২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী মনিরুল ইসলাম: মহামারী আমার ভিতরে অতিআতংক তৈরি করেছে

জুবায়েদ দ্বীপ

Published : 24 Sep 2021, 06:11 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


আলোকচিত্র: আরমান ইসলাম ফেররের

মহামারী আরম্ভ হয়েছে আজকে প্রায় দুই বছর এবং এটা সমস্ত দুনিয়াকেই ওলটপালট করে দিয়েছে। এর ফলে যেকোন শিল্প, ব্যবসা, বিশেষ করে সংস্কৃতি বেশি প্রভাবিত হয়েছে, পূর্ব-পশ্চিম সর্বত্র একই ব্যাপার। দীর্ঘকাল ধরে আমি স্পেনে আছি- প্রায় ৪০/৪৫ বছর, কিছুদিন আগে ৩ মাসের জন্য বাংলাদেশে আসি এবং এসেই আটকে গেছি।

ঢাকায় এসে তখনই কাজ শুরু করছিলাম-আমি সবসময় কাজ করি- সম্প্রতি ইচ্ছে করে কাজ আরও বাড়িয়েছিলাম। ছবি কোনদিন শেষ হয়না, পেইন্টিং করা কোনোদিনই শেষ হয় না- শুধু আমার না, কাররই শেষ হয়না। একটা সময়ে আমাদের ছবি আঁকা ছেড়ে দিতে হয়, তখনই শেষ হয়।

কোভিড যখনও আসেনি, তখন সবকিছু ঠিকঠাক চলছিলো। এরপর কোভিড এলো এবং এর ইমপ্যাক্ট যে এত হবে সেটা আমরা শুরুতে বুঝতে পারি নাই।

বিশেষ করে শিল্পীরা, আমরাতো একাকিত্ব কিছুটা পছন্দ করি। তাই কোভিডের সাথে সাথে যে একাকিত্ব এলো তা প্রথমে ভালোভাবেই গ্রহণ করেছিলাম। বাংলাদেশে আসাতে অনেক সোশ্যাল ইভেন্ট ছিলো, একসময়ে এসবে বিরক্তই হয়ে গেছিলাম। মনে হতো, আমার ছবির আকার সময় কোথায়? তাই এসব ইভেন্ট থেকে আমি দূরে থাকতে শুরু করি। মনে করেছিলাম যদি একা থাকতে পারি তাহলে আমার জন্য ভালো হবে। অবশ্য একাই আছি সবসময়- শেষ চল্লিশ বছর ধরেই আমি একা।
আমরা আর্টিস্টরা বেশির ভাগ সময়েই একটু সেলফ-সেন্টার্ড হই, একাকিত্ব থাকে ভিতরে ফলে লক-ডাউনে ভেবেছিলাম এবার একটু নিস্কৃতি হবে, বাসায় থাকতে পারবো। কিন্তু সেটা বেশিদিন সম্ভব হয়নি। ইভেন্টগুলি সব অনলাইনে এসে হাজির হলো।

আর্ট এখন আর ব্যক্তি বা শিল্পী পর্যায়ে নাই, আর্ট এখন চলে গেছে ইকোনোমিক্স,পলিটিক্স, গ্লোবাল কালচারের ভিতরে। ৫০/৬০ বছর আগে বলা যেত, একজন শিল্পী ছবি আঁকবে ঘরে বসে, বাইরের কোন খবরের তার দরকার নাই কিন্তু এখন আর এমন সম্ভব নয়। ইমোশনের পর্যায় থেকে আর্ট এখন ঢুকে গেছে ইন্টেলিজেন্সের ভিতরে। সমস্ত কিছু এখন ডিজিটালি কনভার্ট হচ্ছে, আর্টও এর বাইরে থাকেনি। বিগত সময় লক্ষ্য করলে দেখা যাবে আর্টের নানা রকম ধরন তৈরী হয়েছে। যেমনঃ কন্সেপচুয়াল আর্ট, ভিজুয়াল আর্ট, ইলেক্ট্রনিক আর্ট,ডিজিটাল আর্ট এই ধরনের বহু নামকরণের আর্ট। এগুলি কিছুদিন আগেও ছিলনা, আগেতো আমরা করতাম পেইন্টিং, যারা গ্রাফিক্সের তারা গ্রাফিক্স করতো, এত ধরনের আর্ট ছিলনা। আর্টের এত ডাইভারশনের কারণ, মনে করি, বিশ্ব বিজ্ঞানের দিকে গত পঞ্চাশ বছরে যতটা এগিয়েছে, বিগত পাঁচশ বছরেও এতটা আগায় নাই। এবং আর্টের এই নতুন অবস্থা থেকে নিজেকে বিছিন্ন করে রাখা যায় না।


কোভিড কিন্তু আসলেই খুব ভয়ংকর আর বিরাট ব্যাপার। হয়তো কোন আর্টিস্ট ভেবেছে কোভিড নিয়ে ছবি আঁকবে, কিন্তু আমরা কি নিয়া ছবি আঁকবো! ছবি আঁকার বিষয় হিসেবে কোভিড এতই শক্তিশালী যে, এটা আর্টিস্টের আয়ত্বের বাইরে। হয়তো ঝড়ের একটা ছবি অথবা দুর্ভিক্ষের একটা ছবি ইমেজ দিয়া আঁকা যায় কিন্তু এই কোভিডের কোন ছবি আমি আঁকি নাই, আঁকতে পারবোও না।

মহামারী আমার ভিতরে অতিআতংক তৈরী করেছে, এমনকি অন্যের উপর থেকে আমার বিশ্বাস ছুটে গেছে। তাছাড়া কোভিড আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে আমরা সকলেই মূলত একা। আমার ধারণা, প্রকৃতির যে ক্ষতিসাধন আমরা করেছি, প্রকৃতি এভাবেই তা পুনরুদ্ধার করছে।


ঢাকায় এসে করোনার মধ্যে আমি প্রচুর ছবি এঁকেছি। পেপারওয়ার্ক,পেইন্টিং, ক্যানভাস ,কার্টুন বক্স, ক্যালেন্ডার, ক্যাটালগের উপর, বইয়ের উপর নানা রকম ছবি এঁকেছি। এবং এই কাজগুলো আমি করেছি সম্পূর্ণ আমার অভ্যাসের বাইরে গিয়ে, এগুলো এমন সব কাজ যা আমি সাধারণত করবো না কোনদিন। এগুলো করতে গিয়ে আমি সর্বোচ্চ স্বাধীনতা গ্রহণ করেছি এবং এ ছবিগুলো বিক্রি করা বা এক্সিবিশনে দেবার কোন উদ্দেশ্য আমার ছিলনা। ফলে এসব ছবিতে কোন শর্ত নেই, এগুলো একান্তই নিজের আনন্দের জন্য, যদি মিরাকুলাস কিছু ঘটে, যদি নতুন কিছু পেয়ে যাই, এমন অবস্থান থেকে এগুলো সৃষ্টি। ক্রিয়েটিভ প্রসেসটাই এমন হওয়া দরকার।


আর তাছাড়া অভ্যাসের বাইরে যাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ অভ্যাসটা (যেকোন প্রকার অভ্যাস) আমার কাছে এক ধরনের ধীর মৃত্যু। কারণ এই অভ্যাসের জন্য আমাদের মস্তিষ্কে শ্যাওলা জমে, আমরা দাসে পরিণত হই, তখন আমরা নতুন রাস্তায় হাঁটতে চাইনা, নতুন কিছু করতে চাইনা, নতুন লোক দেখতে চাইনা, ধীরে ধীরে একটা লিমিটেশনের ভিতরে চলে আসি। আর্টের ক্ষেত্রেও একটা অভ্যাস গ্রো করলে দেখা যায় ঐ অভ্যাসের অনুযায়ী একই ছবি এঁকে যাচ্ছি।


তো, যতদূর সম্ভব এই করোনার মধ্যেও আমি প্রতিদিন কাজ করে যাচ্ছিলাম এবং আনন্দও পাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে ঐ গতি কমে গেলো। করোনার প্রভাব আর্টিস্টের স্টুডিও থেকে পুরো আর্ট সোশায়িটিটাতেই পরলো। আর্ট এক্সজিবিশন, ওয়ার্কশপ,সেমিনার তারপরে আরও বিভিন্ন কার্যক্রম,কর্মশালা ছিলো, সেসব হঠাৎ করেই বন্ধ হয়ে গেলো।

একজন আর্টিস্টের মূল খোরাক কোথায়? আর্টের উপাদান সে পায় কোথা থেকে? প্রকৃতিই আমাদের সকল সৃজনশীল শক্তির উৎস। কিন্তু এই করোনাকালে আমি বাইরে যেতে পারি নাই। বিশেষ করে আমি আছি ধানমন্ডির এক ফ্লাটে, লেকের পাড়ে, সেখানে আকাশও দেখা যায় না। ঢাকা শহর যেন একটি জেলখানা; জালনা খুললে কাপড়-চোপড়,ডেগ-পাতিল এগুলাই দেখা যায়। শিল্পীরতো একটা ইন্সপিরেশন দরকার। এই বদ্ধ পরিস্থিতিই শিল্পীদের সবথেকে বেশি ক্ষতি করছে।


এটা একটা বিরাট সংকট, এটা কবে শেষ হবে বা এটা নিয়েই আমাদের সর্বদা থাকতে হবে কিনা তা অনিশ্চিত। এছাড়া আমার অনেক ছাত্র, ছাত্রদের ছাত্র অনেকে চলে গেল কোভিডে, এগুলি মানসিকভাবে আমাকে অনেক তাড়িত করেছে।

আর্টের কমার্শিয়ালাইজেশনও বাধাপ্রাপ্ত হয়েছে, যদিও এরকম অসহায় পরিস্থিতির মধ্যেও অনেকে ডিজিটালি ছবি বিক্রি করছে, বিদেশে অনেকে নিজের ওয়েবসাইট করে ছবির প্রদর্শনী করছে।
এরকম বদ্ধ পরিস্থিতিতে সব ভুলে ছবি আঁকবো, এমন মানসিকতার জন্য দরকার দৃঢ় সংকল্প। ছবি আঁকার জন্য একটা খোরাক দরকার, আর এ খোরাক নিতে হলে বাইরে একটা সময়ে রোজ ঘোরা উচিত। এমনি সময়ে দুটো লোকের কথা শুনি বা দুটো বই পড়ি বা প্রকৃতি দেখি, বিভিন্ন এক্সিজিবিশন দেখি কিন্তু এখন আমরা একটা গন্ডির মধ্যে, একটা সীমাবদ্ধতার মধ্যে আটকে আছি।


ছবি আঁকা একটা ক্লান্তিকর কাজ,ছবি নিয়ে চিন্তা করতে করতেই একসময় এত ক্লান্ত লাগে! আর আমি যেহেতু একাই থাকি তাই গৃহস্থালীর প্রায় সবকিছুই আমাকেই করতে হয়। ঘর পরিষ্কার-কাপড় ধোয়া-রান্না করা এগুলি বিরাট কাজ। এতে দেখা যায় বিকালে কাজ শেষ করে সন্ধ্যার পরে ক্লান্ত হয়ে যাই, তারপরে যে কাজ করবো এই ইচ্ছাটা তখন আর থাকে না।

আগে রাতেই কাজ করতাম, কিন্তু এখন দেখি যে রাতে কাজ করাটা ঠিক না, শরীরের জন্যও ভালো না। রাত প্রকৃতিগতভাবেই ঘুমানোর জন্য। রাতে গাছের পাতা পর্যন্ত ঘুমায়, পাখিরা চলে আসে।
এর আগে অথবা করোনার মধ্যে যেসব ছবি আমি এঁকেছি সেগুলির যে আলাদা কোন চরিত্র আছে এমন নয়। মহামারী আমাকে অনেক প্রভাবিত করেছে ঠিকই, কিন্তু আমার ছবির সাবজেক্ট ম্যাটারকে কোন প্রভাবিত করে নাই। কিন্তু একটা বিষয়কে আমি সবসময় গুরুত্ব দেই তাহলো আমার ছবি যাতে রিপিটেটিভ না হয়, এবং ছবিতে যেন আমার পারসোনালিটি থাকে। যাই আঁকি মনে হবে আমারই আঁকা, ক্রিয়েটিভ প্রসেস এমনই হওয়া উচিত। সকল ভালো আর্টিস্টের এই দিকটি থাকে। পিকাসো হয়তো একদিনে ছবি আঁকছে তিন রকমের, সকালে প্রতিকৃতি, দুপুরে আঁকছে এচিং বুলফাইটের ছবি, রাতে আঁকছে কিউবিজম, কোনটার সাথে কোনটার মিল নাই, এত ভ্যারিয়েশন, কিন্তু তার একটা ছবি দেখলেই বলে দেয়া যায় যে এটা পিকাসোর ছবি। আমরা অনেক আর্টিস্ট আছি, যারা যাই করি একই কাজ করছি বোধহয়। সুতরাং ঐ পারসোনালিটিটা তৈরী করা জরুরি।


এবং একটা ছবির জন্য প্রচুর কাজ দরকার। আর্টের জন্য আরেকটা বিষয় দরকারি তাহলো তার নিজের কাজকেই তার নিজের ধ্বংস করতে হবে। অনেক সময় বলা হয়, নো ডিস্ট্রাকশন, নো ক্রিয়েশন। যেটা আমরা দেখতেই পাই যে দুর্গা পুজায় মূর্তি সারা বছর ধরে নির্মাণ করে পরে তারা এটা বিসর্জন দেয়, এটা যে শুধু হিন্দু ধর্মে তাই নয়, অনেক জায়গায় আছে এমন। কারণ তারা নবজন্ম চায় , অন্য কিছু নতুন চায়। এইজন্য ডিস্ট্রাকশনটা জরুরি, তবে কোন সময়ে ডিস্ট্রাকশন করছি সেটাও দেখতে হবে, এখন একটা চারা গাছ সেটা ধ্বংস করলে হবেনা, এটা ফল দিবে কিনা সেটা দেখতে হবে।

আমার প্রায় ৪০০ ছবি আছে যা এখনও শেষ হয় নাই, শেষ হয় নাই কারণ ছবি কখনো শেষ হয় না, কোনদিনও না, একটা ছবি যদি আমি ২০ বছরও আঁকি তাও শেষ হবেনা। আমি একটা ছবি দিনের পর দিন আঁকি, আমি কখনো জানি যে ছবিটা যত ভালো করে আঁকি না কেন তাও ভালো হবেনা, তখন আমি অন্য ছবিতে চলে যাই এবং পরে আবার আগের ছবিটাতে ফিরে যাই। এই প্রসেসে ছবি বাড়তে বাড়তে অনেক ছবি হয়ে গেছে। কিন্তু স্টুডিউতে আমি এসব ছবিগুলো রেখে দেই, আমি যখনই স্টুডিওতে হাটি বা থাকি- আমি ছবিগুলো দেখতে থাকি প্রতিমুহূর্তে। সাতদিন পরে দেখা গেলো, একেকটা ছবি নিজেরা নিজেরাই তৈরী হচ্ছে। অর্থাৎ ঐ দিনে ঐ সময়ে ছবিটার যে সমস্যা ছিলো তখন ছবিটাতে তা ধরা পড়ে নাই, কিন্তু কয়েকদিন পরে আমি সমস্যাটা পেয়ে গেলাম। দেখা গেলো এটা সহজ একটা ব্যাপার ছিলো, প্রতিনিয়ত ছবিটা দেখতে দেখতে এটা এখন পাওয়া গেলো।
আমার বেশিভাগ ছবিই অসমাপ্ত। আমার অসমাপ্ত ছবি দেখতেই বেশি ভালো লাগে। ছবি শেষ মানে সেখানে আর কিছু করার নাই, আর অসমাপ্ত বলতে যে ছবির এখনও জন্মই হয় নাই।


করোনাকালে আমি একটানা ছবি আঁকিনি, কিছু বিরতি আছে। শারীরিক অসুস্থতা ছিলো, ব্যাকপেইন ইত্যাদি। এমনও হয়েছে কখনো কখনো মনে ভেঙে গেছে, মনে হয়েছে এত আঁকলাম আর কি আঁকবো! কিন্তু এটাও একটা পজিটিভ দিক কারণ ছবি আঁকাতো আর রোবোটিক কাজ না যে আমি এই টাইমে এই টাইমে কাজ করবো–এভাবে ঠিক করে রাখা যায়, এইভাবে হয়না। সুতরাং একটা সময় আসে যখন ছবি আঁকা না হলেও, ছবি নিয়ে চিন্তা করা হয়।

চিন্তা আসে, আমি যে কাজগুলো করলাম- কি জন্য করলাম! ক্রিটিক কে! আমার মনেহয় মাইসেলফ। আমিই নিজেই ক্রিটিক। আমি যখন একটা ছবি আঁকি, আমি তখন নিজেকেই জিজ্ঞেস করি কেন করছি, কি জন্য করছি। এর উত্তরগুলি আমাকে আমাকে উৎসাহিত করে। এছাড়া আমার ছবি দেখলে বোঝা যায় যে এটা মনিরের ছবি। এটাই আমার অর্জন।


আমি ভাগ্যবান, আমি বহু কাজ করছি। কোনদিন আমাকে কেউ গিফট দেয় নাই, আর পৃথিবীতে বহু জায়গায় আমাকে সম্মান দিয়েছে, নানা প্রকার আওয়ার্ড, বাংলাদেশের একুশে পদক, স্পেনের রাষ্ট্রিয় দুটো পদক, তারপর নাশন্যাল আওয়ার্ড। যাইহোক, আওয়ার্ডটা পেলে পরে ভালোই লাগে। কিন্তু আসলে এটা এমন কিছু না। অলিম্পিক গেমসে যে আওয়ার্ডটা দেয়, সেখানে ১০০ মিটার দৌড়ে, এক হাজার ভাগ করে এক এক সেকেন্ডকে বিশ্লেষণ করে আওয়ার্ড নির্ধারন করা হয়। আর্টের বহু জায়গায় আমি দৌড়ে গেছি, বলা মুশকিল কোনটা ভালো কোনটা খারাপ। একেকজন আর্টিস্ট একেকটা ওয়ার্ল্ড নিয়ে কাজ করে, কেউ মানুষ আঁকে, কেউ ল্যান্ডস্কেপ আঁকে, কেউ স্ট্রিট লাইফ আঁকে, কেউ মিনিমাল আর্ট আঁকে, কেউ আবসট্রাক্ট আর্ট আঁকে, যে যার দুনিয়া নিয়ে আছে। যখন কোন ক্রিটিক বা বোদ্ধা বা কোন দর্শক যখন বলে কি আঁকলেন কিছু বুঝি না, তখন আমি উত্তর দেই, আমিও বুঝি না। তারা অবাক হয়, কিন্তু আমি আসলেই এক চুলও বুঝিনা। কারন ছবি আঁকায় বোঝার কিচ্ছু নাই। ইউ লাইক অর ডোন্ট লাইক। যদি আমি হিস্ট্রি লিখতাম, একটা গল্প তৈরী করতাম, একটা ইলাস্ট্রেশান করতাম ( বাচ্চাদের বইতে যেমন কমলা, আম, খরগোশ ইত্যাদি থাকে) বা একটা পোষ্টার বানাতাম, তাহলে সেখানে সবকিছু পরিষ্কার বলে দেয়া থাকতো, কিন্তু আর্টতো পোষ্টার নয়, যে সবকিছু স্পষ্টভাবে বলে দিতে বাধ্য থাকবে।


বেশিভাগ আর্টিস্ট যারা আবস্ট্রাক্ট আর্ট আঁকে তাদের প্রত্যেকেই তাদের নিজস্ব ভাষা ব্যবহার করছে। তার নিজের একটা ল্যাঙ্গুয়েজ থাকে, তার ল্যাঙ্গুয়েজে সে কি বলছে সেটা বোঝা মুশকিল। এইজন্যই পিকাসো বলেছিলো যে, 'চাইল্ড ইজ দ্য বেস্ট আর্টিস্ট' এবং বাচ্চারা ক্রিয়েটিভও। বাচ্চাদের মনটা খুব পিওর থাকে দুই থেকে ছয় বছর পর্যন্ত। ওদের আইডিয়া মৌলিক। বাচ্চাদের ছবি অপূর্ব, আমার খুব ভালোলাগে, অনেকসময় বাচ্চাদের মতো ছবি আঁকতে ইচ্ছা হয়, কিন্তু এই ৮০ বছরে এসে বাচ্চা হওয়া কঠিন, সবকিছু ভুলে বাচ্চাদের মতো করে ছবি আঁকা খুবই কঠিন।

বিগত প্রায় দুই মাস আমি কাজ করি না, কারন ক্লান্তি আছে, বহু কাজ করার পর একসময়ে বেশ ক্লান্ত লাগে। কিন্তু এই যে কাজ করছি না–এতে একটা হতাশা তৈরী হচ্ছে মনে। ছবি আঁকা ছাড়া অন্যকোন কাজতো আমি তেমন পারি না, তাই ছবি না আঁকা মানে কোন কাজই না করা। ( কিন্তু বর্তমানে সময়ের অল্পবয়স্ক আর্টিস্টরা কত ধরনের কাজ করতে পারে, এখন আর্টের হাজার ধরনের জব হয়ে গেছে, গ্রাফিক্স ডিজাইনিং, গার্ডেনিং, ইন্টেরিওর ডেকোরেশন, ইলেক্ট্রনিক ডিজাইন, বহুধরনের এত এত আর্টিস্ট বের হচ্ছে পাশ করে, এরাতো মিশে যাচ্ছে বহু ধরনের আর্টের কাজে। ৫০/৬০ বছর আগে, তখন আমাকে আমার ফ্যামিলি না করতো, আর ছবি এঁকে করবি কি, একমাত্র সাইনবোর্ড লেখা ছাড়া আর কোন কাজই ছিল না! তখনতো ছবি বিক্রি হতো না। এখনকার দিনে যারা ভালো ছবি আঁকে, তারা ছবি এঁকেই বেশ ভালো জীবন যাপন করছে, কারণ বাংলাদেশের মতো জায়গায় এখন ছবি বিক্রি হচ্ছে এবং প্রচুর দামে বিক্রি হচ্ছে, এবং এটার জন্য তার কয়েক বছর কাজ করতে হবে ফোকাসে আসতে।


দুই মাস ধরে কোন কাজ না করার পরে, এখন আবার আমার মধ্যে একটা ওয়েভ আসছে কাজ করার, উদ্বিগ্নতা বাড়ছে, এটা আমি বেশ ইতিবাচকই মনে করছি। এই যে বিরতি গেল এটা আমার জন্য ভালো হবে।
এই করোনাকালে আমার সবাই বন্দি। এবং বিশ্বাসও চলে গেছে বন্ধুবান্ধবের উপর থেকে। কেউ কেউ বাসায় আসতে চায়, আমি না করি। আগে সবসময় কেউ না কেউ আসতো- আমি লাঞ্চ একা খেয়েছি খুব কম, ছাত্র ছাত্রী হোক, মন্ত্রি হোক বা ডিপ্লোম্যাট হোক, অনেকে আসতো, একসাথে খাওয়া দাওয়া করতো। কিন্তু এখন আর এমন হচ্ছেনা। এর ফলে একাকিত্বটা বেড়ে গেছে। আগে একাকিত্ব সেভাবে ছিলনা, একটা বিরাট কম্পানি সবসময় থাকতো।

আমার অনেকবার মনে হয়েছে, ছবির এই জগতে না থাকলে হয়তো আমি এতদিনে মরেই যেতাম। বয়সতো অনেক, এই আগষ্টে ৭৯ হলো। এখনও ইনশাল্লাহ ভালো আছি, সক্ষম আছি। এই স্বল্প জীবনে, প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ।

কাজ করে যেতে চাই, তাইই করতে হবে, কেন না কাজই থাকবে। অনেকে আমার ছড়ানো ছিটানো সহস্র কাজগুলির ভবিষৎ নিয়ে জানতে চায়, মিউজিয়াম করে সংরক্ষণ করতে চায়। আমি সবসময় বলি এসব কাজ সময় মতো নিজের গন্তব্য পৌছাবে। আমি জানি না কী হবে।


কিন্তু এত কাজ করার কারণে আমি একটা আনন্দ পাই, বা একটা টেনশন বা নার্ভাসনেস থাকে কাজটা করার সময়, যদি কোন ছবিতে মিরাকেলি কোন কিছু ঘটে যায়, নিজেই যদি চমকে যাই, এই আনন্দটা- এমন কিছু ঘটার অপেক্ষা করি।

করোনাকালে আমি প্রায় ২০০ এর মতো ছবি এঁকেছি। এর ভিতরে ছোট্ট ছবি আছে যেটা হতে পারে ৩ ইঞ্চি বাই ৫ ইঞ্চি, আবার এমন ছবিও আছে যেইটা ৫ বাই ৭ ফুট। ছবিতে আসলে ছোট বড় কিছু নাই, প্রধান বিষয়টা হচ্ছে স্কেল, ছোট ছবিটাকে আমি যদি ১০ ফুটে আঁকি তাহলে সেটা মানাবে না।
অসংখ্য ছবি জমে গেছে আমার: হাজার হাজার, এগুলো আঁকা শেষ হবে না। এর ভিতর পেইন্টিং আছে, ড্রয়িং আছে, জল রঙ আছে, প্রিন্ট আছে, গ্রাফিক্স আছে। একটা টাইমে হতাশ হয়ে যাই, আবার দেখা যায় পরে আঁকছি, এই প্রসেসে চলছে কাজ।


আমরা শিল্পী হিসেবে আলাদা কোন ব্যক্তি না, আমরা আর সকলের মতোই। যেহেতু মহামারী সময়ে বাইরে বের হওয়াটা বিপজ্জনক, সারাদিন ঘরে থাকছি, নিজের কাজ, কাপড় ধোয়া ইত্যাদিতেই সময় চলে যায়। ছবি দেখি, এসব চিন্তা করি এবং ছবি আঁকি। নিজেই রান্না করে খাই, স্পেনে থাকতেও নানারকম এক্সপেরিমেন্ট করেছি খাবারের রেসিপি নিয়ে, এখনও করছি, এইভাবেই দিন কাটছে।
দ্রুতই যেন এই মহামারী চলে যায়, স্বাভাবিকতায় ফিরে আসুক সবকিছু– এমনটাই কামনা।

অনুলিখন: জুবায়েদ দ্বীপ