‘বিতর্ক উস্কে লাভ হয়নি মোদির’
ভোটের আগে বাংলাদেশি শরণার্থী বিতর্ক উস্কে দিয়ে পূর্ব ভারত থেকে বিজেপির নরেন্দ্র মোদি যে সুবিধা নিতে চেয়েছিলেন, তাতে তিনি সফল হননি বলে মনে করছেন কলকাতার অনেক ভোটার।
‘বাংলাদেশি’ নিয়ে ভোটের আগে জমজমাট বিতর্ক হলেও কলকাতার যেসব এলাকাতে ১৯৪৭-এর পরে বাংলাদেশ থেকে আসা শরণার্থী বসতি গড়ে তুলেছেন সেসব জায়গাতে ভোটের দিন বিজেপির পোলিং এজেন্টদের দেখাই যায়নি।
এমনি একটি জায়গা হল দক্ষিণ কলকাতার যাদবপুর আসনের বিজয়গড়। বিজয়গড় কলোনি নামেই পরিচিত জায়গাটি।
ব্রিটিশ শাসনের অবসানের পর পূর্ব পাকিস্তান থেকে কলকাতায় চলে আসা বেশিরভাগ মানুষই দক্ষিণ কলকাতায় বসবাস শুরু করেন, যার মধ্যে বিজয়গড় এলাকা অন্যতম।
ভোটের সকালে যাদবপুরে বিভিন্ন এলাকাসহ বিজয়গড়ের অন্তত ১০টি ভোটকেন্দ্র ঘুরে মাত্র একটিতে বিজেপির পোলিং এজেন্ট চোখে পড়ে।
এসব ভোটকেন্দ্রের বাইরে মূলত বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এজেন্টরাই ছিলেন।
পুরো বিজয়গড়ে সিপিএমের হাতুড়ি-কাস্তে এবং তৃণমূলের ঘাসফুলের পোস্টারের ভিড়ে মাত্র বিজেপির পদ্মফুলের একটি পোস্টার চোখে পড়ল।
নরেন্দ্র মোদির শরণার্থী ইস্যু নিয়ে প্রচারে খুব একটা লাভ হয়নি বলে মনে করেন বিজয়গড়ের বাসিন্দা অরিন সেন।
“শরণার্থী ইস্যুতে বিজেপি এখানে সুবিধা করতে পারবে না। এখানে বামফ্রন্টের জনপ্রিয়তা আগেও ছিল, এখনো আছে।”
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্র হলে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে কত মানুষ ভারতে এসেছে তার সঠিক কোনো হিসেব নেই।
১৯৭৪ এ ইন্দিরা-মুজিব চুক্তিতে বলা হয়েছিল, ১৯৭১ এর ২৫ মার্চের আগে পর্যন্ত পূর্ব পাকিস্তান থেকে যারা ভারতে এসেছে তাদের নাগরিকত্ব দেয়া হবে, কিন্তু তারপরে বাংলাদেশ সৃষ্টির পর যারা এসেছে তাদের নাগরিকত্ব দেয়া হবে না।
ভিটে মাটি ছেড়ে পশ্চিমবঙ্গে আসা এসব শরণার্থীদের পুনর্বাসন নিয়ে কাজ করে বামপন্থীরা জনপ্রিয়তা পায়, প্রধানত যার ওপর ভর করেই তিন দশক পশ্চিমবঙ্গ শাসন করে বামফ্রন্ট সরকার।
নরেন্দ্র মোদি এর আগে আসামে গিয়ে বলেছেন, ১৬ মের পর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বের করে দেয়া হবে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট বাড়াতে মোদির বক্তব্যের বিরোধিতা করে তাকে কোমড়ে দড়ি দিয়ে জেলে ঢোকানোর হুমকি দিয়েছেন।
বামফ্রন্টের মতো বিজেপিও এখন ‘বাংলাদেশি’ ইস্যুতে ভর করে পশ্চিমবঙ্গে ভোট বাড়াতে চাচ্ছে বলে মনে করেন যাদবপুরের বাসিন্দা প্রকৌশলী দীপেন চট্টোপাধ্যায়।
“সীমান্ত লাগোয়া কিছু জায়গায় বিজেপি কিছু ভোট পেতে পারে, যেখানে ১৯৭১ এর পর বাংলাদেশ থেকে এসে অনেকে বসতি স্থাপন করেছেন।”
বাংলাদেশের সীমান্ত লাগোয়া এরকমই একটি আসন বারাসাত, যেখানে ভোট টানতে বিজেপি তাদের প্রার্থী করেছেন যাদু শিল্পী পিসি সরকারকে। ভোটারদের কাছাকাছি যাওয়ার জন্য প্রচারের সময় নিজেকে বাঙাল বলেও পরিচয় দিয়েছেন তিনি।
সীমান্ত লাগোয়া কৃষ্ণনগর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সত্যব্রত মুখোপাধ্যায়, যিনি এর আগেও বিজেপির সাংসদ হয়ে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন।
বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক ও সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম সারওয়ার খান এসব শরণার্থীদের নিয়ে কাজ করেছেন।
এক গবেষণায় তিনি দেখিয়েছেন, বিভিন্ন কলোনিতে পূর্ববাংলা থেকে আসা শরণার্থীরা তাদের ভাষা, সংস্কৃতি অক্ষুন্ন রাখতে পেরেছেন।
তবে ‘বাংলাদেশি’ ইস্যু খুব একটা কাজ করেনি বলে মনে করেন সরকারি কর্মকর্তা রনিতা চট্টোপাধ্যায়।
“মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের বেশি তোষণ করেছেন, এ কারণে তৃণমূলের ওপর বিরক্ত হয়ে কিছু ভোট বিজেপির দিকে যেতে পারে।”
আবার পশ্চিমবঙ্গের শিল্পপ্রধান যেসব জায়গায় অবাঙালি রয়েছেন সেখানেও ভোট টানার চেষ্টা করেছে বিজেপি। আসানসোল, হুগলির শ্রীরামপুরে প্রার্থী করা হয়েছে বাবুল সুপ্রিয় ও বাপ্পী লাহিড়ীর মতো বলিউডের শিল্পীদের।
শিল্প উদ্যোক্তা চন্দ্রশেখর মনে করছেন, “অঙাবালিদের কিছু ভোট বিজেপি পেতে পারে।”
পশ্চিমবঙ্গে শরণার্থীদের নিয়ে কাজ করে বামফ্রন্ট যে রাজনৈতিক সফলতা অর্জন করেছিল, একই ইস্যু নিয়ে বিজেপি আদৌ সফল হতে পারবে কি না তা নিয়ে অবশ্য কলকাতার ভোটারদের প্রশ্ন রয়েছে।
(লোকসভা নির্বাচনের খবর জানাতে ভারতে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক রিয়াজুল বাশার)
