ফরিদা ইয়াসমিন সুমির ‘প্রেম’ ও অন্যান্য
স্তনের সামনে করজোড়ে রাখা হাত, মুষ্টি পাকাও - জঙ্ঘার কাছে নতজানু পৌরুষ, আগুন জ্বালাও!
প্রেম
প্রেম কি ডাঙায় তোলা মাছ?
- তড়পায়
প্রেম কি ইঁদুর-বেড়াল খেলা?
- দৌড়ায়
প্রেম কি রাত্রিজাগা ভোর?
- জাগায়
প্রেম কি নেশাখোরের ঘোর?
- ঘোরায়
প্রেমিকা
জলাধার হই
ঘনিষ্ঠ হয়ে ছায়া ফেলো,
আয়না হই
মুখোমুখি প্রতিবিম্ব ফেলো,
প্রেমিকা হই
ঘনিষ্ঠ ছায়া হয়ে মুখোমুখি বিম্ব ফেলো!
গতর-ঘ্রাণ
রং চাইতেই দিয়েছিলাম এক নদী রং;
মন ভরেনি,
তোমার ছিল সাগরের হাতছানি!
জল চাইতেই দিয়েছিলাম এক সমুদ্র জল;
ভরেনি প্রাণ,
তোমার ছিল মহাসাগরের টান!
ঘ্রাণ চাইতেই দিয়েছিলাম এক অরণ্য ঘ্রাণ;
মেটেনি সে সাধ,
তোমার ছিল গতর-ঘ্রাণের তীব্র আহ্লাদ!
ছন্নছাড়া
চোখের ভেতর মদের বোতল
উপুড় করা,
তাই বুঝি কি বুকের মাঝে
প্রাণের সুরা?
আকণ্ঠ পান যেই করেছি
অমনি ধরা,
শরৎ যেমন বর্ষা নামায়
সরিয়ে খরা!
নেশায় চাপে ঝোঁকের মদির
ছন্নছাড়া,
যুগল ছায়া নকশা বুনে
নজরকাড়া!
ছাইয়ের ফুলকি
শিরায় শিরায় খুনের লহু
- তাড়ায় কে?
মাথায় তোলা উনুন-আগুন
- নেভায় কে?
মুখের ভাবে হাসির প্রকাশ
- কাঁদায় কে?
শরীরজুড়ে প্রলয়নাচন
- থামায় কে?
হৃদয়জুড়ে প্রেমের কাঁপন
- সারায় কে?
গোপনজুড়ে ছাইয়ের ফুলকি
- জ্বালায় কে?
কী করে বোঝো
কী করে অতোটা বোঝো তুমি?
পুঙ্খানুপুঙ্খ?
ঠিক কখনটা চাই
পায়ের পাতায় হাতের স্পর্শ!
কী করে অমনটা জানো তুমি?
সানুপুঙ্খ?
ঠিক যখনটা চাই
অলির সাথে কলির সংঘর্ষ!
জল ও প্রজাপতি
কোথাও দাঁড়িয়ে নেই
পায়ের নিচে বেসামাল বাতাস
পাক খেয়ে খেয়ে ওড়ে,
থিতু হতে ভালো লাগে না
প্রজাপতি কোথাও দাঁড়ায় না।
রেইন গেজ আর ফ্যাদোমিটার ফেলে
মন পরিমাপের যন্ত্র খুঁজি।
ভরদুপুরে ডাহুকের ডাক স্থিরতা দেয় না…
পারদের উত্থান দেখায়
লাগামছাড়া তাপমাত্রা;
তবু আমি কোথাও দাঁড়াই না
থিতু হতে ভালো লাগে না
জল কোথাও দাঁড়ায় না।
হাতের তালুতে পাখি
হাতের তালুতে রেখেছিলাম পাখি করে
খুঁটে খেয়েছিলে আধারের খুদকুঁড়ো।
ভালো লেগেছিল
নখরে ধরে থাকা,
ঠোঁটের ঠোকরে
মুখে তুলে নেয়া,
নধরকান্তি দেহ
উষ্ণ ওমে ভরা।
উড়ে যেতেই দেখি
তালুতে রেখা নেই
ডানায় উড়িয়ে নিয়েছ
হৃদয়রেখাসহ
বিস্তৃত আয়ুরেখাও!
কী করে বাঁচবো বলো
কী করে ভালোবাসবো?
পরাজিতা
স্তনের সামনে করজোড়ে রাখা হাত,
মুষ্টি পাকাও -
জঙ্ঘার কাছে নতজানু পৌরুষ,
আগুন জ্বালাও!
চিতায় ঢেলেছি ঘি
চন্দনকাঠের সুবাস
বাহুমূলে রূপের বাহুল্য -
জোড়াহাত প্রসারিত করো
আমি যেন বাতাস জুড়ে থাকি!
নদীর বাঁকে আছড়ে পড়া ঢেউ
পিঠজুড়ে কাঠগোলাপ
ঊরুতে মাধবীলতা
জঙ্ঘায় অপরাজিতা -
উত্থিত পৌরুষে পরাজিতা!
জোড়াহাত মুষ্টিবদ্ধ করো
আমি যেন তুমি জুড়ে থাকি...
সমুদ্র হই যদি
এখন তুমি যেথায় খুশি
শুতে পারো,
খড়বিচালি বিছিয়ে দিতে
করছি জড়ো।
হাওয়ায় দিয়েছি বৃন্দবাদন জুড়ে
ঝলসে যাওয়া নোনা-মাছটি পুড়ে!
এখন তুমি যেথায় খুশি
সাঁতরে এসো,
ছিনিয়ে নিয়ে ঘট ছুঁড়তে
পাশেই বোসো।
কুয়োর জলে উপচে গিয়েছে নদী
যাবে না তো ডুবে সমুদ্র হই যদি!
বেপরোয়া রাজহাঁস
নদীটা সুর মিলিয়ে
আরণ্যগন্ধে
পথ হারালে
আমারও ভুল হয়ে যায়,
তোমার ঊর্ণনাভ প্রেমে!
নিঃসংকোচ, নিরাভরণ
সূর্যোদয়-সূর্যাস্ত ব্যাকুল
রক্তে মদের ক্রিয়া
মহুয়ার তেতো ফলে।
আমন্থর মুহূর্ত-বিলাস
চাঞ্চল্যকর নির্জনতা
ঝিমঝিম স্নায়ুর
সর্বাঙ্গ-অনুভব।
সদ্য-ফোটা বুনো আকন্দ
রক্তে রক্তে কথা বলে
বিচিত্র জাদুমন্ত্রে
নিজেকেই ঠাহর করি।
বেপরোয়া রাজহাঁস
হাহাকার তোলে
মসলিনের ওড়নায়
নিবিড়-অবগাহন।
চেতনার আলো পেতে
বন ভেঙে যাই -
বিশাল আকাশ পড়ে থাকে
দৃষ্টিসীমার একফালি হয়ে!
কনকচাঁপা রোদে অবলুপ্ত
পুরোনো বৃক্ষের ঘ্রাণ
মনের খুনিরা
অতীন্দ্রিয় মিলনের
বিরোধিতা করে।
বহুবচন-অস্থিরতা
সামান্য কিছু হলেও আয়ত্তে
নিয়েছি অসামান্য নিদান-বিদ্যা,
মুহূর্তে মুছে দিয়ে একবচনে
নিয়ে আসতে পারি
এই সমস্ত বহুবচন-অস্থিরতা!
পারি না, অথবা
করি না,
জল পাল্টে পাল্টে জিইয়ে রাখি
জিয়ল-মীনের রুহের মতো -
খাবি খাই,
ঘাই পাই,
তা-ও চাই,
অস্থিরতাগুলো থাকুক
বহুবচনেই!
