কাওয়ালী গানের কিংবদন্তী: প্রেম যখন ইশ্বরভক্তিতে রূপান্তরিত
কাওয়ালী, সুফি কবিতা আর লোককাহিনীতে প্রেম মানে শুধু প্রেম নয় আসলে ঈশ্বরের সন্ধান। তাই এই প্রেমিক-প্রেমিকারা ইতিহাস আর মিথের মাঝামাঝি দাঁড়িয়ে আছে।
“তুম এক গোরখ ধন্ধা হো”
নুসরাত ফতেহ আলি খান
লিরিক্স – নাজ খাইলভি
বিখ্যাত একটা কাওয়ালী গানের শুরু এটা।
কভি ইয়াহাঁ তুমহেঁ ঢোঁডা, কভি ওয়াহাঁ পৌঁছা
তুমহারি দীদ কি খাতির কাঁহা কাঁহা পৌঁছা
গরিব মিট গয়ে, পামাল হো গয়ে লেকিন
কিসি তলক না তেরা আজ তক নিশান পৌঁছা…
পুরো কাওয়ালিটির বাংলা ভাবানুবাদ দেওয়া হলো নিচে:
কখনো তোমাকে খুঁজেছি এখানে, কখনো পৌঁছেছি সেখানে,
তোমার দর্শনের আশায় কোথায় কোথায় যে ছুটেছি!
গরিবেরা মুছে গেছে, পিষ্ট হয়েছে,
তবু আজ পর্যন্ত তোমার কোনো চিহ্ন পেল না কেউ।
তুমি নেইও, আবার সর্বত্র আছো
তুমি এক রহস্যময় ধাঁধা।
প্রতিটি কণায় কী মহিমায় তুমি প্রকাশিত,
বুদ্ধি অবাক হয়ে যায় কীভাবে আছো, কীভাবে নেই!
তুমি এক রহস্যময় ধাঁধা।
মন্দিরে, মসজিদে তোমাকে খুঁজে পাই না,
কিন্তু হৃদয়ের ভেতর তাকালে দেখি তুমি সেখানেই।
তুমি এক রহস্যময় ধাঁধা।
খুঁজেও পাওয়া যায় না, না খুঁজলেও লুকাও না,
অদ্ভুত এই খেলা যেখানে আমি, সেখানেই তুমি।
যখন তোমা ছাড়া আর কেউ নেই,
তবে এই পর্দা কেন?
মন্দির আর মসজিদ দুই ঘরেই তোমার আলো জ্বলে,
দুই দিকেই তোমার প্রদীপ জ্বলছে।
যে তোমার প্রেমে হারিয়ে গেছে,
সেই হারানো মানুষই আসলে কিছু পেয়েছে।
মন্দিরে না, কাবায় না
ভাঙা হৃদয়ে তোমাকে পাওয়া যায়
কোথাও তুমি আদম হয়ে লুকাও,
কোথাও আবার সৃষ্টির রূপে প্রকাশ পাও।
তুমি না থাকলে অস্বীকারই বা কিসের?
অস্বীকারও তোমার অস্তিত্বের প্রমাণ।
যাকে আমি “আমি” বলি
যদি সে তুমি না হও, তবে আর কে?
ভাবনায় না এলে কীভাবে বুঝতাম তুমি খোদা?
তুমি এক রহস্যময় ধাঁধা।
আমি অবাক তুমি কে, কী!
ধরা দিলে মূর্তি, না ধরলে খোদা।
যা বুদ্ধিতে ধরা পড়ে তা অসীম কীভাবে?
যা বোঝা যায় তা খোদা হয় কীভাবে?
দার্শনিক তর্কে খোদা মেলে না,
গিঁট খুলতে গিয়ে সুতোই হারিয়ে যায়।
তুমি নিজেকে লা-মাকান বলো,
তবু থাকো ভাঙা হৃদয়ের ভিতরে।
তুমি সামনে আসো না, লুকাও না,
রহস্য দেখাও কিন্তু ব্যাখ্যা দাও না।
দুই জগতেও যার স্থান নেই,
সে আমার হৃদয়ে কীভাবে বাস করে!
মানবজীবনের রহস্য নিয়ে প্রশ্ন
তুমি আত্মাকে বন্দি করেছ শরীরের খাঁচায়,
তার উপর বসিয়েছ মৃত্যুর পাহারা।
উড়তে দিয়েছ চিন্তার পাখিকে,
আবার ফাঁদও পেতে রেখেছ চারদিকে।
ভালো–মন্দ, জান্নাত–জাহান্নাম
এই উল্টোপাল্টা খেলায় কী রহস্য লুকানো?
আদম ভুল করল শাস্তি পেল মানুষ!
ন্যায়বিচারের মানদণ্ড এ কেমন?
মানুষকে খলিফা বানালে পৃথিবীতে,
আবার নিজেকে লুকিয়ে রাখলে সবার চোখ থেকে।
সৃষ্টির খেলাঘর
প্রতিদিন নতুন নকশা আঁকো, আবার মুছে দাও।
পাথরকে হীরে বানাও,
হীরেকে মাটিতে মিশিয়ে দাও।
মৃতদের জীবন দাও,
মসীহাকেও শূলবিদ্ধ করো।
যে তুর পাহাড়ে তোমাকে দেখতে চায়
সেই পাহাড়ই জ্বালিয়ে দাও।
নমরূদের আগুন জ্বালাও,
আবার আগুনকে বাগান বানাও।
ইউসুফকে বাজারে বিক্রি করো,
শেষে মিশরের বাদশাহ বানাও।
যে প্রেমে পৌঁছায়
তার হৃদয়ে “আনাল হক” ধ্বনি জাগাও,
আবার তাকেই কাফের বলে ফাঁসি দাও।
যে তোমার সন্ধানে রাঞ্জা হয়
তাকে জঙ্গলের পথে কাঁদাও।
যে কায়েস হয়ে খোঁজে
তাকে মজনু বানাও।
সাসিকে মরুভূমিতে পোড়াও,
সোহনিকে ঢেউয়ে ভাসাও।
আর যাকে চাইলে
এক রাতেই মেরাজে পৌঁছে দাও।
তুমি এক রহস্যময় ধাঁধা!
গজল ,কালাম, কাসিদা ,কাওয়ালী--এসবের মধ্যে একটা মিল আছে সেটা হলো আধ্যাত্মিকতা। এই চারটা ধারার ভেতরে আলাদা আলাদা সুর, ফর্ম, ইতিহাস থাকলেও ভেতরের আত্মা প্রায় একই আধ্যাত্মিক অনুভব। গজল সাধারণত প্রেমের কবিতা হিসেবে পরিচিত। কিন্তু এই প্রেম অনেক সময় মানুষের নয়, স্রষ্টার প্রতি আকুলতা। প্রেমিক-প্রেমিকা আসলে প্রতীক। বাহিরে প্রেম, ভেতরে ঈশ্বর খোঁজা। কালাম মূলত সুফি সাধকদের লেখা আধ্যাত্মিক কবিতা। এখানে সরাসরি ঈশ্বর, আত্মা, জীবন, মৃত্যু এসব নিয়ে কথা বলা হয়। এটা সবচেয়ে স্পষ্টভাবে আধ্যাত্মিক ধারার।
কাসিদা মূলত প্রশংসাগীতি। নবী, আউলিয়া বা আধ্যাত্মিক ব্যক্তিত্বের প্রশংসা করা হয়। প্রশংসা থাকলেও উদ্দেশ্য ভক্তি আর শ্রদ্ধা প্রকাশ। কাওয়ালী হলো এই সবকিছুর সুরেলা রূপ। গজল, কালাম, কাসিদা সব এক জায়গায় এসে সঙ্গীতে মিলেছে। সবগুলোতেই মানুষ নিজের সীমাবদ্ধতা অনুভব করে, সবগুলোতেই একটা অনুসন্ধান আছে, সবগুলোতেই প্রেম আছে কিন্তু সেই প্রেম পৃথিবীর বাইরে গিয়ে দাঁড়ায়। “মানুষ ,প্রেম ,আত্মা ,ঈশ্বর”--এই যাত্রাটাই চারটাকে এক সুতোয় বাঁধে।
কাওয়ালীর জন্ম সুফি দরবারে। এর শিকড় গিয়ে মিশে আছে দিল্লির আধ্যাত্মিক পরিমণ্ডলে, বিশেষ করে আমির খুসরোকে কাওয়ালীর জনক বলা হয়, আর এই সঙ্গীত বিকশিত হয় নিজামুদ্দিন আউলিয়া–এর দরবারকে কেন্দ্র করে। সুফি ভাবনায় মানুষের জীবনের মূল লক্ষ্য তিনটি স্তরে ধরা হয় প্রথমটা হলো অহং ভেঙে ফেলা, দ্বিতীয়টা আত্মাকে পরিশুদ্ধ করা এবং তৃতীয়টা হলো শেষ পর্যন্ত স্রষ্টার সাথে মিলনে পৌঁছানো।
কাওয়ালী সেই অন্তর্জাত্রার সঙ্গীত। এখানে সুর মানে শুধু সুর নয়, এটা আত্মার পথচলার সঙ্গী। তীব্র আবেগ ও ওয়াজদ। খেয়াল করলে দেখা যাবে কাওয়ালী শুনলে মানুষ হাততালি দেয়, চোখ বন্ধ করে, কখনো কাঁদে--এর পেছনে একটি উদ্দেশ্য আছে।
এই সঙ্গীতের লক্ষ্য হলো ওয়াজদ; এক ধরনের আধ্যাত্মিক তন্ময়তা তৈরি করা।
ধীরে শুরু হলেও আস্তে আস্তে তাল বাড়ে, এবং একই পংক্তির পুনরাবৃত্তি করে, আবেগ ক্রমে উঁচুতে ওঠে। একসময় শ্রোতা এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে যুক্তি থেমে যায়, অনুভূতি কথা বলতে শুরু করে। এটা শুধু কনসার্ট নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক মিলনের বৈঠকি আসর।
কাওয়ালীর একটি বড় বৈশিষ্ট্য হলো একই লাইন বারবার গাওয়া। এটা কাকতালীয় নয়, বরং গভীর মনস্তাত্ত্বিক কৌশল। এই পুনরাবৃত্তি ধীরে ধীরে মানুষের মনকে যুক্তি থেকে আবেগে, চিন্তা থেকে অনুভূতিতে নিয়ে যায়। দলবদ্ধ কণ্ঠ, তালি, তালের ওঠানামা সব মিলিয়ে তৈরি হয় এক সম্মিলিত আধ্যাত্মিক অভিজ্ঞতা। মানবতা ও ভ্রাতৃত্বের সঙ্গীত কাওয়ালী ধর্মের সীমানা ভেঙে দেয়। হিন্দু, মুসলিম, শিখ যে কেউ এই সুরে নিজের হৃদয়ের কথা খুঁজে পায়। এই সার্বজনীন আবেদনই কাওয়ালীকে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছে। বিশ্বমঞ্চে এটিকে পৌঁছে দেন নুসরাত ফতেহ আলী খান এবং সাবরি ব্রাদার্স। কাওয়ালী তাই শুধু গান নয়, এটা মানুষকে মানুষে, আর মানুষকে স্রষ্টার সঙ্গে যুক্ত করার এক সেতু। এই কাওয়ালির মূল সুরটাই হলো: খোদাকে বোঝা যায় না যুক্তিতে,
শুধু প্রেমে অনুভব করা যায়।
কাওয়ালী, সুফি কবিতা আর লোককাহিনীতে প্রেম মানে শুধু প্রেম নয় আসলে ঈশ্বরের সন্ধান। তাই এই প্রেমিক-প্রেমিকারা ইতিহাস আর মিথের মাঝামাঝি দাঁড়িয়ে আছে। চলুন, এক এক করে দেখি কার গল্প কোথা থেকে এসেছে, আর এগুলো সত্যি নাকি কিংবদন্তি। উল্লেখিত কাওয়ালিতে কিছু অমর প্রেমের জুটিদের নাম পাওয়া যায়, অনেকেই আমরা লোকমুখে শুনেছি, উল্লেখিত অমর প্রেমের গল্পগুলোকে তুলে ধরলাম।
এই কাওয়ালির প্রতিটি চরিত্র ও শব্দ শুধু গল্প নয় তারা মানব জীবনের আধ্যাত্মিক যাত্রার প্রতীক। প্রেমিক–প্রেমিকার গল্পগুলো (লায়লা মজনু, হীর রাঞ্জা, সাসি পান্নুন, সেহিনী মোহিওয়াল মানুষের হৃদয়ে ঈশ্বরের সন্ধানের রূপক। নমরুদ, পাহাড়, নদী বা মরুভূমি এই বাধাগুলো মানুষের চেষ্টার পরীক্ষা, যার মাধ্যমে প্রেম বা আধ্যাত্মিক উপলব্ধি গভীর হয়।
মেরাজ, আনাল হক, বা রুহ-এর মতো শব্দ সরাসরি আল্লাহর সঙ্গে সংযোগের ইঙ্গিত দেয়। কাওয়ালীতে উল্লেখিত কিছু জোড়া নাম যাদের কথা লোক মুখে বা গল্পে, পুরাণকাহিনীতে, সিনেমা কেচ্ছা বা পুথি সাহিত্যে আমরা পড়েছি। এমনকি বটতলার পুথির পাঠের আসরে একসময় এসব অমর প্রেমের গল্প শোনাতেন পুথিয়াল। আজকাল এসব হয়ত কেউ শোনে না এনিমেশনের যুগে। কিন্তু ইতিহাস ঘুরে ঘুরে আসে। আমি কাওয়ালীতে উল্লেখিত সংযুক্ত প্রেমের জুটির নাম ধরে গল্পগুলোর কিছু নমুনা এখানে তুলে ধরছি।
প্রথমেই শুরু করছি “হীর–রাঞ্জা” অমর প্রেমের গল্প দিয়ে।
হীর–রাঞ্জা
প্রধান চরিত্র-হীর–রাঞ্জা
লেখক -ওয়ারিস শাহ
গল্প-হীর–রাঞ্জার পূর্ণ প্রেমকাহিনী
মূল গল্প:
নদীর তীরে এক বাউলের শুরু।
পাঞ্জাবের তখত হাজারা গ্রামের জমিদার পরিবারে জন্ম রাঞ্জার। অন্য ভাইদের থেকে সে ছিল একটু আলাদা; জমি, ব্যবসা, সম্পত্তি কিছুই তাকে টানত না। সে টান পেত শুধু বাঁশির সুরে। দিন কাটত নদীর ধারে বসে, গরু চরিয়ে, আকাশ দেখে, বাঁশি বাজিয়ে। পরিবারের কাছে সে অকর্মা। ভাইদের সাথে ঝগড়া বাড়তে বাড়তে একদিন ঘর ছাড়ল সে। কোনো ঠিকানা নেই। শুধু অজানার উদ্দেশ্যে হাঁটা আর বাঁশি বাজানো। চলতে চলতে এই পথই একদিন তাকে নিয়ে গেল জং শহরে। সেখানে জং ছিল ধনী, গর্বিত মানুষের শহর। সেই শহরের সবার মুখে এক নাম “হীর”। অসাধারণ সুন্দরী, তীক্ষ্ণ বুদ্ধি, আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা। রাঞ্জা যখন ক্লান্ত হয়ে নদীর ধারে শুয়ে পড়েছিল, তখনই প্রথম দেখা। হীর দূর থেকে শুনেছিল বাঁশির সুর। এমন সুর সে আগে শোনেনি। সে এগিয়ে এসে দেখল এক অচেনা যুবক, চোখে শান্তি, হাতে বাঁশি। এই মুহূর্তেই শুরু মনের ভেতরে প্রেমের অনুভূতি।
প্রথম কথা, প্রথম হাসি, প্রথম বিস্ময়--সব যেন আগে থেকেই লেখা ছিল। হীর রাঞ্জাকে নিজের বাড়িতে কাজ দেয় গরু চরানোর। বাহ্যিকভাবে সে একজন রাখাল। ভেতরে ভেতরে প্রেমিক। সবাই ভাবত সে গরু চরায়। হীর জানত সে বাঁশি বাজায় শুধু তার জন্য। দিনের পর দিন নদীর তীরে দেখা। চোখের ভাষা, চুপচাপ বসে থাকা, হাত ছোঁয়া; আস্তে আস্তে প্রেম গভীর হয়ে উঠল। কিন্তু সম্পর্কটি বেশি দিন গোপন থাকে না।
একদিন পরিবারের চোখে পড়ে যায় সবকিছু। হীরের পরিবার ক্ষিপ্ত হয়: এক রাখাল, এক ভবঘুরে, এই ছেলেকে বিয়ে করবে তাদের মেয়ে? অসম্ভব! রাঞ্জাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হলো। হীরকে বন্দি করে রাখা হলো ঘরে। এই জায়গা থেকেই গল্প বদলে যায়। জং ছাড়া হলো রাঞ্জা।
হীরকে হারিয়ে রাঞ্জা মোটেও ভেঙে পড়েনি। সে পাগল হয়নি, সে বদলে গেল। সে হয়ে উঠল জোগী (ফকির)। চুল কেটে ফেলল, দেহে ছাই মাখল, দুনিয়া ত্যাগ করল। তার নতুন পরিচয় প্রেমিক নয়, ভিক্ষুক। কিন্তু সত্যি হলো সে এখনও শুধু হীরেরই। বছরের পর বছর ঘুরে শেষে সে আবার ফিরে এল হীরের শহরে। ফকিরের বেশে একদিন দরজায় দাঁড়াল সে। হীর চিনে ফেলল সহজেই রাঞ্জার চোখ দেখে। দুজন আবার দেখা করল। আবার প্রেম জ্বলে উঠল। এবার তারা পালাতে চাইল না। তারা বিয়ে করতে চাইল। অনেক চাপ, অনেক অনুরোধের পর অবশেষে পরিবার রাজি হলো। বিয়ের দিন ঠিক হলো। গল্প যেন সুখের দিকে এগোচ্ছে। কিন্তু লোককাহিনীর প্রেম কখনও সহজ সমাপ্তি পায় না। বিশ্বাসঘাতকতার স্বীকার হলো তারা। হীরের কাকা এই বিয়ে মেনে নেয়নি। সমাজের সম্মান তার কাছে প্রেমের চেয়ে বড়। বিয়ের আগের দিন হীরকে বিষ খাওয়ানো হলো। রাঞ্জা খবর পেয়ে ছুটে এলো। সে দেখল হীর আর নেই। তার সামনে পড়ে আছে তার পৃথিবী। রাঞ্জা হীরের হাতে থাকা বিষই খেয়ে ফেলল।
দুজনের মৃত্যু হলো একসাথে।
প্রেম শেষ হলো না, মানুষের গল্প শেষ হলো।
এই গল্প মিথ না সত্য?
ইতিহাসে নিশ্চিত প্রমাণ নেই।
তবে পাঞ্জাবের লোকমুখে এই প্রেম শত শত বছর ধরে বেঁচে আছে। ধারণা করা হয় বাস্তব কোনো প্রেমিক যুগল ছিল যাদের গল্প পরে কবিতা হয়ে ওঠে।
সুফি ব্যাখ্যা
এই গল্প শুধু প্রেম নয়। সুফি কবিরা বলেন হীর মানে আত্মা। রাঞ্জা মানে সেই প্রেমিক যে খোদাকে খুঁজছে। সমাজ, পরিবার, বাধা সব দুনিয়ার দেয়াল। শেষে মৃত্যু মানে হারানো নয় বরং মিলন। মানুষ ভাবে তারা প্রেমে মরেছে। সুফিরা বলেন তারা প্রেমে পূর্ণ হয়েছে। সম্ভবত লোককাহিনী। বাস্তব কোনো প্রেমিক যুগল হয়তো ছিল, কিন্তু গল্পটি সাহিত্যিক রূপ পেয়েছে সুফি কবিতায়। সুফি ব্যাখ্যায়: হীর = আত্মা, রাঞ্জা = আল্লাহর সন্ধানী প্রেমিক।
এবার আসি দ্বিতীয় গল্পটিতে।
লায়লা–মজনু
লায়লা–মজনুর পূর্ণ প্রেমকাহিনী
প্রধান চরিত্র: কায়েস (মজনু)
লায়লা
সাহিত্যিক রূপ দিয়েছেন -নিজামী গঞ্জভী
শৈশবের এক স্কুল থেকে শুরু। আরব মরুভূমির এক গোত্রে জন্ম কায়েসের। ছোটবেলা থেকেই শান্ত, সংবেদনশীল, কবিতা লিখতে ভালোবাসত। একদিন তাকে পাঠানো হলো মক্তবে পড়তে। সেখানেই তার প্রথম দেখা লায়লার সঙ্গে। শুরুটা খুব সাধারণ ছিল, দুজন সহপাঠী। কিন্তু খুব দ্রুতই চোখে চোখ পড়া বদলে গেল হৃদয়ের গল্পে।
কায়েস কবিতা লিখতে শুরু করল শুধু লায়লাকে নিয়ে। লায়লা শুনত, লজ্জা পেত, আবার হাসত। শৈশবের বন্ধুত্ব নিঃশব্দে প্রেম হয়ে উঠল। প্রেম প্রকাশ অবারিত হলেও সমাজের ভয় আঁকড়ে ধরলো। স্কুলে সবাই বুঝে গেল কায়েস পাগলের মতো ভালোবাসে লায়লাকে। সে প্রকাশ্যে কবিতা পড়ত, প্রেম লুকাত না। আরব সমাজে এটি ছিল অসম্মানের বিষয়। গোত্রের সম্মান, পরিবারের মর্যাদা সবকিছু ঝুঁকির মুখে। লায়লার পরিবার ভয় পেল। তারা মেয়েকে স্কুল থেকে সরিয়ে নিল। এই বিচ্ছেদই গল্পের মোড় ঘুরিয়ে দিল। কায়েস থেকে “মজনু”, লায়লাকে হারিয়ে কায়েস বদলে গেল। সে আর স্বাভাবিক থাকল না। সে লায়লার নাম জপতে লাগল, কবিতা লিখতে লাগল, মানুষের ভিড় ছেড়ে মরুভূমিতে চলে গেল। মানুষ তাকে নতুন নাম দিল মজনু, মানে প্রেমে উন্মাদ। সে আর সমাজের মানুষ রইল না। সে হয়ে গেল প্রেমের মানুষ।
কায়েসের পরিবার লায়লার কাছে বিয়ের প্রস্তাব পাঠাল। কিন্তু লায়লার বাবা এক কথায় না। কারণ? তিনি বললেন এক পাগলের হাতে মেয়েকে দেবেন না। এটাই সেই মুহূর্ত যখন সমাজ প্রেমকে হারাল।
পরিবার জোর করে লায়লার বিয়ে দিল এক ধনী, প্রভাবশালী মানুষের সঙ্গে। লায়লা বাধ্য হলো। কিন্তু সে কখনও স্বামীকে ভালোবাসেনি। তার হৃদয় থেকে গেছে কায়েসের কাছে। অন্যদিকে মজনু সব ছেড়ে মরুভূমিতে ঘুরে বেড়াতে লাগল। মানুষ, শহর, নিয়ম সব তার কাছে অর্থহীন। তার সঙ্গী শুধু পশু, আকাশ আর কবিতা। মজনু ছিল মরুভূমির প্রেমিক। বলা হয় মজনু পশুদের সাথে কথা বলত। হরিণকে দেখলে বলত তোমার চোখ লায়লার মতো। মানুষ তাকে ভয় পেত, কিন্তু তার কবিতা শুনে কাঁদত। সে আর লায়লাকে পেতে চাইত না, সে শুধু তাকে ভালোবাসত। এই জায়গা থেকেই প্রেম রূপ নেয় আধ্যাত্মিকতায়।
বহু বছর পর খবর এলো লায়লা অসুস্থ। মজনু দূর থেকে তাকে দেখতে এল। কিন্তু সমাজ এখনও তাদের আলাদা রাখল। তারা কাছাকাছি থেকেও দেখা করতে পারল না।
অল্পদিন পর লায়লা মারা গেল। লায়লার মৃত্যুর খবর শুনে মজনু তার কবরের কাছে চলে গেল। সে কাঁদেনি, চিৎকার করেনি। সে শুধু কবরের পাশে শুয়ে পড়ল। কিছুদিন পর সেখানেই তার মৃত্যু হলো। মানুষ বলল, দুজন মৃত্যুর পর এক হলো।
মিথ না সত্য? আরবের ইতিহাসে কায়েস নামের এক কবির উল্লেখ পাওয়া যায়,
যিনি সত্যিই প্রেমে উন্মাদ হয়ে পড়েছিলেন। কিন্তু আজ আমরা যে কাহিনী জানি তা মূলত নিযামীর কবিতার মাধ্যমে সাহিত্য হয়ে উঠেছে।
বাস্তব + লোকগাথা + সুফি কাব্য = লায়লা,মজনু।
সুফি ব্যাখ্যা
এই গল্প প্রেমের গল্প নয়, এটা আত্মার যাত্রা। মজনু মানে যে প্রেমে নিজেকে হারায়। লায়লা মানে ঈশ্বরের সৌন্দর্য। মানুষ ভাবে মজনু লায়লাকে খুঁজছিল। সুফি কবিরা বলেন সে খুঁজছিল খোদাকে। মজনু = যে প্রেমে নিজেকে হারায়। লায়লা = ঈশ্বরের সৌন্দর্য। লায়লা মজনুর মতো আরও একটা ঐশ্বরিক প্রেমের স্বাক্ষর রেখে গেছেন:
সাসি–পুন্নুন
প্রধান চরিত্র: সাসি / পান্নুন
লেখক: শাহ আব্দুল লতিফ ভট্টাই
নদীতে ভেসে আসা এক শিশু। চলুন, গল্পটি পড়ে আবার ভেসে যাই গভীরভাবে আত্মার মিলনের সন্ধানে।
সিন্ধের রাজা বহুদিন সন্তানহীন ছিলেন। অবশেষে একটি কন্যাসন্তান জন্ম নিল। কিন্তু রাজ্যের জ্যোতিষীরা বলল, এই মেয়ে বড় হয়ে পরিবারের জন্য অপমান ডেকে আনবে। রাজা ভয় পেলেন। সিদ্ধান্ত হলো শিশুটিকে বাঁচিয়ে রাখা যাবে না। একটি ছোট বাক্সে রেখে শিশুটিকে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। ভাগ্যের অদ্ভুত খেলা এক ধোপা সেই বাক্স খুঁজে পেল। তার নিজের সন্তান ছিল না। সে শিশুটিকে নিজের মেয়ের মতো লালন করল। এইভাবেই রাজকন্যা বড় হলো সাধারণ মানুষের ঘরে। তার নাম রাখা হলো সাসি। বড় হতে হতে সাসির সৌন্দর্যের গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্তে মানুষ তার কথা বলতে লাগল। এই খবর পৌঁছাল বেলুচিস্তানের এক রাজপুত্র পুন্নুনের কানে। সে শুনেই মুগ্ধ হলো। দেখার আগেই প্রেমে পড়ল। পুন্নুন ছদ্মবেশে সিন্ধে এল একজন ব্যবসায়ী সেজে। একদিন বাজারে সাসিকে দেখল পুন্নুন। দেখার পর তার আর কোনো সন্দেহ রইল না। এটাই সেই মানুষ যাকে সে খুঁজছিল। পুন্নুন ধোপার কাছে কাজ নেওয়ার অজুহাতে সাসির কাছে আসতে লাগল। দিনের পর দিন দেখা, কথা, হাসি তাদের মধ্যে প্রেম জন্ম নিল।
সাসির বাবা (ধোপা) সহজে রাজি হলেন না। তিনি বুঝেছিলেন পুন্নুন সাধারণ কেউ নয়। তিনি বললেন, তুমি যদি সত্যিই সাসিকে ভালোবাসো, তবে ধোপার কাজ শিখতে হবে। রাজপুত্র পুন্নুন রাজি হলো। সে কাপড় ধোয়া শুরু করল। প্রেম তাকে রাজপুত্র থেকে সাধারণ মানুষ বানিয়ে দিল। অবশেষে তাদের বিয়ে হলো। কিন্তু পুন্নুনের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। তাদের রাজপুত্র এক ধোপার মেয়েকে বিয়ে করেছে এ অপমান তারা সহ্য করতে পারল না। এক রাতে তারা গোপনে সিন্ধে এল। পুন্নুনকে মদ খাইয়ে অজ্ঞান করল। তারপর তাকে উটের পিঠে তুলে নিয়ে চলে গেল মরুভূমির পথে।
সকালে ঘুম ভেঙে সাসি দেখল পুন্নুন নেই। সব বুঝতে সময় লাগল না। সে এক মুহূর্ত দেরি করল না। খালি পায়ে মরুভূমির পথে বেরিয়ে পড়ল। সূর্য মাথার উপর, বালি পায়ের নিচে জ্বলছে তবু সে হাঁটছে। সে শুধু একটি নাম ডাকছে পুন্নুন। দীর্ঘ পথ চলার পর সাসি আর পারল না। তৃষ্ণায় শরীর ভেঙে পড়ল। সে মাটির দিকে তাকিয়ে বলল হে আল্লাহ, আমাকে লুকিয়ে নাও। আমার সম্মান রক্ষা করো। কথিত আছে—মাটি ফেটে গেল। সাসি মাটির ভিতর হারিয়ে গেল।
পুন্নুন জেগে উঠে সব বুঝল। সে মরুভূমিতে ছুটে এল। মানুষ তাকে পথ দেখাল, এখানেই সাসি হারিয়ে গেছে। পুন্নুন সেই জায়গায় বসে কাঁদতে লাগল। শেষে সেও সেখানেই মৃত্যুবরণ করল। মানুষ বলে তারা মাটির নিচে একসাথে মিলিত হলো।
সুফি অর্থ-
মরুভূমি মানে কঠিন আধ্যাত্মিক পথ। সাসি মানে আত্মা। পুন্নুন মানে প্রিয়তম ঈশ্বর।
এই গল্পে মৃত্যু মানে শেষ নয়, চূড়ান্ত মিলন।
মিথ না সত্য?
সিন্ধ অঞ্চলের লোককাহিনী। ঐতিহাসিক প্রমাণ নেই, কিন্তু লোকস্মৃতিতে গভীরভাবে বেঁচে আছে। সাসি পুন্নুনের গল্প শেষ হতে না হতেই আরও একটা গল্প সংক্ষেপে তুলে ধরছি এখানে।
অদ্ভুত সব প্রেম ত্যাগের মহিমা নিয়ে অবিস্মরণীয় হয়ে আছে। প্রেমগুলো শুধু গল্পে নয়, মানুষের হৃদয়ে থেকে গেছে, উদাহরণ হিসেবে।
এবার বলবো সোহনি - মাহিওয়ালের গল্প।
সোহনি–মাহিওয়াল
প্রধান চরিত্র: সোহিনি - মাহিওয়াল
লেখক: ফজল শাহ সাঈদ
সেহিনী ছিল এক সুন্দরী, জীবনে সৌন্দর্য ও কোমলতার মিশ্রণ। বিবাহিত ছিলেন অন্য কোনো বাড়িতে, কিন্তু তার হৃদয় এক গভীর প্রেমের জন্য প্রস্তুত। মাহিওয়াল ছিলেন ধনী ও সাহসী যুবক, যিনি তার সততা, সাহস এবং প্রেমের নিবেদন দিয়ে সোহিনীর হৃদয় জয় করেন।
তাদের প্রথম দেখা হয়েছিল নদীর তীরে। সেহিনী যখন নদীর ধারে পানি নেওয়ার জন্য আসে, তখন মাহিওয়াল তার সঙ্গে চোখ মেলায়। সেই এক মুহূর্তেই দু’জনের হৃদয় বাঁধন তৈরি করে। প্রেমের আগুন তখন জ্বলতে শুরু করে, কিন্তু সমাজের নিয়ম, সংসার এবং নিয়তির বাধা তাদের স্বাধীন মিলনকে অসম্ভব করে তোলে।
সোহিনী প্রতিদিন রাতের আঁধারে কাঁচা মাটির ঘড়া নিয়ে নদী পার হতেন। নদীর ঢেউ, তীব্র স্রোত, অন্ধকার সবই তার প্রেমের এক চ্যালেঞ্জ। সেহিনী ঘড়া দিয়ে মাহিওয়াল-এর কাছে পৌঁছে যেতেন, যেখানে তারা গোপনে মিলন করতেন। নদী তখন তাদের প্রেমের সাক্ষী, চাঁদের আলো আর নীরবতার মাঝে দু’জনের হৃদয় এক হয়ে যেত।
কিন্তু একদিন, সোহিনী-এর শত্রু তার প্রেমের পথে বাধা দেয়। তারা ঘড়াটি বদলে দেয়, যাতে নদীর স্রোত তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সেই রাতে সোহিনী আগের মতো ঘড়া নিয়ে নদীতে নামে। ঘড়া ভেঙে যায়, এবং সেহিনী প্রবল স্রোতে ভেসে যায়। তার আত্মত্যাগ এবং প্রেমের নিবেদন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
মাহিওয়াল খবর পেয়ে নদীর তীরে আসে। তিনি সোহিনী-এর মৃত্যুর খবরে ভেঙে পড়েন। প্রেমিকের কাছে সোহিনী-এর মৃত্যু কেবল দুঃখ নয়, বরং প্রেমের চরম আত্মত্যাগের নিদর্শন। মাহিওয়াল সোহিনী-এর মৃত্যুতে তার জীবন উৎসর্গ করে। তাদের কাহিনী একটি অনন্ত প্রেমের প্রতীক হয়ে যায় যা সমাজ, সময় বা বাধার কাছে হার মানে না।
ফজল শাহ সাঈদ এই কাহিনীতে প্রেমের পবিত্রতা, আত্মত্যাগ এবং মানুষের হৃদয়ের গভীর আবেগকে এমনভাবে ফুটিয়েছেন যে, সোহিনী – মাহিওয়াল-এর গল্প এখনও নদী, বাতাস এবং মানুষের মনে জীবন্ত।
মিথ না সত্য?
পাঞ্জাবের লোকগাঁথা। কিছু ইতিহাসবিদ মনে করেন এর বাস্তব ভিত্তি আছে।
সুফি ব্যাখ্যা
নদী = দুনিয়া, ঘড়া = বিশ্বাস, ডুবে যাওয়া = ঈশ্বরে বিলীন হওয়া।
এই প্রেমগুলোকে সাধারণ প্রেম ভাবলে ভুল হবে। সুফি কাব্যে এগুলো আসলে মানুষের আত্মা আর খোদার সম্পর্কের প্রতীক। মানুষ প্রেমে পড়ে মানুষকে খোঁজে। সুফি কবি দেখেন মানুষ প্রেমে পড়ে আসলে খোদাকেই খোঁজে।
এই কাওয়ালির প্রতিটি চরিত্র ও শব্দ শুধু গল্প নয়, তারা মানব জীবনের আধ্যাত্মিক যাত্রার প্রতীক। প্রেমিক–প্রেমিকার গল্পগুলো মানুষের হৃদয়ে ঈশ্বরের সন্ধানের রূপক।
নমরুদ, পাহাড়, নদী বা মরুভূমি এই বাধাগুলো মানুষের চেষ্টার পরীক্ষা, যার মাধ্যমে প্রেম বা আধ্যাত্মিক উপলব্ধি গভীর হয়। মেরাজ আনাল হক বা রুহ -এর মতো শব্দ সরাসরি আল্লাহর সঙ্গে সংযোগের ইঙ্গিত দেয়।
কাওয়ালীর আসল আকর্ষণ শুধু গান না, এটা আসলে এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। শুনতে গান, কিন্তু উদ্দেশ্য হৃদয়কে নরম করা, প্রেম জাগানো, আর মানুষকে ঈশ্বরের দিকে টেনে নেওয়া। কাওয়ালীর কেন্দ্রীয় বিষয়গুলো হলো ঈশ্বরের প্রেম।
কাওয়ালীর সবচেয়ে বড় থিম হলো ইশকের দুই স্তর
ইশক-এ-মাজাজি (মানুষের প্রেম)
ইশক-এ-হাকিকি (ঈশ্বরের প্রেম)
শুনলে মনে হয় প্রেমিক-প্রেমিকার গল্প। কিন্তু ভেতরে ভেতরে সেটা মানুষের আত্মা আর স্রষ্টার সম্পর্ক।
যেমন—
প্রেমিক = মানুষ
প্রেমিকা = আল্লাহ বা স্রষ্টা
এই প্রতীকী ভাষাই কাওয়ালীর জাদু।
