২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকার তপ্ত গ্রীষ্মগুলি

অনামিকা বন্দ্যোপাধ্যায়

Published : 29 Jul 2021, 11:44 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


আমেরিকান কাউন্টার কালচার। প্রতিরোধের সংস্কৃতি। পাল্টা-সংস্কৃতি। বিকল্প সংস্কৃতি। বিপ্লবের পাঠক্রম। বিগত শতাব্দীর ষাট-সত্তরের দশক। ষাট থেকে প্রায় পঁচাত্তর। দুনিয়া ওলটপালট করা স্বপ্নে ভূতগ্রস্ত সে কাউন্টার-কালচার। প্রতিসংস্কৃতি। রাজনৈতিক আন্দোলন। যা পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী সমাজ-জগতকে ষাঁড়ের মুখে লাল শালুর মত তাড়া করেছিল। সংগঠিত হয়েছিল পরিবেশের উপর পুঁজিবাদের নেতিবাচক প্রভাবের, নাগরিকের সাথে নাগরিকের অসাম্যের সম্পর্কের এবং বৈষম্যের অর্থনীতির বর্গাবাজীর ওপর মগজের কার্ফিউ। এবং যা সরাসরি গড়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং সাম্রাজ্যবাদী বিদেশনীতির বেলাগাম বিরোধিতা করে। কখনও পিছিয়ে, কখনও এগিয়ে এসে দু'কদম পড়ে নেব কয়েক কিস্তি সেসব আগুনখেলার ইতিহাসলিপি- যা আমেরিকা তার ইতিহাস পাঠ্যে, ইস্কুল পড়ুয়ার পাঠ্য কিতাবে জায়গা দিতে নারাজ। কী এই প্রতিরোধের ইতিহাস, সংস্কৃতি? যাকে চাপা দিয়ে রাখতে আজও এতো তৎপর ক্ষমতাধর যুক্তরাষ্ট্র? যেখানে এই মুহূর্তেও অন্তত তিনটি দেশে আমেরিকা পাঠিয়ে রেখেছে তার সামরিক স্পর্ধাস্পর্শ। এ যেন- সারা জাহানে, জলে-জঙ্গলে-মঙ্গলে বোমা মেরে যাকে বলে সাংঘাতিক বলবাজীর পর পশ্চাতে কুট-কুটাইবার ত্রাসে সুলেমানি কীড়া'র লগে তক্কে তক্কে থাকা। ঘরের অন্দরে যেখানে যা আছে সাবড়ে, মুছে ফেলা। পরবর্তী জনমানসে ধীরে ধীরে তাকে বিস্মৃত করা। একেই কুন্দেরা, মিলান কুন্দেরা 'সঙ্ঘটিত বিস্মরণ' বলে থাকেন (organized forgetting)। নৈরাজ্যের মত, আ্যনারকির মত এই ইতিহাস বিস্মরনও আসলে একটি গড়ে তোলা কেওস। কিন্তু ব্যর্থতার ন্যায় কেওসও বোধকরি ধারণ করে রাখে সেই তথ্য, যা কালক্রমে কোনো জ্ঞান ও মডেলে পরিণত হয়। তাকে তো তবে রোধ করতেই হবে। রাষ্ট্র ও তার সিলেবাই এই কাজ করে থাকে। প্রতিরোধের গল্পের আগে পিছে জুড়ে যায় ট্যাবু- যেন নিষিদ্ধ ইস্তেহার। কখনও শিশুপাঠ্য পুরাণগুলিতে নাম পাল্টে তারা হয়ে ওঠেন নেতিরূপ রাক্ষস-রাক্ষসী, আর বড়দের কিতাব, পাঠ্যে-সন্ত্রাসী। দেশদ্রোহী। যেভাবে, যেমন, সব দেশেই। চিরকাল! মার্কিন সমাজ বদলের এই অবিশ্বাস্য স্বপনগুলি নিয়েই লিখব কয়েক কিস্তি। আমেরিকার তপ্ত গ্রীষ্মগুলি! কথায় বলে- ওয়েট হট আমেরিকান সামার!!

সামার কানেকশন
দুপুরের মাখন রোদ নিয়ে আমেরিকায় সামার এসে গেছে। কথায় বলে- 'ওয়েট-হট-আমেরিকান-সামার'। বাগানে বাগানে ফুলগান। রোদেলা বেঞ্চি ও পানপাত্র। পার্কে, দেওয়ালে, ঘাসের ভেলভেটে রোদের উজ্জ্বল মায়াময় ছায়াচিত্র। আহ্নিক গতিতে উজ্বল রোদযাপন। ঈষৎ অলস ঢিমেতাল হওয়া দিনান্ত।

এমন গ্রীষ্মদিনে আমি আমার পোষ্য, সারমেয় বংশজাত বিবি ওরফে ব্রাউন ব্যাগের সাথে তর্ক বিনিময় করছি।
আমাদের তর্কের উৎস স্থল হল – আমেরিকায় মেরিলিনের পর সর্বাধিক বিক্রিত পপ আইকন হলেন চে।

বিবি ক্লাসিক ভাষা এবং প্রবাদের ভক্ত। থেকে থেকেই নানারূপ ক্যানাইন প্রবাদ সে উদ্ভাবন করে থাকে। আমি তার এরূপ প্রতিভার বিশেষ ভক্ত হলেও সময় বুঝে লাগাম টেনে ধরে রাখার ব্যাপারেও ওয়কিবহাল। কেন সে ক্রমশ পরে বোঝা যাবে।
আপাতত, আমি সকালের কফি নিয়ে সদ্য উদ্ভাসিত রূপোলী চুলগাছাগুলিতে রং বুলাতে বুলাতে বলে উঠি-

— শোন বিবি- সেদিন এক সাবেক এফ.বি.আই অফিসার হিপি-ভিন্টেজ-আইটেম খরিদ করতে হেইট-অ্যাশবেরি যান। ঠিক কী বুঝলি ?

ব্রাউনব্যাগ কানকো চুলাকাতে চুলকাতে হেসে ফেলে বলে: 'স্বপ্নবাদীদের এরূপই সমস্যা- প্রাচীন ক্যানাইন প্রবাদ।

বিবি আরও বলে- "বুঝলাম যে মার্কিন দেশে কোনো সাবেক সি.আই.এর কর্তার কোনো নাতি যদি কোনো দুষ্প্রাপ্য ও দুর্মুল্যের দোকানে চে গ্যেভারার বহুমূল্য টি-শার্ট ক্রয় করে গায়ে চড়ায়, তবে তা সমাজবাদী বাম-বিবেকে চক্ষুশূল হতে পারে কিন্তু বাস্তবে ঘটে যাওয়া আর কোন বিচিত্র নয়।"

ব্রাউন ব্যাগ ফিচেল হাস্য দমন করতে পারেনা। কখনোই পারেনা। তার ক্যানাইন গঠনে বোধহয় ফাঁক থেকে যায়।

— এইতো, একদম খাপের কথা।
বলি আমি।
এই তো … এভাবেই বাজার অর্থনীতিতে বাম-অবামের , ক্যাপিটালিস্ট-সোস্যালিস্টের ……

আমি শেষ করে ওঠার আগেই ব্রাউন ব্যাগ ঝপাৎ করে টেবিল থেকে লাফ দিয়ে কাউচে পড়ে। আমায় থামিয়ে দিয়ে সে বাকিটা শেষ করে–

— মতাদর্শ, স্টেটমেন্টের বাহ্যিক চিহ্নিতকরনের এন্তেকাল ঘনিয়ে ওঠে। আর তা হল ক্যানাইন না,
প্রাচীন আরবান প্রবাদ।

আমি বলি—- আর তাই, সবারি চিন্তা-চিহ্ন খতম করতে পেরে সবার লিভিংরুমে একই টি-শার্ট যোগান দিয়ে যেতে পেরে যিনি একমাত্র সফল, তিনিই আলট্রা-বিক্রেতা।

— চে'র ছবি ব্যবহারের উপর কপিরাইট থাকা আবশ্যিক
কী বলো?

ব্রাউন ব্যাগ পুচ্ছ নাচিয়ে বলে।

-'অবশ্যই সহমত।' বলি আমি।
কিন্তু ভাবছি তা'কি বিপ্লবের ইতিহাসকেই জনপ্রিয় করেনা?

ব্রাউন ব্যাগ খরাস করে পশ্চাৎ চুলকিয়ে বলে- করিয়া থাকে বলিয়াই তো মনে হয় নাকি?

আমি বলি —-করলে ইতিহাসের পাঠ্য বইগুলি অন্য কথা বলতো নাকি?

বিবি বলে—-যেরূপ?

আমি বলি —কেন, যেভাবে তোমাদের ইশকুলের ইতিহাস বই থেকে 'মে-দিবস' হপাৎ করে হাপিশ। মানে যে দেশ থেকে মে-দিবসের আন্দোলন দেশে দেশে গেল, সে দেশেই তাকে পালন তো দূর, গড় ছাত্রমানসে তার সচেতনতার চিহ্ন অবধি পাওয়া দুষ্কর। তেমনই, ষাটের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনও নাই। ঊনসত্তরের থেকে পঁচাত্তরের উগ্র বাম রাজনৈতিক সংগঠন তো বলাই বাহুল্য। থাকলেও তাহা এক-আধ লাইনে বিকৃতকরণের ইতিহাস।

বিবি– উগ্র মানে- ষাট-সত্তর বলিতেছ ?

আমি— বিশেষত ঊনসত্তর পরবর্তী । তোমাদের হিস্ট্রি ক্লাসে কখনও শুনেছ এদের কথা? টীচার বলেছেন?

বিবি– আমেরিকান হিস্ট্রি-ক্লাশে এ কমিউনিজম?? অ্যানার্কিজম? গঞ্জিকা খাইলে নাকি?

বলেই সে কানকো খাড়া করে আমি বেহেস্তে না ইহলোকে তা পরখ করতে থাকে।

আমি বলি– বেশ, এই তো সফল নেক্সট-জেন আমেরিকান হয়ে উঠেছ। বুঝে গেছ নিষিদ্ধ শব্দাবলী কী….

যেভাবে 'নারীবাদী' শুনলে, এখনো ভারত ও উপমহাদেশ সংলগ্ন এশিয়া দেশে তথাকথিত শিক্ষিত, অশিক্ষিত ব্যতিরেকে সকলেই ধড়কাইয়া যায়, তেমনই কম্যুনিস্ট ও তাহার গুষ্টি-নামে সারা আমেরিকা'র পিলে হইতে পাছা, জাঙ্গিয়া হইতে গামছা সবই চমকাইয়া যায়- প্রাচীন ইন্দো-আমেরিকান প্রবাদ

আধশোয়া হয়ে চোখ মুদ্রিত করে আবার প্রবাদ ঝাড়েন বিবি।

প্রবাদের নাম বাবাজী হতে শুরু করেছে বুঝতে পারি। বাবাজীর ঠ্যালায় অন্ধকার হলেও মনে মনে খুশী হই কিঞ্চিত- এই ভেবে যে, বিবি তো দক্ষিণ এশিয়ারও খবর রাখে দেখি বেশ।

তবে বিবিকে আর উস্কানি দেওয়া যাবেনা। কথা যখন উঠলই- যাই
লাইব্রেরি গিয়ে নিজেই সটান খুলে বসি।

গ্রীষ্মের মাখন রঙা রোদ জানলা ভেদ করে বইয়ের তাকে এসে পড়েছে।

আমি সামার থেকে সামারে যাই। কাউন্টার সংস্কৃতির সন্ধানে।

বাতাসটি কীভাবে প্রবাহিত হয় তা জানার জন্য আপাতত পাঠক আমাদের আবহাওয়াবিদের দরকার নেই।

সত্তর-আটষট্টি
ইন্টারনেট-কালে স্মৃতি ক্রমে কমে আসছে।
কমে আসছে ছাপা বইয়ের পড়ার গতিও।

তবে আমি সম্প্রতি এক টেকি চশমার সন্ধান পেয়েছি। এতে চোখ লাগিয়ে লাইব্রেরিতে বসলে, টাইপ করা মাত্র স্মৃতিতে সে এক কোলাজ উৎপন্ন করে। তারপর সেখান থেকে টুক করে একটি বেছে নিতে পারলেই স্মার্ট ক্যামেরার মত সে স্মৃতিতে প্রোজেকশান ফেলবে। ব্যস। তারপর যেটুকু মনে পড়বেনা, সেটুকু লাইব্রেরীর তাক থেকে ঝুলিয়ে নিলেই চলবে। মানে বহু আগে অধ্যয়ন করা বস্তু, স্মৃতি যদি ট্র্যাশ বিনে ফেলে দিতেও থাকে, বা আপনার মনে হতে পারে ডিলিট হয়ে গেছে, তা আসলে তা না। এই টেকি চশমা আপনাকে আপনার সময় ব্যয় করে লব্ধ করা অধ্যয়নের ফসল অনেকটাই ফিরিয়ে দিতে সক্ষম।
নীচে আপনাদের অবগতির জন্য অনুরূপ একখানি ছবিও দিয়ে দিলাম। ছবি দেখে পাঠক, চশমা অর্ডার করবেন না। এ আমার টেক-ফাই কল্পনাবিলাস।
এবার স্মৃতি বিহার শুরু করা যাক।

বিকেলের পড়ন্ত রোদে স্মৃতি হাতড়াতে হাতড়াতে স্মৃতিতে এখন এসে ঠেকেছে তেষট্টি- সত্তর ও সামার কানেকশন।

চশমার কল্যাণে স্মৃতির প্রিজমে ভেসে উঠছে প্রবাদসম নাম, কাল্ট শব্দবন্ধের ছেঁড়া ছেঁড়া কোলাজঃ বীটলস, বীটনিক, সামার অফ লাভ, হিপ্সটারস, সিভিল রাইটস, হেইট অ্যাশবেরি, টিমথি লেরি, জোন বায়েজ , বব দিলান, রিচার্ড আল্পার্ট, অ্যালেন গিন্সবার্গ গিন্সবার্গ, ভিয়েতনাম, প্যাটি হারস্ট, উডস্টক। সাল সরছে। হাওয়ার শব্দ ক্রমে বাড়ছে। সময়ের মোজাইক। এই করতে করতে ৬৯ এ এসে পৌঁছলাম। চোখের পর্দায় দেখতে পাচ্ছি- একটি নাম- ওয়েদার-আন্ডারগ্রাউন্ড! একটু থমকাই। বিল এয়ার্স- মনে পড়ে গেল- তার নিউ ইয়র্কের ভাষন। এখান থেকেই শুরু করি আজ।


You Don't Need a Weatherman to Know Which Way the Wind Blows- Bob Dylan
কথা বলব ওয়েদার-আন্ডারগ্রাউন্ডের। আর সেই স্বপনমত্ত গ্রীষ্ম সময়গুলির। নৈরাজ্যের, প্রেমের, ভালবাসার, সমাজ পাল্টানোর সুরা স্বপ্নে মাতোয়ারা এক মার্কিন প্রজন্মের। যারা মুলস্রোত ইতিহাস থেকে বিস্মৃত প্রায়।
ওয়েদার আন্ডারগ্রাউন্ড, যাকে ওয়েদার আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশনও বলা হয়, গোড়ায় তাদের নাম ছিল 'ওয়েদারম্যান'। শাদা, মধ্যবিত্ত আমেরিকান তরুণতরুনীদের নিয়ে এই অতিবাম বিপ্লবী গোষ্ঠী গঠিত হয়েছিল ১৯৬৯-এ। নাম থেকে একথা আন্দাজ করা যাচ্ছে যে লিঙ্গ-সচেতনতার গহীন পাঠ তখনও বিরল। বলছি এজন্য যে – কদিন পরই এই দলের নেতৃত্বে আসবেন এক আগুনখেকো নারী। নাম তার দোর্ন বেরনান্ডিন। ভিয়েতনাম যুদ্ধ বিরোধী আন্দোলন তখন সারা আমেরিকায় ঢিকি ঢিকি ছড়িয়ে পড়ছে। সাম্রাজ্যবাদী বিদেশনীতিতে ক্রমে তপ্ত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। তারই জের ধরে সরাসরি আত্মপ্রকাশ করবে ওয়েদার আন্ডারগ্রাউন্ড।

আর বেশ কিছু বছর আগে থেকেই শুরু হয়ে গেছে- দুনিয়া ওলটপালট করা ভূতগ্রস্ত আমেরিকান কাউন্টার-কালচার- স্বপ্নের প্রতিসংস্কৃতি। ইতিহাসবিদের মধ্যে কেউ বলবেন ১৯৬৩তে জন এফ কেনেডির হত্যার পরপরই শুরু হয়ে যাবে এই যুগ আর শেষ হবে ১৯৭৪ এ রাষ্ট্রপতি নিক্সনের পদত্যাগের মধ্যে দিয়ে। এভাবে নিক্তি মেপে না বলা গেলেও পঁচাত্তরের পর থেকে নিভতে শুরু করে আগুন। সাল- ১৯৬৮ । সবে 'একটি ভালবাসার গ্রীষ্ম' ( আমেরিকার প্রতিসংস্কৃতির ইতিহাসে যার পরিচিত নাম 'সামার অফ লাভ' ) পার করে এসেছে স্বপ্ন-কমিউনের দল। ১৯৬০ এর দশকের অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে আমেরিকান সমাজে সরকারের সাম্রাজ্যবাদী কার্যকলাপের প্রেক্ষিতে, সমাজে তরুন প্রজন্মের মধ্যে রাষ্ট্র বিরোধী উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল যা ভিয়েতনামের যুদ্ধের সময় তুঙ্গে উঠল। বর্ণবাদ, লিঙ্গ রাজনীতি, নারীর অধিকার, পিতৃতন্ত্রের কর্তৃত্বের সনাতন পদ্ধতি এবং 'আমেরিকান স্বপ্ন' ও তার বস্তুবাদী ব্যাখ্যা সেই প্রজন্মের যুবশক্তিকে খেপিয়ে তুলে সবেগে প্রবাহিত হতে থাকে। এক পাল্টা সংস্কৃতি নির্মান করতে মরিয়া তারা তখন। যার ঐতিহাসিক স্বপ্নের যৌথ খামার আমেরিকা দেখল তখন হেইট আ্যশবেরিতে। ভালোবাসার একটি গ্রীষ্মে।
যদিও সিভিল রাইটস এবং কৃষ্ণাঙ্গদের আন্দোলন একটু পৃথকই হয়ে রইল। মনে রাখা উচিত প্রতিসংস্কৃতির আন্দোলনে মূলত শাদা, মধ্যবিত্ত যুবসমাজই নেতৃত্ব দিয়েছিল।

গান, কবিতা, ভোগবাদের বিকল্প সমাজ, ট্যাবু ভাঙ্গার স্বপ্নে-জেদে তখন বিভোল সানফাস্সিস্কোর হেইট-অ্যাশবেরি। উদ্দাম নেশা, শরীর, অবাধ যৌনতা, জ্যাজ আর রক এন রোল তখন সানফ্রানসিসকোর হাওয়া-বাতাসে।সারা আমেরিকা জুড়ে তার আঁচ ছড়িয়ে পড়ল ষাটের গোড়ায়।

কেন কেসি, জ্যাক কেরুয়াক, অ্যালেন গিন্সবার্গ, বব ডিলান, মেরি প্রাঙ্কস্টারস দের ডাকে শত-শত স্বপ্নদর্শী এসে জুটেছেন প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে ঢ্যাঁড়া পিটাবেন বলে। রয়েছেন -কবি, প্রকাশক লরেন্স ফেরলিংগেটি। এই ২০২১শে কয়দিন মাত্র আগে যাকে হারালাম আমরা। শতায়ু হয়েছিলেন তিনি। তাকে আমি দেখেছি তার নিজের প্রতিষ্ঠান সানফান্সিসকোর সিটি লাইটস বই দোকানে। তখন তার বয়স ছিয়ানব্বই। সে কথায় পরে আবার আসব।
ফিরে আসব সামার অফ লাভের কথায়। আমেরিকার পাল্টা সংস্কৃতির এপিসেন্টারে। কিন্ত তার আগে ভবিষ্যতে এগিয়ে এসে বোঝার চেষ্টা করব এই আন্দোলনের শেষের গতিপথ। তাই শেষের সন্ধানে – ওয়েদার আন্ডারগ্রাউন্ড। যার পর প্রতিরোধের আন্দোলনের চিহ্নগুলো সমাজ ও ইতিহাস বই থেকে মুছতে শুরু করবে। বামপন্থী বলে জাহির করলে মার্কিন আমজনতা তাকে সন্দেহের চোখে দেখবে। আপাতত আমরা সেই ইতিহাস সন্ধানে। কাউন্টার কালচার আন্দোলন শৈল্পিক প্রবণতার একটি অত্যন্ত সমৃদ্ধ প্যালেট, তার নানাবিধ রংগুলি সে রক এন রোল থেকে শুরু করে ইলেকট্রনিক সঙ্গীত ফর্ম হয়ে, নাটক, সিনেমা ও সাহিত্যে স্থায়ী প্রভাবের মধ্যে উজ্জল রেখে গেছে।

কাউন্টার কালচার আন্দোলনকে মূলত সাংস্কৃতিক আন্দোলন হিসেবে দেখা হলেও আসলে দুটি পরিসরে তা ছাপ তৈরি করে গেছে বলে আমার বিশ্বাস। একদিকে তার এই প্রথা-ভাঙ্গা সাংস্কৃতিক পাল্টা আন্দোলনের প্রবনতা এবং অপরদিকে দিকে সরাসরি রাষ্ট্র-যন্ত্রের ওপর অনাস্থা আনার জন্য সংগঠিত অরাজকতা। সরাসরি রাজনীতিক বিপ্লব হোক বা শৈল্পিক আন্দোলন – আমাদের মনে রাখতে হবে যে এই প্রত্যাখ্যান ও নৈরাজ্য, তাদের উভয়েরই উৎসস্থল একই ছিল।

এখন আবার ৬৯ এ ফেরা যাক। এদিকে স্বপ্নের, প্রেমের একটি সামার অতিক্রান্ত হয়েছে। কাউন্টার কালচার, প্রতি সংস্কৃতির, আন্দোলনের সদস্যরা ছড়িয়ে পড়েছেন। তারা বেশ কয়েক জায়গায় তাদের নিজস্ব কমিউন শহর, ইকনমি গড়ে তুলতে পেরেছেন। এ নিয়ে পরের কিস্তিতে তা বিশদে জানাব। কথা বলব ভালোবাসার গ্রীষ্ম নিয়ে। যাকে আমেরিকার প্রতি সংস্কৃতি জানে – " সামার অফ লাভ" বলে।

লড়াই অনেক পরিণত এখন। রাজনৈতিকভাবে।
১৯৬০ এর পাল্টা-সংস্কৃতি আন্দোলন একটি ধারায় দ্রুত পাল্টাতে থাকল। সংঘটিত হতে থাকল অ্যানার্কিজম এর রাস্তায়, কিছু অতিবাম যুবসংগঠনের নেতৃত্বে। বীট প্রজন্ম থেকে হিপি-কমিউন হয়ে এক শ্রেনির আন্দোলন এর লক্ষ্য এখন হল র‍্যাডিক্যাল সশস্ত্র বিপ্লব।

আগেই বলেছি ভিয়েতনাম-যুদ্ধ ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে সরাসরি প্রত্যাঘাত হিসেবে আত্মপ্রকাশ করে ওয়েদার-আন্ডারগ্রাউন্ড। স্টুডেন্টস ফর ডেমোক্রেটিক সোসাইটি (এসডিএস) নামের এক রাজনৈতিক দলটির হাত ধরে তাদের উত্থান। ওয়েদার আন্ডারগ্রাউন্ড, যা গোড়ায় মূলত ওয়েদারম্যান হিসাবে পরিচিত ছিল, তারা গভীরভাবে ছিল তৃতীয় বিশ্বের মার্ক্সবাদীদের বিপ্লব থেকে উদ্বুদ্ধ। মাওবাদী কমিউনিজম ও ক্যুবার আদর্শের সমাজবাদে ছিল তাদের গভীর আশ্বাস। এর মধ্যে ধীরে আন্দোলন মাওবাদ থেকে সরে এসে দক্ষিণ আমেরিকার ও মূলত গ্যেভারা ও কাস্ত্রোর প্রতি এই তরুণগোষ্ঠীর অনুরাগ ক্রমে বৃদ্ধি পায়।

এদিকে স্টুডেন্টস ফর ডেমোক্রেটিক সোসাইটি (এসডিএস) দলটি হয়ে দাঁড়াল ষাটের দশকের শেষের দিকে নয়া বামদের প্রতিনিধিত্বকারী এক প্রধান জাতীয় স্তরের রাজনৈতিক দল।ওয়েদার আন্ডারগ্রাউন্ডের সদস্যরা সহিংস বিপ্লবের মাধ্যমে কমিউনিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং এই গোষ্ঠী আমেরিকা যুক্তরাষ্ট্রের যুবক-যুবতীদের দের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি রিয়ারগার্ড ব্যবস্থা তৈরি করার আহ্বান জানিয়েছিল যার চরম উদ্দ্যেশ্য ছিল সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের পতন ঘটানো। মার্কিন সরকারের, বাইরে আমেরিকার ভিয়েতনাম যুদ্ধনীতি এবং অন্দরে বর্ণবাদ ও বৈষম্যের নীতিতে আহত, ক্রুদ্ধ এই সংগঠনটি ১৯৭০ এর দশকের বেশিরভাগ সময়কালে মার্কিন সরকারের বিরুদ্ধে নানান গৃহযুদ্ধ অতঃপর চালাতে থাকবে।

যার শুরু ১৯৬৯ সালের ১৯ অক্টোবর। শত শত যুবকযুবতী, ফুটবলের হেলমেট মাথায় দিয়ে এবং লিড পাইপ হাতে নিয়ে শিকাগো শহরের একটি জেলা জুড়ে সরব পদযাত্রা করল। রাস্তার দুধারে পার্ক করা গাড়িগুলিকে ধাক্কা মারতে মারতে চলল তাদের এই পদযাত্রা। সাথে সাথে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ শুরু হল। ধনতান্ত্রিক, বস্তুবাদী সমাজের প্রতি ধিক্কার জানাতে এইভাবে শুরু হোল তাদের ওয়েদার আন্ডারগ্রাউন্ডের "রাগের দিনগুলি"র প্রথম প্রদর্শনী। আত্মপ্রকাশ। শিকাগো শহরের রাস্তায় পুলিশের সাথে খণ্ডযুদ্ধে যার উত্থান ঘটল। দলের নেতৃত্ব ক্রমে চোরাগোপ্তা নেটওয়ার্কে এক জাতীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধী আঘাতগুলিকে সঙ্ঘটিত করতে চাইলেন। অবিস্মরণীয় রোমহর্ষক অ্যানার্কিতে হিলিয়ে দিতে লাগলেন শাদা-বাড়ি। ওভাল অফিস। এফ.বি.আই এর গোপনাঙ্গ।


এনিয়ে চালু আছে কত যে গল্প, স্মৃতিকথা আর অজস্র মিথ। এর মধ্যে রোমহর্ষকতম মিথিক্যাল গল্পটি হল- জেল ভেঙ্গে সাইকিডিলিক-গুরু টিমথি লিরিকে বের করে আনা। লিরি'কে তখন 'দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন আমেরিকা' বলে চিহ্নিত করা হচ্ছে। ধুন্ধুমার খতরনাক এই লোককে নিয়ে এফ.বি.আই কে যে প্রকার ঘোল পান করতে হয়েছিল, বিন-লাদেনকে খুঁজে বেড় করতেও বোধ হয় তত ক্লেশ হয়নি। এফ. বি. আই এর খাতায় এযাবৎ এইটিই মার্কিন দেশমধ্যে সবচে জবরদস্ত ম্যানহান্ট। এই টিমথি লিরি ছিলেন- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইকনিক মনস্তাত্ত্বিক।

সাইকিডেলিক ড্রাগসের মারহাব্বা প্রবক্তা । হার্ভার্ডে বসে পরীক্ষা চালাচ্ছিলেন- সিলসিবিন ড্রাগসের ফলাফল নিয়ে। আর মানুষের মানুষের মগজে এল এস ডি'র প্রভাব নিয়ে। মানসিক চিকিৎসায় তার প্রভাব নিয়ে। বীটনিক, হিপি, একশ্রেণীর মেধাবী, শিক্ষিত যুবসমাজের কাছে তিনি হয়ে উঠেছিলেন লিবার্টির চেতনা স্বরূপ। কিন্তু প্রথাগত, বাক্সবুদ্ধি সহকর্মীদের কাছে ক্রমে হয়ে উঠলেন চক্ষুশূল। এবং ক্রমে রাষ্ট্রের কাছেও- দেশের সবচে বিপজ্জনক ব্যক্তি। এই হল তার সরকারি খেতাব। হার্ভার্ড থেকে বিতাড়িত করা হোল হোল লিরিকে। এরপর উনিশশ সত্তরের জানুয়ারিতে কারাদণ্ড দেওয়া হোল। একেবারে বিষ বছরের। লিরির সম্পর্কে জানতে আবার ফিরে আসব। এখানে আমাদের জানার কৌতূহলটি মূলত থাকবে ওয়েদারম্যানদের ওপর। কিভাবে তারা জেল ভেঙ্গে দেশের সবচে বিপজ্জনক মানুষটিকে মুক্ত করে আনলেন ধুরন্ধর মার্কিন পুলিশ ও গোয়েন্দা বাহিনীর চোখে ধুলো দিয়ে। সত্তর সালের সেপ্টেম্বর মাসে ২৫০০০ টাকার বিনিময়ে কাজত করে ফেল্ল ওয়েদারম্যান। জেলের দেওয়াল বেয়ে উঠে আসা লিরিকে পিকাপ ট্রাকে করে একরকম স্মাগল করে তুলে নিয়ে করে দিলেন পগার পার। দেশের বা'র। রাতারাতি প্লেনে তুলে দেওয়া হোল লিরি আর তার স্ত্রী রোজমেরিকে। দেশ ছেড়ে সরাসরি চলে গেলেন তারা আলজিয়ার্স। সেখানে রাজনৈতিক আশ্রয় পেলেন। এবং এতো গোপনে যে আমেরিকা স্যাটেলাইট সার্চেও তাকে খুঁজে পাবেনা অন্তত আরও বছর পাঁচ। মহাবিশ্ব থেকে, চাঁদ থেকে, ভুগর্ভ থেকে রাশিয়ার মত বৃহৎ শক্তিকে ঘোল খাইয়ে সারা বিশ্বে দোর্দণ্ড প্রতাপ মহিমময় রাজদণ্ড প্রসারিত যে রাজশক্তির, তাকে কী উপায়ে ঠুলি পড়িয়ে এ দুঃসাধ্য কর্ম সম্পন্ন হয়েছিলো তা আজও কৃষ্ণগহরের মতই প্রায় রহস্যময়।

কিন্তু ফিরে যেতে হবে- তারও আগে, যখন ইতিমধ্যে স্বতন্ত্র হয়েছে ওয়েদারম্যান দল। "ইতিহাস যে সবচেয়ে হিংসাত্মক সমাজ তৈরি করেছে তার মাঝখানে অহিংসার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আর কোনও উপায় অবশিষ্ট নেই, "১৯৬৯ সালে এক সভায় বলে উঠলেন এক তীক্ষ্ণ চোখের তরুণী। নাম তার- বেরনান্ডিন ডর্ণ। মিশিগানের অ্যান আর্বর ইউনিভার্সিটির অহিংস গ্রুপ 'স্টুডেন্টস ফর ডেমোক্র্যাটিক সোসাইটি'র (এসডিএস) সাথে আলাদা হয়ে গেলেন তারা। রাতারাতি। । স্বতন্ত্র হয়ে যাওয়ার এই শুরু। বিভাজনের পরই নিয়ম মতে, খাতায় – কালিতে ওয়েদারম্যানদের নিজস্ব দল গঠন করা হয়েছিল। কারেন অ্যাশলি, বিল এয়ারস,বেরনান্ডিন ডর্ণ, জন জেকবস, জেফ জোন্স, মার্ক রুড সহ আরও কয়েকজনের কমিটি আন্দোলনের খসড়া তৈরি করল।

এদিকে কৃষ্ণাঙ্গদের রাজনৈতিক সংগঠন ব্ল্যাক- প্যান্থাররা দারুণ সংগঠিত হয়েছেন বর্ণ-বিদ্বেষ খতমের লড়াইয়ে। 'ওয়েদার' দের সাথে জোটে আসার ডাক দিলেন বেরনান্ডিন। তৈরি হল হিপি, উগ্রবাম ও কালো-প্যান্থার জোট।

জুন মাসের ১৮ তারিখে, ১৯৬৯ শিকাগো কনভেনশনের এই প্রাথমিক সভায় প্রস্তাবনা আনা হল। "You Don't Need a Weatherman to Know Which Way the Wind Blows" এই ছিল সেই প্রস্তাবনার শিরোনাম। তারা বব ডিলানের "সাবটারেরিয়ান হোমসিক ব্লুজ" – এর আ্যলবাম থেকে তাদের নামটি ধার নিলেন: প্রস্তাবনায় বলা হল- শ্বেতাঙ্গ মুক্তিকামী লিবারেশন জোটে'র সাথে কৃষ্ণাঙ্গ মুক্তিকামী (লিবারেশন ) আন্দোলন ও অন্যান্য র‍্যাডিক্যাল আন্দোলন এর জোট তৈরি করতে আহ্বান জানানো হচ্ছে। এই যৌথ শক্তি আমেরিকা'র সাম্রাজ্যবাদএর বিরুদ্ধে লড়াই করে মার্কিন সরকারের পতন সুনিশ্চিত করিতে চায় এক শ্রেণীহীন সমাজ তৈরির লক্ষ্যে।

ডিসেম্বরের শেষ এগিয়ে আসছে। মিশিগানে ন্যাশনাল কাউন্সিল এর মিটিঙে বেরনান্ডিন ডর্ণ (Bernardine Dohrn) ঘোষণা দিলেনঃ 'The Weatherman is about a communist revolution to destroy the white racist society and establish a democratic centralist government.'

কিছুদিনের অল্প পূর্বেই চে ডাক দিয়ে রেখেছেনঃ প্রয়োজনে আরও একটা কেন, দুটো, তিনটে, চারটে , অসংখ্য ভিয়েতনাম তৈরি করা হবে আমেরিকান সাম্রাজ্যবাদ ধ্বংস করতে। "উত্তর আমেরিকায় সশস্ত্র বিপ্লব এসে গেছে। " উক্তি করেছেন- আর কেউ নন, স্বয়ং গ্যেভারা চে।

বামপন্থী বেরনান্ডিন ডর্ণ তখন বিশের কোঠা'র ছাত্রী। প্রকাশ্যে মিডিয়ার সামনে আগমার্কা সব স্লোগান দিচ্ছেন, বলছেন- রাস্ট্রর সন্ত্রাস দেখে চুপ করে থাকা আরেক সন্ত্রাসেরই নামান্তর। ধনতন্ত্রের মক্কায়, পানশালার বাইরে, সন্ধ্যার রাস্তায় ভীড় করে মানুষ শুনছেন- কড়া বামপন্থী ভাষন। এনিয়ে সন্দেহের অবকাশ নেই- রাষ্ট্রর পোষা গোয়েন্দারাও আছেন সেসব মাথা খারাপ করা, যৌবন মদমত্ত সমাজতন্ত্রর, আগ্মার্কা বাম স্লোগান ভরা সভায়। এমনই কোন এক ভিজে সন্ধায় বেরনান্ডিন ও কর সহযোগীদের মুখ থেকে উঠে এল কালজয়ী সেই কাল্ট স্লোগানঃ" Bring the war home "
অর্থাৎ এবার যুদ্ধটা ঘরে আনো। অন্যের দেশে যেমন বোমা মারা চলছে। তেমনি দেশের ঘরোয়া, দুর্নীতি, অসাম্য, ও নোংরা বর্ণবাদের বিরুদ্ধে এবার মুখ খোলো। এবার সরকারের বিরুদ্ধে লড়ো। অর্থাৎ সরাসরি একরকম গৃহযুদ্ধের ডাক দেওয়া হল। এবং মনে রাখব আমরা- শুধু স্লোগান নয়। তলায় তলায় চলল প্রস্তুতিও।
এর অল্পদিনের মধ্যেই আন্দোলনও ছোট ছোট দলে সংগঠিত হতে থাকবে একের পর এক। নিউ ইয়র্ক, বোস্টন, সিয়াটেল, ফিলি, বাফেলো তে। ঘটে চলবে একের পর এক সরকারি প্রতিষ্ঠানে বিস্ফোরণ ও হানা।


ফেব্রুয়ারি, ১৯৭০। দুর্ভাগ্য-বশত বিস্ফোরণ ঘটল। ওয়েদারম্যান এর লুকানো ডেরায়। বোমা ঘাঁটিতে ।নিউ ইয়র্কের গ্রিনিচ ভিলেজে। বোমা বাঁধতে গিয়ে মারা গেলেন তিন সদস্য। নিউ জারসি'র আর্মি বেসে এই বোমা ফাটানোর পরিকল্পনায় ছিলেন সদস্যরা। জানাজানি হয়ে গেলো। রাতারাতি খবরে চলে এলেন দলের সদস্যরা।

ওয়ান্টেড পোস্টারে ভরে উঠল, শহরের দেয়াল, পানশালার পর্দা।

এ প্রসঙ্গে এয়ারস পরে বলছেন:

"We were very careful from the moment of the townhouse on to be sure we weren't going to hurt anybody, and we never did hurt anybody. Whenever we put a bomb in a public space, we had figured out all kinds of ways to put checks and balances on the thing and also to get people away from it, and we were remarkably successful."

আমরা কাউকে আঘাত করতে যাচ্ছি না তা নিশ্চিত হওয়ার জন্য আমরা টাউনহাউসের মুহুর্ত থেকেই খুব যত্নবান হয়েছি এবং আমরা কখনই কাউকে আঘাত করিনি। আমরা যখনই কোনও সর্বজনীন স্থানে বোমা ফেলেছিলাম, তখন আমরা এই জিনিসটিতে চেক এবং ভারসাম্য বজায় রাখার এবং লোকেদের তা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সমস্ত ধরণের উপায় বের করেছি এবং আমরা উল্লেখযোগ্যভাবে সফল হয়েছি।

পরবর্তী ধাপ- স্টেট ক্যাপিটলে ফেলা হোল বোমা। বোমা মারার স্বপক্ষে তাদের দায় কবুল এর জবানী ছিলঃ 'লাওসে আমেরিকার আক্রমনের প্রতিবাদ'।

পেন্টাগনে বোমা ফেলা হোল উনিশে মে, ১৯৭২। জবানীতে জানানো হলঃ "হানোই অধিকারের বিরুদ্ধে আমেরিকার সরকার কে ধিক্কার"।

১৯৭৪ এর Prairie Fire এ প্রকাশিত খবরে ওয়েদার-আন্ডারগ্রাউন্ড এর লক্ষ্য-পথ সম্পর্কে সবথেকে পূর্ণাঙ্গ বয়ানটি ছাপা হচ্ছেঃ Political Statement of the Weather Underground এই বয়ানে বেরনান্ডিন ডর্ণ, বিল এয়ারস সহ সব সদস্যদের সই দেখা যাচ্ছে, বলা হচ্ছেঃ

"We are a guerrilla organization. We are communist women and men, underground in the United States for more than four years…. We made the choice to become a guerrilla organization at a time when the Vietnamese were fighting a heroic people's war"

জানুয়ারি'র ২৯, ১৯৭৫। স্টেট বিল্ডিঙে ফেলা হোল বোমা। এরপর এগার বৎসর আন্ডারগ্রাউন্ডে অতঃপর থাকতে হবে বেরনান্ডিন ডর্ণ কে ।এফ.বি.আই এর মোস্ট ওয়ান্টেড লিস্টের একনম্বর নাম তখন তার।

১৯৭৬ এর শেষ। দলের ভিতর দানা বাঁধছে অন্তর্ঘাত। জোন্স, বিল এয়ারস, ডর্ণ এর মত কোর-নেতাদের ধীরে ধীরে দূরে যেতে বাধ্য করা হতে থাকে। নতুন নেতৃত্বের স্ট্যালিনিস্ট গতিপথ এবার আন্দোলনের মুল খসড়া থেকে সরে যেতে থাকল। ১৯৭৭ এ কোর-সদস্যরা সবাই প্রায় ধরা পড়লেন। এর আগামী তিন বছরের মধ্যে সংগঠন ক্রমে আন্ডারগ্রাউন্ড থেকে মুলস্রোত রাজনীতির ধাঁচায় আটকে যাবে।
এর পর যারা ছাড়া পেলেন তারা কেউ মত বদলালেন। কেউ অনুতাপ দেখালেন প্রকাশ্য জনপথে। পাব্লিক স্পেসে- আমজনতার দরবারে।
কেউ কেউ বিক্রি হয়ে গিয়েছেন কর্পোরেটে। কারও মুখ বন্ধ। আজও।

আজ তারা সকলেই বৃদ্ধ হয়েছেন। প্রয়াতও অনেকজন। ভাঙ্গনের শেষেও পড়ে থাকে যে সামান্য উলু-খড় আরও কিছু-বিরল ভূতগ্রস্তদের ধারালো আত্মত্যাগ, জাতিঙ্গার পাখিদের মত আগুনে ঝাঁপ– কেউ কেউ বলেন- তাই মনে হয় বিপ্লবকে ব্যর্থ করে না। করেনি কখনো। তা হলে বিবর্তন মতে বিপ্লবের ধারণা বাতিল হয়ে যেত।
চুলায় অগ্নি সংযোগের সময় বারুদ জোগাড় করে জ্বালাবার মুহূর্তটি ফোঁস করে নিভে যায়। চুলাটি তারও পর আবহাওয়া ভেদে হাল্কা ও কড়া আঁচে কিয়ৎক্ষণ জ্বলে থাকে।
পার করে আসা পঞ্চাশ বৎসর আমেরিকা দেখেছে ব্ল্যাক রাইটস, উইমেন্স রাইটস, এল-জি-বি-টি রাইটস, হিস্পানিক ও এশিয়ান দের দাবী-দাওয়া আদায়ের সফল ও আংশিক-সফল কিছু প্রয়াস। এসব নিয়ে আবার কথা বলব। তবে অন্য কিস্তিতে। আপাতত চলুক ওয়েদার আন্ডার গ্রাউন্ড।

আবারো সামার

চলে এসেছি, তিরিশ বছর পার। ২০০১ সালের সামারের সন্ধ্যা। নিউ ইয়র্ক শহরে। সুসজ্জিত টিউলিপ বাগান পার হয়ে শেষে দরজা এসে খোলে। বিল এয়ারস আমন্ত্রিত এক সভায়। চারিদিকে খসখসে অস্বস্তির আভাস। ছাত্রদের চোখে ঔৎসুক্য ছাড়াও অচেনা আশঙ্কা। বত্রিশ বৎসর পরেও।

"We were anarchists,"— নীরবতা কাটালেন বিল। কী সরাসরি, কী সহজ বজ্রনির্ঘোষ। আমেরিকা কি প্রস্তুত তবে- শুনতে প্রস্তুত?

শুরু হল কথোপকথন।
ছাত্রদের সাথে বিলের।

— "We were willing to get thrown out of school. We were willing to go to jail"

"সময় আসে যখন তোমাকে সরাসরি পক্ষ নেয়ার চেয়েও বেশী কিছু দাবী করে।
আমরা একটা যুদ্ধকে থামাতে পেরেছিলাম। হয়ত। বা আরও কিছু"।

মুখ সামান্য জানালার দিকে ফেরান বিল।

সর্বশেষ যা বলতে চাই — "আই ফীল গুড অ্যাবাউট হোয়াট আই হ্যাভ ডান"
এই হলেন বিল এয়ার্স। বোঝাপড়া করেননি। সমঝোতাও।

মনে পড়ল আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। আরেক গ্রীষ্মে, নোমের সাক্ষাৎকার নেওয়ার সময় অধ্যাপক চমস্কি একথা বুঝিয়েছিলেন। 'গভর্নমেন্ট' এর বদলে তাকে দেখছিলাম 'গভরনেন্স' এই ইউফেমিজম- সুভাষণ ব্যবহার করতে। 'গভর্নমেন্ট' হতে পারে ষ্টেটের- রাষ্ট্রের প্রতিশব্দ, তিনি বোঝাচ্ছিলেন আমাকে। অপরদিকে অ্যানার্কিজম বা নৈরাজ্যের সাথে অরগ্যানিক-কম্যুনিটির সঙ্গ অনেক গভীর। অ্যানার্কিকে তো হতেই হবে রাষ্ট্রের কাছে 'থ্রেট' স্বরূপ।

তাকে সেদিন আর প্রশ্ন করতে সময় পাই নি।
কিন্তু মধ্য গ্রীষ্মের বৃষ্টিভেজা বোস্টনের পথে ফিরতে ফিরতে সে প্রশ্ন ঘুর খাচ্ছিল—

কিন্তু একটি কচ্ছপ, অ্যাকিলিস
কে হারাতে পারে কি ?

একটি সামান্য কচ্ছপ,অ্যাকিলিস কে কি হারাতে পারে ?

এম.আই.টি থেকে বের হয়ে আপন মনে মাথায় কথা খেলতে খেলতে হার্ভার্ড-স্কোয়ার অব্ধি এসেছি, পশলা মত বৃষ্টিতে এক, সারা জামাকাপড় 'দ' হয়ে ভিজে গেল।

পটেমকিন গাঁও
ভাবছিলাম- এই মহাপৃথ্বীতে কি আমরাই একমাত্র স্পিসিজ যারা রন্ধন করে খাদ্য খেতে জানি। এবং বিজ্ঞাণ-মতে আমরাই সেই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিধর প্রাণী, যার উপরে নাই। কেহ নাই। কিছু নাই। সুধু ভোঁ-ভা মহাকাশ।

প্রশ্ন মনে আসছে- এই যে আমরা রন্ধন করি তা'কি আমরা বুদ্ধি-মানী প্রাণী বলে নাকি আমরা বুদ্ধিমানী হইয়াছি যেহেতু আমাদের পূর্ব- মনুষ্যগণ রন্ধন করতে শিখেছিলেন বলে।
যেহেতু রান্ধিতে শিখিয়াছিলেন, সেই হেতু আরও পূর্বে অগ্নি জ্বালাইতে শিখিয়াছিলেন।
অতএব, অগ্নি জ্বালাইতে শিখিয়াছিলেন, অতএব রন্ধন করিতে শিখিয়াছিলেন। রন্ধন করিতে করিতে গান করিতে শিখিয়াছিলেন। যেন অগ্নির সুরক্ষা স্বরূপ বীমা-করণ। এই রন্ধন-গান-ইন্সিওরেন্স-বীমা আমাদের জিন মারফত বিভিন্ন ডায়েট-খাতে বহিয়া গেলো। আমরা বৃক্ষ হইতে কিচেনে প্রবেশ করিলাম। জমি'র মালিকানা বাটোয়ারা করিলাম। খাদ্য কম পড়লে অন্যের বাগানে হানা প্রস্তুত করিলাম। ও বোমা মারিলাম।
ও ক্রমে ক্রমে, ইত্যাদিতে এই মহান অর্থনীতিতে বাস করতে এসে দেখলাম আমরা প্রতি একশত জনে একজন করে বাদে নিরানব্বই জনই আসলে এক সুবিধাহীন শ্রেণী।

কিন্তু 'সে কি জানিত না'? গোড়ালি'র দুর্বলতা?? একটি কচ্ছপের গতির জটিল কথা। জটিল যত না, কঠিন আরও মন-সংকল্প। যা মনস্তাপ করায় না। দশকে দশকে আমরা চে'র হত্যা-পরবর্তী ছবি বাঁধিয়ে হত্যাকারীর ট্রফি-প্রদর্শন এর সেই সুঠাম বক্ষদেশের তাজা চামড়া চড়া শাদা-কালোর ফটোগ্রাফে বাঁধিয়ে রেখে আমরা সেই ট্রফি-প্রদর্শনের অংশীদার হলাম। এই অংশীদারি-তে ফাটল যতদিন না ধরবে, ততদিন মনুষ্য-প্রজাতি বিপ্লব কে ভাব-বাদী বলতে বাধ্য। মুখের ওপর কথা বলিলে মুখ ভেঙে দেবার, পোস্টার তুললে হাত কেটে নেওয়ার এই চিরাচরিত ক্ষমতা-বাজীর হুলিয়া জারী থাকবে। জারী থাকিবে সামন্ততান্ত্রিক দুর্গ-রক্ষা। সিলিকন ভ্যালিতে অটোমেশন বাড়বে। আরও বাড়বে। পৃথিবীতে অদ্ভুত আন্ধার আজ নয়, বরাবরই আসিয়াছে, আছিল । মধ্যে মধ্যে সমবেত উদ্ধত আলো জ্বলে, সেই আন্ধার কে মুহূর্ত-কাল চিহ্নিত করে তুলেছে মাত্র। কখনো। হয়ত। আবারো- শতাব্দী প্রাচীন ভুল ভাঙ্গে, কোন কোন দেশে, টাইম-স্পেসে, সতীদাহ রদ হয়। চালু হয় বর্ণ- লিঙ্গ ভেদএ ভোটাধিকার। মাতৃ ভাষার দাবীতে নতুন রাষ্ট্রের জন্ম হয়। এ শুধু বাস্তবতা মাত্র নয়। বৃহৎ ভাবে বাস্তব । সম্ভব, তাই বৃহৎ।

তাও, আবারো আমরা ছুটিতে বাড়ি ফিরে, গ্রামের, পাড়ার রকে রগরগে রেপের গপ্পো শোনায় যে কাঁটাতার পাহারারত সামরিক যুবক, ফেলানির লাশের নিখুঁত বিবরন দিতে দিতে মাংস ভুনা রুটি দিয়ে মেখে খায়- আমরা তাকে মিসজিনি ও বর্বরতার অশিক্ষা স্মরণ করাবনা না কিন্তু খেউড় এর অন্ত্য-মিল রচনা করব।
ট্রাম্প জমানায় ট্রাম্পকে নিয়ে প্রাইমটাইম খিল্লি-আসরে টেলিভিশন কোম্পানির আয় বেড়ছে। আমার ছাত্রদের সাথে আলাপে ট্রাম্প প্রসঙ্গ আনলে তারা উৎসাহী হয়ে নানাসময়, নানারূপ খিল্লি-বাজীর মিম ও চিত্র পাঠিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমার এক রিফিউজি ছাত্রী একবার হেট-স্পীচের শিকার হলে, হাজার চেষ্টা করেও চারটির বেশী ছাত্র জোগাড় করতে পারি নি। যারা ফ্রী-স্পীচের অধিকারে মিম প্রস্তুত করতে পারেন, সে ট্রাম্পের বিরুদ্ধে হোক বা ওবামার- তারা একীভূত হয়ে একটি সংখ্যালঘু সহপাঠিনীর পাশে বাক স্বাধীনতা নিয়ে দাঁড়াতে পারলেননা সেদিন। এইতো আমাদের খেউড়-গীতি। সিনিসিজম এর হাহা-কাব্য। আন্তরজালিক খিল্লি-গাথা। খিল্লি ও সিনিসিজমের ধারা চটুলতর হইয়া নিষ্ঠুর অন্তর্ঘাত ঢুঁষো মারছে। একই চিত্র দুই বাংলায়। এপার বা ওপার – এই ইন্টারনেট কালে চটুল ব্যঙ্গ-কর্ম। বাঙালীর এই-ই শ্রেষ্ঠ পরিতৃপ্তি। এবং এই-ই আমাদের পটেমকিন গাঁও।

ক্রোধ ও অসহনীয়তা থেকে সংগঠিত বিপ্লবের, প্রতিরোধের যে জেদ জন্মাতে পারত, তা ফেসবুকের আরাম-অঞ্চলে খিল্লি-পথে প্রস্রাবিত হয়ে গেলো। এই ঘোর হিন্দু-সঙ্ঘী ও তালিবানী ভাবধারার জমানায়, জল-জঙ্গল-সংখ্যালঘু লুঠের বেদান্ত প্রকল্পের কাছে এই যে মিম-সাম্রাজ্যের উত্তরাধিকার গড়ে তুলছি আমরা, তা তবে কোন উপায়ে অন্যায়কারী রাষ্ট্রকে ভয় দেখাবে তবে?
আমাদের বৌদ্ধিক বিদ্রূপ-লব্জ প্রতিরোধের ভাষা তৈয়ার করছে তা হয়তো সত্য, তেমনই তা যে তথা-শিক্ষিত এলিট সামাজিক মিডিয়াগুলোতে ঘুরে ফিরে মরে পড়ে থাকে, তা আরো পরম-তর সত্য। ঘাস-মূল থেকে নিযুত যোজন দূরত্বে তার অবস্থান।

"laughing a lot and taking nothing seriously" এই হোল নিত্য-কম্ম-পদ্ধতিতে নীৎসের মতে এক 'ইন্টারনালাইজেশন অফ ভায়োলেন্স'- সন্ত্রাসের অন্তর্গতকরন, আত্মীয়করণ করে ফেলা, সন্ত্রাসকে।

বাইরে, আকাশে মেঘ কালো করে আসছে। গ্রীষ্মের মাইয়ামি'তে এই বিকেল বড় মায়াময় হয়ে ওঠে। ঝড়ের পূর্বাভাস আসে। অল্প বজ্র সহ বরিষন হয়ে শীতল স্নিগ্ধ হয়ে থাকে রস্তাপাট। ফ্লোরিডা শ্যামল। কোমল তার সবুজ। আমার ট্রপিক্যাল আত্মা দেশের কালবৈশাখীর সাথে দৃশ্য-শব্দ সাজুয্য খুঁজে এই গ্রীষ্ম বিকেলগুলিতে যারপরনাই আমোদিত থাকে।

জল-হাওয়ার মিহি ঝাপটায় চোখ জুড়িয়ে আসছে।

আমি আধো স্বপ্নে শুনি- ঘুমঘোরে কাদের কন্ঠ আসে-

"You are a republican."
"Republican, yes; but that means nothing. Res publica is 'the State.' Kings, too, are republicans."
"Ah well! You are a democrat?"
"No."
"What! Perhaps you are a monarchist?"
"No."
"Constitutionalist then?"
"God forbid."
"Then you are an aristocrat?"
"Not at all!"
"You want a mixed form of government?"
"Even less."
"Then what are you?"
"An anarchist."

রাতভোর মাইয়ামির সমুদ্রের উত্তোল জলের শব্দ আসে। আমেরিকার তপ্ত গ্রীষ্মগুলি সারারাত আমার স্বপনে ভাসে।
( চলবে )

টীকা-

ওপরে ব্যবহৃত লাইনগুলি মূল থেকে উদ্ধৃতি দিলাম। নীচে রইল বঙ্গানুবাদ
আপনি প্রজাতন্ত্রবাদী
",প্রজাতন্ত্রবাদী, হ্যাঁ; তবে তা বললে তার কোনো মানে হয়না।হ্যাঁ- পাবলিকা হ'ল 'রাজ্য।' রাজতন্ত্রও গুলিও তবে প্রজাতন্ত্র।
"তা বেশ ! আপনি কি গণতান্ত্রিক তবে? "
"না"
"সে কি ! সম্ভবত তবে আপনি একজন রাজতন্ত্রবাদী? "
"না"
"তাহলে সংবিধানবাদী?"
"ঈশ্বর মঙ্গল করুন, কক্ষনো না."
"তাহলে আপনি কি অভিজাত?"
"একদমই না!"
"আপনি একটি মিশ্র সরকার চান?"
"তার আরও কিছু কম."
"তাহলে আপনি কি?"
"একজন নৈরাজ্যবাদী।

এই কবিতাটি লিখেছিলেন

টিমথি লিয়রি-

হেইট আ্যশবেরি-

এম আই টি-

কেন কেসি-

জ্যাক কেরুয়াক-

অ্যালেন গিন্সবার্গ-

মেরি প্রাঙ্কস্টারস-

এফ.বি.আই-

সি আই এ-

হিপি ভিন্টেজ-

Prairie Fire –