কবি ও কমরেড জ্যাক হার্শম্যানের প্রয়াণে
২০১৯ সালে প্রকাশিত তার সর্বশেষ কাব্যগ্রন্থ The Arcanes উল্টাতে গিয়ে The Street vote arcane শীর্ষক তৃতীয় কবিতায় তার ব্যক্তিচরিত্র আর কাব্যব্যক্তিত্বের এক সংক্ষিপ্ত প্রতিকৃতির সারল্যে আমার শোকাচ্ছন্ন ঝাপসা চোখ কিছুক্ষণের জন্য আটকে গেল:
… I love infant joy
and the happiness of socialist
dreaming.
…..
We want death out
of the eyes of the child,
out of radical mind. (P 15)
যে-কবি চেয়েছিলেন শিশুতোষ আনন্দ আর সমাজতান্ত্রিক স্বপ্নের সুখ, যে-কবি চেয়েছিলেন মৃত্যু থাকুক শিশুর চোখ আর প্রগতিশীল মনের বাইরে, আজ তিনি নিজেই ৮৭ বছর বয়সে মৃত্যুর করতলগত। গত পরশু (২২-০৮-২০২১) তিনি তার সান ফ্রান্সিস্কোর বাসায় লোকান্তরিত হন।
তার পরবর্তী জন্মদিনটি থেকে তিনি মাত্র তিন মাসের দূরত্বে ছিলেন। কতসব ইচ্ছে জটপাকিয়ে আছে তাকে ঘিরে। প্রথম ইচ্ছে ছিল তার সাথে আবারও দেখা করার। কথা ছিল ২০২০ সালে সেপ্টেম্বর বা অক্টোবরে তার সাথে দেখা হবে যখন ক্যালিফোর্নিয়ায় আয়োজিত বিশ্ব বাংলা সাহিত্যের আমন্ত্রণে ওখানে যাবো। কভিডের ভয়াল আবির্ভাব আমার সেই ইচ্ছাকে গুঁড়িয়ে দিল নির্মমভাবে। ইচ্ছে ছিল তারই কবিতা আর প্রবন্ধের একটি তর্জমা গ্রন্থ প্রকাশিত হবে বাংলাভাষায় আর সেটি তাকে নিজ হাতে পৌঁছে দেবো– অকস্মাৎ মৃত্যু এসে আমার সেই আশাটিকেও অকালে হত্যা করলো। যদিও বইটির কাজ অব্যাহত আছে। এমনকি, প্রকাশকও শুরু থেকে নির্ধারিত হয়ে আছে। বাংলা ভাষায় তার কবিতার অনুবাদ গ্রন্থ বেরুচ্ছে জেনে তিনি খুব খুশী ছিলেন। শিশুর মতো সরল আর সামান্যেই খুশী হওয়া এই মানুষটিকে আর দেখতে পাবো না ভাবতেই মনটা বিষন্ন হয়ে যায়।
২০১৯ সালের নভেম্বরে সুদূর একুয়াদরে তার সাথে পরিচয়। একুয়াদরের গুয়াইয়াকিল-এ কবি আউগুস্তো রদ্রিগেস-এর আমন্ত্রণে আমরা জড়ো হয়েছি। এক একজন করে আসছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে। চিন, তাইওয়ান, স্পানঞা, ব্রাজিল, আর্হেন্তিনা, উরুগুয়াই, কুবা, কলম্বিয়া, আমেরিকা, মেহিকো ইত্যাদি দেশ থেকে কবি লেখকরা এসেছিলেন এই সাহিত্যিক সম্মেলনে। বাংলাদেশ থেকে আমিই একমাত্র আমন্ত্রিত। জ্যাক সম্ভবত আমার দুএকদিন আগেই সস্ত্রীক চলে এসেছিলেন। আমি যেদিন পৌঁছালাম সেদিন নৈশভোজের জন্য হোটেলের রেস্তোরাঁয় গিয়ে হাজির হতেই, আউগুস্তো আমাকে লম্বা এক বয়োবৃদ্ধের কাছে নিয়ে গেল পরিচয় করিয়ে দেয়ার জন্য। জ্যাক হার্শম্যান বলে পরিচয় করিয়ে দিতেই আমার স্মৃতিতে ঝাপসাভাবে পুরোনো ফিতা ঘুরতে শুরু করলো আর মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খেলতে লাগলো, এই চেহারা তো আমার পরিচিত, কিন্তু কোথায় দেখেছি? আমার স্মৃতিশক্তি কখনোই খুব একটা ভালো নয়, কিন্তু জ্যাকের ক্ষেত্রে প্রায় নির্ভুলভাবে মনে পরে গেল প্রথম দেখার স্মৃতিটা।
আমি তাকে বললাম, জ্যাক, আমি বোধহয় আপনাকে আগে দেখেছি। অন্তত ২৫/৩০ বছর আগে। জ্যাক তো অবাক। এত বছর আগে আমার সাথে তার দেখা– এ তো অবিশ্বাস্য। আমি তাকে জিজ্ঞেস করলাম, "আপনি কি American Poetry Review ম্যাগাজিন লিখেছেন কখনো?" "হ্যাঁ," জ্যাকের সংক্ষিপ্ত সরল জবাব। ভাবলাম, পেয়ে গেছি। বললাম," আমি ওই পত্রিকাতেই আপনার কবিতা পড়েছি ২৫/৩০ বছর আগে। আপনার একগুচ্ছ কবিতা ছাপা হয়েছিল, সঙ্গে আপনার একটা ছবি ছাপা হয়েছিল আধা পৃষ্ঠা জুড়ে।" জ্যাক বললেন "ঠিক, তুমি ঠিকই বলেছ। সে তো বহু বছর আগের কথা। তুমি এত আগে আমার কবিতা পড়েছ জেনে আমি রীতিমত বিস্মিত।" " কিন্তু আমি অভিভূত এটা দেখে যে ২৫/৩০ বছর আগে পড়া কবিকে সচক্ষে দেখতে পেয়ে।" জ্যাক তার সারল্যমাখা মিষ্টি হাসি দিয়ে আমার হাতে মৃদু চাপ দিলেন। আমি তাকে পরে খুলে বললাম, কিভাবে কোথায় এই পত্রিকায় তার কবিতা পড়ি। এই ঘটনাটি যে তাকে বেশ আলোড়িত করেছিল তা বুঝা গেল পরে। আমাদের পরবর্তী দুএকটি অনুষ্ঠানে কবিতা পাঠ করতে গিয়ে তিনি আমার এই ঘটনাটি উল্লেখ করেছিলেন। যদিও তার কবিতা আমি খুব বেশি পড়িনি, কিন্তু নেটে তার সম্পর্কে বেশ খানিকটা পড়াশুনা করে আমি সাক্ষাৎকারের প্রস্তুতি নিয়ে তাকে আমার পরিকল্পনার কথা জানালাম। জ্যাক সঙ্গে সঙ্গেই রাজী হয়ে গেলেন। মোট দুই দফায় আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম, কম করে হলেও ঘন্টা দুয়েকের তো হবেই, শব্দের হিসেবে তা ১০ হাজারে গিয়ে দাঁড়িয়েছিল। দেশ ফিরে এসে আমার কিছু জানার আছে বলায় তিনি আমার লিখিত প্রশ্ন পাঠাতে বললেন। প্রশ্নগুলো পাঠালে তিনি দ্রুতই উত্তর পাঠিয়ে দিয়েছিলেন। আমার অনুরোধে পুরো সাক্ষাৎকারটি তিনি নিজে দেখে দিয়েছিলেন এই বৃদ্ধ বয়সে।
গুয়াইয়াকিলে যে-কদিন ছিলাম, সে কটা দিন জ্যাকের স্পর্শে দারুণ কেটেছিল। তার কন্ঠে কবিতা শুনবার বিরল অভিজ্ঞতাও আমার হয়েছে। জ্যাকের কবিতা সত্যিই খুব আকর্ষণীয়। তার কন্ঠের মিষ্টতাতো চিল, সঙ্গে ছিল পাঠ করার অনুপম রীতি। জ্যাকের কবিতার প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে গেছে তার পাঠ শুনে। মনে মনে ভেবে রেখেছি, আমেরিকা হয়েই যেহেতু ফিরবো, তাহলে সেই সময় তার কিছু কবিতার বই আর অনুবাদগ্রন্থ কিনে নেবো। প্রতিদিনই তার সাথে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, কোন কোনদিন একই অনুষ্ঠানে তিনি ও আমি। তাকে আমার কবিতার বইটি উপহার দিয়েছিলাম। তিনিও আমাকে তার Front lines নামের নির্বাচিত কবিতা গ্রন্থ উপহার হিসেবে দিয়েছেন আর তাতে লিখেছেন For Razu comradely love. আমার কয়েকটি কবিতা তার ভালো লেগেছে বলে জানালেন আর বললেন প্রতি বছর তিনি যে কবিতা সংকলন বের করেন তাতে তিনি আমার কবিতা অন্তর্ভুক্ত করতে চান। আমি তাকে বললাম, " এটা হবে আমার জন্য খুব সৌভাগ্যের এবং সম্মানের। আমার প্রিয় কবির হাত দিয়ে আমার কবিতা প্রকাশিত হবে– এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!"
তাকে বলেছিলাম, "আপনার সাথে আশা করি আগামীবছরই দেখা হবে।" জ্যাক খুশী হয়ে বললো, "তাহলে তো খুব ভালো হয়। চলে এস সান ফ্রান্সিস্কোতে।"
দেশে ফিরে আমি তার একগুচ্ছ কবিতা অনুবাদ করেছিলাম আর সেগুলো একটা দীর্ঘ ভূমিকা লিখে প্রকাশও করেছিলাম এই বিডিআর্টস-এ। আমি তাকে লিংক পাঠিয়েছিলাম মেইলের মাধ্যমে। তাকে নিয়ে এভাবে লিখেছি দেখে তিনি খুব খুশী হয়েছিলেন। বলেছিলাম, "আমি বাংলাভাষায় আপনার কবিতা ও একটি দুটি প্রবন্ধসহ গ্রন্থ প্রকাশ করতে চাই যদি তুমি অনুমতি দেন। জ্যাক সানন্দে তার সম্মতি জানালেন। আমি বেশ কয়েকজনকে দিয়ে এরই মধ্যে কিছু কবিতা অনুবাদও করিয়ে নিয়েছি। তার একটি প্রবন্ধও অনুবাদ করিয়েছি। ভেবে রেখেছিলাম আগামী বই মেলায় বইটি বের করার। বইমেলাতে বইটি হয়তো বেরুবে, কিন্তু বইটি তার হাতে দেয়ার আনন্দ থেকে বঞ্চিত হলাম। পরিকল্পনা ছিল তাকে দিয়ে বাংলা সংস্করণের জন্য একটি ভূমিকা লিখিয়ে নেয়ার, তাও আর হলো না।
জীবনের সবরকম বৈষয়িক উচ্চাশা ত্যাগ করে নিজের জীবন ও কাব্যসত্তাকে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিয়োগ করেছিলেন। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে সেই যে বিশ্ববিদ্যালয়ের চাকুরী ছাড়লেন, এর পর আর কোথায়ও চাকুরী করেননি। সম্ভবত তিনিই ছিলেন বিট প্রজন্মের শেষ প্রতিনিধি। তিনি বিট-এর হয়েও বিট-এর ছিলেন না, তার সাম্যবাদী রাজনৈতিক অবস্থান তাকে অন্য দিকে নিয়ে গেছে। জ্যাক, শুধু মহনতি মানুষের হৃদয়েই নয়, সত্যিকারের কাব্যরসিকদের মধ্যেও বেঁচে থাকবেন। মার্কিন কবিতাকে তার মতো আর কেউ লাল রংয়ে রাঙিয়ে দেয়ার পরও কাব্যোত্তীর্ণ করতে পারেনি।
প্রিয় বন্ধু, প্রিয় কমরেড, মানুষের বিপ্লবস্পন্দিত বুকে আপনি বারবার ফিরে আসবেন।
