানুষ যিনি মানুষের কাছে আরো অনেক দুনিয়ার দ্বার উন্মোচন করেছেন।
২৮। আনন্দ নিয়ে এবং সম্ভ্রম নিয়ে ওইসব বিধি-বিদ্ধ প্রেমিক প্রেমিকাদের বিয়োগান্ত কাহিনি অনুবাদ করতে গিয়ে আমি একটা আবিস্কার করি।
২৯। আমি বুঝতে পারি যে অমর প্রেম আর অপরিহার্য মৃত্যুর কাহিনির ভেতর রয়েছে দ্বিতীয় এক নাটক, দ্বিতীয় বিষয়বস্তু, দ্বিতীয় আরেকটি প্রধান থিম।
৩০। রোমিও ও জুলিয়েট মানুষে মানুষে শান্তির পক্ষে এক শক্তিশালী আবেদন। অর্থহীন ঘৃণার বিরুদ্ধে এক কঠিন ভর্ৎসনা, যুদ্ধের বর্বরতা প্রত্যাখ্যানের এক বজ্রনিনাদ; এবং শান্তির পক্ষে উৎসর্গিত এক মহান নিবেদন।
৩১। প্রিন্স এস্কালাস যখন খুব আবগঘন দৃষ্টান্ত স্থাপনকারী ভাষায় সামন্ততান্ত্রিক গোত্রগুলিকে তিরস্কার করে যারা ভেরোনার পথঘাট রক্তে রঞ্জিত করেছিলো, তখন বুঝতে পারি যে ওই রাজকুমার আলোকপ্রাপ্ত; সে মানমর্যাদা আর শান্তির অবতার।
৩২। বেনভোলিও যখন টাইবোল্টকে তাঁর যুদ্ধংদেহী মেজাজের জন্য তিরস্কার করে বলে: “আমি অবশ্যই শান্তি বজায় রাখি; কিন্তু ঠিক আছে, তোমার তরবারি ওঠাও,” তখন হিংস্র যোদ্ধার জবাব: “কী! হাতে তলোয়ার, আর মুখে শান্তির কথা? আমি ঘেন্না করি এই শব্দ . . .।”
৩৩। তাহলে এলিজাবেথের সময় ইউরোপে কেউ কেউ শান্তি ঘৃণাই করতো বটে। বহু শতাব্দী পর, গাব্রিয়েলা মিস্ত্রালকে শান্তির পক্ষে ওকালতি করার জন্য অপমান ও নির্যাতন করা হয়; চিলির সংবাদ মাধ্যম থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়; অথচ সেসব সংবাদপত্রে তিনি তিরিশ বছর ধরে তাঁর নিবন্ধ ছেপেছেন—তো তিনি লিখলেন তাঁর বিখ্যাত সেই উক্তি: “শান্তি, ওরে অভিশপ্ত বাণী!” এখানেও দেখা যায় বিশ্বে এবং সংবাদপত্রে এখনো শাসন করছে টাইবোল্টেরা, খঞ্জরধারী লোকেরা।
৩৪। তাহলে সেক্সপীয়রকে ভালোবাসার আরেকটি কারণ হলো তিনি মানব জাতির শ্রেষ্ঠ সন্তান। সেক্সপীয়রের ওপর গবেষণার জন্য পাবো সময়, মিলবে স্থানও নিজেদের হারানোর, কিংবা তাঁর মূর্তি ঘিরে দীর্ঘ যাত্রা করার—গালিভারের চারধার দিয়ে যেমন করেছিলো লিলিপুটেরা, সেরকম। এবং শেষতক না পৌঁছে যদিও আমরা অনেকটা পথই যেতে পারবো, তবু আমরা সবসময়ই ফিরবো হাতভর্তি সুবাস আর রক্ত, পুষ্পদল আর দুঃখ, আর নশ্বর সব সম্পদ নিয়ে।
৩৫। এই সৌম্যশান্ত মুহূর্তে আমি অর্ঘ্যের দুয়ার খুলি সানন্দে, পর্দা তুলি যেন কবির চোখ ধাঁধানো ধ্যানমগ্ন অবয়ব দৃষ্টিগোচর হয়। আর চারশো বছর এপার থেকে যেন তাঁকে বলতে পারিঃ “অভিবাদন, হে আলোকপুত্র! সুস্বাস্থ্য গো নায়ক পরিব্রাজক! তোমার সব মহাস্বপ্নেই তো আমাদের উত্তরাধিকার; আমরা আজো দেখি ওইসব স্বপ্ন! তোমার উচ্চারিত বাণী বাস্তবিকই পুরা বিশ্বকেই করেছে সন্মানিত।”
৩৬। এরপর আরেকটু নরোম সুরে তাঁর কানে ফিস ফিস করে বলিঃ “শুকরিয়া, বন্ধু, বহুত শুকরিয়া!”
(নেরুদার ‘প্যাশনস ও ইমপ্রেশনস’ সংকলনে প্রকাশিত মার্গারেট সেয়ার্স পেডেন কৃত ইংরেজি অনুবাদ, “Shakespeare, Prince of Light”-এর বাংলা তর্জমা।)
