২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ কাদরীর কবিতায় সাম্যবাদ ও সমাজবাস্তবতা

শহীদ কাদরী মূলত আধুনিক নগরের কবি। নগর তাঁর কাছে শুধু ইট-পাথরের সমষ্টি নয়; নগর এক মনস্তত্ত্ব, সভ্যতার সংকট, একাকিত্বের দীর্ঘ ছায়া। দীপ্র আধুনিকতা, স্বদেশচেতনা, দেশপ্রেম, বিশ্বনাগরিকতার আকাঙ্ক্ষা এবং নাগরিক জীবনের সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তির দ্বন্দ্ব তাঁর কবিতাকে ঘিরে রেখেছে। কিন্তু এই নাগরিকতার চকচকে মুখের আড়ালে তিনি দেখতে পেয়েছেন ক্ষুধা, শোষণ, বৈষম্য, রাষ্ট্রীয় কূটকৌশল এবং ক্ষমতার রক্তচক্ষু।

আদনান সৈয়দ আদনান সৈয়দ

Published : 14 Aug 2026, 01:25 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

শহীদ কাদরী কবিতা লিখেছেন অল্প—থেমে থেমে, বিরতিতে, কখনো দীর্ঘ নীরবতার ভিতর দিয়ে। তাঁর কবিতার সংখ্যা খুব বেশি নয়, কিন্তু সেই স্বল্পতার মধ্যেই যেন একটি দীর্ঘ অন্তর্জীবনের ইতিহাস রচিত হয়ে আছে। তিনি যখনই কবিতায় ফিরে এসেছেন, আগের জায়গাটিতে আর দাঁড়িয়ে থাকেননি; তাঁর কবিতা নিজেকে অতিক্রম করেছে, বদলেছে তার স্বর, দৃশ্যকল্প ও দার্শনিক অভিমুখ। কিন্তু এই পরিবর্তনের গভীরে একটি সুর কখনো হারিয়ে যায়নি—মানবতা, প্রেম, স্বাধীনতা এবং সাম্যের আকাঙ্ক্ষা।

শহীদ কাদরীর কবিতার অন্তঃসলিলায় যে নদীটি নিরন্তর বয়ে গেছে, তার নাম মানবমুক্তি। কখনো সে নদী প্রেমের শান্ত জলে প্রবাহিত, কখনো ক্ষোভের কালো স্রোতে, কখনো আবার প্রতিবাদের উত্তাল ঢেউয়ে। তাঁর কবিতা কেবল বামপন্থী রাজনৈতিক দর্শনের কোনো কাব্যিক অনুবাদ নয়; বরং তাঁর সাম্যচেতনা গভীরতর এক মানবিক অভিজ্ঞতা থেকে উৎসারিত। মানুষে মানুষে বিভেদের বিরুদ্ধে, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে, ধর্মীয় সংকীর্ণতা ও ক্ষমতার মুখোশের বিরুদ্ধে তাঁর কবিতা বারবার উচ্চারণ করেছে মানুষের পক্ষের এক নৈতিক অবস্থান।

শহীদ কাদরী মূলত আধুনিক নগরের কবি। নগর তাঁর কাছে শুধু ইট-পাথরের সমষ্টি নয়; নগর এক মনস্তত্ত্ব, সভ্যতার সংকট, একাকিত্বের দীর্ঘ ছায়া। দীপ্র আধুনিকতা, স্বদেশচেতনা, দেশপ্রেম, বিশ্বনাগরিকতার আকাঙ্ক্ষা এবং নাগরিক জীবনের সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তির দ্বন্দ্ব তাঁর কবিতাকে ঘিরে রেখেছে। কিন্তু এই নাগরিকতার চকচকে মুখের আড়ালে তিনি দেখতে পেয়েছেন ক্ষুধা, শোষণ, বৈষম্য, রাষ্ট্রীয় কূটকৌশল এবং ক্ষমতার রক্তচক্ষু। তাই তাঁর কবিতার নাগরিক জীবন কখনোই নিছক নাগরিক রোমান্স নয়; তার গভীরে লুকিয়ে থাকে সমাজের অসুখের প্রতি এক তীক্ষ্ণ নৈতিক দৃষ্টি।

কখনো শান্তির আহ্বানে কবি নিজেকে সংযমী সাধকের মতো আবিষ্কার করেছেন, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে তাঁর কণ্ঠ হয়ে উঠেছে কঠোর, প্রত্যয়ী এবং প্রতিবাদী। তাঁর কবিতা তাই একই সঙ্গে প্রেমের এবং প্রতিবাদের; সৌন্দর্যের এবং ক্ষতের; ব্যক্তির এবং সমষ্টির।

কবিতা থেকে দূরে, দর্শনের দিকে

শহীদ কাদরীর বয়স তখন আঠারো কিংবা উনিশ। মেট্রিক পরীক্ষার সময় তাঁর পরিচয় হয় মাশারফ রসুল বুড়ো নামক এক ব্যক্তির সঙ্গে। তাঁর হাত ধরেই কাদরীর পরিচয় ঘটে সুকুমার মজুমদার ও খালেদ চৌধুরীর সঙ্গে। এই পরিচয় তাঁর চিন্তার জগতে যেন আকস্মিক এক ভূমিকম্পের জন্ম দেয়। কবিতাকে নিয়ে তাঁর পূর্ববর্তী বিশ্বাসে দেখা দেয় গভীর সংশয়।

কবি ভাবতে শুরু করলেন। কবিতা দিয়ে কি সত্যিই মানুষের মুক্তি সম্ভব? আধুনিক যুগে সত্যের অনুসন্ধানের প্রকৃত পথ কি বিজ্ঞান ও দর্শন নয়? বস্তুনিষ্ঠ জীবনকে বুঝতে হলে কল্পনার চেয়ে যুক্তি, অনুভূতির চেয়ে বিজ্ঞান এবং আবেগের চেয়ে দর্শনের কাছে যাওয়া কি অধিক জরুরি নয়?

এই প্রশ্নগুলো ধীরে ধীরে তাঁর চিন্তার ভিতর শেকড় গাড়তে থাকে। কবি ক্রমশ বিপ্লবী হয়ে ওঠেন, পরিচিত হন মার্কসবাদী চিন্তার সঙ্গে। রোমান্টিকতার প্রতি তাঁর আস্থাও তখন টলে যায়। শিল্প কি সত্যিই মানুষের মুক্তির হাতিয়ার, নাকি তা শেষ পর্যন্ত পুঁজিবাদী সমাজেরই এক অলংকার? শিল্প যদি মানুষের জীবন বদলাতে না পারে, তবে তার প্রয়োজন কোথায়?

এই প্রশ্নের অভিঘাতে একসময় তিনি যেন নিজের জীবন থেকেই কবিতাকে নির্বাসিত করলেন। প্লেটো তাঁর Republic-এ কবিদের আদর্শ রাষ্ট্র থেকে নির্বাসিত করেছিলেন; শহীদ কাদরী যেন নিজের অন্তর্জগৎ থেকেই কবিতাকে সাময়িক নির্বাসন দিলেন।

এই সময় তাঁর পাঠের জগৎও বিস্তৃত হয়ে উঠল। আলফ্রেড নর্থ হোয়াইটহেডের Adventures of Ideas, Science and the Modern World, Principia Mathematica, ক্রেন ব্রিন্টনের The Shaping of Modern Thought, Impact of Science and Society, বুদ্ধদেব বসুর কালের পুতুল, বার্ট্রান্ড রাসেলের History of Western Philosophy—বিজ্ঞান, দর্শন ও আধুনিক চিন্তার নানা প্রবাহ তাঁর চেতনার ভিতর নতুন আলো জ্বালাতে থাকে।

বিজ্ঞানের জয়ধ্বনি তাঁর অন্তর্দৃষ্টিতে প্রতিধ্বনিত হতে থাকে। ধর্ম, ঈশ্বর, দৃশ্যমান ও অদৃশ্য জগত, মানুষের অস্তিত্ব—সবকিছু নিয়েই তাঁর মনে জন্ম নেয় নতুন প্রশ্ন। আধুনিক বিজ্ঞান যেমন পুরোনো বিশ্বাসের ভিত কাঁপিয়ে দেয়, তেমনি আধুনিক দর্শনও মানুষকে তার চিরপরিচিত আশ্রয় থেকে বিচ্ছিন্ন করে দেয়।

নিটশের সেই বিখ্যাত ঘোষণা, ‘God is dead’-- আধুনিক মানুষের নিঃসঙ্গতা ও ঈশ্বরহীনতার এক গভীর দার্শনিক প্রতীক হয়ে ওঠে। মার্শাল ম্যাকলুহানের Understanding Media: The Extensions of Man এবং তাঁর ‘Global Village’-এর ধারণাও শহীদ কাদরীর নাগরিক চেতনাকে নতুনভাবে আলোড়িত করে। পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে, অথচ মানুষ ক্রমশ একা হয়ে পড়ছে—এই আপাত-বিরোধই আধুনিকতার এক গভীর ট্র্যাজেডি।

সাহিত্য তাঁর কাছে তখন হয়ে উঠছে মানুষের একাকিত্বের ভাষা। আধুনিক চিন্তার কেন্দ্রে জন্ম নিচ্ছে এক ‘homeless mind’—এক আশ্রয়হীন মন, যে কোনো চূড়ান্ত সত্যের কাছে নিজেকে সমর্পণ করতে পারছে না। মার্কসবাদ, অস্তিত্ববাদ, ফ্রয়েডীয় মনস্তত্ত্ব, আইনস্টাইনের আপেক্ষিকতার ধারণা এবং হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি—বিজ্ঞানের ও দর্শনের এই বিচিত্র প্রবাহ আধুনিক মানুষের নিশ্চয়তার পৃথিবীকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়।

এই প্রশ্নময়তার ভিতর থেকেই শহীদ কাদরীর চিন্তায় ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে একটি বিষয়—মানুষ।

মানুষের মুক্তি। মানুষের মর্যাদা। মানুষের সমতা।

তাঁর কাছে সাহিত্য তাই শেষ পর্যন্ত মানুষের কাছেই ফিরে আসে। শিল্পের সমস্ত জটিলতা, দর্শনের সমস্ত বিমূর্ততা এবং বিজ্ঞানের সমস্ত কঠোর যুক্তি অতিক্রম করে তিনি যেন এক জায়গায় এসে দাঁড়ান—মানবতার কাছে।

এই আদর্শিক অনুসন্ধানের কারণেই ১৯৫৮ থেকে ১৯৬৩—প্রায় পাঁচ বছর তিনি কবিতা থেকে সম্পূর্ণ দূরে ছিলেন। এই পাঁচ বছর তাঁর জীবনে কবিতাহীনতার সময় নয়; বরং কবিতার ভিত নির্মাণের সময়। তিনি তখন কবিতা লিখছেন না, কিন্তু কবির ভিতরেই জন্ম নিচ্ছে নতুন এক কবিতা।

সাম্যবাদী কবির অন্তর্গত স্বর

চিন্তা ও চেতনায় শহীদ কাদরী একজন সাম্যবাদী কবি। কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতবাদের স্লোগান তিনি কবিতার ওপর চাপিয়ে দেননি। তাঁর সাম্যবাদ কোনো দলীয় ঘোষণাপত্র নয়; এটি তাঁর মানবিক বিবেকের এক গভীরতম উচ্চারণ।

তাঁর কবিতায় সমতার আকাঙ্ক্ষা এসেছে মানুষের প্রতি ভালোবাসা থেকে। বিপ্লবের কোনো নির্দিষ্ট পথ তিনি আঁকড়ে ধরেননি, কিন্তু বৈষম্যহীন এক পৃথিবীর স্বপ্ন তিনি কখনো ত্যাগ করেননি।

শৈশবেই তিনি দেখেছিলেন সাম্প্রদায়িকতার বিষ। কলকাতার পার্ক সার্কাসে বেড়ে ওঠা বালক কাদরীর চোখের সামনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী অস্থিরতা, হিন্দু-মুসলমানের দাঙ্গা, সৈনিকের কুচকাওয়াজ, আততায়ীর মুখ, ধর্মের নামে মানুষের বিরুদ্ধে মানুষের দাঁড়িয়ে যাওয়া—এসব দৃশ্য তাঁর শৈশবের কোমল স্মৃতিতে গভীর অন্ধকারের মতো জমে ছিল।

সম্ভবত সেখানেই তাঁর সাম্যচেতনার প্রথম বীজ।

বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রকাশিত মাত্র চৌদ্দ বছরের কিশোর শহীদ কাদরীর কবিতা ‘এই শীতে’-তেও সেই সমষ্টিমুখী চেতনার আভাস পাওয়া যায়—

‘অথচ এ-শীতে একা, উদ্ধত আমি, আমি শুধু

পোহাই না ম্লান রোদ প্রতিবেশী পুরুষ নারী

আর বিশাল যে রিক্তগাছ, সে ঈর্ষায় সুখী

নিয়ত উত্তাপ দিই বন্ধু পরিজনে।’

এখানে ব্যক্তির একাকী উষ্ণতা নয়, বরং অন্যের সঙ্গে উষ্ণতা ভাগ করে নেওয়ার আকাঙ্ক্ষাই মুখ্য। নিজের জন্য আলো জমিয়ে রাখার বদলে কবি আলো বিলিয়ে দিতে চান। ব্যক্তিসত্তা থেকে সমষ্টির দিকে এই যাত্রাই তাঁর কবিতার এক মৌলিক নৈতিক প্রবণতা।

আধুনিক জীবনের চকচকে মুখোশ তাঁকে আকর্ষণ করলেও তার ভিতরের শূন্যতা তাঁকে তৃপ্ত করেনি। ব্যক্তিকেন্দ্রিকতার সংকীর্ণ ঘেরাটোপ ভেঙে তিনি মানুষের বৃহত্তর সমষ্টির মধ্যে মিশে যেতে চেয়েছেন। তিনি ভালোবাসতে চেয়েছেন মানুষকে, মানুষের আকাঙ্ক্ষাকে, মানুষের স্বপ্নকে। সমাজের বন্ধ্যাত্ব, স্থবিরতা, অসারতা ও স্বপ্নহীনতার বিরুদ্ধে তাঁর কবিতা হয়ে উঠেছে এক ধরনের নৈতিক বিদ্রোহ।

ফ্রয়েডীয় মনস্তত্ত্ব দিয়ে মধ্যবিত্ত মানসের বিকলন ব্যাখ্যা করা গেলেও তাতে কবির মানবমুক্তির আকাঙ্ক্ষা থেমে থাকেনি। তাঁর কাছে মুক্তি কোনো দুর্বোধ্য তত্ত্বের বিষয় নয়; মানুষের প্রতি মানুষের দায়বোধ থেকেই তার শুরু।

সেই দায়বোধ থেকেই তিনি লিখতে পারেন—

‘শহরের ভেতরে কোথাও হে রুগ্ন গোলাপদল,

অস্পৃশ্য বাগানের ভাঙাচোরা অনিদ্র চোখের অপ্সরা,

শীতল, কালো, ময়লা সৌরভের প্রিয়তমা,

দিকভ্রান্তের ঝলক তোমরা, নিশীথসূর্য আমার!’(আলোকিত গণিকাবৃন্দ)

এখানে ‘রুগ্ন’, ‘অস্পৃশ্য’, ‘কালো’, ‘ময়লা’—সমাজের প্রান্তে ঠেলে দেওয়া মানুষ ও জীবনের প্রতি কবির দৃষ্টি ঘৃণার নয়; বরং এক গভীর মানবিক স্বীকৃতির। সমাজ যাকে অন্ধকারে নির্বাসিত করেছে, কবি তার মধ্যেই খুঁজে পান এক ‘নিশীথসূর্য’।

দাঙ্গার স্মৃতি থেকে মানবতার কবিতা

মানুষে মানুষে বিভেদের যে ভয়াবহতা শৈশবে দেখেছিলেন, তা তাঁর কবিতার অন্তর্গত স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে ছিল।

তাই তাঁর কবিতায় বারবার ফিরে আসে আতঙ্কিত নগর, অন্ধকার, মুখোশ, রাত্রি এবং অদৃশ্য ষড়যন্ত্র। ‘উত্তরাধিকার’-এ সেই জন্মভীতির স্মৃতি যেন সভ্যতার জন্মভীতির সঙ্গে একাকার হয়ে যায়—

‘জন্মেই কুঁকড়ে গেছি মাতৃজরায়ু থেকে নেমে—

সোনালি পিচ্ছিল পেট আমাকে উগরে দিলো যেন

দীপহীন ল্যাম্পপোস্টের নিচে, সন্ত্রস্ত শহরে

নিমজ্জিত সবকিছু, রুদ্ধচক্ষু সেই ব্লাক-আউটে আঁধারে।’

এ যেন শুধু একজন মানুষের জন্ম নয়—এক সন্ত্রস্ত সভ্যতার মধ্যে মানুষের জন্ম।

‘ইন্দ্রজাল’-এ সেই সভ্যতার মুখোশ আরও স্পষ্ট হয়ে ওঠে—

‘রাত্রে চাঁদ এলে লোকগুলো বদলে যায়

দেয়ালে অদ্ভুত আকৃতির ছায়া পড়ে

যেন সারি সারি মুখোশ দুলছে

কোনো অদৃশ্য সুতো থেকে।’

মানুষের মুখ বদলে যায়, কিন্তু মুখোশের পেছনে লুকিয়ে থাকে ক্ষমতার একই চেহারা। দিনের আলোয় যারা শান্তির পতাকা বহন করে, রাতের অন্ধকারে তারাই কখনো হয়ে ওঠে ষড়যন্ত্রকারী। কবি সেই দ্বিমুখী সমাজের মুখোশ খুলে দিতে চান।

কিন্তু তাঁর কবিতা নিছক অন্ধকারের কবিতা নয়। তিনি বিশ্বাস করেন—অন্ধকারেরও শেষ আছে। অত্যাচারী, শোষক ও ক্ষমতাবানরা যতই শক্তিশালী বলে মনে হোক, তাদের ভিতরে বাস করে ভয়। সেই ভয়ই একদিন তাদের পতনের কারণ হবে।

বৃষ্টির জলে ধুয়ে যাক পুরোনো পৃথিবী

শহীদ কাদরীর ‘বৃষ্টি বৃষ্টি’ কবিতাটি এই অর্থে এক অসামান্য সামাজিক ও রাজনৈতিক রূপক। বৃষ্টি এখানে শুধু প্রকৃতির ঘটনা নয়; এটি যেন ইতিহাসের পরিশুদ্ধির প্রতীক।

‘পালিয়েছে, মহাজ্ঞানী, মহাজন মোসাহেবসহ

অন্তর্হিত,

বৃষ্টির বিপুল জলে ভ্রমণ-পথের চিহ্ন

ধুয়ে গেছে, মুছে গেছে।’

কবি যেন দেখতে পান—পুরোনো ক্ষমতার চিহ্ন ধুয়ে যাচ্ছে। যারা যুগের পর যুগ রাজস্ব আদায় করেছে, যারা মানুষের শ্রম ও জীবন থেকে নিজেদের প্রাসাদ নির্মাণ করেছে, তাদের সাম্রাজ্য একদিন বৃষ্টির জলের মতোই ভেসে যেতে পারে।

আর সেই মুহূর্তে রাজপথে রাজত্ব প্রতিষ্ঠিত হয় তাদের, যাদের কোনোদিন রাজত্ব ছিল না—

‘রাজত্ব, রাজত্ব শুধু আজ রাতে, রাজপথে-পথে

বাউন্ডুলে আর লক্ষীছাড়াদের, উন্মুল, উদ্বাস্তু বালকের,

আজীবন ভিক্ষুকের, চোর আর অর্ধ-উন্মাদের,

বৃষ্টিতে রাজত্ব আজ।’

এই দৃশ্যের মধ্যে শহীদ কাদরীর সাম্যবাদী স্বপ্ন সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। রাজপথ, যা এতদিন ক্ষমতাবানদের ছিল, এক রাতের জন্য হলেও হয়ে ওঠে বঞ্চিতদের। ইতিহাসের প্রান্তিক মানুষ হঠাৎ ইতিহাসের কেন্দ্রে এসে দাঁড়ায়।

এই স্বপ্নই আবার ‘বিব্রত সংলাপ’-এ অন্য রূপ নেয়—

‘ঐ দ্যাখো হরিণশাবকের তাড়া খেয়ে দিশেহারা

ডোরাকাটা বাঘগুলো

দিগ্বিদিক

পালাচ্ছে ছুটে।’

এখানে ক্ষমতার বাঘকে তাড়া করছে দুর্বল বলে বিবেচিত হরিণশাবক। রূপকটি সরল হলেও তার রাজনৈতিক তাৎপর্য গভীর—শোষিতের ভয় একদিন শোষকের ভয় হয়ে উঠতে পারে।

প্রতিবাদের ভিতরেও প্রেম

তবে মানবতা ও সাম্যের পথ কখনোই সহজ নয়। সেখানে আছে পরাজয়, রক্ত, দুঃখ, হতাশা ও দীর্ঘ প্রতীক্ষা। তাই শহীদ কাদরীর কবিতায় আশাবাদের পাশাপাশি আছে গভীর বিষণ্নতা।

তিনি দেখেছেন বিপ্লবের স্বপ্ন কীভাবে স্বৈরাচারের বিদ্যুৎচেয়ারে নিঃশব্দে নিভে যায়; দেখেছেন কালো টাকা কীভাবে ফুলের সৌন্দর্যকেও কিনে নেয়—

‘তুমি গান গাইলে,

সুদূর চিলিতে তিনজন বিপ্লবী তরুণ

শূন্যচোখে এক বুড়ো জেনারেলের নির্দেশে

খুব শব্দহীনভাবে ইলেকট্রিক চেয়ারে ব’সে পড়লো।

তুমি গান গাইলে,

কালো পণ্যে আমাদের দোকানপাট,

সকল ফুটপাত ছেয়ে গেল—

কালো টাকা ছাড়া এখন আর গোলাপও কেনা যায় না।’(তুমি গান গাইলে)

এখানে ব্যক্তিগত আনন্দের সঙ্গে পৃথিবীর রাজনৈতিক বেদনা পাশাপাশি দাঁড়িয়ে যায়। একজন মানুষ গান গাইছে, অথচ পৃথিবীর অন্য প্রান্তে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। একটি ব্যক্তিগত মুহূর্তও তাই কবির কাছে কখনো নিছক ব্যক্তিগত থাকে না; তা বিশ্বমানবতার বৃহত্তর অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়ে যায়।

‘কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না’ কবিতায় একটি ক্ষুদ্র মাছের মৃত্যুতে যে নিঃশব্দতা তৈরি হয়, তা যেন পৃথিবীর বৃহত্তর মৃত্যুর প্রতীক—

‘একটি মাছের অবসান ঘটে চিকন বাটিতে,

রাত্রির উঠোনে তার আঁশ জোৎস্নার মতো

হেলায় হেলায় পড়ে থাকে

কোথাও কোন ক্রন্দন তৈরি হয় না,

কোথাও কোন ক্রন্দন তৈরি হয় না।’

একটি মাছের মৃত্যু থেকে মানুষের মৃত্যুর দিকে, ব্যক্তিগত বেদনা থেকে সামাজিক নিষ্ঠুরতার দিকে কবিতাটি অদৃশ্য এক সেতু নির্মাণ করে। পৃথিবীতে মৃত্যু এত স্বাভাবিক হয়ে গেছে যে ক্রন্দনেরও আর প্রয়োজন হয় না—এই উপলব্ধিই কবিতাটিকে ভয়াবহ করে তোলে।

“আমার অস্থি-মজ্জায় সাম্যবাদ বাস করে”

শহীদ কাদরীর মোট কাব্যগ্রন্থ পাঁচটি—উত্তরাধিকার, তোমাকে অভিবাদন, প্রিয়তমা, কোথাও কোনো ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও এবং গোধূলির গান। গোধুলির গান কবির মৃত্যুর পর প্রকাশিত হয়। এই স্বল্পসংখ্যক কাব্যগ্রন্থের ভেতর দিয়েই তিনি বাংলা কবিতায় একটি স্বতন্ত্র আধুনিক নাগরিক কণ্ঠ প্রতিষ্ঠা করেছেন।

তাঁর কবিতাকে কেবল রাজনৈতিক কবিতা বলা ভুল হবে। কারণ তাঁর সাম্যবাদ কোনো স্লোগান নয়; এটি তাঁর নন্দনতত্ত্বেরও অন্তর্গত। তাঁর প্রেমের কবিতায়ও মানুষ আছে, তাঁর নাগরিক কবিতায়ও মানুষ আছে, তাঁর প্রতিবাদে মানুষ আছে, এমনকি তাঁর নিঃসঙ্গতার মধ্যেও মানুষ আছে।

তিনি নিজেই বলেছেন—“আমার অস্থি-মজ্জায় সাম্যবাদ বাস করে।”

এই একটি বাক্য তাঁর কবিতার অন্তর্গত দর্শন বুঝতে সাহায্য করে। সাম্যবাদ তাঁর কাছে বাইরে থেকে ধার করা কোনো মতবাদ নয়; তা তাঁর অস্তিত্বের সঙ্গে মিশে থাকা এক বিশ্বাস। তাই তাঁর কবিতায় সাম্যের কথা আলাদা করে ঘোষণা করতে হয় না। তা কখনো আসে প্রেমের ভেতর দিয়ে, কখনো প্রতিবাদের ভাষায়, কখনো নিপীড়িতের পাশে দাঁড়িয়ে, কখনো আবার এক ক্ষুদ্র প্রাণীর মৃত্যুর নিঃশব্দ বেদনায়।

তাঁর কবিতার মানবতাবাদ তাই কোনো বিমূর্ত নৈতিক বাণী নয়। তা জীবনের একেবারে ক্ষুদ্রতম পরিসরেও স্পন্দিত।

তিনি বলেন—

“এই গ্রহের মহাপুরুষেরা কে কী বলেছেন আপনারা সবাই জানেন।

এখানে বক্তৃতা আমার উদ্দেশ্য নয়।

আমি এক নগণ্য মানুষ, আমি শুধু বলি:

জলে প’ড়ে যাওয়া ঐ পিঁপড়েটাকে ডাঙায় তুলে দিন।”(আপনারা জানেন)

এই ‘পিঁপড়ে’ই হয়তো শহীদ কাদরীর মানবতাবাদের সবচেয়ে ছোট অথচ সবচেয়ে উজ্জ্বল প্রতীক। মহাপুরুষদের দর্শন, ধর্মগ্রন্থের বাণী, বিপ্লবের ইশতেহার, রাষ্ট্রের আইন—সবকিছুর ওপরে কবি শেষ পর্যন্ত একটি ক্ষুদ্র প্রাণের জীবনকে তুলে ধরেন। একটি পিঁপড়েকে জল থেকে তুলে দেওয়া—মানবতার কাছে এর চেয়ে বড় কোনো দর্শন হয়তো নেই।

প্রেমই শেষ আশ্রয়

শহীদ কাদরীর সাম্যবাদ শেষ পর্যন্ত এসে মিশে যায় প্রেমে। তাঁর রাজনৈতিক চেতনা প্রেমহীন নয়, তাঁর প্রতিবাদও সৌন্দর্যবিরোধী নয়। বরং তাঁর সমস্ত প্রতিবাদের ভিতরে লুকিয়ে আছে এক সুন্দর পৃথিবীর আকাঙ্ক্ষা—যেখানে মানুষ মানুষকে হত্যা করবে না, যেখানে ধর্ম মানুষের মধ্যে দেয়াল তুলবে না, যেখানে শোষক ও শোষিতের বিভাজন থাকবে না, যেখানে মানুষ তার নিজের মর্যাদায় দাঁড়াতে পারবে।

এই কারণেই তাঁর কবিতা একই সঙ্গে বিপ্লবী এবং প্রেমিকের কবিতা।

তিনি শরীরকে অস্বীকার করেন না, প্রেমকে অস্বীকার করেন না, ইন্দ্রিয়কে অস্বীকার করেন না। বরং জীবনের সমস্ত জৈব আকাঙ্ক্ষাকেই তিনি মানবিকতার বৃহত্তর বৃত্তের মধ্যে দেখতে চান—

“উরু আর নাভি অনেক খুঁড়লে

প্রেমের সঙ্গে একটা দিন

না হয় কিছু জমলো ঋণ।”(একটা দিন)

এই ‘ঋণ’-এর মধ্যেই শহীদ কাদরীর কবিতার এক গভীর সত্য নিহিত। মানুষ মানুষের কাছে ঋণী—প্রেমের কাছে, সৌন্দর্যের কাছে, করুণার কাছে, স্বাধীনতার কাছে, সমতার কাছে। সেই ঋণ শোধ করার কোনো শেষ নেই।

শহীদ কাদরীর কবিতা তাই কোনো একরৈখিক মতাদর্শের কবিতা নয়। তাঁর কবিতার ভিতর দিয়ে আমরা দেখতে পাই এক আধুনিক, সংশয়ী, অস্তিত্বসচেতন অথচ গভীরভাবে মানবিক মনকে—যে বিজ্ঞানকে ভালোবেসেছে, দর্শনের কাছে আশ্রয় খুঁজেছে, মার্কসবাদে মুক্তির সম্ভাবনা দেখেছে, অস্তিত্ববাদের নিঃসঙ্গতা অনুভব করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফিরে এসেছে মানুষের কাছেই।

তাঁর কবিতায় সাম্যবাদ কোনো পতাকা নয়—একটি হৃদস্পন্দন। কোনো স্লোগান নয়—একটি নৈতিক দায়। কোনো রাজনৈতিক ঘোষণাপত্র নয়—একটি মানবিক স্বপ্ন। আর সেই স্বপ্নের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন এক আধুনিক নগরকবি—যিনি পৃথিবীর সমস্ত অন্ধকার, বিভাজন ও শোষণের মধ্যেও বিশ্বাস করতে চেয়েছেন মানুষকে।

তাই শহীদ কাদরীর কবিতার শেষ পাঠ হয়তো সাম্যবাদ নয়, প্রেম।

শেষ উচ্চারণ হয়তো বিপ্লব নয়, মানবতা।

আর শেষ পর্যন্ত তাঁর কবিতা যেন আমাদের কানে কানে বলে—

মানুষকে ভালোবাসুন। জলে পড়ে যাওয়া পিঁপড়েটিকে ডাঙায় তুলে দিন।

কারণ পৃথিবীর সমস্ত দর্শন, সমস্ত বিপ্লব, সমস্ত কবিতা—শেষ পর্যন্ত মানুষের জন্যই।