মুঘল সম্রাট জাহাঙ্গীর ও সম্রাজ্ঞী নূরজাহানের প্রণয় ও তার পরিণতি-তৃতীয় পর্ব
চতুর্থ মুঘল সম্রাট নুরুদ্দীন মুহম্মদ জাহাঙ্গীর ও তাঁর রাজমহিষী নূরজাহানের প্রণয় এবং সপ্তদশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষের ইতিহাসের ঘটনাপ্রবাহ নিয়ে মোস্তাক শরীফের বৃহদায়তন উপন্যাস 'আলমপনাহ'। উপন্যাসটির অংশবিশেষ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম-এর আর্টস বিভাগে। আজ প্রকাশিত হলো নবম থেকে দ্বাদশ অধ্যায়, এবং এর সঙ্গেই সমাপ্তি ঘটল ধারাবাহিক এ আয়োজনের। অন্বেষা প্রকাশন থেকে আগামী ২০২২-এর একুশে বইমেলায় প্রকাশিত হবে উপন্যাসটি। বি.স.
নয়
মাসকয়েক কাবুলে থেকে লাহোরে ফেরার সিদ্ধান্ত নিলেন জাহাঙ্গীর।
অবশ্য সম্রাটের শিকারপ্রীতি আর প্রকৃতিমুগ্ধতার কারণে কাফেলার গতি হলো বেশ ধীর। একদিন এক দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে মাছের লাফঝাঁপ দৃষ্টি আকর্ষণ করল সম্রাটের। মাছ ধরার জন্য ঘাঁটি গেড়ে বসলেন ওখানে। কেবল তাই নয়, প্রতিদিন যে অমাত্য সবচেয়ে বেশি মাছ ধরতে পারল তার জন্য থাকল পুরস্কারও। 'বানওয়ার জাল' বলে এক বিশেষ ধরনের জাল দিয়ে মাছ ধরা শিখলেন নিজেও। একদিন ঘটালেন এক মজার ঘটনা। বানওয়ার জালের এক খেপে দশ-বারোটি মাছ ধরে ফেললেন। তারপর প্রতিটি মাছের নাকের সঙ্গে একটি করে মুক্তা আটকে দিয়ে সেগুলোকে ফের ছেড়ে দিলেন পানিতে।
অমাত্যরা সবাই হাততালি দিয়ে উঠল।
এ অবস্থা কতদিন চলত বলা কঠিন, এরই মধ্যে একদিন হন্তদন্ত হয়ে সম্রাটের তাঁবুতে প্রবেশ করল খুররম।
পনের বছরের কিশোর খুররমকে বয়সের তুলনায় বড় মনে হয়। শান্ত স্বভাব আর ভদ্র আচরণের জন্য সবার প্রিয় সে। সম্রাট আকবরও বলতেন, আমার অন্য কোনো নাতির সঙ্গে খুররমের তুলনা হয় না।
এ মুহূর্তে খুব উত্তেজিত দেখাচ্ছে খুররমকে। 'আমার দিওয়ান খাজা ওয়াইস জাঁহাপনার সঙ্গে কথা বলতে চায়।'
'কী ব্যাপার খুররম? এমন অস্থির দেখাচ্ছে কেন তোমাকে? কী হয়েছে?'
'আপনি কি খাজা ওয়াইসের সঙ্গে একটু কথা বলবেন? বাইরেই আছে সে।'
সম্রাটের অনুমতি পেয়ে ভেতরে এল খাজা ওয়াইস। 'জাঁহাপনা,' কুর্নিশ করে বলল সে, 'আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে।'
'হত্যা!' উত্তেজনার বশে উঠে দাঁড়ালেন জাহাঙ্গীর। 'কারা ষড়যন্ত্র করেছে? তুমি কীভাবে জানো?'
ধীরে ধীরে সব জানাল খাজা ওয়াইস। লাহোরে শাহজাদা খসরুকে পাহারা দেয়ার দায়িত্ব পড়েছিল ইতিবার খান নামে এক খোজা প্রহরীর ওপর। ইতিবার খানের মাধ্যমেই হেকিম আবুল ফাতাহ্র ছেলে ফতুল্লাহ এবং মির্জা গিয়াস বেগের বড় ছেলে মুহম্মদ শরীফকে হাত করে খসরু। পরে আরো প্রায় শ-চারেক তরুণ অমাত্য যোগ দেয় এ ষড়যন্ত্রে। সম্রাট কাবুল থেকে লাহোর ফেরার পথে যেকোনো একদিন শিকারের সময় তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। ঘটনাচক্রে সেটি জানতে পেরেছে খাজা ওয়াইস। তারপর জানিয়েছে খুররমকে।
সম্রাটের চেহারা দেখে মনে হলো নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। লাল টকটকে হয়ে উঠেছে চেহারাটা, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ধীরে ধীরে শান্ত হয়ে এল তাঁর চেহারা। খুররম আর খাজা ওয়াইসকে বিদায় দিয়ে ডেকে পাঠালেন মহব্বত খানসহ ঘনিষ্ঠ অমাত্যদের।
সম্রাটের কাছে সব শুনে রাগে জ্বলে উঠলেন মহব্বত খান। 'এর সঙ্গে যতজন জড়িত আছে সবাইকে হত্যা করার আদেশ দিন শাহেনশাহ। কঠোর শাস্তি না দিলে শিক্ষা হবে না এদের।'
'জড়িতদের সংখ্যা অনেক বেশি,' শান্ত কণ্ঠে বললেন খান জাহান লোদি, 'যাদের অধিকাংশই কমবয়সী। তিন-চারশো তরুণ অমাত্যকে মৃত্যুদন্ড দিলে ঝামেলা বেধে যাবে। সামলানো কঠিন হবে সেটা। আমার প্রস্তাব হচ্ছে পালের গোদা কয়েকজনকে কঠিন শাস্তি দিন জাঁহাপনা। তা থেকেই শিক্ষা নেবে বাকিরা।'
খান জাহান লোদির বক্তব্যের যৌক্তিকতা অস্বীকার করতে পারলেন না মহব্বত খানও। অনিচ্ছাসত্তে¡ও তাই একমত হলেন। তবে গিয়াস বেগের পরিবারের প্রতি অসন্তোষ প্রকাশের সুযোগটাও হাতছাড়া করলেন না। 'দিওয়ান গিয়াস বেগের জামাতার হাতে প্রাণ গেল মির্জা কুতুবুদ্দিনের। এখন তার ছেলে স্বয়ং শাহেনশাহকে হত্যা করার ষড়যন্ত্রের সাথে যুক্ত। দিওয়ান এসবের কিছুই জানেন না এটা কি বিশ্বাসযোগ্য জাঁহাপনা?'
সম্রাটের চেহারা দেখে মনে হলো কথাটা নেহাত অযৌক্তিক মনে হয়নি তাঁর কাছে। 'আগ্রায় ফিরেই তলব করব গিয়াস বেগকে। সবকিছুর সন্তোষজনক জবাব না পেলে শাস্তির হাত থেকে তিনিও রেহাই পাবেন না।'
তৃপ্তির ভাবটা গোপন রেখে মুখভঙ্গি স্বাভাবিক রাখলেন মহব্বত খান।
অপরাধীদের সবাইকে দ্রুতই পাকড়াও করা হলো। অপরাধ স্বীকার করল বেশির ভাগই। মুহম্মদ শরীফ ও ইতিবার খানসহ চারজনকে মৃত্যুদÐ দেয়া হলো। লঘুদÐ দেয়া হলো কয়েকজনকে, বাকিদের সতর্ক করেই ছেড়ে দেয়া হলো।
অপরাধীদের দণ্ড কার্যকর হওয়ার পর মহব্বত খানকে একান্তে ডাকলেন সম্রাট।
'খসরুকে নিয়ে কী করা যায় বলো তো?' অনিশ্চিত গলায় শুধালেন। বোঝাই যাচ্ছে পুত্রের শাস্তির ব্যাপারে মনস্থির করতে পারছেন না।
'এর আগেরবার কোনোরকম শাস্তি না পাওয়ায় তাঁর অপরাধ যে কতটা গুরুতর তা বুঝতে পারেননি শাহজাদা,' গম্ভীর গলায় বললেন মহব্বত খান। 'কাজেই এমন শাস্তি দিতে হবে যাতে এ ধরনের অপরাধ করার ক্ষমতাই নষ্ট হয়ে যায় তার। আমি মনে করি চোখদুটো অন্ধ করে দেয়াই হবে তার জন্য সঠিক শাস্তি।'
মহব্বত খানের প্রস্তাব তাঁর ওপর কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সম্রাটের চেহারা দেখে বোঝা গেল না। খানিকক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, 'শাস্তিটা তুমি নিজে কার্যকর করতে পারবে?'
'পারব জাঁহাপনা,' একবিন্দুও কাঁপল না মহব্বত খানের গলা।
'বেশ, তাই করো।'
কুর্নিশ করে বেরিয়ে গেলেন মহব্বত খান। বেলা গড়ানোর আগেই শলাকা দিয়ে খুঁচিয়ে অন্ধ করে দেয়া হলো খসরুর দুই চোখ।
ওদিকে নিরালায় নিজের কপাল চাপড়ালেন আবুল হাসান। শের আফগানের হঠকারিতার পর নিজের ভাইয়ের এমন কুকর্ম। খুররমের সঙ্গে আরজুমান্দের বিয়েটা আদৌ আর হবে কিনা কে জানে!
উৎসবের রঙ লেগেছে আগ্রায়। বছর ঘুরে আবার এসেছে নওরোজ, মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় উৎসব।
কেবল আগ্রা দুর্গই নয়, গোটা শহর সেজেছে নয়নাভিরাম সাজে। হাজার মানুষের ভিড় রাস্তায়। শরাব পান থেকে জুয়া খেলা-কোনোকিছুতেই বাধা থাকে না এ সময়। উৎসবে শামিল হতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসেছে শহরে। বাজনাদার, নর্তক, সার্কাসের খেলুড়ে, কেউই বাকি নেই। সবাই এসেছে দু'পয়সা রোজগার করতে। নতুন পোশাক পরে বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে শিশুরা। অপার বিস্ময় আর কৌতূহল তাদের চোখে।
আগ্রা দুর্গে সাজ সাজ রব।
বিরাট এলাকাজুড়ে শামিয়ানা বিছানো হয়েছে, নিচে পাতা হয়েছে সোনালী জরির নকশা করা দামি গালিচা। খানাপিনার মহোৎসব চলছে, উৎফুল্ল চেহারায় ঘুরে বেড়াচ্ছেন রাজন্য ও অভিজাতবর্গ।
হেরেমের নারীরা যে দিনটির দিকে আগ্রহভরে তাকিয়ে ছিল সেই মীনাবাজার শুরু হয়েছে আজ। আটদিন ধরে চলবে এ বাজার।
হেরেমের একটি বিরাট অংশ জুড়ে স্থাপন করা হয়েছে অনেকগুলো দোকান। নজরকাড়া সব পণ্য উপচে পড়ছে দোকানগুলোতে। কী নেই সেখানে-অলঙ্কার, সোনা-রূপার কারুকাজ করা দামি পোশাক, ঘর সাজানোর জিনিস, ফল, ফুল। ক্রেতা-বিক্রেতা সবাই নারী। বহুমূল্য পোশাক পরা অভিজাত ও অমাত্যদের স্ত্রী-কন্যারা দোকানে দোকানে ঘুরে পণ্য দেখছে ও কিনছে।
হঠাৎ উচ্চগ্রামে উঠল কোলাহল, মেলায় এসে প্রবেশ করেছেন সম্রাট জাহাঙ্গীর। মেলায় আসা কিশোরী ও তরুণীরা নিজেদের মধ্যে ফিসফাস করছে, চোখ বড় বড় করে দেখছে সম্রাটকে।
বিভিন্ন দোকানে গিয়ে থামছেন সম্রাট, পণ্যের দাম জিজ্ঞেস করছেন। কপট বিস্ময়ের ভানও করছেন দাম শুনে। সম্রাটের ভাবভঙ্গি দেখে হেসে এ-ওর গায়ে গড়িয়ে পড়ছে মেয়েরা।
'এই যে সবুজ রঙের পাগড়িটা, কত দাম এর?' এক দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন সম্রাট।
'দশ স্বর্ণমোহর, জাঁহাপনা।'
বিস্ময়ে চোখ বড় বড় করলেন জাহাঙ্গীর। 'দশ স্বর্ণমোহর? এ বাজারে পাগড়ি খুব দুষ্প্রাপ্য নাকি?'
'তা নয় জাঁহাপনা। তবে হিন্দুস্তানের শাহেনশাহ দুষ্প্রাপ্য। শাহেনশাহর কাছে পাগড়ি বিক্রির সুযোগ তো আর প্রতিদিন আসে না!'
বিক্রেতা তরুণীর বুদ্ধিমত্তার প্রশংসা করে কিছু একটা বলতে যাচ্ছিলেন সম্রাট, হঠাৎ চোখাচোখি হলো রুকাইয়া সুলতান বেগমের সঙ্গে।
'শাহেনশাহকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে,' স্মিত হেসে বললেন রুকাইয়া।
'বরং উল্টোটা। জিনিসপত্রের গলাকাটা দাম দেখে বড্ড পেরেশানির মধ্যে আছি।'
'মেহেরুন্নিসার সঙ্গে পরিচয় আছে তো শাহেনশাহর?' পাশে থাকা সহচরীর দিকে ইঙ্গিত করলেন রুকাইয়া।
কিছু একটা বলতে যাচ্ছিল জাহাঙ্গীর, ততক্ষণে মুখের পর্দা সরিয়ে তাঁকে তসলিম জানিয়েছে রুকাইয়া সুলতান বেগমের সহচরী। চুপ করে গেলেন সম্রাট, দৃষ্টি আটকে গেছে অনিন্দ্যসুন্দর এক মুখাবয়বে।
'মেহেরুন্নিসা?' বিড়বিড় করে বললেন জাহাঙ্গীর।
'দিওয়ান মির্জা গিয়াস বেগের মেয়ে, চিনতে পারেননি?'
সঙ্গে সঙ্গে সব মনে পড়ে গেল জাহাঙ্গীরের। দিওয়ান মির্জা গিয়াস বেগের ছোট মেয়ে, শের আফগানের বিধবা স্ত্রী মেহেরুন্নিসা। শের আফগানের মৃত্যুর পর থেকেই রুকাইয়া সুলতান বেগমের ব্যক্তিগত সহচরী হিসেবে হেরেমে আছে সে, এটুকু জানা ছিল। কিন্তু সে যে এমন নজরকাড়া সুন্দরী তা জানা ছিল না।
জাহাঙ্গীরের বিমুগ্ধ দৃষ্টির সামনে আড়ষ্টবোধ করে উঠল মেহেরুন্নিসা, ফের পর্দায় মুখ ঢাকল।
'শাহেনশাহকে হঠাৎ আনমনা মনে হচ্ছে?' রসিকতার সুরে বললেন রুকাইয়া।
অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন জাহাঙ্গীর। কিছু বললেন না।
মিনাবাজার থেকে খাসমহলে ফিরে শরাবের পেয়ালা নিয়ে বসলেন জাহাঙ্গীর। মন চলে যাচ্ছে কয়েক মুহূর্তের জন্য দেখা সেই অপূর্ব সুন্দর মুখাবয়বে।
এক কন্যাসন্তান আছে মেহেরুন্নিসার, এটা জানেন জাহাঙ্গীর। বয়সও ত্রিশের কম হবে না। এ বয়সেও মখমলের মতো উজ্জ্বল আর পেলব ত্বক, হরিণীর মতো ডাগর দুই চোখ, বসরাই গোলাপের মতো সুন্দর চেহারা…সত্যি, ভোলা কঠিন।
নিজের কথা ভাবলেন সম্রাট। বয়স বিয়াল্লিশ চলছে এখন। ইতোমধ্যেই উনিশবার দার পরিগ্রহ করেছেন। শাহরিয়ার আর জাহান্দার নামে যমজ দুই সন্তানের পিতা হয়েছেন সিংহাসনারোহণের বছর। সব মিলিয়ে সন্তানের সংখ্যাও দুই অংক পেরিয়েছে।
এ বয়সে কোনো নারীর কমনীয় মুখাবয়ব দেখে উতলা হওয়া কি হিন্দুস্তানের বাদশাহকে মানায়!
কিন্তু মির্জা গিয়াস বেগের কন্যাটি যে তাঁর মনে অদ্ভুত এক ব্যাকুলতার সৃষ্টি করেছে সেটিও বা অস্বীকার করেন কীভাবে? নির্ধারিত মাত্রার দ্বিগুণ পরিমাণ শরাব পান করেও অস্থিরতা কমল না জাহাঙ্গীরের।
খুব দ্রুতই আবার মেহেরুন্নিসার দেখা পেতে হবে, মনে মনে ঠিক করে ফেললেন তিনি।
জেনানা মহলে নিভৃতে বসে মেহেরুন্নিসাও তখন ভাবছিলেন সম্রাটের কথা।
স্বামী শের আফগানের মৃত্যুর পর দু বছর বয়সী কন্যা লাডলি বেগমকে নিয়ে অকুল পাথারে পড়েছিলেন তিনি। শের আফগানের হাতে সুবেদার কুতুবুদ্দিন কোকার মৃত্যুর পর ইউসুফ খান নামে কুতুবুদ্দিন কোকার এক সহচর তরবারি নিয়ে ছুটেছিল মেহেরুন্নিসা আর লাডলিকে হত্যা করার জন্য। হায়দার মালিক নামে এক কাশ্মিরী প্রহরী ইউসুফ খানকে না ঠেকালে তাদের মা মেয়ে কারোরই বাঁচার কথা ছিল না।
যদিও মেহেরুন্নিসা সবচেয়ে বেশি কৃতজ্ঞ রুকাইয়া সুলতান বেগমের ওপর। আগ্রায় আসার পর থেকেই নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। দুজনের সম্পর্কটাও আশ্রয়দাতা ও আশ্রিতের নয়। সব ব্যাপারেই মেহেরুন্নিসার সঙ্গে আলাপ করেন রুকাইয়া। গুরুত্ব দেন তার পরামর্শের।
গড়পড়তা নারীদের মতো নয় মেহেরুন্নিসা। ঘরকন্নায় যেমন দক্ষ, তেমনি ওয়াকেবহাল রাজনীতি আর চলমান নানা ঘটনার ব্যাপারেও। ছোটবেলা থেকেই বই পড়ার আগ্রহ তার, বেশ বড়সড় একটা গ্রন্থাগার আছে নিজের। অবসর পেলেই বইয়ের পাতায় ডুব দেন। শামসুদ্দিন মুহম্মদ হাফেজ-ই-সিরাজির 'দিওয়ান' ধরা ছিল হাতে, খুলতেই যে কবিতাটি চোখে পড়ল তার ক'টা স্তবক পড়লেন মেহেরুন্নিসা-
গার চেহ মাঞ্জিল বাস্ত খাতারনাক আস্ত্-ও মাকসাদ বাস নাঈদ
হিচ রাহি নিস্ত কান রা নিস্ত পায়ান গাম মাকুর
হাল-এ মা দার ফিরকাত-এ জানান ভা ইব্রাম-এ রাকিব
জোমলেহ মিদানাদ খোদাঈ হাল-এ গারদান গাম মাকুর।
ঘরভর্তি বিপদ আমার,
পথের শেষ-সেতো নাগালের বাইরে;
দুঃখ করো না। এমন পথ কি আছে সমাপ্তি নেই যার?
বন্ধুরা আজ বহু দূরে, শত্রুর হুমকিতে বিচ্ছিন্ন ও খÐিত সবাই,
দুঃখ করো না, খোদাই জানেন কীভাবে-
পৃথিবীর ঘূর্ণন ঠিক করে দেবে নিয়তি আমাদের।
বইয়ের পাতা থেকে চোখ তুলে জানালা দিয়ে বাইরে তাকালেন মেহেরুন্নিসা। সম্রাটের সুদর্শন চেহারাটি ভাসছে চোখে। সেই চোখ, সেই দৃঢ়বদ্ধ চোয়াল, হৃদয় অব্দি পৌঁছে যাওয়া চোখ। পুরুষের মৃগ্ধদৃষ্টি নতুন কিছু নয় তার জন্য। কিন্তু সে পুরুষটি যদি হন হিন্দুস্তানের শাহেনশাহ তাহলে তো গুরুত্ব দিতেই হয়।
আসলেই কি তাকে মনে ধরেছে সম্রাটের? শুনেছে গোটাকুড়ি বৌ তাঁর, উপপত্নীর সংখ্যা বেশুমার। সম্রাটের হেরেমে আরেকজন উপপত্নী হয়ে জীবন কাটানোর ইচ্ছে নেই তার। কিন্তু মুঘল সাম্রাজ্যে সম্রাটের কথাই আইন। অবশ্য সম্রাটের সামান্য একটু চাহনি থেকে এত কিছু ভাবাও নেহাত বোকামো হচ্ছে। তার চেয়ে দেখাই যাক সম্রাট আসলে কী চান।
বা আদৌ কিছু চান কিনা!
দু'দিন পর রুকাইয়া বানু বেগমের সঙ্গে তাঁর মহলে দেখা করলেন জাহাঙ্গীর।
স্ত্রী-কন্যাসহ সম্রাটের ঘনিষ্ঠ আত্মীয়দের জন্য হেরেমে পৃথক মহল আছে। সবচেয়ে বড় মহলগুলোর একটিতে থাকেন রুকাইয়া সুলতান বেগম। তাঁর মহলের পরই শেখপুরা নামে বড় আরেকটি মহল, যাতে থাকেন সম্রাট আকবরের বিধবা পত্নীদের অনেকে।
'সম্রাটকে চিন্তিত মনে হচ্ছে?' সম্ভাষণ বিনিময় শেষে বললেন রুকাইয়া।
'ঠিক চিন্তিত নই,' খানিক ইতস্তত করে বললেন জাহাঙ্গীর, 'আসলে জরুরি একটা ব্যাপারে আপনার সঙ্গে আলাপ করতে চাই।'
'কী ব্যাপার বলুন।'
সরাসরি প্রসঙ্গে আসলেন জাহাঙ্গীর। 'মেহেরুন্নিসা, মির্জা গিয়াস বেগের কন্যা। তাকে আপনার কেমন মনে হয়?'
রুকাইয়ার চেহারা দেখে বোঝা গেল এমন প্রশ্নে খুব একটা বিস্মিত হননি তিনি। স্মিত হাসি হাসলেন তিনি, 'তাহলে আমার আন্দাজ সঠিক। সম্রাটকে সেদিন মেহেরুন্নিসার দিকে তাকাতে দেখেই মনে হয়েছিল এ দৃষ্টির মধ্যে অন্য কিছু আছে,' পরিহাসতরল গলায় বললেন রুকাইয়া।
'আমার প্রশ্নের জবাব দেননি কিন্তু।'
'মেহেরুন্নিসার তুলনা হয় না। কেবল রূপেই নয়, গুণেও সে অনন্য। গান গাইতে পারে, কবিতা লেখে, রান্নায় জুড়ি মেলা ভার আবার এমনভাবে ঘোড়া দৌড়াতে পারে যা দেখে পুরুষরাও ঈর্ষা করবে।'
মৃদু হাসল জাহাঙ্গীর। 'এমন গুণবতী কেউ সত্যিই আছে ধরাধামে?'
'বাড়িয়ে বলছি না আমি,' পরিহাসের ভাব দূর হয়েছে রুকাইয়া বানু বেগমের গলা থেকে। গত চার বছর ধরে দেখছি তাকে আমি। যতই দেখি অবাক মানি। রূপ আর গুণের এমন সমন্বয় আমি আর কারো মধ্যে দেখিনি। আমিতো জাঁহাপনার প্রশ্নের জবাব দিলাম। এবার জাঁহাপনা কি আমার একটা প্রশ্নের জবাব দেবেন?'
'অবশ্যই,' বিনয়ের সঙ্গে বললেন জাহাঙ্গীর।
'এটা কি ক্ষণিকের মোহ নাকি সত্যিকারের অনুরাগ?'
রুকাইয়া সুলতান বেগমকে শ্রদ্ধা করেন জাহাঙ্গীর। কোনো ব্যাপারেই এভাবে খোলাখুলি কখনও কথা হয়নি তাঁদের। মনে মনে প্রশ্নটিকে নেড়েচেড়ে দেখলেন জাহাঙ্গীর। তারপর দ্বিধাহীন গলায় বললেন, 'সত্যিকারের অনুরাগ। তাকে আমি পছন্দ করে ফেলেছি।'
'আমি কি একটি উপদেশ দিতে পারি?'
'অবশ্যই।'
'কয়েকদিন সময় নিন। আরেকটু চিন্তা করুন। আপনি এবং মেহেরুন্নিসা দুজনেই জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছেছেন, হৃদয়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিবেচনাকেও গুরুত্ব দিতে হবে।'
জাহাঙ্গীর চুপ করে রইলেন।
'অবশ্যই হিন্দুস্তানের বাদশাহ কী করবেন সে ব্যাপারে পরামর্শ দেয়া বৃদ্ধা এক আত্মীয়ার সাজে না।'
'আপনি বৃদ্ধা এক আত্মীয়া নন,' চিন্তার মধ্যেও হেসে ফেললেন জাহাঙ্গীর। 'আপনার পরামর্শ অবশ্যই আমি ভেবে দেখব।'
এই বলে সম্ভাষণ জানিয়ে বিদায় নিলেন তিনি, যদিও তিনি কী করতে চান সে বিষয়ে মনের মধ্যে কোনো দ্বিধা নেই তাঁর।
দশ
বেশ কিছুদিন হলো মনটাকে কিছুতেই শান্ত রাখতে পারছে না শাহজাদা খুররম।
সত্য বটে, পাঁচ পুত্রের মধ্যে তাকেই সবচেয়ে বেশি স্নেহ করেন সম্রাট জাহাঙ্গীর, ঠিক যেমন স্নেহ করতেন পিতামহ সম্রাট আকবর। মুঘল মসনদ একদিন তার হাতেই আসবে, এ বিষয়েও সন্দেহ নেই খুররমের মনে।
বড় ভাই খসরু এখন অন্ধ, বন্দি জীবন কাটাচ্ছে সে। খুররমের তিন বছরের বড় ভাই পারভেজ আছে দাক্ষিণাত্য অভিযানে, যদিও খুররম জানে, দুর্বলচিত্ত পারভেজকে সামনে রেখে আব্দুর রহিম খান-খানানই কার্যত পরিচালনা করছেন দাক্ষিণাত্য অভিযান। মসনদের পথে পারভেজ কোনোভাবেই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, এ বিশ্বাস খুররমের আছে। ছোট দুই ভাই শাহরিয়ার ও জাহান্দর একেবারেই ছোট, এর মধ্যে জাহান্দর মানসিক প্রতিবন্ধী। এদের দুজনকে তেমন কোনো গুরুত্ব দিতে নারাজ খুররম।
খুররমের অস্থিরতার কারণ একেবারেই অন্য। এ অস্থিরতার নাম আরজুমান্দ।
আবুল হাসানের কিশোরী কন্যাকে প্রথম যেদিন দেখেছিল সেদিনই প্রেমে পড়েছিল খুররম। চার বছর আগের কথা। নওরোজ উৎসবের সময় আগ্রা দুর্গে বছর পনেরর অপরূপ সুন্দরী মেয়েটাকে দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল খুররম। মনে হয়েছিল স্বর্গচ্যুত কোনো অপ্সরী বুঝি নেমে এসেছে ধরাধামে।
সেদিনই মনে হয়েছিল, এ মেয়েকে না পেলে সে বাঁচবে না।
রুকাইয়া সুলতান বেগমের মাধ্যমে সম্রাট জাহাঙ্গীরের কানে কথাটা তুলেছিল সে। সে জানত, মির্জা গিয়াস বেগ ও আবুল হাসানকে পছন্দ করেন সম্রাট। কাজেই বিয়ের ব্যাপারে হয়তো আপত্তি করবেন না। বাস্তবেও তাই ঘটল। সহজেই সম্মতি দিলেন জাহাঙ্গীর। বাগদানও হয়ে গেল ধুমধাম করে।
তারপরই ঘটল বিপত্তি। গিয়াস বেগের জামাতার হাতে মারা পড়লেন কুতুবুদ্দিন আর ছেলে জড়াল সম্রাটকে হত্যার ষড়যন্ত্রে। সম্ভবত এ কারণেই বেঁকে বসলেন সম্রাট। তবে সরাসরি কিছুই করলেন না। কেবল বিয়ের কথা তুললেই এড়িয়ে যেতে লাগলেন।
এভাবেই কেটে গেছে চার-চারটা বছর।
লাহোর থেকে আগ্রায় ফিরেই গিয়াস বেগকে ডেকে পাঠিয়েছিলেন সম্রাট। রীতিমতো অপমান করেছিলেন, হুমকি দিয়েছিলেন জেলে বন্দি করবেন। পরে দুই লাখ রুপি জরিমানা করেই ছেড়ে দিয়েছিলেন। দক্ষতা আর সদাচরণ দিয়ে ধীরে ধীরে ফের সম্রাটের আস্থা অর্জন করেন গিয়াস বেগ। যদিও গত কয়েক বছর ধরে তাঁর মনসবকে দেড় হাজারে আটকে রেখে সম্রাট এ বার্তাই দিয়ে রেখেছেন যে গিয়াস বেগকে এখনও পুরোপুরি আস্থায় নিতে পারেননি তিনি।
তা নিয়ে খুররমের মাথাব্যথা নেই। কেবল যদি আরজুমান্দের সঙ্গে তার বিয়েতে মত দিতেন!
অবশ্য এমন নয় যে আরজুমান্দই হবে তার প্রথম স্ত্রী। বছরদুয়েক আগে পারস্যের রাজপরিবারের সদস্য মুজাফফর হোসেন মির্জা সাফাভির কন্যা কান্দাহারি বেগমকে বিয়ে করেছে খুররম। প্রচুর জাঁকজমক হয়েছে সে বিয়েতে। কেবল তাই নয়, কান্দাহারি বেগম এখন গর্ভবতী। দু-চার মাসের মধ্যে সন্তান জন্ম দেবে। কিন্তু এক স্ত্রী বর্তমান থাকা বা আসন্ন পিতৃত্ব-কিছুই আরজুমান্দের জন্য খুররমের আকুলতাকে কমাতে পারেনি।
চার বছর আগে প্রথম দেখার সময় যেমন তেমনি এখনও, খুররম জানে, আরজুমান্দই তার জীবনের আসল ভালোবাসা।
সে যেমন, আরজুমান্দও তেমনি অস্থির হয়ে উঠেছে। এটাই স্বাভাবিক। বাগদানের পর এত দীর্ঘ অপেক্ষা কার ভালো লাগবে!
পরদিনই আরজুমান্দের বার্তা পেয়ে তার সঙ্গে দেখা করার জন্য গেল সে। তার হাত ধরে কেঁদে ফেলল আরজুমান্দ। 'আর কতদিন অপেক্ষা করতে হবে? কবে মন গলবে সম্রাটের?'
বরাবরের মতোই আশ্বাস দিল খুররম, 'আর ক'টা দিন ধৈর্য ধরো। আমার মন বলছে আর বেশি দেরি হবে না।'
'চার বছর ধরেই শুনে আসছি এটা,' অভিমান ভর করল আরজুমান্দের গলায়, 'আপনার ঘরে সন্তান আসছে, হতে পারে সেই আনন্দেই বিভোর হয়ে আছেন।'
স্থিরদৃষ্টিতে তার দিকে তাকাল খুররম, 'একথা বিশ্বাস করো তুমি?'
অপলক চোখে তার দিকে তাকাল আরজুমান্দ, 'করি না। কিন্তু অপেক্ষার এই কষ্ট আর সহ্য হচ্ছে না। মাঝে মাঝে মনে হয় সম্রাট কখনোই আমাদের বিয়েতে মত দেবেন না।'
ভ্রু কুঁচকে একটু ভাবল খুররম। তারপর বলল, 'একটা কথা কানে এসেছে আমার। তোমার ফুফু মেহেরুন্নিসাকে নাকি বিয়ে করতে চান শাহেনশাহ। তুমি কিছু জানো এ সম্বন্ধে?'
এদিক ওদিক মাথা নাড়ল আরজুমান্দ।
'একথা যদি সত্যি হয় তাহলে আমাদের পথের বাধা খুলে যেতে পারে। তোমার ফুফুকে দিয়ে রাজি করাতে পারবে শাহেনশাহকে?'
আরজুমান্দের মুখ উজ্জ্বল হয়ে উঠল, 'অবশ্যই পারব।' পরক্ষণেই চেহারাটা মলিন হয়ে গেল তার, 'যদি আপনার শোনা গুজবটা সত্যি হয়।'
'সত্যি না মিথ্যে সেটা অল্পদিনের মধ্যেই বুঝতে পারব।'
বেশিদিন অপেক্ষা করতে হলো না। ঠিক একমাস পর বাদশাহী ঘোষণা এল। বিয়ে করতে যাচ্ছেন শাহেনশাহ নুরুদ্দিন মুহম্মদ জাহাঙ্গীর। পাত্রী দিওয়ান মির্জা গিয়াস বেগের কন্যা মেহেরুন্নিসা।
কষ্ট কাকে বলে জীবনে দু'বার জেনেছেন রাণী জগৎ গোসাই।
জন্ম তাঁর মারওয়াড়ের রাজপ্রাসাদে। মাত্র তেরো বছর বয়সে রাজপুত্র সেলিমের স্ত্রী হয়ে আসেন আগ্রা দুর্গে। এক অনুষ্ঠানে তাকে দেখে মুগ্ধ হয়েছিল ষোল বছর বয়সী শাহজাদা সেলিম। বিয়েতে প্রথমে সম্মতি দেননি শাহেনশাহ আকবর। মরিয়ম মাখানির অনুরোধেই রাজি হয়েছিলেন শেষে। পঁচাত্তর লক্ষ টাকা দেনমোহরে প্রচুর ধুমধাম করে মানবতী বাইকে ঘরে তুলেছিলেন সেলিম, বিয়ের পর নাম হয়েছিল জগৎ গোসাই।
শাহজাদা থাকার সময় এবং পরে সম্রাট হবার পরও জাহাঙ্গীর আরো বেশ কয়েকটি বিয়ে করলেও খসরুর মা শাহ বেগমের মৃত্যুর পর সে-ই যে প্রধান রাজমহিষী হবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না জগৎ গোসাইয়ের।
এতদিন ছিলও তাই।
অন্যসব স্ত্রীর চেয়ে তাকে ভিন্নচোখে দেখেন জাহাঙ্গীর, জগৎ গোসাই জানে। না দেখার কারণ নেই। কেবল সৌন্দর্য আর বুদ্ধিমত্তাতেই অন্যসব রাণীর চেয়ে এগিয়ে নেই সে, গুণেও অনন্যা। চমৎকার গান গাইতে পারে, আবার বন্দুকের তাকও এত ভাল যে শিকারের সময় প্রায়ই তাকে পাশে রাখেন সম্রাট। প্রথম কন্যা বেগম সুলতানের অকাল মৃত্যুর পর তার কোল আলো করে আসে খুররম। নবজাত পুত্রের মুখের দিকে তাকিয়ে জগৎ গোসাইয়ের মনে হয়েছিল আকাশ থেকে একটি তারা যেন নেমে এসেছে তার কোলে। কিন্তু খুররমের বয়স যখন মাত্র ছয়দিন তখনই শাহেনশাহ আকবরের আদেশ এল-খুররমকে তুলে দিতে হবে রুকাইয়া সুলতান বেগমের কোলে।
কষ্ট কাকে বলে সেই প্রথম বুঝেছিলেন জগৎ গোসাই।
তাঁর নাড়িছেঁড়া ধনকে অন্যের হাতে তুলে দিতে হবে, এটি সহ্য করা কঠিন ছিল তার পক্ষে। অসুস্থ হয়ে শয্যা নিয়েছিলেন। কিন্তু সম্রাট আকবরের কথাই আইন। নিঃসন্তান রুকাইয়াকে তিনি কথা দিয়েছিলেন, এক মুঘল রাজপুত্রকে পেলেপুষে বড় করার সুযোগ দেবেন তাকে। জগৎ গোসাইর মানসিক অবস্থা দেখে অনেক দামি দামি রত্ন আর মুক্তা দিলেন তাকে। কিন্তু তাতে কি আর মায়ের কষ্ট কমে! রুকাইয়া সুলতান বেগমের ঘরে খুররমকে ধীরে ধীরে বড় হতে দেখার যন্ত্রণাটা সহ্য করতে হলো তাকে। মাঝে মাঝে মায়ের কাছে আসত বটে খুররম, কিন্তু বোঝাই যেত, তার মন পড়ে আছে রুকাইয়ার কাছে। রুকাইয়াও এক মুহূর্তের জন্য খুররমকে চোখের আড়াল করতেন না।
জগৎ গোসাইয়ের মনে কোনো সন্দেহ নেই, তার পুত্র খুররমই হবে একদিন মুঘল মসনদের অধিপতি। তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারা যায়, যেন অদৃশ্য কালি দিয়ে তার কপালে লেখা আছে এ কথা। ভবিষ্যৎ সম্রাট, নিজের নাড়িছেঁড়া ধনকে নিজের হাতে বড় করতে পারলেন না এ কষ্ট তাঁর কোনোদিন যাবে না।
আর এখন, জীবনের দ্বিতীয় কষ্টের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।
কল্পনাও করেননি, তেতাল্লিশ বছর বয়সে আবারও বিয়ে করবেন জাহাঙ্গীর। তাও ঘরে উনিশজন স্ত্রী বর্তমান থাকতে!
মেহেরুন্নিসার সঙ্গে বহুবারই দেখা হয়েছে তার, এবং কোনোদিন পছন্দ করতে পারেনি তাকে। মনে হয়েছে অহঙ্কারী আর অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী। অথচ মুঘল হেরেমের সাধারণ এক আশ্রিত ছাড়া কিছু নয় সে। যার স্বামী সম্রাটের দুধভাইকে হত্যা করল, যার ভাইয়ের মৃত্যুদণ্ড হলো স্বয়ং সম্রাটকে হত্যার ষড়যন্ত্রের অপরাধে, রুকাইয়া সুলতান বেগম যে কী বুঝে তাকে আশ্রয় দিলেন তাঁর মাথায় আসে না। দু-একবার সম্রাটের কানেও তুলেছিলেন তিনি কথাটা। শুনেও না শোনার ভান করেছেন জাহাঙ্গীর।
এখন মনে হচ্ছে, মেহেরুন্নিসা যে তার জন্য বিপদের কারণ হবে অবচেতনে ঠিকই বুঝতে পেরেছিলেন জগৎ গোসাই।
সম্রাট মেহেরুন্নিসাকে বিয়ে করেছেন একমাস হয়ে গেছে। জগৎ গোসাই আশা করেছিলেন সম্রাটের অন্যান্য স্ত্রীর অবস্থা হবে তার। হেরেমের কোনো এক কোনায় পড়ে থাকবে পরিত্যক্ত কোনো গয়নার মতো। কিন্তু বাস্তবে তা ঘটেনি। বিয়ের পরপরই মেহেরুন্নিসাকে 'নূরমহল' উপাধি দিয়েছেন সম্রাট। কেবল তাই নয়, তার প্রতি তাঁর অনুরাগ যে কত প্রগাঢ় সেটা বোঝাতে কসুর করছেন না কোনো।
গোটা ব্যাপারটা রীতিমতো অবিশ্বাস্য মনে হচ্ছে জগৎ গোসাইয়ের কাছে। মদ আর আফিমে ডুবে থাকা জাহাঙ্গীর যে এ বয়সেও এমন ভিমরতির শিকার হবেন কল্পনাও করেননি তিনি।
এভাবে চলতে থাকলে হেরেমে তাঁর প্রভাব বলে আর কিছু যে থাকবে না সে ব্যাপারে নিশ্চিত জগৎ গোসাই। সব মিলিয়ে মনে হচ্ছে একটা দুঃস্বপ্নের ভুবনে প্রবেশ করেছেন তিনি।
এ পরিস্থিতিতে একমাত্র যে মানুষটির কাছে নিজের দুঃখের কথা বলা যায় তাঁর কাছেই গেলেন জগৎ গোসাই।
মরিয়ম-উজ-জামানি নাম নিয়ে সম্রাট আকবরের স্ত্রী হয়ে মুঘল হেরেমে প্রবেশের পঞ্চাশ বছর পেরিয়ে গেছে হারকা বাই-এর। আম্বরের রাজা ভারমল আর রাণী চম্পাবতীর আদরের কন্যা জানতেন, তাঁর কাছে একটিই চাওয়া সম্রাটের-একটি পুত্রসন্তান। সে সন্তান সম্রাটকে ঠিকই দিয়েছেন তিনি। সেলিমের জন্ম সম্রাটকে এতটাই আনন্দিত করেছিল যে রুকাইয়া সুলতান বেগম রাজমহিষী হলেও মরিয়ম-উজ-জামানির প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না তাঁর। যদিও সে ভালোবাসার বড় অংশই যে কৃতজ্ঞতা সেটিও বিলক্ষণ জানতেন মরিয়ম-উজ-জামানি। তা নিয়ে কোনো আক্ষেপ ছিল না তাঁর মনে। সেলিম সিংহাসনে বসার পর মুঘল রাজপরিবারের নারীরা সচরাচর যে কাজটি করেন না সেটিই করেছেন তিনি। বিদেশি বণিকদের সাথে ব্যবসায় নেমেছেন। বাণিজ্যে এতটাই সফলতা পেয়েছেন যে সম্রাজ্ঞীর ধনভান্ডার দিনদিন ফুলেফেঁপে উঠছে।
সাতসকালে জগৎ গোসাইকে মহলে প্রবেশ করতে দেখে ভ্রু কোঁচকালেন মরিয়ম-উজ-জামানি। পুত্রবধুদের সাথে ঘনিষ্ঠতা নেই তাঁর। তাছাড়া নিজের ব্যবসাবাণিজ্য নিয়ে এত ব্যস্ত থাকেন যে পরিবারের কারো সঙ্গেই কাটানোর মতো সময় পান না।
'শাহেনশাহ এত বড় অন্যায় কীভাবে করলেন!' সরাসরি প্রসঙ্গে এলেন জগৎ গোসাই, অশ্রু ঝরে পড়ছে দু'চোখ দিয়ে।
'কী বলছ কিছুই বুঝতে পারছি না,' বিরক্ত কণ্ঠে বললেন মরিয়ম-উজ-জামানি।
'একটা বুড়িকে বিয়ে করেছেন এ বয়সে। আদেখলাপনারও আর কিছু বাকি রাখছেন না।'
এতক্ষণে বুঝলেন মরিয়ম-উজ-জামানি। 'তোমার এতটা উতলা হওয়ার কী আছে? হেরেমে সম্রাটের স্ত্রীর কি অভাব আছে? নতুন আরেকজন যুক্ত হলোই না হয়?'
স্থিরদৃষ্টিতে তাঁর দিকে চাইল জগৎ গোসাই। 'আমি যেমন জানি আপনিও জানেন মেহেরুন্নিসা স্রেফ সম্রাটের আরেকজন স্ত্রী নয়। বিয়ের একমাস পেরোয়নি, হেরেমের পরিস্থিতি বদলে গেছে। সবার মুখে কেবল সম্রাজ্ঞী নূরমহল।'
ঈর্ষার কারণে বাড়িয়ে বলছে জগৎ গোসাই, জানেন মরিয়ম-উজ-জামানি। তবে হেরেমে মেহেরুন্নিসার ক্রমশ বেড়ে চলা প্রভাব চোখ এড়ায়নি তাঁরও। তা নিয়ে মাথাব্যথা নেই তাঁর। সম্রাটের স্ত্রীদের পারস্পরিক বিরোধে কখনও মাথা গলাবেন না, এ সিদ্ধান্ত বহু আগেই নিয়ে রেখেছেন। অবশ্য জগৎ গোসাইকে স্নেহ করেন তিনি। তার মনের অবস্থাও বুঝতে পারছেন। এ কারণে সরাসরি কোনো কটু কথা বললেন না।
'মুঘল হেরেমে ঢোকার সময়ই এ সত্যটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে কেউই আমরা অপরিহার্য নই। সূর্য পূবে ওঠে আর পশ্চিমে অস্ত যায় এটি যেমন সত্যি তেমনি মুঘল বাদশাহর হৃদয়ও এক নারীতে সীমাবদ্ধ থাকে না, এটাও সত্যি। বাস্তবতাকে মেনে নাও জগৎ গোসাই।'
'আমার সন্তানকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আরেকজনের কাছে দেয়া হয়েছিল। এখন রাজমহিষীর সম্মানেও ভাগ বসাবে আরেকজন। আর সবই আমি বসে বসে দেখব?'
'কিন্তু কী করতে পারো তুমি? বাদশাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে?'
'তা নয়। কিন্তু আমার সম্মানে যাতে আঘাত না লাগে সে চেষ্টাটুকুতো করতে পারি!'
'কী করতে চাও স্পষ্ট করে বলো। আমার কাজ আছে।'
'রাজদরবারের কর্মকাণ্ড সম্বন্ধে ভালো ধারণা নেই আমার। মেহেরুন্নিসার বাবা ও ভাই সম্রাটের ঘনিষ্ঠ এটা জানি। কিন্তু সবাই নিশ্চয়ই তাদের ধামাধরা নয়?'
'অবশ্যই না।'
'এমন দু-একজন অমাত্যের নাম বলুন যিনি মির্জা গিয়াস বেগ বা আবুল হাসানকে পছন্দ করেন না।'
এমন অমাত্যের নাম জেনে জগৎ গোসাইয়ের কাজ কী জিজ্ঞেস প্রায় করেই ফেলছিলেন মরিয়ম-উজ-জামানি, শেষ মুহূর্তে নিবৃত্ত করলেন নিজেকে। উত্তরটা তিনি জানেন। মেহেরুন্নিসা ও তার আত্মীয়স্বজনের দুর্বলতা সম্বন্ধে জানতে চাইবে জগৎ গোসাই, যাতে মেহেরুন্নিসার বিরুদ্ধে সেটাকে ব্যবহার করা যায়।
'এমন খুব বেশি অমাত্যের নাম আমার জানা নেই,' মরিয়ম-উজ-জামানির কণ্ঠস্বরে দ্বিধা।
'একজনও না?'
খানিকক্ষণ ভাবলেন মরিয়ম-উজ-জামানি, তারপর নামটা বললেন জগৎ গোসাইকে, 'মহব্বত খান।'
এগারো
সম্রাটের সঙ্গে দেখা করতে এসেছেন বুন্দেলরাজ বীর সিং দেও।
আবুল ফজলকে হত্যার অপরাধে বীর সিংকে পাকড়াও করার জন্য কেবল আসাদ বেগই নয়, কয়েক দফায় আরো কয়েকজনকে পাঠিয়েছিলেন আকবর। লাভ হয়নি। বুন্দেলখণ্ডের পাহাড়ে পাহাড়ে লুকিয়ে কাটিয়েছেন বীর সিং। সম্রাটের মৃত্যুর পর নেমে এসেছেন পাহাড় থেকে। মসনদে বসেই বুন্দেলখন্ডের শাসনভার তার ওপর অর্পণ করেছেন জাহাঙ্গীর। কেবল তাই নয়, তিন হাজারি মনসবদার বানিয়েছেন বীর সিং দেওকে।
উপহার হিসেবে প্রচুর মণিমাণিক্য আর দশটি হাতি নিয়ে এসেছেন বীর সিং। আর নিয়ে এসেছেন এক কবিকে। কবির নাম কেশবদাস। মাথাভর্তি পাকা চুল কবির। সুঠাম শরীর। পানের রসে টুকটুকে লাল হয়ে আছে ঠোঁট। সম্রাটকে তিনবার কুর্নিশ করলেন কবি।
'আমার সভাকবি কেশবদাস মিশ্র,' বললেন বীর সিং, 'বড় ভালো কবিতা লেখে।'
'তোমার রাজকবির তো বয়স হয়ে গেছে,' দুষ্টুমির ছলে বললেন জাহাঙ্গীর, 'এ বয়সে মাথা থেকে কি আর কবিতার রস ঝরবে?'
আভূমি নত হয়ে সম্রাটকে কুর্নিশ করলেন কেশবদাস, তারপর ব্রিজ ভাষায় দুটো স্তবক আবৃত্তি করলেন:
কেশব কেশান আজ কারি, জাস আরিহু না কারাহিন,
চন্দ্রবদন, মৃগলোচনী, বাবা কাহি কাহি জাঁহি।
তারপর ফার্সিতে অনুবাদ করে দিলেন-
ও কেশব, ঐ ধূসর চুল কী পেরেশানির মধ্যেই না ফেলল তোমায়!
এমন দুর্ভাগ্য যেন শত্রুরও না হয়-
চাঁদমুখ আর হরিণ চোখের তরুণীরা সাদা চুল দেখে ডাকে তোমায় বাবা!
হা হা করে হেসে উঠলেন জাহাঙ্গীর। সে হাসিতে যোগ দিলেন সভাসদেরাও। 'বীর সিং,' জাহাঙ্গীর বললেন, 'সভাকবি বেছে নিতে ভুল করোনি তুমি। বড় রসিক আর বুদ্ধিমান লোক।'
'শাহেনশাহকে উৎসর্গ করে একটা কবিতা লিখেছি আমি,' কেশবদাস বললেন। 'কবিতার নাম জাহাঙ্গীরইয়াসচন্দ্রিকা। অনুমতি দিলে কয়েকটি স্তবক পাঠ করতে পারি।'
'নিশ্চয়ই, নিশ্চয়ই।'
চোখ বন্ধ একটু দম নিলেন কেশবদাস, তারপর ভরাট গলায় আবৃত্তি করলেন-
গৌড়, গুজরাট, গয়া, গন্ডোয়ানা,
গোয়ালিয়র, গান্ধারা, গাক্কার-
আরব, ইরাক, অর্বুদাঞ্চল, আসের,
অযোধ্যা, অঙ্গ, আশাপুরি;
সাম্বাল, সিংহল, সিন্ধু, সৌরাষ্ট্র, সুবির,
সুর, কান্দাহার, কুরেশ ও খোরাসান-
সকল রাজার রাজা তিনি, মহাজ্ঞানী মহাবীর-
বাদশাহদের বাদশাহ আবুল মুজাফফর নুরুদ্দিন জাহাঙ্গীর!
সম্রাটের প্রতিক্রিয়া দেখার জন্য তাঁর মুখের দিকে তাকালেন সভাসদেরা, তাঁর মুখে চওড়া হাসি দেখে হর্ষধ্বনিতে মুখরিত করে তুললেন সভা, 'কেয়াবাত-কেয়াবাত, বহুত খুব-বহুত খুব!'
প্রচুর নজরানা দিয়ে কেশবদাসকে বিদায় করলেন জাহাঙ্গীর। প্রিয় কবি তালেব আমোলির কথা মাথায় এল তাঁর। পারস্যের মাজান্দারানে জন্ম নেয়া এই কবির খ্যাতি বহুদিন ধরেই শুনছেন। সংসারবিবাগী তালেব আমোলি নাকি এখন হিন্দুস্তানেরই এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর মতো একজন রাজকবি না হলে দরবারের মাহাত্ম্য বাড়বে না।
কবির খোঁজে লোক লাগাতে হবে, মনে মনে ঠিক করলেন সম্রাট।
পিতা আকবরের দৃষ্টান্ত অনুসরণ করে ঠিক সূর্যোদয়ের সময় ঝরোখা দর্শনে বসেন জাহাঙ্গীর।
আগ্রা দুর্গের পূর্বমুখী একটি ঝুলবারান্দায় ভোরের আলো ফোটার মুহূর্তটিতে এসে দাঁড়ান সম্রাট। নিচে, যমুনার তীরে মনোরম দুটো উদ্যানের মাঝখানের সুপ্রশস্ত চত্বরে দাঁড়ান দর্শনার্থীরা, যাদের মধ্যে অমাত্য ও অভিজাত থেকে শুরু করে বাদকের দল, ভৃত্য, প্রহরী ও সাধারণ মানুষ-সবাই আছেন। সম্রাট ঝরোখা বারান্দায় এসে দাঁড়ানো পর্যন্ত মাথা নিচু করে নিচে দাঁড়িয়ে থাকেন সবাই। সম্রাটকে মাথা তুলে প্রথম দর্শন করেন মীর-তোজাক-উৎসব-অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব যার ওপর। তাঁর নির্দেশনাতেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় দর্শন। শুরুতেই জনতার উদ্দেশে দু-চার কথা বলেন সম্রাট। তারপর দায়িত্ব নেন মীর-আরজ, যার কাজ হচ্ছে সমবেতদের দাবিদাওয়া, অভাব-অভিযোগ সম্রাটের কাছে উপস্থাপন করা। প্রায় ঘণ্টাখানেক আর্জি শোনেন সম্রাট, ফয়সালাও দেন সঙ্গে সঙ্গে। দাবিদাওয়া উত্থাপনকারী অভিজাতদের সবাই সাধ্যমতো উপহার নিয়ে আসেন সম্রাটের জন্য, সাধারণ মানুষের অবশ্য সে বাধ্যবাধকতা নেই।
দুপুরে একবার এবং সূর্যাস্তের সময় আরো একবার দর্শন দেন জাহাঙ্গীর। তবে একই ঝরোকায় নয়। দুপুরের দর্শন দুর্গের দক্ষিণের ঝুলবারান্দা আর বিকেলের দর্শন পশ্চিমের ঝুলবারান্দা থেকে।
আজ সকালে সূর্যাস্তের বহু আগে মেহেরুন্নিসার মহলে ঘুম ভাঙল সম্রাটের।
তাঁর আগেই শয্যা ছেড়েছেন মেহেরুন্নিসা। সম্রাট ঘুম থেকে উঠে দেখেন, জানালায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছেন মেহেরুন্নিসা। সম্রাট যতক্ষণ তাকিয়ে থাকলেন, একবিন্দুও নড়লেন না মেহেরুন্নিসা। মনে হচ্ছে পাথরে খোদাই কোনো মূর্তি বা পটে আঁকা ছবি। এমনকি চোখের পলক পড়ছে বলেও মনে হল না।
সম্রাট যে তার দিকে তাকিয়ে আছেন একসময় টের পেলেন মেহেরুন্নিসা। ঘাড় ফিরিয়ে তাকিয়ে হাসলেন। তারপর ধীর পায়ে হেঁটে এসে সম্রাটের শয্যার পাশে হাঁটু গেড়ে বসলেন। তার বাড়িয়ে দেয়া হাত স্পর্শ করলেন জাহাঙ্গীর। 'সুন্দর,' বিড়বিড় করে বললেন তিনি।
'কী সুন্দর জাঁহাপনা?'
'তোমার হাত। তুমি। এমনকি তোমার অন্তঃকরণ। তারপর মুগ্ধতামেশানো গলায় হাফেজের কবিতার কয়েকটি স্তবক আবৃত্তি করলেন সম্রাট-
তাদের বলো মোমবাতি না জ্বালাতে
আজকের মাহফিলে মোমবাতির দরকার হবে না,
কারণ আমার চন্দ্রিমা আজ পূর্ণ।
গোলাপজল ছিটিও না,
কারণ তার চুলের সৌরভের চেয়ে বড় সুগন্ধী নেই।
ইক্ষু বা সুমিষ্ট খাবারের দরকার নেই
কারণ তার ওষ্ঠের মিষ্টতায়
আমার জিহ্বা আজ পরিতৃপ্ত
আমার দৃষ্টি খোঁজে কেবল সেই লাল চুণিপাথর
আর সেই ঘূর্ণায়মান পেয়ালা।
আমার কান শোনে কেবল
সেই বীণা আর বেহালার সুমধুর সুর।
জলতরঙ্গের শব্দ তুলে হাসলেন মেহেরুন্নিসা। 'হাফেজের মতোই মানুষের অতীন্দ্রিয়কে দেখার দিব্যদৃষ্টি অর্জন করেছেন নাকি জাঁহাপনা?'
জাহাঙ্গীর কোনো জবাব দিলেন না। নির্নিমেষ চোখে তাকিয়ে দেখছেন মেহেরুন্নিসাকে।
খানিকক্ষণ দুজনেই চুপচাপ। একজনের দৃষ্টি নিবদ্ধ অন্যের দৃষ্টিতে। যেন চোখের অতলে ডুব দিয়ে দেখে নিতে চাইছেন অন্যজনের দৃষ্টির গভীরতা। তাকিয়ে থাকার এই খেলায় শেষে হার মানলেন মেহেরুন্নিসাই। চোখ নামিয়ে নিয়ে বিড়বিড় করে বললেন, 'স্বপ্নের মতো মনে হচ্ছে সব আমার কাছে।'
'স্বপ্ন?'
'নয়তো কী? মাত্র কয়েক মাস আগেও ছিলাম হিন্দুস্তানের বাদশাহর হেরেমের আশ্রিতা অসহায় এক নারী। অথচ নিয়তির কী খেলা। স্বয়ং বাদশাহ আমাকে আশ্রয় দিয়েছেন তাঁর পায়ে।'
'পায়ে নয়,' এখনও মেহেরুন্নিসার চোখে চোখ জাহাঙ্গীরের, 'হৃদয়ে।'
চোখ বন্ধ করলেন মেহেরুন্নিসা। তিরতির করে কাঁপছে দু'চোখের পাতা।
'নূরমহল,' আবেগঘন কণ্ঠস্বর জাহাঙ্গীরের।
চোখ খুললেন মেহেরুন্নিসা।
'নওরোজের উৎসবে প্রথম যখন তোমাকে দেখেছি তখনই বুঝেছি, এই নারীকে না হলে শাহেনশাহ জাহাঙ্গীরের হৃদয় তৃপ্ত হবে না, পূর্ণ হবে না তার জীবন। তুমি কেবল এই মহলের আলো নয়, আমার জীবনেরও আলো।'
আরো শক্ত করে তাঁর হাত আঁকড়ে ধরেছেন সম্রাট। বাইরে অন্ধকার কেটে ধীরে ধীরে ফর্সা হতে শুরু করেছে আকাশ। সূর্য ওঠার আর বেশি বাকি নেই।
এর আগে কোনো মুঘল বাদশাহ যা করেননি সেদিন তাই করলেন জাহাঙ্গীর। ঝরোখা দর্শনে সাথে নিয়ে গেলেন মেহেরুন্নিসাকে।
ঝরোখা বারান্দায় সম্রাটের পাশে যখন নেকাবে মুখ ঢাকা নতুন সম্রাজ্ঞীকে দেখা গেল নিচে সমবেত অমাত্য, অভিজাত ও জনতার মধ্যে বিস্ময়ের মৃদু গুঞ্জরণ উঠল।
ঝরোখা বারান্দার নিচে আবদুল্লাহ খান আর খান জাহান লোদির পাশে দাঁড়িয়ে ছিলেন মহব্বত খান।
'আসলেই বুঝতে পারছি না যা দেখছি ঠিকই দেখছি কিনা,' বিড়বিড় করে বললেন আবদুল্লাহ খান। 'শাহেনশাহ হুমায়ুন বা আকবরের সময় এ ঘটনা কখনও ঘটেছিল কিনা জানি না।'
'ঘটেনি,' নিচুগলায় বললেন খান জাহান লোদি। 'শাহেনশাহ কী বুঝে এটা করলেন বুঝতে পারছি না।'
তাদের আলোচনায় যোগ দিলেন না মহব্বত খান। স্থিরদৃষ্টিতে তাকিয়ে আছেন ঝরোখা বারান্দায় দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়ানো সম্রাট ও তাঁর পাশে দাঁড়িয়ে থাকা মেহেরুন্নিসার দিকে। তার মন বলছে, এমন আরো অনেক অভূতপূর্ব দৃশ্যই দেখতে হবে সামনে। কেবল ঝরোখা বারান্দায় দাঁড়ানোতেই নিশ্চয়ই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না মেহেরুন্নিসা? আরো অনেক কিছুই চাইতে পারেন সামনে? কী হবে সেসব? কল্পনা করার চেষ্টা করলেন মহব্বত খান।
তার ভাবলেশহীন চেহারায় অবশ্য মনের মধ্যে বয়ে যাওয়া এসব ভাবনার কোনো ছাপ পড়ল না।
সূর্য যখন মধ্যাকাশে তখন দ্বিতীয়বার ঝরোখা দর্শন থেকে জনতাকে দর্শন দেন সম্রাট। এসময় অবশ্য বিচার-আচারের চেয়ে বিনোদনই হয়ে ওঠে মুখ্য। বাহারি পোশাকে সজ্জিত নর্তক আর বাজনাদারেরা নেচে ও গান গেয়ে সম্রাটের মনোরঞ্জন করে। হাতি ও হরিণের লড়াইও দুপুরের দর্শনের অন্যতম উপকরণ। ক্বচিৎ কদাচিৎ আয়োজন করা হয় মানুষ ও সিংহের লড়াই। সেদিন ঝরোখা বারান্দার নিচের প্রাঙ্গনে দর্শনার্থী উপচে পড়ে। কেবল প্রচণ্ড সাহসই নয়, একা একটা সিংহের সঙ্গে লড়তে ও সে লড়াই থেকে প্রাণে বেঁচে ফিরতে দরকার হয় ভাগ্যেরও। সিংহের সঙ্গে লড়াইয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অনেকেই। মূল উদ্দেশ্যটা হচ্ছে এভাবেই লড়াইয়ের মাধ্যমে সিংহকে পোষ মানানো। সম্রাটের নিজের অবশ্য সবচেয়ে প্রিয় হাতির লড়াই। বিশাল দুটো হাতি যখন যুদ্ধোন্মত্ত হয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন ভয়ঙ্কর এক দৃশ্যের জন্ম হয়। দীর্ঘ, ধারালো দাঁতের আঘাতে একটি অন্যটিকে রক্তাক্ত করে তোলে। অতিরিক্ত রক্তক্ষরণে হাতির মৃত্যুর ঘটনাও নেহাত কম নয়।
দুপুরের ঝরোখা দর্শনের পর দ্বিপ্রহরের আহার ও কিছুক্ষণ বিশ্রামের পর বিকেলের দিকে দিওয়ান-ই-আম-এ প্রবেশ করেন সম্রাট। লাল পাথরের এই চত্বরের দৈর্ঘ্য প্রায় দুশো ফুট আর প্রস্থ পঁয়ষট্টি ফুট। সাধারণ মানুষের আর্জি শোনা ও বিচার-আচার থেকে শুরু করে বিদেশি দূত ও অভ্যাগতদের বরণের কাজও ঘটে দিওয়ান-ই-আমে। চত্বরের পূর্ব প্রান্তে বেশ উঁচু একটি জায়গায় বসানো সম্রাটের মসনদ, বাকি তিন দিক উন্মুক্ত। সম্রাটের মসনদের দু-পাশে ঝুলবারান্দায় বসে পর্দার ওপাশ থেকে হেরেমের নারীরা সভার কাজকর্ম দেখতে পারেন। মসনদের সামনে মার্বেল পাথরের একটি বেদি যার ওপর দাঁড়িয়ে অমাত্য ও অভিজাতেরা সম্রাটের নির্দেশ গ্রহণ করেন।
দিওয়ান-ই-আমে রূপা দিয়ে তৈরি দুটো বেষ্টনী আছে। প্রথম বেষ্টনীর মধ্যে দাঁড়াবেন কেবল উচ্চপদস্থ আমির এবং রাষ্ট্রদূতেরা। প্রথম আর দ্বিতীয় বেষ্টনীর মধ্যে দাঁড়াবেন তুলনামূলকভাবে নিম্নপদস্থ রাজকর্মচারী ও তাদের সহচরেরা। আর বেষ্টনীর বাইরে গোটা চত্বর জুড়ে দাঁড়াবেন আমিরদের ভৃত্য ও সাধারণ দর্শনার্থীরা। সম্রাট আকবরের সময় বেষ্টনীগুলো ছিল কাঠের। জাহাঙ্গীর সিংহাসনে বসেই কাঠের পরিবর্তে রূপা দিয়ে বেষ্টনী বানিয়েছেন।
বাজনাদারদের কড়া-নাকাড়ার শব্দে দিওয়ান-ই-আমে প্রবেশ করলেন জাহাঙ্গীর। দরবারভর্তি মানুষ মাথা নিচু করে সামনে দু'হাত বেঁধে চুপ করে দাঁড়িয়ে থাকলেন। মসনদে বসেই ডানের ঝুলবারান্দার দিকে তাকালেন সম্রাট। এখান থেকে দেখা না গেলেও মেহেরুন্নিসাসহ হারেমের অনেক নারীই ওখানে আছেন। সম্রাটের দৃষ্টি কিছুক্ষণ আটকে থাকল পর্দার ওপর। ঠিক কোথায় বসেছে মেহেরুন্নিসা? নিশ্চয়ই তাঁর চোখাচোখিই তাকিয়ে আছে? মৃদু হাসি ফুটল সম্রাটের ঠোঁটে।
দরবারের শুরুতেই ঘণ্টাখানেক কাটল গতকালকের দরবারের কার্য বিবরণী এবং বিভিন্ন প্রদেশ থেকে আসা সুবাদারদের প্রতিবেদন পাঠে। এ পর্বটা সবসময়ই বিরক্তিকর লাগে জাহাঙ্গীরের কাছে। কোথায় কোন পরগনায় পশুর মড়ক লেগেছে আর কোথায় কোনো কারণ ছাড়াই দিঘির পানি শুকিয়ে যাচ্ছে এসব কাহিনী। বেশিরভাগ সময় ঝিমিয়েই কাটালেন সম্রাট।
ক্লান্তিকর এ পর্ব শেষ হতেই সামনের বেদিতে এসে দাঁড়ালেন আমির-উল-উমারা শরীফ খান। চেহারায় অসুস্থতার ছাপ। শরীরটা ভালো নেই তার বেশ কিছুদিন ধরেই। চিকিৎসা চলছে, তবে তাতে খুব একটা কাজ হচ্ছে বলে মনে হয় না।
সম্রাটকে পরপর তিনবার কুর্নিশ করলেন শরীফ খান। তারপর বললেন, 'সুরাটের গভর্নর মুকারাব খান এসেছেন একজন পর্তুগিজ দূতকে নিয়ে। শাহেনশাহর অনুমতি পেলে কিছু কথা বলবেন।'
সম্রাটের অনুমতি পেয়ে এগিয়ে এলেন মুকারাব খান। মুঘল সাম্রাজ্যের সবচেয়ে লোভনীয় পদগুলোর একটি সুরাটের গভর্নরের (মুতাসাদ্দি) পদ। কারণ হজ্জ্বযাত্রীদের মক্কাভ্রমণসহ মুঘলদের সামুদ্রিক বাণিজ্যের সিংহভাগই হয় গুজরাতের এই বন্দরের মাধ্যমে। বছর-চল্লিশেক আগে সম্রাট আকবরের হাতে গুজরাত পদানত হবার পরই প্রথম সমুদ্র বাণিজ্যের গুরুত্ব বুঝতে পারে মুঘলেরা। মুশকিল হচ্ছে পার্শ্ববর্তী গোয়াসহ সমুদ্রপথের পুরোটাই নিয়ন্ত্রণ করে পর্তুগিজেরা। হজ্জ্বযাত্রীবাহী জাহাজ থেকে শুরু করে সমস্ত জলযান পর্তুগিজদের অনুমতি ছাড়া সাগরে যেতে পারে না। ব্যাপারটা আকবরের যেমন পছন্দ ছিল না, জাহাঙ্গীরেরও নয়। কিন্তু সমুদ্রে পর্তুগিজদের সঙ্গে পাল্লা দেয়া সোজা কাজ নয়। এজন্য তাদের অনেক অন্যায় আচরণও সহ্য করতে হয়।
দু-বছর আগের কথা। মুকারাব খানকে গভর্নর পদে নিয়োগ দেয়ার পর পর্তুগিজদের কীভাবে বাগে আনা যায় তা নিয়ে তার সঙ্গে আলাপ করছিলেন জাহাঙ্গীর।
'শাহেনশাহ যদি অনুমতি দেন একটা প্রস্তাব দিতে পারি।'
'বলো।'
'শাহেনশাহ তো জানেন যে পর্তুগিজ আর ইংরেজ দুই জাতিই এখন হিন্দুস্তানের সঙ্গে ব্যবসা করার জন্য উদগ্রীব।'
সম্রাট মাথা নাড়ালেন। সম্রাট আকবরের রাজত্বের শেষ দিকে এসে ইংরেজদেরও চোখ পড়েছে হিন্দুস্তানের দিকে। এরই মধ্যে দুজন দূত পাঠিয়েছে তারা মুঘল দরবারে। শেষের জন, উইলিয়াম হকিন্সের সঙ্গে ভালোই সখ্য গড়ে উঠেছিল জাহাঙ্গীরের। আদর করে তাকে 'হকিন্স খান' নাম দিয়েছিলেন জাহাঙ্গীর, মরিয়ম নামে তাঁর হারেমের এক আর্মেনিয়ান নারীর সঙ্গে বিয়েও দিয়েছিলেন। দেশে ফেরার পথে জাহাজেই মারা গেছে বেচারা, খবরটা শোনার পর রীতিমতো বন্ধুবিয়োগের বেদনা অনুভব করেছিলেন জাহাঙ্গীর।
'পর্তুগিজ আর ইংরেজ দুই জাতির সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার অভিজ্ঞতা হয়েছে আমার, জাঁহাপনা। দুই জাতির উদ্দেশ্যই ব্যবসা হলেও পর্তুগিজদের বাড়তি একটি উদ্দেশ্য আছে। ধর্মপ্রচার। এ ব্যাপারটায় তারা বড় দুর্বল। আমরা তাদের এই দুর্বলতার সুযোগ নিতে পারি।'
'কীভাবে সেটা?'
'আমরা যদি তাদের এমন একটা ধারণা দিতে পারি যে তাদের ধর্মের ব্যাপারে আমরা আগ্রহী তাহলে ব্যবসাবাণিজ্যের ব্যাপারে তারা ছাড় দেবে। আমি এ ব্যাপারে নিশ্চিত।'
প্রস্তাবটা নিয়ে ভাবলেন জাহাঙ্গীর। মুকারাব খানের কথায় যুক্তি আছে। দুই ইংরেজ দূতের একজনও ধর্মের ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ দেখাননি। অন্যদিকে পর্তুগিজদের কথা শুনলে মনে হয় তাদের এক নম্বর উদ্দেশ্যই হচ্ছে ধর্মপ্রচার। এটা একটা সুযোগ বটে।
'তোমার প্রস্তাবটা কী?' জিজ্ঞেস করলেন তিনি।
'ধরুন আমরা যদি এমন কিছু করি যাতে তারা নিঃসন্দেহ হয় যে তাদের ধর্মের ব্যাপারে আমরা আগ্রহী…'
হাত তুললেন জাহাঙ্গীর। 'এটা কোনো সমস্যাই নয়। এমন একটা কাজ করব আমি, আমাদের নিয়ে পর্তুগিজদের মনে কোনো সন্দেহই থাকবে না। আমার ভাই দানিয়ালের তিন ছেলে তাহমুর্স, বাইসুঙ্গার আর হোসাংকে খ্রিস্টধর্মে দীক্ষিত করব। তুমি তাদের সঙ্গে করে গোয়ায় নিয়ে যাবে। ওদের খুশি করার জন্য তুমি নিজেও যদি যিশুর ধর্মে দীক্ষিত হও আমার আপত্তি নেই। মোদ্দা কথা হচ্ছে, পর্তুগিজদের পুরোপুরিভাবে বিশ্বাস করাতে হবে যে তাদের ধর্মের ব্যাপারে আমাদের আগ্রহটা খাঁটি।'
সম্রাটের প্রস্তাবে মুকারাব খান একটু চমকে গেলেও প্রস্তাবটা লুফে নিয়েছিলেন।
বেশ ঢাকঢোল পিটিয়ে দানিয়ালের তিন ছেলেকে খ্রিস্টধর্মে দীক্ষিত করা হলো। তাহমুর্স-এর নতুন নাম হলো ডম ফেলিপে, বাইসুঙ্গরের ডম কার্লোস আর হোসাং-এর ডম হেনরিক। কেবল নাম পাল্টানোই নয়, খ্রিস্টানদের নানা ধর্মীয় স্তোত্র মুখস্থ করানো হলো তাদের, প্রশিক্ষণ দেয়া হলো পর্তুগিজ পোশাক পরারও। এ খবরে গোয়ায় পৌঁছাতে আনন্দে আটখানা হলো পর্তুগিজেরা।
জাহাঙ্গীর যা ভেবেছিলেন সেভাবেই ঘটল সব। অতীতের যে কোনো সময়ের চেয়ে পর্তুগিজদের সঙ্গে সম্পর্ক এখন ভালো। বাণিজ্যের ক্ষেত্রেও যথেষ্ট সুবিধা পাওয়া গেছে।
মাথা অনেকটা ঝুঁকিয়ে সম্রাটকে কুর্নিশ করলেন মুকারাব খান। বয়স পঞ্চাশের আশেপাশে তার। মোটাসোটা শরীর। হাসিখুশি চেহারা দেখলে মনে হবে তার মতো সহজসরল লোক আর নেই। বাস্তবে অবশ্য উল্টোটা। মিষ্টি হাসি দিয়ে কাজ উদ্ধারে যেমন তেমনি দর কষাকষিতেও জুড়ি মেলা ভার তার।
'আমার জন্য কী খবর নিয়ে এসেছ মুকারাব খান?' জিজ্ঞেস করলেন সম্রাট।
'খবর ভালো, জাঁহাপনা। গত বছরের তুলনায় এবার কর আদায় চল্লিশ শতাংশ বেড়েছে। আমাদের পর্তুগিজ বন্ধুদের সহায়তা ছাড়া এটি কঠিন হতো, মহামান্য সম্রাটের দুরদর্শী ও বিচক্ষণ সিদ্ধান্তের কারণেই এটি সম্ভব হয়েছে।'
অদূরে দাঁড়ানো পর্তুগিজ পাদ্রীর দিকে চোখ ইশারা করলেন জাহাঙ্গীর। 'ইনি কে?'
'একজন স্বনামধন্য পর্তুগিজ ধর্মবেত্তা। তাঁকে আপনি চেনেন, জাঁহাপনা। এর আগেও এসেছেন। জাঁহাপনার অনুমতি পেলে আপনার সামনে নিজের পরিচয় দেবেন।'
সম্রাটের সম্মতি পেয়ে এগিয়ে এলেন দীর্ঘকায় পাদ্রী। এবার তাকে চিনলেন জাহাঙ্গীর। বছর পনের আগে সম্রাট আকবরের দরবারে এসেছিলেন তিন পর্তুগিজ পাদ্রী, তাদেরই একজন ইনি-নামটা যদিও মনে পড়ল না।
'মহামান্য সম্রাট,' ভাঙা ভাঙা ফার্সিতে বললেন পাদ্রী, 'অধমের নাম ম্যানুয়েল পিনেইরো। আপনার পিতা মহান সম্রাট আকবরের সময় ফাদার জেরোনিমো জেভিয়ার আর বেন্টো ডি গয়ার সঙ্গে দরবারে এসেছিলাম। আপনার মতো বিচক্ষণ, দূরদর্শী, ন্যায়পরায়ণ এবং মহান শাসকের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।'
লোকটার অতি নাটুকেপনায় বিরক্তিবোধ করলেন জাহাঙ্গীর, যদিও চেহারায় সে ভাব ফুটতে দিলেন না।
'আমাদের মহান রাজা ফিলিপের পক্ষ থেকে একটি পত্র নিয়ে এসেছি সম্রাটের জন্য।'
পত্র! ডান ভ্রু উঁচু করলেন জাহাঙ্গীর। উপহার ছাড়া কেবল পত্র এনে কী হবে?
'মহামান্য সম্রাট আমাদের মহান রাজার কাছে একটি উপহার চেয়েছিলেন, সেটিও নিয়ে এসেছি আমি।'
রাজার কাছে কী উপহার চেয়েছিলেন মনে পড়ল না জাহাঙ্গীরের।
'একটি বর্ম চেয়েছিলেন জাঁহাপনা,' নিচুগলায় মনে করিয়ে দিল মুকারাব খান।
মনে পড়ল জাহাঙ্গীরের। ইউরোপীয় যোদ্ধারা যুদ্ধের সময় সারা শরীর আচ্ছাদনকারী বর্মজাতীয় একটি পোশাক পরে বলে শুনেছিলেন তিনি। গোয়ার গভর্নর রুই লরেন্সো ডি তাভোরার কাছে সেরকম একটা বর্মই চেয়েছিলেন মুকারাব খানের মাধ্যমে।
'মহামান্য সম্রাটের ইচ্ছানুযায়ী দুটো বর্ম পাঠানো হয়েছে। দুটোতেই স্বর্ণ দিয়ে নকশা করা। তবে একটির নকশা অতি উচ্চমানের। শাহেনশাহ জাহাঙ্গীর উপহারগুলো গ্রহণ করলে মহামান্য রাজা ধন্য হবেন।
'অবশ্যই গ্রহণ করব,' স্মিত হেসে বললেন জাহাঙ্গীর। 'আপনাদের রাজাকে আমার ধন্যবাদ পৌঁছে দেবেন।'
মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালেন ম্যানুয়েল পিনেইরো।
বারো
ঘন্টাদেড়েক দিওয়ান-ই-আমে কাটানোর পর শরীফ খানসহ কয়েকজন আমিরকে সাথে নিয়ে দিওয়ান-ই-খাসে প্রবেশ করলেন সম্রাট।
কেবল উচ্চপদস্থ অমাত্যদেরই অনুমতি আছে দিওয়ান-ই-খাসের লাল পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করার। এমনকি তাদেরকেও প্রতি মাসে দিওয়ান-ই-খাসে প্রবেশের অনুমতি স্বয়ং সম্রাটের কাছ থেকে নবায়ন করে নিতে হয়। ভেতরে ঢোকার সময় সম্রাট ছাড়া প্রত্যেকের মুখের কাছে এসে গন্ধ শুঁকল একজন প্রহরী। কারো নিঃশ্বাসে মদের গন্ধ থাকলে দিওয়ান-ই-খাসে প্রবেশ করতে পারবে না, জাহাঙ্গীর এসে এ নিয়ম চালু করেছেন।
দিওয়ান-ই-আমে অমাত্যদের বসার অনুমতি না থাকলেও দিওয়ান-ই-খাসে আছে। মুঘল দরবারের অন্যান্য আদবকেতার মতো সম্রাটের সামনে বসার ভঙ্গিও নির্দিষ্ট। প্রথমে হাঁটু ভেঙে দাঁড়িয়ে তারপর ধীরে ধীরে পায়ের গোড়ালির ওপর ভর করে বসতে হয়। সম্রাট বাবুরের সময় থেকেই এ ভঙ্গি চালু আছে। একটি নামও আছে এর-দোজানু।
পর্তুগালের রাজার লেখা পত্রটি দিওয়ান-ই-খাসে বসে পড়লেন সম্রাট। মুঘল সম্রাটের সাথে সম্পর্ককে পর্তুগালের রাজা কত গুরুত্ব দেন সেটি ইনিয়ে বিনিয়ে লিখেছেন। তারপর এসেছেন আসল কথায়। পর্তুগিজ পাদ্রিরা যাতে মুঘল সাম্রাজ্যে নির্বিবাদে ধর্মপ্রচার চালাতে পারে সেজন্য সহযোগিতা চেয়েছেন। ভবিষ্যতে লৌহবর্মের মতো এমন উপহার আরো পাঠানোর পাশাপাশি সম্রাটের চাওয়ামতো অদ্ভুত সব প্রাণীও পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মনে মনে হাসলেন জাহাঙ্গীর। পাদ্রিদের ধর্মপ্রচার নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তার। সম্রাট আকবরের মতো এসব ব্যাপারে তিনিও যথেষ্ট উদার।
মসনদে বসার সময় ইসলামি শরিয়তবিরুদ্ধ কোনো কাজ না করার অঙ্গীকার করেছিলেন। সে অঙ্গীকার থেকে সরে আসার মতো এখনও কিছু করেননি, তবে আকবরের উদারীকরণের নীতিকে বাদও দেননি। সব মিলিয়ে উদারপন্থী আর কট্টরপন্থী দু' পক্ষকেই একধরনের বিভ্রান্তির মধ্যে রেখেছেন জাহাঙ্গীর। সাঈদ খান বারহাসহ যেসব আমির তাঁকে মসনদে বসতে সাহায্য করেছেন তাদের বেশিরভাগই অবশ্য হতাশ। একে ব্যক্তিগত জীবনে তেমন কোনো ধর্মাচার করেন না, অন্যদিকে নাচ-গান-আনন্দ-ফূর্তিতে সম্রাটের বাড়াবাড়ি উৎসাহও ভ্রু কোঁচকায় অনেকের।
এসব নিয়ে অবশ্য কখনোই ভাবেন না জাহাঙ্গীর।
আকবর প্রতিদিনই ধর্মীয় আলোচনায় ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন। সেসব আলোচনার কোনো কোনোটিতে জাহাঙ্গীর নিজেও থাকতেন। তবে এসব ব্যাপার কখনোই সেভাবে আকর্ষণ করেনি তাকে। পিতার নির্দেশে এসব আলোচনায় অংশ নিলেও তার মন পড়ে থাকত অন্য কোথাও।
পর্তুগালের রাজার পত্রের উত্তরে কী লিখতে হবে শরীফ খানকে নির্দেশ দিলেন জাহাঙ্গীর।
'জাঁহাপনার জন্য কয়েকটি ছবি এঁকেছে আবুল হাসান। অনুমতি পেলে আপনাকে দেখাই,' বললেন শরীফ খান।
'নিশ্চয়ই নিশ্চয়ই,' অধীর আগ্রহে বললেন জাহাঙ্গীর।
বাবা আকা রেজার সঙ্গে শাহজাদা সেলিমকে দেখতে আসা সেই কিশোর আবুল হাসান এখন মুঘল রাজদরবারের প্রধান শিল্পীদের একজন। জাহাঙ্গীরের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে, ছবি আঁকায় আবুল হাসানের খ্যাতি ছড়িয়ে পড়েছে হিন্দুস্তান ছাড়িয়েও বাইরে। বিশেষ করে মানুষের প্রতিকৃতি আঁকায় তার দক্ষতা অবিশ্বাস্য।
আবুল হাসানের আঁকা ছবিটি দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন সম্রাট। একটা চিনার গাছের ডাল থেকে ডালে খেলা করছে কয়েকটি কাঠবেড়ালি। গাছের সবুজ, লাল আর বাসন্তী রঙের পাতার ফাঁকে ফাঁকে ধূসর কাঠবেড়ালিগুলোকে এমন মুন্সীয়ানার সঙ্গে আঁকা হয়েছে যে থ মেরে যেতে হয়। মনে হয় কোনো ছবি নয়, বাস্তবের কয়েকটা কাঠবেড়ালিকে কাগজে আটকে রাখা হয়েছে-যে কোনো মুহূর্তেই লাফিয়ে বের হয়ে যেতে পারে তারা এখান থেকে।
'মারহাবা!' অস্ফুটে বলে উঠলেন জাহাঙ্গীর। 'এ ছবির জন্য যথাযথ ইনাম দেব আমি আবুল হাসানকে।'
তাঁর আরেক প্রধান শিল্পী ওস্তাদ মনসুরের আঁকা কয়েকটি ছবিও দেখলেন সম্রাট। মানুষের প্রতিকৃতি আঁকায় যেমন আবুল হাসান তেমনি উদ্ভিদ আর প্রাণীর ছবি আঁকায় মনসুর তুলনাহীন। মনসুরের আজকের ছবিগুলোর মধ্যে একটা গিরগিটির ছবি বড়ই পছন্দ হলো জাহাঙ্গীরের। একটা গাছের ডালে বসে আছে সবুজ রঙের একটা গিরগিটি। সরু আর লম্বা লেজ দিয়ে পেঁচিয়ে রেখেছে একটা ডাল।
'অলৌকিক এক প্রতিভা ওস্তাদ মনসুর,' প্রশংসার সুরে বললেন জাহাঙ্গীর। চোখ আটকে আছে ছবিতে।
দিওয়ান-ই-খাসের কাজ শেষ করে বের হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেল। সম্রাট রওনা দিলেন গোসলখানার দিকে। শরীফ খান, খান জাহান লোদি ও মহব্বত খান চললেন তাঁর সঙ্গে।
স্নানাগারে উচ্চপদস্থ আমিরদের সঙ্গে গোপনীয় আলাপ করার প্রথা চালু করেছিলেন শের শাহ সুরী। যদিও মুঘলদের জাতশত্রু ছিলেন, কিন্তু তাঁর হাত থেকে সিংহাসন পুনরুদ্ধার করার পরও গোসলখানায় অমাত্যদের সঙ্গে সভা করার প্রথাটি বন্ধ করেননি হুমায়ুন। আকবরও চালু রেখেছিলেন এটি।
গোসলখানায় বসে তিন আমীরের সঙ্গে হালকা আলাপচারিতার ফাঁকে আফিম মেশানো শরাবের পেয়ালায় চুমুক দিলেন সম্রাট। গোসলখানায় কয় পেয়ালা শরাব পান করবেন নিজের জন্য সে নিয়মও বেঁধে দিয়েছেন। পাঁচ পেয়ালা। আজও ঠিক পাঁচ পেয়ালাই খেলেন।
শেষ পেয়ালায় চুমুক দিয়েই খেয়াল করলেন ঘুমে জড়িয়ে আসছে চোখ। সচরাচর এত তাড়াতাড়ি ঘুম আসে না। অমাত্যদের বিদায় দিয়ে গোসলখানা থেকে বেরিয়ে এলেন সম্রাট।
হেরেমে কোন রাণীর মহলে রাত কাটাবেন সেটি স্থির করতে এক মুহূর্তের বেশি সময় লাগল না। প্রিয় একটি গানের সুর ভাঁজতে ভাঁজতে রওনা দিলেন মেহেরুন্নিসার মহলের দিকে।
মহব্বত খানের সঙ্গে ফতেপুর সিক্রিতে দেখা করার সিদ্ধান্ত নিলেন জগৎ গোসাই।
আগ্রা থেকে মাইলবিশেক দক্ষিণ পশ্চিমে বিরান এই লোকালয়েই বছর-চল্লিশেক আগে রাজধানী স্থানান্তর করেছিলেন সম্রাট আকবর। চৌদ্দ বছর মুঘল রাজধানী ছিল সিক্রি। আকবরের প্রিয় সুফি সাধক শেখ সেলিম চিশতির দরগাহও এখানে, যেখানে জাহাঙ্গীরের জন্ম। জাহাঙ্গীরের জন্মের দ্বিতীয় বছরে এখানে দেয়ালে ঘেরা একটি শহর তৈরি করতে শুরু করেন আকবর, তারপর তৈরি করেন বিশাল এক প্রাসাদ। ফতেপুর নামটিও তাঁর দেয়া, যার অর্থ বিজয়ের শহর। গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখার জন্যই এই নাম।
বেশ কয়েক বছর ধরেই পরিত্যক্ত আর বিরান এক শহর ফতেপুর। চারপাশে পাহাড় আর ধু ধু প্রান্তর, মাঝখানে মাইলদুয়েক লম্বা আর পৌনে এক মাইলের মতো প্রস্থবিশিষ্ট এই প্রাসাদশহরে এখন আর কেউ থাকে না। দিনরাত অথৈ শূন্যতা খা-খা করে আকবরের একদা প্রিয় এই শহরে। ঘোর নিস্তব্ধতায় ডুবে থাকে বুলন্দ দরওয়াজা, পাঁচ মহল, হিরণ মহলসহ ফতেপুর সিক্রির প্রাসাদ আর স্থাপনাগুলো।
ভরদুপুরে ফতেপুর সিক্রিতে পৌঁছানোর পর মহব্বত খানের মনে হলো জনমানবহীন এক মরুপ্রান্তরে এসে পৌঁছেছেন। আগ্রা ছাড়ার সময়ও অকৃপণভাবে উত্তাপ বিলাচ্ছিল সূর্য, কিন্তু এখন সেটি নিস্তেজ। উত্তর আকাশ থেকে ধূসর মেঘের দল মিছিল করে এসে সূর্যকে ঘিরে ধরছে। মনে মনে প্রমাদ গুণলেন মহব্বত খান। বৃষ্টি নামলে আটকা পড়তে হতে পারে। প্রয়োজনের চেয়ে এক মুহূর্তও এখানে থাকার ইচ্ছে নেই তার। জগৎ গোসাই কি এসেছেন?
কিছুক্ষণের মধ্যেই প্রশ্নের উত্তর পেলেন মহব্বত খান। পাঁচ মহলের সুপ্রশস্ত চত্বরে পা দিতেই দীর্ঘ একটা ছায়া পড়ল। মাথা তুলে তাকাতেই ফারাজ খানকে দেখতে পেলেন। হাবশি বংশোদ্ভুত ফারাজ খান সাধারণ একজন খোজা প্রহরী হিসেবে শুরু করে এখন হারেমের খোজা বাহিনীর নেতাদের একজন। জগৎ গোসাইয়ের সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষীদের একজন সে। গায়ের রঙ কালো হলেও চোখদুটো সবজেটে ফারাজ খানের। তার নিঃশব্দ পদসঞ্চার আর সবুজ চোখ বিড়ালের কথা মনে করিয়ে দিল মহব্বত খানকে।
মাথা নিচু করে সসম্ভ্রমে মহব্বত খানকে কুর্নিশ করল ফারাজ খান। 'সম্রাজ্ঞী আপনার জন্য অপেক্ষা করছেন।'
ফারাজ খানের পিছু পিছু পাঁচ মহলের ভেতর দিয়ে নির্জন লম্বা বারান্দা ধরে যোধা বাই মহলের দিকে এগোলেন মহব্বত খান। খানিক পরপর বাঁক নিয়েছে বারান্দা। মিনিটপাঁচেক এভাবে যাওয়ার পর খোলা একটা চত্বর পড়ল সামনে। আর তখনই দেখতে পেলেন জগৎ গোসাইকে। চত্বরের ওপাশে ছায়াময়, প্রায়ান্ধকার একটি বারান্দায় দাঁড়িয়ে আছেন। ধূসর রঙের ঘাগরা পরনে, নেকাবে মুখের নিচের অংশ ঢাকা। জগৎ গোসাইয়ের পটলচেরা দুটো চোখ সরাসরি তাকিয়ে আছে মহব্বত খানের দিকে।
তাঁর হাতদশেক দূরত্বে গিয়ে মাথা নিচু করে কুর্নিশ করলেন মহব্বত খান। ফারাজ খান দাঁড়িয়ে গেছে বেশ খানিকটা পেছনেই। ঘুরে দাঁড়িয়েছে সে, অনাহূত কেউ এসে পড়ল কিনা সেদিকে দৃষ্টি রাখছে।
'আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি মহব্বত খান,' জগৎ গোসাইয়ের কণ্ঠস্বর নিচু, তবে ধারালো। 'আশা করি আপনার এখানে আসার কথা কেউ জানে না?'
'সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন সম্রাজ্ঞী।'
চুপ করে আছেন জগৎ গোসাই। হয়তো কীভাবে কথা শুরু করবেন ভাবছেন। জগৎ গোসাই তাকে কেন ডেকেছেন তা নিয়ে অবশ্য মহব্বত খানের মনে মোটেই সন্দেহ নেই। মেহেরুন্নিসার সঙ্গে সম্রাটের বিয়ের পর হেরেমের পরিস্থিতি বদলে গেছে। শক্তির ভারসাম্যে এসেছে পরিবর্তন। কাজেই এ ব্যাপারে তিনি যে কিছু একটা করতে চাইবেন তাতে আর সন্দেহ কী!
মহব্বত খানকে চমকে দিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে কথা বলে উঠলেন জগৎ গোসাই।
'মেওয়ারে আপনার অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি।'
সম্রাট আকবরের অসংখ্য সফলতার মধ্যে একটি ব্যর্থতা মেওয়ার। রাজস্থানের এই ছোট্ট রাজ্যটি দখল করার জন্য বারবার চেষ্টা করেছেন আকবর, কিন্তু রাজপুত রাজা রাণা প্রতাপ বারবারই ব্যর্থ করে দিয়েছেন তাঁর চেষ্টা। সম্মুখসমরে যখন সফল হননি, পালিয়ে গেছেন পাহাড়ে, সেখান থেকেই গেরিলা কায়দায় গড়ে তুলেছেন প্রতিরোধ। বছরের পর বছর চেষ্টা করে গেছেন সম্রাট, কিন্তু মেওয়ারের অনেক জায়গা দখল করলেও না পেরেছেন রাণা প্রতাপকে বন্দি করতে, না পেরেছেন দখল করা সবগুলো জায়গা নিজের কব্জায় রাখতে। ১৫৯৭ সালে রাণা প্রতাপের মৃত্যুর পর মেওয়ারের সিংহাসনে বসেন তাঁর সতেরো ছেলের মধ্যে বড় জন-অমর সিং। মুঘল আক্রমণ প্রতিরোধে বাবার মতোই বীরত্ব দেখান অমর সিং। আকবর যতদিন বেঁচে ছিলেন পদানত করতে পারেননি তাকে। সিংহাসনে বসেই শাহজাদা পারভেজ আর জাফর বেগের নেতৃত্বে বেশ বড় একটি সৈন্যদল পাঠিয়েছিলেন জাহাঙ্গীর। তাতেও পরাস্ত করা যায়নি অমর সিংকে। পরের বছর মহব্বত খানের ওপর মেওয়ার জয়ের দায়িত্ব দেন সম্রাট। বারো হাজার অশ্বারোহী সৈন্য, সম্রাটের নিজস্ব অভিজাত বাহিনীর (আহাদি) পাঁচশো সেনা, দুই হাজার বন্দুকবাজ আর ষাটটি হাতির বিশাল বাহিনী নিয়ে মেওয়ারের উদ্দেশে রওনা দেন মহব্বত খান। শত্রুর সঙ্গে প্রথম মোকাবেলাতেই দারুণ সফলতার পরিচয় দেয় মহব্বত খানের বাহিনী। রাণা অমর সিংয়ের বিশজন অমাত্যকে হত্যা করা ছাড়াও তিন হাজার রাজপুত সেনাকে বন্দি করেন। কিন্তু বাবার মতোই পাহাড়ে পালিয়ে যান অমর সিং, সেখান থেকে গেরিলা কায়দায় যুদ্ধ করতে থাকেন। শত চেষ্টা করেও পাহাড়ে-জঙ্গলে লুকিয়ে থাকা রাজপুত সৈন্যদের পরাস্ত করতে পারেননি মহব্বত খান। তাকে আগ্রায় ফিরিয়ে এনে আবদুল্লাহ খানের হাতে মেওয়ার অভিযানের দায়িত্ব তুলে দেন জাহাঙ্গীর। অভিযানে মহব্বত খানের চেয়ে বেশি কৃতিত্বের পরিচয় দেন আবদুল্লাহ খান। অমর সিংয়ের পুত্র যুবরাজ করণ সিংকে পরাজয় স্বীকারে বাধ্য করেন। তবে আসল কাজটি করতে পারেননি। পদানত করতে পারেননি অমর সিংকে। তাকে গুজরাতের সুবাদারের দায়িত্ব দিয়ে সম্প্রতি খান আজম মির্জা আজিজ কোকার ওপর মেওয়ার অভিযানের দায়িত্ব দিয়েছেন জাহাঙ্গীর।
'মেওয়ার' শব্দটি হতাশার প্রতিশব্দ হয়ে আছে মহব্বত খানের কাছে। রাণা অমরের সঙ্গে যুদ্ধে হারেননি তিনি, তবে সম্রাটের চাওয়াও পূরণ করতে পারেননি। মেওয়ার অভিযানে আবদুল্লাহ খান যে মহব্বত খানের চেয়ে বেশি কৃতিত্ব দেখিয়েছেন সে কথা একাধিকবার বলেছেন জাহাঙ্গীর। তাঁর উপস্থিতিতে আবদুল্লাহ খানকে সম্রাটের প্রশংসায় ভাসানোকে নিজের গালে চপেটাঘাতের মতো মনে হয়েছে মহব্বত খানের কাছে। পরাজয়কে ঘৃণা করেন তিনি। মেওয়ারের অধিপতি রাণা অমর সিংকে পদানত করতে না পারাটা তাঁর এ পর্যন্ত সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা।
জগৎ গোসাইয়ের মন্তব্যের বিপরীতে পাল্টা মন্তব্য করলেন না মহব্বত খান। চুপ করে রইলেন।
মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়লেন জগৎ গোসাই। 'আপনাকে খোঁচা দেয়া উদ্দেশ্য ছিল না আমার। আপনার বীরত্ব, বুদ্ধিমত্তা এবং বিশ্বস্ততা নিঃসন্দেহে সকল সংশয়ের ঊর্ধ্বে।'
একটা ভ্রু উঁচু করল মহব্বত খান। নিজের যোগ্যতা নিয়ে তার কখনোই সংশয় ছিল না। তবে মুঘল পাদশাহ বেগম ঠিক কী উদ্দেশ্যে হঠাৎ এতগুলো বিশেষণে বিশেষিত করছেন তাকে সেটিও স্পষ্ট করে জানা দরকার।
'আপনাকে দেখে মনে হচ্ছে আমার কথাগুলো আপনার পছন্দ হয়নি?'
সসম্ভ্রমে কুর্নিশ করল মহব্বত খান। 'গোস্তাকি মাফ করবেন। আপনার এই প্রশংসা সাম্রাজ্যের সামান্য এই খাদেমের জন্য অবশ্যই অত্যন্ত গর্বের। শাহেনশাহ জাহাঙ্গীর ও সাম্রাজ্যের খেদমত করার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত আমি।'
মৃদু হাসি দেখা দিল জগৎ গোসাইয়ের ঠোঁটে, 'সাম্রাজ্যের খেদমত করার জন্য জীবন দেয়ার চেয়েও অনেক সহজ পন্থা আছে। প্রশ্ন হলো, সে পন্থা আপনার জানা আছে কিনা!'
ভ্রু কোঁচকাল মহব্বত খান। 'আপনি ঠিক কী বলতে চাইছেন বুঝতে পারছি না।'
'ইদানিং ঝরোখা দর্শনে সম্রাটের সঙ্গে মেহেরুন্নিসাও যাচ্ছেন। এ সম্পর্কে আপনার মতামত কী?'
সতর্ক হবার প্রয়োজন বোধ করল মহব্বত খান। প্রকাশ্যে এ ঘটনার সমালোচনা করার মানেই হলো সম্রাটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা। 'এর আগে এমন ঘটনা ঘটেছিল কিনা আমার জানা নেই,' বিনীতভাবে বলল সে।
'ঘটেনি। সেটা আমি যেমন জানি আপনিও জানেন। বাদশাহ হুমায়ুন ঝরোখা দর্শন শুরু করার পর থেকে আজ পর্যন্ত কোনো পাদশাহ বেগমও ঝরোখা বারান্দায় বাদশাহর পাশে দাঁড়াননি। কারো আরজ শোনা বা ফয়সালা দেয়া তো দূরের কথা।'
ঝরোখা বারান্দায় দাঁড়ানোর পাশাপাশি দু-একবার আরজির ফয়সালাও করেছেন মেহেরুন্নিসা। বলাই বাহুল্য, কেবল বিস্ময়ে চোখ কপালে তোলাই নয়, অমাত্যদের কারো কারো মনে ক্ষোভেরও সৃষ্টি করেছে এটি। মহব্বত খানও তার ব্যতিক্রম নয়।
'এত বছরের প্রতিষ্ঠিত রীতি ভাঙা সাম্রাজ্যের জন্য ভালো কিছু হতে পারে না,' ক্ষোভে তেঁতে আছে জগৎ গোসাইয়ের গলা।
'এটি একান্তই শাহেনশাহর নিজস্ব বিবেচনার বিষয়,' সতর্কতার সাথে বলল মহব্বত খান।
'তা আমি জানি। ব্যাপারটিকে যে জেনানা মহলেও ভালো চোখে দেখা হচ্ছে না সেটি জানানোর জন্যই আপনাকে ডেকেছি আমি। আপনি দরবারের সবচেয়ে প্রভাবশালী আমিরদের একজন। সাম্রাজ্যের রীতি ও নিয়মকানুনের এমন বরখেলাপ আপনাকেও পীড়া দেয় আমি জানি।'
চুপ করে রইল মহব্বত খান। জগৎ গোসাই তাকে দিয়ে ঠিক কী করাতে চাইছেন বুঝতে পারছে না।
'ভয় পাবেন না,' যেন তার মনের কথা বুঝতে পেরে স্মিত হাসলেন জগৎ গোসাই, 'আপনাকে বিদ্রোহে উস্কানি দিচ্ছি না আমি। আমি জানি সম্রাট আপনাকে পছন্দ করেন। আপনার কথায় গুরুত্ব দেন। কাজেই কখনও সুযোগ এলে আপনি তাঁকে বুঝিয়ে বলবেন যে, অপাত্রে এতটা অনুগ্রহ ঢালা বোকামি ছাড়া কিছুই নয়।'
মাথা ঝুঁকিয়ে সায় দিলেন মহব্বত খান, যদিও সে রকম সুযোগ আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তার।
'এটুকু বলার জন্যই আপনাকে ডেকেছিলাম। আবারও বলি, আপনার বিচক্ষণতার ওপর আমার আস্থা আছে। সম্রাট আপনার কথায় গুরুত্ব দেন। আপনাকে পছন্দও করেন।'
এই বলে মহব্বত খানের উত্তরের অপেক্ষায় না থেকে ভেতরের দিকে সরে গেলেন জগৎ গোসাই। ঘুরে দাঁড়ালেন মহব্বত খান। এখনও তাঁর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে ফারাজ খান। বিন্দুমাত্রও নড়াচড়া নেই। দেখে মনে হয় পাথরে খোদাই একটা মূর্তি। তাকে পাশ কাটিয়ে এগিয়ে গেলেন মহব্বত খান। আকাশে মেঘের আনাগোনা আরো বেড়েছে। বৃষ্টি নামার আগে আগ্রায় ফিরতে হলে এক্ষুণি পথে নামতে হবে।
