২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিদ সোহাগের ৩টি কবিতা

ছেড়ে যাবার আগে, এসো, খনন করি টলটলে দিঘি;

জাহিদ সোহাগ জাহিদ সোহাগ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 09:06 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

আবার বৃষ্টি

...ছিলাম না; কী এক মর্মঘাতকের সঙ্গে চিনাবাদাম নিয়ে বসেছি; সে-ও জানে তুমি আছো, একা, এক আকাশ কালো করে;

আমাদের ছিল না অন্য প্ররোচনা, কেবল আক্ষেপ ও অপেক্ষা মিলিয়ে দেখছিলাম ক্ষত সেলাইয়ের আগে;

খোলা জানালা; তুমি ছড়িয়ে দিলে তোমার জঙ্ঘাজল; যেন আমাকে না পেয়ে আমারই বিছানা করে গেলে ব্যবহৃত;

আমি ছুঁয়ে দেখি, শুকে দেখি তোমার শীৎকার;

আবার ময়ূর

ছিল নিরুদ্বিগ্ন দুপুর, হাঁ-খোলা দরোজা; হঠাৎ নেমে এলো ঝমঝম, আর এক অস্পষ্ট ময়ূর দৌড়ে এলো মনে, ভেজা; কী করি কী করি;

দিঘি

ছেড়ে যাবার আগে, এসো, খনন করি টলটলে দিঘি;

এই অপুষ্পক শরীরে হঠাৎ ফুটতে পারে কোনো তাপিত মুহূর্ত, যাতে ছুরি চালাতে গেলে বাড়বেই আরো ক্ষত;

যদিও জানা নেই কাকচক্ষুজল কী নিদান নিয়ে আসবে; তবু ভাবি স-মিলের কাছেপিঠে যেমন পানিকাদায় ডুবে থাকে জলহস্তির মতো গাছগুলো, তৃপ্ত; তেমনই এই দিঘি এসে বসবে ডালে, যেন সে জলঘুঘু, ভালো না লাগা দুপুরটাকে কোথায় নিয়ে চলে যাবে;