Published : 22 Feb 2026, 01:44 PM
—আমি কার্পণ্য করিনি
আমার অনুভূতিগুলোর সঙ্গে—
উঠোনে ছড়িয়ে থাকা
ম্যাগনোলিয়ার মতো —
প্রগাঢ় বেগুনী
যেমন গাছের গন্ধ।
লেন্স-খোলা ঝাপসা পৃথিবী—
কালো আকাশের সাদা চাঁদ,
কাচের গ্লাসের ঘাম-ঝরা সন্ধ্যা—
স্মৃতি যেন—
সাঁতারের পর ঠোঁটে লেগে থাকা অব্যক্ত নুনের স্বাদ,
বিকেলের রোদে উষ্ণ
ঘুমন্ত শহর ছুঁয়ে দূরের ট্রেনের শব্দ
প্রতিশ্রুতিহীন অচেনা গন্তব্যে।
ত্বকের উপর,
দীর্ঘ নীরবতার অস্তিত্ব
নিঃস্বার্থ আত্মীয়তার চেয়েও গভীর—
বিস্তৃত শরীর জুড়ে স্মৃতির
অপেক্ষা-ঘর।