২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল বিশ্বনাগরিকের বিদায়-বিষাদ

তুষার দাশ

Published : 19 Nov 2020, 06:32 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


কবি কালীকৃষ্ণ গুহের আর্তি দিয়েই শুরু করা যাক্।

"ওহ্ দীপকরঞ্জন! এইমাত্র জানলাম। সারা জীবন যে কবিকে নিয়ে সব থেকে বেশি কথা বলেছি, সব থেকে বেশি লক্ষ রেখেছি, সব থেকে বেশি তর্ক করেছি, সেই কবি চলে গেলেন! ওঁর একটা গদ্যের বই দীপানের হাতে দিয়ে সেদিন বললাম, "এর একটি বাক্যও লিখতে পারতাম না।"

দীপকরঞ্জন আমাদের বন্ধু। কবি ও অনুবাদক। ছোট কবিতা আন্দোলনের এক প্রধান মুখ। কালীদার মতো আমিও দীপকের পোস্ট থেকে প্রথম বিষাদভরা সংবাদটি পাই। নিজে একটা এলোমেলো পোস্ট দেই অলোকরঞ্জনকে নিয়ে গভীর রাতে। আমার মনে হলো, আমি এক তরুণ কবির মৃত্যু সংবাদ জানলাম। গত চার দশক ধরে অবিরাম নানা প্রসংগে, বিশেষ করে বাংলা কবিতার প্রসংগ এলেই বা বিশেষ এক ভংগির গদ্যের কথা উঠলেই প্রধান হয়ে উঠতেন তিনি, তাঁর নানা লেখালেখির প্রসংগ। চল্লিশ বছর পর তাঁকে একেবারে কাছে থেকে দেখলাম, নিঃশ্বাস-দূরত্বে, তিনি আমার হাত ধরে আছেন, একান্ত আপনজনের মতো। দুয়েকটা আবেগী কথা হলো। স্মৃতিচিহ্ন নিলাম। জানতাম না তখনো, সেই প্রথম দেখাই হবে শেষ দেখা। ওই স্মারকগুলো আজ আরো বেশি করে বিঁধছে আমাকে।

বাংলা কবিতার দীর্ঘ ইতিহাসে যে দাপট পয়ার-মহাপয়ারের, পরবর্তী আধুনিক কালে যাকে আমরা চিনবো অক্ষরবৃত্ত নামে, যার আরো নানা নামের বাহার ছান্দসিকদের আনকূল্যে, মাইকেল-রবীন্দ্রনাথ-জীবনানন্দের অপার নির্মাণ-সন্তরণে যে ছন্দ আমাদের মস্তিষ্কে বরফ-পেরেক-গাঁথা হয়ে আছে, প্রায় আমাদের মুখের কথার কাছাকাছি, যার স্থিতিস্থাপকতার অপার মাতৃসুলভ ক্ষমতা আমাদের অধিকাংশ কবির প্রবহমান প্রেম, যে ছন্দে গড়ে উঠেছে বাংলা কবিতার অসামান্য সব স্মরণীয় কবিতা, কবিতার শরীর —তাকেই অনেকটা এড়িয়ে "মাত্রবৃত্তেও যে হিমালয় সমান কবিতা লেখা যায়", এই বিশেষ শেষ বাক্যটি কবি-বন্ধু মৃদুলের (দাশগুপ্ত) কাছ থেকে পাওয়া, অলোকরঞ্জনের অনেক স্মরণীয় কবিতা তা প্রমাণ।

বাংলা কবিতা পাঠে নিমগ্নদের স্মরণে থাকবে যে, তিরিশের আরো দুই প্রধান কবিও এই মাত্রাবৃত্তকে অনেকটা আপন করতে পেরেছিলেন। অলোকরঞ্জন একা হাতে সেটাকে এতদূর বিস্তৃত করেছেন যে, ওই ছন্দটার একক অধিপতি যেন তিনিই হয়ে উঠেছিলেন, বিশেষ করে ৫ মাত্রার চালে। তাঁর নিজের পথ তিনি আগেই কেটে রেখেছিলেন তাঁরই নিজের মতো করে। আমি তাঁর কবিতার ছন্দ নিয়ে কথা বলতে আজ অন্তত ইচ্ছুক নই। তাঁকে নিয়ে বরং স্মৃতির ভিতরে ঢুকতে চাই, যতটুকু মনে পড়ে।

কোলকাতার সেই সময়ের সাপ্তাহিক দেশ, যা আজ পাক্ষিক, কাভার স্টোরি করলো অলোকরঞ্জনকে "বিশ্বনাগরিক" অভিধা দিয়ে। ভেতরে তিন চার পৃষ্ঠার একটা লেখা। একজন কবি কীভাবে বিশ্বনাগরিক হয়ে ওঠেন, তারই এক চমৎকার চালচিত্র বিধৃত ছিলো ঐ রচনায়। এ ছাড়াও অলোকরঞ্জনকে নিয়ে ছোটো-বড়ো যে কোনো লেখা পেলেই দ্রুত পড়ে নিতাম। তাঁর নতুন কবিতার বই সংগ্রহ করার একটা প্রতিযোগিতা ছিলো আমাদের বন্ধুদের মধ্যে।

অলোকরঞ্জনকে, তাঁর কবিতাকে ভালোভাবে চিনিয়েছিলো কবি-বন্ধু মৃদুল দাশগুপ্ত। মৃদুলকে, তাঁর পুরোনো বইগুলো বই-বাজারে পাওয়া যায় না জানানোতে, মৃদুল আমাকে কবির প্রথম চারটি বই নিয়ে 'প্রমা'র করা কবিতাসমগ্র ১ম খণ্ড উপহার দিয়েছিলো ১৯৮৮র জুলাইয়ে। সেই বইয়ে পংক্তির পর পংক্তি নিম্নরেখ করে সেরা লাইনগুলো বেছেছিলাম ওই সময়গুলোতে, লিখবো বলে। পরে, কবি-বন্ধু গৌতম চৌধুরীও যুক্ত হলো কবির নানা বই উপহার দিয়ে, আমার প্রিয় কবিদের একজন জেনে, আমাকে অলোকরঞ্জনের বিষয়ে আলোকিত করার মিশনে। কবিকে নিয়ে করা কোলকাতার ছোট একটি পত্রিকার সংখ্যাও সংগ্রহ করতে পেরেছিলাম তখন। শুরুর লেখাটা ছিলো শঙ্খ ঘোষের। তারপর নানা কারণে আর এগুনো হয়নি।


আবার নতুন উদ্যমে শুরু করেছি কাজ। আর এরই মধ্যে মধ্যরাতে এলো কবির মহাপ্রয়াণ-বার্তা। একজন কবি শুধু কবিতা নয়, তার পাশাপাশি কবিতা ও নাটকের অনুবাদ, স্বখচিত একান্ত গদ্যে বাংলাভাষাকে, একক হারকিউলিয়ান শ্রমে সমৃদ্ধ করে গেছেন। যে মাইলস্টোনটি আজও বাংলা অনুবাদের ক্ষেত্রে বাতিস্তম্ভের মতো উত্তরপ্রজন্মকে অবিরত ইশারা-রহস্যে আহ্বান করে, সারা পৃথিবীর সেরা কবিদের অনেকের অনেক দ্যুতিময় কবিতা যে সংকলনে বাংলা ভাষায় ধৃত, যার জন্ম ১৯৭৫-৭৬ সালের দিকে, বন্ধু শঙ্খ ঘোষ যে গ্রন্থের সহঅনুবাদক, সেই অলোকসামান্য গ্রন্থ "সপ্ত সিন্ধু দশ দিগন্ত" নির্মাণের মূল কারিগর কিন্তু অলোকরঞ্জন। শঙ্খ ঘোষ এই বইয়ের পুরো কৃতিত্ব কিন্তু বন্ধু অলোকরঞ্জনকেই দিয়েছেন।

আসলে খুব এলোমেলো প্রসংগান্তর হচ্ছে। আমার বিক্ষিপ্ত মনে কবিকে, তাঁর স্মৃতিকে সম্মান জানাতে এটুকু নিবেদন। অলোকরঞ্জনকে নিয়ে বহু কথার বিস্তার সম্ভব। আমাকে বাংলা কবিতার দুজন কবি তাঁদের কাব্যগ্রন্থের নামের আলোয় শুরু থেকেই মুগ্ধ করে আসছেন। একজন অলোকরঞ্জন আর অন্যজন শামসুর রাহমান। এসব, আমরা বন্ধুরা নিজেদের আলোচনায় দিনযাপনের পদ্ধতির অন্তর্গত করে নিয়েছিলাম। আমরা অনেক কিছু সামনে হয়তো পাবো— পাবো, মুগ্ধও হবো, কিন্তু কোনো এক বাউল মনীষাসম্পন্ন কবির নতুন বই, বিশেষ করে কবিতাগ্রন্থের অপেক্ষায় থেকে থেকেও তাঁর আর গ্রন্থ পাবো না, শোনা যাবে না ভোরের হাওয়ার মুখে চকিত কোনো লঘু সংগীতের সুর। কিংবা শিউলি বা টিউলিপের স্নিগ্ধতা !!

বিদায় কবি ! প্রণাম !!