২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লায়লা ফারজানার কবিতা

লায়লা ফারজানা লায়লা ফারজানা

Published : 16 Jan 2022, 12:36 PM

Updated : 22 Jul 2022, 02:49 AM


চিত্রকর্ম: আঁদ্রে ম্যাসন
সিসিফাস

শহরে কাঠবিড়ালী দেখেছো? যারা ছুটে পালিয়ে যায় মানুষের পায়ের শব্দে? — শব্দ না মিলানো পর্যন্ত যারা লুকিয়ে থাকে ভীত-সন্ত্রস্ত কান পেতে? কিংবা গ্র্যান্ডফাদার ক্লকের সেই মাছরাঙা—এদিক ওদিক তাকিয়ে, সময়ের জানান দিয়েই কেমন ক্ষিপ্রগতিতে লুকিয়ে পড়ে তার ঘরে। বন্ধ দরজার ওপাশে অধীর আগ্রহে অপেক্ষা করে তার পরবর্তী পালার জন্য। অন্তরালে, কিন্তু সজাগ। ঠিক তেমনি ছিল সে। শাখার শেষ প্রান্তে। পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে। প্রাণান্ত চেষ্টায়। একটি শিশুর মতো—যে তার মায়ের বুক শক্তভাবে আঁকড়ে ধরে। সচকিত! যেন কার অপেক্ষায়! যে এলেই দ্রুত ডাল থেকে ঝুপ করে গড়িয়ে পড়ে যাবে ফুটপাতে!

আমিও বুঝি সেই জলদানার মতো! আতঙ্কিত, কম্পমান—তবুও নিজের অবস্থানে।


ফিনিক্স

বুঝে উঠতে পারছি না:
দরজাটা কি ডানপাশে? সকাল না বিকাল?
নিজেকে আবিষ্কার করলাম পরিত্যক্ত রেলওয়ে জাংশনে।
কোথায় যাচ্ছ তুমি?

অনুর্বর, ঊষর প্রান্তর:
তেজস্ক্রিয়তায় পূর্ণ বাতাস।
আদিগন্ত বিস্তীর্ণ লাল বালিয়াড়ি।
দূরে তেপান্তরে, পাশফেরা একটি নিঃসঙ্গ কাক—
যেন কালো আলখাল্লা-আবৃত মাথার খুলি,
নয়তো খড়গ হাতে দীর্ঘাঙ্গী গ্রিমরিপার।
কেন্দ্রবৃন্তে একটি পপলারকে ঘিরে রুদালিদের শোক!
ঝাঁঝালো মিষ্টি গন্ধ আর গরম ধোঁয়ার ফিনকি ছোটায়
অন্ত্যেষ্টিক্রিয়ার শিন্নি।

একটি চড়ুই উড়ে গেল। উত্তরে।
ডালিমের দানাগুলো ছড়িয়ে আছে জানালার কার্নিশে।
কিসের শব্দ? পাতালে পার্সিফোনের গোঙানি,
নাকি হেডেসের ফাঁদপাতা হাসি?
নাকি তোমার ঠান্ডা হাত!

ফুলস্টপ মুছে আবারও সেমিকোলন করে দিলাম:

জেলেদের জালে ধরা পড়েছে সিমাথির সীল।
বৃহন্নলা অর্ধচান্দ্রিক আলোয়
মরুজলে আরও কিছু রঙিন কইমাছ—
পাহাড়ের ছায়া পড়েছে সেখানে—মরে গেছে একটি ফড়িং।
শিখরীর ছাঁদে পৌঁছতে পারেনি দুর্বল ডানা।
লজ্জিত মুখ লুকিয়ে উটপাখিরা তাই
বালি খুঁড়ে লিখছে ইউলোজি।

চুলার আঁচ বাড়িয়ে দাও।
জলন্ত আগুনে পুড়ে যাক
ক্যলিফোর্নিয়ার গোলাপি সানসেটগুলো।

আর আমি—পোড়া ছাইয়ের অতলান্ত থেকে উত্থিত,
স্ফুলিঙ্গে ডানা ছড়ানো পৌরাণিক পাখি।

অসমোসিস

আজ তিন দিন। ঘুম থেকে উঠি, কফি খাই, হাঁটতে যাই, বাসায় আসি; যোগব্যায়াম, স্নান, ত্বকের পরিচর্যা, ঘর গোছাই, শুয়ে থাকি। পরম নীরবতা এবং চিন্তাভাবনার দিকে তাকিয়ে থাকি। ঘণ্টার পর ঘণ্টা। ভাবি। এই পৃথিবী! এই দর্শন, এই শ্রবণ; অভিজ্ঞতার পুনরাবৃত্তি, বসন্ত, উৎপাদন আর গ্রাস, আমাদের শিথিলতা, আমাদের অভাব, আমাদের প্রয়োজন—যেন স্ফটিক।

চলন্ত মুহূর্তগুলির বিপরীতে বিস্ফোরিত বারুদের মতো, আমি জীবনের অপরাধবোধ এবং বিশ্বাসঘাতকতার পেয়ালা থেকে লাফ দিয়েছি। এগুলির মধ্যে আমার বিবেক ছিল না। শুধু ছায়া। দরজার পিছনে। আর সে— দরজায় দু'আঙুলে টোকা দিয়েছে। আমি ভান করতে পছন্দ করি না, তবুও নিজেকে বলেছি—সে আওয়াজ আমি শুনিনি…

ক্লীন্ন

এই কি সেই মুখ?
দুঃখিত দেখাচ্ছে
ডোরা মারের মতো
হতাশায় নিমজ্জিত,
শরীরে সুস্পষ্ট নির্যাতনের দাগ।
মুখটি গম্ভীর ছিল সেদিনও,
জলন্ত ফ্যাকাশে নীল চোখ
পুরু ভ্রু:
সংবেদনশীল অবয়ব
অথচ অস্থির
সমান্তরাল, পর্যায়ক্রমে প্রবাহিত।
আঙ্গুল টপকে টপকে
পার হচ্ছে চিকন ছুরির ফলা,
অস্বস্তিকর উৎকণ্ঠা,
প্রতি মুহূর্তে মৃত্যু—লাফ,
অদ্ভূত সাহস ।
বিমোহিত, বিমুগ্ধ
গুয়ের্নিকার ক্যানভাস।
রক্তের ফিনকি ছুটল হঠাৎ—
ভিজে গেল
একটি গোলাপবোনা কালো গ্লভ।
পরীক্ষায় উত্তীর্ণ হলাম —
বদলে গেল গল্প।
রয়ে গেল শুধু তালাবদ্ধ
একটি মেমেন্টো
আর গুটি কয়েক নিষিদ্ধ
ইলেক্ট্রিক শক।

(সংযুক্তাকে তবুও বলছি
আপনি ওপাশে দাঁড়াবেন না।
ঝুঁকে আসুন একটু—
এপাশে দাঁড়ান।)

খয়রি পাতার বন

বুকে আমার ল্যাভেন্ডারের ঝড়।

সন্ধ্যা হলেই কেবল জাগে বুকে
নাকছাবিটি খুইয়ে যাওয়ার ভয়।
ঘন ঘাসের শরীর চিরে
গোখরো বিষের স্রোতে
মরণ-পাগল বৈরী বাতাস
হুহু করে ছোটে;
এখানে এই খয়রি পাতার বনে—
কুড়াই কিছু খোলস-ভাঙা ঝিনুক।

আমার চোখে ম্যালানকোলিক সুরে
নীলাভ কিছু মুখ-বাঁধানো খাম
বাবুই পাখির ডানার মতো উড়ে।
চাকভাঙ্গা কোন্ মৌমাছিদের
গুঞ্জরিত শোকে
মুক্তোগুলো ঝরে পড়ার ভয়ে
অস্তগামী আধবোঝা চোখ ডোবে।