২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল-মানস: যতীন সরকারের দৃষ্টিতে

কেউ ইসলামি গানের মধ্যেই নজরুলকে আবদ্ধ রাখতে চান, আবার কেউ নজরুলের শ্যামাসংগীতকে সামনে আনতে চান। নজরুল যে এসবের ঊর্ধ্বে উঠে পূর্ণমানবসত্তার জয়গান গেয়েছেন, সেই সত্য তুলে ধরেছেন যতীন সরকার। “নজরুলের বিদ্রোহ: সদর্থকতা ও সমগ্রতা” নামের প্রবন্ধে যতীন সরকার বলেছেন, “শুধু ‘বিদ্রোহী’ কবিতা নয়, নজরুলের সমস্ত সৃষ্টিই তো বিদ্রোহের বাণীরূপ।”

তপন বাগচী তপন বাগচী

Published : 27 Aug 2025, 01:33 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

তপন বাগচী

যতীন সরকার (১৯৩৬-২০২৫) পড়েছেন মফঃস্বলের কলেজ-বিশ্ববিদ্যালয়ে, পড়িয়েছেনও মফঃস্বলের কলেজে। কোনাদিন রাজধানীমুখো হননি। কেন্দ্রকেই তিনি নিয়ে গেছেন প্রান্তে। কেন্দ্রে না থেকেও যে গোটা দেশকে ধারণ করা যায়, যতীন সরকার তা দেখালেন একটি জীবন ব্যয় করে। প্রান্তে থেকে সৃজনশীল লেখক হিসেবে অনেকেরই প্রতিষ্ঠা। কিন্তু একেবারেই জেলা পর্যায়ে থেকে গবেষণা এবং মননশীল রচনার স্বাক্ষর রাখতে দেখি নেত্রকোণার যতীন সরকার, ময়মনসিংহের গোলাম সামদানী কোরায়শী আর কুষ্টিয়ার আবুল আহসান চৌধুরীকে। রাজধানী কিংবা নিদেনপক্ষে বিভাগীয় শহরে অবস্থান না করেও যে গবেষণা-পাণ্ডিত্যের প্রমাণ রাখা যায় যতীন সরকারই তার বড়ো উদাহরণ। পেশাগত জীবনে ছিলেন বেসরকারি কলেজের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক না-হয়েও যে জেলাশহরের বাসিন্দার পক্ষে চিন্তাশীল প্রবন্ধ লেখা যায়, যতীন সরকারই এর শ্রেষ্ঠ উদাহরণ। যে মানের গবেষণা করার কথা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের, সে মানের গবেষণা তিনি করে দেখিয়েছেন বেসকারি কলেজে অধ্যপনা করেও। জাতীয় অধ্যাপক না-হয়েও তিনি জাতির শিক্ষক হয়ে উঠেছেন নিজগুণে।  সমাজ, রাজনীতি ও সাহিত্যের বিচিত্র দিক নিয়ে আলোচনা-বিশ্লেষণেও তাঁর জুড়ি মেলা ভার। তিনি বামপন্থায় আস্থাশীল ছিলেন, সমাজকে দেখেছেন দ্বান্দ্বিক বস্তুবাদের দৃষ্টিতে। সাহিত্য বিশ্লেষণেও তিনি ভাববাদের কাছে নতজানু হননি। বস্তুবাদী দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছেন তিনি নজরুল-মানস বিচারেও।

কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) সাহিত্য-সমালোচক হিসেবে কিংবা নজরুলবিশেষজ্ঞ হিসেবে যতীন সরকারের নাম উচ্চারিত না হলেও নিয়মিত সাহিত্য-সমালোচনাসূত্রে তিনি নজরুলকে অঙ্গীকার করে নিয়েছেন। নজরুলমানস বিচারে তাঁর চিন্তাসূত্র খুঁজে পাওয়া যাবে সাহিত্যের কাছে প্রত্যাশা (১৯৮৫) ও সাঁকো বাঁধার প্রত্যয় (২০১৬) গ্রন্থের কিছু প্রবন্ধে এবং বাংলা কবিতার মূলধারা এবং নজরুল (২০১২) গ্রন্থে। নজরুল ইসলামের স্বকীয়তা অনুধাবন করে যতীন সরকার বলেছেন যে, নজরুলের উত্তরসাধক আসেননি। অর্থাৎ নজরুলের একাকি উদ্ভাসন, একাকি অভিযাত্রা, নিজের নিজের উত্তরাধিকার বহন করে চলেছেন। সাহিত্যের কাছে প্রত্যাশা গ্রন্থের ‘তাঁর রচিত নীল আকাশে’ প্রবন্ধে এরকম একটি ধারণার প্রকাশ ঘটিয়েছেন। নজরুকে তিনি রেনেসাঁ-চেতনার প্রাগ্রসর মানুষের মর্যাদা দিয়েছেন। তিনি মনে করেন, 

‘নজরুলের কাব্যে ঐতিহ্যমণ্ডিত, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও বিপ্লবী সারবত্তা বিদ্যমান। অতীত ও বর্তমানের সেতুবন্ধন করে যে পুরাণ-- তার শক্তি নজরুলের কবিতায় বিদ্যমান। এজন্যে হিন্দু পুরাণ ও ইসলামী পুরাণের বিভেদ রেখা তাঁর কবিতায় কখনো গড়ে ওঠে না। আর আধ্যাত্মিকতা-মুক্ত হয়ে তাঁর কবিতা হয়ে ওঠে সামষ্টিক আকাঙ্ক্ষার লৌকিক প্রতীক। এজন্যে নজরুলের কবিতায় বিপরীতের দ্বন্দ্ব দকখনো বিপ্রতীপ নয়, সমানুপাতী। এরই ফলে নজরুল রচিত নীল আকাশ একই সঙ্গে স্বচ্ছ ও বজ্রমণ্ডিত, উদার ও প্রাতিস্বিক, প্রেমময় ও নির্মম।’ 

যতীন সরকারের এই মূল্যায়ন কেবল মনগড়া উক্তি নয়, প্রকৃত বিচারেই যৌক্তিক এবং মান্য। বাংলা কবিতার মূলধারা এবং নজরুল গ্রন্থের “নজরুল: খাঁটি বাঙালি কবি” প্রবন্ধে যতীন সরকার নজরুল-মানসের দুটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তা হলো--

এক. নজরুল লোককবিদের খাঁটি বাঙালিত্ব নিজের সমগ্র সত্তায় ধারণ করেছেন। 

দুই. তিনি হিন্দু-মুসলমান উভয়ের ধর্মীয় ঐতিহ্যকে তাঁর মধ্যে গ্রহণ করেছেন। 

এই বিবেচনার মধ্য দিয়ে নজরুলকে তিনি ‘খাঁটি বাঙালি কবি’ হিসেবে অভিষিক্ত করেছেন। যতীন সরকারের এই মূল্যায়ন যথার্থ। “অখণ্ড নজরুলের খণ্ডীকরণ” প্রবন্ধে নজরুলের খণ্ডিত মূল্যায়নের প্রতিবাদ করেছেন। তিনি বলেন, 

“স্বাতন্ত্র্যবাদী মুসলমানরাও নজরুলের খণ্ডীকরণেই প্রবৃত্ত হলেন, তাঁর সাম্প্রদায়িকতা-বিরোধী বাঙালি সত্তাটিকে আড়াল করে তাঁকে ‘মুসলিম পুনর্জাগরণের কবি’ বলে প্রতিনিয়ত প্রচার করে চললেন।”

কেউ ইসলামি গানের মধ্যেই নজরুলকে আবদ্ধ রাখতে চান, আবার কেউ নজরুলের শ্যামাসংগীতকে সামনে আনতে চান। নজরুল যে এসবের ঊর্ধ্বে উঠে পূর্ণমানবসত্তার জয়গান গেয়েছেন, সেই সত্য তুলে ধরেছেন যতীন সরকার। “নজরুলের বিদ্রোহ: সদর্থকতা ও সমগ্রতা” নামের প্রবন্ধে যতীন সরকার বলেছেন, “শুধু ‘বিদ্রোহী’ কবিতা নয়, নজরুলের সমস্ত সৃষ্টিই তো বিদ্রোহের বাণীরূপ।” এই বিদ্রোহের স্বরূপকেও তিনি চিহ্নিত করেছেন যুক্তির মাপকাঠিতে। তিনি বলেছেন, ‘তাঁর বিদ্রোহকে অনেকেই দেখেছেন একমাত্রিক রূপে, এর বহুমাত্রিকতা প্রায় সকলেরই নজর এড়িয়ে গেছে।’ এ-কারণেই নজরুল নিজে ‘বিদ্রোহী কবি’ আখ্যাটি সহজভাবে মেনে নিতে পারেননি। ১৯২৯ সনে কলকাতার এলবার্ট হলে তাঁকে যে সংবর্ধণা প্রদান করা হয়েছিল, সেই সংবর্ধণার ‘প্রতিভাষণ’-এর একস্থানে তিনি বলেছিলেন-- “আমাকে ‘বিদ্রোহী’ বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এ নিরীহ জাতিটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। তাড়া যারা খেয়েছে, অনেক আগে থেকেই মরণ তাদের তাড়া করে নিয়ে ফিরছে। আমি তাতে এক-আধটু সাহায্য করেছি মাত্র। এ-কথা স্বীকার করতে আজ আমার লজ্জা নেই যে, আমি শক্তিসুন্দর রূপ-সুন্দরকে ছাড়িয়ে আজো উঠতে পারিনি। সুন্দরের ধেয়ানী দুলাল কীটসের মতো আমারও মন্ত্র-- ÔBeauty is truth, truth is beauty.’ 

তিনি যে কেবল বিদ্রোহের জন্যই বিদ্রোহের কথা বলেননি, তাঁর বিদ্রোহ যে কেবল পুরনোকে ভাঙ্গার জন্য নয়, নতুনের সৃষ্টিই যে তাঁর মূল লক্ষ্য-- এ কথার স্পষ্ট অভিব্যক্তি তো তাঁর ‘বিদ্রোহী’ কবিতাতে আছে-- ‘আমি উপাড়ি’ ফেলিব অধীন বিশ্বে অবহেলে নবসৃষ্টির মহানন্দে।’ যতীন সরকার মনে করেন ‘বিপ্লবচেতনাকে তার সমগ্রতায় ধারণ ও প্রকাশ করতে পারেন যে-শিল্পী, তিনিই মহৎ শিল্পী।’ সেই বিচারে সমালোচক যতীন সরকার কবি কাজী নজরুল ইসলামকে মহৎ শিল্পী হিসেবে বিবেচনা করেন।

“মানবজমিনে চাষাবাদ, কবি নজরুল ও স্বাধীন বাংলাদেশ” প্রবন্ধে যতীন সরকার জানিয়েছেন যে কবি নজরুল ইসলাম ‘শ্রমিক-প্রজা-স্বরাজ-সম্প্রদায়’-নামক একটি রাজনৈতিক সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠন যে ইশতেহারে ‘নারী-পুরুষ-নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সাম্যের উপর প্রতিষ্ঠিত ভারতের পূর্ণ স্বাধীনতা-সূচক স্বরাজ্য লাভই এই দলের উদ্দেশ্য। [...] ভূমির চরম স্বত্ত্ব আত্ম-অভাব-পূরণক্ষম স্বায়ত্বশাসন বিশিষ্ট পল্লীতন্ত্রের উপর বর্তিবে-- এই পল্লীতন্ত্র ভদ্র শূদ্র সকল শ্রেণীর শ্রমজীবীর হাতে থাকিবে।’ --এরকম ঘোষণার ভেতর থেকেই নজরুলের চেতনায় বিদ্রোহের বীজ খুঁজে পাওয়া যায়। 

“উৎসবে বিপ্লবী শক্তির উদ্বোধন” প্রবন্ধে নজরুলের উৎসব-ভাবনার স্বরূপের সন্ধান করেছেন যতীন সরকার। তিনি বলেন: ‘কেবল সমাজ-বিপ্লবের মধ্য দিয়েই যে সকল উৎসবে সমাজের সকল মানুষকে সমান মর্যাদায় সম্মিলিত ও আনন্দমুখর করে তোলা যায়-- এমনটিই সারা অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন আমাদের বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম।’ যে নজরুল রমযানের শেষে খুশির ঈদের গান রচনা করেছেন তিনিই আবার কবিতায় লিখেছেন, ‘জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ/মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?’ অর্থাৎ নজরুল সকল রকমের শোষণ ও বঞ্চনার অবসান চেয়েছেন, সেটিই যতীন সরকার খুঁজে পেয়েছেন। 

সাঁকো বাঁধার প্রত্যয় গ্রন্থের “কথক মনীষী বিনয় সরকারের নজরুল মূল্যায়ন” প্রবন্ধে যতীন সরকার মনে করেছেন, ‘নজরুলের প্রতিভার ধর্ম ধরতে পেরেছিলেন অধ্যাপক বিনয় সরকার (১৮৮৭-১৯৪৯)’। বিনয় সরকারের ধারণায় নজরুল ছিলেন আধুনিক বাংলা কাব্যের যুগ প্রবর্তক। বিনয় সরকারে ভাষ্য মতে, ‘নজরুল কাব্যের প্রথম মুদ্দা বিপ্লব আর দ্বিতীয় মুদ্দা ভালবাসা।’ বিনয় সরকারের মূল্যায়নকে তুলে ধরার মধ্য দিয়ে নজরুলের প্রতি যতীন সরকারের প্রবল পক্ষপাতকেই প্রকাশ করেছেন। 

নজরুল-গবেষক না-হয়েও যতীন সরকার নজরুল-মূল্যায়নে যে স্বচ্ছ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন, তা নজরুল-গবেষক হিসেবে পরিচিত অনেক গবেষকই পারেনি। নজরুল-মূলায়নে যতীন সরকারের নির্মোহ দৃষ্টিকে মান্য করা যায়। কেবল মার্কসবাদী তাত্ত্বিক হিসেবেই যতীন সরকার যে সবিশেষ পরিচিতি, তা কখনো ম্লান হওয়ার নয়। ওই দৃশ্যের বাইরেও যতীন সরকারের দৃষ্টি প্রসারিত। নজরুলকে নিয়েও তাই যতীন সরকারের মূল্যায়নকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। নজরুলচিন্তা যতীন সরকারের সামগ্রিক সাহিত্যচিন্তার দিগন্তকে প্রসারিত করেছে। লাভ হলো এই যে, নজরুল-মানস আমরা দেখতে পেলাম যতীন সরকারের দৃষ্টিতে।