২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের করুণ মৃত্যুগুলো-২

বিশ বছর যুদ্ধ শেষে বাড়িতে এসে স্থির হয় কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া। উরসুলা ভাবে শেষ পর্যন্ত বাড়িতে একজন পুরুষ মানুষ পেল। কিন্তু, আমারান্তা বুঝে আউরেরিয়ানো আর আগের মতো নেই। যুদ্ধবিরতীর এক সপ্তাহ আগে সে যখন বাড়িতে আসে, খালি পায়ে, দুই আর্দালি নিয়ে, আমারান্তাকে সে চিনতেই পারে না প্রথমে।

কামরুল আহসান কামরুল আহসান

Published : 20 Nov 2025, 11:05 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

২    

আর্কাদিও

‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাসের বাংলা অনুবাদক জি এইচ হাবীবকে আমি জিজ্ঞেস করেছিলাম নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসে কোন মৃত্যুটা আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। তিনি বলেছিলেন আমারান্তার মৃত্যু। আর আমি বলেছিলাম আর্কাদিও’র মৃত্যুটাই আমার সবচেয়ে দাগ কেটেছে।

আর্কাদিও হচ্ছে হোসে আর্কাদিও আর পিলার তারনার ছেলে। অবৈধ সন্তান বলে সে বেড়ে উঠে খাপছাড়াভাবে। বুয়েন্দিয়া পরিবারটাকে সে ঘৃণা করে। আউরেলিয়ানো বুয়েন্দিয়া যখন যুদ্ধে যায় তখন তাকে স্রেফ এটুকুই বলে যায়, ‘মাকোন্দোকে তোর জিম্মায় রেখে গেলাম। খুব খারাপ অবস্থায় কিন্তু রেখে গেলাম না। চেষ্টা করিস, যখন ফিরে আসবো, তখন যেন এরচেয়ে ভালো অবস্থায় দেখি শহরটাকে।’

নির্দেশটার নিতান্তই এক ব্যক্তিগত অর্থ দাঁড় করায় আর্কাদিও। শহরের প্রবেশপথে সে দুটো কামান বসায়, সঙ্গীদের অস্ত্র হাতে শহরের রাস্তায় ছেড়ে দেয়। ঘোষণা করে গ্রামে তার কথাই আইন। গোড়ার দিকে কেউই আমল দেয়নি তাকে। শত হলেও, ওরা পাঠশালার ছেলে, বড় বড় খেলছে। কিন্তু এক রাতে, সে কাতারিনোর দোকানে যাওয়ার পরে উপস্থিত দলটার ভেতরে থাকা এক বাজনদার তূর্যনাদসহ তাকে স্বাগত জানালে সব খদ্দের হেসে ওঠে, আর তখন কর্তৃপক্ষের প্রতি অসম্মান দেখানোর অপরাধে আর্কাদিওর হুকুমে লোকটাকে গুলি ক’রে মেরে ফেলা হয়। যারা এর প্রতিবাদ করে তাদেরকে সে স্কুলঘরে রাখা বেড়ি পায়ে পরিয়ে স্রেফ রুটি-পানি দিয়ে আটকে রাখে। আর্কাদিও কোনো খামখেয়ালি, উচ্ছৃঙ্খল ক্রিয়াকলাপের খবর শুনলেই উরসুলা তাকে গালি দিয়ে উঠতো, ‘ব্যাটা খুনী! আউরেলিয়ানো জানতে পারলে গুলি করে মারবে তোকে, আর তখন সবার আগে যে খুশি হবে সে আমি।’ কিন্তু এসবে কোনো কাজ হয় না। অপ্রয়োজনীয় কঠোরতার সাঁড়াশী আঁটতে আঁটতে আর্কাদিও হয়ে ওঠে মাকোন্দোর দেখা সবচেয়ে নিষ্ঠুর শাসক।

একদিন উরসুলা তাকে ও তার দলবলকে রাস্তায় গিয়ে চাবুকপেটা পর্যন্ত করে। এর মধ্যে উরসুলা জানতে পারে আর্কাদিও বিয়ে করেছে, ছমাস বয়সী একটা মেয়েও আছে তার, আর তার স্ত্রী সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ ফের পোয়াতী হয়েছে। 

একদিন গাধার পিঠে চড়ে মাকোন্দোতে আসে বিধ্বস্ত চেহারার এক বুড়ি। ফেরিঅলার একজন ভেবে কোনো জিজ্ঞাসাবাদ না ক’রেই তাকে ভেতরে ঢুকতে দেয় সেন্ট্রিরা। সোজা সেনাছাউনিতে গিয়ে হাজির হয় সে। নিজের পরিচয় দেয়ার আগে বুড়ি শিরদাঁড়া সোজা ক’রে সামরিক কেতায় একটা স্যালুট ঠোকে: ‘আমি কর্নেল গ্রেগরিও স্টিভেনসন।’

খারাপ খবর বয়ে এনেছে সে। উদারপন্থীদের শেষ প্রতিরক্ষা ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। কর্নেল আউরেলিয়ানো তাকে পাঠিয়েছে আর্কাদিওকে খবর দেয়ার জন্য। আর্কাদিও লিখিত কিছু প্রমাণ চায়। প্রমাণ হিসেবে কর্নেল গ্রেগরি আউরেলিয়ানোর তৈরি একটা সোনার মাছ দেখায়। তাও বিশ্বাস করে না আর্কাদিও। কর্নেল গ্রেগরিকে সে বন্দি করে রাখে। এর মধ্যে রক্ষণশীল দল আক্রমণ করে। আর্কাদিওর দল রুখে দাঁড়ায়। যদিও রুখে দাঁড়ানোর সিদ্ধান্তটা পাগলামি ছাড়া আর কিছু ছিল না। এলোপাতাড়ি গোলাগুলি আর সিঙ্গার অর্থহীন আওয়াজের মধ্যে কথিত সেই কর্নেল স্টিভেনসন আর্কাদিওর সঙ্গে কথা বলতে সক্ষম হয়। সে তাকে বলে, ‘এভাবে মেয়েমানুষের জামা-কাপড় গায়ে চাপিয়ে, পায়ে ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় মরার এই অপমানের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। যদি মরতেই হয় তো যুদ্ধ ক’রে মরতে দাও আমাকে।’ আর্কাদিও তার লোকদের বলে কর্নেলকে একটা অস্ত্র আর বিশটা কার্তুজ দিতে। বীরের মতো যুদ্ধ করেই মরে কর্নেল স্টিভেনসন। যে-অসাধারণ গতিময়তা আর নিখুঁত হাতের টিপ দিয়ে সে তার বিশটা গুলি পাঠিয়েছিল তাতে মনে হয়েছিল শিবিরটা খুবই সুরক্ষিত, আক্রমণকারীরা তাই কামান দেগে সেটাকে ছিন্নভিন্ন করে ফেলে। আধ ঘণ্টারও কম সময়ের ভেতর প্রতিরোধটা গুঁড়িয়ে গেছে। আর্কাদিওর লোকজন একজনও বাঁচতে পারেনি এই আক্রমণের হাত থেকে। কিন্তু মরার আগে তিনশ’ সৈন্য মেরে গেছে তারা। 

ওদিকে যুদ্ধের সেই ডামাডোলের ভেতর আমারান্তাকে আবিষ্কার করে আর্কাদিও, তাকেই খুঁজে চলেছে সে উন্মাদিনীর মতো। আমারন্তাকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে আর্কাদিও দেখে উরসুলা দাঁড়িয়ে আছেন বাড়ির সামনে। উরসুলা নিজের শরীর দিয়ে আর্কাদিওকে আড়াল ক’রে তাকে বাড়ির দিকে টেনে আনার চেষ্টা করে। তখন সৈন্যরা তাদের দিকে অস্ত্র তাক করে বলে, ‘লোকটাকে ছেড়ে দিন, ম্যা’ম, নইলে কিন্তু আমাদের দুষতে পারবেন না।’

উরসুলাকে বাড়ির দিকে ঠেলে দিয়ে আর্কাদিও নিজে আত্মসমর্পণ করে। ভোরবেলা, সংক্ষিপ্ত একটা কোর্টমার্শালের পর, গোরস্তানের দেয়ালের গায়ে দাঁড় করিয়ে গুলি করা হয় আর্কাদিওকে। 

প্রথমে এক বাক্যে মার্কেস এটুকু লিখে পরে আরেকটু বিস্তৃত বর্ণনা দেন তার মৃত্যুদৃর্শের। সে এক করুণ হৃদয়বিদারক বর্ণনা। জীবনের শেষ দুটো ঘণ্টায় আর্কাদিও ঠিক বুঝে উঠতে পারে না যে, যে-ভয়টা তাকে তার শৈশব থেকে জ্বালিয়ে মেরেছে সেটা হঠাৎ উবে যায় কেন। উদাসীনভাবে, এমনকি তার অতি সাম্প্রতিক সাহসিকতা আরেকবার দেখানোর কথাটা একবারও না ভেবে, সে তার বিরুদ্ধে আনা অগুনতি অভিযোগের ধারা মন দিয়ে শুনে যায়। সে উরসুলার কথা ভাবে, এতোক্ষণে সে নিশ্চয়ই বাদাম গাছের নিচে বসে হোসে আর্কাদিও বুয়েন্দিয়ার সঙ্গে কফি খাচ্ছে। এখনো যার কোনো নামই রাখা হয়নি তার সেই আট মাস বয়সী মেয়েটার কথা ভাবে সে, আর ভাবে সেই শিশুটির কথা সামনের আগস্ট মাসে যে পৃথিবীতে আসছে। একটা হরিণের ছাল ছাড়িয়ে লবণ মেখে পরের দিনের দুপুরের খাবারের জন্যে রেখে দিচ্ছিল সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ, সেই সময় তার কাছ থেকে চলে এসেছিল আর্কাদিও আগের রাতে, তার কথা ভাবে সে, কষ্ট হয় তার কাঁধ থেকে নেমে আসা চুল আর দেখলে নকল-মনে-হওয়া তার চোখের পাপড়িগুলোর জন্যে। সব রকমের আবেগ ঝেড়ে ফেলে, জীবনের হিসেবখাতা শেষবারের মতো বন্ধ ক’রে দিয়ে সে তার লোকগুলোর কথা ভাবে, উপলব্ধি করে যে, যাদেরকে সে সবচেয়ে ঘৃণা করতো তাদেরকেই সে কী প্রচণ্ড ভালোই না বাসে। আর্কাদিও যখন বুঝতে পারে দু’ঘণ্টা পেরিয়ে গেছে, কোর্ট মার্শালের সভাপতি তখন তার বক্তব্যের ইতি টানতে শুরু করেছে। সে বলে চলেছে, ‘প্রমাণিত অভিযোগুলোর যদি যথেষ্ট গুরুত্ব না-ও থাকে, তারপরেও যে-দায়িত্বজ্ঞানহীন আর অন্যায় দুঃসাহসের সঙ্গে অভিযুক্ত ব্যক্তি তার অধীনস্তদের এক অর্থহীন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাতেই তার দিব্যি মৃত্যুদণ্ড পাওনা হয়ে যায়।’ বিধ্বস্ত সেই স্কুলঘরে, যেখানে প্রথমবারের মতো সে ক্ষমতার নিরাপত্তার আস্বাদ পেয়েছিল, যে-কামরায় প্রথমবারের মতো সে প্রণয়ের অনিশ্চয়তার পরিচয় পেয়েছিল, তার থেকে মাত্র কয়েক ফুট দূরে মৃত্যুর আনুষ্ঠানিকতাকে হাস্যকর বলে মনে হয় আর্কাদিও কাছে। মৃত্যু তার কাছে কোনো অর্থ বহন করে না, করে জীবন, কাজেই ওরা যখন ওদের সিদ্ধান্ত জানায় তখন তার যে অনুভূতি হয় সেটা ভয়ের নয়, স্মৃতিকাতরতার। ওরা তাকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করার আগ পর্যন্ত সে কোনো কথা বলে না। 

চমৎকারভাবে নিয়ন্ত্রণ-করা গলায় সে বলে, ‘আমার বৌকে বোলো যেন মেয়েটার নাম রাখে উরসুলা।’ একটু থেমে ফের বলে সে কথাটা: ‘উরসুলা, ওর দাদীর মতো। তাকে আরো বলো, যে-বাচ্চাটা আসছে সে যদি ছেলে হয় তো তার নাম হোসে আর্কাদিও রাখতে, ওর চাচার নামে না, দাদার নামে।’তার দিকে বন্দুক তাক করা মাত্র সে বলে ওঠে, ‘এই যাহ! বলতেই ভুলে গেছি যে মেয়ে হলে ওরা যেন তার নামে রেমিদিওস।’

এ-লেখা লিখতে লিখতে ভাবছি আর লিখে কাজ নেই। এমন অসামান্য একটি উপন্যাসের এমন খাপছাড়া আলোচনার কোনো অর্থ হয় না। উপন্যাসটা যে না পড়েছে এরকম টুকরো টুকরো আলোচনায় সে হয়তো কিছুই বুঝতে পারবে না। আবার মনে হচ্ছে এত বিশাল উপন্যাস দেখে অনেকে তো পড়তে ভয় পায়। এ- লেখা পড়ে যদি তাদের দুএকজনের একটু আগ্রহ হয় সে-ভেবেই লিখি। এতটুকু যখন লিখে ফেলেছি বাকিটা লিখেই ফেলি।

হোসে আর্কাদিও

হোসে আর্কাদিও যে প্রবল বিক্রম নিয়ে ফিরে এসেছিল বিয়ে করার পর আর কিছুই তার অবশিষ্ট থাকে না। গ্রামের এক প্রান্তে গিয়ে একটা ঘর বানিয়ে সে রেবেকাকে নিয়ে বসবাস করছিল। গ্রামের আর কারো সঙ্গে তার কোনো সংযোগ দেখা যায়নি কখনো। একবার শুধু কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়াকে ফায়ারিং স্কয়াডে নিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার সময় সে শটগান নিয়ে বাঁধা দিতে গিয়েছিল, সেই ঘটনার কথাও জানে না গ্রামের কেউ। কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া উধাও হয়ে যাওয়ার এক বছর পর হোসে আর্কাদিও আর রেবেকা গিয়ে উঠেছিল আর্কাদিওর বানানো একটা বাড়িতে। একদিন খুব রহস্যজনকভাবে মারা যায় সে। বিকেলবেলা শিকার থেকে ফিরে শোবার ঘরের দরজা বন্ধ করে দিতেই সারা বাড়ি প্রতিধ্বনিত হয়ে ওঠে পিস্তলের একটা গুলির শব্দে। মার্কেস অসামান্য জাদুকরী বর্ণনায় সেই মৃত্যুর খবর ছড়িয়েছেন, “দরজার নিচ দিয়ে বেরিয়ে আসে রক্তের একটা ধারা, পার হয়ে যায় বসার ঘর, বেরিয়ে যায় রাস্তায়, উঁচুনিচু চত্বরগুলোর ওপর দিয়ে আড়াআড়ি চলতে থাকে একটা সরলরেখা তৈরি করে, নেমে যায় সিঁড়ির ধাপগুলো বেয়ে, উঠে পড়ে বেড়ার ওপর, তুর্কীদের রাস্তা ধরে এগিয়ে চলে, এক কোনায় এসে ঘুরে যায় ডান দিকে, তারপর বাঁয়ে, বুয়েন্দিয়াদের বাড়ির কাছে এসে একটা সমকোণ তৈরি করে ভেতরে ঢুকে পড়ে বন্ধ দরজার নিচ দিয়ে, মাদুরে যাতে দাগ না লাগে সেজন্যে দেয়াল ঘেঁষে ঘেঁষে বৈঠকখানা পেরিয়ে যায়, পড়ে গিয়ে আরেক বৈঠকখানায়, খাবারঘরের টেবিলটা এড়ানোর জন্যে বেমাক্কা রকমের একটা বাঁক নেয়, বেগনিয়াভরা বারান্দা ধরে এগিয়ে চলে, আউরেলিয়ানো হোসেকে পাটিগণিত শেখানোয় ব্যস্ত আমারান্তার অলক্ষ্যে চলে যায় চেয়ারের নিচ দিয়ে, ভাঁড়ার ঘর পেরিয়ে, তারপর বেরিয়ে আসে রান্নাঘরে, যেখানে রুটি তৈরি করতে ছত্রিশটা ডিম ভাঙার জন্যে উরসুলা তৈরি হচ্ছিল। সে চেঁচিয়ে ওঠে,‘ ও মা মেরি’!” 

সেই রক্তের দাগ ধরে উরসুলা এসে দেখে এইমাত্র খুলে রাখা মোজার ওপর মাটিতে হুমড়ি খেয়ে পড়ে আছে হোসে আর্কাদিও। আরো দেখতে পায় সেই রক্তের উৎস তার ডান কাটা, যদিও ততক্ষণে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। সারাবাড়ি ভ’রে আছে বারুদের গন্ধে। পিস্তলটা অবশ্য খুঁজে পাওয়া যায় না। হোসে আর্কাদিও কি আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে খুন করেছে তাও জানা যায় না। রেবেকাকে কেউ সন্দেহ করতে পারে না কারণ তাকে সুখেই রেখেছিল হোসে আর্কাদিও। তাহলে কী হতে পারে। এই রহস্য কোনোদিনই আবিষ্কার করা যায় না। হোসে আর্কাদিও মৃত্যুর পর রেবেকা তার বাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে নিজেকে স্বেচ্ছা নির্বাসন দেয়। মার্কেস সেটাকে নিদের্শন করেছেন জ্যান্ত কবর দেয়ার মতো। 

হোসে আর্কাদিও বুয়েন্দিয়া

হোসে আর্কাদিও বুয়েন্দিয়াই মাকোন্দোর গোড়াপত্তন করেছিলেন। তিনিই ছিলেন গ্রামপ্রধান। সমস্ত অচেনা জিনিশপত্রের নাম তিনিই রেখেছিলেন। কারো কাছ থেকে শোনার আগে নিজেই আবিষ্কার করে ফেলেছিলেন পৃথিবীটা গোল। সেই হোসে আর্কাদিও বুয়েন্দিয়া এক সময় পাগল হয়ে যান। বাড়ির বাইরে চেস্টনাট গাছের সঙ্গে বেঁধে রাখা হতো তাকে। একদিন যুদ্ধক্ষেত্র থেকে আউরেলিয়ানো চিঠি পাঠায় মাকে, বাবার দিকে বিশেষ যত্ন নিয়ো, তিনি আর বেশিদিন বাঁচবেন না।’  উরসুলা ভয় পেয়ে যায়। সে বলে, ‘আউরেলিয়ানো জানে বলেই এ-ধরণের কথা বলে।’ কাজেই লোকজনের সাহায্যে সে হোসে আর্কাদিও বুয়েন্দিয়াকে তার শোবার ঘরে নিয়ে আসে। পরদিন সকালে তার জন্যে নাশতা নিয়ে আসার সময়, উরসুলা দেখে হলঘর ধরে হেঁটে আসছে এক লোক। তাকে উরসুলা প্রথমে ভাবে মেলকিয়াদিসেরই বুঝি আবির্ভাব হলো! কিন্তু লোকটা কাতাউর, ভিসিতাসিওঁর ভাই, সেই অনিদ্রারোগের সময় যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এতোদিন পর তার ফিরে আসার কারণ হিসেবে জানায় রাজার শেষকৃত্যে যোগ দিতে এসেছে সে। কীভাবে সে টের পেল হোসে আর্কাদিও বুয়েন্দিয়া মারা গেছেন তা অবশ্য জানাননি মার্কেস।

“এরপর তারা হোসে আর্কাদিও বুয়েন্দিয়ার ঘরে গিয়ে ঢোকে, তার গায়ে ধাক্কা দেয় প্রাণপণে, কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে, নাকের ফুটোর সামনে একটা আয়না ধরে, কিন্তু তারপরেও জাগাতে পারে না তাকে। খানিক পর ছুতোর মিস্ত্রি যখন কফিনের মাপ নিচ্ছে, ওরা জানালা দিয়ে দেখতে পায ছোট ছোট হলুদ ফুলের ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। নীরব একটা ঝড় হয়ে গোটা শহরে রাতভর ঝরে পড়ে সেই ফুলগুলো, ছেয়ে ফেলে সব ক’টা ছাদ, আটকে দেয় সব দরজা, দমবদ্ধ করে ফেলে বাইরে শুয়ে থাকা সব জীবজন্তু। এতো ফুল ঝরে পড়ে আকাশ থেকে যে রাস্তাগুলো ঢেকে যায় নিবিড় একটা গালিচার মতো, আর শবযাত্রাটা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেজন্যে সেগুলো ওদেরকে সরিয়ে ফেলতে হয বেলচা আর আঁচড়া দিয়ে।”

এ-ই, কারো কোনো বিলাপ নেই, এমন এক অপূর্ব বর্ণনা দিয়ে মার্কেস শেষ করেন হোসে আর্কাদিও বুয়েন্দিয়ার শেষযাত্রা। 

সুুন্দরী রেমেদিউস

আর্কাদিওর মৃত্যুর পর তার স্ত্রী-কন্যাকে বাড়িতে তুলে আনে উরসুলা। আর্কাদিওর কথা মতো মেয়েটার নাম আর উরসুলা রাখা হয়নি, রাখা হয়েছে রেমেদিস। উরসুলা মনে করে এটাই বুঝাতে চেয়েছিল আর্কাদিও। দুটো যমজ ছেলের জন্ম দেয় সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ। তাদের নাম রাখা হয় আউরেরিয়ানো সেগান্দো আর হোসে আর্কাদিও সেগান্দো। উত্তরাধিকার সূত্রেই রেমেদিস ছোটবেলা থেকে খুব সুন্দরী হয়ে ওঠে। সুন্দরী রেমেদিস হিসেবেই সে পরিচিতি পায়। সে এমনই সুন্দরী হয়ে ওঠে যে তার গায়ের গন্ধে পর্যন্ত পুরুষদের দম হয়ে যাওয়ার যোগাড় হয়। অসংখ্য পুরুষ প্রেমে পড়ে তার। কিন্তু, তার দিকে যেই কামনার হাত বাড়ায় তারই অপঘাতে মৃত্যু হয়। শেষ পর্যন্ত এমন বিশ্বাস প্রতিষ্ঠিত হয়ে যায় যে সুন্দরী রেমেদিউস মৃত্যুর ক্ষমতা ধরে। এহেন সুন্দরী রেমেদিউস একদিন স্রেফ চাদরে করে আকাশে উড়ে যায়। বেশির ভাগ লোকই অবশ্য অলৌকিক ব্যাপারটা বিশ্বাস করে না। 

আউরেলিয়ানো হোসে

আউরেলিয়ানো হোসে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া আর পিলার তারনেরার সন্তান। পিলার তারনেরার গর্ভে হোসে আর্কাডিরও এক ছেলের জন্ম হয়েছিল, তার নামই আর্কাডিও। মাকোন্দো পত্তনের মধ্য দিয়ে যে গণ-হিজরতের সমাপ্তি হয়েছিল, তারই অংশ হিসেবে পিলার তারনেরার পরিবার তাকে সঙ্গে নিয়ে এসেছিল। চোদ্দ বছর বয়সে যে- লোকটা তাকে ধর্ষণ করেছিল সে তাকে ভয় দেখিয়েছিল দুনিয়ার শেষ পর্যন্ত সে তার পিছু নিবে। মূলত সেই লোকের হাত থেকে পালাতেই তাদের মাকোন্দোতে আসা। পিলার তারনেরা এক রহস্যময় চরিত্র, তাশ দেখে সে ভবিষ্যৎ বলতে পারে। মাকোন্দোতে সে পরিচিত হয় বেশ্যা হিসেবে। গোপন রাতে তার ঘরে যায় হোসে আর্কাডিও। কিছুদিন পর পিলার তারনেরা যখন তাকে জানায়, ‘বাবা হতে যাচ্ছিস তুই’, ভয়ে কিছুদিন বাড়ি থেকেই বের হয় না হোসে আর্কাদিও। এক জিপসি দলের সঙ্গে পরে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ফিরে বহু বছর পর। এর মধ্যে আর্কাডিওর জন্ম হয়। জন্মানোর দুই সপ্তাহ পর দাদাবাড়িতে নিয়ে আসা হয় তাকে। আর্কাডিও নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর আরো দুপুরুষের ঔরসে পিলার তারনেরার দুটো ছেলে হয়। একদিন আউরেলিয়ানোও তার সাথে শুতে যায়। আউরেলিয়ানো তখন উদভ্রান্ত এক তরুণ। কয়েক মাস পর পিলার তারনেরা একদিন আউরেলিয়ানোর ঘরে এসে ইঙ্গিতে জানায়, আউরেলিয়ানোও বাবা হতে যাচ্ছে। সংকেতটার প্রমাণ পেয়ে আউরেলিয়ানোর পেশীতে ঢিল পড়ে। সে তার কাজে মন দিতে ফিরে যায়, যেন কিছুই ঘটেনি, তারপর তার গলায় একটা প্রশান্ত শক্তির সুর বেজে ওঠে। সে বলে, ‘চিনে নেব আমি ছেলেটাকে। আমার নামে নাম হবে ওর।’

সেই ছেলের নামই রাখা হয় আউরেলিয়ানো হোসে। আউরেলিয়ানো হোসের কবে জন্ম হলো এবং কখন তাকে বুয়েন্দিয়া পরিবারে নিয়ে আসা হলো তার আর কোনো ইঙ্গিত মার্কেস আমাদের দেননি। বহু পরে, পঞ্চম অধ্যায়ে সুন্দরীরেমেদিউসের মৃত্যুর পর হঠাৎ করেই জানা যায় ‘আউরেলিয়ানো হোসের দেখাশোনার ভার নেয় আমারান্তা’। ততোদিনে বহু ঘটনা ঘটে গেছে। আর্কাডিও, হোসে আর্কাডিও, সুন্দরী রেমেদিউস এবং হোসে আর্কাদিও বুয়েন্দিয়া মারা গেছে। কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া যুদ্ধে চলে গেছে। তাদের কারো সাথে আউরেলিয়ানো হোসের কোনো সাক্ষাতের ইঙ্গিত মার্কেস দেননি। অস্টম অধ্যায়ে গিয়ে আউরেলিয়ানোর হোসের কথা বলেন মার্কেস। ‘বেতের দোলকেদারায় বসে, অসমাপ্ত সেলাইয়ের কাজটা কোলের ওপর রেখে আমরান্তা তাকিয়ে আছে আউরেলিয়ানো হোসের দিকে, ফেনায় ঢাকা চিবুক নিয়ে চামাটিতে ক্ষুর শান দিচ্ছে সে জীবনে প্রথমবারের মতো দাড়ি কামাবার জন্যে।’

আউরেলিয়ানো হোসের সঙ্গে এক অদ্ভুত শারীরিক মোহে জড়িয়ে পড়ে আমারান্তা। তারা রাতে একসঙ্গে নগ্ন হয়ে ঘুমাত। একদিন বিকেলে উরসুলা যখন গোলাঘরে যায় তখন ওরা প্রায় ধরাই পড়ে যাচ্ছিল চুমু খেতে শুরু করার মুহূর্তে। এই ঘটনাটাই আমারান্তার উন্মত্ততা ঘুচিয়ে দেয়। সে যে অনেক দূর এগিয়ে গেছে, একটা বাচ্চা ছেলের সঙ্গে স্রেফ চুমোচুমির খেলা খেলছে না, বরং খুবই বিপজ্জনক এক শারীরিক কামনায় ঘুরপাক খাচ্ছে সেটা বুঝতে পেরে এক ঝটকায় সে ছেদ টেনে দেয় ব্যাপারটার।

নিষিদ্ধ জেনেও ফুফুর শরীরের প্রতি আকর্ষণ ছাড়তে পারে আউরেলিয়ানো হোসে। সে প্রায় পাগলের মতো হয়ে ওঠে। আমরান্তাকে ভুলতেই সে চলে যায় যুদ্ধে। যুদ্ধ থেকে একবার এসে দেখে আমারান্তা একেবারেই নির্জীব হয়ে গেছে। একদিন থিয়েটার দেখতে গেলে  রক্ষণশীল দলের ক্যাপ্টেন আকুইলেস রিকার্দোর গুলিতে মারা যায় সে। 

কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া

নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের সম্ভবত প্রধান নায়ক কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়াই। যদিও আরও অসংখ্য চরিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু, উপন্যাসের শুরু থেকে অর্ধেকটা পর্যন্ত কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার উপস্থিতিই ঘটনার মোড় অনেক দিকে পরিবর্তন করে। কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া ৩২টা যুদ্ধে অংশগ্রহণ করে, সবগুলোতেই সে ব্যর্থ হয়, তারপর নিজের কামারশালায় বসে ছোট ছোট সোনার মাছ তৈরি করেই তার জীবন যায়। 

যুদ্ধটা রক্ষণশীলদের সঙ্গে উদারপন্থীদের। রক্ষণশীলদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠছিল সারাদেশ। রক্ষণশীলদের খুন করাটা একটা স্বদেশহিতৈষী কাজ এমন দীক্ষা নিয়েছিল কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া ডাক্তার আলিরিও নগুয়েরার কাছ থেকে। কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার সময় কাটছিল তখন  শ্বশুর দন আপোলিনার মসকোতের সঙ্গে ডমিনো খেলে। দন আপোলিনার মসকোত রক্ষণশীল দলের লোক। খেলার ফাঁকে ফাঁকে শ্বশুর প্রায়ই বলতেন, ‘ফের বিয়ে করো, অরেলিতো। ছয় ছয়টা মেয়ে আছে আমার পছন্দ করার জন্য।’ কর্ণেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া কোনো উত্তর দিত না। রক্ষণশীল আর উদারপন্থীদের ব্যাপারে আউরেলিয়ানোর ধারণা যেহেতু তখন খুবই ঘোলাটে, তার শ্বশুর তাকে এ-ব্যাপারে গৎবাঁধা পাঠ দিত। 

ডাক্তার আলিরিও নগুয়েরার দন আপোলিনার মসকোতের পুরো পরিবারকে খুন করে ফেলার পরিকল্পনা করে। এটা জানতে পেরে বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে আউরেলিয়ানো বলে, ‘আপনি উদারপন্থী না অন্য কিছু। কসাই ছাড়া আর কিছু নন আপনি।’ছ’মাস পর আউরেলিয়ানো জানতে পারে কাজে লাগবে এমন লোকের তালিকা থেকে ডাক্তার তাকে ছাঁটাই ক’রে দিয়েছে, কারণ সে ভাবপ্রবণ, ভবিষ্যৎহীন, উদাসীন, আর নিশ্চিতভাবেই অসামাজিক চরিত্রের। ডাক্তার আলিরিওর বাহিনী একরাতে মসকোত পরিবারকে খুন করতে গিয়ে দেখে সেই দাঁড়িয়ে রয়েছে পাহারায়। 

যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর রক্ষণশীল বাহিনী সারা দেশে সামরিক আইন জারি করে। সেনাবাহিনী এসে পুরো শহরটা দখলে নিয়ে নেয়। স্কুলঘরে তারা সদর দফতর বসায়। নাগরিক শৃঙ্খলা রক্ষার নামে তারা বেয়াড়ারকমের মোটা টোল আদায় করে প্রতিদিন সকালে। একটা পাগলা কুকুর এক পাগলিকে কামড়ে দিয়েছিল, ক্যাপ্টেনের আজ্ঞাধীন চার সৈন্য একদিন তাকে তার পরিবারের লোকজনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে বন্দুকের বাঁট দিয়েই পিটিয়ে মেরে ফেলে। আউরেলিয়ানো তার বন্ধু জেরিনাল্দো মার্কেসের বাড়ি গিয়ে প্রথমে এক পেয়ালা কফি দিতে বলে, তারপর এমন কর্তৃত্বের ভাব ফোটায় যা আগে কখনো শোনা যায়নি। বলে, ‘ছেলেগুলোকে যোগাড় কর। যুদ্ধে যাচ্ছি আমরা।’  জেরিনাল্দো মার্কেসের বিশ্বাস হয় না তার কথা। ‘অস্ত্র পাবো কোথায়?’

‘ওদের কাছই আছে,’ আউরেলিয়ানো জবাব দেয়।    

‘মঙ্গলবার মাঝরাতে খাওয়ার টেবিলের ছুরি আর শান দেয়া যন্ত্রপাতিসজ্জিত একুশজন পুরুষ, তাদের সবার বয়স তিরিশের নিচে, আউরেলিয়ানো বুয়েন্দিয়ার নেতৃত্বে এক উন্মত্ত হামলা চালিয়ে সেনা ছাউনী দখল ক’রে নেয়, অস্ত্রশস্ত্র কেড়ে নেয়, আর তারপর আঙিনার ভেতরেই গুলি ক’রে মেরে ফেলে ক্যাপ্টেন আর সেই চার সৈন্যকে যারা সেই পাগলিটাকে খুন করেছিল।’

আর্কাদিওকে শহর দেখার দায়িত্ব দিয়ে পরদিন সকালে বিদ্রোহীদের নিয়ে বিদ্রোহী জেনারেল ভিক্তেরিও মেদিনার বাহনীতে যোগ দেয়া জন্য চলে যায় কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে থাকার সময় সে সতেরোটি নারীর গর্ভে সতেরোটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। উরসুলার অনুরোধে তাদের সবাইকে একবার বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের সবার কপালে এঁকে দেয়া হয়েছিল ক্রশ চিহ্ন। সবচেয়ে বড়জন পঁয়েত্রিশের কোঠায় পৌঁছুবার আগেই এক রাতের মধ্যে সবাইকে মেরে ফেলা হয়েছিল এক এক করে। প্রাণের ওপর চোদ্দটা হামলা, একবার একটা ঘোড়াকে নিকেশ ক’রে দেবার মতো যথেষ্ট স্ট্রিকনাইন কফিতে মিশিয়ে দেবার পরও কর্নেল তাই খেয়ে দিব্যি টিকে থাকে। যুদ্ধ শেষে ধরা পরার পর কর্নেল আউরেলিয়ানোর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তাকে মাকোন্দোতে নিয়ে আসা হয়, যাতে লোকজন একটা শিক্ষা পায়। কিন্তু, মৃত্যুদণ্ডটা কার্যকর করতে সাহস পাচ্ছিল না ওরা। অবশেষে এক ভোরে যখন তাকে ফায়ারিং স্কয়াডে নিয়ে যাওয়া হয় তখনই ‘ভোরের রুপোলী আভা উবে যায়, নিজেকে সে দেখতে পায় খাটো পাতলুন পরা আর গলায় টাই পরা অবস্থায়, দেখতে পায় এক চমৎকার বিকেলে তার বাবা তাকে নিয়ে যাচ্ছে একটা তাঁবুর ভেতর, আর তারপরই সে দেখে সেই বরফ।’

এই দৃশ্যের বর্ণনা দিয়েই উপন্যাসটা শুরু হয়েছিল। মৃত্যুদণ্ড অবশ্য কার্যকর করা হয় না। ঠিক সেই মুহূর্তে শুরু হয়ে যায় আরেক যুদ্ধ। ক্যাপ্টেন রোক কার্নিসারো আর তার ছয় সঙ্গী কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার সঙ্গে রওনা হয়ে যায় রিয়োহাচায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিপ্লবী জেনারেল ভিক্তোরিও মেদিনাকে মুক্ত করতে। 

বিশ বছর যুদ্ধ শেষে বাড়িতে এসে স্থির হয় কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া। উরসুলা ভাবে শেষ পর্যন্ত বাড়িতে একজন পুরুষ মানুষ পেল। কিন্তু, আমারান্তা বুঝে আউরেরিয়ানো আর আগের মতো নেই। যুদ্ধবিরতীর এক সপ্তাহ আগে সে যখন বাড়িতে আসে, খালি পায়ে, দুই আর্দালি নিয়ে, আমারান্তাকে সে চিনতেই পারে না প্রথমে। নিজের ভিতরে সে এমনভাবে ডুবে থাকে যে উরসুলা ছাড়া আর কেউ তার দুঃখ ভেদ করে ভেতরে ঢুকতে পারে না। পরের দিনগুলোতে সে ব্যস্ত থাকে পৃথিবীতে তার পরিক্রমার সমস্ত চিহ্ন মুছে ফেলার কাজে। রুপোর কামারশালাটা সে এমনভাবে ভেঙে ফেলে যে যা রয়ে যায় সেগুলোর কোনো ব্যক্তিমালিকানা খুঁজে পাওয়া যায় না, নিজের কাপড়গুলো দিয়ে দেয় আর্দালিদেও, আর তারপর, তার বাবা প্রায়শ্চিত্তের যে-বোধ নিয়ে প্রুদেনসিও আগিলারের জান কেড়ে নেয়া বর্শাটা মাটিতে পুঁতে রেখেছিল ঠিক সেই ধরনের বোধ নিয়ে উঠোনে নিজের অস্ত্রগুলো মাটিচাপা দেয়। গুলিভরা একটা পিস্তল কেবল রেখে দেয় নিজের কাছে। বৈঠকখানায় রাখা রেমিদিউসের একটা দাগেরোটাইপ ছবিটাও নষ্ট করে ফেলতে চাইছিল, উরসুলা সেটাকে রক্ষা করে।যুদ্ধ থেকে  ফেরার সময় নিজের লেখা কবিতার একটা তোরঙ্গ নিয়ে এসেছিল। কবিতাগুলো পুড়িয়ে তোরঙ্গটা কুড়াল দিয়ে ভেঙে টুকরোগুলো ফেলে দেয় আগুনে। ব্যক্তিগত চিকিৎসককে একদিন জিজ্ঞেস করে হৃৎপিণ্ডটা শরীরের ঠিক কোন জায়গায়। ডাক্তার আয়োডিনে চোবানো এক খণ্ড তুলো দিয়ে তার বুকে একটা বৃত্ত এঁকে দেয়।

সরকার তাকে খবর দিয়ে নিয়ে যায় এক অপমানজনক যুদ্ধবিরতীর দস্তখত দিতে। যাওয়ার সময় উরসুলা বলে, ‘আউরেলিয়ানো, দিব্যি করে বল, যদি দেখিস ওখানে সময়টা তোর জন্যে সুবিধার হবে না, তখন তুই তোর মায়ের কথা ভাববি।’

সব ক’টা আঙুল ছড়ানো একটা হাত তুলে নিস্পৃহ একটা হাসি উপহার দিয়ে যায় মাকে আউরেলিয়ানো।শহর ছাড়ার আগ পর্যন্ত শুনতে থাকে বিদ্রুপ আর গালাগালি। অনুষ্ঠানটা হয় মাকোন্দো থেকে পনেরো কিলোমিটার দূরে বিরাট একটা সেইবা গাছের ছায়ায়। দলিলপত্রগুলোতে সই করতে যতটা সময় লাগে, ঠিক ততক্ষণই স্থায়ী হয় অনুষ্ঠানটা। তাঁবুতে বিশ্রাম নিতে গিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক তার বুকে আয়োডিনের যে-বৃত্ত এঁকে দিয়েছিল সেইখানটায় গুলি করে দেয়।

মরে না আউরেলিয়ানো। ডাক্তার ভুল জায়গায় তার হৃৎদপিণ্ড এঁকে দিয়েছিল। গুলিটা এমনই একটা চমৎকার পথ ধরে গেছে যে ডাক্তার আয়োডিনে চোবানো একটা কর্ড তার বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে সেটা পেছন দিক দিয়ে বের করে আনতে পেরেছিল। ডাক্তারের উদ্দেশ্যে আউরেলিয়ানো বলে, ‘আমার হাতে যদি এখনো কর্তৃত্ব থাকতো তো আমি গুলি করে মারতাম তোমাকে। না, আমার জীবন বাঁচানোর জন্য না, আমাকে একটা বোকা সাজানোর জন্যে।’

দীর্ঘ নিঃসঙ্গতা ও স্মৃতিকাতরায় ভোগার পর কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া শেষ পর্যন্ত মারা যায় তার বাবাকে শেষ দিনগুলোতে যে-চেস্টনাট গাছের নিচে বেঁধে রাখা হতো সেই চেস্টনাট গাছের নিচে। অলংকার হিসেবে না কিনে লোকজন ছোট সোনার মাছগুলো কেনে ঐতিহাসিক স্মারক বস্তু হিসেবে, এটা জানতে পেরে আউরেলিয়ানো মাছ বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। প্রতিদিন দুটো মাছ বানাত সে, তারপর পঁচিশটা মাছ হয়ে গেলে সেগুলো গলিয়ে ফের গোড়া থেকে শুরু করত। নিজেকে সে নিজের মধ্যেই বন্দি করে ফেলেছিল, এবং শেষ পর্যন্ত পরিবারের সবাই তাকে মৃত বলেই ধরে নিয়েছিল। একমাত্র প্রস্রাবের সময় হলেই সে ঘর থেকে বেরোত, চেস্টনাট গাছটার কাছে গিয়ে প্রস্রাব করত। সেদিন দ্বিতীয় ছোট মাছটার কাজ শুরু করে বিকেল চারটা দশের সময় সে পেশাব করতে বাইরে যায়। আর তখনই দূর থেকে ভেসে আসে ব্রাসব্যান্ডের আওয়াজ, বেইস ড্রামের দ্রিম দ্রিম, শিশুদের চেঁচামেচি, আর তার যৌবনের পর এই প্রথমবারের মতো সে জেনেশুনে স্মৃতিকাতরতার ফাঁদে পা দেয়, তারপর ফিরিয়ে আনে জিপসিদের সেই বিস্ময়কর বিকেলটিকে যেদিন তার বাবা তাকে সঙ্গে নিয়ে বরফ আবিষ্কার করেছিল। 

‘এরপর, সার্কাসটার কথা ভাবতে ভাবতে সে চেস্টনাট গাছটার কাছে যায়, এবং পেশাব করার সময়ও চেষ্টা করে সার্কাসটার কথা ভাববার, কিন্তু এবার সে আর তার স্মৃতির নাগাল পায় না। দুই কাঁধের ভেতর মাথাটা পাখির ছানার মতো গুঁজে দিয়ে কপালটা চেস্টনাট গাছের গুঁড়ির ওপর ঠেস দিয়ে রেখে সে নিশ্চল বসে থাকে। পরদিন সকাল এগারোটায় সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ বাড়ির পেছনে ময়লা ফেলতে গিয়ে আকাশ থেকে নেমে আসতে থাকা শকুনগুলোকে দেখতে পাওয়ার আগ পর্যন্ত বাড়ির কেউ তার হদিস পায় না।’