২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদিত দুঃখের দেশের কবি

আনিসুর রহমান

Published : 06 Dec 2019, 09:08 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


কখনো বা আকস্মিক ধুলো আর হাওয়া;
প্রকাশ অন্য স্বর ভিন্ন — কবিতায় তার;
চুমকির মতন তারা, বসে একে একে;
কাব্যে ঝরালেন শব্দ উদ্দামে যৌবনে|

আলোর ইশকুলে ও শব্দের মিছিলে –
নদীর জলে এবং গাছের পাতায় –
দিনের কোলাহল ও পাখির ডানায় –
পঙতির মেলা বসে তার প্রতিক্ষণে |

উদিত দুঃখের দেশ, মায়াবী জমিন–
পণ্যের বাজারে পণ্য: জীবনের বোধ;
ভাব-অনুভব-মায়া লোহার মোড়কে –
আটকা পড়ে আবেগ বিবেক সবকিছু |

মুখোশটাই সার আর সবটা নকল;
বর্বর ও অতঃপর 'অসভ্য দর্শনে' –
করুণ স্বদেশ গুজবে পেঁয়াজে নুনে;
কবিকে চিনে প্রজন্ম সময়ের ডাকে|

সবুজ চুম্বনে স্নিগ্ধ করার আকুতি;
কবির অই হেন এ মলিন মুখের|
দুঃখের ইঞ্চি জমিও অনাবাদী নাই;
তবু চিবুকের কাছেই অচেনা সে কবি|

নিয়েছে সে ঠাঁই এক জন্মান্তর গানে;
বন্দনা করি আবুল হাসান পুণ্যবানে|