১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অনলাইনে জমির খাজনা দিতে হয় যেভাবে

ঘরে বসেই পরিশোধ করা যায় জমির খাজনা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

উত্তরাধিকার, ক্রয়সূত্রে বা অন্য কোনো উপায়ে জমি বা কোনো ফ্ল্যাটের মালিক হলে তাকে অবশ্যই ভূমি উন্নয়ন কর বা বছরে বছরে ভূমির খাজনা দিতে হয়।

অনলাইনে সহজেই জমির বা ভূমি উন্নয়ন কর কীভাবে দেবেন তা বিস্তারিত জানান ভুমি মন্ত্রণালয়ের ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা সিস্টেম (অ্যালামস) মিউটেশন’ পরামর্শক মো. পারভেজ হোসেন।

যেসব প্রয়োজনীয় তথ্য দরকার হবে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মতারিখ, মোবাইল নম্বর, খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর, পূর্ববর্তী দাখিলার কপি (যদি থাকে).

অনলাইনে জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) দেওয়ার ধাপগুলো হল-

ধাপ ১: প্রথমে নিজের মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে গিয়ে www.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২: সাইটে ঢোকার পর ভূমি উন্নয়ন কর নির্বাচন করুন।

ধাপ ৩: নিবন্ধন বা লগইন।

যদি আগে নিবন্ধিত না হন, তাহলে নতুন তথ্য দিয়ে রেজিস্ট্রেইশন করতে হবে।

এতে নিজের বা ভূমির মালিকের নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি তথ্য দিতে হবে।

যদি আগে থেকেই অ্যাকাউন্ট থাকে, তাহলে সরাসরি লগইন করুন।

ধাপ ৪: ‘ভূমি উন্নয়ন কর প্রদান’ অপশন নির্বাচন

লগইন করার পর ‘ভূমি উন্নয়ন কর প্রদান’ লেখা অপশনটিতে ক্লিক করুন।

ধাপ ৫: হোল্ডিং নির্বাচন।

এখানে নিজের হোল্ডিং তালিকা দেখা যাবে।

যদি হোল্ডিং তালিকায় না থাকে, তাহলে ‘নতুন খতিয়ান যোগ করুন’ অপশনটি বেছে নিন।

ধাপ ৬: খতিয়ান যোগ বা যাচাই।

নতুন খতিয়ান যোগ করতে হলে জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিন।

এরপর জমির সংযুক্ত তথ্য দিয়ে যাচাই করুন।

তথ্য সঠিক হলে প্রশাসনিকভাবে অনুমোদন দেওয়া হবে।

ধাপ ৭: হোল্ডিং তালিকা থেকে জমি নির্বাচন।

অনুমোদনের পর আপনার খতিয়ানটি হোল্ডিং তালিকায় যুক্ত হবে।

এখন সেটি নির্বাচন করুন এবং পদক্ষেপপত্র (ডিমান্ড ফরম) তৈরির জন্য বছর বা পরিমাণ নির্ধারণ করুন।

ধাপ ৮: ই-পেমেন্ট করুন

এখন ‘পেমেন্ট’ অপশন বেছে নিয়ে অনলাইন পরিশোধ করুন।

খাজনা পরিশোধ করা যায়: নগদ, বিকাশ, রকেট, ব্যাংকের কার্ড অথবা সোনালী ব্যাংকের গেটওয়ের মাধ্যমে।

ধাপ ৯: দাখিলা সংগ্রহ।

পেমেন্ট সফল হলে দাখিলা বা জমির খাজনার রশিদ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে।

সেটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন বা প্রিন্ট নিতে পারেন।

সংক্ষেপে

১. land.gov.bd বা https://lsg-land-owner.land.gov.bd/register এ যান

২. ভূমি উন্নয়ন করে প্রবেশ করুন

৩. রেজিস্ট্রেইশন বা লগইন করুন

৪. ভূমি উন্নয়ন কর অপশন নির্বাচন করুন

৫. হোল্ডিং বা খতিয়ান যোগ করুন

৬. তথ্য যাচাই ও অনুমোদন করুন

৭. ই-পেমেন্ট সম্পন্ন করুন

৮. দাখিলা সংগ্রহ করুন

এভাবে ভূমি অফিসে না গিয়ে বাড়িতে বসেই অনলাইনে জমির খাজনা পরিশোধ করা যায়। এটি ভূমি মন্ত্রণালয় পরিচালিত একটি নিরাপদ ও স্বচ্ছ সেবা।

আরও পড়ুন

অনলাইনে সহজেই জমির নামজারি পদ্ধতি

অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম

যেভাবে করবেন জন্ম নিবন্ধন তথ্যের সংশোধন

অনলাইনে টিকেট বুকিং এবং ক্রয় প্রক্রিয়া