২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চারপাশে ভালোবাসা ছড়িয়ে যিনি বেঁচে ছিলেন

সামসাদ মর্তূজা সামসাদ মর্তূজা

Published : 14 Nov 2021, 03:47 PM

Updated : 23 Jun 2022, 03:56 PM


১১ নভেম্বর। একটি অদ্ভুত অস্বাভাবিক দিন। ২০১৪ সালের এই দিনেই আমি হারিয়েছিলাম আমার শিক্ষক অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীকে। আজ ১১ নভেম্বর সকালে অধ্যাপক শফি আহমেদের ফোনে জানতে পারলাম আমার আরেকজন শিক্ষক অধ্যাপক শাহীন কবীরের মৃত্যুসংবাদ। একটি ফ্যাকাল্টি মিটিং-এ যোগ দিতে আমার দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি শফি স্যারের ফোনটি ধরবো কিনা তা নিয়ে একটু দ্বিধায় ছিলাম। "শাহীন নেই। রামেন্দু'দা এই মাত্র জানালেন।"
খুব অল্প সময় কথা বলেছি আমরা। বলার মতো খুব বেশি কিছু ছিলো না।

গত ১২ অক্টোবর শাহীন ম্যাডাম ঢাকায় ফিরেছিলেন। ডিসেম্বরের মধ্যে যা হওয়ার তার জন্যে প্রস্তুত থাকতে বলে সিঙ্গাপুরের ডাক্তারেরা তাঁকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন। দু বছর আগে তাঁর চতুর্থ পর্যায়ের অগ্নাশয়ের ক্যান্সার ধরা পড়েছিলো। ঢাকার ডাক্তারেরা সময় দিয়েছিল এক মাস। তার ছেলে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ইশতিয়াক পাশা মাহমুদ তাকে নিয়ে গেলেন সিঙ্গাপুরে। সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন। রোগটা আয়ত্বেও চলে এসেছিলো কিছুটা। কিন্তু ম্যাডাম ছিলেন যোগাযোগের বাইরে। আমি বেশ কয়েকবার ম্যাসেঞ্জারে তাঁকে টেক্সট করলেও তিনি কোনো সাড়া দেননি।


আলোকচিত্র: প্রবাসে পিতা কবীর চৌধুরীর সাথে

গত বছর যখন আমি ব্যাংককে ছিলাম তখন তিনি আমাকে হোয়াটস্যাপে ফোন করেছিলেন। ছোট ছোট ধূসর চুলে তাঁকে দেখার জন্যে আমি প্রস্তুত ছিলাম না। তিনি এক ঘণ্টা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সব দেখাচ্ছিলেন, তাঁর ছেলের এপার্টমেন্ট; তার গাছগুলো, তাঁর বারান্দা যেখানে বসে উনি রবীন্দ্র সঙ্গীত করেন, এবং তাঁর সেই পার্কটি যেখাতে তিনি হাঁটতে যেতেন। তিনি যে মেট্রোতে করে একা একা কেমোথেরাপি নিতে হাসপাতালে যেতেন তার কথাও আমাকে বলছিলেন। অনেক প্রাণবন্ত এবং উদ্যমে ভরপুর মনে হচ্ছিলো তখন তাঁকে।

শাহীন ম্যাডাম আর আমার শাশুড়ি বরিশালে একই স্কুলে পড়তেন; ম্যাডামের বাবা কবীর চৌধুরী স্যার তখন সেখানকার সরকারি কর্মকর্তা। তাঁদের দুজনেরই ডাক নাম খুব কাছাকাছি –ম্যাডামের রিনু আর আমার শাশুড়ির নাম রেনু। এবার ঢাকায় ফেরার পর আমার শাশুড়িই আমাকে সেকথা জানিয়েছিলেন। ম্যাডামকে ফোন করার পর তিনি আমাকে বললেন তাঁর এপার্টমেন্ট গোছানোর জন্যে একদিন সময় দিতে। ফোনে খুব সাবলীলভাবেই বললেন তাঁর দিনগুলো হাতে গোনা।

একই কথা আমি শুনেছিলাম ৩৪ বছর আগে যখন অগ্নাশয়ের ক্যান্সারের কারণে আমার বাবার অস্ত্রোপচার হয়েছিলো। ছয় ডোজ কেমোথেরাপির মধ্যে মাত্র তিন ডোজ পর্যন্ত সহ্য করতে পেরেছিলেন আমার বাবা। ম্যাডামের সাথে কথা বলার সময় আমার তখন মনে পড়ছিলো আমার বাবার শেষ দিনগুলোর কথা, যখন তিনি অনেক কিছু খেতে চাইতেন, কিন্তু কিছুই খেতে পারতেন না। তাই আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, "আপনার বিশেষ কিছু খেতে ইচ্ছে করে?" তিনি আমাকে বলেছিলেন যে তাঁর নার্স, যিনি এর আগে তাঁর মায়ের দেখাশোনাও করতেন, তাঁকে স্যুপ এবং রুটি খেতে দিচ্ছেন। এছাড়া আর কিছু তিনি খেতে পারছেন না।

বরং আমাকে তিনি পূর্ণ প্রস্ফুটিত কোনো একটি ফুল নিয়ে যেতে বললেন। একটি লিলি বা জারবেরা যা কিছুদিন ভালো থাকবে এবং তাঁর দেখে ভালো লাগবে। আমি এক তোড়া সাদা লিলি নিয়ে গেলে তিনি মৃদু হাসলেন। নার্সকে বললেন ফুলদানিতে রেখে দিতে।


আলোকচিত্র: কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহকর্মী ও চাত্রছাত্রীদের সাথে

হঠাৎ করে আমার মনে পড়ে গেলো তাঁর পড়ানো একটি কবিতার কথা; রবার্ট ব্রাউনিংয়ের 'দ্য লাস্ট ডাচেস' যার একমাত্র খুঁত ছিল অল্পতে খুশি হওয়া। মালি বাগান থেকে চেরিফুলের ডাল আর ডিউকের দেয়া ৯০০ বছরের আভিজাত্য তার কাছে সমান। ম্যাডামের ঠিক একই রকম সরলতা। আমরা খাবার টেবিলে বসলাম। নার্সকে তিনি আগে থেকেই বলে রেখেছিলেন আমার জন্যে নাশতার ব্যবস্থা করতে; নাশতায় ছিলো একটি বালুসাই, একটি লেমন টার্ট আর কফি। সিঙ্গাপুরে যখন সময় কাটছিলো না, তখন করা তাঁর কিছু অনুবাদ তিনি আমাকে দেখাচ্ছিলেন। মুহাম্মদ ইবনে কাতানির গল্পর ইংরেজি অনুবাদ "দ্যা বয় এন্ড দ্য আউল" থেকে বাংলায় একটি ম্যানুস্ক্রিপ্ট তার তৈরী। কোথায় ছবি বসবে তাও এঁকে রেখেছেন। সৃষ্টকর্তার রহস্য উপলব্ধির গল্প।

আমি অনুরোধ করলাম তাঁর অনুবাদ করা একটি গল্প পড়ে শোনাতে। তিনি পড়লেন, আমি সেটি ভিডিও করলাম। আট মিনিট অনর্গল পড়লেন।

আমি তাঁকে জিজ্ঞেস করলাম, "ম্যাম, আমি যদি এটা ফেইসবুকে দিই তাহলে কি আপনি কিছু মনে করবেন?" তিনি হেসে উত্তর দিলেন, "যদি মনে করো আমাকে ভুতের মতো লাগছে না তাহলে শেয়ার করতে পারো।" আমি মজা করে বললাম, "আপনি ঠিক আগের মতি সুন্দর আছেন, যদিও দেখতে কিছুটা কবীর স্যারের মতো লাগছে।" ম্যাডাম হাসলেন। চুল ছোট হওয়ায় আর শুকিয়ে যাওয়ায় সত্যি তাই। "আমার মাথার কাছটা আব্বার মতো।"

আমি ফেইসবুকে ক্লিপটি শেয়ার করি, তিনি যে একজন সর্বাঙ্গসুন্দর মানুষ সে কথা লিখেছিলাম… আমি চাইনি তাঁর মৃত্যুর পর লোকে তাঁকে নিয়ে 'অনেক ' ভালো ভালো কথা বলুক যা তিনি জানবেন না । আমি চেয়েছিলাম বেঁচে থাকতেই তিনি জানুন মানুষ তাঁকে কত ভালোবাসে। রুচি আর সৌন্দর্যের স্বরূপ ছিলেন তিনি।

কিন্তু তাঁকে দেখার সময় আমার কল্পনায় আমার অনিচ্ছা সত্ত্বেও দেখা দিচ্ছিলো মৃত্যুর ছায়া। আমার মনে পড়ছিলো ক্লাসে তাঁর পড়ানো রবার্ট ফ্রস্টের "ডেথ অব এ হায়ার্ড ম্যান"-এর কথা, যেখানে কাজের লোক সাইলাস শেষবারের মতো খামারে ফিরেছিলো মৃত্যুকে আলিঙ্গন করার জন্যে। আমার মনে পড়ছিলো জে এম সিঙ্গের লেখা "রাইডার্স টু দ্য সি" নিয়ে তাঁর ক্লাসের কথা; সাগর পাড়ের চরিত্রগুলো একে একে ঢেউয়ে বিলীন হয়ে যাওয়ার গল্প। মুনির চৌধুরী কাকার কথা ভেবে ম্যাডাম সেদিন ক্লাস এ কেঁদেছিলেন। মনে পড়ছিলো আর্থার মিলারের ডেথ অব এ সেলসম্যান পড়াতে গিয়ে ইটপাথরের জঙ্গলে গাজর ফলানোর ব্যাখ্যা । সাহিত্যের শক্তি বুঝতে শিখিয়েছিলেন তিনি আমাকে। শিখিয়েছেন জীবনকে অনুভব করতে। অথচ তার বিশেষত্ব ছিল ইংরেজি ভাষার পাঠ প্রদানে। জাতীয় কারিকুলাম বোর্ডের অনেক বই ম্যাডামের মেধা আর পরিশ্রমের ফসল।


আলোকচিত্র: অধ্যাপক শাহীন কবীরের সাথে লেখক

আমি যখন জাহাঙ্গীরনগরের ইংরেজি বিভাগে প্রভাষক হিসাবে যোগ দিলাম, তিনি তখন শুধু আমার সহকর্মীই হলেন না, তিনি হয়ে উঠলেন আমার অভিবাবক। আমি আর আমার সহপাঠী থেকে হয়ে ওঠা সহধর্মিনী এলা দুজনকেই ম্যাডাম মায়ের মতো ভালোবাসতেন। যখন আরশি জন্মালো, তিনি আমাকে জিজ্ঞেস করলেন, "কার মতো দেখতে হয়েছে?" আমি খুশিতে উত্তেজিত হয়ে তাঁকে বললাম আরশি আমার রেপ্লিকা – একারণেই এই নাম। ঠাট্টা করে বললেন, "চিন্তা কোরো না। বড় হলে ঠিক হয়ে যাবে ।" মজা করে বহুবার তিনি এই স্মৃতি মনে করেছিলেন।

দু সপ্তাহ আগে যখন আমার শাশুড়ি তাঁকে দেখতে গিয়েছিলেন, আম্মাকে ম্যাডাম বলেছিলেন, "তোমার ছেলে আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে আমার মনে হচ্ছিল ও পাশা"। ঘটনাচক্রে আমি তখন তাঁকে ফোন করেছিলাম; জানতাম না যে তিনি আম্মা এবং তাঁর অন্য বন্ধুদের সাথে আছেন। তিনি আমাকে মেসেজ পাঠিয়েছিলেন, "আমি রেনু বুলুদের সাথে আছি, তোমার সাথে পরে কথা বলবো।" বুঝতে পারিনি এই শব্দগুলোই তাঁর কাছ থেকে আসা আমার জন্যে শেষ শব্দাবলী।


তাঁর স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে শুনে গত পরশু দিন আমি তাঁকে টেক্সট করেছিলাম। তাঁকে তখন অক্সিজেন দেয়া হচ্ছিলো। কোনো উত্তর দেননি তিনি। আজ সকালেই আমি তাঁর কথা ভাবছিলাম। ডিসেম্বরে তাঁর তারিখ দেয়া আছে মনে করে পরিকল্পনা করছিলাম তাঁর সাথে দেখা করার। তখনই শফি স্যারের কলটা এলো। আমি মীরপুর বুদ্ধিজীবী করবস্থানে তাঁর শেষযাত্রায় গিয়েছিলাম যেখানে তাঁর মা-বাবার সাথে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

কবরস্থানের লোকেরা যখন একটি একটি করে বাঁশের দণ্ড রাখছিলো আমি তখন তাঁর কবরের ওপর শামিয়ানা ধরে ছিলাম। আর শাদা কাপড় পরা সেই শুভ্র নারী অদৃশ্য হয়ে গেলেন চিরকালের জন্য।

শেষে যখন মোনাজাত করা হচ্ছিলো, দেখলাম ফুল আঁকা একটি বিছানার চাদরে ঢাকা স্ট্রেচারে বিকেলের এক টুকরো রোদ এসে পড়েছে। একটি আলোর রথ এসেছে তাঁকে বরণ করে নেয়ার জন্যে, মনে হলো আমার।

এমন একজন মানুষ ছিলেন শাহীন ম্যাম, যিনি ভালোবাসতেন জীবন। আর যিনি জানতেন কীভাবে ভালোবাসা ছড়িয়ে দিতে হয় চারপাশে।

লেখাটি ইংরেজি থেকে বাংলা তর্জমা করেছেন মশিউর রহমান