বাংলা গানের নবজাগরণে ইউরোপের ভূমিকা
চিত্রকর্ম: ১৮৩২ সালে আঁকা ছবি। বাঁ দিকে দেখা যাচ্ছে কয়েকজন ইংরেজ দেশীয়দের গান শুনছে।
উনিশ শতকে বাংলা ভাষা-সাহিত্য-সংগীতের হঠাৎ যেন ঘুম ভেঙে গিয়েছিলো। তারপর সে প্রচণ্ড বেগে লাফিয়ে লাফিয়ে বিচিত্র পথে এগিয়ে যায়। আমরা এই জাগরণকে বলি বাংলার রেনেসন্স। কিন্তু শুনলে হয়তো বিশ্বাস হবে না যে, ঠেলা দিয়ে ঘুম ভাঙানোর এই কাজটা কোনো বাঙালি করেননি— করেছিলেন কলকাতায় বসবাসকারী কিছু ইংরেজ। যে-ইরেজরা দেশ দখল করে শাসন-শোষণ করছিলো, তাদেরই কয়েকজন আমাদের ঘুম ভাঙানোর এই কাজটা শুরু করেছিলেন। এই ইংরেজদের বলা হয় অরিএন্টালিস্ট বা প্রাচ্যবাদী।
এঁরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস, ভূগোল, সাহিত্য, সমাজকে নতুন করে আবিষ্কার করেছিলেন। বিশ্বাস করতে পারেন যে, যাঁর সাম্রাজ্য বিস্তৃত ছিলো হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত, সেই সম্রাট অশোককে পর্যন্ত ভুলে গিয়েছিলো তাঁর দেশবাসীরা? কিন্তু কথাটা সত্য। অশোক যেসব স্তম্ভ/স্তূপ নির্মাণ করেছিলেন, তার গায়ে অনেক কিছু লেখা ছিলো। তবে কী লেখা ছিলো, দেশীয়দের কেউ তা পড়তে পারেনি। ১৮৩৪ সালে তা পড়তে পারলেন প্রন্সেপ নামে একজন ইংরেজ পণ্ডিত।
প্রাচীন ভারতবর্ষের গানের কথাও খুঁজে বের করেন বিখ্যাত একজন ইংরেজ পণ্ডিত। তিনি আরও আবিষ্কার করেছিলেন যে, ইরেজি এবং বাংলা ভাষার জন্ম একই ভাষা থেকে। এই পণ্ডিতের নাম উইলিয়াম জোন্স (১৭৪৬-৯৪)। তিনিই ১৭৮৪ সালে কলকাতায় এশিয়াটিক সোসায়েটি স্থাপন করেন। তা ছাড়া, ঐ একই বছর তিনি প্রাচীন ভারতবর্ষের সংগীত নিয়ে একটি পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ রচনা করেন।
এরও আগে থেকে আমাদের সংগীতে ইউরোপের প্রভাব পড়তে শুরু করেছিলো—তবে একটু অন্যভাবে। সে প্রভাব গবেষণার ক্ষেত্রে নয়, বাস্তব জীবনে প্রভাব। শহরের গানের জলসায় গেলে তো কথাই নেই, এমন কি, গ্রামের কবিগানের আসরে গেলেও হয়তো এখন একটা বেহালা চোখে পড়বে। দেশী মিস্ত্রির বানানো, শস্তা। (এ পর্যন্ত সবচেয়ে বেশি দামে একটি বেহালা বিক্রি হয়েছে এক কোটি ষাট লাখ পাউন্ডে।) মোট কথা, আমাদের সংগীতে বেহালা এখন পরিণত হয়েছে একটা অত্যাবশ্যক যন্ত্রে। কিন্তু এই বেহালা এসেছিলো ইউরোপ থেকে। কবে, ঠিক জানা যায় না।
বেহালা শব্দটার উৎপত্তি পর্তুগীজ 'ভিওলা' থেকে। সতেরো, কি আঠারো শতকের কোনো এক সময়ে সেই ভিওলা এসেছিলো আমাদের দেশে। তার প্রমাণ আঠারো শতকের মন্দিরের গায়ে লাগানো পোড়া মাটির ফলকে ভিওলার খোদিত চিত্র। এ ছাড়া, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের বইতে 'বেহালা' শব্দটি পাওয়া যায় ১৮২৮ সালে—'ঝুমুরের গান গায় বেহালা বাজায়'। সেকালে সামাজিক যোগাযোগ ছিলো খুবই অপ্রতুল। তাই ঝুমুরের গানের আসরেও যদি 'বেহালা' দেখা দিয়ে থাকে, তা হলে এর অন্তত এক শো বছর আগে বঙ্গদেশে ভিওলা এসে থাকবে। তা ছাড়া, ভিওলা শব্দ বিবর্তনের মাধ্যমে বেহালা হতেও শ খানেক বছর লাগার কথা। পরে এই ভিওলা 'ভায়োলিন' নামেও এসেছিলো, তবে ইংরেজদের সঙ্গে।
বেহালা অতো আগে এসে থাকলেও, 'পিয়ানো' এসেছিলো ১৭৮০ সালের দিকে। পর্তুগীজদের সঙ্গে নয়. এসেছিলো ইংরেজদের সঙ্গে। অনেকে মনে করেন গবর্নর জেনারেল হেস্টিংস সঙ্গে করে এনেছিলেন। অবশ্য তিনি এনে থাকলে আরও বছর দশেক আগেই কলকাতায় পিয়ানোর আবির্ভাব হয়েছিলো। কারণ তিনি ছুটি কাটাতে স্বদেশে গিয়েছিলেন ১৭৬৯ সালে। তখন আরও একটা বাদ্যযন্ত্র এসেছিলো ইংরেজদের সঙ্গে। সেটা পিয়ানোর ছোটো সংস্করণ। নাম হার্পসিকর্ড।
সেকালে পিয়ানোর দাম ছিলো খুব বেশি। ফলে কেবল ধনীরাই পিয়ানো কিনতে পারতো। তা ছাড়া, বিলেত থেকে অতো বড়ো এবং ভারী একটা পিয়ানো নিয়ে আসতেও অনেক খরচ হতো। কলকাতায় পিয়ানো তাই একটা সামাজিক মর্যাদার প্রতীকে পরিণত হয়েছিলো। ইংরেজ বড়ো কর্তাদের স্ত্রীরা বসার ঘরে একটা পিয়ানো রাখাকে ফ্যাশন বলে গণ্য করতেন। পিয়ানো বাজাতে পারলে তো কথাই নেই। তবে কলকাতায় পিয়ানোর শিক্ষক পাওয়াও ছিলো কঠিন।
সেই কঠিন কাজটা করার একজন লোক কলকাতায় আসেন ১৭৮৭ সালে। তাঁর সঙ্গে আমাদের আগেই দেখা হয়েছে—গেরাশিম লেবেদেভ। ইতিপূর্বে তাঁর কথা বলেছি, প্রথম বাংলা জনমঞ্চ নির্মাণ এবং নাটক দেখানোর প্রসঙ্গে। তিনি এটা করেছিলেন এমন একটা সময়ে, যখন বাংলায় নাটক কথাটা ছিলো না। তাই তিনি বিজ্ঞাপনের হ্যান্ডবিলে লিখেছিলেন 'নাচ'।
[গবনর জানেরেল অনুমতি প্রমান
লেবেডেব মহাসএর নতুন নাচঘর ২৫ মোকাম ডোমটোলার পথে এক বাঙ্গালি নাচ সং বদোল নামে প্রকাস করাজাইবেক
কাল নাচ হইবেক এই মাহ ১৪ অগ্রহায়ন ইঙ্গরাজি ২৭ নবার বাঙ্গালি প্রকার রচনা হইয়াছে পুরুস এবং স্ত্রি ইহাতে নাচিবেন বেলাতি আর বাঙ্গালি জনত্রের সহিত গিতবাদ্য হইবেক শ্রীভারতচন্দ্র রায়ের কবিতা জনত্রের গান হইবেক
নিচের বারান্ডা এবং ঘরের ভিতর সিক্কা ৮ / উপরের বারান্ডা ৪
নাচের টিকীট নাচঘরে পাওয়া জাইবেক]
দেখা যাচ্ছে, ভারতচন্দ্রের কবিতাকে লেবেডেব গানে পরিণত করেছিলেন। এ বিজ্ঞাপনে যা লেখা নেই, তা হলো তিনি এই গানের সঙ্গে তিনি পিয়ানো বাজিয়েছিলেন। কিন্তু তাঁর বাজনার সঙ্গে কেউ গান গেয়েছিলেন কিনা, তা জানা যায় না। গাওয়াই সম্ভব। অভিনয়ের জন্যে তিনি দেশী কয়েকজন পুরুষ ও নারীকে কাজে লাগিয়েছিলেন। তাদের জুটিয়ে দিয়েছিলেন তাঁর ভাষা-শিক্ষক গোলোকনাথ দাস। লেবেডেব তাঁর স্মৃতিকথায় লিখেছেন যে, তিনি তাঁর থিয়েটারের জন্যে দুজন ইউরোপীয় অভিনেত্রীকেও নিযুক্ত করেছিলেন। তাঁর থিয়েটার ছিলো সর্বপ্রথম বাংলা থিয়েটার। গোলোকনাথও এ ব্যাপারে তাঁকে সাহায্য করেছিলেন। তিনি অবশ্য থিয়েটার কথাটার বাংলা দিতে পারেননি। তাই থিয়েটারের বাংলা করেছিলেন নাচঘর। তাঁর থিয়েটারে দুবার অভিনয় হয়েছিলো। দুবারই লোকে ভর্তি হয়ে গিয়েছিলো। আট/দশ মণ চালের দামের সমান ৮ টাকা দিয়ে টিকিট কিনে নাটক দেখা চাট্টিখানি কথা ছিলো না।
লেবেডেব ছিলেন একজন বিচিত্র মানুষ। তাঁর পিতা একটি চার্চের সংগীত-শিক্ষক ছিলেন। তাই তিনি ছেলেবেলা থেকেই গানের মধ্যে মানুষ হয়েছিলেন। তা ছাড়া, তাঁর ছিলো ভাষা শেখার স্বাভাবিক ক্ষমতা। তিনি রুশ ভাষা ছাড়া ইংরেজি, ফ্রেন্চ এবং জর্মন ভাষা শিখেছিলেন। চাকরি করার জন্যে তিনি প্রথমে গিয়েছিলেন ভিয়েনায়। কিন্তু সেখান থেকে তিনি লন্ডনে চলে যান। তারপর ভাগ্যের সন্ধানে ১৭৮৩ সালের মার্চ মাসে তিনি আসেন মাদ্রাসে। সেখানে ভাষা আর সংগীত শিখিয়ে বেশ সচ্ছল জীবন যাপন করেন। কিন্তু তাঁর কাছে এ জীবন মনে হচ্ছিলো একঘেয়ে। তাই দু বছর পরে তিনি আমোদের খোঁজে কলকাতায় আগমন করেন। সেখানে তিনি বাংলা, হিন্দুস্তানী (হিন্দী) আর খানিকটা সংস্কৃত শিখেছিলেন। তাঁর শিক্ষক ছিলেন গোলোকনাথ দাস।
কলকাতায় তিনি প্রধানত ইংরেজ মহিলাদের বেহালা এবং পিয়ানো শেখাতেন। তাঁর থিয়েটার নির্মাণের উদ্যোগ থেকে বোঝা যায় যে, তিনি প্রচুর টাকা কামাই করেছিলেন। টাকা জমানোর চেয়ে তিনি অবশ্য টাকা ব্যয় করতেই বেশি পছন্দ করতেন। গোলোকনাথ দাস তাঁকে ভাষা শেখাতেন একটা শর্তে—বিনিময়ে লেবেডেব তাঁকে পিয়ানো বাজাতে শেখাবেন। এভাবে দুজনের সহযোগিতায় বাংলা গানের সঙ্গে ইউরোপের যোগাযোগ ঘটে। এ কাজে আরও অন্তত তিন জনের উৎসাহের কথা জানা যায়। এঁরা হলেন উইলিয়াম হ্যামিল্টন ব্যর্ড, মারগারেট ফোক আর সফিয়া প্লাওডেন। এঁরা তিনজনই দেশীয় গানে আগ্রহী ছিলেন। এতোটাই আগ্রহী ছিলেন যে, এঁরা দেশীয় গান সংগ্রহ করে তার সুর স্বরলিপিতে লিখে রাখেন। এগুলোই হলো বাংলা এবং হিন্দুস্তানী গানের সবচেয়ে পুরোনো স্বরলিপি।
এঁদের মধ্যে সফিয়া প্লাওডেনের উৎসাহ ছিলো তুলনাহীন। তিনি হিন্দুস্তানী গানের সুর সংগ্রহ করার জন্যে নৌকোয় করে কলকাতা থেকে লাখনৌ যান। সঙ্গে নিয়ে যান তাঁর হার্পসিকর্ড যন্ত্র। হার্পসিকর্ড পিয়ানোর মতো অতো বড়ো না-হলেও বেশ বড়ো। তিনি নবাবের দরবারে গিয়ে তাঁর উদ্দেশ্য জানালে, নবাব তাঁর সবচেয়ে নাম-করা গায়িকা খানম জানকে সহযোগিতা করতে অনুরোধ করেন। সফিয়া ৭৭টি স্বরলিপি নিয়ে কলকাতায় ফিরে আসেন। কিন্তু তিনি তাঁর স্বরলিপিগুলো প্রকাশ করতে পারেননি। প্রকাশ করতে পেরেছিলেন উইলিয়াম ব্যর্ড। তিনি তাই বইটি প্রকাশ করেন ১৭৮৯ সালে। বইয়ের নাম অরিএন্টাল মিসেলেনি। এতে ছিলো ৩০টি বাংলা ও হিন্দুস্তানী গানের স্বরলিপি। (এখন এই গানগুলোর বাজনার সিডি পাওয়া যায় অ্যামাজনে।)
ছবি:অরিয়েন্টাল মিসেলানির প্রচ্ছদ
এই গানগুলোর একটি হলো টপ্পা। ইতিপূর্বে আমরা বলেছি যে, বঙ্গদেশে টপ্পা প্রচলন করেন নিধুবাবু, ১৭৯৪ সালে। তা হলে? এর ব্যাখ্যা হলো: নিধুবাবুর আগে নিশ্চয় অন্য কোনো ধরনের টপ্পা প্রচলিত ছিলো।
ছবি: টপ্পা গানের স্বরলিপি, ১৭৮৯
বাংলা গানে ইউরোপীয় প্রভাব এখানেই শেষ নয়। পরে আরও বাদ্যযন্ত্র এসেছিলো, বিশেষ করে অর্গ্যান। অর্গ্যান থেকে হারমোনিয়াম। আর আসে ব্যান্ডের বাদ্যযন্ত্রাদি। কোরাস গানও ইউরোপ থেকে এসেছিলো। আধুনিক গানের কথা বলছি না। সে গানের সুর ও বাজনায় ইউরোপের প্রভাব নানা ধরনের। পরে দেখা যাবে।
