২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেখকের জনপ্রিয়তা : ঈর্ষা, দ্বন্দ্ব ও সঙ্কীর্ণতা

ফারুক সুমন

Published : 24 Sep 2019, 09:17 AM

Updated : 23 Jun 2022, 04:00 PM


শিল্পাঙ্গণে লেখকদের মাঝে একধরনের দ্বন্দ্বপ্রবাহ বয়ে যায়। এই দ্বন্দ্বের সংবাদ কদাচিৎ প্রকাশ্যে আসে। বেশিরভাগ সময় এই দ্বন্দ্ব অন্তর্দন্দ্ব অন্তর্দাহে রূপ নেয়। প্রতিযোগিতামুখর এই বিশ্বে যখন সবক্ষেত্রেই পরস্পরকে অতিক্রমের চেষ্টায় মানুষ কলহবিবাদ, এমনকি প্রাণপাত করে চলেছে। সেখানে শিল্পসাহিত্যের বাজারে এমনতর ঘটনা ঘটবে না, এটা আশা করাই বরং দুরাশা। হ্যাঁ, যেহেতু 'শিল্পজন' কিংবা 'সাহিত্যজন' বললেই আমাদের চোখের সামনে এমন কিছু দীপ্তিময় মানুষের প্রতিচ্ছবি ভেসে ওঠে, যারা সাধারণ মানুষের কাছে আলোকময়, মহৎপ্রাণ ব্যক্তি হিসেবে সমাদর পেয়ে এসেছেন। তারা কোনো ধরনের ব্যক্তিগত দলাদলি কিংবা স্বার্থোদ্ধারের জন্য সঙ্কীর্ণ আচরণ করতে পারেন, এটা সাধারণ জনারণ্যে গ্রহণযোগ্য নয়। সাধারণ কিংবা আলোক প্রত্যাশী মানুষের মন এতে আহত হয়।

এটা ঠিক, লেখকও অবয়বগত বিবেচনায় রক্ত-মাংসের মানুষ। তাঁরও ইচ্ছে করে পার্থিব আনন্দ আয়োজনের অংশীদার হতে। জীবন ও জগতের আনন্দযজ্ঞে তিনিও নিমন্ত্রণ পেতে চান। তাঁর এই চাওয়া দোষের কিছু নয়। কিন্তু এটাও সত্য, জ্ঞানার্জনের মাধ্যমে একজন শিল্পজন কিংবা লেখক যে অনির্বচনীয় আনন্দভুবনের বাসিন্দা হয়েছেন। সেই আনন্দপুরের সন্ধান সাধারণ মানুষ পায়নি। ফলে সাধারণ মানুষ থেকে চিন্তা-চেতনায়, অনুভব উপলব্ধির বিচারে একজন লেখক কিংবা সৃষ্টিশীল মানুষ সহজেই আলাদা হয়ে যান। কার্ল গুস্তাভ ইয়্যুং লেখক কিংবা শিল্পীর স্বরূপ নির্ণয়ে এমনটি ভেবেছেন। তাঁর মতে, একজন শিল্পী বংশগত পরম্পরা এবং জন্মগত বৈশিষ্ট্য ছাড়াও অতিরিক্ত উচ্চ জ্ঞানের অধিকারী। ফলে সাধারণের মনোজগৎ থেকে শিল্পীর মনোজগৎ আরও বিস্ময়কর, রহস্যময়। গভীর অর্থের বিবেচনায় ইয়্যুং যাকে 'সমষ্টিমানব' হিসেবে অভিহিত করেছেন। এই 'সমষ্টিমানব' সম্প্রদায়ের কাছে অশোভন দেখায় এমন আচরণ কারও প্রত্যাশিত নয়।

লেখকদের পারস্পরিক দ্বন্দ্ব পূর্বেও ছিল। কেউ কেউ লেখক হিসেবে অযোগ্য হওয়া সত্ত্বেও কেবল তোষামোদের গুণে 'রাজসভা কবি' হয়ে রাজসিক মর্যাদায় অভিসিক্ত হয়েছেন। পক্ষান্তরে কেউ কেউ যোগ্য লেখক হওয়া সত্ত্বেও রাজার আনুকূল্য থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি ষড়যন্ত্রের শিকার হয়ে রাজার চোখে হয়েছেন বিরাগভাজন। সমকালে সেই লেখকের কপালে জোটেনি প্রশংসা। ভালোবেসে তার গলায় কেউ পরায়নি পুষ্পমালা। যুগেযুগে এভাবেই দ্বন্দ্বপ্রবাহ গড়িয়েছে কালস্রোতে। কিন্তু বর্তমানে আমাদের লেখকদের মধ্যে দলাদলি কিংবা রেষারেষির চিত্র দেখে অবাক হতে হয়। কারণ আমাদের লেখকদের মধ্যে এখন সবচেয়ে বেশি দ্বন্দ্বমুখরতা দেখা যায় 'পুরস্কার' ও 'পদক'-এর ভাগবাটোয়ারা নিয়ে। এখানেও লেখালেখির চাইতে রাজনৈতিক আনুকূল্য, গোষ্ঠীবদ্ধতা মূখ্য ভূমিকা রাখে। শুধু তাই নয়, এই গোষ্ঠীবদ্ধতার কারণে আমাদের এখানে ভালো সমালোচনা সাহিত্যধারা গড়ে ওঠেনি। কারণ গোষ্ঠীবদ্ধ লেখকেরা কেবল নিজেদের সাহিত্য নিয়েই আলোচনা করে তৃপ্ত হয়। অধিকাংশ সময় সেই আলোচনা শৈল্পিক মানদণ্ডের বিবেচনা ছাড়িয়ে ব্যক্তিগত তোষণে রূপ নেয়। ফলে নৈর্ব্যক্তিক সাহিত্য সমালোচনার ধারা দিনকে দিন আরো অনুর্বর হয়ে উঠেছে। তরুণ কবিযশপ্রার্থীরা দ্রুত এইসব গোষ্ঠীবদ্ধ বৃত্তের ভেতর স্রোতের তোড়ে আটকা পড়ে। বোধকরি এই পরিস্থিতি প্রত্যক্ষ করে কবি আল মাহমুদ লিখেছেন-

'আমাদের দেশে সবচেয়ে দিশেহারা অবস্থা সম্ভবত এখন তরুণ কবি-সাহিত্যিকদের। কোনো একটা দলের সদস্য না হতে পারলে প্রকাশপ্রবণ তরুণ লেখকদের কবি হিসেবে, কথাশিল্পী হিসেবে আত্মপ্রকাশের সুযোগ সন্ধান দুরূহ হয়ে পড়েছে। ফলে আমাদের জাতীয় সাহিত্যের অঙ্গনে এখন এক সর্বব্যাপী হতাশার অন্ধকার নেমে এসেছে। আর এই হতাশার প্রতিফলন দেখতে পাচ্ছি তাদের কবিতায়, গল্পে ও প্রবন্ধে।' (দিশেহারা কবির দল)

আমাদের অগ্রজ লেখকদের চোখে সম্পর্কের রুমাল বাঁধা। আফসোস, তাঁরা সম্পর্কের এই রুমাল ভেদ করে দেখতে পারেন না। কারণ এখানেও অলক্ষ্যে গোষ্ঠীবদ্ধতা, পুরস্কার ও পদক প্রাপ্তির হাতছানি থাকে। এছাড়া ঈর্ষার কবলে পড়ে যোগ্য লেখকের (সমবয়সী কিংবা অনুজের) সৃষ্টি সম্ভার নিয়ে মন্তব্য করতে কার্পণ্য বোধ করেন। রবীন্দ্রনাথ তাঁর দীর্ঘ সাহিত্য জীবনে কেবল অগ্রজ, সমবয়সী এবং অনুজ লেখকদের উদ্দেশে শিল্পসাহিত্য বিষয়ে যে পরিমাণে ব্যক্তিগত পত্র লিখেছেন। সেই তুলনায় এই ফেইসবুকের যুগে কোনো লেখক তাঁর লেখকবন্ধুদের উদ্দেশ্যে এই পরিমাণ ক্ষুদেবার্তা পাঠিয়েছেন কিনা সন্দেহ হয়। অথচ রবীন্দ্রনাথের সেই পত্রগুচ্ছ এখন বাংলা পত্রসাহিত্যের সম্পদ।

লেখকের ঈর্ষা এবং দ্বন্দ্ব ঘনীভূত হয় পাঠকপ্রিয়তাকে কেন্দ্র করে। পাঠকপ্রিয়তার বিবেচনায় লেখক সম্প্রদায়কে কয়েকটা শ্রেণিতে ভাগ করা যায়-
১. জনপ্রিয় লেখক : এই শ্রেণির লেখকদের লেখা সাধারণ পাঠকের কাছে বেশ জনপ্রিয়। কেউ কেউ এই শ্রেণির লেখককে বাজারি সস্তা লেখক হিসেবে তাচ্ছিল্য প্রদর্শন করেন। এমনকি এধরনের লেখাকে কট্টর সমালোচকগণ শিল্পমানহীন লেখা বলে অভিহিত করতে কুণ্ঠাবোধ করেন না। গ্রন্থমেলায় এদের লেখা বই পাঠক লাইন ধরে কিনে বাড়ি ফিরে যায়।

২. অজনপ্রিয় লেখক কিন্তু ক্লাসিক: এই শ্রেণির লেখকের লেখা কেবল বোদ্ধা পাঠকমহলে সীমাবদ্ধ। সমালোচকদের দাবি, এঁরা শিল্পমান অক্ষুণ্ণ রেখে শিল্পচর্চা করেন। ফলে এঁদের লেখা থেকে সাহিত্যরস আস্বাদনের জন্য পাঠকের যে পরিমাণে পঠন-পাঠন এবং পরিপক্কতা থাকা প্রয়োজন, সেই মতো না থাকায় সাধারণ পাঠক এই শ্রেণির লেখা পাঠে সক্ষমতা রাখেন না। যার কারণে তাঁদের পাঠক সংখ্যাও সীমিত। সাধারণ পাঠকের কাছে এই শ্রেণির লেখক অচেনা অজানা থেকে যান। কেউ কেউ এঁদেরকে 'লেখকের লেখক' কিংবা 'ধ্রুপদী লেখক' হিসেবে অভিহিত করে থাকেন।

৩. উভয় মহলে জনপ্রিয়:
এই শ্রেণির লেখকের লেখা সাধারণ ও বোদ্ধা পাঠকমহল উভয়ের কাছেই জনপ্রিয়। অর্থাৎ লেখক হিসেবে তাঁরা ভাগ্যবান বলা যায়। কারণ তাঁদের লেখা সর্বমহলে প্রশংসা পায়। তাঁরা হয়তো পাঠকের মনস্তত্ত্বকে গুরুত্ব দিয়ে সেই বিবেচনায় সংশ্লিষ্ট লেখা লিখে থাকেন।

৪. মিডিয়া-সৃষ্ট লেখক: এই শ্রেণীর লেখকগণ লেখক হিসেবে খুবই নিম্নমানের। কারণ সমসময়ে মিডিয়ার সহযোগিতায় এরা লেখক হিসেবে পরিচিতি পায় ঠিকই কিন্তু স্বল্পসময়ের ব্যবধানে আবার হারিয়ে যায়। এই শ্রেণির লেখক জনপ্রিয় লেখকের কাতারেও স্থান পাওয়ার অযোগ্য। কারণ এরা একান্তই মিডিয়ার পাচাটা মার্জার। শুধু তাই নয়, গ্রন্থ প্রকাশের আগেই খ্যাতিমান অগ্রজ কোনো লেখকের কাছ থেকে গ্রন্থ সম্পর্কে একটা 'রেডিমেড সার্টিফিকেট' নিয়ে মিডিয়ায় প্রচার করতেও তাদের দ্বিধা নেই।

এভাবেই উপরিউক্ত জনপ্রিয় এবং অজনপ্রিয় লেখকের মাঝে অন্তর্দন্দ্ব তৈরি হয়। পরস্পরের মাঝে দূরত্ব বাড়ে। ভেতরে ভেতরে ঈর্ষা তৈরি হয়। লেখক হওয়া স্বত্ত্বেও পরস্পরের মনে সঙ্কীর্ণতা বাসা বাঁধে। লেখকদের মাঝে এই প্রতিযোগিতা সবচেয়ে বেশি দেখা যায় কবি সম্প্রদায়ের মধ্যে। কে বড় কবি, কে ছোট কবি। কার কবিতা উচ্চমার্গীয় কিংবা নিম্নমানের। একে অপরকে এধরনের নানা মন্তব্যের তির দ্বারা বিদ্ধ করে। পারস্পরিক এই ঈর্ষাকাতর দ্বন্দ্বের ফলে আমাদের সমালোচনা সাহিত্য সেভাবে সমৃদ্ধ হয়নি। অনেক শক্তিমান লেখক সাহিত্য সমালোচনায় কলম ধরেননি কেবল সাহিত্য সমালোচনা লিখে বিরাগভাজন হবেন এই ভয়ে। সমালোচনায় স্তুতি বাক্যের পাশাপাশি লেখার দুর্বল দিকগুলোও উঠে আসবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সমালোচনা সাহিত্যের দু'কুলই স্তুতিকথায় প্লাবিত হয়েছে। বোধকরি, বর্তমানে বাংলা সাহিত্যে প্রবীণ লেখকের বয়সসীমা খুব কম। কারণ, বয়স পঁয়ত্রিশ অথবা চল্লিশের কোঠা পার হতে না হতেই জরাজীর্ণ প্রবীণের মতো কৃত্রিম উর্দি গায়ে গলিয়ে বড় বড় মঞ্চ আলোকিত করেন। অর্থাৎ এখানেও যশ-খ্যাতি এবং পুরস্কারের মোহে লেখক দ্রুত আত্মাহুতি দেন। ফলে রাত গভীর হওয়ার আগেই ভাবী নক্ষত্রটি টুপ করে ঝরে পড়ে।

সর্বোপরি, লেখকের ঈর্ষা ছড়িয়ে পড়ুক নব সৃষ্টির প্রেরণায়। ঈর্ষা যেন ব্যক্তিগত হিংসা কিংবা ক্রোধের পথে না যায়। ব্যক্তিগত দ্বন্দ্ব এবং মনের সঙ্কীর্ণ বাতায়ন বন্ধ করে একজন লেখক নেমে পড়ুক শিল্পের বৃহৎ আঙিনায়। শিল্পের জয় হোক। লেখকের জয় হোক।