২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটক থিয়েটারে নজরুল

আনিসুর রহমান

Published : 25 May 2020, 12:22 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


রবীন্দ্রনাথের মতে বাংলা সাহিত্যের নয়া বসন্ত কাজী নজরুল ইসলাম। এই বসন্তের জন্ম বাংলা ১৩০৬ সনে। ওই সময়ে কবিগুরুর বয়স ৩৯। নয়া বসন্ত যখন একুশ বছরে, তখনই দেখা হয় কবিগুরুর সঙ্গে। বাংলা সাহিত্যের আধুনিক অধিপতির বয়স ততদিনে ষাট পেরিয়ে গেছে। নোবেল পুরস্কার পেয়ে তিনি জগদ্বিখ্যাত হয়ে গেছেন। প্রথম বিশ্বযুদ্ধ আর স্প্যানিশ ফ্লুর মহামারীর কারণে গুরু তখনও জগত ভ্রমণ শুরু করেননি।

বাংলা সাহিত্যের সর্বাবিনায়ক ঠিক ঠিক বুঝেছিলেন কৈশোর পেরোনো কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের নয়া বসন্ত। এই বসন্ত বাতাস কবিতা, গান, সাংবাদিকতা, উপন্যাস, গল্প, অনুবাদ আর ছোটদের লেখায় আমরা টের পাই। বসন্ত বাতাসটা নাটকে কতটা লেগেছিল? বাংলা সাহিত্যের বসন্ত নজরুল বেঁচে ছিলেন ৭৭ বছর। বসন্ত বাতাস চলমান ছিল তার ৪৩ বছর বয়স পর্যন্ত। কেননা ইংরেজি ১৯৪২ সালে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে মানসিক স্বাস্থ্যেরও অবনতি ঘটে। অসুস্থতাজনিত কারণে জীবনের বাকিটা সময় লেখালেখি করার শক্তিটা তার থাকেনি।
জীবনের এই সংক্ষিপ্ত কর্মক্ষম সময়ে তার সৃষ্টির ভাণ্ডার আর তার গভীরতা, অনন্য বৈশিষ্ট্য ও আবেদন সুদূর প্রসারী। একই সঙ্গে ত্রিকালজয়ী– ব্রিটিশ আমল, স্বাধীন ভারত আর স্বাধীন বাংলাদেশ দেখা ত্রিকালদর্শী এই মহান লেখকের নাটক থিয়েটারের জগতটা কেমন ছিল?

আমরা অনেকেই জেনে থাকব, বড়দের আর ছোটদের জন্যে তাঁর লেখা নাটকগুলো চমকপ্রদ। বড়দের জন্যে তাঁর নাটক ছয়টি। ছোটদের জন্যেও এরকমই। তাঁর নাটিকা বা গীতি কবিতা বা কাব্যনাটিকা এসব– বড়দের ছোটদের মিলিয়ে গোটা চল্লিশের কম নয়। তাঁর কিছু কিছু কবিতা এক একটা নাটক বা নাটিকা। এই ক্ষেত্রে হেনরিক ইবসেনের সঙ্গে তাঁর মিল খুঁজে পাওয়া যায়। ইবসেন তাঁর লেখার শুরুর দিকের বেশ কিছু কবিতার গল্প ও বিষয়বস্তুকে পরে কলেবর বাড়িয়ে পূর্ণাঙ্গ নাটক লিখেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, ইবসেন তাঁর 'পাখি ও পাখি শিকারি' কবিতাকে আশ্রয় করে তাঁর 'পুতুলের ঘর' নাটকটি লিখেছেন।

নাটক লেখা, নাটক চর্চা ও নাটক সাহিত্যের খোঁজ খবর যারা রাখেন তারা অনেকেই জেনে থাকবেন খেলাধুলার জন্যে একজন খেলোয়াড়ের মাঠের সঙ্গে সরাসরি যোগাযোগ, গবেষকের যেমন গবেষণাগারের সঙ্গে যোগাযোগ আবশ্যক, তেমনি একজন নাট্যকারেরও নাট্যমঞ্চের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকতে হয়। একজন লেখকের কাছে নাটক লেখার জন্য এটা একটা বাড়তি শর্ত। এই শর্তের বরখেলাপ হলে লেখক হিসেবে তিনি যত বড়ই হন, তাকে দিয়ে যুথসই নাটক লেখা হবে না।
প্রাচীন নাটক থেকে শুরু করে শেক্সপিয়র হয়ে পশ্চিমা নাট্যকার আর আমাদের মধুসূদন, রবীন্দ্রনাথসহ উল্লেখযোগ্য প্রায় সব নাট্যকারেরই নাট্যমঞ্চের সঙ্গে কোন না কোনভাবে সরাসরি সংশ্লিষ্টতা ছিল। যে কারণে বিগত অর্ধশতকেরও বেশিকাল সময়ে নাট্যমঞ্চের সঙ্গে সংযোগ না থাকার ফলে দুই একজন ব্যতিক্রম ছাড়া বাংলা সাহিত্যে বড় বড় কবির আবির্ভাব হলেও সেই মাপের নাট্যকারের দেখা মেলেনি। আমি এখানে নাটক বলতে মঞ্চনাটককে বোঝাতে চাইছি। দূরদর্শনের নাটককে আমি ধর্তব্যের মধ্যে আনিনি।
সঙ্গতভাবেই প্রশ্ন এসে যায়, কাজী নজরুল ইসলামের নাটকের কলাকৌশল, ধ্যান ধারণা, চর্চা ও থিয়েটারের সঙ্গে বোঝাপড়া কেমন ছিল।
ইংরেজি ১৯০৮ সালে নজরুল তাঁর বাবাকে হারান। তারপর তাঁর পড়াশোনায় ছেদ পড়ে। ১৯১০ সালে পুনরায় তাঁর পড়াশোনা শুরুর আগে ১৯০৮-১৯১০ সালে তিনি লেটোর দলে বা বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাট্যদলে কাজ করেন। তাঁর চাচা কাজী বজলে করিম ছিলেন লেটোদলের একজন নামকরা উস্তাদ। যিনি মিশ্রভাষার গান রচনা করতেন। একই সময়ে নজরুল আরো দুইজন লেটো দলের কবির সংস্পর্শে আসেন। তারা হলেন শেখ চকোর এবং বাসুদেব। এই সময় নজরুল লেটোদলের অন্যান্য সতীর্থ সহকর্মীদের প্রিয়ভাজন হয়ে ওঠেন। লোটোদলে থেকে নাটক, সঙ্গীত, কবিতা ও নাটকের মিশেল আর সমন্বয়ের বিদ্যাটা রপ্ত করেন। একই সঙ্গে এতদসংশ্লিষ্ট পঠন পাঠনেও তার ভিত্তিভূমি গড়ে ওঠে বা পরিচয় ঘটে। বিশেষ করে কাব্য, পুরাণ ও সঙ্গীত এর ভাষার সঙ্গে। বিশেষ করে বাংলার পাশাপাশি আরবি, ফার্সি ভাষায়। শ্যামা সঙ্গীতেও হাতে খড়ি তখনই। সংলাপের ধারণা, সংলাপের সঙ্গে মঞ্চের কুশীলবদের চলন বলন, আলোড়ন ও আন্দোলনের মানানসই সমাবেশটা তিনি তখনই রপ্ত করেছিলেন। এর প্রভাব তাঁর অনেক কবিতাতেও আছে। যে কারণে সেগুলোও নাটকীয় বৈশিষ্ট্যে ভরা। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, তাঁর দুটি কবিতা নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি দুটি চমৎকার ছবি বানিয়েছে। কবিতা দুটি হচ্ছে 'লিচু-চোর' এবং 'খুকি ও কাঠবিড়ালি'।
নজরুল পরে লেখালেখিতে যখন তুঙ্গে তিনি যেমন লিখেছেন, মঞ্চে অভিনয় করেছেন, নির্দেশনা দিয়েছেন, মঞ্চ ও চলচ্চিত্র প্রযোজনা সংশ্লিষ্ট নানা সৃষ্টিযজ্ঞেও সংশ্লিষ্ট থেকেছেন। কখনও কণ্ঠ দিয়েছেন, কখনও সঙ্গীত পরিচালনা করেছেন, কখনো নাটক লিখেছেন, আবার নিজের লেখা নাটকের ক্ষেত্রে অভিনেতার অনুপস্থিতিতে নিজেই মঞ্চে উঠে গিয়েছেন, অভিনয় করেছেন।
এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজী নজরুল ইসলামের মিল খুঁজে পাওয়া যায়। নাটক ও থিয়োটারের বেলায় উভয়েই ছিলেন বিরলপ্রজ প্রতিভা; বহুমুখী গুণের অধিকারী– কী অভিনয়, কী নাটক রচনা, কী নির্দেশনা, কী সঙ্গীত পরিচালনা, সুর প্রদান! পৃথিবীর নানা দেশের নানা ভাষার নাটক ও থিয়েটারের খতিয়ানে এরকম বহুবিধ মাত্রার লেখক ও নাট্যকার বিরল। আমি পাইনি। এদের দুজনেই নাটকের বাইরেও সাহিত্যের অন্যবিধ প্রায় সকল ধরনের লেখালেখিতেও অনন্য ছিলেন। তাদের দুজনেরই নিজস্ব ভাষাঐতিহ্য ও স্বতন্ত্র প্রকাশভঙ্গি ছিল।
অন্যদিকে রবীন্দ্রনাথের নাটক যেমন বহু বৈচিত্র্য ও নানান কাঠামো, বিভাজন ও ধরনে সমৃদ্ধ ছিল- হাসির নাটক, ছোটদের নাটক, বড়দের নাটক, গীতিনাটক, কাব্যনাটক, গদ্যনাটক, নৃত্যনাটক কত কী রকম।
একইভাবে নজরুলের নাটক বড়দের, ছোটদের গীতিনাটক, কাব্যনাটক, পালানাটক আর নৃত্যনাটক। এই দুই প্রতিভাই নাটকের বৈচিত্র্যে অনেকটা কাছাকাছি।
আগেই বলেছি খেলোয়াড়কে মাঠে নামতেই হবে তার কসরত রপ্ত করতে যেমন, কসরত দেখাতেও। নাটকও এর থেকে ব্যতিক্রম নয়। মধুসূদন, রবীন্দ্রনাথ-নজরুলের ঐতিহ্যভূমিতে দাঁড়ানো বাংলা নাটক থিয়েটার কী তাদের দেখানো পথে চলেছে? না কী সেই পথ হারিয়েছে?
মধুসূদনের নাটক খুব একটা মঞ্চস্থ আমরা করি না। রবীন্দ্রনাথের দুই একটা মঞ্চস্থ করি বটে। নজরুলের নাটক মঞ্চে আনিই না বলেলেই চলে। স্বাধীনতার পঞ্চাশ বছরে যতদূর জানি উল্লেখ করতে গেলে নজরুরের একটি বা দুটি নাটক ঢাকার মঞ্চে আমরা এনেছি, অথচ নজরুলের নাটক দশের কম নয়। আর নাটিকার সংখ্যাও গোটা চল্লিশ ছাড়িয়ে যাবে। প্রশ্ন থাকে তাহলে নজরুলের নাটকের ভাষা, প্রকাশভঙ্গি আর বিষয়বস্তু আজকের জন্যে কী প্রাসঙ্গিক নয়? নাটক ও থিয়েটারের প্রতি একজন আগ্রহী আদমী হিসেবে আমাকেই এই প্রশ্ন তাড়া করেছে। একই সঙ্গে আরো তাড়া করেছে পরাধীন ভূবঙ্গে নাট্যকার পেলাম, নাটক পেলাম, নাটকের ঐতিহ্য দাঁড়ালো; যদিও স্বাধীনতার পঞ্চাশ বছরে ঢাকার থিয়েটারের সাফল্যের কথা আমরা হরেদরে বলে থাকি। আদতে বাস্তবতাটা কী?

নাটক থিয়েটারের সাফল্যের খতিয়ান নির্ধারিত হয় প্রতিবছর নতুন নাটক, নতুন নির্দেশক আর নতুন কুশীলব উপহার দেবার মাধ্যমে। একই সঙ্গে নিজেদের ধ্রুপদি নাট্যকারদেরও তুলে ধরা। আমরা প্রথমটা তো করিইনি, আর দ্বিতীয়টাও করিনি। প্রকারান্তরে একচেটিয়াভাবে আমরা পশ্চিমা নাটক মঞ্চে এনেছি দেদারছে।

নজরুল আমাদের জাতীয় কবি। তাঁর নাটকই আমরা মঞ্চে আনিনি। আমরা কী ধরেই নিয়েছি রবীন্দ্রনাথ আর নজরুলকে আমরা গানেই বেশি বেশি মনে রাখব? বিগত দশকগুলোতে নজরুলের কোন নাটকটি মঞ্চস্থ হয়েছে? বড়দের জন্যে উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে 'ঝিলিমিলি' গ্রন্থে চারটি নাটক 'ঝিলিমিলি'; 'সেতু-বন্ধ'; 'শিল্পী' আর 'ভূতের ভয়'। প্রথমটি রক্ষণশীল এক বাবার মেয়ের সঙ্গে প্রাগ্রসর এক তরুণের প্রেমকে ঘিরে। শেষে প্রেমের জয় হয়।
দ্বিতীয় নাটক 'সেতু-বন্ধ' পদ্মার উপর সেতু নির্মাণকে উপজীব্য করে। নজরুল প্রায় শতবর্ষ পূর্বে পদ্মার উপর সেতু নির্মাণের কল্পনা করে নাটক লিখেছেন। নাটকে যন্ত্রের পরাজয় দেখানো হয়েছে। একই সঙ্গে মঞ্চে সম্ভাবনা দেখানো হয়েছে সেতু নির্মাণের উদ্যোগ বারবার আসবে। কিন্তু নাটকের শেষ সংলাপে স্বয়ং পদ্মা বলছে, প্রতিবারই লাঞ্জনার মৃত্যু নিয়ে যন্ত্রকে ফিরে যেতে হবে।
২০২০ সালে পদ্মার উপর সেতু নির্মিত হচ্ছে। এখন প্রশ্ন, কে হারে? কে জিতে? পদ্মা না যন্ত্র? আমরা চাই পদ্মা বাঁচুক, পদ্মা জয়ী হোক। যন্ত্রও জায়গা নিক পদ্মাকে জয়ী করেই। হারিয়ে নয়। এই মোক্ষম সময়ে নজরুলের 'সেতু-বন্ধ' নাটকটিও ঢাকার মঞ্চে আসেনি।
'শিল্পী' নাটকে সংসার, শিল্প, জীবনকে ঘিরে ত্রিভুজ প্রেমের দ্বন্ধ। এই দ্বন্ধ থেকে দেশ দুনিয়া কী মুক্ত? এরকম নজরুলের প্রতিটি নাটক আজ দারুণভাবে প্রাসঙ্গিক। নজরুলের নাটক থিয়েটারে আমরা আর দৃষ্টি দিলাম কই? আলোচনা লেখালেখি, গবেষণা পাঠদান আর থিয়েটার চর্চায় প্রায় সববেলাতেই নাটক থিয়েটারে নজরুলের সৃষ্টিকর্ম অনেকটাই উপেক্ষিত। এই উপেক্ষা আর কতকাল?