২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা গানে রবীন্দ্রনাথ (১)

গোলাম মুরশিদ

Published : 30 Oct 2020, 12:56 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ছবি: লন্ডনে রবীন্দ্রনাথ, ১৮৭৯
রবীন্দ্রনাথ কবি, গীতিকার, সুরকার, কথাসাহিত্যিক, চিত্রশিল্পী, নাট্যকার, দার্শনিক, শিক্ষাবিদ, আরও কতো কী। বস্তুত, তাঁর মতো বহুমুখী প্রতিভা নিয়ে আধুনিক বিশ্বে অন্য কেউ জন্মেছেন কিনা, সন্দেহ আছে। কিন্তু তাঁর সব পরিচয়ের মধ্যে সবচেয়ে বড়ো পরিচয় তিনি কবি। তা সত্ত্বেও, তাঁর কবিতা টিকে থাকবে কিনা, তাই নিয়ে বৃদ্ধবয়সে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এবং তাঁর আশঙ্কা ইতিমধ্যে আংশিকভাবে সত্য হয়েছে। তাঁর কবিতা এখনো শ্রেষ্ঠ, কিন্তু স্কুল-কলেজের পাঠ্যপুস্তকের বাইরে এখন কজন পড়ে তাঁর কবিতা? তবে তিনি আশা করেছিলেন যে, তাঁর ছোটোগল্প এবং গান টিকে থাকবে। তাই কি? তিনি মারা গেছেন প্রায় আশি বছর আগে। এরই মধ্যে কবিতার মতো তাঁর ছোটোগল্পেরও জায়গা হয়েছে পাঠ্যবইয়ে।
তাঁর গান অবশ্য এখনও শোনে অনেকেই। সত্যি বলতে কি, আগের তুলনায় এখন বেশিই শোনে। তাঁর গান যারা শোনে, তাদের কেউ কেউ জানেও না যে, এ গানগুলো তাঁরই রচনা। সিনেমায় তাঁর গান, নাটকে তাঁর গান, উৎসবে তাঁর গান, চলন্ত বাসে তাঁর গান। অনুষ্ঠানে অনুষ্ঠানে তাঁর গান। ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা, কেবল শোনে না, হারমোনিয়াম বাজিয়ে গানের মাস্টারের কাছে তাঁর গান শেখে, অথবা স্বরলিপি দেখেও শেখে। কিন্তু নজরুল ইসলামের গান অতো শেখে না। কারণ তাঁর গানে অনেক কারুকার্য। শেখা কঠিন। কেবল সারেগামা শিখে নজরুলগীতি শেখা যায় না।
চর্যাপদ থেকে ধরলে বাংলা গানের বয়স হয়েছে হাজার বছর। আর, শ্রীকৃষ্ণকীর্তন থেকে গুনলে প্রায় ছ শো বছর। এই দীর্ঘ ইতিহাসে বাংলা গানে রবীন্দ্রনাথের মতো অবদান অন্য কেউ রাখেননি। তাঁর অবদান কেবল তাঁর গানের সংখ্যা দিয়ে নয়। কারণ, তাঁর থেকেও বেশি গান লিখেছিলেন নজরুল ইসলাম। কীর্তন, শ্যামাসংগীত আর বাউল গানের পর রবীন্দ্রনাথই সত্যিকারের জনপ্রিয় বাংলা গান রচনা করেছিলেন। তারপর নজরুল ইসলাম। বাংলা গানের মূলমন্ত্রটি—গানের বাণী এবং সুরের সঠিক অনুপাত রবীন্দ্রনাথ আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। তা ছাড়া, তিনি বেঁধে দিয়েছিলেন গানের কাঠামো। এমন কি, হিন্দী গানেরও কাঠামো।
তাঁদের বাড়িতে যে-গুণী শিল্পীরা গান শেখাতেন, যেমন বিষ্ণু চক্রবর্তী, যদু ভট্ট প্রমুখ, তাঁরা গাইতেন সাধারণত ধ্রুপদ গান। আর, ব্রাহ্মসমাজও সেটাই চাইতো। ধ্রুপদ গান অর্থাৎ যে-গানে চারটি স্তবক থাকে। গানের পরিভাষায় যাকে বলা হয় 'তুক'। প্রত্যেক তুকে থাকে দুটি অথবা তিনটি পংক্তি। ধ্রুপদ হলো মোট আট কি দশ কি বারো পংক্তির একটি গান। খেয়াল গানে কথা থাকে দু-তিন পংক্তির। খেয়ালের সঙ্গে ধ্রুপদের আর-একটা পার্থক্য ধ্রুপদে খেয়ালের মতো তান থাকে না।
ছেলেবেলা থেকে রবীন্দ্রনাথ ধ্রুপদই শুনেছেন প্রধানত। শুনে-শুনেই সেসব গান অথবা গানের বৈশিষ্ট্য শিখে ফেলেছিলেন। রাগরাগিণীও সেভাবেই শিখেছিলেন। নয়তো গান তিনি বেশি দিন শেখেননি। বিষ্ণু চক্রবর্তীর কাছে রোববার করে কিছু দিন শিখেছিলেন। তবে একটুখানি গর্ব করে বলেছেন যে, হারমোনিয়াম টিপে টিপে গান শেখেননি, শিখেছিলেন তানপুরা কাঁধে ঝুলিয়ে। তিনি আরও লিখেছেন যে, তাঁদের বাড়িতে সকাল-সন্ধ্যায় গানের আসর বসতো। অতি অসাধারণ প্রতিভাবান মানুষ তো, তাই তিনি দূর থেকে শুনেই সেসব গান শিখে ফেলেছিলেন। নিজের গান শেখার কথা উল্লেখ করে তিনি বলেছেন যে, নিয়মিত শেখেননি বলে তাঁর গানের শিক্ষা পুরো অথবা পাকা হয়নি।
নানা সূত্র থেকে তিনি শিখেছিলেন। তার মধ্যে সবচেয়ে কাছ থেকে, সবচেয়ে নিবিড়ভাবে, সম্ভবত সবচেয়ে বেশি সময় ধরে শিখেছিলেন তাঁর ভাই জ্যোতিরিন্দ্রনাথের কাছ থেকে। আগেই বলেছি, জ্যোতিরিন্দ্রনাথের ছিলো গান সম্পর্কে মৌলিক এবং নতুন দৃষ্টিভঙ্গি। তিনি নিজে যে-গানগুলো রচনা করেননি, সে গানগুলো হয়তো বেরিয়েছিলো রবীন্দ্রনাথের হাত দিয়ে। তা ছাড়া, বিলেত-ভ্রমণের ফলে রবীন্দ্রনাথের সংগীত-ভাবনায় বিরাট প্রভাব পড়েছিলো। প্রায় সাড়ে সতেরো বছর বয়সে—১৮৭৮ সালের সেপ্টেম্বর মাসে—তিনি বিলেতে গিয়েছিলেন লেখাপড়া করে আইসিএস হবার জন্যে। প্রথম কয়েক মাস ছিলেন দক্ষিণ ইংল্যান্ডের ব্রাইটন শহরে। তারপর বছর খানেক লন্ডনে। শেষের প্রায় দশ মাস টাকা-দেওয়া-অতিথি হিসেবে তিনি থাকতেন ডক্টর জন স্কট নামে এক ভদ্রলোকের বাড়িতে। তাঁর তিনটি মেয়ে ছিলো—মেরী, ফ্যানি আর ল্যুসি। তার মধ্যে ছোটো মেয়ে ল্যুসি ছিলেন রবীন্দ্রনাথের চেয়ে ছ বছরের বড়ো। তার সঙ্গে রবীন্দ্রনাথের বেশ ভাব হয়েছিলো। রবীন্দ্রনাথ তাঁকে বাংলা শেখাতেন। আর ল্যুসি তাঁকে শেখাতেন গান।
বিলেতে থাকার সময়ে তিনি নানা ধরনের গানের সঙ্গে পরিচিত হয়েছিলেন। সেসব গান তাঁর ভালো লেগেছিলো। বিশেষ করে ভালো লেগেছিলো অপেরার গান এবং ফোক সং। বাংলায় অপেরাকে বলা যায় গীতিনাট্য। তবে বাংলায় যাকে পল্লীগীতি বলে, সেই গান এবং ফোক সং ঠিক এক নয়। ফোক সং হলো এক ধরনের কথাপ্রধান গান। সুরে সুরে আবৃত্তি করার মতো। এ গানে সুরটা মামুলি, কিন্তু এ গানের প্রাণ হলো তার বাণী। এই বাণী সাধারণত নস্টালজিক, স্মৃতি-জাগানিয়া। সম্প্রতি উভয় বাংলাতেও এ ধরনের গান শোনা যাচ্ছে, জনপ্রিয় হচ্ছে। ল্যুসি স্কট পিয়ানো বাজিয়ে রবীন্দ্রনাথকে ফোক সং শেখাতেন। এভাবেই তরুণ রবীন্দ্রনাথ জনপ্রিয় স্কটিশ এবং আইরিশ ফোক সং শিখেছিলেন। গান যতোগুলো শিখেছিলেন, তার থেকেও তাঁর ভালো লেগেছিলো এসব গানের বৈশিষ্ট্য—কথা ও সুরের অনুপাত।
দেশে ফিরে এসে তিনি এই গানগুলোর মধ্যে কয়েকটার সুরে গানও রচনা করেছিলেন। যেমন, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। এ গানটার মূল হলো স্কটিশ কবি রবার্ট বার্নসের লেখা একটা গান Auld lang syne … এর আক্ষরিক অর্থ হলো: 'পুরানো সেই দিন'। মূল গানটার সঙ্গে এ পর্যন্ত হুবহু মিল থাকলেও, পরে আর মিল নেই। 'ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়' গানটাও একই রকম—গোড়াতেই মিল, তার পরের কথাগুলো রবীন্দ্রনাথের নিজের। অন্য যে-গানগুলোর অনুকরণে তিনি গান রচনা করেছিলেন, সেগুলো সম্পর্কেও একই কথা বলা যায়।
কয়েকটা স্কটিশ এবং আইরিশ ফোক সং-এর অনুকরণে তিনি গান রচনা করেছিলেন, সেটা অবশ্যই এক ধরনের প্রভাব। কিন্তু তার থেকেও বেশি প্রভাব লক্ষ করা যায় তাঁর গানে ফোক সং-এর বৈশিষ্ট্যের। এই বৈশিষ্ট্য কথার। কথার প্রাধান্যের। আমরা যখনকার কথা বলছি, সেটা প্রায় দেড় শো/দুশো বছর আগের। তখনকার গানে কথা থাকতো কম, সুর থাকতো বেশি। যেমন আমরা উনিশ শতকের শুরুতে নিধুবাবুর গানে লক্ষ করেছি। কথা সংক্ষিপ্ত, এমন কি, সে কথার কাব্যমূল্যও বেশি নয়। কিন্তু সে গান ছিলো সুর, তান ও নানা অলংকারে সমৃদ্ধ।
বিলেতী গানের অভিজ্ঞতা নিয়ে রবীন্দ্রনাথ কলকাতায় ফিরে আসেন ১৮৮০ সালের গোড়ায়। ততোদিনে বাংলা গান আর নিধুবাবুর গানের মতো তিন-চার পংক্তির ছিলো না। আট-দশ পংক্তির হয়ে গিয়েছিলো। বিশেষ করে থিয়েটারের আর ব্রাহ্মসমাজের গান মোটামুটি প্রামাণ্য দৈর্ঘ্যে পৌঁছে গিয়েছিলো। রবীন্দ্রনাথ নিজেই বিলেত যাওয়ার আগে তার থেকে লম্বা গান লিখেছিলেন। কিন্তু ফোক সং শুনে আর শিখে গানের দৈর্ঘ্য সম্পর্কে তাঁর ধারণাটা পাকাপাকি হয়েছিলো। ধারণা হয়েছিলো কথার আবেদন সম্পর্কেও। থিয়েটারের গান অথবা ব্রহ্মসংগীত যাঁরা রচনা করেছিলেন, তাঁরা রবীন্দ্রনাথের মতো অতো বড়ো কবি ছিলেন না। তাই তাঁদের গানের কাব্যিক আবেদন তেমন বেশি ছিলো না। নজরুল ইসলামের গান সম্পর্কেও সাধারণভাবে এই মন্তব্য সঠিক। গান দ্রুত রচনা করে দেবার চাপ থাকায় নজরুলের বহু গানের বাণী উচ্চ মানের হতে পারেনি। রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন যে, বাংলা গানের প্রধান আবেদন তার কথায়, সুরে নয়। সে জন্যেই বাংলা গানের বিশেষ করে রবীন্দ্রসংগীতের বাজনা বাজালে তার সুরকে অতো খেলো মনে হয়।
হিন্দুস্থানী গান অর্থাৎ উত্তর ভারতের উচ্চাঙ্গ সংগীতের সঙ্গে কীর্তন গানের তুলনা করে তিনি বিষয়টাকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কীর্তন গানে সুর কিছু কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু তার প্রধান আবেদন তার কথায়। রবীন্দ্রনাথ তাঁর নিজের গান সম্পর্কে বলেছেন যে, প্রচলিত সংগীতের যেসব ধারা আছে, তাঁর গানকে তার কোনো একটার সঙ্গে মিল থাকতেই হবে, এমন কোনো কথা নেই। তাঁর গান, তাঁরই গান। তিনি স্বীকার করেছেন যে, তাঁর গান সুর ও বাণীর যুগল সম্মিলনের রচিত হয়েছে, তা কেবল কথা অথবা কেবল সুর নয়। তবে তাঁর মত হলো, তাঁর গানে বাণীর আবেদনই বেশি।

Image
SAMSUNG
ছবি: লন্ডনের গর্ডন স্কোয়ারে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি। এখানে থেকে দুশো মিটার দূরে ল্যুসি স্কটদের বাড়িতে রবীন্দ্রনাথ থাকতেন