২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারমিন সাথীর একগুচ্ছ কবিতা

চোখের নোনা জলে স্নান সেরে আমরা শরীরকে নয়, মনকে জয়ী করেছি।

শারমিন সাথীর একগুচ্ছ কবিতা
চিত্রকর্ম: মনিরুল ইসলাম

শারমিন সাথী শারমিন সাথী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 02:01 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

অক্সি-প্রেম

আগুনের চেয়ে বেশি জ্বলতে পারার ক্ষমতা নিয়ে তুমি জন্মেছো। আমিও। হয়তো, এ কারণে আমরা পরস্পরের সাথে মিশে যেতে পারি। এই যে মিশে যাওয়া এর মধ্যেও আছে এক-আকাশ-দূরত্ব। নিঃশ্বাসের খুব কাছে গিয়ে তোমার ফুসফুসের অ্যালভিওলাসে কতখানি অক্সি-প্রেম আছে তা বোঝার চেষ্টা করেছি।

তবুও, আমরা আমাদের প্রতিজ্ঞা ভাঙিনি। মোহনার খুব কাছাকাছি গিয়ে নদী কখনো পেছন ফিরেছে? ফেরেনি। আমরা ফিরেছি। চোখের নোনা জলে স্নান সেরে আমরা শরীরকে নয়, মনকে জয়ী করেছি। মানুষ কি জানে শরীরের চেয়ে মন যখন বড় হয়ে ওঠে তার ওজন এই মহাবিশ্বের চেয়ে কতগুণ বেশি হতে পারে?

নিঃশেষ হবার আগে চলো

কী করে তুমি আর আমি রাত্রির বোয়্যাম খুলে অন্ধকারে আলো জ্বালাতে চাই

সে কথা জেনে গেছে সারস, জেনে গেছে ডাহুক।

আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার আগে

আমরা আরেকবার ডুবে যেতে চাই

নিউরনের সিন্যাপসে অথবা

আমরা ভেসে যেতে চাই দূরবর্তী নক্ষত্রের কাছে,

তাদের কানে কানে বলতে চাই

আমাদের হৃদয়ে যে প্রেম আছে তার ধারণক্ষমতা

পৃথিবীরও নেই। এমনকি, হে নক্ষত্ররাজি, তোমাদের

বুকেও কি আছে সে প্রেম, সে বিরহরাগ যা

আমাদের প্রতিটি কোষে রয়েছে?

বেদনার সরোবরে আমাদের শরীরে জমে

কুয়াশার স্তর, জমতে জমতে হয়ে ওঠে ফসিল,

নৃতত্ত্ব ঘেটে দেখা যায় সেখানে তুমি আমি

কত আস্তিন খুলে বেড়িয়েছিলাম আদি-দিগন্ত।

তোমার বীর্যে জন্ম নিয়েছিল কত মানব-মহামানব।

আর আমিও হয়ে উঠেছিলাম পৃথিবীর জন্মদাত্রী।

হে সমুদ্র পথযাত্রী,  তুমিও জেনে রেখো

আমাদের যৌবনের সুর নোনাজল খুলে

বেড়িয়ে আসার আগেই ধরা পড়েছিল তোমার

পদযাত্রায়, সে বহুকাল আগে। আমাদের প্রেম

এখনো পাহারা দিয়ে রাখে হাঙর।

নিঃশেষ হবার আগে চলো, আমরা আমাদের শেষ চুম্বনে ডুবে যাই।

তোমাকেও অসহায় করে তোলে সময়

১.

একটা জীবন

চলে যাচ্ছে, যাচ্ছে

একটা পৃথিবীর সাথে।

কে যেন বলেছিল

পদচিহ্নই জীবন

অথচ, পদরেখা

মুছে দিতে দিতে

চলে যায় সময়।

২.

সময়কে কি বেঁধে রাখা যায়

যদি যেত, ধরে রাখতাম

তোমার আঙুল আমার মুঠোয়।

তুমি এক সাহসী যোদ্ধা

যুদ্ধের পরে বিজয়ী বীর

অথচ, তোমাকেও অসহায়

করে তোলে সময়।

৩.

মুদ্রার দুটো পিঠ দেখেও

সংশয় কাটে না আমাদের।

বরং, বেড়ে যায় পরিহাস

বেড়ে যায় হৃদয়ের নাশ।

অবশেষে, স্বীকার করি

তুচ্ছ এ জীবন --

জীবন এক প্রহসন।