তরুণ উজ্জ্বল সজীব
তরুণ উজ্জ্বল সজীব
পাঁচ দশকের লেখক জীবনের অভিজ্ঞতালব্ধ বেবী মওদুদের কাছে “সবচেয়ে আনন্দের জায়গা বিডিনিউজ টোয়েন্টিফোর।” বাংলাদেশের নারীদের মধ্যে অন্যতম পথিকৃৎ এই সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেন ২০০৯ সালে।
“প্রথমদিন থেকেই একেবারে নতুন পরিবেশে এলেও আমি একটুও বিব্রত হইনি। দেখলাম, সবাই একেবারে সজীব উজ্জ্বল তরুণ সাংবাদিক।”
চার দশকেরও বেশি সময়ে সরাসরি সাংবাদিকতা জীবনে অনেক চড়াই-উৎরাই দেখে আসা শিশু সাহিত্যিক বেবী মওদুদ কাজ করছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে।
“আমি পত্রিকা ছাড়া নিউজ এজেন্সিতেও কাজ করেছি। অনলাইন মাধ্যমে এসে প্রথমে একটু দ্বিধা থাকলেও এখন একেবারে নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোরে সবার একত্রে কাজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, “অনেক সময় সংবাদের তথ্য সংগ্রহ করে বা পেলে মোবাইলে জানালে সঙ্গে সঙ্গে তা সাইটে তুলে দেওয়া হয়।
“অনেক সময় দেখেছি সামনে বসা প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী সংবাদ লিখে, তৈরি করে ছেড়ে দিয়েছেন।”
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মধ্যেও চোখে খবরের কিছু দেখলে সবার আগে তা অফিসে জানিয়ে দেন তিনি।
“বিডিনিউজ টোয়েন্টিফোর পরিবারের একজন সদস্য পরিচয়ে আমি আনন্দিত। আমাদের সবার আন্তরিকতা ও একাত্মতায় এই প্রতিষ্ঠান আজ জনপ্রিয়তার শীর্ষে।”
