২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যারের সাথে শেষ দেখার ছবি ও স্বাক্ষর

শিহাব শাহরিয়ার

Published : 02 Dec 2021, 06:25 PM

Updated : 23 Jun 2022, 03:56 PM


আলোকচিত্র: লেখকের ক্যামেরায় প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম
০২.১১.২০১৯, এই তারিখেই জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সঙ্গে শেষ দেখা। এরপর আর দেখা হয়নি। সেদিন তিনি একটি অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন শাহবাগ জাদুঘরে। এসেছিলেন অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে অর্থাৎ কবি সুফিয়া কামাল মিলনায়তনে তখনও আয়োজকরা প্রস্তুতি শেষ করে উঠতে পারেননি, সেই ফাঁকে মিলনায়তনের অনতি দূরেই আমার অফিস কক্ষ তাঁকে নিয়ে এলাম। তিনি বসলেন, চা খাওয়ার কথা বললে, বললেন, দাও। তখন তাঁর অনুমতি নিয়ে দুটো ছবি তুললাম। এরপর ড্রয়ারে রাখা ডায়েরিটা বের করে সামনে দিয়ে বললাম, স্যার কিছু লিখে একটা স্বাক্ষর দিন। তিনি 'শুভেচ্ছা' শব্দটি লিখে নিচে স্বাক্ষর করলেন। এই স্বাক্ষরটি এখন স্মৃতি-স্বাক্ষর হয়ে গেল, গেল কারণ তিনি ৩০ নভেম্বর ২০২১, চলে গেলেন অনন্তের উদ্দেশ্যে। সুদূরের দিকে সেই দীর্ঘ দীর্ঘ যাত্রার শেষ গন্তব্য কোথায়, মর্ত্য থেকে আমরা তা জানি না? জানি না, কে কখন যাবেন, জীবনের লীলা সাঙ্গ করে। আশি বছরের জীবন সাঙ্গ করার শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথই গভীরভাবে বুঝেছিলেন জীবন কত সুন্দর, জীবন পৃথিবীর শ্যামলিমায় কত না উদ্ভাসিত! উচ্চারণটিও করেছিলেন নিদ্বির্ধায়: 'মরিতে চাহি না আমি সুন্দর এ ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারই চাই'। আহা কী যে স্বাদ, কী যে অন্তরের অনুরণন! কিন্তু সন্ধ্যা-দীপের মতই নিভে যায়, প্রতিটি মানুষের জীবন-বাতি! কেউ জোর করে এক সেকেন্ডও থাকতে পারেন না। পারা সম্ভব নয়। চোখ আর বুকের উঠা-নামা শেষ হলেই শেষ। ড. রফিকুল ইসলামও চোখ বন্ধ করলেন চিরতরে, রেখে গেলেন জাতীয় অধ্যাপকের খেতাব, গৃহে পড়ে থাকল স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি পদক, প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদক। রেখে গেলেন কলম, বই, টেবিল, চেয়ার, খাট, পাঞ্জাবি, পায়জামা, গৃহ, উত্তরা ১০ নম্বর সেক্টর, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ, অপরাজেয় বাংলা, শহীদ মিনার, ভাষা-সংগ্রামের স্মৃতি, মাতৃভাষা ইন্সটিটিউট, নজরুল ইন্সটিটিউট, টেলিভিশন, নজরুল সংগীত, গবেষণা, অধ্যাপনা, প্রিয় ছাত্রী শেখ হাসিনা, প্রিয় দেশ বাংলাদেশকে।

রবীন্দ্রনাথেরও সাত বছরের বেশি অর্থাৎ ৮৭ বছরের একটি পূর্ণ জীবনই পেয়েছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। ১৯৩৪ সালে জন্মগ্রহণ করে এই পৃথিবীর আলো-বাতাসে সিক্ত হন। এরপর ব্রিটিশ, পাকিস্তান আর স্বাধীন বাংলাদেশে নিজ কর্মগুণে এক বর্ণাঢ্য ও স্বর্ণালি জীবনের অধিকারী হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন একাধারে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক, নজরুল গবেষক, ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ, লেখক, আলোকচিত্রী, উপস্থাপক, বক্তা এবং বাংলাদেশ পক্ষের এক কীর্তিমান বাঙালি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মানবতা আর মানুষের পৃথিবীর এক কাঙিক্ষত পুরুষ ছিলেন তিনি। দেশকে তিনি গভীরভাবে ভালবাসতেন। মৃত্যুর পূর্ব মুহূর্তেও সেই অমর উচ্চারণ করেছেন। তাঁর পুত্র বলেছেন, 'আব্বার জীবনে কোনো ব্যর্থতা ছিল না। তিনি এ-টু-জেড সফল মানুষ ছিলেন। দেশকে তিনি ভালোবাসতেন। আমি আব্বাকে দেশের বাইরে চিকিৎসা করাতে চাইলেও তিনি রাজি হননি'। দেশপ্রেমিক রফিকুল ইসলাম ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, মানুষের অধিকার, দেশমাতৃকার দুঃসময়ে কাণ্ডারির মতো সামনের কাতারে দাঁড়িয়েছেন। এই দাঁড়ানোতে তিনি এক সময় দেশের অভিভাবকদের একজন হয়ে উঠেছিলেন। ওবায়দুল কাদের বলেছেন, 'আমরা সত্যিই অভিভাবকশূন্য হয়ে পড়লাম। আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে, প্রতিটি সংগ্রামে, সংকটে, স্বাধীকার, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র-প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন এমন এক বাতিঘর, যিনি জাতিকে পথ দেখিয়েছেন'। একই কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বলেছেন, 'অধ্যাপক রফিকুল ইসলাম অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতির যেকোনো সংকটে তিনি সম্মুখ সারিতে নেতৃত্ব দিতেন, আমাদেরকে পথ দেখাতেন'।

তাঁর দীর্ঘ সময় কেটেছে ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগে। তিনি এই বিভাগের আমার সরাসরি শিক্ষক ছিলেন। সেই সময়ে আরো যাদেরকে পেয়েছি, তাঁরা হলেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সনজীদা খাতুন, অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক হুমায়ুন আজাদ, অধ্যাপক সৈয়দ আকরম হোসেন, অধ্যাপক সাইদুর রহমান, অধ্যাপক আহমদ কবীর, অধ্যাপক রাজীব হুমায়ুন, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, অধ্যাপক আকতার কামাল, অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদ এবং তরুণদের মধ্যে ড. বিশ^জিৎ ঘোষ, ড. রফিকউল্লাহ খান, ড. ভীস্মদেব চৌধুরী প্রমুখ। প্রথম দিকে বেশ ভয় লাগত স্যারদের রুমে যেতে কিন্তু দিন যত এগিয়েছে, তাঁরা তত কাছে নিয়েছেন আমাদেরকে। ছাত্র-শিক্ষকের যে একটি বন্ধনময় সম্পর্ক—তা তাঁর কাছ থেকে পেয়েছি। যেমন পেয়েছি আনিস স্যার, মনিরুজ্জামান স্যার এবং অন্যান্য সকল শিক্ষকের কাছ থেকে। তাঁদের এক ধরনের স্নেহ, এক ধরনের অভিভাবকসুলভ আচরণ আমাদেরকে প্রাণিত করেছে। ক্লাস পাঠ, পড়াশুনা, পরীক্ষা ইত্যাদির বাইরেও তাঁদের কাছ শিখেছি, জেনেছি সাহিত্য, সমাজ, দর্শন, দেশ ও জগৎ সম্পর্কে বিচিত্র জ্ঞানের কথা। আমার ক্লাসমেট মো: শামসুল আলম, স্যারের মৃত্যুর পর স্মৃতিচারণ করে বলেছেন, 'আমাদের সৌভাগ্য, রফিক স্যারই প্রথম ক্লাস নিয়েছিলেন। তিনি সেদিনই বলেছেন—এই ক্লাস রুমের বাইরেও বিশ^বিদ্যালয়ের ইট-পাথর, দেয়াল-কাঠ, গাছ-পালা, পশু-পাখি, অপরাজেয় বাংলা, শহীদ মিনার থেকেও তোমাদের অনেক কিছু শেখার আছে। এই বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা ও বাংলাদেশ রাষ্ট্রের রক্তাক্ত ও স্বর্ণালি ইতিহাসের বিভিন্ন বাঁকের স্বাক্ষী'। রফিক স্যার কিছটা রাশভারী মানুষ ছিলেন। কথা কম বললেও, সহযোগিতা ও উদারতায় ছিলেন অসীম । আমাদের ক্লাস নিতেন খুব আন্তরিকতার সাথে। ক্লাসের ফাঁকে কিম্বা ক্লাসের পরে তাঁর কক্ষে গেলে, তিনি আড্ডা দিতেন, চা খাওয়াতেন—এতে আমরা ধীরে ধীরে একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছে।

বাংলা বিভাগের তিনজন কীর্তিমান শিক্ষক-অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশাকে ১৯৭১ সালে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই শিক্ষকসহ শহিদ সকল শিক্ষক ও বুদ্ধিজীবীদের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করার প্রথম ও প্রধান চিন্তক ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম। এজন্য তিনি প্রস্তাব নিয়ে গিয়ে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। বঙ্গবন্ধু তাঁকে অনেক সমীহ করতেন। তাঁর বড় কন্যার শিক্ষক ছিলেন তিনি এবং বত্রিশ নম্বরের বাড়িতে গিয়েও শেখ হাসিনাকে পড়াতেন। তাঁর পরিকল্পনা ও চিন্তার বাস্তবায়ন হয়েছে—মিরপুর ও মোহম্মদপুরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে সৌধ নির্মিত হয়েছে। দেখেছি এক একজন শিক্ষক সব বিষয়েই জানলেও, কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। তখনই জেনেছি, নজরুল ইসলাম ছিলেন রফিক স্যারের গবেষণা ও পঠনের প্রধান ক্ষেত্র। নজরুল চর্চায় তিনি নিবিড় ও নিবিষ্ট ছিলেন। নজরুলের জীবন, তাঁর গান, তাঁর সাহিত্য নিয়ে তিনি নিরলস গবেষণা-মগ্ন ছিলেন। তিনি বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণাকেন্দ্রে প্রথম পরিচালক হন। নজরুল চর্চাকে নিজের জীবনের ব্রত করেছিলেন বলে মন্তব্য করে কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী বলেন, 'নজরুল চর্চায় তিনি যে অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি পরিবারের অভিবাবক ছিলেন। নজরুল জীবনী তিনি লিখে গেছেন। এটা তার সবচেয়ে বড় কাজ। তিনি যা রেখে গেছেন, তা নিয়ে আমরা পথ চলবো'। নজরুলের ওপর নির্মিত প্রামাণ্য, বক্তৃতা, গ্রন্থ রচনার ক্ষেত্রে তাঁর রয়েছে অনন্য অবদান। বাংলাদেশ টেলিভিশনে তিনি দীর্ঘ দীর্ঘ বছর নজরুল-সংগীতের অনুষ্ঠান পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছে। সেখানে বাংলাদেশের প্রবীণ ও নবীন শিল্পীদের মাধ্যমে নজরুলের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করিয়ে কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল ক্ষেত্রকে তুলে ধরেছেন নতুন প্রজন্মের কাছে। ছিলেন নজরুল ইন্সটিটিউটের সভাপতি। সে সময় নজরুল চর্চা ও গবেষণাকে তরান্বিত এবং সমৃদ্ধ করেছেন।


আলোকচিত্র: লেখকের ক্যামেরায় প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম
দীর্ঘ প্রায় ষাট বছরের মতো তাঁর সম্পর্ক ছিল ঢাকা বিশ^বিদ্যালয়ের সাথে। এরপর বাংলা একাডেমির মহাপরিচালক এবং মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এর সভাপতি। একইসঙ্গে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন কমিটির সভাপতি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তাঁর সরাসরি শিক্ষক হিসেবেই নয়, একজন বড় মাপের পÐিত, রাষ্ট্রের একজন অভিভাবক হিসেবে এই শীর্ষ সম্মানের জায়গায় তাঁকে অধিষ্ঠিত করেছেন এবং এটি তাঁর প্রাপ্য ছিল। আমি মনে করি, শেখ হাসিনা, দেশের গুণীদের যথেষ্ট কদর করেন এবং সেই মনোভাব থেকেই ড. রফিকুল ইসলামকে জাতীয় অধ্যাপকসহ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ও খেতাবে ভূষিত করেছেন।
বাঙালির ভাষা, শিল্প, সাহিত্য, রাজনীতি আর সংস্কৃতির সুতিকাগার বাহান্নর প্রজন্ম তিনি। সেই সময় তিনি বাংলা বিভাগের ছাত্র ছিলেন। ১৯৪৮ সাল থেকে শুরু হওয়া ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় অর্থাৎ ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা প্রতিষ্ঠা এবং মাতৃভাষা প্রতিষ্ঠা-উত্তর ঢাকা বিশ^বিদ্যালয়ের সময়কে তিনি নিবিড়ভাবে তাঁর ক্যামেরায় বন্দি করেছেন। এর প্রমাণক হিসেবে জানাচ্ছি, ঢাকায় একটি একুশের অ্যালবাম হয়েছে আমার পরিকল্পনায় কিন্তু সি এম তারিক রেজা নামক প্রয়াত এক কুলাঙ্গার পুরো পরিকল্পনা ও সম্পাদনার কাজ আমাকে দিয়ে করিয়ে নিয়ে, পরে আমাকে কাজের সম্মানিও দেয়নি, সম্পাদনা তাঁর নামে করিয়েছে। এই বাটপার রফিক স্যারের কাছে তাঁর তোলা ভাষা আন্দোলনের ছবিগুলো চেয়েছিলেন কিন্তু স্যার তাকে ছবিগুলো দেননি। পরে আমি একদিন সন্ধ্যায় ফোন করে তাঁর উত্তরার বাসায় যাই। ঐ বাটপারও সঙ্গে ছিলো। স্যার ভিতর থেকে ড্রয়িং রুমে এসে আমাকে স্নেহসুলভ জিজ্ঞেস করলেন, কেমন আছো? আমিও বললাম, ভাল আছি স্যার। তারপর বললেন, উনাকে সঙ্গে নিয়ে এসেছো কেন? বিষয়টি কি ভাষা আন্দোলনের ছবিগুলোর নেগেটিভ নিতে আসা? বললাম, জ্বি স্যার। বললেন, শোন শিহাব, তাকে আমি চিনি না, তার পলিটিক্যাল আইডোলজি জানি না? উনি আমাকে ফোন করে নেগেটিভগুলো চেয়েছিলেন, আমি দেইনি। তুমি আমার সরাসরি ছাত্র, তোমাকে চিনি, তোমাকে দিতে পারি। কারণ তো তুমি বুঝতেই পারছো, ১৯৫২ সালে আমি বাংলা বিভাগের ছাত্র থাকার সময় প্রায় প্রতিদিনের আন্দোলন ও সংগ্রামের নানামাত্রিক ছবি তুলেছি। এগুলো এখন অমূল্য। যে কাউকে আমি দিতে পারি না। তুমি এসেছো—নেগেটিভগুলো তোমাকে দিতে পারি, ফেরত দেয়ার ১০০ শতাংশ শর্তে। আমি বললাম, জ্বি স্যার শর্ত সাপেক্ষেই দেন। তিনি আমার হাতে তুলে দিলেন, ভাষা-আন্দোলনের ২৬৫টি দুর্লভ ছবির নেগেটিভ। বলে রাখি, সেই নেগেটিভগুলো হাটখোলাতে নিয়ে প্রিন্ট করে তা স্যারের কাছে ফেরত দিয়ে এসেছি। পরে স্যারকে অনুরোধ করেছিলাম, অ্যালবামটির ভূমিকা লিখে দিতে। স্যার ভাষা-আন্দোলনের ওপর একটি চমৎকার তথ্য-সমৃদ্ধ ভূমিকা লিখে দিয়েছিলেন। এই ভূমিকা ও ছবিগুলো অ্যালবামকে দারুণ সমৃদ্ধ করেছে। তিনি অত্যন্ত সাবলীল ও দক্ষ প্রাবন্ধিক-লেখক-গবেষক ছিলেন। তাঁর সর্বেমোট ৩০টি গ্রন্থ বেরিয়েছে।

দুঃখজনক যে, জাতির বাতিঘর পদ্মভূষণ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক শামসুজ্জামান খান ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এই তিন কীর্তিমান মানুষ পর পর অনন্তে যাত্রা করলেন, যাঁরা ভাষাস্নাত প্রতিষ্ঠান বাংলা একাডেমির সভাপতি ছিলেন। এঁদের যে পাণ্ডিত্য, মেধা, মনন, বুদ্ধিমত্তা, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম, সমাজ-ভাবনা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ভাবনা—তা শুধু একাডেমির জন্যই নয়; দেশের জন্যও ক্ষতি। যদিও তাঁদের মৃত্যু হয়েছে পরিণত বয়সে, তবু মহিরুহসম এই ব্যক্তিত্বদের মৃত্যু অপূরণীয় ক্ষতি। আসলে মৃত্যুই চির সত্য। একজন রফিকুল ইসলামকে আমরা ইচ্ছে করলেই ধরে রাখতে পারবো না। তাঁকে যেতে দিতে হবেই, তাঁকে যে ডাকছে সুদূরের নিঃসীম শূন্যতা।