ভাওয়ালরাজা সন্ন্যাসী: লোককথায় ও বাস্তবে
কিছুদিন আগের কথা। অবিরাম দুঃসংবাদে ক্লিষ্ট হয়ে বিষণ্ণ মনে স্মৃতির অলিগলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ পঞ্চাশ বছর আগের এক রাতে ফিরে গেলাম। সে ছিল গাঢ় কুয়াশায় মোড়া এক শীতের রাত। কৈশোরের ডানপিটে সাথিদের নিয়ে দশ মাইল পথ হেঁটে দেখতে গিয়েছিলাম সেকালের জনপ্রিয় যাত্রাপালা: 'ভাওয়ালরাজা সন্ন্যাসী।' 'কৃষ্ণকলি অপেরা পার্টি' নামে পূর্ব-ময়মনসিংহ এলাকার সেই বিখ্যাত যাত্রাদলের প্রধান নট ছিলেন নয়ন মিঞা। তাঁর এবং সহশিল্পীদের অভিনয়-নৈপুণ্যে সেই নিস্তরঙ্গ মফস্বল ক-দিনের জন্য চঞ্চল হয়ে উঠেছিল।
যাত্রাগান দেশে আজ এক লুপ্তপ্রায় শিল্প। জীবিত যাত্রাশিল্পীদের কথাই এখন তেমন কেউ ভাবে না। তাহলে নয়ন মিঞার মতো অতীতের এক যাত্রাশিল্পীকে কজনই-বা আর মনে রাখবে! অথচ তাঁর সময়ে তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। তাঁর মতো শিল্পীরা লোকবাংলার সাংস্কৃতিক জীবনকে অতুল ঐশ্বর্যে ভরিয়ে রেখেছিলেন। শুনেছি নেত্রকোনার অজ পাড়াগাঁ থেকে সুদূর কলকাতায় গিয়ে তিনি ত্রিশের দশকের বিখ্যাত নটদের কাছে অভিনয়ের পাঠ নিয়েছিলেন। সে রাতে ভাওয়ালকুমার রমেন্দ্রনারায়ণের ভূমিকায় অপার মুগ্ধতা নিয়ে তাঁকে দেখেছিলাম। দেখেছিলাম তাঁর চোখ-মুখ-হাত-পা মিলিয়ে সমগ্র অস্তিত্বের বাঙ্ময় প্রকাশ। শুনেছিলাম তাঁর শিহরন-জাগানো মেঘমন্দ্রিত কণ্ঠের বিস্ময়কর ওঠানামা। যাত্রা শেষ হলে এক আশ্চর্য শিল্প-অভিজ্ঞতার সঞ্চয় নিয়ে ভোররাতে টলতে টলতে বাড়ি ফিরেছিলাম। মঞ্চে যা দেখে এসেছিলাম তার কতটুকু কিংবদন্তি আর কতটুকু সত্য তা নিয়ে ভাবার বয়স তখন হয়নি।
কৈশোরে দেখা সেই যাত্রার কথা ভাবতে ভাবতেই শেলফের দিকে চোখ গেল। হাতে তুলে নিলাম একটি বই। ভাওয়ালের চাঞ্চল্যকর কাহিনি নিয়ে লেখা পার্থ চ্যাটার্জির The Prince and the Sannyasi: The Kumar of Bhawal and the Secret History of Indian Nationalism. এটি ভারতীয় সংস্করণ। ২০০২ সালে প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে প্রথম বেরিয়েছিল বইটি। তখন নাম ছিল একটু ভিন্ন: 'The Princely Impostor? The Kumar of Bhawal and the Secret Hustory of Indian Nationalism.' আগেও পড়েছিলাম, তবে ততটা মনোযোগ দিতে পারিনি। করোনা এবার প্রথম থেকে শেষ পর্যন্ত বইটি পড়িয়ে নিল আমাকে দিয়ে।
'নিম্নবর্গের ইতিহাস' নামে পরিচিত ইতিহাস-ধারার একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে পার্থ চ্যাটার্জির নাম দেশে-বিদেশে সুপরিচিত। ইতিহাসতত্ত্ব, বাংলার ভূমিব্যবস্থা, জাতীয়তাবাদ, পশ্চিমবঙ্গের বর্তমান ইতিহাস, ব্ল্যাকহোল হত্যাকাণ্ড ইত্যাদি অনেক বিষয়ে তিনি লিখেছেন এবং এখনো লিখে যাচ্ছেন। পাণ্ডিত্যপূর্ণ সেসব লেখা হয়ত সবাইকে সমান টানবে না। দৃষ্টিভঙ্গির ভিন্নতা তো থাকবেই। তবে এ বইটির ধরন আলাদা। ভাওয়াল জয়দেবপুরের মেজোকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের জীবনের নাটকীয় ঘটনা নিয়ে লেখা এই ইতিহাস যেন এক রহস্যোপন্যাস। তাই একবার পড়া শুরু করলে দ্রুত শেষ না করে উপায় নেই।
কাহিনিটি তার নানা রূপে অনেকেরই জানা — এটি আমাদের লোককথার অংশ হয়ে আছে। এ নিয়ে শত শত গণকবিতা, গাথা-গীতি ও প্রচার-পুস্তিকা লেখা হয়েছে, যাত্রা-থিয়েটার-চলচ্চিত্র হয়েছে, এমনকি টেলিভিশন সিরিয়ালও হয়েছে। এসবকিছুর মধ্য দিয়ে আমরা যা জেনেছি তা একদিকে আমাদের কল্পনাকে উদ্দীপ্ত করেছে, অন্যদিকে বাস্তবের চেয়েও সত্য বলে প্রতিভাত হয়েছে অনেকসময়। কুমার রমেন্দ্রনারায়ণের পরিচয়ে হঠাৎ আবির্ভূত এক সন্ন্যাসী ইতিহাসের লোকপ্রিয় নায়ক হয়ে উঠেছিলেন একদা। আবার এই ঘটনার অন্য দুই কুশীলব সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ও ডা. আশুতোষ দাশগুপ্ত 'সত্যবাবু' ও 'আশুবাবু' নামে দুই ঘৃণিত খল চরিত্র হিসেবে পরিচিতি পেয়েছিলেন বাংলাদেশের ঘরে ঘরে। কিন্তু আসলে কী ঘটেছিল রমেন্দ্রনারায়ণের জীবনে? ঐতিহাসিক পার্থ চ্যাটার্জির রীতিবদ্ধ, তীক্ষ্ণ অনুসন্ধানে যা উঠে এসেছে তা সংক্ষেপে বলি।
বিশ শতকের শুরুর দিকে ভাওয়াল ছিল বাংলাদেশের বড় জমিদারিগুলির একটি। বার্ষিক রাজস্ব আয় সাড়ে ছয় লাখ টাকা। স্থানীয়ভাবে ভাওয়ালের জমিদারকে বলা হতো রাজা। প্রয়াত রাজা রাজেন্দ্রনারায়ণ রায়ের তিন পুত্র — রণেন্দ্রনারায়ণ, রমেন্দ্রনারায়ণ ও রবীন্দ্রনারায়ণ। ১৯০৯ সালে তিন কুমারের বয়স যথাক্রমে ২৭, ২৫ এবং ২২। তাঁরাই তখন জমিদারির মালিক। বড়কুমার রণেন্দ্রনারায়ণ রায় পরিবারের প্রধান। তিনজনই বিবাহিত ও নিঃসন্তান। থাকতেন জয়দেবপুর রাজবাড়িতে। সেখানেই স্বামী-সন্তান নিয়ে থাকতেন তাঁদের তিন বোন: ইন্দুময়ী, জ্যোতির্ময়ী ও তারিনময়ী। তখনো জীবিত ছিলেন কুমারদের ঠাকুরমা রানি সত্যভামা দেবী।
১৯০৯ সালের ১৮ এপ্রিল মেজোকুমার রমেন্দ্রনারায়ণ সস্ত্রীক দার্জিলিং যান হাওয়াবদল ও চিকিৎসার জন্য। এই ছিল সেকালের বড়লোকদের রীতি। কুমারের রোগ ছিল সিফিলিস — প্রচণ্ড অমিতাচার থেকে এই রোগের জন্ম। তাঁর সঙ্গে ছিলেন মেজোরানি বিভাবতী দেবী, রানির বড়ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত এবং একুশজন দাসদাসী ও কর্মচারী। ৬ মে রাজবাড়িতে খবর আসে দার্জিলিঙে মেজোকুমারের অবস্থা গুরুতর। ৯ মে সকালে এক টেলিগ্রাম থেকে জানা যায় তিনি মারা গেছেন। কয়েকদিন পর তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। তখন থেকেই চারদিকে ফিসফাস চলতে থাকে — আসলে তিনি মারা যাননি এবং দার্জিলিঙে তাঁর দাহকার্যও সম্পন্ন হয়নি। এমনও শোনা যায় যে, নানা জায়গায় ঘুরে-বেড়ানো সন্ন্যাসীদের দলে তাঁকে দেখা গেছে। পরবর্তী বারো বছর ধরে থেকে-থেকে এই গুজব মাথাচাড়া দিতে থাকে।
হঠাৎ করে যেন ভাওয়াল রাজপরিবারে চরম দুর্যোগ নেমে আসে। ১৯১০ সালের সেপ্টেম্বর মাসে বড়কুমার রণেন্দ্রনারায়ণ মাত্র ২৮ বছর বয়সে মারা যান। মেজোরানি বিভাবতী কিছুদিন ঢাকায় থেকে তার পর তাঁর ভাই সত্যেন্দ্রর সঙ্গে কলকাতায় চলে যান। ১৯১২ সালের মে মাসে ছোটকুমার রবীন্দ্রনারায়ণও ২৫ বছর বয়সে মারা যান। রাতারাতি জমিদারি কোর্ট অব ওয়ার্ডসের অধীনে চলে আসে। কোর্ট অব ওয়ার্ডস নামের এই ঔপনিবেশিক প্রতিষ্ঠানটি ছিল বোর্ড অব রেভিনিউয়ের অধীন এবং এর প্রধান কাজ ছিল নাবালক উত্তরাধিকারী রেখে কিংবা কোনো উত্তরাধিকারী ছাড়াই একজন জমিদার মারা গেলে সেই জমিদারি পরিচালনার দায়িত্ব নিয়ে নেওয়া। ব্রিটিশ সরকার নিজ স্বার্থে এই প্রতিষ্ঠানটিকে যথেচ্ছ ব্যবহার করত।
এর পরের ঘটনা চরম নাটকীয়। ১৯২০ সালের ডিসেম্বর অথবা ১৯২১-এর জানুয়ারিতে ঢাকায় বুড়িগঙ্গার বাকল্যান্ড বাঁধ এলাকায় একজন জটাজুটধারী অর্ধনগ্ন সন্ন্যাসীর আবির্ভাব ঘটে। সর্বক্ষণ রূপলাল হাউসের সামনে বসে থাকা এই রহস্যময় সন্ন্যাসীর চারপাশে মানুষের ভিড় ক্রমাগত বাড়তে থাকে। লোকজন তাঁর কাছে আধিব্যাধি নিরাময়ের জন্য যেত। কেউ ওষুধপত্র চাইলে তিনি নিজের শরীরে মাখানো ছাই থেকে এক চিমটি দিতেন। কথা বলতেন খুব কম — তাও একধরনের দেহাতি হিন্দিতে। আবার শুরু হয় গুঞ্জন — ইনিই ভাওয়ালের মেজোকুমার।
বিষয়টি রাজপরিবারের গোচরে আসে। সন্ন্যাসীকে জয়দেবপুর রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে অবতারণা হয় নানা চমকপ্রদ দৃশ্যের। সন্ন্যাসী বাংলা বলতে পারতেন না। কিন্তু কয়েকদিন কাছে থেকে পর্যবেক্ষণের পর তাঁর ফর্সা গায়ের রং, কটা চোখ, লাল চুল এবং অন্যান্য শারীরিক লক্ষণ ও আচরণ দেখে বৃদ্ধা রানি সত্যভামা এবং মেজো রাজকুমারী জ্যোতির্ময়ী তাঁকে কুমার রমেন্দ্র বলে শনাক্ত করেন। জ্যোতির্ময়ী নিজের চেহারার সঙ্গেও সন্ন্যাসীর অনেক মিল খুঁজে পান। সন্ন্যাসী প্রথমে এই পরিচয় অস্বীকার করেন কিন্তু রাজপরিবারের সদস্যরা তাঁদের ধারণায় অনড় থাকেন। অবশেষে ১৯২১ সালের ৪ মে রাজবাড়িতে উপস্থিত শ-দুয়েক লোকের সামনে সন্ন্যাসী স্বীকার করেন যে, তিনিই কুমার রমেন্দ্রনারায়ণ। জনতার প্রশ্নের উত্তরে তিনি তাঁর বাবা-মা এবং দাই অলকার নামও বলে দেন। বিপুল হর্ষধ্বনি ওঠে। সবাই যেন এতদিন ধরে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন।
১৫ মে জয়দেবপুর রাজবাড়ির সামনে ভাওয়ালের তালুকদার ও প্রজাদের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়। বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ থেকে কমপক্ষে দশ হাজার প্রজা ও তালুকদার সেখানে জড়ো হন। শেষবিকেলে হাতিতে চড়ে সন্ন্যাসী উপস্থিত হলে আবারও আবেগের বিদ্যুৎ-তরঙ্গ বয়ে যায়। সবাই সাব্যস্ত করেন যে, তিনিই হারিয়ে যাওয়া মেজোকুমার। অল্প কিছু সন্দেহবাদী থাকলেও তাঁরা মুখ খোলার সাহস পাননি। আইনের মাধ্যমে কুমারকে তাঁর অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তহবিল গড়ে তোলার জন্য একটি কমিটি তৈরি করা হয়। ২৯ মে কথিত মেজোকুমার আরো দুয়েকজনকে সঙ্গে নিয়ে ঢাকার কালেক্টর জে এইচ লিন্ডসের সঙ্গে দেখা করে নিজেকে জমিদারির বৈধ মালিক বলে দাবি করেন। লিন্ডসে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। ৪ জুন কালেক্টর লিন্ডসে মেজোকুমারকে ভণ্ড সাধু হিসেবে ঘোষণা করে এক বিজ্ঞপ্তি জারি করেন। সবাইকে জানানো হয় যে, কুমার রমেন্দ্র বারো বছর আগেই দার্জিলিঙে মারা গেছেন এবং সেখানেই তাঁকে দাহ করা হয়েছে। সন্ন্যাসীকে কোনো খাজনা বা চাঁদা না দেওয়ার জন্য ভাওয়ালের প্রজাদের নির্দেশ দেওয়া হয়। ভাওয়াল ইস্টেইটের ভেতরে সন্ন্যাসীর প্রবেশের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ১০ জুন এইসব সিদ্ধান্তের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুরে প্রজারা বিক্ষোভ করেন এবং পুলিশের গুলিতে একজন মুসলিম প্রজা নিহত হন।
সন্ন্যাসীর বেশে মৃত রাজকুমারের ফিরে আসার এই কাহিনি যেন পূর্ববাংলার কৃষক সমাজে এক অলৌকিকতার আবেশ সৃষ্টি করল। ভাওয়াল সিংহাসনের বৈধ উত্তরাধিকারীকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করার সরকারি পাঁয়তারাও মেনে নিতে পারলেন না কৃষক-প্রজারা। তাঁদের ন্যায়বোধের নিরিখে এটা ঘোর অন্যায়। তা ছাড়া কোর্ট অব ওয়ার্ডসের বিরুদ্ধে প্রজাদের অনেক ক্ষোভও ছিল। জমিদারদের শাসনে আগে তাঁরা — বিশেষ করে বনাঞ্চলের অধিবাসীরা — যেসব সুবিধা পেতেন, কোর্ট অব ওয়ার্ডস সেগুলো দিচ্ছিল না। এই পটভূমিতে সন্ন্যাসীকুমারের কাহিনি বর্ণনা করে লেখা অজস্র হাটুরে কবিতা-গাথা-গীতি ও প্রচারপত্রে সারা দেশ ছেয়ে গেল। ঢাকা এবং কলকাতার পত্রপত্রিকায় প্রতিদিন নানা মুখরোচক খবর ছাপা হতে লাগল। তখন দেশে কৃষক-প্রজা আন্দোলন ও খিলাফত-অসহযোগ আন্দোলন চলছে। ব্রিটিশ সরকার প্রমাদ গুনল। আন্দোলনকারীদের উসকানিতে যদি প্রজারা কোর্ট অব ওয়ার্ডসকে খাজনা দেওয়া বন্ধ করে দেয় তাহলে কী হবে? ভাওয়াল ইস্টেইটের কর্মচারী আর প্রজাদের মধ্যে সরকারও একটা দল তৈরি করল। সরকারি শিবির থেকেও নানারকম কবিতা, প্রচারপত্র, নিবন্ধ ইত্যাদি মাঠে ছাড়া হলো। অন্যদিকে সরকার রানি বিভাবতীর ভাই সত্যেন ব্যানার্জির যোগসাজসে দার্জিলিঙে রমেন্দ্রনারায়ণের মৃত্যু ও দাহের প্রমাণ হিসেবে সত্যমিথ্যা নানা ধরনের দলিল তৈরি ও সাক্ষী জোগাড় করতে থাকল। সত্যেন ব্যানার্জি দার্জিলিঙের সিভিল সার্জন ডা. ক্যালভার্টের কাছ থেকে কুমারের শেষ অবস্থা ও মৃত্যুর সার্টিফিকেট নিয়ে আসেন যা পরে আদালতে অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হয়।
'ফকির বেশে প্রাণের রাজা' নামে একটি গাথাকাব্য তখন গোটা জমিদারি এলাকায় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এতে ডা. আশুতোষ দাশগুপ্ত আর রানি বিভাবতীর ভাই সত্যেন ব্যনার্জির নানা 'ষড়যন্ত্র' ফাঁস করে দেওয়া হয়। বলা হয় যে, এরা কুমারকে ভুলিয়ে-ভালিয়ে দার্জিলিঙে নিয়ে বিষ প্রয়োগে হত্যা করে, কিন্তু লাশ শ্মশানে নিয়েও প্রচণ্ড শিলাবৃষ্টির জন্য দাহ করতে পারেনি। সেখান থেকে অলৌকিক উপায়ে বেঁচে ফিরে এসেছেন কুমার। ১৯২১ সালের সেপ্টেম্বর মাসে আশু ডাক্তার শ্রীপুরের আদালতে এই গাথাকাব্যের রচয়িতা পূর্ণচন্দ্র ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। ১৯২২ সালের এপ্রিল মাসে বিচারক সারদা প্রসন্ন ঘোষ পূর্ণচন্দ্রের বিরুদ্ধে রায় দিলেন। এই মামলা হাই কোর্ট পর্যন্ত গড়াল এবং শেষ পর্যন্ত মানহানির অভিযোগে পূর্ণচন্দ্রের এক মাসের জেল ও ১,০০০ টাকা জরিমানা হলো। প্রথম মামলায় কুমারের সমর্থকরা হারলেন, কিন্তু এর ফলে দু-পক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়ল। রাজপরিবারের অধিকাংশ সদস্য, ভাওয়ালের তালুকদার-প্রজা এবং পূর্ববাংলার জমিদার সম্প্রদায় 'ফকির বেশে প্রাণের রাজা'র পক্ষে আরো একাট্টা হলেন। অন্যদিকে নানা ধরনের সরকারি ষড়যন্ত্রও চলতে থাকল।
অবশেষে চূড়ান্ত আইনি লড়াই শুরু হলো। ১৯৩০ সালের ২৪ এপ্রিল ঢাকার প্রথম সাবজজ পান্নালাল বসুর কোর্টে দায়ের করা হলো সেই ঐতিহাসিক মামলা। ব্রিটিশ সরকার খুব চেষ্টা করেছিল মামলাটি কোনো ইয়োরোপীয় বিচারকের কোর্টে নিয়ে যেতে, কিন্তু প্রক্রিয়াগত জটিলতার কারণে তা সম্ভব হয়নি। মামলার বাদী কুমার রমেন্দ্রনারায়ণ রায়। এক নম্বর বিবাদী তাঁর বৈধ উত্তরাধিকারী হিসেবে সরকার কর্তৃক স্বীকৃত রানি বিভাবতী দেবী এবং তাঁর পক্ষে কোর্ট অব ওয়ার্ডসের পরিচালনাধীন ভাওয়াল ইস্টেইটের ইয়োরোপীয় ম্যানেজার। কোর্ট অব ওয়ার্ডসের স্বীকৃত অংশীদার হিসেবে বড়রানি সরযুবালা দেবী এবং ছোটরানি আনন্দকুমারী দেবীও বিবাদী হলেন। আরজিতে বলা হলো যে, দার্জিলিঙে বাদীর অসুস্থতা বেড়ে গেলে তাঁকে এমন কোনো ওষুধ দেওয়া হয় যা খেয়ে তিনি রক্তবমি করতে করতে জ্ঞান হারান। জ্ঞান ফিরে এলে দেখতে পান পাহাড়ের উপরে একটি টিনের চালায় শুয়ে আছেন। চারপাশে কয়েকজন নাগা সন্ন্যাসী। পরে জানতে পারেন এই সন্ন্যাসীরাই এক ঝড়ের রাতে তাঁকে মুমূর্ষু অবস্থায় দার্জিলিঙের শ্মশানঘাট থেকে উদ্ধার করেছিলেন। একটু সুস্থ হলে সন্ন্যাসীদের সঙ্গে বহুদেশ ঘুরে তিনি কাশ্মীরের অমরনাথে যান এবং ধর্মদাস নাগা নামে এক গুরুর কাছে মন্ত্র লাভ করেন। তখন তাঁর কোনো স্মৃতি ছিল না এবং অতীতের কথা কিছুই মনে করতে পারছিলেন না। আরো কয়েক বছর পরে স্মৃতি ফিরে আসে এবং বুঝতে পারেন যে, তাঁর বাড়ি ঢাকায়। তখন গুরু ধর্মদাস তাঁকে ঢাকায় যাওয়ার আদেশ দেন। ভাওয়াল রাজবাড়িতে যাওয়ার পর একে একে তাঁর সবকিছু মনে পড়ে যায় এবং পরিবারের সবাইকে চিনতে পারেন। কিন্তু পত্নী বিভাবতী এবং সম্বন্ধী সত্যেন ব্যানার্জি কালেক্টর লিন্ডসের সঙ্গে ষড়যন্ত্র করে 'ভণ্ড সাধু' হিসেবে তাঁর বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করিয়ে তাঁকে অধিকারবঞ্চিত করে রেখেছেন।
মামলার শুনানি শুরুর আগে বাদীপক্ষ ঢাকা বিভাগের কমিশনারের কার্যালয় থেকে কিছু প্রাসঙ্গিক দলিলপত্র নিয়ে আসার আবেদন করলে ইংরেজ কমিশনার নেলসন সে আবেদন নাকচ করে দেন। তখন বিচারক পান্নালাল বসু এইসব দলিল পেশ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর সমন জারি করেন। এ নিয়ে শুরুতেই পরিবেশ খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে। ১৯৩৩ সালের ৩০ নভেম্বর মামলার শুনানি শুরু হয়। দু-পক্ষের কৌঁসুলিদের নেতৃত্বে ছিলেন কলকাতা থেকে আসা দুই জাঁদরেল ব্যারিস্টার। বাদীপক্ষে বিজয়চন্দ্র চ্যাটার্জি বা বি সি চ্যাটার্জি, বিবাদীপক্ষে অমিয়নাথ চৌধুরী যিনি এ এন চৌধুরী নামে খ্যাত। পারিবারিক প্রতিপত্তিতে দুজনই সমান। বি সি চ্যাটার্জি বিখ্যাত নেতা ও বাগ্মী সুরেন্দ্রনাথ ব্যানার্জির জামাতা এবং এ এন চৌধুরী সুসাহিত্যিক প্রমথ চৌধুরীর ছোটভাই। তাঁর ছেলে জেনারেল জয়ন্তনাথ চৌধুরী পরবর্তীকালে স্বাধীন ভারতের সেনা-প্রধান হয়েছিলেন। এই ভারত-কাঁপানো মামলায় দু-পক্ষে শত শত লোক সাক্ষ্য দেন। তাঁদের মধ্যে ছিলেন রাজপরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন, কৃষক-প্রজা, তালুকদার-জমিদার, ডাক্তার, অধ্যাপক, জজ, সামরিক-বেসামরিক আমলা, পুরোহিত, সন্ন্যাসী, আইনজীবী, যৌন কর্মী ইত্যাদি বহু পেশার মানুষ। প্রতিদিন শুনানির সময় ঢাকা শহর উপচে পড়ত মানুষ আর এজলাসে ঘটত বিচিত্র ও রোমাঞ্চকর সব ঘটনা।
বাদীপক্ষের মূল কৌশল ছিল অজস্র সাক্ষীর মাধ্যমে সন্ন্যাসীর সঙ্গে কুমারের শারীরিক-মানসিক সাদৃশ্য প্রমাণ করা। বাদী ততদিনে কিছুটা হিন্দি টানে ভাওয়ালের আঞ্চলিক ভাষায় কথা বলতে শুরু করেছেন। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছাড়াও শত শত বিশিষ্ট ব্যক্তি তাঁকে কুমার রমেন্দ্র হিসেবে শনাক্ত করেন। বিবাদীপক্ষ মূলত চেয়েছিল, কুমার দার্জিলিঙে মারা গেছেন এবং তাঁকে সেখানেই দাহ করা হয়েছে — এটুকু প্রমাণ করতে। বিবাদীপক্ষ আরো বলেছিল, এই সন্ন্যাসী আর কেউ নন, তিনি লাহোরের অজলা এলাকার এক প্রতারক মাল সিং ওরফে সুন্দরদাস। বাদী তাঁর সাক্ষ্যের এক পর্যায়ে রানি বিভাবতীর শরীরে কয়েকটি প্রকাশ্য চিহ্নের সঙ্গে এমন একটি গোপন চিহ্নের কথা উল্লেখ করেন যা তিনি ছাড়া আর কেউ জানতেন না। রানি বিভাবতী এজলাসে দাঁড়িয়ে খুব দৃঢ়ভাবে বাদীর সঙ্গে কুমারের সাদৃশ্য অস্বীকার করেন। তাঁর শরীরে যে গোপন চিহ্নের কথা বলা হয়েছে সেটিও অস্বীকার করেন এবং আদালত তা পরীক্ষা করিয়ে দেখতে পারে বলে প্রস্তাব দেন। কিন্তু বিচারক এ ধরনের পরীক্ষার প্রয়োজন মনে করেননি। মামলার অন্যতম আসামী ভাওয়ালের বড়রানি সরযুবালা বাদীর পক্ষে সাক্ষ্য দেন।
দীর্ঘ তিন বছর শুনানির পর ১৯৩৬ সালের ২৪ আগস্ট বিচারক পান্নালাল বসু রায় ঘোষণা করেন। সমস্ত সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে তিনি ঘোষণা করেন যে, এই বাদীই ভাওয়ালের মেজোকুমার রমেন্দ্রনারায়ণ রায়। দার্জিলিঙে বাদীর চিকিৎসা, মৃত্যু এবং দাহ বিষয়ে বিবাদীপক্ষ যেসব দলিলপত্র ও সাক্ষ্য-প্রমাণ পেশ করেছিল সেখানে তিনি প্রচুর অসঙ্গতি, জালিয়াতি ও মিথ্যাচার দেখতে পান। বাদী লাহোরের মাল সিং — এই বক্তব্যও প্রমাণিত হয়নি বলে ধরে নেন। বাদীর স্মৃতি হারিয়ে ফেলা এবং পরে তা ফিরে পাওয়ার দাবি অবৈজ্ঞানিক নয় বলে উল্লেখ করেন। মামলা চলাকালে পদোন্নতি পেয়ে পান্নালাল বসু অতিরিক্ত জজ হয়েছিলেন, কিন্তু এই রায়ের পরেই তিনি বিচারকের পদে ইস্তফা দেন।
রায় ঘোষণার পর ঢাকার রাস্তায় জনতার ঢল নেমে আসে। সারাদিন সারারাত আনন্দমিছিল চলে। অসংখ্য বাজি ফোটে। রাজকুমারী জ্যোতির্ময়ী আনন্দে বেহুঁশ হয়ে যান। তিনি নিঃসংশয়ে সন্ন্যাসীকে ছোটভাই রমেন্দ্র হিসেবে গ্রহণ করেছিলেন এবং এই লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হুঁশ হারিয়ে ফেলেন আশু ডাক্তারও — সম্ভবত দুঃখে আর ভয়ে। দুজন জ্যোতিষী ১৯২১ সালেই কুমারের পক্ষে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁদের ব্যবসা হুহু করে বেড়ে যায়। ১৯৩৬ সালের ৫ অক্টোবর রানি বিভাবতীর পক্ষে কলকাতা হাই কোর্টে আপিল করা হয়। এল ডব্লিউ জে কস্টেলো, চারুচন্দ্র বিশ্বাস এবং আর এফ লজ — এই তিন বিচারপতির স্পেশাল বেঞ্চ আপিল আবেদন ও যুক্তিতর্ক শুনে ১৯৪০ সালের ২৯ আগস্ট রায় দেন। কস্টেলো তখন ছিলেন বিলেতে। সেখান থেকেই লিখিত রায় পাঠিয়েছিলেন। তাঁর রায় পড়া হলে দেখা গেল বিশ্বাস আর কস্টেলো নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন আর লজ কঠোর বর্ণবাদী ভাষায় তা নাকচ করেছেন। বিচারপতি বিশ্বাসও এত সহজে ছেড়ে দেননি। তিনি ক্যাম্ব্রিজের কৃতী ছাত্র হলেও চেতনায় ছিলেন ঘোর জাতীয়তাবাদী। নিজের রায়ে তিনি ব্যারিস্টার এ এন চৌধুরীর মতো দেশি সাহেবদের উদ্ধত আচরণ এবং ইংরেজ রাজকর্মচারীদের দুষ্টবুদ্ধি ও কারচুপির তীব্র সমালোচনা করেন।
আপিল খারিজ হওয়ার কিছুদিন পরেই চরম হতাশাগ্রস্ত সত্যবাবু হৃদরোগে মারা গেলেন। কিন্তু রানি বিভাবতী দমলেন না। এবার তিনি বোর্ড অব রেভিনিউয়ের মতের বিরুদ্ধেই ব্রিটিশ ভারতের শেষ বিচারিক আদালত প্রিভি কাউন্সিলে আপিল করলেন। ২৮ দিন ধরে শুনানির পর ১৯৪৬ সালের ৩০ জুলাই লন্ডনে প্রিভি কাউন্সিল তাঁদের রায়ে রানি বিভাবতীর আপিল খারিজ করলেন। দীর্ঘ বিচার-প্রক্রিয়ায় তিনটি আদালতেই কুমার রমেন্দ্রনারায়ণ বিজয়ী হলেন। ৩১ জুলাই কলকাতায় ঠনঠনিয়া কালীমন্দিরে পূজা দিয়ে ফেরার পথে তিনি মস্তিষ্কের রক্তক্ষরণে অচেতন হয়ে পড়লেন। দু-দিন পর ৬৩ বছর বয়সে মারা গেলেন। রানি বিভাবতী আরো বিশ বছর বেঁচে ছিলেন। তিনি ভাবতেন মানুষের আদালতে হারলেও দেবতাদের আদালতে তিনিই জয়ী। কারণ তাঁর প্রতিপক্ষ অর্জিত সম্পত্তি ভোগ করে যেতে পারেননি। রমেন্দ্রনারায়ণের মৃত্যুর পর তাঁর বিধবা স্ত্রী হিসেবে কোর্ট অব ওয়ার্ডস তাঁকে প্রাপ্য আট লাখ টাকা দিতে চেয়েছিল, কিন্তু তিনি তা নেননি। তাঁর বিবেচনায় এই টাকা নেওয়ার অর্থ এক 'প্রতারক'কে স্বামী হিসেবে মেনে নেওয়া। আরো বলা দরকার, দার্জিলিঙে যদি তাঁর ভাই সত্যেন ব্যানার্জি আর আশু ডাক্তার মিলে রমেন্দ্রনারায়ণকে হত্যার ষড়যন্ত্র করেই থাকে, তাহলেও তিনি তার সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ কিন্তু এ মামলায় সামনে আসেনি।
রানি বিভাবতী ভাওয়ালের সন্ন্যাসীকে কুমার রমেন্দ্রনারায়ণ হিসেবে মেনে নিতে পারেননি। ঐতিহাসিক পার্থ চ্যাটার্জিও চার বছর ধরে এ বিষয়ে গবেষণা করে স্থিরনিশ্চিত হতে পারেননি যে, এই সন্ন্যাসীই কুমার রমেন্দ্রনারায়ণ। উনিশ শতকে বাংলাদেশে আরো দুজন জমিদার মৃত্যুর অনেক বছর পর অলৌকিকভাবে ফিরে আসার দাবি উত্থাপন করেছিলেন: বর্ধমানের প্রতাপচাঁদ এবং মেদিনিপুরের গড় বাসদেবপুরের রুদ্রনারায়ণ রায়। তাঁরা তাঁদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। তাহলে ভাওয়ালের রমেন্দ্রনারায়ণ পারলেন কী করে? পার্থ চ্যাটার্জির মতে এর কারণ হচ্ছে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন। একটি সমাজে চলমান রাজনীতিই নানা অঙ্গনে সত্য উৎপাদন ও নির্ধারণ করে। মানুষের পরিচয়ের সত্যও নির্ধারিত হয় রাজনীতি দ্বারাই। প্রতাপচাঁদ ও রুদ্রনারায়ণের সময়ে ভারতে সংগঠিত রাজনীতি বলতে কিছু ছিল না; ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের প্রতাপ ছিল অপ্রতিহত। কিন্তু রমেন্দ্রনারায়ণের সময়ে সংগঠিত রাজনীতির অঙ্গন ছিল রীতিমতো উত্তাল। এমনিতেই কৃষক-প্রজা আন্দোলনের উত্থান এবং খিলাফত ও অসহযোগ আন্দোলনের বিস্তার মাঠের পরিস্থিতিকে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে ততদিনে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর ভেতরে দেশীয় কর্মকর্তাদের একটি দক্ষ, আত্মবিশ্বাসী ও জাতীয়তাবাদী গোষ্ঠী গড়ে উঠেছিল। বাঘের ঘরে ঘোগের বাসার মতো। এই কর্মকর্তারা ব্রিটিশ উপরওয়ালাদের চোখ-রাঙানির পরোয়া করতেন না। জজ পান্নালাল বসু আর বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস তাঁদেরই প্রতিনিধি। প্রচণ্ড সাহসের সঙ্গে শ্বেতাঙ্গ প্রভুদের সমস্ত ছল-চাতুরী ব্যর্থ করে দিয়ে শুধু সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁরা সন্ন্যাসীর পক্ষে রায় দিতে পেরেছিলেন। এটিকেই পার্থ চ্যাটার্জি তাঁর বইয়ের উপশিরোনামে বলেছেন 'ভারতীয় জাতীয়তাবাদের গোপন ইতিহাস।'
ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫২ সালে পান্নালাল বসু পশ্চিমবঙ্গে বিধান রায়ের মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। দু-বছর পর ভূমিমন্ত্রী হিসেবে তিনিই জমিদারি প্রথা বিলোপের জন্য 'ওয়েস্ট বেঙ্গল ইস্টেইটস অ্যাকুইজিশন অ্যাক্ট' উত্থাপন করেন। আর বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসেবে 'হিন্দু কোড বিল' এবং আরো নানা সংস্কার আইন চালু করেছিলেন।
