২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পথের মায়া-কায়া

পথের মায়া-কায়া

অরণ্যানী-২

মুহম্মদ মোফাজ্জল মুহম্মদ মোফাজ্জল

Published : 22 Aug 2022, 10:52 AM

Updated : 22 Aug 2022, 10:52 AM

‘তুমি কাউন্টার থেকে আমার পাশের সিটের টিকেটটা কেটে নিয়ে আস।’

মেয়েটার এমন প্রস্তাব শোনে ভাস্কর অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। অপরিচিত একটা ছেলের সাথে প্রথমবার দুটি বাক্য বিনিময়ের পরই দীর্ঘ পথে নিজের সহাযাত্রী হওয়ার প্রস্তাব দিয়ে দিল! মেয়েটার বয়স ত্রিশ বছরের কাছাকাছি হতে পারে। আর ভাস্করের বয়সও তো এত কম নয় যে নাক টিপলে পানি বের হয়। আবার বিষয়টা এমনও নয় যে মা-খালার বয়সী একজন তাকে ডেকে নিয়ে পাশে বসাচ্ছে। তাই মেয়েটার প্রস্তাবে সে ভেতরে ভেতরে ভালই হোঁচট খেল। তার ঘর্মাক্ত চাহনিতে লজ্জা আর আড়ষ্টতা স্পষ্ট হয়ে উঠল। কিন্তু শ্যামলা মেয়েটার গাঢ় চাহনি বলছে সে কিছু একটা বুঝেই ভাস্করকে নিজের পাশের সিটে বসার প্রস্তাব প্রস্তাবটা দিয়েছে। তার মুখের চেয়ে চাহনিই যেন বেশি কথা বলে। ভাস্কর বুঝে উঠতে পারে না সেই চাহনীতে স্নেহ, মমতা, নাকি অন্য কিছু! এমন তো নয় যে বাসে আর কোন সিট ফাঁকা নেই। পুরো বাসটাই ফাঁকা। তারপরও মেয়েটা তাকে নিজের পাশের সিটে বসতে বলছে! কোন বাজে মতলব নেই তো! ভাস্কর কোন ভাবেই মেয়েটার প্রস্তাব উপেক্ষা করার মত অসৌজন্যতা দেখাতে পারল না। সে ইচ্ছার বিরুদ্ধে মেয়েটা বাসের যে সিটে বসে আছে তার পাশের সিট নাম্বারটা দেখে নিয়ে কাউন্টারে গিয়ে সেই টিকেটটাই চাইল।

‘পুরা বাসই তো খালি। মাইয়া মাইনষের পাশে বইতে চাইন ক্যান?’

সন্দেহের চাহনিতে টিকেট বিক্রেতার এমন প্রশ্নে ভাস্কর অপমানবোধে চুপসে গেল। তার মুখ দিয়ে কোন কথা বের হচ্ছিল না। তখন মেয়েটা বাসের জালানা দিয়ে টিকেট বিক্রেতাকে ইশারায় বলল তার পাশের সিটটা ভাস্করকে দিয়ে দিতে।

‘আপনেরা একজন আরেকজনরে চিনুইন। আরে আগে কইবাইন তো।’

টিকেট বিক্রেতা দাঁত কেলিয়ে কথাটা বলল। তার কেলানো দেখে ভাস্করের মনে হল মেয়েটা ও তার বিষয়ে লোকটার সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। টিকেট নিয়ে ভাস্কর টার্মিনালের এমন জায়গায় দাঁড়াল যাতে বাসে উঠার আগ পর্যন্ত মেয়েটাকে দেখা না যায়। বাসটা সময় মত ধরা গেছে বলে আপাতত সে অনেকটা স্বস্তিতে আছে। পথে তাকে কী দুশ্চিন্তাই না করতে হয়েছে! টার্মিনালে পৌঁছার আগে বার বার সে রিকসাওয়ালাকে তাড়া দিচ্ছিল আরেকটু জোরে চালাতে। কিন্তু লোকটা কোনো তাড়াই অনুভব করেনি। তার পশ্চাদদেশ যেন আটা দিয়ে সিটের সাথে আটকানো। গুনগুনিয়ে গান গাইছিল আর মৃদু তালে প্যাডেল মারছিল।

‘টেনশন করুইন ক্যান? কিশেরগইঞ্জের থাইকা আধা ঘন্টা পর পর মইসিংগের বাস ছাড়ে। বাস একটা না একটা পাইবাইন।’

রিকসাচালকের এমন সান্ত¦না বাক্যে ভাস্করের দুশ্চিন্তা দূর হয়নি। আধা ঘন্টা নয়, আধা মিনিটই ভাস্করের দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারে। তাই লোকটার স্বেচ্ছাচারিতা দেখে তার গা জ্বলছিল। চরম অস্থিরতায় তার দেহের ভার রিকসার সিটে এদিক সেদিক স্থানান্তরিত হচ্ছিল। তারপরও রিকসাওয়ালা তার অনুরোধ এবং অস্থিরতার কোন গুরুত্বই দিচ্ছিল না। তার বয়স কম এবং অন্য এলাকার যাত্রী বলেই হয়ত এমনটি করছিল।

‘ভাইসাব, পাহুন্দিয়া উপুজিলায় কোন গেরামে কার বাড়িতে গেছিলাইন?’

রিকসাওয়ালার এমন প্রশ্নে ভাস্করের মেজাজ আরো তেঁতে উঠল। লোকটা পাকুন্দিয়াকে বলছে পাহুন্দিয়া, কিশোরগঞ্জকে বলছে কিশেরগইঞ্জ আর ময়মনসিংহকে বলছে মইসিং। ভাস্করের বাড়ি বৃহত্তর ময়মনসিংহে বলে কলেজের বন্ধুদের দু’একজন তার সাথে প্রায়ই মজা করে বলে- লড়ছুইন তো মরছুইন, আবার হাসছুইন? ঘটনাটা নাকি এ রকম যে রাতে এই অঞ্চলের কোন এক রাস্তায় এক দল ডাকাত একটা বাস আটকে যাত্রীদের জিম্মি করল। যাত্রীদের দিকে ছোড়া তাক করে ডাকাতদের একজন বলল, লড়ছুইন তো মরছুইন। কিন্তু তার হাতে নাজুক ছোড়াটা দেখে জিম্মি অবস্থাতেই এক যাত্রী হেসে দিল। তখন সেই ডাকাত বলেছিল- আবার হাসছুইন? ঘটনার সত্য-মিথ্যা ভাস্কর জানে না। এসব মজাদার গল্প সময়ের পরিক্রমায় লোক মুখে যত বেশি সম্পাদিত হয় তত বেশি রসালো হয়।

ভাস্কর পাকুন্দিয়ায় কোন বাড়িতে গিয়েছিল তা বলার পর রিকসাওয়ালা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকে দেখে নিয়ে সিট থেকে পশ্চাদদেশ জাগিয়ে খুব জোরে প্যাডেল মারতে লাগল। এবার রিকসার বেগে বাতাস ভাস্করের চোখে-মুখে হুমড়ি খেয়ে পড়ছিল। বাকি এক ঘন্টার পথ চল্লিশ মিনিটেই পার হয়ে ভাস্কর কিশোরগঞ্জ জেলা সদর বাস টার্মিনালে পৌঁছে গেল। টার্মিনাল প্রায় ফাঁকা। টিকেট কাউন্টারের সামনে একটা মাত্র বাস দাঁড়িয়ে আছে। সে কোন রকমে রিকসা ভাড়া চুকিয়ে কাউন্টারে না গিয়ে ব্যাগ নিয়ে দৌড়ে বাসে উঠল। তার মনে হল আগে বাসে উঠা জরুরী। সিট না পেলেও সে কন্ডাক্টরকে বলে ইঞ্জিন কাভারে বসে বা দাঁড়িয়েই চলে যাবে। তা না হলে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের ট্রেনটা সে ধরতে পারবে না। কিন্তু ভাস্কর বাসে ওঠে দেখে যাত্রী কেবল একটা মেয়ে।

‘এই বাসটা কি ময়মনসিংহ যাবে?’ ভাস্কর ইতস্ততার সাথে মেয়েটাকে জিজ্ঞেস করল।

‘যাবে। তুমি কি ময়মনসিংহ যাবে?’

মেয়েটার প্রশ্নের জবাবে ভাস্কর মাথা নাড়ল। ঠিক তখনই মেয়েটা কোন রকম ভূমিকা বা ভনিতা ছাড়াই তাকে প্রস্তাব দিল নিজের পাশের সিটের টিকেটটা কেটে নিয়ে আসতে।

ভাস্কর হাতে টিকেট নিয়ে বাসের নীচে মেয়েটাকে আড়ালে রেখে দাঁড়িয়ে আছে। বিশ মিনিটের মধ্যে যাত্রীতে বাসের সব সিট ভরে গেল। ড্রাইভারের বাজানো ভেঁপুর শব্দে সে বাসে উঠল। ব্যাগটা কোলে নিয়ে সে সচেতনভাবে মেয়েটা ও তার মাঝে প্রয়োজনের তুলনায় একটু বেশিই ফাঁকা রেখে বসল। তাতে নিজের পশ্চাদশের খানিকটা সিটের বাইরেই থাকল। তার এমন আড়ষ্টতা দেখে মেয়েটা মৃদু হাসল।

‘তুমি ময়মনসিংহের কোথায় যাবে?’

‘ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জ যাব।’

‘কোথায় পড় তুমি?’

‘ঢাকায়। নটরডেমকলেজ। ফার্স্ট ইয়ারে।’

‘তা এখানে কোথায় এসেছিলে?’

‘কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় আমার বড় বোনের বাড়ি। কলেজ ছুটি বলে ঢাকা থেকে বোনের বাড়ি হয়ে মোহনগঞ্জ ফিরছি।’

মেয়েটার দিকে না তাকিয়ে সুবোধ বালকের মত ভাস্কর সব প্রশ্নের জবাব দিয়ে গেল। তার আড়ষ্টা তখনও কাটেনি। তাকে নিজের কলেজ, পড়াশোনা ও বন্ধুবান্ধব সংক্রান্ত কিছু প্রশ্নেরও জবাব দিতে হল। সবই হূঁ, হ্যাঁ বা অসম্পূর্ণ উচ্চারণে। তারপর মেয়েটা নিজের পরিচয় দিল। নাম রেহানা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শিক্ষা ক্যাডারে বিসিএস পাশ করেছে। প্রথম নিয়োগ কিশোরগঞ্জ শহরের গুরু দয়াল কলেজে। ময়মনসিংহ শহরে তার বাসা। সহযাত্রীর পরিচয় জানার পর ভাস্কর মনে মনে ছিঃ ছিঃ বলে নিজেকে ধিক্কার দেয়। আরে তিনি তো ম্যাডাম। কলেজে তার বয়সী ছেলে-মেয়েদের ক্লাস নেন। এতক্ষণ কত অমূলক ভাবনাই না সে ম্যাডামকে নিয়ে ভেবেছে। এবার রেহানাকে নিয়ে ভাস্করের ইতিবাচক ভাবনার একটি হচ্ছে যে তিনি হয়তো চাননি তার পাশে আরো কোন বয়স্ক পুরুষ বসুক। তাই দেখতে মায়ের আদর কাটেনি ছেলেটাকে দিয়েই সিটটা আগাম দখল করালেন। এ কথা অনস্বীকার্য যে পাবলিক বাসে নারীর পাশে বসলে কোন কোন পুরুষের অযথা নড়াচড়া করার অভ্যাস জেগে ওঠে। ভাস্করের আরেকটি ভাবনা হচ্ছে রেহানা কলেজের ম্যাডাম হওয়ায় কলেজ ছাত্রকে এক নজর দেখেই চিনে ফেলেছিলেন। তাই অভিভাবকসুলভ মানসিকতাতেই ভাস্করকে নিজের পাশের সিটে বসতে প্রস্তাবটি দিয়েছিলেন। রেহানার ম্যাডামের প্রতি তার অমূলক সন্দেহের পুরোটাই জানালা দিয়ে ঢুকা শীতল বাতাসে উবে গেল।

বাস ময়মনসিংহের রাস্তা ধরে ছুটছে। রেহানা ম্যাডাম বাঁপাশের জানালার সাথের সিটে বসা। এবার ম্যাডামের দিকে তাকানোর ইচ্ছে করলেও অনুশোচনা আর লজ্জায় ভাস্কর তাকাতে পারছে না। সে সামনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। দেখতে একটু অসুবিধাই হচ্ছে। রেহানা বিষয়টা অনুধাবন করতে পেরে ওঠে দাঁড়িয়ে ভাস্করকে নিজের সিটে বসতে বললেন। ভাস্কর যন্ত্র চালিতের মত সেই সিটে বসল। আর রেহানা বসলেন ভাস্করের সিটে। ভাস্কর বাইরের দৃশ্য দেখছে। আর রেহানা দেখছেন কোন এক গাঁয়ের লাজুক ছেলেটাকে। যতই দেখছেন ততই যেন মুগ্ধ হচ্ছেন। এখন পর্যন্ত ছেলেটার সব আচরণই তার মুগ্ধতা বাড়িয়েছে। ভাস্কর হঠাৎ বাসের জানালা দিয়ে রেল লাইনের দেখা পেল। এই রেল লাইনটি তার খুব পরিচিত। ছোট বেলায় পরিবারের বড়দের সাথে মোহনগঞ্জ থেকে ট্রেনে করে কিশোরগঞ্জ স্টেশনে নামত বোনের বাড়ি যেতে। কত স্টেশনে ট্রেন থামত! অতিথপুর, বারহাট্টা, ঠাকুরাকোনা, বাংলা, নেত্রকোনা, শ্যামগঞ্জ, গৌরীপুর, বোকাইনগর, সোহাগী, নীলগঞ্জ, ঈশ্বরগঞ্জ, মুসুলি আর আঠার বাড়ি। এই সব এলাকার নামগুলো কেমন যেন বোকা বোকা, মায়াবী, অতিথি পরায়ণ এবং আদর সোহাগে ভরা। অনেক লোকালয়, বাজার, ব্রিজ আর মাঠ পেছনে ফেলে ভাস্করের বাসটা ব্রহ্মপুত্র ব্রিজ পার হয়ে ময়মনসিংহ বাস টার্মিনালে থামল। বাস থেকে নেমে ভাস্কর স্টেশনে যেতে রিকসা ডাকতে লাগল।

‘তুমি রিকসা ডাকছ কেন? আমি তো স্টেশনের সামনে দিয়েই যাব। আমার রিকসায় ওঠ তো।’

ধমকের সুরে রেহানার আহবানে ভাস্কর রিকসায় ওঠে বসে। স্টেশনের পথে যেতে যেতে রেহানা ময়মনসিংহ শহরে নিজের বাসার ঠিকানা বললেন। এও বললেন যে ময়মনসিংহে তার আসা হল অবশ্যই যেন তাদের বাসায় যায়।

মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটা ময়মনসিংহ স্টেশনের তিন নাম্বার লাইনে দাঁড়িয়ে আছে। ‘ম্যাডাম ভাল থাকবেন’ বলেই ভাস্কর রিকসা থেকে লাফিয়ে নেমে দৌড় দিল। প্লাটফর্মের গেটে গিয়ে এক মুহূর্তের জন্য সে পেছন ফিরে তাকাল। রেহানা তার দিকে অপলক তাকিয়ে আছেন। ভাস্কর সেই চাহনির ভাষাটা বুঝে উঠতে পারল না। সে একটা টিকেট কেটে প্লাটফর্মে ঢুকে গেল। ট্রেনে উঠা মাত্রই গার্ডের বাঁশিও বাজল। আপাতত তাকে দাঁড়িয়ে থাকতে হবে। তিনটা স্টেশন পার হবার পর সে বসার সুযোগ পেল। ট্রেনের দুলুনিতে সে জানালা দিয়ে পরিচিত মাঠ, খাল, নদী, জলাশয় আর ঘরবাড়ির দিকে তাকিয়ে বুক ভরে নিশ^াস নিল।

এরপর রেহানা ম্যাডামের কথা ভাস্কর ভুলেই গিয়েছিল। এক বছর পরের ঘটনা। সে ময়মনসিংহ শহরে মামার বাসায় বেড়াতে এসেছে। একদিন সে আনন্দ মোহন কলেজ দেখতে গেল। কলেজ বাউন্ডারির ভেতর হাঁটার সময় এক পিয়ন এসে তার পথ রোধ করল।

‘ম্যাডাম আপনেরে যাইতে বলছেন।’

ভাস্কর তাকিয়ে দেখে একটু দূরের বারান্দায় শাড়ীপরা এক নারী দাঁড়িয়ে আছেন। ভাস্কর এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। রেহানা ম্যডাম মুচকি হাসলেন।

’চিনতে পেরেছ?’

‘জ্বি ম্যাডাম। কিন্তু আপনি এই কলেজে কবে ট্রান্সফার হয়ে এলেন?’

‘তিন মাস তো হয়ে গেল।’

শাড়ীতে রেহানাকে সেদিনের চেয়ে বেশি ম্যাডাম ম্যাডাম লাগছে। রেহানা তাকে নিয়ে বাসার দিকে রওয়ানা দেন। পথে তার পড়াশোনারও হালকা খোঁজ নিলেন। রেহানার সাথে বাসার পুরনো লোহার গেট পেরিয়ে ভাস্কর দেখল বারান্দায় ইজি চেয়ায়ে শুয়ে একজন পত্রিকা পড়ছেন। রেহানার বাবা। মাথার চুল সাদা আর চোখে মোটা চশমা। দেখে মনে হয় কোন একাডেমিশিয়ান। ভদ্রলোক একবার তার দিকে একবার তাকালেও কিছু বললেন না। ভাস্করকে ড্রয়িংরুমে বসিয়ে রেহানা ভেতরের ঘরে গেলেন। সোফায় বসে ভাস্কর এদিক-সেদিক তাকাচ্ছে। কোন অপরিচিত বাসায় প্রথমবার একা বসে থাকলে যেমনটা লাগে। কিছুক্ষণ পর উনিশ-বিশ বছরের একটা মেয়ে খাবারের ট্রলি ঠেলে ড্রয়িংরুমে ঢুকে ভাস্করের দিকে তাকিয়ে হাসল।

‘কেমন আছ?’

‘জ্বি ভাল।’

‘আমি রেহানা আপার ছোট বোন শায়লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে অনার্স পড়ছি।’

ভাস্কর অনেকটা জড়সড় হয়ে বসে আছে। শায়লা তার অস্বস্তিটা খেয়াল করে হাসল।

‘অস্বস্তি বোধ করার কোন কারণ নেই। হাত-পা ছেড়ে স্বাভাবিকভাবে বসে খাওয়া শুরু কর। আপা কাপড় বদলে আসছে।’ শায়লা বলল।

এই মেয়েটা রেহানা ম্যাডামের চেয়ে কিছুটা চটুল, ফর্সা ও হালকা গড়নের। খাবারের ট্রলিতে ভাস্করের জেলা নেত্রকোনার বালিশ মিষ্টি। মিষ্টির সাইজ এমন যে কয়েক’শ লিলিপুট তাতে অনায়াসে মাথা রেখে ঘুমাতে পারবে। সাথে আছে পিঠা, কলা, আম, ও কাঁঠালের কোষ। পাশে অতি স্বচ্ছ গøাসে নিরাকার পানির নিরীহ শুভ্রতা। রেহানা ম্যাডাম শাড়ী বদলে সালোয়ার-কামিজ পরে চায়ের ট্রে নিয়ে ঢুকলেন। ভাস্কর এখনো কিছু মুখে দেয়নি।

‘আপু, ও ভীষণ লজ্জা পাচ্ছে। চল, আমরা ওর লজ্জার মোড়ক খুলে দেই।’

এ কথা বলে শায়লা কাঁঠালের দুটো কোষের বিচি ছাড়িয়ে এক সাথে মুখে পুরে চিবাতে চিবাতে তুতলানো শুরু করল।

‘জান ভাস্কর, আমাদের বাসায় আমি একাই একটা কাঁঠালের অর্ধেকটা খেয়ে ফেলি।’

‘অর্ধেকটা কোথায়? তুই তো আস্ত কাঁঠাল খেয়ে ফেলিস।’ শায়লার তুতলানো কথার জবাবে রেহানা ম্যাডাম এ কথা বললেন। আর শায়লা কোষ দুটি পেটে চালান করে ভাস্করের দিকে চোখ বড় করে তাকাল।

‘আপু ঠিক বলেছে। তাই বাবা বলেছে যে বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে আমাকে সেই বাড়িয়ে বিয়ে দেবে।’

শায়লার এমন অভিনয়ে ভাস্করের খুব পাচ্ছিল। কিন্তু হাসতে পারছিল না। তবে তার জড়তা অনেকটাই কেটে গেল। তখন ড্রয়িংরুমে ঢুকলেন রেহানা ম্যাডামের বড় বোন জাহানারা।

‘কেমন আছ?’

‘জ্বি ভাল’।

ভাস্কর জাহানারার মুখের দিকে তাকিয়ে রইল। বড় বোনকে রেহানা পরিচয় করিয়ে দিলেন। জাহানারা পেশায় ডাক্তার। এই বোনটির বিয়ে হয়েছে। বলতে না বলতেই বাসার গেট খোলার আওয়াজ পাওয়া গেল। তারপর বারান্দায় একজনের জুতোর হিলের টক টক শব্দ। শায়লার ইমিডিয়েট বড় বোন মিলি ড্রয়িংরুমে ঢুকল।

‘মিলি, ও হচ্ছে ভাস্কর’। রেহানা ম্যাডাম বললেন।

‘ঐ যে কিশোরগঞ্জ থেকে বাসে করে আসার সময় জোর করে তোমার পাশের সিটে বসিয়েছিলে। তারপর তোমার সব প্রশ্নের জবাবে শুধু হূঁ, হ্যাঁ আর মাথা নেড়েছিল?’

মিলি কথাগুলো উচ্ছ্বাসের সাথে বলল। সে টিচার্স ট্রেনিং কলেজে বিএড করছে। ভাস্করের কাছে সব কিছু ধাঁধাঁর মত লাগছিল। রেহানা ম্যাডামের সাথে তার এক দিনের পরিচয়। সেই পরিচয় এই পরিবারে এতটা ব্যাপ্তি লাভ করার কারণ সে বুঝে উঠতে পারল না। বসার ঘরে চার জোড়া চোখের লক্ষ্যবস্তু সে একা। চারজনই ভাস্করকে সামনে রাখা খাবার খেতে তাগাদা দিচ্ছিল। শায়লা এও বলল যে তাকে দুপুরের খাবার খেয়ে যেতে হবে।

সেবার ভাস্কর ময়মনসিংহে ছিল দশ দিন। রেহানা ম্যাডামের বাসায় সে আরো কয়েকবার গিয়েছিল। ম্যাডামের মা-বাবার সাথেও দেখা হয়েছে। তারা স্মিত হেসেছেন। তবে বাসায় কোন ছেলে মানুষ তার চোখে পড়েনি। ভাস্কর অনেকবার ভেবেছে যে তাকে ঘিরে রেহানা ম্যাডামসহ চার বোনের এত আগ্রহের কারণটা কী হতে পারে। তার মস্তিষ্ক অস্বাভাবিক কোন কিছুর পক্ষে সায় দেয়নি। বয়সেও সে চার বোনের চেয়ে বেশ ছোট। আবার ভাস্করকে দিয়ে তাদের কোন বৈষয়িক স্বার্থ উদ্ধারেরও কোন সুযোগ নেই। তাহলে? রেহানা ম্যাডাম ও তার বোনেরা ভাস্করের মাঝে কার ছায়া দেখেছেন? আর যাকে নিয়ে তারা রীতিমত লুতুপুতু খেলছে সে তো এখন আর তাদের কাছে ছায়া নেই। ছায়া ইতোমধ্যে কায়া হয়ে চার বোনের হাতের মুঠোয় ধরা দিয়েছে। একদিন রেহানা ম্যাডাম বাসায় ছিলেন না। ছিল শুধু শায়লা। তাই ভাস্কর চলে আসছিল।

‘আপু নেই তো কী হয়েছে? আমরা তো আছি। বস।’

শায়লার কথায় ভাস্কর বসল। তারপর সেই একই আন্তরিকতায় আপ্যায়ন। ঢাকার মেসে ভাস্কর কী খায় না খায়, কলেজ কেমন লাগে, কত দিন পর পর বাড়ি যায়। আরো অনেক কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করল শায়লা। মেয়েটা ভাস্করের সাথে স্বভাব সুলভ দুষ্টুমি করেও মজা পায়। তারপরও ভাস্করের কখনো মনে হয়েছে তার সাথে শায়লার আচরণ রেহানা ম্যাডামের আচরণের মতই যেন অভিভাবক সুলভ।