স্বাধীনতা দিবসের কবিতা
১
তুমি আমাকে ফেলে গেলে এক ধূলিযুদ্ধের মুখোমুখি
আর আমি নিরুত্তর তাকিয়ে দেখছি কোনো অপস্রিয়মান
খোয়াবভোলা নয়নের আন্ধার কেটে-কেটে নেমে আসছে
বাঁকা চাঁদ আমার গলায় আর আক্ষেপে তড়কায়
খিঁচে চলেছে মেয়েটা যেন সেই গলাকাটা মুরগিটা
যাকে আমি একবারই দেখেছিলাম সকালের কালে কিংবা
তুমিই বলেছিলে আমায় দেখতে আর স্রেফ সে-বলাতেই
গড়গড় প'ড়ে ফেললাম উত্তর দিগন্তে আলোকলতার নাচ
তবু জানি ও একসময় মিইয়ে পড়বে একেবারেই থেমে
যাবার আগে আরও এক আরও দুই আরও আড়াইবার
কিংবা আরও তিনবারই না-হয় কিন্তু যে-অঙ্কের বাঁধা-
ধরা ফল মিলবে শুধু ও থেমে গেলেই সে-হিসাবে কেন
থাকবে তুমি কাদামাখা হাত আমি বাড়িয়ে যে ছিলাম সাদা
দোলনচাঁপার পানে তারই প্রায়শ্চিত্ত এই তীব্র অপস্মার
২
তুমি আমাকে ছেড়ে গেলে পাখি তুমি আমার খাঁচায়
আরও-একটা খাঁচা দেখেছ সোনার নয় লোহার নয় খালি
মিথ্যার চৌদ্দশিঁকের যাকে বাঁকানোর মতো পাকানো মাসল
আমার বাড়ন্ত থাকাটাকে তুমি জেনেছ অপমান তোমার
আত্মার তোমার ভালবাসার তোমার অস্তিত্বের তুমি তাই
ফুড়ুৎ উড়ে গেলে ওগো পাখি এক-আকাশ না-থাকার দিকে
মজবুরি কী রঙিন এক লব্জ যেন কচুরিপানার বেগুনি
পুষ্পিত শিশ্ন আহা বিষ এত সুপেয় স্রেফ অর্ধেক জিহ্বাগ্রে
তোমাকে আমি চেয়েছিলাম চাখাতে আমার চোখ থেকে পাখি
অথচ হয়তো অর্কিড তাই পাতালে শিকড় নামল না
আমি তো জানতাম আমরা যাবতীয় নিষ্পাদনার ঊর্ধ্বে
জন্ম ও মৃত্যু ঘৃণা ও প্রেম জিঘাংসা ও জিঘাংসা সবই
বাইরেরই যারা আমাদের ঘিরে শিয়ালের মতো হল্লা করে
আর নাচে যেন বনফায়ার কিন্তু আমরা আলেয়ার আলো
৩
আমি পুড়ে বসিয়ে দিয়েছিলাম আমার নাম তোমার বুকে
আমি এসেছিলাম তোমাতে হয়েছিলাম নিঃশর্ত নিলীন
যেরকম ম্যারাথন-শেষে কোনো লবেজান এবং বিজয়ী
শুক্রাণু লোপাট হ'য়ে যায় কোনো জন্মান্ধ ডিম্বাণুতে
কিন্তু আমার কুকুরটা আমার চিরসখা ভাগ্যবিড়ম্বনা
ছাড়পত্র পেল না সে আমার থেকেও ভারি কীনা তাকে
দারোয়ান ক'রে রাখলে আমাদের সিংহদ্বারের বাইরে তুমি
এ সেই দারোয়ান যার নিজেরও ভিতরে ঢোকার ইজাজত
নাই যাকে নিজেরও থেকে রক্ষা ক'রে যেতে লাগে নিজের
আমানত কিন্তু আমি আমার কুকুর-ছাড়া আমি নাকি
আমার যতটা তোমার শিরায় আমি ঝাঁঝালো পেথিডিন
পুশ করেছি ওগো চাঁদ ওগো দ্যাখো সেই আমিটাই
তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে আমার আকাশের বাইরে
পিছনে দীর্ঘাতিদীর্ঘ কেতু এক ছাইয়ের অথবা পাথরের
৪
মেয়েটা চিতা আমি মড়ি আমি পুড়ি তার দাউ দাউ তড়কায়
সতী পালাও পালাও সতী পালাও পালাও ঝ'ড়ো পাখসাটে
যে-তুমি বৌ ছিলে আমার কোনো পূর্বজন্মে যে-তুমি
ছিলে সই আলো সই তুমি তো অ্যাত্তটুকুন চাঁদবুড়ি
কটকট ক'রে কটাক্ষ করো আধাইঞ্চি মরিচের আঙুলে
করো শাসন ত্রাসন তোমাকে আমি কোন্ জিঘাংসায় ঢোকাই
এই আউশভিৎসে আমি একলাই না-হয় নেচে যাই
মেয়েটার ডান্স ম্যাকাবার আমি একলাই না-হয় পুড়ি
মেয়েটার ফিনিক্সায়ন আমি একলাই না-হয় তলাই
মেয়েটার নষ্ট নটিলাস আমি একলাই না-হয় ঠেকি গিয়ে
হত্যাবাত্যাধ্বস্ত কোনো কামরাঙ্গির চরে সাদা লাশ
মেয়েটার সাদা আহা সাদা আর সাদা আর সাদা-সাদা কাশ
পালাও সখী আমার পরজন্ম অবধি পালাও পালাও বাঁকা-চাঁদ
সেখানে পাবে আমাকে মেয়েটাকেও তোমার হুকুমের দাস
৫
গয়না নাও নামটা আর কেউ কোথাও শুনবে না চাঁদ
যেদিন আমি ভেসেছিলাম তুমি ছিলে তার বাদামে আঁকা
কিন্তু আমি নিশ্চিত নই গয়না নায়ে বাদাম উড়ত কীনা
এত দূরেই চ'লে এলেম আজ আমরা আমাদেরকেই আর
দেখতে নারি আমরা কোণ্ঠে আমরা কারা কী এই দশৎ-এ-লুৎ
এ-স্থলে আর কিছু তো নাই পেয়ারা নাশপাতি পিয়ালগোটা
ভেন্নাফুল দুপুরছাদ ভাতশালিক গোপন কলপাড়
গইনারি আর নিমের ডালে গোধূলিরঙ অনন্ত স্টার ট্রেক
আমরা যাব যেখানে কোনো যায় নি নেয়ে সাহস করি'
বলতে-বলতে কাছি খুলল ওরে মাঝি মানবজন্মতরির
ছোকানুরেও করুণা ক'রে ঠাঁই নাই ঠাঁই নাই রে নায়ে রুপার
মুইচানির ভাঙ্গনির বাঁক ছাড়াই চতুর্দিক্ ফাঁকা
গয়না এসে লাগল শেষে ঘুমের দেশে একলা বাঁকা-চাঁদ
এ-ভিনদেশের লাল আকাশে আমার মেয়ের নাম গয়না
(২৬-০৩-২০১২ – ৩০-০৩-২০১২)
