কাজলরেখা
ধীরস্থির ভাবেই জামা পাল্টাল মিতুল। হ্যান্ডপার্স আর চাবি নিলো, মাস্কটা এটে নিলো মুখে। আজ প্রায় একুশ দিন পর একদিনের ছুটি পেয়েছে সে। বরাবরের মতোই কাজল বিছানায় শুয়েছিলো। জিজ্ঞেস করলো 'রাত নয়টায় কই যাচ্ছো?' মিতুল না তাকিয়েই বললো, 'এমনি একটু হেঁটে আসি।'
এখন লকডাউন নেই, তবে রাত নয়টার যে ব্যস্ততা থাকার কথা রাস্তায় তার অর্ধেকও নেই। মিতুল একটা রিকশা নেয়। তার আসলে কোথাও যাওয়ার নেই, রাস্তায় উল্টাপাল্টা কিছুক্ষণ ঘুরবে। সারাদিন বাসায়ই ছিলো। ঘুমঘুম ভাব নিয়েই কেটে গেছে দিন। কাজলের সাথে সারাদিনে চার-পাঁচটার বেশি কথা বিনিময় হয়নি। মিতুলের ছেলে দীর্ঘ'র বয়স তিন হলো। সে সারাক্ষণই কাজল আর টুনির সাথে সময় কাটায়। মিতুল সেই বাসার বাসিন্দা তবে তার সাথে কারোরই কোনো যোগাযোগ নেই বললেই চলে। এই যে আজ মিতুল সারাদিন বাসায় ছিলো, একবার মাত্র ওর পাশে এসে কিছুক্ষণ শুয়েছিলো দীর্ঘ। ছেলেটা একরকম মা ছাড়াই বড় হচ্ছে।
দীর্ঘ জন্ম নেয় সময় কাজলের মা এসে প্রায় এক বছর ছিলো মিতুলদের সাথে। এরপর গ্রামের এক হতদরিদ্র পরিবারের মেয়ে টুনিকে নিয়ে আসে ওরা। মিতুলের হাসপাতালে একেকদিন একেক সময় ডিউটি, কাজলের ব্যাংকের নয়টা-পাঁচটা চাকরি— এর মধ্যে দীর্ঘ'র দেখাশোনার জন্য একজনকে খুব বেশি দরকার ছিলো। বাসার অন্যান্য কাজের জন্য একজন বুয়াও রাখতে হয়। সে রান্নাবান্না থেকে সবই করে। মিতুলের একেবারেই সময় হয় না ঘর-গৃহস্থালির কিছুতে জড়িত হওয়ার। অবশ্য বুয়াও যে ফিক্সড কাউকে রাখা যাচ্ছে তা না। একেকজনের একেক সমস্যা, হয় তারা চলে যায় অথবা ওদেরকে ছাড়িয়ে দিতে হয়।
মিতুল ধানমন্ডি-২৭ এর নতুন হওয়া রাস্তাটায় তিন-চারবার চক্কর দিলো রিকশা নিয়ে। সুন্দর বাতাস আছে। মিতুলের মনটা প্রশান্ত হয়ে উঠলো। রিকশা থামিয়ে ফুল নিলো কিছু, রসমালাই নিলো মিষ্টির দোকান থেকে। রাস্তাটা খুব সুন্দর হয়েছে। পড়ন্ত বর্ষার স্মৃতি হিসেবে সড়ক বিভাজনীর গাছগুলোর পাতারা সজীব হয়ে আছে। কোলাহল নেই, তবে রাস্তাটায় জীবন আছে।
২
সকাল আটটায় এলার্মে ঘুম ভাঙলো মিতুলের। কাজল ওপাশে ফিরে ঘুমাচ্ছে। দীর্ঘ তার ছোট বিছানায়। উঠে গিয়ে দীর্ঘকে চুমু খেলো মিতুল। এগারোটায় হাসপাতালে থাকতে হবে তার। মিতুলের ডিউটি করোনা ইউনিটে। নানা ধরনের প্রস্তুতি নিতে হবে তার। বুয়া এসেছে রান্নাঘরের শব্দে বোঝা যাচ্ছে। বেশ অনেকদিন ধরে বুয়ার সাথে মিতুলের দেখাই হয়নি বলা চলে। বুয়া আসে সময় হয় মিতুল ঘুমায় অথবা বাইরে থাকে। টুনি দরজা খুলে দিয়ে ঘুমাচ্ছে সম্ভবত। দীর্ঘ'র ঘুম যতক্ষণ টুনির বিশ্রামও ততখানিই। এছাড়া টেলিভিশন ছাড়া এক মুহূর্তও টিকতে পারে না টুনি, যে কারণে সে রাতে ঘুমায়ও বসার ঘরে। দীর্ঘ'র সব রকম দুরন্তপনাও চলে বসার ঘরেই। সকাল হতেই সে টুনির কাছে চলে যায়।
কাজল যদিও এখন বাসায়ই থাকে। দীর্ঘ'র যখন দেড় বছর, কোনো রকম পরামর্শ না করেই হুট করে চাকরি ছেড়ে দেয় কাজল। দীর্ঘ বাসায় এভাবে একা থাকবে, এটা কাজলের ভালো লাগছিলো না তাই সে বাসায় থাকার সিদ্ধান্ত নেয়। ছেলে যখন স্কুলে যাবে তখন সে আবার চাকরি করবে বা অন্য কিছু করবে বলেছে। কাজল কী করছে গত দেড় বছর ধরে সারাদিন বাসায় থেকে— মিতুলের জানার ইচ্ছা থাকলেও প্রায় অসম্ভব জানা। এই দেড় বছর ধরে মিতুলের উপর দিয়ে ঝড় যাচ্ছে। কতবার এমন হয়েছে, ভেবেছে এই বুঝি শেষ জীবনটা। সামান্য জ্বর-কাশি হলেই আলাদা করে নিতে হয়েছে নিজেকে। কীভাবে এখনও করোনা আক্রান্ত হয়নি ওরা এটাই এক বিস্ময় মিতুলের কাছে। টানা ডিউটির চাপ ও শারীরিক ক্লান্তি মিতুলকে যেন অন্য মানুষে পরিণত করেছে; আর কাজল যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ অন্য দুনিয়ায় বসবাস করছে। বাসায় ফিরে মিতুল মাঝেমধ্যে টুনিকে জিজ্ঞেস করে, তোমার মামা কি বের হয়েছিলো আজকে? সব সময়ই এক উত্তর পেয়েছে মিতুল, 'না'; কাজল বাসা থেকে বের হয় না। সারাদিন সে বাসায় থাকে, মাঝেমাঝে বারান্দার নীল অপরাজিতার জঙ্গলে বসে থাকে। মিতুল বেশ কয়েকবার বারান্দায় কাজলের পাশে বসে দেখেছে— কিন্তু সেটা অন্য এক কাজল। কথা বললে কাজল উত্তর দেয় ঠিকই, এমন কিছু বলে যার উত্তরে আর অন্য কথা বলতে পারে না মিতুল। কথা কম হতে হতে এমন পর্যায়ে এসেছে আজ ওরা, এখন আর মিতুল জানতে চাইলেও জানতে পারে না— কাজল সারাদিন আসলে কী করে?
বের হবে বলে গোসল সেরে ডাইনিং-এ পানি খেতে গিয়ে অদ্ভুত একটা দৃশ্য দেখলো মিতুল। ওদের শোয়ার ঘরের দরজার কাছে ঘর মোছার বালতি নিয়ে বসে আছে বুয়া। বালতির পানিতে ন্যাকড়াটা চুবিয়ে রেখে হাত দিয়ে আস্তে আস্তে নাড়াচ্ছে, কিন্তু সে তাকিয়ে আছে ঘরের ভিতরে। মিতুল পানির গ্লাস নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখলো, বিছানায় গভীর ঘুমে আছে কাজল, আর বুয়া তাকিয়ে আছে কাজলের মুখের দিকে। মিতুলের উপস্থিতি টের পেতেই বুয়া ন্যাকড়াটা হাতে নিয়ে ঘর মোছায় মন দিলো। মিতুল ঘরে ঢুকে দরজাটা আটকে দিলো। কাজলের দিকে তাকিয়ে দেখলো সে কিছুই টের পায়নি। দীর্ঘও একইভাবে ঘুমাচ্ছে তার বিছানায়। হুট করে মিতুলের গলা বন্ধ হয়ে এলো বাষ্পে।
কাজল বিছানার এক পাশে, প্রায় দেয়াল ঘেষে ঘুমাচ্ছে। কবে থেকে কাজল বিছানার ওপাশে জায়গা নিয়েছে, এটাও মনে করতে পারলো না মিতুল। অনেকদিন হয়ে গেছে! মিতুল ভেবে দেখলো, কাজল এমন করে শোয় যেন কোনোভাবেই মিতুলের কোনোরকম অসুবিধা না হয়, রাতে খুব বেশি নড়াচড়াও করে না! সোজা সটান হয়ে বিছানার এক পাশে শুয়ে ঘুমিয়ে যায়। বিছানার চারভাগের এক ভাগ জায়গাও নেয় না সে, পুরো বিছানাটাই মিতুলের জন্য ফাঁকা রেখে দেয়। মিতুলের কান্না চাপা পড়ে যায়, এপ্রোন, ঘড়ি আর গ্লাভস-মাস্কের প্রস্তুতিতে। বাসা থেকে বের হওয়ার সময় বুয়াকে পুরো মাসের বেতন হাতে দিয়ে আর আসতে হবে না বলে দেয় মিতুল। বাসার দারোয়ানকে বলে বয়স্ক একজন বুয়া দেখতে, দারোয়ান জিজ্ঞেস করে 'আগের বুয়ার কী সমস্যা?' মিতুল বানিয়ে বলে, 'কথা শোনে না।' কমবয়স্করা কথা শুনতে চায় না— বলে একমত হয় দারোয়ান।
৩
মিতুলের ডিউটির কোনো ঠিক-ঠিকানা নেই, তার রাত এগারোটা বেজে যায় ঘরে ফিরতে। সারাটা দিন আজ পায়ের উপর দাঁড়ানো। বসার সুযোগই পায়নি। ক'দিন আগের চেয়ে রোগী কম তবে জটিলতা বেশি। বাসায় ফিরে আবার এক দফা গোসলে ঢোকে সে। সব কাপড় সাবান পানিতে ভিজিয়ে রাখে, সকালে বুয়া আসবে না, তাকেই সকালে এগুলো ধুয়ে দিতে হবে; কাল সকাল নয়টায় ঢুকতে হবে তার ইউনিটে। মিতুল রাতের খাবার হাসপাতালেই খেয়ে এসেছে তবুও খাবার ঘরে গিয়ে দেখে কী অবস্থা। টুনি আর দীর্ঘ টিভির সামনে, তবে একজনও টিভি দেখছে না। টিভি চলছে টিভির মতো। তারা এখন সাপ-লুডু খেলছে। মিতুল ওদের পাশে গিয়ে বসে চুলগুলো মেলে দেয়। দীর্ঘকে জিজ্ঞেস করে, 'কী খাইছো বাবা?' দীর্ঘ লুডু খেলা চালিয়ে যেতে যেতে উত্তর দেয় 'পিজ্জা! বাবা আজকে পিজ্জা এনেছে!'
মিতুল অবাক হয়। কাজল বাইরে গিয়েছিল তারমানে? কোথায় গিয়েছিল? কতক্ষণ বাইরে ছিল? মিতুল শোবার ঘরে গিয়ে বুঝতে পারে কাজল আসলে বারান্দায়। বারান্দায় যায় সে, ভাবে আজ কাজল যাই বলুক না কেন, যত অপ্রাসঙ্গিক উত্তর দিক না কেন কথার, সে কথা চালিয়ে যাবে; চুপচাপ বারান্দা ছেড়ে চলে আসবে না। কাজল নীল অপরাজিতার ঝোপের আড়ালে পড়ে গেছে। মিতুল ওর পাশে গিয়ে বসে। কাজল কেমন যেন অপ্রস্তুতভাবে হাসে। মিতুল এখন বারান্দায় আসুক এটা কি চায় না কাজল? মিতুল যেন পাহাড় ঠেলছে এমন শক্তি খরচ করে গলা দিয়ে বের করতে পারলো কথাটা। 'দীর্ঘ বললো পিজ্জা আনছিলা…? কই গেছিলা আজকে?'
কাজল বেশ সময় নেয় প্রশ্নের উত্তর দিতে। 'তেমন কোথাও না… হাঁটার জন্য একজোড়া জুতা কিনলাম। বেশ আরামদায়ক জুতাগুলো।' কাজলের গলার স্বর এতই নিচু যে, তার দিকে কান বাড়িয়ে দিতে হয় মিতুলের। সে তাড়াতাড়ি করে আবার প্রশ্ন করে, 'হাঁটার জন্য মানে? তুমি সকালে হাঁটতে যাবা? মানে স্বাস্থ্য সচেতনতা?' এবার কাজল প্রায় পঁচিশ সেকেন্ড সময় নেয় উত্তর দিতে। 'না এমনি, পছন্দ হলো তাই কিনে ফেললাম।' যেন অনেক কথা বলা হয়েছে সেই ভঙ্গিতে কাজল কথা শেষ করে বারান্দার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। মিতুল আর কথা খুঁজে পায় না। ওর পা ভেঙে আসছে ব্যথায়। মিতুল ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে।
৪
সকাল ছয়টায় এলার্ম দিয়েছিলো মিতুল, হালকা কিছু রান্না করে রেখে যেতে হবে; হাসপাতালে ঢুকতে হবে সকাল নয়টায়। এলার্ম বাজার তিন মিনিট আগেই ঘুম ভেঙে গেলো মিতুলের। চোখ মেলে দেখলো কাজল বিছানায় নেই, দীর্ঘও তার বিছানায় নেই। রাতে একবার ঘুম ভেঙেছিলো সময়, কাজল সোজা হয়ে দেয়াল ঘেঁষে শুয়েছিলো; দেখেছে মিতুল, দীর্ঘ টুনির বিছানায় চলে গেছে ওর বিছানা নাকি ছোট— আবছা মনে পড়ছে, নাকি ওটা স্বপ্ন ছিলো? ঘরে হালকা আলো আছে ড্রিম লাইটের। মিতুল কাজলের শূন্য জায়গাটায় হাত রাখলো, চোখ বন্ধ করে থাকলো কিছুক্ষণ। কাজলের জন্য মনটা খারাপ হলো ওর। গতকাল সে বুয়াকে বাদ দিয়েছে, কেন বাদ দিলো সেটা কাজলকে বলা ঠিক হবে? বুয়া কি আসলেই কাজলের মুখের দিকে তাকিয়ে ছিলো? নাকি এসব মিতুলের অস্থির মনের কল্পনা? একটা ছেলে মানুষ যদি বাসায় কাজ করতো আর ঘুমন্ত মিতুলের দিকে এভাবে তাকিয়ে থাকতো? কেমন লাগতো কাজলের? ডাক্তার মিতুলের নজর লাগায় বিশ্বাস নেই, তবে ওর কেবলই মনে হতে লাগলো— বুয়ার নজরে অশোভন কিছু ছিলো, যা আসলে তার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না, এবং এ কারণেই এটা সে কাজলকে বলবে না।
মিতুল চোখ মেলে আবার। ঘড়ি দেখে, ছয়টা ছয় বাজে। কখন যে ওর চোখ থেকে গড়িয়ে পড়া পানিতে বালিশ ভিজে গেছে টের পায়নি। কিন্তু কাজল কোথায় গেলো? কাজলের শোয়ার জায়গা থেকে হাতটা সরিয়ে নিলো মিতুল। তখনই নজরে পড়লো, বিছানায় লম্বা কালো একটা দাগ। বিছানার সাদা চাদরে লম্বা কালো দাগটা দেখে মিতুল ভূত দেখার মতো চমকে উঠলো, ধরফর করে উঠে বসলো বিছানায়। মিতুলের বুকে কেউ যেন ধপধপ করে কোদাল দিয়ে মাটি কাটছে! কেন? কার কবর খুঁড়ছে কারা? … কার কবর? কাজল কি বারান্দায়? নাকি হাঁটতে গেছে? সন্দেহের দৃষ্টিতে কালো দাগটার দিকে তাকালো মিতুল।
এক ঝটকায় বিছানা ছাড়লো মিতুল। নীল অপরাজিতার বারান্দা খালি, কাজল নেই সেখানে। বসার ঘরে কার্পেটের ওপর টুনির বিছানায় দীর্ঘ, দু'পাশে দু'টো কোলবালিশ। টুনি কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে। কিচেন, গেস্টরুম, ওয়াশরুম— কোথাও নেই কাজল। যে মানুষ বিপদে না পড়লে ঘর থেকে বের হয় না, সে এই সাত সকালে কোথায় যেতে পারে? টুনিকে ডাক দিয়ে জিজ্ঞেস করবে কিনা ভাবে মিতুল। দীর্ঘ রাতে নিশ্চয়ই টুনিকে ঘুমাতে দেয়নি। ওকে ডাকা ঠিক হবে না।
আকাশ বেশ মেঘলা, ঘরের ভিতরে অন্ধকার ঘন হয়ে আছে। মিতুলের বুকে কোদাল চালানো চলছেই। সে ডাইনিং-এ গিয়ে পানি খায় এক গ্লাস। মিতুলের কানের খুব কাছেই যেন কাজলের নিঃশ্বাসের শব্দ হয়। এদিক-ওদিক তাকিয়ে কাউকেই দেখে না মিতুল। আবার সে বসার ঘরে যায়, একইভাবে ঘুমাচ্ছে টুনি-দীর্ঘ। দরজায় ছিটকিনিও লাগানো। তারমানে কাজল বাইরে গিয়ে থাকলে টুনিই উঠে ছিটকিনি লাগিয়েছে।
শোবার ঘরের দিকে এগুলো মিতুল, আবার যেন কানে কাজলের নিঃশ্বাসের শব্দ। মিতুলের সারা শরীর ঘেমে গেছে। প্রচণ্ড শীত লাগতে থাকে তার। সে ঘরে গিয়ে দেখে বিছানায় শুয়ে আছে মূলত— লম্বা কালো একটা কাজল কালো দাগ। সরলরেখার মতো দেয়াল ঘেষে বিছানায় মিশে আছে কাজল— বা কালো লম্বা দাগটা। মিতুল ধপ করে বসে পড়লো বিছানায়। আবারও ঢকঢক করে পানি খেল, বেডসাইড টেবিল থেকে। হ্যাঙ্গারে ঝুলে থাকা সাদা এপ্রোনটার দিকে চোখ পড়লো ওর। এপ্রোন থেকে কিছু সাদা এসে মিতুলের চোখগুলো অবশ করে দিলো যেন। যন্ত্রের মতো ঘড়ি দেখলো সে আবার। ছয়টা বিশ বাজে। মিতুলের চোখে এখন শুধু এপ্রোনের সাদা আর সাদা— আর সেই সাদার ভিতরে লম্বা একটা কালো দাগ— কাজলরেখা।
