ভিন্ন দর্পণে আধুনিক শিল্পকলায় বিমূর্ত অভিব্যক্তিবাদের রূপ
দৃশ্য শিল্পের র্চচায় কিংবা শিল্পকলার ইতিহাস বিশ্লেষণে শিল্পী, শিল্পরসিক, শিল্প সমালোচক, সাংবাদিক, শিল্প শিক্ষার্থী সকলের মাঝেই মর্ডান আর্ট/ আধুনিক শিল্প নিয়ে কম বেশি আলোচনা হয়ে থাকে। যার মাঝে বর্তমান থাকে পাশ্চাত্যশিল্পের আধুনিক ও আধুনিকতাবাদী আন্দোলনকে বুঝে নেওয়ার প্রচেষ্টা। পাশাপাশি আমাদের দেশের, সর্বপরি এই উপমহাদেশের দৃশ্যশিল্পে উক্ত আন্দোলনসমূহের অভিঘাতও অলোচিত হয়। যা হোক শিল্পের আঙ্গিক বিশ্লেষণে, ইউরোপে রেনেসাঁস থেকে নিও-ক্লাসিসিজম পর্যন্ত শিল্প-আঙ্গিকের প্রকাশ ছিল স্বাভাবিকতাবাদের দিকে। ঊনবিংশ শতকের মাঝামাঝিতে এই ন্যাচারিলিজম-এর বিপরীত প্রতিক্রীয়ার উত্থান ঘটে। ন্যচারালিজমের ভাঙ্গনের প্রেক্ষাপটে পাশ্চাত্যের শিল্পে এশিয়া, আফ্রিকা সহ প্রাচ্যের প্রভাব লক্ষণীয়। সেই আঙ্গিকের রূপান্তরের মধ্যদিয়ে পাশ্চাত্যে আধুনিকতার যাত্রা আরম্ভ। যার প্রথম পূর্ণাঙ্গ প্রকাশ 'ইম্প্রেশনিজম'। অতপর সময়ের পরিবর্তনের সাথে সাথে শিল্পের রূপকল্প নানা ভাঙনে মধ্য দিয়ে এগিয়েছে। যার ধারাবাহিকতায় প্রত্যক্ষ করা হয়েছে পোস্ট-ইম্প্রেশনিজম, সিম্বলিজম, ফবিজম, এক্সপ্রেশনিজম, কিউবিজম, ফিউচারইজম, সুরিয়ালইজম, ডাডাইজম… শিল্পের রূপকল্প ভাঙ্গতে ভাঙ্গতে অবয়ব একসময় নিরবয়বে রূপান্তরিত হয়। মূর্ত পরিবর্তীত হল বিমূর্তে।
এরই মধ্যে পৃথিবী অবলোকন করল দুটি মহাবিশ^যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে, যে ক্ষমতার পরিবর্তনের ধারা ভূরাজনীতি পরিবর্তিত করেছিল তারই নানান উত্থান-পতনের মধ্যে শিল্পের চিন্তার আমূল পরিবর্তনও লক্ষ্যণীয়। বিশেষত আমেরিকার নিউ ইর্য়ক শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা নব্য ধারার শিল্পআন্দোলন 'বিমূর্ত অভিব্যক্তিবাদ' (এবাস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম) যা বিশ^ব্যাপী ব্যাপক প্রভাব বিস্তার করে। যা নিউইয়র্ক স্কুল নামেও সমাদৃত।
তবে যাই হোক দ্বিতীয় বিশ^যুদ্ধ পরবর্তী একদল শিল্পীর এই যে ভিন্ন ধারার প্রচেষ্টা, তাদের মধ্যে অন্যতম দিকপাল ডি-কুনিং, মার্ক রথকো, নিউম্যান, জ্যাকসন পোলক, লি কৃচনার, রবার্ট মাদারওয়েল, ফ্রেঞ্জ কিনলে প্রমুখ। এবাস্ট্রাক্ট শব্দটি বাস্তবিক অর্থে যে বিমূর্ত অর্থটি প্রকাশ করে, বিমূর্ত অভিব্যক্তিবাদী(এবাস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট) শিল্পীরা সেই দিকে ধাবিত হন নি। বরং তাঁরা শিল্পকর্মকে প্রথমিক চিত্র এবং সমাজ বাস্তবতার মাঝে অবচেতন মানসিকতাকেই মূর্ত করতে জোর দিয়েছেন। একভাবে বলা যায়, বিমূর্ত অভিব্যক্তিবাদী শিল্পীদের শিল্পকর্মগুলো শুধুই আবেগ প্রকাশ করে না, বরং মানুষের প্রেক্ষাপটে সার্বজনীন সত্যকে উপস্থাপন করেছে এবং নিজস্ব নান্দনিকতার একটি রূপ তুলে ধরেছে। নিউইয়র্ক স্কুলের উত্থানের কারনে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিশেষ করে পশ্চিমের বুদ্ধিজীবী এবং শৈল্পিক উদ্ভাবনের কেন্দ্রিকতার এক প্রকার স্থানান্তর ঘটে। বিমূর্ত অভিব্যক্তিবাদ এর মাধ্যমে আমেরিকানরা দৃশ্যশিল্পের ইতিহাসে নিজেদের নব উপস্থিতি ঘোষনা করে, যার জয়ধ্বনি বিশ্বব্যপী ধ্বনিত।
তবে হুট করে যে বিমূর্ত অভিব্যক্তিবাদ প্রতিষ্ঠিত হয়ে গেল এবং সমগ্রবিশ্বে ছড়িয়ে গেল বিষয়টি এমন নয়। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় দ্বিতীয় বিশ^যুদ্ধ পূর্বে ১৯৩০ -এর দশকে ইউরোপজুরে ফ্যাসিবাদের উত্থানের কারণে অনেক চিত্রশিল্পী, লেখক, সাহিত্যিক, দার্শনিক আমেরিকায় মাইগ্রেটেড হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হ্যন্স নামুথ, ইয়ভেস টাঙ্গুর, ম্যাক্স আর্নস্ট, জিমি আর্নস্ট, পেগি গুগেনহাইম, লিও ক্যাসিল্লি, মার্সেল দুচাম্প, মার্ক শাগ্ল, ফার্নান্দ লেজার, পিট মন্ড্রিয়ান প্রমুখ। যাদের মাধ্যমে ইউরোপীয় আধুনিকতাবাদের ধারণা এবং চর্চা আমেরিকায় প্রবেশ করে। ১৯৪০ এর দশকে নতুনভাবে আমেরিকার শিল্পচর্চায় যে পরিবর্তন সূচিত হয় তা সুরিয়েলিজমের অবচেতন মন থেকে আসা শিল্পের ধারণা, জোয়ান মিরোর অটোমেটিসিজম, হ্যান্স হফম্যান এবং জন ডি গ্রাহাম- এর শিল্পকর্ম ও চেতনা দ্বারা প্রভাবিত। ১৯৪০-এর দশকের প্রথমার্ধে গ্রাহামের প্রভাব খুব বেশি পরিলক্ষিত হয় আরশেল গোর্কি, উইলেম ডি কুনিং, জ্যাকসন পোলক-এর শিল্পকর্মে। তাছাড়া পরবর্তীতে আমেরিকান আর্টে গোর্কির লিরিকাল এবাস্ট্রাকশন এক নতুন চিত্রভাষার সৃষ্টি করে। মূলত বিশ^যুদ্ধ পরবর্তী মানসিক অবস্থা ও সামাজিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে সংগঠিত হতে থাকে এক নতুন আমেরিকানা শিল্পচর্চা বা আন্দোলন যা হল বিমূর্ত অভিব্যক্তিবাদ। শিল্পী বার্নেট নিউম্যান (১৯০৫-১৯৭০) বিমূর্ত অভিব্যক্তিবাদ সম্পর্কে বলেন, " বিশ্বযুদ্ধ পরবর্তীতে বিশ্বব্যাপী প্রচন্ড ধ্বংস, বিষন্নতার ভয়ানক অবস্থার মধ্যে আমরা নৈতিক সংকট অনুভব করছিলাম, যার কারনে সচরাচর অঙ্কিত চিত্রকর্মের মত ফুল, মানবদেহ, বাদ্যযন্ত্রের মুর্চ্ছনার অঙ্গভঙ্গী আঁকা সম্ভবপর হয় নি "। বিমূর্ত অভিব্যক্তিবাদী শিল্পীদের মধ্যে সুইস মনোবিজ্ঞানী কার্ল জং-এর সম্মিলিত মানব অভিজ্ঞতায় অদিমতার প্রতœতত্ত্ব বিষয়ক ব্যাখ্যা এবং দ্বিতীয় বিশ^যুদ্ধের নৃসংসতার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দার্শনিক মার্টিন হাইডেগার ও জিন পল সাত্রের অস্তিত্ববাদের দর্শনের প্রতি আবেদন সৃষ্টি হয়।
শিল্পীরা প্রত্যেকে শিল্পচর্চায় তাদের নিজস্ব এক একটি স্টাইল দাঁড় করান, যার মাধ্যমে তাদের স্বতন্ত্রতা চিহ্নিত করা যায়। যদিও বিমূর্ত অভিব্যক্তিবাদী শিল্পীবৃন্দ নিজস্ব প্রকাশ ভঙ্গিমার দ্বারা ভিন্ন ছিলেন তবু তাদের মধ্যে বুদ্ধিবৃত্তিক ও শৈল্পিক র্চচার চেতনার মিল ছিল। তাছাড়া শিল্পীবৃন্দের রাজনৈতিক মতার্দশ নিয়ে ধুম্রজাল সত্বেও অধিকাংশই সামাজিক ও অর্থনৈতিক বিচারে মার্কসবাদের সমতায় দৃঢ় বিশ্বাস রেখেছেন। অধিকাংশ শিল্গী সে সময়কার ওয়ার্কস প্রগ্রেস অ্যাডমিনিস্ট্রেশন এর ফেডারাল আর্ট প্রজেক্ট দ্বারা সহায়তা প্রাপ্ত হয়েছেন। (ফেডারাল আর্ট প্রজেক্ট, ১৯৩৫-৪৩, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রকল্প যার মাধ্যমে শিল্প র্চচাকে সহায়তা করা হত।) নানাবিধ ভাবে শিল্পর্চচাকে পৃষ্টপোষকতার পশ্চাতে আমেরিকান সরকারের রাজনৈতিক দূরদর্শিতা ও বিশ^ব্যাপী রাজত্ববিস্তারের চেতনার প্রভাব বিদ্যমান।
একটি ঘটনা কিংবা গল্পের পশ্চাতে অনেক গৌণ কিংবা মুখ্য ঘটনা বা গল্প থাকে, যার প্রকাশ আমাদের বর্তমান জানা ও ধারনার অবয়বকে পাল্টে দেয়, কিংবা জাগিয়ে দেয় নানান চিন্তা ভাবনা। যা আবার প্রচলিতের সাথে সাংর্ঘষিক হলেও হতে পারে। ঠিক তেমনি আমাদের দৃশ্য শিল্পের ইতিহাসে এবাস্ট্র্ক্ট এক্সপ্রেশনিজম সম্পর্কে জানা অজানার যে অবয়ব তা অনেকাংশে পাল্টে দেয় ' ফ্রান্সেস স্টোনর স্যান্ডার্স ' এর ' মডার্ন আর্ট ওয়াস সি আই এ ওয়েপন ' শীর্ষক প্রবন্ধটি। যা ১৯৯৫ সালের ২২ অক্টোবর ' দ্যা ইনডিপেনডেন্টে অন সানডে ' পত্রিকায় প্রকাশিত হয়। যার অনলাইন ভার্সন অনেক শিল্প রসিকের কাছেই পরিচিত। তারপরও প্রবন্ধটির বিষয়বস্তুর প্রাসঙ্গিকতায় তার অনুবাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করি। প্রবন্ধটিতে প্রকাশিত হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সি আই এ)- এর মত একটি গুপ্তচর সংস্থা কিভাবে সাংস্কৃতিক শীতল যুদ্ধে তৎকালীন জ্যাকসন পোলক এবং ডি কুনিংয়ের মত অখ্যাত শিল্পীদের ব্যবহার করেছিল।
শিল্পের আলোচনায় কয়েকদশক ধরে যা এক প্রকার গুজব বা তামাশাই ছিল, কিন্তু এখন তা নানা উপাত্ত বিশ্লেষণে সত্য বলে বিবেচিত। সি আই এ আমেরিকান মডার্ন আর্ট হিসেবে শিল্পী জ্যাকসন পোলক, শিল্পী উইলিয়াম ডি কুনিং, শিল্পী মার্ক রথকো প্রমুখ শিল্পীদের শিল্পকর্মকে ও শিল্পীদের শীতল যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। সি আই এ সর্বোচ্চ গোপনীয়তার সাথে প্রায় ২০ বছরেরও বেশি সময় সারা বিশ্বজুড়ে আমেরিকান ঘরানার বিমূর্ত অভিব্যক্তিবাদ ধারার চিত্রকর্মকে প্রচার ও উৎসাহিত করে। যা আসলেই অকল্পনীয়। বিশেষত ১৯৫০ ও ৬০ এর দশকে যখন খোদ আমেরিকনরাই এই ধারার শিল্পকর্মকে তুচ্ছতাচ্ছিল্য ও অপছন্দ করত। এমনকি তৎকালিন আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান(১৮৮৪-১৯৭২) এই সমস্ত শিল্পকর্ম সম্পর্কে মন্তব্য করেন, "এসব যদি শিল্পকর্ম হয় তবে আমি একজন হটেনটট (দক্ষিণ আফ্রিকার আদিমানব)।" আমেরিকার ম্যাককারথিজম সময়কালে প্রাক্তন কমিউনিস্ট শিল্পীদের কর্মকান্ড খুব বেশি গ্রহণযোগ্যতা পেতনা এবং ধারণা করা হত যে আর যাই হোক তাঁরা মার্কিন সরকারের সমর্থনে কিছু করতে পারে না।
তাহলে কেন সি আই এ এই সমস্ত শিল্পীদের সমর্থন দিল? কারণ, সে সময়ে সোভিয়েত ইউনিয়নের সাথে প্রোপাাগান্ডা যুদ্ধে আমেরিকার বিমূর্ত অভিব্যক্তিবাদ শিল্প আন্দোলনটি হতে পারে আমেরিকান সৃজনশীল বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা ও সাংস্কৃতিক শক্তিমত্তার প্রমাণ। অপরদিকে রাশিয়ান আর্ট, কমিউনিস্ট আর্দশিক ভাবধারায় আবদ্ধ হয়ে পরায় তা আমেরিকার সাথে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠছিল না।
শিল্পকর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতির অস্তিত্ব সম্পর্কে বহু বছর ধরে চলে আসা গুজব কিংবা বিতর্কের অবসান ঘটে খোদ সি আই এ- এর কর্মকর্তাদের বক্তব্যে। স্টিফেন স্পেন্ডার(১৯০৯-১৯৯৫) এর সম্পাদিত ' এনকউন্টার ' নামক জার্নালে প্রকাশিত হয় এমন কিছু নীতি কৌশল যেখানে বিমূর্ত অভিব্যক্তিবাদ-এর সাথে সি আই এ পরোক্ষ সংযুক্তিতা প্রমাণিত। তেমনি একটি কৌশলের মধ্যে ছিল বিমূর্ত অভিব্যক্তিবাদ আন্দোলনকে সার্বিক সহায়তা প্রদান, যা খোদ শিল্পীদের মধ্যেই অজানা ছিল। সি আই এ এই গোপন কৌশলকে ' লং ল্যাশ ' নামকরণ করে।
আমেরিকা ১৯৪৭ সালে সি আই এ প্রতিষ্ঠিত হওয়ার পর পরই শিতল যুদ্ধের হাতিয়ার হিসেবে শিল্প ও সাংস্কৃতিকে অর্ন্তভুক্তির সিদ্ধান্ত নেয়। কমিউনিজম ভেঙ্গে যাওয়ার পরও পশ্চিমে তখনও অনেক বুদ্ধিজীবী ও শিল্পী রয়ে গিয়েছিলন। তাই নব্য প্রতিষ্ঠিত সি আই এ পরিকল্পনা নেয় নতুন একটি বিভাগ গঠন করার। যার লক্ষ্য হবে প্রোপাগান্ডা নীতি গঠন করে বিশ্বের শীর্ষস্থানীয় ৮০০-টির বেশি সংবাদপত্র, ম্যাগাজিন এবং জনসংশ্লিষ্ট সংস্থাকে প্রভাবিত ও ব্যবহার করা। রসিকতা করে বলা যেতে পারে সি আই এ ওয়ালিটজার জুকবক্সের মত মিউজিক খেলনা গঠন করতে চেয়েছে যেখানে কয়েন পুস করলে যন্ত্র অন হবে এবং সুর বেজে উঠবে। অর্থাৎ সি আই এ যখনই বাটন ক্লিক করবে তখনই সারাবিশ্ব তাদের প্রচারণার সুর শুনতে পাবে।
পরবর্তী ধাপটি চলে আসে ১৯৫০ সালে যখন সি আই এ- এর একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা টমাস ব্রাডেন(১৯১৭-২০০৯) এর অধীনে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডিভিশন (আই ও ডি) প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি তৎকালিন জ্যাজ শিল্পীবৃন্দ, অপেরা দলগুলো ও সিম্ফনি অকেস্ট্রার আন্তর্জাতিক টুরগুলোতে পৃষ্ঠপোষকতা করে থাকতো। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডিভিশন তার এজেন্টদের পরিকল্পিতভাবে চলচ্চিত্র শিল্পে, প্রকাশনা সংস্থাসমূহে, এমনকি ভ্রমন গাইড ফোডারস্-এর লেখক হিসেবে নিয়েগ করায়, যারা সারা বিশ^জুরে আমেরিকার গুনগানই করত। তাই এখন বুঝা যায় কি প্রক্রিয়াতে আমেরিকার এনার্কিক আভাগার্দ আন্দোলন ও বিমূর্ত অভিব্যক্তিবাদ আন্দোলন বিশ্বব্যাপী প্রচারণা পায়।
প্রাথমিকভাবে সি আই এ আমেরিকার নব্য শিল্পধারা বিমূর্ত অভিব্যক্তিবাদকে জনপ্রিয় করার জন্য বেশ কিছু কর্মকান্ড করেছিল। যেমন, স্টেট ডিপার্টমেন্ট ১৯৪৭ সালে ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে প্রদর্শিত ' অ্যাডভান্সিং আমেরিকান আর্ট ' শিরোনামে আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন ও অর্থায়ন করে। এই প্রদর্শনীর লক্ষ্য ছিল আমেরিকার সাংস্কৃতিক অঙ্গনের শূন্যতা সম্পর্কে সোভিয়েতের যে ধ্যান-ধারনা প্রতিষ্ঠিত ছিলো তা ভুল প্রমাণ করা, কিন্তু খোদ আমেরিকাতেই এই আয়োজনের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এই শিল্পধারা সম্পর্কে হ্যারি এস. ট্রুম্যান এর হটেনটট আখ্যাকে সমর্থন দিয়ে একজন ক্ষুদ্ধ¦ কংগ্রেসম্যান বলেন ''আমি শুধুমাত্র একজন বোকা আমেরিকান, যে এই ধরনের আবর্জনা, ছাইপাশ এর জন্য কর প্রদান করে থাকে। অবিলম্বে এই প্রদর্শনির আয়োজন বাতিল হওয়া উচিত।"
এই পর্যায়ে মার্কিন সরকার এক প্রকার দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হয়। জোসেফ ম্যাকার্থির গোঁড়ামি বা অপ্রচলিত সমস্ত কিছুর প্রতি উস্কানীমূলক নিন্দা এবং সেই সাথে ফিলিস্তিনিজম(ব্যাক্তি যখন আচার, আচরন, অভ্যাসে সামাজিক বুদ্ধিবৃাত্তক চর্চাকে তুচ্ছ জ্ঞান করে) খুবই অস্বস্তিকর ছিল। যা আমেরিকার পরিশীলিত ও সাংস্কৃতিগতভাবে উঁচুমানের গনতন্ত্রের ধারনাটিকে নিন্দিত করেছিলো। যার ফলশ্রুতিতে ১৯৩০ সাল থেকে মার্কিন সরকারের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী কর্তৃত্বের প্রচেষ্টা বাধাগ্রস্থ হয়। ফলে বিলম্বিত হতে থাকে সাংস্কৃতিক ক্ষেত্রে আধিপত্যের কেন্দ্র প্যারিস থেকে নিউইয়র্কে স্থানান্তর। এই দ্বন্দ্বকে সমাধানের লক্ষ্যে সি আই এ-কে সামনে নিয়ে আসা হয়।
এই বিষয়টি খুব বেশি অদ্ভুত নয় যে সেই সময়ে সি আই এ একটি নতুন সংস্থা এবং কর্মরত সকলেই যেহেতু ইয়েল এবং হার্ভার্ড গ্রেজুয়েট ছিলেন, তাই তারা অনেকে শিল্পকর্ম সংগ্রহ করতেন ও অবসর সময় কাটাতে উপন্যাস, সাহিত্য চর্চা করতেন। তাছাড়াও সে সময়কার প্রেক্ষাপটে সি আই এ ছিলো রাজনৈতিকভাবে জোসেফ ম্যাকার্থি বা জে. এডগার হুভার(১৮৮৫-১৯৭২) এর প্রতিষ্ঠিত ফেডারাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফ বি আই) এর প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে উদারতাবাদের চর্চার স্থল। তাই যদি কোন সরকারী প্রতিষ্ঠান লেলিন, ট্রটস্কি সম্বন্ধীয় সংগ্রহ কিংবা নিউইয়র্ক স্কুল প্রতিষ্ঠা করে থাকে তবে তা একমাত্র সি আই এ ।
তবে আমেরিকান শিল্প সংস্কৃতি প্রতিষ্ঠায় সি আই এ এর সংযোগের বিষয়টি প্রমাণে তেমন কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও প্রথমবারের মত একজন কেস অফিসার ডোনাল্ড জেমসন(১৯২৫-২০০৭) এ ব্যাপারে মুখ খোলেন। তিনি বলেন '' সংস্থাটি বিমূর্ত অভিব্যক্তিবাদকে একটি সুযোগ হিসেবে দেখেছিল, তাই তারা এই শিল্পধারার সাথে ছিল। তিনি আরো মজা করে বিমূর্ত অভিব্যক্তিবাদ সম্পর্কে বলেন, সিআইএ এই শিল্প আন্দোলন সম্পর্কে জানার চেষ্টার মাধ্যমে আঁচ করতে পারে যে ভবিষ্যতে নিউইয়র্কে এবং শহরের কেন্দ্রস্থল সোহো-তে কী ঘটবে। কিন্তু এই প্রচেষ্টাই আমাদের শিল্পবিষয়ক নানান পার্থক্য বুঝতে সহায়তা করেছিল। এই ধারনাটি স্বীকৃত ছিল যে বিমূর্ত অভিব্যক্তিবাদ এমন ধরনের শিল্প যা সমাজতান্ত্রিক বাস্তববাদকে আরো বেশি শৈলীযুক্ত, কঠোর এবং সীমিত করেছিল। ধীরে ধীরে আমরা অনুধাবন করি সেই সময় মস্কো তাদের যেকোন ক্ষেত্রে নিজস্ব অসঙ্গতির প্রতি কতটুকু কঠোরতা অবলম্বন করত এবং অসম্পূর্ণতা পূরণে কতটুকু বিচক্ষণ ছিল। আর এই চর্চার কারণে যেকোন বিষয়ে রাশিয়ান সমালোচকবৃন্দ যথেষ্ট যুক্তি এবং বিষয় সংশ্লিষ্ট প্রয়োজনীয় সমর্থন দিতে পারতেন।"
সি আই এ এমন ভাবে তৎকালীন আমেরিকান বামপন্থী আভাগার্দদের সহায়তা করতেন যেন পরবর্তীতে কোন অনুসন্ধানে পৃষ্ঠপোষকতার বিষয় আবিষ্কার করা না যায়। ডোনাল্ড জেমসন এর মতে, বিমূর্ত অভিব্যক্তিবাদ-এর অন্যতম শিল্পী জেকসন পোলককে সি আই এ কতৃক সহায়তার সকল তথ্য প্রমাণ গায়েব করে ফেলা হয়, যাতে পরবর্তীতে কিছু জানা না যায়। এ সমস্ত বিষয়ে পরোক্ষভাবে সুবিধাপ্রাপ্ত আভার্গাদরা নিজেরও সে সময়ে সচেতন ভাবে কিছু জানতেন না। অনেক ক্ষেত্রে দেখা যেত প্রগতিশীল মানুষজন খুব কমই সরকারের প্রতি আনুগত্য প্রর্দশন করতো।
এই ভাবেই ' লং ল্যাশ ' এর কর্মকান্ড এগোতে থাকে। সি আই এ-এর প্রচারণার বিভাগটি পরবর্তীতে রূপান্তরিত হয় ' কংগ্রেস ফর কালচারাল ফ্রিডম ' নামক সংস্থায়, যারা ১৯৫০ এর দিকে বিশাল সংখ্যক বুদ্ধিজীবী, লেখক, ঐতিহাসিক, কবি এবং শিল্পীদের অর্থায়ন ও এজেন্ট হিসেবে ব্যবহার করে। এককথায় বলা যেতে পাওে, এই সমস্ত কর্মকান্ড মস্কোর সাংস্কৃতিক আগ্রাসনের বিপরীতে গৃহীত পন্থা। এই সময় সংস্থাটি তাদের কর্মকান্ড পরিচালনার জন্য সারাবিশ্বের প্রায় ৩৫-টি দেশে নিজস্ব অফিস স্থাপন করে এবং ' এনকাউন্টার ' নামক ম্যাগাজিন-সহ প্রায় দুই ডজনের বেশি ম্যাগাজিন প্রকাশ করে।
সি আই এ-এর মতই ' কংগ্রেস ফর কালচারাল ফ্রিডম ' নিজেদের স্বার্থসিদ্ধির জন্য পরিকল্পিত ভাবে বিমূর্ত অভিব্যক্তিবাদ-কে সহায়তা করে। এ পরিকল্পনায় ছিল আর্ন্তজাতিক ট্রাভেল প্রদর্শনীতে সরাসরি অর্থায়ন করা, নব্যধারার আমেরিকান চিত্রকলার গুনগান সম্বলিত শিল্প-সমালোচনার প্লাটর্ফম নির্মাণ করা এবং যেকোন শিল্পী বা বিজ্ঞ-ব্যক্তিকে সংস্থার কার্যক্রমে সংযুক্ত করা। যে কারনে সংস্থাটি ১৯৫০-এর দশকে একাধিক বিমূর্ত অভিব্যক্তিবাদ ধারার প্রদর্শনীর আয়োজন করে। যেখানে অর্ন্তভুৃক্ত ছিল ' দ্য নিউ আমেরিকান পেইন্টিং ' শীর্ষক প্রদর্শনীটি যা ১৯৫৮-৫৯ সালে ইউরোপের প্রায় প্রতিটি বড় শহরে প্রদর্শিত হয়। এছাড়াও ' মডার্ন আর্ট অব ইউনাইটেড স্টেট ' (১৯৫৫) এবং ' মাষ্টার পিসেস অব দ্য টুয়েনটিয়েথ সেঞ্চুরি ' (১৯৫২) নামক আলেচিত আর্ট শো গুলোও একই পরিকল্পনার আওতাভুক্ত ছিল।
তবে বিশ্বব্যাপী প্রদর্শনী ব্যয়সাপেক্ষ, তাই আমেরিকার বিত্তশালী ব্যাক্তি ও যাদুঘরগুলোকে এই বিশাল কর্মযোগ্যে অংশ নিতে আহ্বান করা হয়। যেখানে বিখ্যাত ব্যাক্তিত্ব নেলসন রকফোলারও ছিলেন, যার মা মিউজিয়াম অব মর্ডান আর্ট, নিউ ইয়র্ক-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তাছাড়াও মিউজিয়াম অব মর্ডান আর্ট, নিউ ইয়র্ক (যাকে রকফোলার "Mummy's museum"বলতে স্বাচ্ছন্দ পেতেন) এর প্রধান হিসেবে রকফোলার বিমূর্ত অভিব্যক্তিবাদের সবচেয়ে উল্লেখযোগ্য সমর্থক ও পৃষ্ঠপোষক ছিলেন। মিউজিয়ামটি ' কংগ্রেস ফর কালচারাল ফ্রিডম ' -কে সংগঠিত করে এবং অনেকগুলো প্রদর্শনির কিউরেটিং এর মাধ্যমে সহায়তা করে।
এর পাশাপাশি সি আই এ-এর অনেকগুলো বিষয় ও প্রজেক্টের সাথে গোপনে মিউজিয়াম অব মর্ডান আর্ট সংযুক্ত ছিল। মিউজিয়ামের আর্ন্তজাতিক আয়োজনে বোর্ড মেম্বারদের মধ্যে ছিলেন সি বি এস (কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেম)-এর সভাপতি ও সি আই এ-এর প্রতিষ্ঠাতা সদস্য উইলিয়াম স্যামুয়েল প্যালে (১৯০১-১৯৯০)। তাছাড়া ১৯৪৯ সালে মিউজিয়ামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ও এস এস (দ্য অফিস অব স্ট্রেটেজিক সার্ভিসেস,যা সি আই এ এর wartime predecessor) এর কর্মকর্তা জন হেই হুইটনি (১৯০৪-১৯৮২) এবং নির্বাহী সচিবের দায়িত্ব পালন করেন সি আই এ-এর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডিভিশন (আই ও ডি) এর ফার্স্ট চিফ টমাস ব্র্যাডেন ( ১৯১৭-২০০৯)।
১৯৫৮ সালে আন্তর্জাতিক ট্রাভেল প্রর্দশনীর একটি শো ছিল প্যারিসে, যেখানে ছিল জ্যাকসন পোলক, মাদার ওয়েল, ডি কুনিং-সহ আরো অনেকের শিল্পকর্ম। পরবর্তীতে এই শোটি লন্ডনের দ্য টেট গ্যালারী প্রদর্শনের জন্য আগ্রহী থাকলেও অর্থনৈতিক ব্যয়ভার গ্রহণে অসমর্থ ছিল। কিন্তু আমেরিকার ধনকুবের ও শিল্পরসিক জুলিয়াস ফ্লাইশম্যান-এর সহায়তায় প্রদর্শনিটি লন্ডনে আয়োজিত হয়। তবে যে অর্থ ফ্লাইশম্যান সহায়তা হিসেবে দিয়েছিলেন তা তাঁর নিজের ছিল না, ছিল সি আই এ-এর। এই অর্থায়ন ' দ্য ফারফিল্ড ফাউন্ডেশন ' এর মাধ্যমে এসেছিল, যার প্রেসিডেন্ট ছিলেন ফ্লাইশম্যান, কিন্তু সংস্থাটির দাতব্য বিভাগের দান কিংবা সহায়তার ক্ষেত্রে কখনোই এতো বাজেট ছিল না। এ থেকে ধারনা করা যায়, এই সংস্থার ফান্ডের সাথে সি আই এ-এর সংযুক্তিতা ছিল।
' দ্য ফারফিল্ড ফাউন্ডেশন ' প্রতিষ্ঠার বিষয়ে টমাস ব্র্যাডেন বিস্তারিত বর্নণা করেন। তিনি বলেন, "আমরা চিন্তা করি নিউ ইয়র্কের একজন ধনী ব্যাক্তির কাছে গিয়ে একটি ফাউন্ডেশন গঠনের ব্যাপারে আলোচনা করার ও আমরা কি করতে চাই তা বুঝানোর। প্রয়োজনে সে ব্যাক্তির ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা হবে। যদি সে ধনী ব্যাক্তি ' হ্যাঁ ' বলে, তবে আমরা কাজ শুরু করব। সত্যি বলতে এটা খুব কষ্ট সাধ্য ব্যাপার ছিল না।জুলিয়াস ফ্লাইশম্যান এই রোলটি প্লে করার জন্য যথোপযুক্ত ছিলেন। ফ্লাইশম্যানকেও সি আই এ-এর অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তার মত মিউজিয়াম অব মডার্ন আর্ট-এর আন্তর্জাতিক প্রদর্শনীর বোর্ড মেম্বার করা হয়।"
আশি বছর বয়সে টমাস ব্র্যাডেন যখন ভার্জিনিয়ার উডব্রীজ-এ থাকতেন সেখানে তিনি তার ঘরটি সম্পূর্নভাবে সাজিয়েছিলেন বিমূর্ত অভিব্যক্তিবাদ ধারার শিল্পকর্ম দিয়ে। তিনি বিমূর্ত অভিব্যক্তিবাদ বিষয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডিভিশন – এর উদ্দেশ্য সম্পর্কে বর্নণা করেন। তার বক্তব্য ছিল এমন, " আমরা লেখক, চিত্রশিল্পী, গায়কসহ সকল বুদ্ধিজীবীদের একত্রিত করতে চেয়েছিলাম যারা পশ্চিম ও আমেরিকার বুদ্ধিবৃত্তিক অর্জন ও স্বাধীন মতপ্রকাশকে প্রচার করবে পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে সমালোচনা, চিত্ররচনা এবং লেখালিখি করবেন। আমি মনে করি এই বিভাগটি নিঃসন্দেহে সি আই এ-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ছিল যা শীতলযুদ্ধে বিশেষ ভুমিকা রাখে। " টমাস ব্র্যাডেন আরো নিশ্চিত করে বলেন ," আই ও ডি মূলত বিদেশে বুদ্ধিজীবীদের নিয়ে ভ্রমণ, চিত্র-শিল্পীদের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও ম্যাগাজিন প্রকাশ বিষয়ে কংগ্রেসকে রাজি করানোর কাজ করত। এসব কাজ খুবই গোপনীয়তার সাথে করা হত। যার অন্যতম কারণ ছিল তৎকালিন আভাগার্দদের প্রতি জনগনের সতর্ক দৃষ্টিভঙ্গি ও গ্রহণযোগ্যতা। এসব কিছুর মাধ্যমে মুক্ত চেতনার প্রকাশকে উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।" তার মতে, "এই সময়ের প্রেক্ষাপটে মাইকেলএঞ্জেলোও যদি শিল্পচর্চা করতেন তবে তার শিল্পকর্মকে স্বীকৃতির জন্য প্রয়োজন হত পোপ কিংবা এমন কেউ যার অনেক অর্থ বিত্ত রয়েছে। আর সেই শিল্পকর্মসমূহ কয়েক শতাব্দি পর বিবেচিত হবে মানুষের সৃষ্ট মহান শিল্প হিসেবে। এটি সভ্যতার একটি অনস্বীকার্য প্রক্রিয়া যা অতীতেও ছিল, যেখানে অনেক নব্য শিল্প ধারা পোপ বা ধনকুবেরদের সমর্থন ও সহায়তা পেয়েছে বলেই আজ ইতিহাসের অংশ। তেমনি পৃষ্ঠপোষকতার অভাবে পূর্বেকার অনেক শিল্পকেই আমরা আজ আর খুঁজে পাই না।"
তাই প্রশ্নটি আসা স্বাভাবিক যে, যুদ্ধবিগ্রহের বছরগুলোতে এবাস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম কি কোন পৃষ্ঠপেষকতা ছাড়া প্রভাববিস্তার করেছিল? যদি উত্তরটি ' হ্যাঁ ' হয় তবে ঠিক আছে। আর যদি উত্তর ' না ' হয়, তবে শিল্প হিসেবে বিমূর্ত অভিব্যক্তিবাদ সি আই এ-এর কৌশলগত প্রতারণা।
কিন্তু এটা দেখা প্রয়োজন যে এই শিল্প আন্দোলনের শেষটা কোথায় হয়েছিল? কি মার্বেল খচিত ব্যাংকে, এয়ার পোর্টে, শহরের হলগুলোতে, শেবার ঘরে নাকি বিখ্যাত গ্যালারীগুলোতে। শীতলযুদ্ধে কে বা কারা এই বিমূর্ত অভিব্যক্তিবাদ-কে উৎসাহিত করেছে তা যেমন বিবেচ্য, তেমনি বিমূর্ত অভিব্যক্তিবাদ কি পেরেছে আমেরিকান শিল্প সংস্কৃতির পরিচায়ক হতে? তবে তারা একটি সিস্টেম গঠন করতে চেয়েছে যা বিশ^জুড়ে আমেরিকাকে ছড়িয়ে দিবে। এ ক্ষেত্রে তারা সফলই বলা যেতে পারে।
তথ্যসূত্র:
• Khan Academy, California, United State, n.d, Abastract Expressonism, an introduction, viewed 4 march 2019, < https://www.khanacademy.org/humanities/art-1010/abstract-exp-nyschool/abstract-expressionism/a/abstract-expressionism-an-introduction >
• Tate, UK, n.d, ABASTRACT EXPRESSONISM, viewed 17 march 2019,
< https://www.tate.org.uk/art/art-terms/a/abstract-expressionism >
• INDEPENDENT, UK, 1995, Modern art was cia `weapon' by Frances Stonor Sunders, viewed 26 February 2019, < https://www.independent.co.uk/news/world/modern-art-was-cia-weapon-1578808.html >
