২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয় মানল কংগ্রেস, সুদিনের প্রতিশ্রুতি বিজেপি’র

ভারতের লোকসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে ক্ষমতাসীন দল কংগ্রেস।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 02:44 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

কংগ্রেস নেতা সত্যব্রত চতুর্বেদি শুক্রবার জানিয়েছেন, তার দল জনগণের দেয়া রায় মেনে নিয়ে লোকসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিচ্ছে।

সাংবাদিকদের তিনি বলেন, “আমরা জনগণের দেয়া রায় মেনে নিয়ে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমরা পরাজয় স্বীকার করে নিচ্ছি।”

রাজ্যসভার সদস্য চতুর্বেদি বলেন, তার দল আত্মানুসন্ধান করবে এবং কোথায় ভুল হয়েছে তা খুঁজে দেখবে।

এবারের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস তার ইতিহাসে সবচেয়ে কম ভোট পাওয়ার রেকর্ড গড়তে যাচ্ছে। বিপরীতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে বিশাল জয়ের পথে রয়েছে।

বিপুল জয়ের আভাসে বিজেপি এরই মধ্যে এ রায়কে জনগণের রায় বলে অভিহিত করেছে এবং সামনে সুদিন নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রেসিডেন্ট রাজনাথ সিং বিজেপি’র বিজয় ভারতের জন্য নতুন যুগের সূচনা করবে বলে মন্তব্য করেছেন। ওদিকে, নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় লিখেছেন, “ভারত জিতেছে। ভালো দিন আসছে”।

প্রধানমন্ত্রী পদে অভিষেক ঘটবে কি না, তা এখনো জানা না থাকলেও আত্মবিশ্বাসে ভরপুর মোদি এখন থেকেই ঠিক করে ফেলছেন তার প্রথম একশো দিনের কাজের অগ্রাধিকার।

মোদির মতে, অর্থনীতিতে গতি সঞ্চার করতে হবে সবার আগে। সে জন্য আর্থিক সংস্কারে জোর দেবেন তিনি। গত দশ বছরে যে সংস্কার গতি হারিয়েছে বলে মোদির অভিযোগ।

ক্ষমতায় এলে তার দ্বিতীয় কাজ হবে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ‘হৃতমর্যাদা’ ফেরানো। তার কথায়, “আমি শক্তিশালী ভারত গড়ার কথা বলছি। কিন্তু তার মানে দুর্বল রাজ্য আর শক্তিশালী কেন্দ্র নয়। রাজ্যের ক্ষমতা খর্ব করে দেশকে শক্তিশালী করা যায় না। আমি মুখ্যমন্ত্রী থেকে বুঝেছি, কেন্দ্র-রাজ্য সম্পর্কে সমস্যাগুলো কোথায়। দিল্লির পরিপ্রেক্ষিতেও সেই ফাটলগুলো মেরামত করতে হবে।”

এ দুই অগ্রাধিকারকে বাস্তবায়ন করার পাশাপাশি আরো একটি কাজ সমান গুরুত্ব দিয়ে করতে হবে বলেও জানেন মোদি। আর তা হল, ভারতের বিরাট সংখ্যালঘু সমাজের বিচ্ছিন্ন মনোভাব দূর করা। সে জন্য গোড়াতেই কিছু সুনির্দিষ্ট বার্তা দিয়ে মুসলিম সমাজের কাছে পৌঁছতে চান মোদি।

সব মিলে একটি পরিবর্তন শুরু হয়ে নতুন যুগের সূচনা হবে এবং সুদিন আসবে বলেই আশ্বাস দিচ্ছেন বিজেপির ঊর্ধ্বতন নেতারা।