মুহম্মদ নূরুল হুদা: শর্ত একটাই
স্বাধীনতা চাও?
– তবে তুমি নিজেই স্বাধীন হও।
স্বাধীনতা চাও?
– তবে তুমি কাউকেই অধীন করো না।
তোমার সুন্দর তুমি নিজ কাঁধে বও।
নিজেই সশস্ত্র যদি, কাউকেই নিরস্ত্র করো না।
স্বাধীনতা মানবতা পরস্পর সশস্ত্র সুন্দর।
পরস্পর প্রতিবেশী, শক্তিশুভ্র গড়ো নিজ ঘর।
ফসল ফলাতে চোও?
– নিজ হাতে করো জমি চাষ।
আকাশ-সমুদ্র-ভূমি তোমার নিবাস।
মানুষ নিজের প্রভু, নয় কারো দাস।
ভুমিপুত্র ভূমিপুত্রী জন্মসূত্রে সবাই স্বাধীন।
জাতিতে জাতিতে জ্ঞাতি, খেলুক চড়ুইভাতি,
এ ব্রহ্মাণ্ডে কেউ নয় কারো পরাধীন।
শর্ত একটাই;
'সৃষ্টি আর সুন্দরের অস্ত্র হাতে চাই';
মানুষ, তোমার হাতে অন্য অস্ত্র নাই।
২৩.০৩.২০১৮
