২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি আর ঈশ্বরের খোঁজ করি না

তোমাকে চুম্বনের পর থেকে আমি আর ঈশ্বরের খোঁজ করি না,

আমি আর ঈশ্বরের খোঁজ করি না

চিত্রকর্ম:

ফরিদা ইয়াসমিন সুমি ফরিদা ইয়াসমিন সুমি

Published : 24 Mar 2023, 09:06 PM

Updated : 24 Mar 2023, 09:06 PM

তোমাকে চুম্বনের পর থেকে 

আমি আর ঈশ্বরের খোঁজ করি না,

ঈশ্বর এখন খুব কাছেই বাস করেন!

একটা সময় সমুদ্র খুব গভীর মনে হতো

এখন আমি স্পষ্ট তার তলদেশ দেখতে পাই, 

সূর্যের দিকে চাইতে গেলে চোখ বুজে আসতো, 

এখন তোমার চে’ বেশি রৌদ্রকরোজ্জ্বল লাগে না।

অপার মুগ্ধতায় ভাবি, তোমার জন্ম না হলেই কেবল

চাঁদ নিয়ে কবিতা হতে পারে, নতুবা কিছুতেই নয়!

তোমাকে আলিঙ্গনের পর থেকে 

আমি আর ঈশ্বরের খোঁজ করি না,

ঈশ্বর এখন খুব কাছেই বাস করেন।

একটা সময় কৃষ্ণগহ্বর খুব নিরেট মনে হতো 

এখন আমি সেখান থেকেও আলো বেরুতে দেখি

অভিকর্ষের প্রভাবে দু’বাহু মেলেও উড়ে যেতে পারি নি

তোমাকে ভর করে এখন দিব্যি উড়ে চলি দিক-দিগন্তে 

নিদারুণ করুণা জাগে, তোমার জন্ম না হলেই কেবল 

নদী নিয়ে কবিতা হতে পারে, নতুবা কিছুতেই নয়!

তোমাতে বসবাসের পর থেকে

আমি আর ঈশ্বরের খোঁজ করি না,

ঈশ্বর আমার খুব কাছেই বাস করেন।