বাংলা মদ এবং চা ও কফি
নদীজলসম্পন্নশস্যপালিত বাংলার সখ্য সন্ধ্যা ভীত। / ধীবরও উৎকণ্ঠিত।
(জ্যোতি চট্টোপাধ্যায়-এর জন্য)
অদূরে কালিন্দি,
প্রথম সন্ধ্যার চাঁদ,
*ব্যাঘ্রতট মায়াবতী।
ক’জন ধীবর ধরতে যাবে মাছ,
হাতে বাংলা মদ।
হঠাৎ অচেনা ঘোড়াদের ডাক নৈঃশব্দ্য দোলায়।
কোনো এক আবছা অন্ধকার ভেঙে
ক’জন শাদা মানুষ সামনে দাঁড়ায়।
কাঁধে বন্দুক। মুখে বন্ধুসুলভ হাসি।
নদীজলসম্পন্নশস্যপালিত বাংলার সখ্য সন্ধ্যা ভীত।
ধীবরও উৎকণ্ঠিত।
মাথায় ক্যাপ। ভাষা অদ্ভুত।
হাতে কেটলি। গরম জল।
আর কালো কালো দানা।
‘টি, টি, ফ্রি ফ্রি, টেস্টি, টেস্টি’, ব’লে তারা
মাটি খুঁড়ে জ্বালায় দুইশ বছরের আগুন।
ব্যাঘ্রতটে ঔপনিবেশিক চা+কফি
+জুতোর ক্ষতচিহ্ন একাকার।
কোনো এক ভয়ে আর আসে না বাঘ।
জালে নেই মাছ।
২৫.০৮.২০২৫
* সাতক্ষীরার পুরানো নাম
