এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: নিরো, রোমের নারীরা ও অন্যান্য
স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বাংলা তর্জমায় আসাদ মিরণ।
রোমের পারিবারিক প্রতিকৃতি
তিন শতাব্দি ধরে রোম ছিল একটা নরক আর শয়তানরা ছিল রোমের সম্রাট। জনগণকে আনন্দ দেবার জন্য তারা খ্রিস্টানদের কলিসিয়ামের কূপে বন্দি ক্ষুধার্ত সিংহের মুখে ছুঁড়ে দিত। মধ্যহ্ন ভোজনের সেই পর্ব বাদ দেবার মত ছিলনা।
হলিউডের ইতিহাসবিদদের মতে, নিরো ছিলেন সবার চেয়ে নিকৃষ্টতম। তাঁরা বলেন, তিনি যিশুর নির্বাচিত বারোজন শিষ্যের একজন সেইন্ট পিটারকে উল্টো করে ঝুলিয়ে ক্রুশবিদ্ধ করেছিলেন এবং খ্রিস্টানদের উপর দোষ চাপানোর জন্য তিনি রোমে আগুন লাগিয়ে দিয়েছিলেন। আর তিনি স্বীয়-পরিবারকে বিনাশ করার রাজকীয় ঐতিহ্যও বজায় রেখেছিলেন।
চাচী লিপিদা নিরোকে বড় করে তুলেছিলেন, তাঁকে তিনি প্রাণঘাতী রেচক খাইয়ে হত্যা করেন। আর তাঁর সৎ ভাই ব্রিটানিকাসকে বিষাক্ত মাশরুম খাইয়ে বিদায় জানান।
তারপর সৎ বোন অক্টাভিয়াকে বিয়ে করে তাঁকে তিনি নির্বাসনে পাঠান আর শ্বাসরোধ করে তাকে হত্যা করার নির্দেশ দেন। এরপর তিনি প্রকাশ্যে বিধবা ও মুক্ত অপরূপ সুন্দরী পপ্পাইয়ার পাণি প্রার্থনা করেন, যাকে তিনি ক্লান্ত না হওয়া পর্যন্ত সম্রাজ্ঞী করে রেখেছিলেন, তারপর তাঁকে লাথি মেরে পরপারে পাঠিয়ে দেন।
আগ্রিপিনাকে হত্যা করা তারপক্ষে সবচেয়ে কঠিন কাজ ছিল। নিরো তাঁর কাছে ঋণী ছিলেন, কারণ তিনি তাঁর গর্ভের ফসল ছিলেন। তাছাড়া আগ্রিপিনা তাঁর স্বামী সম্রাট ক্লডিয়াসকে বিষ প্রয়োগ করে হত্যা করেছিলেন, যেন তাঁর ছোট সন্তান সিংহাসনে আসীন হতে পারে। কিন্তু প্রিয় মা, আগ্রিপিনা তাঁকে শাসন কার্য পরিচালনা করতে দিতেন না। সুযোগ পেলেই তিনি তাঁর বিছানায় গিয়ে ঘুমাতেন আর ঘুমানোর ভান করতেন। তাঁর হাত থেকে নিস্তার পাওয়া নিরোর পক্ষে সহজ কাজ ছিল না। সুখের বিষয়, কারও একটির বেশী মা থাকে না! নিরো তাঁর সুস্বাস্থ্য কামনা করে তাঁর হাতে বিষের পাত্র তুলে দিয়েছিলেন। অবশ্য এর আগে সেই পানীয় তিনি তাঁর চাকরদের ও জীব-জন্তুর উপর পরীক্ষা করেছিলেন। তারও আগে নিজের মাকে হত্যার জন্য তাঁর বিছানার উপরের ছাদ ভেঙে পড়ার ব্যবস্থা করেছিলেন, একবার তাঁর জাহাজের তলা ফুটোও করে রেখেছিলেন। অবশেষে নিরো তাঁর মায়ের জন্য শোক প্রকাশ করার অবকাশ পেয়েছিলেন।
এরপর তিনি পপ্পাইয়ার পুত্র রফ্রিয়াস ক্রিস্পিনাসকে হত্যা করেন, যে সম্রাট হবার জন্য তাঁকে টেক্কা দিতে চেয়েছিল।
শেষমেষ, তাঁর নিজের গলায়ই একটি ছুরি এঁটে যায়, নিরো একমাত্র যে-আত্মীয়কে ছেড়ে দিয়েছিলেন, সেই-ই এই কাজটি করেছিল।
যে কবি রোম নিয়ে মজা করতেন
স্পেন ছিল তাঁর জন্ম ও মৃত্যু স্থান, তবে কবি মার্শাল রোমে থাকতেন এবং সেখানেই লিখতেন।
সেটা নিরোর যুগ ছিল, আর তখন পরচুলা পরার ফ্যাশন ছিল, যা অসভ্যদের চুল দিয়ে তৈরী হতো। জার্মানরা যেমন বলতঃ
ঐ স্বর্ণকেশ মেয়েটির নিজেরই।
তাই সে বলে, সে মিথ্যা বলেনা।
কোথা থেকে সে তা কিনেছে, আমি ছাড়া কেউ জানে না।
আবার চোখের কৃত্রিম পাপড়ি সম্পর্কেঃ
ঐ নেত্র পল্লবের সাথে চোখের পলক ফেলতে থাক
যা আজ সকালে একটি ড্রয়ার থেকে তুমি তুলে নিলে।
মৃত্যু এখনো আগের মতো কবিদের খ্যাতি বাড়ায়ঃ
কেবল মৃতেরাই সম্মান লাভ করে।
আমি চালিয়ে যেতে ভালোবাসি
জীবিতাবস্থায় এবং প্রশংসা ছাড়াই।
বাড়িতে ডাক্তার ডাকার ফল মারাত্মক হতে পারেঃ
তুমি আসার আগে, আমার জ্বর ছিল না।
তবে তারপরেও তুমি আমায় দেখেছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আবার ন্যায় বিচার কখনো অবিচার হতে পারেঃ
কে বলেছে ব্যাভিচারীর নাকের ডগা কেটে দেয়া উচিত?
তোমার সাথে প্রতারণায় সে কিন্তু ওটা ব্যবহার করেনি।
হাসির চিকিৎসা
সকল ডাক্তারদের আদর্শ, গ্যালেন, প্রথম দিকে আহত গ্ল্যালডিয়রদের ক্ষত নিরাময়ের কাজে নিয়োজিত ছিলেন, পরে তিনি সম্রাট মার্কাস অরেলিয়াসের চিকিৎসক হয়েছিলেন।
তিনি অভিজ্ঞতায় বিশ্বাস করতেন আর ধারণাকে অবিশ্বাস করতেনঃ
"আমি সংক্ষিপ্ত ও সহজ পথের চেয়ে দীর্ঘ বন্ধুর রাস্তা পছন্দ করি।"
অসুস্থ রোগীদের সাথে কাজ করার বছরগুলিতে, তিনি দেখতে পান, অভ্যাস হ'ল দ্বিতীয় স্বভাবধর্ম আর স্বাস্থ্য ও অসুস্থতা হ'ল জীবনের অংশ। যে সব রোগী স্বভাবদোষে অসুস্থ, তাদেরকে তিনি অভ্যাস পরিবর্তন করার জন্য পরামর্শ দেন।
তিনি শতাধিক রোগ ও নিরাময় পদ্ধতি আবিস্কার কিংবা ব্যাখ্যা করেছেন, আর পরীক্ষা করে নিরাময়ের উপায় হিসেবে এই সিদ্ধান্তে এসেছেন যেঃ
"হাসিই হল শ্রেষ্ঠতম দাওয়া।"
রসিকতা
রোমের আন্দালুশীয় সম্রাট, হাদ্রিয়ান যখন জানতে পারলেন তার জীবনের অন্তিম সকাল আসন্ন, তখন তিনি তার আত্মাকে বিদায় জানালেনঃ
হে ক্ষুদ্র আত্মা,
ক্ষণিকের পথিক,
আমার শরীরের অতিথি ও সাথি,
এখন কোথায় যাবে?
কোন পান্ডুর, কঠিন, নিরস জায়গায় যাবে?
যেখানে আর কখনও মশকরা করতে পারবে না।
আয়নার-পৃথিবী বাস্তবকে উপহাস করে
রোমান নারীরা একদিনের জন্য পরম ক্ষমতা উপভোগ করেছিল। সেটা ছিল ম্যাট্রোনালিয়া উৎসবে, সেদিন নারীরা নির্দেশ দিয়েছিল আর পুরুষরা তা পালন করেছিল।
স্যাটার্নালিয়া, প্রাচীন ব্যাবিলনের স্যাকিয়া থেকে উদ্ভব হয়েছে, এই উৎসব সপ্তাহব্যাপী ধরে চলত, অনেকটা ম্যাট্রোনালিয়া উৎসবের মতো ছিল, যা ছিল মুক্ত হবার এক উপলক্ষ। এই সময়ে কর্তৃত্বের শ্রেণীবিন্যাস উল্টে যেতঃ ধনীরা গরীবদের সেবা করত, তাঁদের বাড়িতে এসে থাকত, তাঁদের পোশাক পড়ত, টেবিলে বসে খেত ও তাঁদেরই বিছানায় ঘুমাত। স্যাটার্নালিয়া উৎসবে শনির দেবতার প্রতি শ্রদ্ধা অর্পন করা হত, যা চূড়ান্ত সীমায় পৌঁছাত ডিসেম্বরের ২৫ তারিখে। দিনটা ছিল সোল ইনভিকটাসের, অর্থাৎ অজেয় সূর্যের দিন, যা কয়েক শতাব্দী পরে ক্যাথলিক ফরমান দ্বারা ক্রিস্টমাসে পরিণত হয়েছিল।
ইউরোপে তখন মধ্য যুগ চলছিল, পবিত্র সন্তুদের সেই দিনটিতে শিশু, বোকা আর উন্মাদদের নিকট ক্ষমতা হস্তান্তর করা হতো। সেদিন ইংল্যান্ডে রাজত্ব করত লর্ড অব মিসরুল আর স্পেনের সিংহাসন দখলের জন্য লড়াইয়ে লিপ্ত হতো রুস্টারদের রাজা এবং পিগদের রাজা, তাঁদের প্রত্যেককেই ছিল পাগলা গারদের অধিবাসী। উৎসবে কোন এক শিশু পরীদের মতো মুকুট পরে আর তার হাতে বিশপের যাজকীয় দন্ড নিয়ে উন্মাদ পোপের ভূমিকায় অবতীর্ণ হতো। জনতা তখন তার হাতের আংটিতে চুম্বন করত। অন্য আরেকটি শিশু হয়তো খচ্চরের পিঠে চড়ে বিশপের ধর্মোপদেশ প্রচার করত।
আয়না-পৃথিবীর অন্যান্য সব উৎসবের মতোই ঐ সকল অবাধ ও মুক্ত পরিসরের শুরু ও শেষ ছিল। সেগুলি হতো সংক্ষিপ্ত। ক্যাপ্টেন আশেপাশে থাকলে নাবিকরা যেমন আস্তে কথা বলে।
হাসতে মানা
প্রাচীন যে পার্বণ বা উৎসবগুলি ঋতুচক্র হিসেবে চিহ্নিত ছিল, যাদের এখন ক্রিস্টমাস ও ইস্টার নামে ডাকা হয়, তাতে আর পৌত্তলিক দেবতাদের পূজা দেয়া হয় না, বরং তা ঈশ্বরকে শ্রদ্ধা জানানোর এক গুরুগম্ভীর ধর্মানুষ্ঠানে পরিণত হয়েছে। এই ধর্মানুষ্ঠান কিন্তু প্রাচীন সেই পার্বণের দিনগুলি ও তাদের প্রতীকসমূহ দু'টিকেই ছিনতাই করেছে।
হিলারিয়া ছিল রোমের উত্তরাধিকার সূত্রে অথবা নিজেদের বানানো একটি পার্বণের নাম, যার মাধ্যমে বসন্তকে স্বাগতম জানানো হ'ত। সেদিন দেবী সাইবেল বৃষ্টি ও জমির উর্বরতা বৃদ্ধির আহ্বান জানিয়ে নদীর জলে স্নান করত। রোমানরা উদ্ভট সব পোষাক পড়ত, নিজেরা তুচ্ছ বিষয় নিয়ে হাসাহাসি করত। একে অপরের সাথে ঠাট্টা-মশকরা করত, আর পৃথিবীতে এমন কোন ব্যাক্তি বা বিষয় ছিলনা যা তাদের কাছে শুভ বন্ধনের অযোগ্য।
ক্যাথলিক চার্চের সিদ্ধান্তক্রমে, এই পৌত্তলিক পার্বণ, যা বসন্তের পুনরুত্থান উপলক্ষ্যে উৎযাপিত হ'ত, কম-বেশী প্রতি মার্চেই যার দেখা মিলবে বলে মনে করা হ'ত, সেটাই পরে যিশুর পুনরুত্থানের সাথে ধর্মীয় শাস্ত্রে অন্তর্ভূক্ত হয়ে গেল, যেখানে হাসির বিন্দুমাত্র লেশ ছিল না।
আবার ক্যাথলিক গীর্জার সিদ্ধান্তক্রমে, ভ্যাটিকান স্থাপনা ঠিক সেই জায়গায় তৈরী করা হ'ল, যে স্থানে আনন্দ-উল্লাসের সেই পার্বণ চরম শিখরে পৌঁছাত। মস্তাকৃতির সেই প্লাজায়, যেখানে এক সময় বহু মানুষের অট্টহাসি অনুরণিত হ'ত, সেখানে আমরা এখন বাইবেল থেকে পোপের উদ্বৃতি দেবার মৃত কন্ঠস্বর শুনতে পাই, এটি এমন এক বই যেখানে কেউ কখনো হাসে না।
