মোদি কি পারবেন?
ভারতের লোকসভা নির্বাচন শেষে অধিকাংশ বুথ ফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পূর্বাভাস দেয়া হলেও এখনো চূড়ান্ত ফলের অপেক্ষায় ভারতবাসী।
বুথ ফেরত জরিপের পূর্বাভাস বাস্তবে রূপ নিলে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ থাকা নরেন্দ্র মোদি, যাকে প্রধানমন্ত্রী প্রার্থী করে ভোটযুদ্ধে নামে ভারতীয় জনতা পার্টি-বিজেপি।
তবে এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে মোদি আদৌ প্রধানমন্ত্রী হতে পারবেন কি না অথবা বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হবে কি না তা নিয়ে এখনো সংশয় কাটেনি। এ হিসেব থেকে টানা তৃতীয় দফায় সরকার গঠনের আশা এখনো ছাড়েনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট।
সরকার গঠনের জন্য এনডিএ জোটের যদি আরো একাধিক আঞ্চলিক দলের সঙ্গে জোট করার প্রয়োজন হয়, তাহলে ‘কট্টোর হিন্দুত্ববাদী’ হিসেবে পরিচিত মোদির নেতৃত্বে সে জোট করা সম্ভব কি না সে প্রশ্ন রয়েছে।
গুজরাটের আঞ্চলিক রাজনীতির পরিসর থেকে বয়োজ্যেষ্ঠ নেতাদের টপকে অনেকটা ‘আকস্মিকভাবে’ সর্বভারতীয় রাজনীতিতে চলে আসা মোদিকে সামনে রেখে সরকার গঠনের জোট করার জন্য দলের প্রবীণ নেতারা তাকে সহায়তা করবেন কি না তা নিয়েও রয়েছে সন্দেহ।
এর আগের দুটি নির্বাচনে বুথ ফেরত সমীক্ষার সঙ্গে ভোটের প্রকৃত ফলের বেশ ফারাক দেখা গেছে। তাই অধিকাংশ সমীক্ষায় এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা বলা হলেও শুক্রবার ফল প্রকাশের পরই প্রকৃত চিত্র পাওয়া যাবে।
এনডিএ জোট যদি ২৭২ আসনের একক সংখ্যাগরিষ্ঠতা না পায় কিন্তু সংসদীয় আসন ২৫০ বা এর কম ২২০-এর আশপাশে থাকে তাহলে কি নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠিত হবে?
ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী বিজু পটনায়েকের গঠিত বিজেডির এর আগেও বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতা ভাগাভাগির ইতিহাস রয়েছে। নরেন্দ্র মোদিও নির্বাচনী প্রচারে ওড়িশার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তাই সরকার গঠনের জন্য জোট দরকার হলে বিজেপি প্রথমেই বিজেডিকে টানতে চাইবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এনডিএর আসন ২৫০ থেকে ২৩৫ এর মধ্যে থাকলে বিজেডির পাশাপাশি তামিলনাড়ুর জয়ললিতার এআইএডিএমকে-কে জোটে টানার চেষ্টা চালাবে বিজেপি। গতবারের নয় আসন পাওয়া এআইএডিএমকের আসন এবার দ্বিগুনেরও বেশি বাড়তে পারে বলে একাধিক সমীক্ষায় বলা হয়েছে।
রাজ্যের উন্নয়ন ও মন্ত্রীত্ব বণ্টনে সমঝোতা হলে জয়ললিতার সঙ্গে মোদির সমঝোতা হতে পারে বলে অনেকেই মনে করছেন, যদিও এখন পর্যন্ত জয়ললিতার পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। তবে অতীতে বিজেপির সঙ্গে সরকার গঠনে এআইএডিএমকে জোট বাধার নজির রয়েছে।
তবে এনডিএর আসন ২৩০ এর নীচে হলে তখন বিজেডি, এআইএডিএমকের পাশাপাশি বিজেপির প্রয়োজন হতে পারে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমুল কংগ্রেস, মহারাষ্ট্রের শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির কিংবা অন্য কোনো দলের সমর্থন।
সেক্ষেত্রে একাধিক আঞ্চলিক দলকে জোটে টানার ক্ষমতা মোদির আছে কি না তা নিয়েও সংশয় ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের।
নির্বাচনী প্রচারণা থেকে এটা স্পষ্ট যে, ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য বিজেপি মূলত এক ব্যক্তিকে সামনে রেখেই প্রচার-প্রচারণা চালিয়েছে। নরেন্দ্র মোদিও এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বলে দাবি করে আসছেন।
নির্বাচন শেষ হওয়ার পরে সম্ভাব্য সরকারে কাদের রাখা হবে বা রাখা হবে না তা নিয়ে এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন ‘অতি আত্মবিশ্বাসী’ নরেন্দ্র মোদি। এতে দলের ভেতর থেকেও মোদির ওপর ‘অতি আশার’ চাপ তৈরি হয়েছে।
ভোটের আগে থেকেই মোদির ‘আগ্রাসী নেতৃত্বের’ বিরোধিতা করে এনডিএ ছেড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি একসময় এনডিএ জোট সরকারের মন্ত্রী ছিলেন।
ভোটের আগে ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তাতেও মোদি বিরোধিতা স্পষ্ট।
আবার ২০০২ সালে গুজরাটের দাঙ্গার কারণে যেসব রাজ্যে মুসলমান ভোট রয়েছে সেখানকার শাসকরা মোদির সঙ্গে জোট করার আগে নানা হিসাব-নিকাশ করবেন।
তাই একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবেন কি না অথবা এনডিএ জোট ক্ষমতায় যেতে পারবে কি না তা দেখার জন্য চূড়ান্ত ফলের পরেও অপেক্ষায় থাকতে হতে পারে বলেই অনেকের ধারণা।
লোকসভা নির্বাচনের সংবাদ সংগ্রহে ভারতে অবস্থানকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথোপকথন এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিশ্লেষণ থেকে গণজোয়ারে ভাসা নরেন্দ্র মোদির ‘প্রধানমন্ত্রী হওয়া’ নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার।
