২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীনু ফ‌কি‌রের 'মনমা‌ঝি' ও ক‌বি জ‌সীমউদ্‌দীন

এই সরলতাই তাঁর কাল হলো। সামান্য জ্বর হওয়ায় তিনি চিকিৎসকের পরামর্শে ১০দিনের জন্য ১০টি কুইনাইনের বড়ি আনলেন। ১০ দিন খেয়ে জ্বর সারনোর অপেক্ষা করতে চাইলেন না দীনু। দ্রুত আরোগ্যের আশায় দীনু একবারেই দশটি বড়ি খেয়ে নিলেন। আর তার প্রতিক্রিয়ায় জ্বর কমার বদলে তাঁর মস্তিস্ক বিকৃতি দেখা গেল। জসীমের ভাষায় ‘দীনু পাগল হইয়া গেল’। এভাবে একমাস পরে তিনি মারা গেলেন।

তপন বাগচী তপন বাগচী

Published : 01 Jan 2026, 10:33 AM

Updated : 26 Aug 2026, 05:28 PM

জসীমউদ্‌দীন যত গান লিখেছেন, তাঁর চেয়ে সংগ্রহ করেছেন বেশি। গান সংগ্রহ করতে গিয়ে অনেক পথের শিল্পীকে তিনি বাড়িতে এনেছেন, আসর থেকে তিনি টেনে তুলেছেন মঞ্চে। সুযোগ দিয়েছে বেতারে এবং গ্রামোফোন কোম্পানির রেকর্ডে গান গাওয়ার। আবার গ্রামে পড়ে থাকা অনেক গুণী শিল্পীর গানকে তিনি এমনভাবে তুলে ধরেছেন, তাতে গানগুলো যেমন টিকে আছে, আবার গুণী শিল্পীরাও সমাজে সমাদৃত হয়েছে। সম্প্রতি ‘মনমাঝি খবরদার’ গানটির বিষয়ে এক্ষেত্রে আমলযোগ্য। এই গানটির শিল্পী দীনু ফকির উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। এই দীনু ফকিরকে (১৯০৩-১৯৩৫) আবিষ্কারের কৃতিত্ব কবি জসীমউদ্‌দীনের (১৯০৩-১৯৭৬)।

ফরিদপুর অঞ্চলের গান এটি, তা জানতাম। ছোটোবেলায় মাদারীপুর অঞ্চলে সারিগান হিসেবেও বাইচের নৌকায় এর পরিবেশনা দেখেছি। আমার বাবার মামা, মানে আমার দাদু জয়লাল তালুকদারের কন্ঠে এই গান শুনেছি আমাদের নৌকায়। আড়িয়ালখাঁ কিংবা কুমার নদে  বাইচখেলা শেষে ক্লান্ত শরীরের বাড়ি ফেরার পথে এই গান গাইতেন দাদু। সঙ্গে বাইছারাও গলা মেলাতো সুরের সঙ্গে।

গানটি কবি জসীমউদ্‌দীনের ‘মুর্শিদা গান’ (বাংলা একাডেমি, ১৯৭৭) সংকলনে রয়েছে। কবি লিখেছেন, ‘খুব সম্ভব ১৯২৪ সনে চরভদ্রাসন, জেলা-ফরিদপুরের দীনু ফকিরের নিকট এই গানটি শুনি। গানের যতটুকু মনে আছে তাহা এখানে লিখিয়া রাখিলাম।’ তার আগে গানটির উদ্ধৃতি--

আমার নৌকা যেন ডোবে না 

আমার তরী যেন ডোবে না 

মন মাঝি খবরদার 

সাড়ে তিন হাত নৌকা খানি রে 

ঘন ঘন গুরা, 

এই নৌকা খান বাইতে আমার রে

হাড্ডি হৈল গুড়া রে। 

মাস্তলে উঠিয়া মাঝি রে 

বলছে হায় হায় 

পিছের দিকে চায়া দেখ রে 

বেলা ডুইবা যায় রে।

এই হচ্ছে গানটির জসীমধৃত প্রকৃত পাঠ। এখন শ্রুতি থেকে অনেকে গাইছেন বলে শব্দের বিকৃতি ঘটেছে, তাতে অর্থ ও ভাবের বিকৃতিও ঘটেছে। প্রায় পাঁচ বছর আগে বিখ্যাত শিল্পী জাহিদ পিন্টু গেয়েছেন--‘আমার তরী যেন ভেড়ে না।’ গীতিকার ও সুরকার হিসেবে নাম ছিল মুনতাজ ফকিরের। দীনু ফকিরেরে কাছে শুনে জসীম লিখেছেন ‘ডোবে না’। মানে, নৌকা ভিডুক—সকলে মোক্ষে গমন করুক, এই তো সকলের চাওয়া! তাহলে ‘ভেড়ে না’ কেন বলবে? তার প্রার্থনা হবে ‘যেন ডোবে না’ ।  আবার অনেকে গাইছে ‘সাড়ে তিনহাত নৌকারই খাঁচা’। মূল পাঠে আছে ‘নৌকাখানি রে’। খাঁচা সেখানে অনুপস্থিত। তাঁরা আবার গেয়েছেন- ‘মাস্তলে উঠিয়া মাঝি রে / এদিক-ওদিক চায়’। কিন্তু গানের মূল বাণীতে রয়েছে ‘মাস্তলে উঠিয়া মাঝি রে / বলছে হায় হায়’। অর্থের খুব একটা বিপর্যয় না-ঘটলেও মূল পাঠে ফিরে যাওয়াই বাঞ্ছনীয়। এই গানটিকে পুনর্জাগরণের কৃতিত্ব ড. জাহিদ পিন্টুর।  প্রায় ২০ বছর আগে তিনি এই গানটিতে কন্ঠ দিয়েছেন। মনমা‌ঝি খবরদার গান‌টি ২০০৬ সালে ‘প্রেম‌শিকারী’ শি‌রোনা‌মের অ‌্যালা‌বা‌মে জি-সি‌রিজ থে‌কে তাঁর ক‌ণ্ঠে প্রথম প্রকা‌শিত হয়। লোকমুখে শুনে তিনি মোনতাজ ফকিরের গান হিসেবে প্রচার করেছেন।  দৈনিক ‘কালের কণ্ঠে’র প্রতিবেদনে আমার সৌজন্যে এই গানের গীতিকার-সুরকার হিসেবে দীনু ফকিরের নাম প্রকাশিত হলে  তিনি ‘ভুল স্বীকার ও কৃতজ্ঞতা পর্ব’ নামে ফেসবুকে ভিডিওবাণীতে দীনু ফকিরের নামকেই মেনে নেন। এরপর থেকে এই গানটি দীনু ফকিরের নাম উল্লেখ করা হচ্ছে। গানটিকে জনপ্রিয় করার ক্ষেত্রে শিল্পী জাহিদ পিন্টুর অবদানই বেশি বলে স্বীকার করতে হয়।

কে এই দীনু ফকির? তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসনের মানুষ। এখন এটি থানা সদর। তখন গ্রাম ছিল। ডাকঘরও চরভদ্রাসন ছিল। জসীমউদ্‌দীনের সমবয়সী হিসেবে তাঁরও জন্মসাল ১৯০৩ বিবেচনা করা যায়। ১৯২৪ সালে জসীমের সঙ্গে জন্য সাক্ষাৎ হয়, তখন তাঁর বয়স ২১ বছর। তার ১০/১২ বছর পরে মৃত্যুবরণ করলে তখন তাঁর ৩২ বছর ধরে নেওয়া যায়। সেই হিসেবে তাঁর মৃত্যুসাল ১৯৩৫।

শতবছর আগে কবি জসীমউদ্‌্‌দীন লোকসংগীত সংগ্রহে দীনু ফকিরের কাছে যান। জসীম তাঁকে শিল্পী হিসেবেই চিনতেন। কিন্তু দীনু যে সারিন্দাবাদক হিসেবে অনেক বড়ো, তা জসীমই আবিষ্কার করলেন। গ্রামের মানুষ জানতো যে তিনি সারিন্দা বাজাতে পারেন। কিন্তু এক বছরের ৩/৪ আসরে দীনুর বাজনা শুনে জসীমের এই উচ্চ ধারণা তৈরি হয়। দীনু ফকির শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পঙ্গু ছিলেন বলে এলাকার লোকেরা ‘দীনু লেংড়া’ বলেও ডাকতো। জসীমউদ্‌দীন একবার ওই গ্রামের আবদুল মোল্লার বাড়িতে দীনু ফকিরের গান শুনতে যান। সারিন্দা বাজিয়ে দীনু গান ধরেন—

আমি কেনে বা পিরিতি রে করলাম

ওই ডাকাইত কালার সনে রে, 

আরে ও।

সেত ধান নহে চাউল নহে রে 

তারে আমি গোলাতে ছান্দিব রে

আরে ও।

গায়কি সম্পর্কে জসীমের পর্যবেক্ষণ, ‘এই একঘেঁয়ে সুরের যেখানটিতে দীনু ফকির "আরে ও" বলিয়া টান দিত সেখানটিতে আসিয়া তাহার সারিন্দা এমনি কম্পন মিশ্রিত একটি সুর তুলিত, মনে হইত এক সৃষ্টিকর্তা ছাড়া আর কেহ বুঝি এরূপ বাজাইতে পারে না’। জসীমের এই মূল্যায়ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবার আরেকটি বিষয় বেশ মজার! জসীম নিজে দাবি করেছেন যে এটি দীনু ফকিরের গান। অথচ অনেক শিল্পীই জসীমউদ্‌দীনের লেখা বলে গানটি গেয়ে চলছেন।

দীনুর যেহেতু একটি পায়ে সমস্যা। তাই বেশি দূর হাঁটতে পারতেন না। কোথাও হেঁটে যেতে হলে তাকে ধরে নিয়ে যেতে হতো। তাই তিনি দূরের গ্রামের সকল ডাক গ্রহণ করতে পারতেন না। মানুষই আসতো তাঁর কাছে গান শুনতে। সুরেলা কণ্ঠের কারণে এলাকায় তাঁর নাম ছড়িয়ে পড়ে। জসীমউদ্‌দীনও মুগ্ধতা নিয়ে বারবার গেছেন দীনুর বাড়িতে। কলকাতায় গিয়ে তিনি গ্রামোফোন কোম্পানির রেকর্ডে গান গাওয়ানোর জন্য কর্তৃপক্ষকে রাজি করালেন। কর্তৃপক্ষ জানালেন যে তাঁর সুর যদি বেশি চড়া হয়, তবে কণ্ঠশিল্পী না হলেও সারিন্দাশিল্পী হিসেবে অবশ্যই সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। জসীম ভাবলেন, তাতে তার আয়-রোজগার হবে। দীনুকে কলকাতায় নিয়ে যাওয়ার আয়োজন করলেন জসীম। চরভদ্রাসন থেকে নিয়ে এলেন ফরিদপুরের বাড়িতে। কলকাতা রওয়ানা হওয়ার দুইদিন আগে পাড়ার ছেলেরা তাঁর সরলতা লক্ষ করে দুষ্টুমি করে বলে, ‘তুমি যে কবি সাহেবের সঙ্গে যাইবে, জান, তোমাকে সাড়ার (সারার) পুল পার হইয়া যাইতে হইবে। সেখানে গাড়ীর অর্ধেকটা হয়ত পানিতেই পড়িয়া যাইবে। আর কলিকাতা যাইয়া যে কলের ভিতর তুমি গান গাহিবে তোমার মাথাটাও সেই কলের ভিতর থাকিয়া যাই পারে।" সরলমনা দীনু এতে ভয় পেলেন এবং কলকাতায় যাবেন না বলে গোঁ ধরলেন। অগত্যা, কবি তাঁকে চরভদ্রাসন পাঠিয়ে দিতে বাধ্য হলেন। গ্রামের শিল্পী গ্রামেই ফিরে গেলেন্। 

এই সরলতাই তাঁর কাল হলো। সামান্য জ্বর হওয়ায় তিনি চিকিৎসকের পরামর্শে ১০দিনের জন্য ১০টি কুইনাইনের বড়ি আনলেন। ১০ দিন খেয়ে জ্বর সারনোর অপেক্ষা করতে চাইলেন না দীনু। দ্রুত আরোগ্যের আশায় দীনু একবারেই দশটি বড়ি খেয়ে নিলেন। আর তার প্রতিক্রিয়ায় জ্বর কমার বদলে তাঁর মস্তিস্ক বিকৃতি দেখা গেল। জসীমের ভাষায় ‘দীনু পাগল হইয়া গেল’। এভাবে একমাস পরে তিনি মারা গেলেন। জসীমের ভাষায়-‘সামান্য ভুলের জন্য এতবড় একটা গুণী লোক অকালে জীবন ত্যাগ করিল।’ আমরা দীনুর মতো একজন গুণী শিল্পীকে হারালাম।  কিন্তু জসীমউদ্‌দীনের কল্যাণে তাঁর দুটি গান সংগীতবিশ্বে জায়গা করে নিল শতবর্ষ পরে। দীনুকে আবিষ্কার করাই শুধু নয়, তাঁর লেখা গানকে প্রতিষ্ঠা দিলেন জসীমউদ্‌দীন। জসীমউদ্‌দীনের মহত্ত্ব এখানে লক্ষ্যণীয়। তিনি দীনুর গান নিজের নামে চালাতে পারতেন। কিন্তু তিনি দীনুর গান দীনুর নামেই রাখলেন। শেখ ভানুর ‘নিশিতে যাইও ফুলবনে’ গানটির প্রথম চরণ নিয়ে তিনি যে গান নতুন করে সৃষ্টি করেছিলেন, তার ফলে শেখ ভানুও তাঁর গান নিয়ে উদ্ভাসিত হয়েছেন। শেখ ভানু কিংবা হাজেরা বিবিকে পরিচিত করানোর ক্ষেত্রে যেমন জসীমের ভূমিকা ছিল, দীনু ফকিরের ক্ষেত্রেও তাঁর একই রকম ভূমিকা।