২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নূরুল হকের অপ্রকাশিত একগুচ্ছ কবিতা

নূরুল হক

Published : 25 Nov 2021, 12:21 PM

Updated : 23 Jun 2022, 03:56 PM


আলোকচিত্র: কন্যা চরু হকের সাথে প্রয়াত নূরুল হক
মগ্নচৈতন্যের কবি নূরুল হক বাংলা সাহিত্যে এক উজ্জ্বল আবির্ভাব। হীরকদ্যুতিসম্পন্ন তাঁর প্রতিটি কবিতায় উদ্ভাসিত নির্মোহ এক সন্তের দৃষ্টি। তাঁর হৃদয়তন্ত্রীতে অণুক্ষণ বেজে চলে মানুষ, জগৎ ও জীবনের অপরূপ সুরলহরী। তাঁর নম্র লাজুক হাসির মধ্যে তিনি ধারন করে ফেলতেন জগতের তাবৎ আনন্দ বেদনাকে। এই মহান কবি আমাদের সবাইকে শোকের সাগরে ভাসিয়ে গত বাইশে জুলাই চলে গেছেন না ফেরার সেই চিরশান্তির দেশে। বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা কবি নূরুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর বিবৃতিতে বলেছেন, "নূরুল হক আমাদের কবিতা জগতের এক স্বতন্ত্র নাম। গত শতকের ষাটের দশকে বাংলাদেশের কবিতায় তাঁর উজ্জ্বল আবির্ভাব।'' প্রিয় ছাত্রের প্রয়াণে শোক প্রকাশ করেছেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় চিন্তাবিদ অধ্যাপক যতীন সরকারসহ গণমাধ্যমের বিভিন্ন বিদগ্ধজন, তাঁর বন্ধু পরিজন, আত্মীয়জন। কথাশিল্পের জাদুকর হাসান আজিজুল হক কবি নূরুল হকের কবিতা সম্পর্কে বলেছেন, 'তাঁর কবিতা আশ্চর্য ব্যঞ্জনাময়। এই সময়ের কবিদের মধ্যে তিনি অগ্রগণ্য।' জার্মান কবি রাইনার মারিয়া রিলকে সম্পর্কে ইংরেজ কবি স্টিফেন স্পেন্ডার উচ্চারণ করেছিলেন, "If Rilkey cut himself shaving, he bled poetry.' 'এই একই কথাই উচ্চারণ করা যায় কবি নূরুল হকের কবিতার ক্ষেত্রে। 'কবির নিজের ভাষায়, তাঁর সমস্ত সত্তাটিই কবিতা দিয়ে তৈরি। কবিতার বাইরে তাঁর আর কিছুই নেই। আজ পঁচিশে নভেম্বর তাঁর জন্মদিন। তাঁর ছবির সামনে রাখা প্রদীপ জ্বলতে জ্বলতে এক সময় নিঃশেষ হয়ে যাবে। শুধু ফিরবেন না কবি। তিনি মিশে গেছেন অনন্তের জ্যোৎস্নালোকে। বিদায় নেবার আগে তাঁর শেষ জীবনে রচিত কিছু অপ্রকাশিত পংক্তিমালা পাঠকদের সামনে নিবেদন করা হলো।–কবিকন্যা চরু হক

বাসিন্দা

আমি এক ভাগ্যহত নগরীর বাসিন্দা

যে নগরী

কিছু অভিশপ্ত আত্মা নিয়ে

শুধু পথ-বিভ্রান্ত ঝরনার মতো ঘুরে বেড়ায়।

মানুষগুলো চূর্ণবিচূর্ণ নুড়ি,

এক পাথর থেকে

আরেক পাথরে গিয়ে

মাথা ঠোকে।

মানুষ জলের নীচে, ধ্বংসপ্রাপ্ত মানুষ।

তোমার হাত

অস্তিত্ব উবুড় হয়ে থাকে মাঝে মাঝে

কোনো আলোই এসে আর পৌঁছায় না

তবু না-বেঁচে থেকে আর কী করার আছে

আমার হাত যেখানে থেমে গেছে

তোমার হাত সেখানে বাড়িয়ে দাও।

জানি

সবই জানি, তোমার অন্তর্গত শব্দ

আর ছিন্নভিন্ন শরীর

এখন মলিন ধুলোয় ঢাকা।

এখন সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়,

শিরায়।

মাটির নীচে লুকিয়েছিল যে বিষ

তা ক্রমে উপরে উঠে আসছে।

হায় রক্তের এত দাম কে যে তৈরি করল!

আর কেই-বা তাতে জমিয়ে তুলল

এত মেঘভার?

তবে কি পৃথিবী একটি পুরনো সংগীত?

তাকে পার হয়ে যেতে হবে আজ?

তাই যত অসূর্যস্পশ্য তৃষ্ণা এবং সঞ্চালন

আতুর করছে আকাশ।

হয়তো আমাদেরও রক্ত এখন ছিটকে পড়বে ধারায় ধারায়।

পাঠের শেষ নেই

তোমার শরীর যেন একটি দীর্ঘ বাক্য

সোজা দাঁড়িয়ে থাকে জগতে।

দেবদূতগণ পাঠ করতে থাকে ইশারায়

সূর্যালোক শোষণ করতে থাকে ঘাসে ঘাসে

আকাশ এবং মাটির মধ্য-দ্রাঘিমায়

পৃথিবী হয়ে ওঠে একটি খোলা গ্রন্থ

সেখানে পাঠের কোনো শেষ নেই।

সীমানাচিহ্ন

মৃত্যু হয় জীবের সমাধি-স্তম্ভের ওপর

সমাধির ভেতর কোনো মৃত্যু হয় না।

যারা সমাধি দেখতে আসে

তাদের মৃত্যু হয়,

যারা শুয়ে থাকে নীচে

স্তম্ভের ভেতরে,

তাদের মৃত্যু হয় না।

তারা মাটির ভেতরে জেগে জেগে থাকে

জীবিত যারা তাদের মৃত্যু দেখে দেখে

সময় কাটানোর জন্যে।

বৃষ্টি

তোমার রক্তের ধাতব রাস্তা ফুঁড়ে

বেরোয় বৃষ্টি।

বৃষ্টি এত চমৎকার আর আকাশ-চাষি

যেন এক-একটি ফোঁটা

মানুষের এক-একটি চোখ

আর প্রতিটি জলছিদ্র

চোখের দৃষ্টির মতো

ফাঁকা এবং সুদূর

উঠোনে থমকে থমকে নামে।

স্মৃতি, জীবন

১

ম্লান মানুষের মতো

নতমুখ মানুষের মতো

একটি জীবন্ত ক্ষত

জেগে থাকে

বুকের ভেতরে।

সময়ের পাড় ভেঙে

বিষণ্ণ ধসের মতো

আমার হৃদয়ে শব্দ করে

২.

নদীতে যেমন শোলা ভাসে

তেমনি ভাসে

তোমার যাওয়া-আসা

বাতাসে,

বাতাসে এবং

জমিনে।

সংকট

চলে এসেছ অরণ্যে।

এখনও সাবধান হচ্ছ না কেন?

যদি কোনো জঙ্গুলে পাখির ডাক

সুচালো তীরের মতো

পা থেকে মাথা ভেদ করে যায় তোমার

তাহলে উপায় হবে কী?

এই শান-দেওয়া পথে

যদি কোনো অচেনা পাতার আলো

করাতের মতো চিরে দুভাগ করে ফেলে তোমাকে

তাহলে উপায় হবে কী?

মিথ্যাই এখন

মিথ্যা, মিথ্যাই এখন সময়ের ভাষা।

অন্য কিছু নয়।

জগতের প্রত্যেকটি উজ্জ্বল উজ্জ্বল অঙ্ক মিথ্যা

রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছে যে

বস্তুর গভীর দীর্ঘশ্বাস

তার প্রতিটি পরিচয় মিথ্যা।

মিথ্যাই আজ জগতের ঈশ্বর।

এই দেখ সুন্দর সুন্দর ঠোঁট মিথ্যা

টাকায় টাকায় আর ফুলে ফলে মিথ্যা

মানুষের বুক মিথ্যা, পিঠ মিথ্যা

উঁচুনিচু পদক্ষেপ মিথ্যা

প্রাণের পর্দায় পর্দায় শুধু মিথ্যা

নিদ্রা ও জাগরণ মিথ্যা

সভ্যতার রক্তস্রোত ও মণিহার মিথ্যা

মিথ্যাই যেন অস্তিত্বের সবচেয়ে

লোভনীয় সওদা।

যদি জীবনকে জানতে চাও

তবে মিথ্যাকেই জান।

ডুব

এভাবেই আমি মেঘের সামনে দাঁড়াই–

বুক টান করে

এবং এক্কেবারে ডাকাতিনির মুখোমুখি।

দিগন্তের ওড়না খুলে

ফুলের মতো ঘরবাড়ি

আর স্তম্ভরেখা।

সেই দৃশ্যাবলিতে ডুব দিয়ে

আমি নিঃশব্দে বাড়ি পৌঁছাই

যেমন করে জলের নীচে ডুব দিয়ে

ঘাটে ফেরে মানুষ।

এসব কীসের আলামত

চুরচুর হয়ে ভেঙে পড়ে সব।

শুধু ভেঙে পড়ে।

জন্ম ভেঙ্গে পড়ে

মৃত্যু ভেঙে পড়ে,

খালবিল নদী ভেঙে পড়ে

থাকে না কিছুই।

হাওয়া ভেঙে পড়ে, শূন্য ভেঙে পড়ে

থাকে না কিছুই।

ঘাস, তারা ঝুরঝুর খুলে খুলে যায়

স্বপ্ন, জয় ছিঁড়ে ছিঁড়ে যায়।

এসব কীসের আলামত?

আকাশ, জমিন আর সাগরের ছাদ খুলে যায়

এসব কীসের আলামত?

তারার ফুলের মতো এত বিষ ফুটেছে এখানে

কোনো দাওয়া জানে না নিদান

হাতে হাতে এত ক্ষয় লতিয়ে উঠেছে

কোনো গান পারে না সামাল দিতে,

শুদ্ধ বুক ঢাকে না রাতের চিহ্ন

শুধু ভেঙে পড়ে

চুরচুর গুঁড়ো গুঁড়ো হয়ে

ভেঙে পড়ে।

শুনতে পাও

যখন তুমি কোনো প্রতিধ্বনির বন্ধু হও

তখন তুমিও তেমনি কিছু একটা হয়ে যাও।

তোমারও জীবন প্রতিধ্বনিত হতে থাকে

চারদিকে

আর তুমি অবাক হয়ে

শুনতে পাও

তোমাকেই।

তোমাকেই

শুধু তোমাকেই।

যদি মৃত্যুদণ্ড হত

যদি মৃত্যুদণ্ড হত

তবে এর চেয়ে ভালো ছিল।

এই উচ্ছন্ন আঁধারে বেঁচে থাকা;

এই রক্ত-লুণ্ঠনের ইতিহাসে

রাত্রির ভেতরে জেগে

শুধু তারা গোনা,

এই বে-আব্রু বাতাসে

শুধু পাল তুলে রাখা,

গলিত জীবনে

ফোঁটা ফোঁটা ঝরা

এর চেয়ে মৃত্যুদন্ড ভালো ছিল।