২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: সে যেন পরীর মতো চলে

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 05 Jun 2021, 01:41 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

ছদ্মবেশী শয়তান
কনস্টান্টিনোপল পতনের পর বেশ কয়েক বছর কেটে গিয়েছিল যখন মার্টিন লুথার কিং হুশিয়ার করে বলেছিলেন যে, শয়তান কেবল তুর্কি বা মুরদের মধ্যেই বাস করেনা, বরং "আমাদের নিজের ঘরেও বাস করে: যে রুটি আমরা খাই, যে জল আমরা পান করি, যে পোশাক আমরা পরি এবং যে বাতাসে আমরা নিঃশ্বাস নেই, সব কিছুর মধ্যেই আছে ঐ শয়তানের বাস।"
এভাবেই সে ছিল আর এভাবেই সে বিরাজ করছে।
কয়েক শতাব্দী পর, ১৯৮২ সালে, শয়তান এক গৃহিনীর বেশে, যে শুধু চিৎকার করতো আর মাটিতে পা ঘষে ঘষে চলতো, সেই গৃহিনী একদিন ভ্যাটিকান পরিদর্শনের সাহস দেখাল, পোপ দ্বিতীয় জন পল সেই শয়তানের সাথে হাতাহাতি করতে বাধ্য হয়েছিল। জন পল তখন আরেক পোপ অষ্টম আর্বানের ভূত-মারার মন্ত্র পড়ে এই অনুপ্রবেশকারীর হাত থেকে কোন রকম রক্ষা পান। পোপ অষ্টম আর্বান ছিলেন সেই ব্যক্তি যিনি এক সময় গ্যালিলিও গ্যালিলির মাথা থেকে 'পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে' এই শয়তানি ধারণা তাড়িয়ে ছিলেন।
শয়তান যখন ওভাল অফিসে একজন সহকারীর (মনিকা লিওনিস্কি) বেশে দেখা দিয়েছিল, প্রেসিডেন্ট বিল ক্লিনটন তখন ভূত তাড়ানোর এ জাতীয় প্রাচীন ক্যাথলিক পদ্ধতি পুরোপুরি অগ্রাহ্য করেছিলেন। বরং তিনি টানা তিন মাস যুগোস্লাভিয়ার উপর মুষল ধারায় মিসাইল নিক্ষেপ করে শয়তানকে ভয় দেখিয়েছিলেন।


সে যেন পরীর মতো চলে
সিয়েনা শহরে এক সকালে ভেনাস আবির্ভূত হলেন। তাঁরা তাঁকে রোদের আলোয় নগ্ন অবস্থায় শুয়ে থাকতে দেখলেন।
সিয়েনাবাসী রোমান সাম্রাজ্যকালে সমাহিত করা এই প্রস্তর দেবীকে শ্রদ্ধা জানায়, যিনি পাতালগর্ভ থেকে উঠে এসে সেই সময়ে তাঁদের সাম্রাজ্যকে কৃপা দান করেছিলেন।
শহরের প্রধান ফোয়ারার চূড়ায় তাঁর স্থান হয়।
তাঁকে দেখার সাধ যেন মেটেনা; সবাই তাঁকে একটু স্পর্শ করতে চায়।
কিন্তু শিঘ্রই যুদ্ধ তার ভয়াবহতা নিয়ে আবির্ভূত হয়। সিয়েনা শহর আক্রান্ত হয়। লুটপাট চলে। ১৩৫৭ সালের ৭ নভেম্বর, সিনেট অধিবেশন বসে। পৌরসভা মনে করে ভেনাসই এ ঘটনার জন্য দায়ী। তাঁর মূর্তিকে পূজা করার শাস্তি হিসেবে ঈশ্বর এই দূর্ভাগ্য পাঠিয়েছেন। অতঃপর, সভাসদদের আদেশে লালসার প্রলোভন সৃষ্টিকারী ভেনাসকে ধ্বংস ও টুকরো টুকরো করে ঘৃণিত শহর ফ্লোরেন্সের মাটিতে পুঁতে ফেলা হয়।
একশো ত্রিশ বছর পর, সেই ফ্লোরেন্সেই স্যান্দ্রো বোত্তিচেল্লির হাতে আরেক ভেনাসের জন্ম হয়। এই শিল্পী তাঁকে এমনভাবে আঁকেন, যেন তিনি সফেদ সমুদ্র ফেনার মধ্য দিয়ে উঠে আসছেন। ভেনাসের শরীরে শুধু ত্বক ছাড়া এক চিলতে বস্ত্রও ছিলনা।
তার এক যুগ পর, সাধু স্যাভোনারোলা যখন আত্মশুদ্ধির জন্য বৃহৎ এক বহ্নি উৎসবের আয়োজন করেন, কথিত আছে যে, বোত্তিচেল্লি নিজেই তখন তুলির পাপে অনুতপ্ত হয়ে যৌবনের তাঁর কিছু শয়তানি শিল্পকর্ম সেই আগুনে সমর্পণ করেন।
ভেনাসের ক্ষেত্রে, তিনি তা করতে পারেননি।

শয়তানচক্র
শিকারী পাখির মতো মস্ত এক নাক তাঁর দীর্ঘ কালো আলখেল্লা জড়ানো ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে। আলখেল্লার নীচের অশ্বকেশর শার্টটি যেন তাঁর চামড়ায় খোঁচা দিচ্ছিল।
ঈশ্বরের ক্রোধ তাঁর ধর্মবাণীর মধ্যে গর্জে উঠত। যাজক গিরোলামো স্যাভোনারোলা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতো, তাঁদেরকে হুমকির মধ্যে রাখতো, শাস্তি দিত। তাঁর বাগ্মিতায় ফ্লোরেন্সের গীর্জাগুলি জ্বলে উঠতো: তিনি শিশুদেরকে তাঁদের পাপী পিতা-মাতার কথা বলে উদ্বুদ্ধ করতেন, তিনি ইনকুইজিশন থেকে লুকিয়ে থাকা সমকামীদের ও ব্যভিচারী নারীদের নিন্দা করতেন এবং রোমানদের আনন্দ উৎসব বা কার্নিভালকে একটি প্রায়শ্চিত্ত প্রথায় পরিণত করার দাবী করেছিলেন।
তাঁর পবিত্র ক্রোধে ধর্ম প্রচারবেদী ভস্ম হয়ে যেত, আর সাইনগিওরির বারান্দা তাঁর সামন্তবাদী অহংকারের আগুনে জ্বলে উঠতো, রাত-দিন তাঁর কথা আলোড়িত হত। নারী আনন্দ পরিত্যাগ করুন এবং তাঁদের গহনা, সুগন্ধি আর অভিসন্ধি আগুনে নিক্ষেপ করুন। পাশাপাশি, অশ্লীল চিত্রকর্ম ও বইসমূহ ছুঁড়ে ফেলুন যা কামনার জীবনকে মহিমান্বিত করে।
পঞ্চদশ শতাব্দির শেষের দিকে, স্যাভোনারোলাকেও আগুনের লেলিহান শিখায় নিক্ষেপ করা হয়েছিল। তাঁকে নিয়ন্ত্রণ করতে না পারায়, গীর্জা তাঁকে জীবন্ত পুঁড়িয়ে মারে।

লিওনার্দো
তাঁর বয়স যখন পঁচিশ, 'অফিসারস অব দ্য নাইট' নামে খ্যাত গণ-নৈতিকতার রক্ষী বাহিনীরা লিওনার্দোকে তাঁর শিক্ষক ভেরচ্চিওর কর্মশালা থেকে তুলে নিয়ে কারাগারে নিক্ষেপ করে। দু'মাস তিনি সেখানে অতিবাহিত করেন, খুঁটিতে বেধে পুড়িয়ে মারার আতঙ্কে সেখানে তিনি ঘুমাতে পারতেন না, ভয়ে এমনকি নিঃশ্বাস নিতেও তাঁর কষ্ট হতো। সমকামীতার শাস্তি ছিল আগুনে পুড়িয়ে মারা। তাছাড়া অসমর্থিত কোন সূত্রে তাঁর বিরুদ্ধে 'জাকপো সালত্রেল্লি নামের এক ব্যক্তির সাথে পায়ু কামের অভিযোগ ছিল।''
প্রমাণের অভাবে অবশেষে তিনি মুক্তি পান ও আগের জীবনে ফিরে আসেন।
তারপরে তিনি তাঁর সেরা শিল্পকর্মগুলি করেন, যার প্রায় সবটাই ছিল অসমাপ্ত, যেখানে প্রথমবারের মতো স্ফুমাতো ও কিয়ারোস্কুরোর ব্যবহার দেখা গিয়েছিল।
তিনি বিভিন্ন কল্পকাহিনী, কিংবদন্তি ঘটনা আর রান্নার রেসিপিও লিখেছিলেন।
মৃতদেহ পরীক্ষা করে শরীরবৃত্তিয় জ্ঞান অর্জনের মাধ্যমে তিনিই সর্বপ্রথম মানুষের বিভিন্ন অঙ্গের নিখুঁত স্কেচ করেছিলেন।
তিনি প্রমাণ করেন, পৃথিবী ঘোরে।
তিনি হেলিকপ্টার, উড়োজাহাজ, বাইসাইকেল, সাবমেরিন, প্যারাশুট, মেশিনগান, গ্রেনেড, মর্টার, ট্যাংক, চলন্ত ক্রেন, ভাসমান ড্রেজার, স্প্যাগেটি তৈরীর যন্ত্র, রুটির মিল…. ইত্যাদি উদ্ভাবন করেন।
আর প্রতি রবিবারে তিনি বাজার থেকে পাখি কিনে নিয়ে আসতেন এবং খাঁচা খুলে দিতেন।
যারা তাঁকে চিনতেন, তাঁরা বলতেন, তিনি কখনো কোন নারীকে জড়িয়ে ধরেননি। তবুও তাঁর হাত থেকেই জন্ম নিল সর্বকালের শ্রেষ্ঠ এক প্রতিকৃতির। একজন নারী।

মাই
কিছু সমকামী শাস্তি এড়ানোর জন্য মেয়েদের পোশাক পরত এবং নিজেদেরকে বেশ্যা হিসেবে পরিচয় দিয়ে নিস্তার পেত।
পঞ্চদশ শতাব্দির শেষের দিকে, ভেনিস একটি আইনের অনুমোদন দেয়, যার মাধ্যমে পেশাজীবীরা তাদের মাই দেখানোর অনুগ্রহ লাভ করে। তবে তাঁদেরকে নগ্ন মাই দেখাতে হবে জানালা দিয়ে, যেখান থেকে হেঁটে যাওয়া খদ্দেরদের সেবা দেবার জন্য তাঁরা আমন্ত্রণ জানাত। রিয়ালতোর ওপারে একটা ব্রীজের পাশে তাঁরা এ কাজ করত, আজও সেই ব্রিজটি 'মাইয়ের ব্রিজ' নামে পরিচিত।

কাঁটাচামচের উৎস
তাঁরা বলতো, লিওনার্দো তিনটি কাঁটা দিয়ে কাঁটা-চামচকে নিখুঁত করতে চেয়েছিলেন, তবে তা শেষ হয়েছিল ঠিক জাহান্নামের রাজার ত্রিশূলের মতো রূপ নিয়ে।
কয়েকশো বছর আগে, বাইজান্টিয়ামের সন্তু পিয়েত্রো দামিয়ানি এই অভিনব বস্তুটির নিন্দা করেছিলেন:
"প্রভু যদি আমাদের শয়তানের ঐ হাতিয়ারকে ব্যবহার করতে দিতে চাইতেন, তাহলে আমাদের হাতে আঙুলগুলি দিতেন না।"
ইংল্যান্ডের রাণি এলিজাবেথ ও ফ্রান্সের সান কিং হাত দিয়ে খেতেন। লেখক মাইকেল ডি মন্টাগেন যখন তাড়াহুড়া করে খাবার খেতেন, তখন তিনি নিজের আঙুলে কামড় দিয়ে ফেলতেন। সংগীত শিল্পী ক্লোদিও মন্টেভারদী যতবারই কাঁটা-চামচ ব্যবহার করতেন ততবারই তিনি কৃতজ্ঞতা বোধ করতেন এই ভেবে যে, পাপের ভাগীদার হতে তিনি আরও তিনজনকে সঙ্গী করলেন।

ভ্যাটিকান দর্শন
যদি তিনি উত্তর দেন, এই ক্ষীণ সম্ভাবনা নিয়ে আমি মিকেলেঞ্জেলোকে জিজ্ঞেস করি:
"মুসার মুর্তির মাথায় শিং কেন?"
"সিস্টাইন চ্যাপেল-এর দ্য ক্রিয়েশন অব এডাম নামক দেয়াল চিত্রে, আমাদের সবার দৃষ্টি নিবদ্ধ থাকে সেই আঙ্গুলের দিকে যা আদমকে জীবন দান করেছিল, কিন্তু ঐ নগ্ন মেয়েটি কে, যাকে ঈশ্বর অন্য হাত দিয়ে অসতর্কভাবে অথচ অনুরাগের সাথে আদর করছেন?"
"দ্য ক্রিয়েশন অব ইভ দেয়াল চিত্রে, গাছের ভাঙ্গা ডালগুলি ইডেনে কী করছে? সেগুলি কেটেছিল কে? গাছ কাটা কি অনুমোদিত ছিল?"
"আর লাস্ট জাজমেন্ট দেয়াল চিত্রে, কে সেই পোপ, যিনি এক দেবদূতের ঘুষি খেয়ে হাতের চাবি ও টাকার থলি নিয়ে নরকের দিকে গড়িয়ে পড়ে যাচ্ছেন?"
"ঐ দেয়াল চিত্রে, আপনি যে একচল্লিশটা ছোট ছোট লিঙ্গ একেঁছিলেন তা কিন্তু ভ্যাটিকান লুকিয়ে ফেলেছিল। আপনি কি জানেন আপনার বন্ধু ও সহকর্মী দানিয়েল দা ভলতেরাই সেই লোক যিনি পোপের নির্দেশে লজ্জ্বাবস্ত্র দিয়ে সেই সব শিল্পকর্ম ঢেকে দিয়েছিল, আর সেই কারণে তিনি দ্বিতীয় ব্রাঘেত্তোনে, অর্থাৎ দ্য আন্ডারওয়্যার ম্যান ডাকনাম অর্জন করেছিলেন?"