২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে তালিবান দখল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি লেখক খালেদ হোসেইনির খোলা চিঠি

অদিতি ফাল্গুনী

Published : 20 Aug 2021, 02:08 PM

Updated : 02 Sep 2022, 08:34 PM

লেখকের সংক্ষিপ্ত পরিচিতি: নামী আফগান লেখক খালেদ হোসেইনির জন্ম ১৯৬৫ সালের ৪ মার্চ, আফগানিস্তানের রাজধানী কাবুল শহরে। তাঁর প্রথম উপন্যাস 'দ্য কাইট রানার (২০০৩)' একইসাথে বাণিজ্যিক ও নান্দনিক সাফল্যে অভিষিক্ত হয়। উপন্যাসটি ১০১ সপ্তাহ জুড়ে 'দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকা'-য় ছিল। ২০০৭ সালে প্রকাশিত তাঁর দ্বিতীয় উপন্যাস 'আ থাউজ্যান্ড স্পেলন্ডিড সানস' পুনরায় 'দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকা'-য় টানা ১০৩ সপ্তাহ থাকে। তাঁর তৃতীয় উপন্যাস 'এ্যান্ড দ্য মাউন্টেইনস ইকোড (২০১৩)' আবারও 'দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকা'-য় টানা ৩৩ সপ্তাহ অবস্থান করে। কূটনীতিক বাবার সন্তান খালেদ হোসেইনী জীবনের শুরুতে কিছুদিন ডাক্তার হিসেবে কর্মজীবন কাটালেও প্রথম উপন্যাসের সাফল্যের পর থেকে পূর্ণসময় লেখক হয়ে যান। এছাড়াও তিনি 'জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার' বা 'ইউএনএইচসিআর'-এর শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেন।

অনুবাদ: অদিতি ফাল্গুনী

পশ্চিম আফগানিস্থানের হেরাত শহরে আমার এক চাচাতো বোন আছে। ১৯৭০-এর দশকে আমরা একসাথেই বেড়ে উঠেছি। বেশ মনে পড়ে যে কিভাবে আমরা একসাথে ৪৫ আরপিএম রেকর্ডগুলো বাজাতাম এবং সুরের তালে তালে নাচতাম। গত প্রায় পঞ্চাশ বছর ওর সাথে অবশ্য আমার আর দেখা হয়নি। তবে সবুজ চোখ আর মুখ ভর্তি লাল ছুলি দাগে ভরা এবং হৃদয়ের উত্তাপে পরিপূর্ণ, সংক্রামক হাসির অধিকারী এক উজ্জ্বল তরুণী হিসেব ওকে আজো স্মরণ করি।
গতকাল ওকে ফোন করেছিলাম। মনে হলো খুবই ভয়ে আর আতঙ্কে আছে। আমার এই বোন আমাকে বললো যে তার সব বড় হয়ে যাওয়া ছেলে-মেয়েরা হেরাত ছেড়ে কাবুলে গেছে, যেটা কিনা অন্তত: এই মুহূর্তের হিসেবে তুলনামূলক নিরাপদ আর সে তার ছেলের সাথে রয়ে গেছে তালিবান পতাকার শাসনাধীন একটি শহরে।


ওর কথা শুনে আমার অন্তর দুমড়ে-মুচরে গেল আর নিজেকে খুব অসহায়ও বোধ হলো। আমার চাচাতো বোনের কথা ভেবে সত্যিই দুশ্চিন্তা হচ্ছে। লক্ষ লক্ষ আফগানের কথা ভেবেও দুশ্চিন্তা বোধ হচ্ছে আমার যারা বাড়ি ছেড়ে পালিয়েছে বা পালাচ্ছে আর লড়াই করছে খোদ অস্তিত্ব বিষয়ক নানা প্রশ্নের সাথে। তারা কোথায় যাবে? তাদের কী হবে? কেউই নিশ্চিত করে বলতে পারেনা। তবে আমি আমার সতীর্থ আফগান বোনদের বিষয়ে সবচেয়ে বেশি চিন্তিত। নারী ও বালিকারা অন্য যে কোন জন-গোষ্ঠির চেয়ে এ ঘটনায় বেশি ক্ষতিগ্রস্থ হবেন।

শেষ যে সময়ে তালিবানরা আফগানিস্তান শাসন করেছে, সেই সময়ের নানা ভীতিকর ও দুঃসহ স্মৃতির ছবি আজো আমাদের তাড়িয়ে বেড়ায়: জনসমক্ষে প্রহার, হাত কেটে ফেলা, স্টেডিয়ামের ভেতরে মানুষকে ফাঁসিতে ঝোলানো, ঐতিহাসিক নানা নিদর্শনের বর্বর ও অর্থহীন ধ্বংস। তবে নব্বইয়ের দশকে তালিবানদের এসব ভয়াবহ বর্বরতার যে ঘটনাটি আজো আমাকে মানসিক পীড়া দেয় তার ভেতর রয়েছে লাঠি হাতে তালিবানরা এক বোরখাবৃতা মহিলাকে পেটাচ্ছে। তালিবান বাহিনী নিয়মতান্ত্রিক ভাবে মেয়েদের সবসময় আতঙ্কিত করে রেখেছে। তালিবানরা মেয়েদের চলাচলের স্বাধীণতা, কাজের স্বাধীণতা, শিক্ষার অধিকার, গহনা পরার অধিকার, নখ বড় করা এবং নখে রং লাগানো, জনসমক্ষে হাসা এবং এমনকি তাদের মুখ দেখানোর স্বাধীনতাও কেড়ে নিয়েছিল।

আমার চাচাতো বোনের ভাগ্যে কি সেটাই লেখা আছে? তার মেয়ের জন্য? এবং অসংখ্য, সাহসী আফগান নারীর জন্যও কি সেই একই ভাগ্য লেখা হয়েছে যারা গত বিশটি বছর অতি সামান্য পরিমাণ স্বাধিকার, মর্যাদা এবং আত্ম-সম্মান অর্জনের জন্য পরিশ্রম করেছে? আফগান মেয়েদের তবে আরো একবার ঘরের ভেতর বন্দি হতে হবে? তাদের কি রাস্তায় পেটানো হবে? মেয়েদের কি আর কাজের অধিকার দেয়া হবে না? মেয়েদের শ্রেণিকক্ষগুলো কি ফাঁকা পড়ে থাকবে? আফগান টিভি থেকে মেয়েদের মুখ এবং বেতার থেকে মেয়েদের কন্ঠস্বর কি হারিয়ে যাবে? আফগানিস্তান কি আরো একবার তার অর্দ্ধেক জন-গোষ্ঠির অর্থপূর্ণ অবদান থেকে বঞ্চিত হবে?

কেউ কেউ বলছেন যে হয়তো তালিবানরা বদলেছে। কিন্তÍ আসলেই কি তারা বদলেছে? সামনের দিন, সপ্তাহ এবং মাসগুলো সে প্রশ্নের উত্তর দেবার দিকে অনেকটা এগিয়ে যাবে। আর এটাই আশার কৃশতনু রূপোলী রেখা যা দেখতে আমি নিজেকে প্রেরণা দিই- সন্দেহ নেই যে এটি আসলে নিজেকে এক ধরনের ইচ্ছাপূরণের ব্যায়ামে ব্যস্ত রাখা। সত্যি বলতে, হেরাত থেকে পাওয়া সাম্প্রতিক ছবিগুলোয় যেখানে তালিবান সৈন্যরা শহরের 'চোরদের' মুখ কালো রঙে এ৭কে এবং গলায় দড়ি ঝুলিয়ে গোটা শহর ঘোরাচ্ছে, তা এই দুর্বল আশাকে মিথ্যা প্রমাণিত করে। এই ছবিগুলো যেন ১৯৯৭ সালেও তোলা হতে পারতো!

সুতরাং, তালিবানরা যদি বদলে না থাকে এবং বহু বছর ধরে যন্ত্রণা সওয়া এক জন-গোষ্ঠির উপর তাদের বর্বর এবং অমানবিক আইনগুলো চাপানোর ক্ষেত্রে তাদের প্রতিরোধ করার মত কিছু যদি না থাকে, তবে কি করা যেতে পারে? সেখানে নারী ও শিশুদের ক্ষেত্রে কী ঘটবে? কোথা থেকেই বা সাহায্য আসবে? আমি এর উত্তর জানি না। আমি অবশ্যই এর উত্তর জানি না। আজ, আমি উদ্বিগ্ন। আজ, আমি ভগ্ন-হৃদয়। আজ আমি আমার সতীর্থ আফগানদের হারানো আশা ও আকাঙ্খার জন্য শোক করছি।

মার্কিনী সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে- এবং যে দুঃস্বপ্ন আমাকে সমেত বহু আফগান দেখেছে, এই দুঃস্বপ্ন আমাদের চোখের সামনেই উন্মোচিত হবে। তবু, যত কালো ও আশাহীন বলেই মনে হোক বর্তমান এই পরিস্থিতি, পৃথিবী আফগানিস্তানকে ভুলে যেতে পারেনা বা কিছুতেই ভোলা উচিত নয়। বাকি পৃথিবীর অবশ্যই উচিত হবে না একটি জন-গোষ্ঠিকে পরিত্যাগ করা যারা গত চার দশক ধরে শান্তির খোঁজ করেছে। আপাতদৃষ্টে যেহেতু নিশ্চিত অনুমান করাই যাচ্ছে যে তালিবানরা দ্রুতই গোটা জাতির নিয়ন্ত্রণ নেবে, কাজেই বাকি পৃথিবীকে অবশ্যই সাধারণ আফগানদের সাথে সংহতি জানাতে হবে, বিশেষতঃ নারী ও বালিকাদের প্রতি সংহতি জানাতে হবে এবং তালিবানদের চাপের ভেতর রাখতে হবে যেন তারা সাধারণ আফগান এবং নারী ও বালিকাদের মৌলিক মানবাধিকারকে সম্মান করে। বাকি পৃথিবীর উচিত হবে এটা নিশ্চিত করা যে লক্ষ লক্ষ আফগান নারীকে পুনরায় যেন রুদ্ধ দরোজা আর টানা পর্দার ভেতর নিস্তেজ হয়ে পড়ে থাকতে না হয়। আমার জীবনে আমি যত সাহসীতম এবং প্রতিরোধীতম জন-গোষ্ঠি দেখেছি, তাদের ভেতর এই নারীরা পড়বেন। আমার চাচাতো বোনই তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর মত নারীরা আমাকে বারম্বার প্রেরণা যুগিয়েছে এবং বিনয়ী করেছে। এটা সত্যিই আমাদের জন্য খুব কলঙ্কজনক হবে যদি তাদের আরো একবার যন্ত্রণা সইতে হয়- বিশেষতঃ এত দীর্ঘ বছরের পরিশ্রম, কৃচ্ছ্রতা এবং সংগ্রামের পরে।

তারা (নারীরা), এবং সামগ্রিকভাবে আফগান জনতা, এই পরিস্থিতির থেকে শ্রেয়তর কিছু পাবার যোগ্যতা রাখে।

শেষ চিরকূট: তালিবান অভিযান যেহেতু অব্যাহত রয়েছে, বাস্তুচ্যুত আফগানের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। এই বছরের মে নাগাদ তিন লাখের বেশি মানুষ তাদের ঘর ছেড়েছে। এদের এখন তীব্রভাবে যা কিছু প্রয়োজন তা হলো খাবার, আশ্রয় এবং জরুরিভিত্তিতে ত্রাণ সাহায্য। দয়া করে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার- ইউএনসিএইচআর এবং অন্যান্য সমধর্মী সংগঠনগুলোকে সাহায্য করার কথা বিবেচনা করুন, যাদের কিনা বাস্তুচ্যুত মানুষের সুরক্ষার জন্য সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে।