২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়োর্দো গালেয়ানোর দর্পণ: দস্যুবৃত্তি ও রাজাদের নিষ্ঠুরতা

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 01 Oct 2021, 02:05 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

মূল লেখক: এদুয়ার্দো গালেয়ানো
বাংলা তর্জমা: আসাদ মিরণ

থমাস মুর
থমাস মুরকে সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছিল আর সম্ভবত সে কারণে তাকে তাঁর জীবন দিয়ে মূল্য চুকাতে হয়েছিল। ১৫৩৫ সালে, পেটুক রাজা অষ্টম হেনরি টেমস নদীর ধারে মুরের মাথা বর্শায় গেঁথে রাখলেন।

তার বিশ বছর আগে, শিরচ্ছেদ করা এই ব্যক্তি একটি বই লিখেছিলেন। সেখানে তিনি ইউটোপিয়া নামক একটি দ্বীপের রীতিনীতি সম্পর্কে বর্ণনা করেছিলেন যেখানে সম্পত্তিতে সবার অধিকার ছিল, অর্থের প্রচলন ছিল না, দারিদ্র বা প্রাচুর্য কোনটাই ছিল না।

বইতে আমেরিকা থেকে ফিরে এক পর্যটক চরিত্রের কন্ঠে, থমাস মুর নিজের বিপজ্জনক ধারণা প্রকাশ করেন:
যুদ্ধে
ডাকাতরা মাঝে মাঝে নিজেদের সাহসী সৈন্য হিসেবে প্রমাণ করে। সৈন্যরা প্রায়শই নিজেদের ডাকাত হিসেবে প্রতিপন্ন করে; সুতরাং দুটি পেশায় অনেক মিল রয়েছে।
চৌর্যবৃত্তিতে
চুরি যদি জীবিকা নির্বাহের একমাত্র উপায় হয়ে থাকে, তবে শাস্তি যত বড় ধরনেরই হোক না কেন, চুরি করা ঠেকাতে পারে না। প্রথমে আপনিই চোর তৈরী করেন, তারপর তাদের শাস্তি দেন।
মৃত্যুদন্ডে
সামান্য কিছু অর্থ চুরির কারণে একজন মানুষের জীবন কেড়ে নেয়া আমার কাছে খুব অন্যায় কাজ বলে মনে হয়; পৃথিবীতে কোন কিছুই মানুষের জীবনের মতো মূল্যবান নয়…। চরম ন্যায়-বিচার একটি চরম আঘাত।
অর্থে
জীবনের সকল প্রয়োজন মেটানো কতই-না সহজ একটি বিষয় ছিল, যদি না সেই পবিত্র জিনিস সংগ্রহের জন্য অর্থ নামের এক কৃত্রিম উপায় আবিস্কার না হতো, তবে প্রয়োজন মেটানোর ক্ষেত্রে সেটিই যে একমাত্র বাধা, এটাও সত্য নয়।
ব্যক্তিগত সম্পত্তিতে
যতক্ষণ না পর্যন্ত সম্পত্তি হরণ করা হয়, ততক্ষণ কোনও ন্যায়সঙ্গত বা ন্যায্য বিতরণ হতে পারে না, অথবা বিশ্ব সুখে পরিচালিত হতে পারে না।
 
ইরেসমাস
রটারডামের ইরেসমাস (একজন খ্রিষ্টান ডাচ পন্ডিত ও পাদ্রি) তাঁর বন্ধু থমাস মুরকে (রোমান ক্যাথলিকদের কাছে সন্তু থমাস মুর নামে পরিচিত) 'ইন প্রেইজ অব ফলি' বইটি উৎসর্গ করেছিলেন।
সেই বইতে 'ফলি' নারী চরিত্রটি উত্তম পুরুষে কথা বলেছেন। তিনি বলেন, সমস্ত সুখ আর আনন্দ তাঁর নিজের অনুগ্রহের কারণে হয়েছে, তিনি কুঞ্চিত ললাট মসৃণ করতে বলেছেন। তিনি শিশু ও প্রবীণদের একটি জোট করার প্রস্তাব করেছেন। আর "অহংকারী দার্শনিক, রক্তলোলুপ রাজা, ধার্মিক যাজক, তিন-গুণসম্পন্ন পোপ ও দেবতাদের- ঐ সব ইতর জন" বলে উপহাস করেছিলেন।
এই বিরক্তিকর, অশ্রদ্ধেয় মানুষটি পৌত্তলিক ঐতিহ্যের সাথে খ্রিস্টীয় সুসমাচারের আলাপন প্রচার করেছিলেন:
"সেইন্ট সক্রেটিস, আমাদের জন্য প্রার্থনা করুন।"
তাঁর বইয়ের উদ্ধত বাণীগুলি ইনকুইজিশন কর্তৃক সেন্সর করা হয় আর সেটি চার্চের নিষিদ্ধ বইয়ের তালিকায় স্থান পায়। নুতন প্রটেস্ট্যান্ট চার্চও সেটার প্রতি বিরাগভাজন ছিল।


লিফটের সূচনা
ইংরেজ রাজা অষ্টম হেনরির ছয়জন রাণী ছিল।
তিনি সহজেই তাদের বিধবা বানিয়ে রেখেছিলেন।
তিনি গোগ্রাসে নারীদেরও গিলতেন আবার ভোজও পূর্ণ করতেন।
ছয় শতাধিক ভৃত্য তাঁর টেবিলে খাবার পরিবেশন করতো। তিতির পাখির পেস্ট্রি, পুচ্ছসহ উন্নতমানের আস্ত ময়ূর, ভেড়ার মাংস অথবা দুগ্ধপোষ্য শূকরছানা তাঁর সামনে রাখা হত। তিনি সেগুলি কাটার জন্য ছুরি হাতে বসতেন। আর সেগুলি কামড় দেবার আগে তাকে বিভিন্ন উপাধিতে সম্বোধন করা হত।
তাঁর প্রাসাদে যখন শেষ রাণী এসেছিল, হেররি তখন এতোটাই মোটা ছিলেন যে, তাঁর পক্ষে ডাইনিং রুম থেকে সিড়িঁ বেয়ে বাসর শয্যায় যাবার উপায় ছিল না।
এমন অবস্থায় বাদশাহের তখন একটি চেয়ার উদ্ভাবন করা ছাড়া বিকল্প কিছু ছিল না, যার মাধ্যমে কপিকলের মতো একটি যন্ত্রের সাহায্যে তাকে বসিয়ে টেনে তুলে প্লেট থেকে বালিশে নিয়ে যাওয়া যায়।

পুঁজিবাদের পূর্বসূরী
ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স ও অন্যান্য দেশগুলি তাঁর মূর্তির কাছে ঋণী।
ক্ষমতাবানদের বেশিরভাগ ক্ষমতা- তিনি যে সোনা আর রূপা চুরি করেছেন, যে সকল শহর পুড়িয়েছেন, যে সব পোতাশ্রয় তিনি লুট-পাট করেছেন, যে সকল দাসদের তিনি ধরপাকড় করেছেন, সেখান থেকে এসেছে।

কিছু ভালো ভাস্করদের উচিত নবজাতক পুঁজিবাদের এই সশস্ত্র পদাধিকারীর মূর্তি খোদাই করা, যেখানে তার দাঁতের মাঝে ছুরি, একচোখে পটি বাধা, গোজের মতো পা, এক হাতে হুক আর কাঁধে একটা তোতা পাখি থাকবে।

ক্যারিবিয়ানের বিপজ্জনক কোণ
আমেরিকা জলদস্যুদের (পাইরেট্স) হাতে তৈরী। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং উপকূল-ভাগে, তাঁরা হারিকেনের চেয়েও ভয়াবহ ছিল।
কলম্বাস তাঁর ডায়রীতে একান্নবার ঈশ্বরের নাম আর একশো ঊনচল্লিশবার স্বর্ণের নাম উল্লেখ করেছেন। যদিও ঈশ্বর সর্বত্র ছিলেন, কিন্তু দাঁত ভরাট করার মতো পর্যাপ্ত স্বর্ণ সর্বত্র ছিল না।
এদিকে সময় বয়ে যায় আর আমেরিকার ঊর্বর ভূমি স্বর্ণ, রৌপ্য, চিনি, তুলা ও অন্যান্য বিস্ময়কর বস্তুতে ভরে ওঠে। জলদস্যুরা এমন ফল চুরি করতে সিদ্ধহস্ত ছিল। তাদের প্রচেষ্টার প্রতিদান হিসেবে, মূলধন আহরণের এই সকল হাতিয়ারদের ব্রিটিশ আভিজাত্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।

ইংল্যান্ডের রাণী এলিজাবেথ ছিলেন ভয়ঙ্কর ব্যক্তি ফ্রান্সিস ড্রেকের সহযোগী। ড্রেক তাকে তাঁর বিনিয়োগের ৪,৬০০ শতাংশ মুনাফা প্রদান করেছিলেন। রাণী তাকে 'স্যার' ফ্রান্সিস বানিয়েছিলেন। ড্রেকের চাচাকেও তিনি নাইট উপাধিতে ভূষিত করেছিলেন। যার নাম ছিল জন হকিন্স। এই হকিন্স যখন সিয়েরা লিওন থেকে তিন শতাধিক ক্রীতদাস কিনে সান্তো ডোমিংগোতে বিক্রি করেছিন আর তিনটি জাহাজ ভর্তি চিনি, চামড়া ও আদা নিয়ে লন্ডনে ফিরেছিলেন, তখন এলিজাবেথ তাঁর প্রতিষ্ঠিত ব্যবসার অংশীদার হয়ে গেলেন।

সেই মাহেন্দ্রক্ষণ থেকে ক্রীতদাস ব্যবসা ইংল্যান্ডকে নিজস্ব এক রৌপ্য পর্বতের মালিকে পরিণত করেছিল। তাদের শুধু পোতোসি শহরের সিয়েরো রিকোর (বলিভিয়ার রৌপ্য সমৃদ্ধ পর্বত) মতো পর্বতের অভাব ছিল।

র‌্যালে
আমেরিকার দক্ষিণে তিনি এল দোরাদো সন্ধান করেছিলেন। উত্তরে তিনি তামাকের সন্ধান পেলেন। একাধারে তিনি ছিলেন একজন নাবিক, যোদ্ধা, অনুসন্ধানকারী এবং কবি। আর একজন জলদস্যু।
স্যার ওয়াল্টার র‌্যালে:
যিনি পাইপে ধূমপান করতেন এবং ব্রিটিশ অভিজাতদের কাছে তামাকের সুখকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
আদালতে তিনি হীরাখচিত পোশাক পড়তেন আর যুদ্ধে রূপার তৈরী বর্ম পড়তেন;
ভার্জিন রাণী, এলিজাবেথের প্রিয় মানুষ ছিলেন;
রাণীর জন্য তিনি ভার্জিনিয়ার নামকরণ করেছিলেন, যে ভূমিকে এখনো সেই নামে ডাকা হয়;
তাঁর জন্যই তিনি স্পেনের বন্দর আর পোতাশ্রয়গুলি আক্রমণ করেছিলেন, আর যিনি বর্ম আরোহী একজন সৈনিক হিসেবে প্রভূ রাণীর সেবা করে নাইটে পরিণত হয়েছিলেন;
কয়েক বছর পর সেই কর্মফলের জন্য টাওয়ার অব লন্ডনে তাঁর মাথা কাটা যায়।
এলিজাবেথ মারা যাবার সাথে সাথে, ইংরেজ রাজা জেমস একজন স্প্যানিশ রাণী চেয়েছিলেন। সুতরাং সিনেমার খলনায়ক জলদস্যু র‌্যালেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
প্রথা অনুযায়ী, র‌্যালের বিধবা পত্নী তাঁর ছিন্ন মস্তক গ্রহণ করেছিলেন।

ইংল্যান্ডের পারিবারিক প্রতিকৃতি
ইয়র্কস আর ল্যানচেস্টারের মধ্যে দ্বন্দ্ব সম্ভবত দুই প্রতিবেশীর ঝগড়ার চেয়ে বেশী কিছু হতো না, যদি না উইলিয়াম শেক্সপিয়ার এই বিষয়ে তাঁর কলম না ডুবাতেন।
কবি নিশ্চয়ই কখনো কল্পনাও করতে পারেননি যে, তাঁর প্রতিভার কল্যাণে সাদা গোলাপ ও লাল গোলাপের মাঝে রাজবংশীয় যুদ্ধ সার্বজনীন মাত্রা অর্জন করবে।
ইংল্যান্ডের ইতিহাসে আর শেক্সপিয়ারের নাটকে সিরিয়াল কিলারদের পৃষ্ঠপোষক রাজা তৃতীয় রিচার্ড, সিংহাসনের যাত্রা পথে এক রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন। তিনি রাজা ষষ্ঠ হেনরি ও প্রিন্স এডওয়ার্ডকে হত্যা করেছিলেন। তাঁর ভাই ক্লারেন্সকেও তিনি মদের ব্যারেলে ডুবিয়ে মেরেছিলেন; আর এ কাজটি করতে তিনি ভাতিজাদের দূরে পাঠিয়ে দিয়েছিলেন। টাওয়ার অব লন্ডনে ছোট দুই রাজকুমারকে তিনি বন্দি করে রেখেছিলেন। রাজকুমারদের বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সিঁড়ির পাদদেশে গোপনে কবর দেবার ব্যবস্থা করেছিলেন। পাছে যদি তাঁরা কোন রকম ষড়যন্ত্র করে, এই চিন্তা করে তিনি লর্ড হেস্টিংসকে গলা টিপে হত্যা করেছিলেন আর তাঁর ঘনিষ্ঠ বন্ধু, তাঁর দ্বিতীয় সত্তা, ডিউক অব বাকিংহামকেও কতল করেন।

রাজা তৃতীয় রিচার্ড ছিলেন যুদ্ধে মারা যাওয়া শেষ ইংরেজ সম্রাট।
শেক্সপিয়ার তাঁকে এমন কিছু শব্দ দিয়েছিলেন, যা তাকে অমর করে তুলেছিল:
"ঘোড়ার জন্য আমার রাজ্য!"