২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির সৈনিক আইনস্টাইন–চতুর্থ অধ্যায়

স্বপন কুমার গায়েন

Published : 15 Mar 2022, 02:18 PM

Updated : 22 Jul 2022, 02:49 AM



আন্তর্জাতিক সহযোগিতা ও সম্মিলিত জাতিপুঞ্জ

যুদ্ধ নির্মূল ও শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত হিসেবে আইনস্টাইন একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন প্রথম বিশ্বযুদ্ধের শুরু থেকেই। তাঁর সেই মানস প্রতিষ্ঠানের রূপরেখা ১৯১৭ সালের ২৭শে আগস্ট হেনরিক জ্যাঙ্গারকে লেখা এক চিঠিতে বর্ণনা করেছিলেন (দ্বিতীয় অধ্যায় দ্রষ্টব্য)। ১৯২০ সালে অভিন্ন উদ্দেশ্যে গড়ে ওঠে সম্মিলিত জাতিপুঞ্জ (League of Nations, সংক্ষেপে "লীগ")। স্বাভাবিকভাবেই আইনস্টাইন লীগের প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়েছিলেন।

প্রতিষ্ঠার পরবর্তী দুই বছরে আইনস্টাইনের সাথে লীগের প্রত্যক্ষ কোন যোগাযোগ ছিল না। ১৯২২ সালে লীগের "গভীরতর চেতনার প্রতিরূপ" হিসেবে গড়ে ওঠে অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল কমিটি অন ইন্টেলেকচুয়াল কোঅপারেশন (International Committee on Intellectual Cooperation)। প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মাদাম মেরি কিউরী, পদার্থবিজ্ঞানী হেনড্রিক লোরেন্টজ, ফরাসী দার্শনিক হেনরি বার্গসন এবং অন্যান্য বিখ্যাত বুদ্ধিজীবীর সাথে আইনস্টাইনকেও এই কমিটির সদস্য পদ গ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়। আইনস্টাইন সাথে সাথেই আমন্ত্রণ গ্রহণ করেন, "কমিটি কী ধরনের কাজ করবে তা যদিও আমি জানি না, তবুও আমি এই আমন্ত্রণ গ্রহণ করা আমার কর্তব্য বলে মনে করি। আমার মতে এরকম সময়ে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলার পক্ষে যে কোন প্রয়াসে অংশগ্রহণ করতে অস্বীকার করা কারো পক্ষে উচিত হবে না।"১

অবশ্য আইনস্টাইনের সাথে লীগের যোগাযোগ সহজ হয় নি। তিনি যখন কমিটি অন ইন্টেলেকচুয়াল কোঅপারেশনের সদস্য হন, তখনও জার্মানীকে যোগ দিতে দেয়া হয় নি। অনেক ফরাসী কর্মকর্তা একজন জার্মানকে কমিটির সদস্য হিসেবে দেখতে চান নি। জার্মানদের বক্তব্য ছিল আইনস্টাইন জার্মান নন, সুইশ ইহুদী মাত্র। আইনস্টাইন নিজেও লীগকে মূলত যুদ্ধে বিজয়ীদের সংগঠন হিসাবে দেখতে শুরু করেন। যোগ দেয়ার কিছুদিনের মধ্যেই তিনি পদত্যাগ করার কথা ভাবতে শুরু করেন এবং সে অভিপ্রায় জানিয়ে লীগের প্রেস চীফকে একটি চিঠি লেখেন। শেষ পর্যন্ত মাদাম কিউরী তাঁকে সাময়িকভাবে নিরস্ত করতে সক্ষম হন।

লীগ শুরু থেকেই সমস্যার মুখোমুখি হয়। প্রেসিডেন্ট উড্রো উইলসন অন্যতম প্রধান উদ্যোক্তা হলেও যুক্তরাষ্ট্র লীগের সদস্য হয়নি। প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন জানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল বলে কংগ্রেসের একটি বড় অংশ ইউরোপীয় সমস্যায় জড়িয়ে পড়ার বিরোধী ছিল। শান্তি রক্ষার কাজে সৈন্য মোতায়েন করার ব্যয়ভার বহন করতে অনেকের অনীহা ছিল। লীগে যোগ দেয়ার পক্ষে উইলসনের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও ১৯২০ সালের মার্চ মাসে সিনেট যোগ দেয়ার বিপক্ষে ভোট দেয়। "স্থিতিশীলতা আনার জন্য যুক্তরাষ্ট্র তার প্রভাব প্রয়োগ না করলে সম্মিলিত জাতিপুঞ্জ তথা কোন আন্তর্জাতিক সংস্থা কার্যকর হবে না," বলে আইনস্টাইন অভিমত প্রকাশ করেন। অন্যদিকে জার্মানীকে প্রথমদিকে সদস্য হতে দেয়া হয়নি।

বিশ্বের বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধানে লীগের ক্ষমতার ওপর আইনস্টাইনের আস্থায় চিড় ধরে যখন যুদ্ধের ক্ষতিপূরণের কিস্তি পরিশোধ করতে না পারায় ফ্রান্স জার্মানীর রুর এলাকা দখল করে নেয়। লীগের ভূমিকা ছিল এক্ষেত্রে অনেকটা দর্শকের। হতাশ ও ক্ষুব্ধ আইনস্টাইন দূরপ্রাচ্য সফর শেষে বার্লিনে ফিরে ১৯২৩ সালের ২২শে মার্চ কমিটি অন ইন্টেলেকচুয়াল কোঅপারেশন থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন: " ….. সম্প্রতি আমার বিশ্বাস জন্মেছে উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় শক্তি বা সদিচ্ছা কোনটাই লীগের নেই। একজন বিশ্বস্ত শান্তিবাদী হিসেবে আমি লীগের সাথে সব সম্পর্ক শেষ করছি।"২ জাতিতে জাতিতে সহযোগিতা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা সম্বন্ধে তাঁর বিশ্বাস অবশ্য সব সময়ে দৃঢ় ছিল। লীগের ওপর তাঁর বিশ্বাসের ভিত নড়বড়ে হয়ে উঠেছিল, কারণ তাঁর নিজের ভাষায়, "… আমার কাছে যা সবচেয়ে হতাশাজনক মনে হয় সে হচ্ছে , তার নীরবতা ও কার্যকলাপের মধ্য দিয়ে লীগ সেইসব জাতির হাতের পুতুল হিসেবে কাজ করছে, যারা ইতিহাসের এই পর্যায়ে সবচেয়ে শক্তিশালী।" ৩

এতসব সত্ত্বেও ১৯২৪ সালের ২৫শে জুন তিনি লীগ অফ নেশনসের সেক্রেটারি জেনারেল এরিক ড্রামন্ডের আমন্ত্রণ গ্রহণ করে পুনরায় কমিটির সদস্য হন। তাঁকে কমিটিতে ফিরিয়ে আনার ব্যাপারে তাঁর বন্ধুদের, বিশেষ করে, গিলবার্ট মারে ও লোরেন্টজের ভূমিকাই ছিল প্রধান। ১৯২৭ সাল পর্যন্ত আইনস্টাইন কমিটির একজন সদস্য হিসেবে কাজ করেন এবং প্রায় সব অধিবেশনেই যোগ দেন। এসব অধিবেশনে তিনি কতিপয় উল্লেখযোগ্য প্রস্তাব পেশ করেন। সেসবের মধ্যে ছিল: রাজনীতিবিদ, কূটনীতিবিদ, রাজনীতি বিষয়ক লেখক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রমুখের অধ্যয়নের জন্য একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যাতে পক্ষপাতমুক্ত পরিবেশে, সর্বজনীন ভিত্তিতে, অবাধ ও মুক্তভাবে ইতিহাসের পঠন-পাঠন সম্ভব হয়; একটি আন্তর্জাতিক আবহ ব্যুরোর (International Meteorological Bureau) প্রতিষ্ঠা; বিজ্ঞান ও প্রত্নতত্ত্ববিদ্যার পরিভাষাসমূহের সাধারণীকরণ ইত্যাদি। বিভিন্ন দেশ সম্বন্ধে ভুল ধারণা গড়ে তোলা নিবারণ করা এবং এজন্যে বিভিন্ন দেশে প্রচলিত পাঠ্যপুস্তক থেকে অন্য দেশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য বাদ দেয়া সংক্রান্ত প্রস্তাবেও তিনি আগ্রহ নিয়ে অংশ গ্রহণ করেন।

কমিটি অন ইন্টেলেকচুয়াল কোঅপারেশনের সদস্য হিসেবে আইনস্টাইনের এক উল্লেখযোগ্য কাজ হল আধুনিক মনোবিশ্লেষণের জনক সিগমান্ড ফ্রয়েডের সাথে যুদ্ধের কারণ ও প্রতিরোধের উপায় সম্বন্ধে প্রকাশ্য আলোচনায় অংশগ্রহণ করা। কমিটি আয়োজিত এ পত্র-আলোচনা ১৯৩২ সালের গ্রীষ্মকাল ধরে চলে এবং ১৯৩৩ সালে "যুদ্ধ কেন?" (Why War?) নামে প্রকাশিত হয় (প্রকাশিতব্য ষষ্ঠ অধ্যায় দ্রষ্টব্য)।

প্রথমে কেন্দ্রীয়ভাবে গঠিত হলেও পরবর্তীকালে প্রতিটি সদস্য দেশ কমিটি অন ইন্টেলেকচুয়াল কোঅপারেশনের একটি জাতীয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়। জার্মান কমিটি গঠিত হলে আইনস্টাইন তার সদস্য হন। কিন্তু তাঁর জাতীয়তা সংক্রান্ত প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসছিল। ১৯২৬ সালে আইনস্টাইন জাতীয় ও আন্তর্জাতিক উভয় কমিটিতেই বার্লিনের স্টেট পাবলিক লাইব্রেরির পরিচালক ড: ত্রুসকে তাঁর স্থায়ী ডেপুটি নিয়োগ করেন। ১৯৩০ সালে আইনস্টাইন শেষবারের মতো আন্তর্জাতিক কমিটির অধিবেশনে যোগ দেন। ১৯৩০ সাল থেকে ড: ত্রুস উভয় কমিটিতে তাঁর স্থলাভিষিক্ত হন।

এ সময়ে আইনেস্টাইনের আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সহায়তা করা। ফ্যাসিবাদ কী মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তা তিনি অনেক আগে থেকেই অনুধাবন করেছিলেন। ইতালীতে মুসোলিনি দিন দিন যত শক্তি সংগ্রহ করছিলেন এবং ফ্যাসিবাদী প্রবণতা ইউরোপে ধীরে ধীরে যত প্রবল হয়ে উঠছিল আইনস্টাইনের আশঙ্কা তত বেড়ে যাচ্ছিল। সুযোগ পেলেই সে সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন। ১৯২৭ সালে ফরাসী লেখক হেনরি বারবুস প্রণীত Aus Esprits Libres নামে ফ্যাসিবাদ বিরোধী আবেদনে তিনি স্বাক্ষর করেন। এ আবেদনে জনসাধারণকে ফ্যাসিবাদ সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছিল এবং "পৃথিবীর মানুষের ওপর যাঁদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিগত প্রভাব রয়েছে" তাদের ঐক্যবদ্ধ হয়ে "ফ্যাসিবাদের বর্বর তরঙ্গকে রোধ ও ধ্বংস করার" আহ্বান জানানো হয়েছিল।
 
তথ্যসূত্র
[১] Quoted in Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), p.58.
[২] Quoted in Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), p.61.
[৩] Quoted in Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), p.62.