২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এম এন রায়: মেক্সিকো-প্রবাসের স্মৃতি-৬

নিবন্ধগুলো সম্পর্কে সমাজতন্ত্রী দলের নেতার উৎসাহের কারণ ছিল, তাঁর জানামতে এই প্রথমবারের মতো কেউ ভারতকে স্বপ্নভূমি নয়, বরং তাঁর নিজের দেশের মতোই আরেকটি দেশ হিসেবে চিহ্নিত করল।

প্রিসিলা রাজ প্রিসিলা রাজ

Published : 12 Dec 2023, 08:49 PM

Updated : 12 Dec 2023, 08:49 PM

ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার আরবেলিয়া গ্রামে শাক্ত ব্রাহ্মণ ভট্টাচার্য পরিবারে ১৮৮৭ সালে জন্ম নরেন্দ্রনাথের যিনি পরে এম এন রায় হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট বিপ্লবী ও তাত্ত্বিক মানবেন্দ্রনাথ রায়ের সমধিক পরিচিতি উদার মানবতাবাদের (radical humanism) তাত্ত্বিক ও প্রবক্তা হিসেবে। বিপ্লবী জীবনে তাঁকে বহু ছদ্মনাম নিতে হয়েছিল। ১৯৫৪ সালের ২৫শে জানুয়ারি প্রয়াত হন এই মনিষী।

মেক্সিকো সফর তার জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনা। এক অর্থে তার রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে যেমন, তেমনি এই দেশের রাজনৈতিক ইতিহাসেও মানবেন্দ্রনাথের মেক্সিকো-সফর বড় ধরনের বাঁক হিসেবে চিহ্নিত হয়ে আছে। ইংরেজিতে লিখিত তাঁর স্মৃতিকথা Memoirs ১৯৬৪ সালে দিল্লী থেকে প্রকাশিত হয়। ৬২৮ পৃষ্ঠার এই দীর্ঘ স্মৃতিকথার শতাধিক পৃষ্ঠা জুড়ে রয়েছে মেক্সিকো বাসের রোমাঞ্চকর ও ঘটনাবহুল স্মৃতি। মূল গ্রন্থের ৫ম অধ্যায় থেকে ২৯ অধ্যায় পর্যন্ত বিস্তৃত সেই স্মৃতিচারণ। স্মৃতিকথার এই নির্বাচিত অংশ কলামিস্ট অনুবাদক প্রিসিলা রাজ-এর অনুবাদে ধারাবাহিকভাবে বাংলা ভাষায় প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে। আজ থাকছে মেক্সিকো সফরের ষষ্ঠ পর্ব। এই অনুবাদে মূল বইয়ের পর্ব-বিন্যাস অনুসরণ ও উল্লেখ করা হয়েছে।

মেক্সিকোর রাজনীতিতে সমাজতন্ত্র

আমার সময়ে মেক্সিকোয় কোনো রাজনৈতিক দল ছিল না। অসংখ্য দল রাজনৈতিক ক্ষমতার জন্য লড়াই করছিল। কিন্তু সবগুলো দলই ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হতো। এসব ব্যক্তি অধিকাংশই আবার সামরিক বাহিনীর লোক। মাদেরোই একমাত্র বেসামরিক ব্যক্তি যিনি ১৯১১ সালে স্বল্প সময়ের জন্য রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। সব বিদ্রোহী বা নেতাই নিজের নিজের কর্মসূচি দিতেন। চেষ্টা করতেন সাধারণ জনগণকে নিজের নিজের পতাকাতলে সমবেত করতে। লক্ষণীয়, সবার কর্মসূচির মধ্যেই কৃষি সংস্কার বিষয়ে কিছু না কিছু প্রস্তাব থাকত। জমি বিতরণের কথা অনেকের কর্মসূচিতেই দেখা যেত।

দেশের ৯০ শতাংশ মানুষ জমিদার-জোতদারদের জমিতে শর্তাবদ্ধ হয়ে বাস করত। সাধারণ মানুষের বছরভরা দারিদ্র্য এবং ভূমিমজুরদের একটা বিরাট অংশের মৌসুমী দারিদ্র্য সৈনিকের পেশাকে লোভনীয় করে তুলেছিল। এর ফলে বিদ্যমান শাসকের বিরুদ্ধে যে কোনো আন্দোলন সেনাবিদ্রোহের রূপ নিত। একই কারণে বিরোধী নেতারা হয় সেনাবাহিনীর লোক ছিলেন, নয়তো নিজেদের জেনারেল বলে পরিচয় দিতেন যা ভবিষ্যতের সৈনিকদের মধ্যে আবেদন সৃষ্টি করত। আর সে কারণেই ভূমিক্ষুধার্ত ও বেকার কৃষিমজুরদের জমি বিতরণের কথা বলে দারুণভাবে কাছে টানা যেত।

বছরের পর বছর জুড়ে চলা গৃহযুদ্ধ এবং বেশ কিছু খ্যাতনামা নেতাসহ বিদ্রোহী দলগুলোর ডাকাতি করে বেড়ানো এখানকার মধ্যবিত্তদের মধ্যে শিক্ষিত ও প্রগতিশীল অংশটিকে বীতশ্রদ্ধ করে ছেড়েছিল। বড় ধরনের কৃষি সংস্কার যে জরুরি তাদের মধ্যে অনেকেই গভীরভাবে অনুভব করত। কিন্তু রাজনৈতিক ক্ষমতার জন্য লালায়িত জেনারেলদের সশস্ত্র লড়াই থেকে তারা সযত্নে নিজেদের সরিয়ে রাখত। ‘বিপ্লব’ ও ‘বিপ্লবী’ দু’টো শব্দেরই খুব কুখ্যাতি জুটেছিল। শিক্ষিত মধ্যবিত্তের বৃহৎ অংশটিই এ ব্যাপারে বীতশ্রদ্ধ ও সহানুভূতিহীন হয়ে পড়েছিল। মূলত এ কারণেই মেক্সিকোয় কোনো রাজনৈতিক দল গঠিত হতে পারেনি।

ক্ষমতার লড়াই বা কর্তৃত্ব দখলের লড়াইয়ে ব্যস্ত দলগুলোর নাম হতো তাদের নেতাদের নামে। যেমন, তৎকালীন শাসক কাররান্সার অনুসারীদের নাম ছিল ‘কারান্সিস্তাস’, প্রধান দুই বিরোধী পক্ষের নাম - সাপাতিস্তাস ও বিইয়্যিস্তাস - সবই স্ব স্ব নেতাদের নামে। এদের সক্রিয় অনুসারীরা প্রথমত সেনাবাহিনী ও দ্বিতীয়ত ছোট ছোট সশস্ত্র বিদ্রোহী দলের নেতা - মূলত এই দুই ক্ষেত্র থেকে আসত।

১৯১১ সালে বিপ্লব সংঘটিত হওয়ার পরে কাররান্সাই প্রথম শাসক যিনি মোটামুটি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন এবং একটি সাংবিধানিক শাসনতন্ত্র কায়েম করতে সক্ষম হয়েছিলেন। এই শাসনতন্ত্রের কর্তৃত্ব দেশের বেশিরভাগ অংশে স্বীকৃতি পেয়েছিল। ১৯১৬ সালে প্রজাতন্ত্রের সংবিধান প্রণয়নের লক্ষ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আহ্বান করা হয়। এর ফলে সংসদও গঠন করা হয় যার সদস্যগণ নিয়মিত মিলিত হতেন। ক্রমান্বয়ে সংবিধানের আওতায় প্রণীত আইনসমূহ বলবৎ করার মাধ্যমে বিভিন্ন বিষয়ে জারিকৃত অন্তবর্তীকালীন বিপ্লবী সরকারের ডিক্রিগুলোকে বাতিল করা হচ্ছিল। দেশের জাতীয় সংসদের নিম্নকক্ষে ১ ভিন্ন ভিন্ন দল ছিল ঠিকই তবে সেগুলো রাজনৈতিক দল নয়। সংখ্যাগরিষ্ঠ দলটি ‘কাররান্সিস্তাস’ বলে পরিচিত ছিল। আরেকটি দল আবার নিজেদের ‘সমাজতন্ত্রী’ বলে পরিচয় দিত। উকিল, শিক্ষক, ডাক্তার এসব পেশাজীবীদের সমন্বয়ে গঠিত দলটি ছিল মূলত উদার বুদ্ধিজীবী এবং অতটা সঙ্ঘবদ্ধও নয়। এরা বিরোধী দল ছিল না। এদের কিছু সদস্য আবার নিজেদের ‘কাররান্সিস্তা’ বলেও পরিচয় দিত, অর্থাৎ এরা ক্ষমতাসীন দলের সমর্থক ছিল। এদের একজন ছিলেন নিম্নকক্ষের স্পিকার। মেক্সিকোর সংবিধান আমেরিকার সংবিধানের অনুরূপ। এর ফলে সরকারের সদস্যরা সংসদে বসতেন না। রাষ্ট্রের নির্বাহীর তাই আইন পরিষদের কাছে দায়বদ্ধতা ছিল না। এর ফলে সংসদে এক ধরনের অবাস্তব পরিবেশ বিরাজ করত। তবে সরকারের বিসামরিকীকরণের কাজ বেশ কিছু ক্ষেত্রে সম্পন্ন হয়েছিল। পররাষ্ট্র, অর্থ, শিক্ষা ও জনস্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন বেশ কয়েকজন নামজাদা বেসামরিক ব্যক্তি।

বামপন্থী রাজনীতির অবস্থাও ছিল একইরকম আকারহীন এবং অসংগঠিত। নৈরাজ্যবাদী ও সিন্ডিকেটবাদী ২ আবেগের দ্বারা ভরপুর। বস্তুত, সেসময় সব লাতিন দেশেই বামপন্থী রাজনীতির অবস্থা এরকমই ছিল। তবে আরো কিছু খোঁজখবরের পর জানতে পেলাম মেক্সিকোয় সত্যি সত্যি একটা সমাজতন্ত্রী দল আছে (সোশ্যালিস্ট পার্টি)। এরা সংসদ সদস্য নয়। এরাও নিজেদের সমাজতন্ত্রী বলে পরিচয় দিত। এর আইনজীবী নেতাটি আবার সংসদীয় নিম্নকক্ষের স্পিকারের ব্যক্তিগত বন্ধু।

মেক্সিকোতে কয়েক মাস পার করার পর আমার স্প্যানিশটা যখন মোটামুটি সড়গড় হয়ে এসেছে এবং মোটামুটি চলনসই কথাবার্তা বলতে শিখে গেছি, একদিন সমাজতন্ত্রী দলের অফিসে গিয়ে উপস্থিত হলাম। উদ্দেশ্য ছিল সিংহকে তার ডেরায় গিয়ে দাড়িসুদ্ধ ধরা। নেতা ইগনাসিও সান্তিবানঞেসের ছোটখাটো সাধারণ বাড়িটিই ছিল সমাজতন্ত্রী দলের অফিস। ঈষৎ লম্বা, কালোর ওপর সাদার পোঁচ দেওয়া শ্মশ্রুশোভিত মুখ ভদ্রলোকের। সমাজতন্ত্রের নবীকে নকল করার চেষ্টা বোধহয়। নিজের পরিচয় দিলাম। একজন ভিনদেশী আগন্তুক এই দেশের বিপ্লবী সমাজতন্ত্রী আন্দোলন সম্পর্কে জানতে-শুনতে আগ্রহী। উনি জানতে চাইলেন এল পুয়েবলোর অসাধারণ নিবন্ধগুলো আমিই লিখেছি কিনা। (উচ্ছ্বসিত বিশেষণের ব্যবহার স্প্যানিশ ভাষার বৈশিষ্ট্য। সুতরাং তাঁর এই প্রশংসাকে আক্ষরিক অর্থে নেওয়ার সুযোগ নেই)। আসলে ওসব নিবন্ধের বিষয়বস্তু কী হওয়া উচিত তা ঠিক করা নিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম। নিজের সুবিধামতো তার সমাধানও করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, লেখাগুলোর দৌলতে শহরের পাঠককুলের মধ্যে সবচেয়ে চিত্তচর্চাকারী ও প্রগতিশীল অংশটির কাছে আমার পরিচয় পৌঁছে গেছে। এটাই চেয়েছিলাম অবশ্য।

লেখার বিষয়বস্তু নিয়ে যখন ভাবছিলাম তখন নিউইয়র্কে লালা লাজপত রায়ের ভাষণ মনে পড়ে গিয়েছিল। অন্যদিকে মেক্সিকোয় পা রাখার পর নিজের যে অভিজ্ঞতা হয়েছিল তাও মনে পড়েছিল। এখানকার শিক্ষিত মধ্যবিত্ত ভান করে যেন তারা রহস্যে ঘেরা ভারত সম্পর্কে জানতে কত না আগ্রহী। কিন্তু আমার তো বলার আগ্রহ অন্য বিষয়ে। আমি যে তাদেরকে বলতে চেষ্টা করলাম ভারত মোটেই স্বপ্ন ও সৌন্দর্য্যের লীলাভূমি না, বরং নিরস ও দারিদ্র্যভরা এক দেশ, সেটা তাদের মধ্যে কোনো ঔৎসুক্যই জাগাল না।

তখন পর্যন্ত মেক্সিকোর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীটির সঙ্গে আমার পরিচয় মূলত লা মুহের মদের্নার পারিষদবর্গের মধ্যেই সীমাবদ্ধ ছিল। একটা ছোট দলের দৃষ্টিভঙ্গীকে সকলের দৃষ্টিভঙ্গী বলে ভাবাটা ঠিক নয়। কিন্তু ততদিনে একটা অস্পষ্ট বোধ হয়েছিল যে, দেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীটির রাজনীতিতে নিরুৎসুক অংশটির সমর্থন মিত্রবাহিনীর ৩ প্রতি। ফরাসি সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে তাদের একাত্মবোধই এর কারণ। ব্রিটিশবিরোধী সেন্টিমেন্টের প্রতি সমর্থন জানানোর অর্থ নিজেদের সাংস্কৃতিক একাত্মবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। বিষয়টি লাজপত রায়ের ৪ সঙ্গে উদারপন্থী আমেরিকানদের আচরণের কথা মনে করিয়ে দেয়। ব্রিটিশবিরোধী কোনো প্রচার-প্রচারণার অর্থ জার্মানিকে সাহায্য করা এই যুক্তিতে তারা নিজেদের সংবাদমাধ্যম ও মঞ্চ তাঁকে ব্যবহার করতে দেয়নি। তবে মেক্সিকোয় ব্রিটিশবিরোধী প্রচারণা চালানোর কোনো মানে ছিল না। মেক্সিকো যদি এর যৌক্তিকতা সম্পর্কে একমতও পোষণ করত তারপরেও এ বিষয়ে তাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না। তাছাড়া, মেক্সিকোর জনগণের দারিদ্র্যের বীভৎস রূপ ভারতের চেয়ে কোনো অংশে কম ছিল না। মেক্সিকোর জনগণের কাছে ভারতের দারিদ্র্য, তার কারণ ও ব্রিটিশদের শোষণের কথা বলা মানে মায়ের কাছে মাসির গীত গাওয়া। বস্তুত, মেক্সিকোতে এসেই আমার একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি ঘটল, চীনে থাকতে যা বুঝতে পারিনি। সেটা হচ্ছে, জাতীয় স্বাধীনতা দেশের সব খারাপকে দূর করতে পারে না। এসব ভাবনা থেকে মাথায় একটা প্রশ্নও এল ভারতবর্ষের ইতিহাসকে আরো ভালভাবে বোঝার ক্ষেত্রে যেটা একটা সূত্র যোগাল। গত এক হাজার বছরের ইতিহাসে ভারত বহিঃশত্রুর আক্রমণে কেন বারবার ক্ষতবিক্ষত হয়েছে? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর পেতে শুরু হলো আমার অভিযান। সেই অভিযানই আমাকে নিয়ে গেল “ভারত আবিষ্কারের” পথে। এক্ষেত্রে মার্কসবাদ খুব কাজে দিলো যদিও এ সম্পর্কে আমার তখনকার জ্ঞান ছিল একেবারেই ভাসাভাসা। নিবন্ধগুলোতে ভারতের অতীত ও বর্তমান সম্পর্কে যে চিত্রটি তুলে ধরেছিলাম তা ছিল শ্রেণী সংগ্রামের দৃষ্টিভঙ্গীর ওপর ভিত্তি করে তৈরি বিশ্লেষণ। ভারতের জনসাধারণের দারিদ্র্য ব্রিটিশ ও সামন্ত প্রভুদের অর্থনৈতিক শোষণের ফল। ভারতের জনসাধারণের মুক্তি অতএব শুধুমাত্র ব্রিটিশ শাসকের উৎখাতের মধ্য দিয়ে অর্জন করা যাবে না। এজন্য বিদেশী রাজনৈতিক শাসনের সামাজিক ভিত্তি যে সামন্ত-পিতৃতান্ত্রিক ব্যবস্থা তারও বিনাশ ঘটাতে হবে। এক্ষেত্রে অনিবার্য উপসংহার হচ্ছে, কেবল জাতীয় স্বাধীনতা অর্জিত হলে হবে না, ভারতের প্রয়োজন পূর্ণ সামাজিক বিপ্লব।

নিবন্ধগুলো সম্পর্কে সমাজতন্ত্রী দলের নেতার উৎসাহের কারণ ছিল, তাঁর জানামতে এই প্রথমবারের মতো কেউ ভারতকে স্বপ্নভূমি নয়, বরং তাঁর নিজের দেশের মতোই আরেকটি দেশ হিসেবে চিহ্নিত করল। দলের অন্য সদস্যরাও নিবন্ধগুলো পড়েছেন এবং তাঁকে অনুরোধ করেছেন লেখককে যেন পার্টির কোনো সভায় বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়। কোনো বুর্জোয়া পত্রিকায় লেখাগুলো প্রকাশ হওয়া উচিত হয়নি বলেও মত প্রকাশ করলেন। তাঁদের ভূয়সী প্রশংসার জন্য প্রচুর ধন্যবাদ জানিয়ে বললাম তাঁরা আমাকে পত্রিকার সম্পাদক মারফত যোগাযোগ করতে পারতেন। উঁহু, একজন সমাজতন্ত্রী কোনো বুর্জোয়ার কাছ থেকে কিছুমাত্র সাহায্য চাইতে পারে না। যাই হোক, এই যে আমাদের দেখা হলো এটাই আন্তর্জাতিক সমাজতন্ত্রী বিপ্লবের যোদ্ধাদের ঐক্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এ ঐক্য টুটা কখনও সম্ভব নয়, জানালেন তিনি।

Image

আলোকচিত্র

মনে হলো যেন স্বয়ং কার্ল মার্কসের সামনে বসে আছি। দাড়িতে সাদা শার্টের সামনেটা ঢাকা পড়ে গেছে; শক্ত সেলুলয়েডের নেকব্যান্ড জীর্ণ কালো কোটের কলারটাকে ধরে রেখেছে; এক ক্রুদ্ধ বুদ্ধিজীবীর ব্যক্তিগত পাঠকক্ষের বিরস পরিবেশ - সবকিছু মিলিয়ে একজন অকার্যকর স্বপ্নদ্রষ্টার করুণ বিশ্বাস ও উদ্দীপনার উপযুক্ত পরিবেশ। বিষয়টি আমাকে সত্যি নাড়া দিয়েছিল। বিশ্ব প্রলেতারিয়েতের ঐতিহাসিক ভূমিকা এবং অপরিমেয় ক্ষমতায় বিশ্বাস আমার তখনও গাঢ় হয়নি। তখনও বুদ্ধিবৃত্তিকভাবে বিষয়টি মেনে নিতে পারিনি। কিন্তু - মেক্সিকোর কার্ল মার্কসের প্রতীকী ব্যক্তিত্বের আবেদনের প্রভাব আমার নড়বড়ে বিশ্বাসকে শক্ত ও জোরালো করে তুলল।

চলে আসার আগে মেক্সিকোর সংসদের নিম্নকক্ষের স্পিকার সমাজতন্ত্রী দলের সদস্য কিনা কুণ্ঠাভরে জানতে চাইলাম। প্রলেতারিয়েত বিশ্বাসের শুদ্ধতার রক্ষকপিতা শিউরে উঠলেন। “আমরা বিপ্লবী পার্টি। সংসদীয় সংশোধনবাদে বিশ্বাস করি না আমরা।” “নিশ্চয়ই,” মুহূর্তমাত্র দেরি না করে একমত হই। “আমি ভেবেছিলাম উনি আপনাদের পুরানো পরিচিত হবেন।” এবার একটু নরম হলেন বৃদ্ধ। “ওহো, দন মানুয়েল! পেশাগত কাজের সূত্রে সে আমার সহকর্মী। বুর্জোয়া রাজনীতিক হলেও মানুষ ভাল। তার সঙ্গে দেখা করতে চান?” বিপ্লবী কাতারের বাইরের কারো সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে সহজেই অর্জিত খ্যাতি নষ্ট করতে চাচ্ছিলাম না। কিন্তু মেক্সিকোর কার্ল মার্কস দেখা গেল প্রলেতারিয়েত বিপ্লবের নবীর মতো অসহিষ্ণু বা বিদ্বেষপরায়ণ নন। দন মানুয়েলের সঙ্গে দেখা করার জন্য উনি আমাকে জোরই করলেন। ওঁর সঙ্গে কথা বলে সময়ও ঠিক করে দেবেন জানালেন। কিছুদিনের মধ্যেই অবশ্য জানতে পেলাম, তখনকার সময়ে কয়েকশ’ সদস্যের সোশ্যালিস্ট পার্টির প্রায় সকলেই গোঁড়া নৈরাজ্যবাদী এবং তাদের নেতাকে বুর্জোয়া সুবিধাবাদী বলে সন্দেহ করে। তাদের ধারণা গোপনে তিনি সংসদে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা লালন করেন।

কয়েকদিন পর রীতিমতো অবাক করা একটা চিঠি পেলাম। সমাজতন্ত্রী দলের নির্বাহী পরিষদের সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে চিঠিটি লেখা হয়েছে। বিষয়বস্তু নয়, চিঠির চেহারাটা ছিল অবাক করা। পুরানো টাইপরাইটারে লাল কালিতে লেখা চিঠিটা প্রথামাফিক শব্দাবলি নয়, শেষ হয়েছিল “সমাজতান্ত্রিক বিপ্লবের শুভেচ্ছা” এই অভিব্যক্তিতে। ডাকে আসা পত্রশেষে নামসই করার স্পষ্ট উদ্দেশ্য পত্রগ্রাহক যাতে নাম পড়তে না পারেন। বেশ কয়েকটি প্যাঁচে দারুণ অলঙ্কৃত; প্যাঁচগুলো আবার কাগজের শেষ পর্যন্ত পৌঁছে গেছে। এভাবে প্যাঁচ মেরে স্বাক্ষরে ঝঙ্কার আনা নাকি ওখানকার রীতি। আমার “একান্ত সচিব” সাহেব আমার স্বাক্ষরের নগ্নতা (এই শব্দটিই উনি ব্যবহার করেছিলেন) অবলোকন করে যারপরনাই পীড়িত বোধ করতেন। স্বাক্ষরে অন্তত কয়েকটি প্যাঁচ ও বৃত্ত যোগ করার ব্যাপারটা উনি আমাকে রীতিমতো শেখানোর চেষ্টা করতে লাগলেন। সইয়ে প্যাঁচপয়জার না থাকলে কাউকে নাকি বিশিষ্ট ব্যক্তি বলে মনে হয় না। বেচারি! খারাপ ছাত্রকে বাগে আনতে না পেরে ওনাকে শেষমেশ হাল ছাড়তে হয়। আমি আদৌ বিশিষ্ট ব্যক্তি কিনা সে প্রশ্ন নিশ্চয়ই তাঁর মনে জেগেছিল। সান্তনা দিতে তাঁকে বলেছিলাম তাঁর স্বাক্ষরের বিশিষ্টতাই আমার সইয়ের নগ্নতা মোচন করবে। আমার প্রত্যেক লেখা টাইপ করার পর তিনি সই দিতে কখনও ভুলতেন না। দু-তিনটি বৃত্ত বিশিষ্ট স্বাক্ষরটির অন্তে থাকত লম্বা প্যাঁচের লেজ যেটা কাগজের একেবারে কিনারায় গিয়ে ঠেকত।

পত্রে যেভাবে বলা ছিল, সান্তিবানঞেস নির্দিষ্ট দিন সন্ধ্যার দিকে উপস্থিত হয়ে আমাকে তাঁদের বৈঠকে নিয়ে চললেন। পার্টির সাধারণ সম্পাদকের বাড়িতে সভা। জায়গাটা কেতাদুরস্ত কোলোনিয়া রোমা পাড়া থেকে বেশ দূরে, শহরের আরেক প্রান্তে। নিজের কাপড়চোপড়ের ব্যাপারে বিব্রতবোধ তো ছিলই, চিন্তা হচ্ছিল আমার গায়ে লেগে থাকা বুর্জোয়া সমাজের গন্ধটাই না বিপ্লবের ভ্যানগার্ডদের কাছে বিবমিষার কারণ হয়ে দাঁড়ায়। পোশাক আর কীভাবে ছাড়ি? কিন্তু গায়ে আমার কোলোনিয়া রোমার যত গন্ধই থাক না কেন, সব উড়ে গেল প্রলেতারিয় বাতাসের ধাক্কায়। সব বড় শহরের মতো মেক্সিকোরও আলো ঝলমলে ও গাঢ় অন্ধকার, সুন্দর ও কুৎসিত, ধনী আর দরিদ্র অংশ ছিল। তবে মেক্সিকোর প্রাকৃতিক সৌন্দর্য্যের বৈভবে বৈপরীত্যটা চোখে ঠেকে খুব। হাসিমুখ প্রকৃতিকে থোড়াই কেয়ার মানুষের তৈরি কুৎসিত দারিদ্র্যের।

সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক পেশায় প্রিন্টার। তবে তিনি মজুরিদাস না। ফলে বেশ গর্বিত। একটা ছোট ছাপাখানার মালিক তিনি। ছাপাইযন্ত্র তাঁর বাসগৃহের একটি অংশে অবস্থিত। সে ঘরটিতে প্রবেশ করে জনাছয়েক লোককে বসে থাকতে দেখা গেল। সাধারণ সম্পাদকমশাই বছর তিরিশের বেশ শক্তপোক্ত গড়নের যুবক। বিদেশী আগন্তুককে তিনি স্বাগত জানালেন স্বাভাবিকভাবেই কিছুটা আড়ষ্ট ভঙ্গীতে। চার পৃষ্ঠার একটা প্রকাশনাও ধরিয়ে দিলেন। প্রকাশনার নাম ‘লা লুচা’। দলে মুখপত্র এটি। পুরো নাম - ‘দা লুচা দে লস ক্লাসেস’ (শ্রেণী সংগ্রাম)। উপস্থিত সকলের হাতে একটা করে কপি। আমাদের আসার আগে সকলে নিশ্চয়ই পড়ছিলেন ওটা। ভদ্রতার খাতিরে পত্রিকাটিতে চোখ বুলিয়ে নিলাম একবার। তখন আমার স্প্যানিশের যে অবস্থা তাতে অভিধানের সাহায্য নিয়ে ওটা পড়তে কয়েক ঘণ্টা তো লাগতই।

Image

আলোকচিত্র

বৃদ্ধ সান্তিবানঞেস আমার বিব্রতভাব লক্ষ করেছিলেন। নিজের বুর্জোয়া সহবতের দ্বারা আমার সাহায্যে এগিয়ে এলেন। লম্বা পরিচয়পর্ব শুরু হলো। নিজের পরিচয় দেওয়ার চেয়ে উপস্থিত সকলের পরিচয়ের বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করলাম। দলের নির্বাহী কমিটি নয় সদস্যবিশিষ্ট। সান্তিবানঞেস ও একজন স্কুলশিক্ষক ছাড়া সকলেই খাঁটি প্রলেতারিয়েত। সভায় উপস্থিত প্রত্যেকে মেক্সিকোর মিশ্ররক্ত জনগোষ্ঠীর একেকটি উত্তম নমুনা। সান্তিবানঞেস বললেন, এটা নির্বাহী পরিষদের কোনো আনুষ্ঠানিক সভা নয়। তাঁরা মূলত আমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে একত্রিত হয়েছেন। যথাবিহিত কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের সকলের সাধারণ লক্ষ্য অর্জনে কিছু ভূমিকা রাখার আশা ব্যক্ত করলাম আমি। পরনের অপ্রলেতারিয় পোশাকআশাকের দরুন আমার কুণ্ঠাভাব প্রকাশ হচ্ছিল নিশ্চয়ই, চোখটাও আপনাআপনি চলে গিয়েছিল সেদিকে। ব্যাপারটা ওঁদেরও চোখে পড়েছিল। ফুর্তিবাজ চেহারার মধ্যবয়স্ক একজন উঠে দাঁড়ালেন। মাথায় এক ঝাঁক কালো ঢেউ খেলানো চুলের জন্য হাবেভাবে বেশ চণ্ডাভাব প্রকাশ পাচ্ছিল ভদ্রলোকের মধ্যে। উনি এসে আমার কাঁধে দুই হাত রেখে বললেন, “আপনার পোশাকে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সকলেই এরকম পোশাক পরতে পারলে খুশি হই।” সকলেই হেসে উঠলেন এই কথায়। তারপর উঠে এসে বিব্রত অতিথিটিকে ঘিরে ধরলেন যাতে তিনি স্বস্তি বোধ করেন এবং উপস্থিত সবাইকে বন্ধু বলে অনুভব করেন। আমার এরকমই একটা অনুভূতি হলো।

চলে আসার আগে আবারও সঙ্কুচিতভাবে সান্তিবানঞেসের কাছে জানতে চাইলাম, কাছেই কোনো কফির দোকানে বসতে পারি কিনা আমরা। আবারও আমাকে স্বস্তি দিয়ে তাঁরা আমন্ত্রণ গ্রহণ করলেন। কাছেই এক চায়নাম্যানের কফির দোকান ছিল - এল চায়না। সেখানেই গেলাম আমরা। এখানেই পরবর্তীকালে জন্ম নিয়েছিল রাশিয়ার বাইরের প্রথম কমিউনিস্ট পার্টি। অর্থাৎ, এক বছর পরে যে স্থানটিতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ভাবনা প্রথম রোপিত হয়েছিল। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে সমাজতন্ত্রী দলের নেতাদের ঘোর নৈরাজ্যবাদী ও অন্ধ সিন্ডিকেটবাদী বিশ্বাস ও ধ্যানধারণার সঙ্গে লড়াই চালাতে হয়েছিল। রাতভর আলোচনা করে ভোরে চলে যেতাম এল চায়নায়। দোকানমালিক ঘুম ভেঙে উঠে বিরক্তি ও রাগের ভান করতেন। তারপর আমাদের নাস্তার আয়োজনে ঠিকই তাঁর ভাঁড়ার থেকে কফি আর নরম কেক বেরুত।

এল চায়নায় যাওয়ার প্রথম দিন থেকেই মার্কসবাদ বনাম নৈরাজ্যবাদ-সিন্ডিকেটবাদের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। সেদিন ওখানে উপস্থিত আরো কয়েকজন কোনো একটা বিষয় নিয়ে গরম গরম আলোচনা করছিল। একটা দৈনিক তাদের হাতে হাতে ঘুরছিল। সান্তিবানঞেস জানালেন সেদিনের সান্ধ্য দৈনিকে গরম খবরটা এসেছে। খবরটা হচ্ছে, কেরেতারো সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদ নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিরোধ চরমে উঠেছে। অনুচ্ছেদটিতে বলা হয়েছে, ভূগর্ভস্থ সকল সম্পদ রাষ্ট্রের সম্পত্তি। দুই দেশের বিরোধ এখন এমন পর্যায়ে যে শান্তিপূর্ণ উপায়ে সমাধান আর সম্ভব নয়। ফলে মার্কিন আগ্রাসন আসন্ন। আমরা সেই সন্ধ্যায় কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করিনি। আমিই সেদিন আলাপটা তুললাম। জানতে চাইলাম, বিপদটা যদি ঘটেই যায় সেক্ষেত্রে সমাজতন্ত্রী দলের অবস্থান কী হবে এবং সমূহ বিপদ ঠেকাতে, যদি বা সেটা আদৌ সম্ভব হয়, তাঁরা কী পরামর্শ দেবেন। সম্পাদকমশাই তীব্র স্বরে হেঁকে উঠলেন, “দুই বুর্জোয়া সরকারের কাজিয়ায় প্রলেতারিয়েতদের কী করার আছে? এ ব্যাপারে আমরা নিস্পৃহ।” বিপদ যদি সত্যি সত্যিই ঘটে যায়, অর্থাৎ দুই দেশের মধ্যে যদি যুদ্ধ বাধে, আর তার ফলে মেক্সিকোর স্বাধীনতা যদি হুমকির সম্মুখীন হয়, তখনও কি সমাজতন্ত্রী দলের অবস্থান একইরকম থাকবে? এ প্রশ্নের উত্তরে তাঁরা সমস্বরে “হ্যাঁ” বলে উঠলেন। খুব মুষড়ে পড়লাম। এই কি তবে সমাজতন্ত্র? কিন্তু তখনও যুদ্ধারম্ভের প্রস্তুতি ছিল না আমার। আলাপ শেষে উঠে পড়লাম সকলে। ফেরার পথে সান্তিবানঞেস মন্তব্য করলেন, “এটাই সমস্যা আমাদের। ওরা সকলে নৈরাজ্য-সিন্ডিকেটবাদী।” বৃদ্ধের কণ্ঠে বেদনা ও হতাশার ছোঁয়া টের পেলাম। সেই মুহূর্তে ওঁকে উৎফুল্ল করার মতো কিছু বলার ছিল না আমার। কিন্তু মনে মনে সমাজতন্ত্রের পক্ষে লড়াই চালানোর প্রতিজ্ঞা করলাম।

পাদটীকা

১. সংসদের নিম্নকক্ষ। বইটিতে সম্ভবত ভুলক্রমে সংসদের নিম্নকক্ষকে Camera de las Deputados বলে উল্লেখ করা হয়েছে। স্প্যানিশ ভাষায় এর আনুষ্ঠানিক নাম Camera de las Deputados (ইংরেজি: The Chamber of Deputies)। বাংলায় একে ডেপুটি-কক্ষ বলা যেতে পারে। মেক্সিকোর দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হয় ১৮২৪ সালের ৪ই অক্টোবর। এর উচ্চকক্ষটির নাম সিনেট (স্প্যানিশে: Senado de la República; ইংরেজি: Senate of the Republic)|

সূত্র: https://en.wikipedia.org/wiki/Chamber_of_Deputies_(Mexico)

২. সিন্ডিকেটবাদ (Syndicalism)। উৎপাদন উপকরণ ও বিতরণের মালিকানা ও নিয়ন্ত্রণ শ্রমিক ইউনিয়নগুলোর হাতে ছেড়ে দেওয়ার দাবিতে আন্দোলন। প্রুধোঁ এবং ফরাসী দার্শনিক জর্জেস সোরেল (Georges Sorel - ১৮৪৭-১৯২২) দ্বারা প্রভাবিত এই আন্দোলন ফ্রান্সে ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধে গড়ে ওঠে। এই আন্দোলন সবচেয়ে জোরদার ছিল ১৯০০ থেকে ১৯১৪ সালের মধ্যে। এসময় ফ্রান্স ছাড়াও ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রেও বেশ শক্তিশালী সিন্ডিকেটবাদী আন্দোলন গড়ে উঠেঠিল।

৩. মিত্রবাহিনী (Allies of the World War I or Entente Powers)। ফ্রান্স, যুক্তরাজ্য ও রাশিয়ার মিলিত বাহিনীকে মিত্রবাহিনী বলা হয়। এই বাহিনী প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়ার মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। যুদ্ধে মিত্রবাহিনীর জয় হয়।

লালা লাজপত রাই (Lala Lajpat Rai)। জন্ম ১৮৬৫ মৃত্যু ১৯২৮। ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক। মূল নাম লাজপত রাই। লালা একটি সম্মানসূচক অভিধা। পাঞ্জাবকেশরী তাঁর আরেকটি অভিধা। তিনি লাল-বাল-পাল নামে খ্যাত স্বদেশী আন্দোলনের নেতৃত্রয়ীর অন্যতম। লালা লাজপত রাই, বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল ১৯০৬-১৯১৮ ব্যাপী ব্রিটিশ পণ্য বয়কটকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বদেশী আন্দোলন এবং বঙ্গভঙ্গ রদ আন্দোলনের অন্যতম প্রধান নেতৃবৃন্দ ছিলেন। লাজপত রাই ১৮৬৫ সালের ২৮শে জানুয়ারি তৎকালীন পাঞ্জাবের ফরিদকোট জেলায় এক জৈন ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেন। বড় হয়ে তিনি আইন পড়েন এবং আইন পেশায় নিয়োজিত হন। পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাং কংগ্রেসে যোগ দেন। স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিতে আইন পেশা ও রাজনীতির বাইরে লাজপত রাই একাধিক পত্রিকায় লেখালেখিও করতেন। ১৯১৪ সালে আইন পেশা ছেড়ে তিনি স্বাধীনতা আন্দোলনে পুরোপুরি আত্মনিয়োগ করেন। এরপর ব্রিটেন হয়ে আমেরিকা চলে যান। ১৯১৭ সালে নিউইয়র্কে তিনি ইন্ডিয়ান হোম রুল অব আমেরিকা প্রতিষ্ঠা করেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ১৯২০ সালে। লালা লাজপত রাই হিন্দু সম্প্রদায়ের জাত প্রথা, অচ্ছ্যুৎ প্রথা এবং নারীর সামাজিক অবস্থান ও অধিকার বিষয়ে সামাজিক আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করতেন। ১৯২৮ সালে ব্রিটিশ শাসকরা ভারতের বিদ্যমান রাজনৈতিক অবস্থা বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য সাইমন কমিশন গঠন করে। এতে ভারতীয়দের প্রতিনিধিত্ব না থাকায় ভারতীয় দলগুলো একে ব্যাপকভাবে বয়কট করে। সে বছর ৩০শে অক্টোবর দলনেতা স্যার জন সাইমনের নেতৃত্বে কমিশন লাহোরে উপস্থিত হলে লালা লাজপত রাইয়ের নেতৃত্বে একটি অহিংস গণমিছিল বের হয়। কালো পতাকা নিয়ে “সাইমন, ফিরে যাও” শ্লোগানে মুখরিত মিছিলটিতে একপর্যায়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এতে গুরুতর আহত হন লাজপত রাই। আঘাতজনিত কারণে লাজপত রাই ১৯২৮-এর ১৭ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

সূত্র: https://en.wikipedia.org/wiki/Lala_Lajpat_Rai