২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরে মওলা, তাঁর স্মৃতি অক্ষয় হোক

গোলাম মুরশিদ

Published : 21 Dec 2020, 09:19 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


কয়েক মিনিট আগে খবরটা শুনে আঁৎকে উঠলাম—মনজুরে মওলা আর নেই। শুনেছিলাম কোভিডের নজর পড়েছে তাঁর ওপর। কিন্তু ভাবিনি, সত্যিসত্যি তিনি চলে যাবেন। গত কদিনে কয়েকবার ফোন করেছি খবর পাওয়ার জন্যে, কিন্তু উত্তর পাইনি। খবর পাবো কী, ততো দিনে তাঁর কাছে চূড়ান্ত খবর পৌঁছে গিয়েছিলো।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে মনজুরে মওলাকে চিনতাম না। তারপর মফস্বলে পড়াতে গিয়ে তাঁকে চেনার সুযোগ গেলো আরও কমে। কিন্তু তাঁর মুখোমুখি হওয়ার সুবর্ণ সুযোগ এলো ১৯৮০ সালে। আমি তখন 'রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা' বইটা লিখি। বাংলা একাডেমী অমনি সেটা ছাপাতে রাজি হয়ে গেলো। সেই সুবাদে মওলা সাহেবের সঙ্গে পরিচয়। কথা বলে ভালো লাগলো। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে আমার কাজকম্মের খবর নিলেন। কোনো বড়ো কর্তা এর আগে আমার কাজের খবর নেননি। আমার প্রতি কোনো কৌতূহলও দেখাননি। তাই ভদ্রলোককে ব্যতিক্রমধর্মী ব্যক্তিত্বের মানুষ বলে মনে হলো। বস্তুত, আমার প্রতি একটা বন্ধুত্বের মনোভাব দেখেছিলাম তাঁর চোখেমুখে। বইটা ছাপানোর কাজে মাঝেমধ্যেই বাংলা একাডেমীতে যেতাম। তাঁর সঙ্গে দেখা হতো প্রায় প্রতিবারই। তারপর থেকে বহুবার দেখা হয়েছে তাঁর সঙ্গে। এমন কি, তিনি লন্ডনে গেলে আমাকে ফোন করতেন। আমি আড্ডা দিতে যেতাম।
মনজুরে মওলা ইংরেজি সাহিত্যে পাশ করে দাপুটে সিভিল সারভেন্ট হয়েছিলেন। সাহিত্যে তাঁর গভীর আগ্রহ ছিলো। সাহিত্য রচনায় তিনি কৃতিত্বও লাভ করেছিলেন। কবিতা এবং প্রবন্ধ লিখতেন। কর্মজীবনের চাপে তাঁর এ দুই পরিচয় খানিকটা ম্লান হয়েছিলো। পত্রিকা সম্পাদনার কাজও করেছেন। কিন্তু তিনি তাঁর সত্যিকার সৃজনশীলতার পরিচয় দেন বাংলা একাডেমী পরিচালনা করতে এসে।

মওলা সাহেব বাংলা একাডেমীতে এসে প্রথমেই এর প্রশাসন ব্যবস্থা ঢেলে সাজান। কর্মচারীদের সরকারী কর্মচারীর মর্যাদা দেন। বাংলা একাডেমীর তখন একটা দুর্নাম ছিলো যে, কর্মচারীরা যথাসময়ে অফিসে আসেন না, ঠিকমতো কাজ করেন না। তিনি সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। কিন্তু এ কাজ প্রশাসকের কাজ। কাজেই এটা অন্য কাউকে দিয়েও সম্ভব হতে পারতো। অপর পক্ষে, বাংলা একাডেমী থেকে তিনি যেসব বইপত্র প্রকাশের পরিকল্পনা করেন, তা থেকে তাঁর সৃজনশীলতার প্রমাণ পাওয়া যায়। যেমন, তিনি বিশ্বভারতীর 'বিশ্ববিদ্যা' সিরিজের মতো বিভিন্ন বিষয়ের সহজ এবং সংক্ষিপ্ত ১০১টি বই প্রকাশ করেন। কি ধরা যাক, ছোটদের অভিধান। এ রকম একটি অভিধান যে অত্যন্ত প্রয়োজনীয় এটা অনেকেই অনুভব করতেন। কিন্তু দুই বাংলার কোথাও থেকে এ ধরনের অভিধান প্রকাশিত হয়নি। তিনি বহু ছবি দিয়ে সহজ সরল ভাষায় বইটি রচনা করান তাঁর সহকর্মীদের দিয়ে। চমৎকার প্রকাশনা।

গোটা ফেব্রুয়ারি মাস ধরে এখন বাংলা একাডেমীর উদ্যোগে যে-গ্রন্থমেলা চলে, যে-মেলায় কেবল বই কেনা-বেচা হয় না, বরং যে-মেলা এখন আমাদের সাংস্কৃতিক জীবনের একটা প্রধান ঘটনায় পরিণত হয়েছে, যাতে যোগ দেবার জন্যে অনেকেই অপেক্ষা করে থাকেন, এমন কি, প্রবাসী বাঙালিরা দেশে যান, তাও প্রচলন করেন তিনি–'অমর একুশে গ্রন্থমেলা' শীর্ষক এক প্রসারিত ও সর্বজনীন চেতনার বাস্তবায়নের মাধ্যমে।

সত্যি বলতে কী, যে-মহাপরিচালকদের হাতে বাংলা একাডেমী একটা সত্যিকার জাতীয় প্রতিষ্ঠানের গৌরব লাভ করেছে, তিনি তাঁদের একজন। এ প্রসঙ্গে আরও দুজনের নাম উল্লেখ করতে বললে আমি যে-দুজনের নাম করবো, তাঁরা হলেন শামসুজ্জামান খান আর হারুন-উর রশিদ।

আজ একটা কথা মনে করে দুঃখ হচ্ছে যে, তাঁর শেষ কথাটা আমি রাখতে পারিনি। রবীন্দ্রনাথের দেড় শো বছর পূর্তি উপলক্ষে তিনি ১৫১টি বই প্রকাশ করার একটা পরিকল্পনা নিয়েছিলেন। এই বইগুলোর মধ্যে তিনি আমাকে একটি বই লিখতে অনুরোধ করেছিলেন। আমি তখন বেজায় ব্যস্ত একটা বই শেষ করার কাজে। কিছুতেই তাঁর অনুরোধ রক্ষা করা সম্ভব ছিলো না। আজ অনুশোচনা করছি। অনুশোচনা করছি, তাঁর অনুরোধ সত্ত্বেও তাঁর সম্পাদিত 'শ্রাবণ' সাহিত্য পত্রিকায় লিখতে পারিনি বলে। তাঁর স্মৃতি অক্ষয় হোক।